৫ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৪ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অনৈতিকভাবে বাদ দেওয়া হলেও, আইপিএল চলাকালে বসে থাকতে হবে না মোস্তাফিজুর রহমানের। কারণ একই সময় চলা পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়ে গেলেন বাংলাদেশ অভিজ্ঞ পেসার।
নিলামের আগে সরাসরি চুক্তিতে মোস্তাফিজকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পিএসএলের সবশেষ আসরে একই দলে খেলেছিলেন রিশাদ হোসেন। তরুণ লেগ স্পিনারকে ছেড়ে দিলেও মোস্তাফিজকে দলে নিয়েছে লাহোর।
কাটার মাস্টারকে দলভুক্ত করার জন্য ৬ কোটি ৪৪ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা) খরচ করতে হয়েছে লাহোরের। সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক বার্তায় মোস্তাফিজকে নেওয়ার খবর জানিয়েছে দলটি।
“ফিজ! আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান। ২০১৬ ও ২০১৮ সালে দলে ছিলেন আর এবার আমাদের সরাসরি চুক্তি হিসেবে খেলবেন। অবশেষে পরিবারের ফিরলেন। ওয়ান্স আ কালান্ডার, অলওয়েজ আ কালান্দার।”
https://x.com/lahoreqalandars/status/2019313875754332331?s=20
লাহোরের মালিক সামিন রানাও মোস্তাফিজকে ভাই হিসেবে উল্লেখ করেছেন।
“ওয়ান্স আ কালান্দার, অলওয়েজ আ কালান্দার। মোস্তাফিজ শুধু একজন ক্রিকেটার নয়, সে আমাদের ভাই। আমাদের পরিবারের অংশ, যে আমাদের কখনও ছেড়ে যায়নি। তাকে ড্রেসিং রুমে ফেরত পেয়ে আমরা আনন্দিত। তার অভিজ্ঞতা, প্রতিভা ও নিবেদন আমাদের শিরোপা জয়ের জন্য বড় নিয়ামক।”
এর আগে ২০১৬ ও ২০১৮ সালেও মোস্তাফিজকে দলে নিয়েছিল লাহোর। তবে শুধু ২০১৮ সালে পাঁচটি ম্যাচ খেলেছিলেন বাঁহাতি পেসার। সেবার ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এবার সব ঠিক থাকলে প্রায় ৮ বছর পর আবার পিএসএলে দেখা যাবে কাটার মাস্টারকে।
মোস্তাফিজের আগে শাহিন শাহ আফ্রিদি, আব্দুল্লাহ শফিক, সিকান্দার রাজা ও মোহাম্মদ নাঈমকে দলে নিয়েছে লাহোর।
আগামী ১১ ফেব্রুয়ারি হবে পিএসএলের নিলাম। আর ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএলের ১১তম সংস্করণ।
No posts available.
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:০৪ পিএম
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩৫ পিএম
৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ এম
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম
৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৪ পিএম

আগামী শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযানে নামবে পাকিস্তান। গ্রুপপর্বে যুক্তরাষ্ট্র ম্যাচের পর ভারতের বিপক্ষে মাঠে নামার কথা সালমান আলী আগাদের। তবে হাইভোল্টেজ ম্যাচটি যে মাঠে গড়াচ্ছে না, তা অনেকটাই নিশ্চিত। টুর্নামেন্টে বাংলাদেশ না থাকায় মন পুড়ছে পাকিস্তানের অধিনায়কের।
আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় নির্ধারিত ভারতের বিপক্ষে সম্ভাব্য ম্যাচ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা। বিশ্বকাপের ম্যাচের আগে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে এই টপ-অর্ডার ব্যাটার বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপরই নির্ভর করছে এবং সরকার যে নির্দেশ দেবে, দল সেটিই মেনে চলবে।
বাংলাদেশ দলের বিশ্বকাপে না থাকা নিয়ে হতাশা প্রকাশ করে আগা বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ হবে কি না, সে সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে। ম্যাচটি হবে কি না, তা এখনও অনিশ্চিত, তবে সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা সেটিই অনুসরণ করব।’
আরও পড়ুন
| ‘বাংলাদেশি ভাই’ মোস্তাফিজকে সরাসরি দলে নিলো লাহোর |
|
পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী আশাবাদি আগা।গত ছয় মাসে এবং এশিয়া কাপের পর থেকে দলের উন্নতির দিকটি তুলে ধরেন তিনি, ‘আগের টুর্নামেন্টগুলোতে আমরা সমর্থকদের প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। এবার দল ভালো খেলছে, গত ছয় মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি এবং এশিয়া কাপের পর থেকেও ধারাবাহিকভাবে ভালো করছি। আশা করি এবার ভালো পারফরম্যান্স দেখাতে পারব।’
ডানহাতি ব্যাটার আগা প্রথমবারের মতো বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন। টুর্নামেন্টকে সামনে রেখে নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি, ‘অধিনায়ক হিসেবে এটি আমার প্রথম বিশ্বকাপ এবং আমি খুবই উচ্ছ্বসিত। আশা করি আমার নেতৃত্বে দল ভালো পারফরম্যান্স করবে।’
নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো নিয়ে চিন্তা না করে প্রস্তুতি ও ইতিবাচক মানসিকতায় মনোযোগ দেওয়ার ব্যাপারেও জোর দেওয়ার কথা বলেন আগা, ‘আমরা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা বিষয়গুলো নিয়ে বেশি ভাবছি না। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই এবং অন্য দলগুলোর বিপক্ষে ভালো লড়াই দেখতে চাই। বিশ্বকাপে কোনো দলই ছোট নয়, আর আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি।’

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টক অব দ্যা ওয়ার্ল্ডে পরিণত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ইস্যু। মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশ ইস্যুতে আইসিসির নিরপেক্ষতা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্তা সংস্থার ‘দ্বৈত নীতি’ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন।
১৬ ডিসেম্বর আইপিএল নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়ায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরপর ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের পেসারকে ছেড়ে দেওয়া হয়। মোস্তাফিজ ইস্যু ও নিরপত্তা শঙ্কা সামনে এনে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারতের বদলে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানায় বিসিবি। আইসিসি সেই অনুরোধ না মানায় বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২৪ জানুয়ারি লাল সবুজ দলের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি।
বুধবার স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে নাসের হুসেইন বলেন, ‘যদি এমন পরিস্থিতিতে ভারত পড়ত, তাহলে আইসিসি কি একই রকম কঠোর সিদ্ধান্ত নিত? আসল প্রশ্ন হলো ধারাবাহিকতা। বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের ক্ষেত্রে আইসিসি কি একই মানদণ্ড অনুসরণ করছে?’
ভারতের বেলায় আইসিসি কঠোর হতে পারবে কি না সেই প্রশ্ন তুলেছেন নাসের হুসেইন, ‘ভবিষ্যতে যদি কোনো বিশ্বকাপের আগে ভারত সরকার দলকে কোনো দেশে খেলতে যেতে না দেয়, তখনও কি আইসিসি একইভাবে কঠোর হবে?’
আইসিসিতে ভারতের আধিপত্য এখন ‘ওপেন সিক্রেট’। নাসের হুসেইন বলেন ‘বারবার অন্য দলগুলোকে কোণঠাসা করলে তাদের ক্রিকেট দুর্বল হবে, প্রতিদ্বন্দ্বিতার মানও কমে যাবে।’
বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সংহতি দেখাতেই ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি সমর্থন করেন নাসের হুসেইনও ‘বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের অবস্থানটা বুঝতে পারি, এমনকি সমর্থনও করি।’
আইপিএলে দীর্ঘদীন ধরে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ নিষিদ্ব। ইংল্যান্ডের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে বর্তমানে ভারতের চারটি দলের মালিকানা রয়েছে। নাসের হুসেইন বলেন, ‘আইপিএল মালিকানাধীন দলগুলো ভবিষ্যতে পাকিস্তানি ও বাংলাদেশি ক্রিকেটারদের নেবে কি না, সেটিও এখন নজরে রাখছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।’

নানা নাটকীয়তার পর গত রোববার পাকিস্তান বিশ্বকাপে খেলার সিদ্ধান্তে পৌঁছায়। তবে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দেয় দেশটি। এই ইস্যুতে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। জানান, বাংলাদেশের প্রতি সংহতি ও সমর্থন জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বুধবার পাকিস্তানের মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরিফ বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি যে ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। খেলাধুলার মাঠে রাজনীতি থাকা উচিত নয়।’
বাংলাদেশের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন,‘আমরা ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত বলে মনে করি, আর এটা খুবই উপযুক্ত সিদ্ধান্ত।’
এর আগে রোববার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) পাকিস্তান সরকার জানায়, বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে না তাঁরা। তবে তখন কোনো কারণ জানানো হয়নি।
বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাতে রাজি ছিল না বাংলাদেশ। শ্রীলঙ্কায় ভেন্যু স্থানান্তর করার অনুরোধ জানালেও সেটি আমলে না নিয়ে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। সে সময় আইসিসির ‘দ্বৈত নীতির’কড়া সমালোচনা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। বাংলাদেশের দাবি মেনে বিশ্বকাপ খেলতে দেওয়ার কথাও জানান তিনি।
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়ে আইসিসি জানিয়েছে, পাকিস্তানের এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেটে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে এবং তাঁরা পিসিবির কাছ থেকে সমাধানের পথ খোঁজার আশা করছে।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যে স্পষ্ট, বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে নেওয়া এই সিদ্ধান্তে অনড় থাকবে তারা।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের নয়টি আসর ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে, যা ছয়টি ভিন্ন চ্যাম্পিয়ন এবং অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড প্রত্যেকে দুইবার ট্রফি জিতেছে, আর পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা একবার করে সাফল্য উদযাপন করেছে।
প্রথম আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত ইতিহাস গড়েছিল। দক্ষিণ আফ্রিবার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে মাত্র পাঁচ রানের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এরপর ভারতকে প্রায় ১৭ বছর অপেক্ষা করতে হয়েছিল পুনরায় শিরোপা জয়ের জন্য। অবশেষে ২০২৪ সালে রোহিত শর্মার দল বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ভারত। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও ভারত। আর এই প্রতিযোগিতায় ঠিক এ দু’টি বিষয়ই যে অভিশাপ হয়ে দাঁড়াতে পারে সূর্যকুমার যাদবের দলের জন্য। টি-টোয়েন্টি বিশ্বকাপের অমীমাংসিত এক রহস্য, এখন পর্যন্ত কোনো স্বাগতিক আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা শিরোপা জিততে পারেনি।
দক্ষিণ আফ্রিকা (২০০৭), ইংল্যান্ড (২০০৯), ওয়েস্ট ইন্ডিজ (২০১০), শ্রীলঙ্কা (২০১২), বাংলাদেশ (২০১৪), ভারত (২০১৬), সংযুক্ত আরব আমিরাত ও ওমান (২০২১), অস্ট্রেলিয়া (২০২২), এবং যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ (২০২৪)। এক জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সব সংস্করণে অদ্ভুত মিল আছে। চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো স্বাগতিক দেশই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর ভারতের সঙ্গে যৌথ আয়োজক দেশ শ্রীলঙ্কা। আর বড় প্রশ্ন এখনো অপরিবর্তিত — এবার কি কোনো হোস্ট দেশ কিংবা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অভিশাপ ভাঙতে পারবে?
চলুন ফিরে দেখা যাক প্রথম নয়টি আসরের ফাইনালের মুহূর্তগুলোতে:
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ :
চ্যাম্পিয়ন : ভারত
রানার্স আপ : পাকিস্তান
আয়োজক : দক্ষিণ আফ্রিকা
ওয়ান্ডারার্স স্টেডিয়ামে উন্মত্ত সমর্থকদের সামনে পাকিস্তানকে মাত্র পাঁচ রানের ব্যবধানে হারিয়ে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ম্যাচ শেষে মহেন্দ্রো সিং ধোনি বলেছিলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর একটি।’
২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ :
চ্যাম্পিয়ন: পাকিস্তান
রানার্স-আপ: শ্রীলঙ্কা
আয়োজক: ইংল্যান্ড
২০০৭ সালে অল্প ব্যবধানে শিরোপা হাতছাড়া হওয়ার পর পাকিস্তান এবার সুযোগ হাতছাড়া করেনি। দুই বছর আগে যেই দল শিরোপার কাছাকাছি গিয়েছিল, এবার লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ট্রফি উঁচিয়ে নেয়। পাকিস্তানের ব্যাটার শহীদ আফ্রিদি ৫৪* রানের অপরাজিত ইনিংস খেলেন এবং দলকে জয় এনে দেন। পাকিস্তানের অধিনায়ক ইয়োনিস খান উল্লসিত লর্ডস ভক্তদের সামনে ট্রফি উঁচিয়ে ধরেন।
২০১০ টি–টোয়েন্টি বিশ্বকাপ
চ্যাম্পিয়ন: ইংল্যান্ড
রানার্স-আপ: অস্ট্রেলিয়া
আয়োজক: ওয়েস্ট ইন্ডিজ
২০০৯ সালে স্বাগতিক হয়ে নকআউট পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর ইংল্যান্ড তাদের ভুল থেকে শিক্ষা নিল এবং ২০১০ সালের আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল। পল কলিংউডের নেতৃত্বে ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতলো।
২০১২ টি–টোয়েন্টি বিশ্বকাপ
চ্যাম্পিয়ন: ওয়েস্ট ইন্ডিজ
রানার্স-আপ: শ্রীলঙ্কা
আয়োজক: শ্রীলঙ্কা
মারলন স্যামুয়েলস ও ড্যারেন স্যামি ওয়েস্ট ইন্ডিজকে ১৯৭৯ সালের পর প্রথম কোনো বৈশ্বিক শিরোপা জিততে সাহায্য করলেন। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৩৭/৬ রানে থামে। স্যামুয়েলস ৫৬ বলে ৭৮ রান ও স্যামি ১৫ বলে অপরাজিত ২৬ রান করেন। এরপর সুনিল নারিনের ৩/৯ ও ড্যারেন স্যামির ২/৬ বোলিংয়ে শ্রীলঙ্কাকে ১০১ রানে অলআউট করে ৩৬ রানের জয় নিশ্চিত করে ক্যারিবিয়রা।
২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ
চ্যাম্পিয়ন: শ্রীলঙ্কা
রানার্স-আপ: ভারত
আয়োজক: বাংলাদেশ
ভারত তাদের ২০০৭ সালের সাফল্য পুনরাবৃত্তির আশা নিয়ে ফাইনালের মঞ্চে পৌঁছায়। শ্রীলঙ্কা প্রথমে ফিল্ডিং করে ভারতকে ১৩০/৪ রানে আটকে রাখে। বিরাট কোহলি ৫৮ বলে ৭৭ রান করে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন। জবাবে কুমার সাঙ্গাকারার ৩৫ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসে ট্রফি জিতে শ্রীলঙ্কা।
২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ
চ্যাম্পিয়ন: ওয়েস্ট ইন্ডিজ
রানার্স-আপ: ইংল্যান্ড
আয়োজক: ভারত
২০১৬ সালের ফাইনাল টি–টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল হিসেবে মনে করা হয়। ইংল্যান্ড ১৫৫/৯ রানে পৌঁছালে ওয়েস্ট ইন্ডিজ খারাপ শুরু করে, মাত্র ১১ রানে জনসন চার্লস, ক্রিস গেইল ও লেন্ডল সিমন্স আউট হন। মারলন স্যামুয়েলস ৮৫* রান করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। শেষ ওভারে ৬ বল বাকি থাকতেই ব্র্যাথওয়েট ৪টি সিক্স মেরে জয় নিশ্চিত করেন।
২০২১ টি–টোয়েন্টি বিশ্বকাপ
চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া
রানার্স-আপ: নিউজিল্যান্ড
আয়োজক: সংযুক্ত আরব আমিরাত ও ওমান
প্রথমবারের মতো শিরোপা জেতার লক্ষ্যে ফাইনালে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড করে ১৭২/৪, কেইন উইলিয়ামসন ৪৮ বলে ৮৫ রান করেন। জবাবে, ডেভিড ওয়ার্নারের ৫৩ ও মিচেল মার্শ ৭৭* রানের ইনিংসে ফাইনাল জিতে অজিরা।
২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপ
চ্যাম্পিয়ন: ইংল্যান্ড
রানার্স-আপ: পাকিস্তান
আয়োজক: অস্ট্রেলিয়া
দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার শেষ ধাপে এসে পৌঁছায় ইংল্যান্ড ও পাকিস্তান। পাকিস্তানকে ১৩৭ রানে আটকে দিয়ে বেন স্টোকসের ৫২* রানের ইনিংসে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ
চ্যাম্পিয়ন: ভারত
রানার্স-আপ: দক্ষিণ আফ্রিকা
হোস্ট: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ
ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে রোমাঞ্চকর ফাইনালে ভারত ৭ রানের জয় নিয়ে শিরোপা পুনরুদ্ধার করে। এই জয়ে ভারত ১১ বছরের টানা শিরোপা অপেক্ষা শেষ করে। চ্যাম্পিয়ন হওয়ার পর বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিন্দ্র জাদেজা টি–টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করেন।

জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগ তদন্তে গঠিত পাঁচ সদস্যের কমিটি দু’দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে প্রতিবেদন জমা দিয়েছিল। আজ বিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, কমিটি জাহানারা আলমের যাচাই করে দেখেছে, এর মধ্যে সত্যতা মিলেছে দু’টি অভিযোগের। চারটি অভিযোগের মধ্যে প্রমাণিত হয়নি বাকি দুটি অভিযোগ।
গত বছরের নভেম্বরে প্রকাশ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রারীসহ বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন জাহানারা। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ক্রিকেটাঙ্গন। এমতাবস্থায় একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। প্রায় ৫০ দিনের তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে তদন্ত প্রতিবেদন বিসিবির হাতে তুলে দেয় দায়িত্বশীলরা।
আজ বিসিবি বিবৃতিতে লিখেছে,
‘কমিটি জাহানারা আলমের চারটি অভিযোগ যাচাই করে দেখেছে। এর মধ্যে দুটি অভিযোগ প্রমাণিত হয়নি। বাকি দুটি অভিযোগের ক্ষেত্রে, কমিটি বাংলাদেশ নারী দলের তখনকার নির্বাচক ও ম্যানেজার মো. মনজুরুল ইসলামের অশোভন আচরণের প্রাথমিক প্রমাণ পেয়েছে। তার আচরণ পেশাদার মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না, এবং কিছু কর্মকাণ্ড সুপ্রীম কোর্টের নির্দেশিকা অনুযায়ী দমন ও হয়রানির আওতায় পড়ে। বিসিবির-এর সঙ্গে তাঁর চুক্তি ৩০ জুন ২০২৫-এ শেষ হয়।’
প্রতিবেদন অনুযায়ী, বোর্ড আইনি দলের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে হেনেস্তা ও অনৈতিক আচরণের শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে ব্যবস্থা নেওয়া যায়। বোর্ড প্রতিশ্রুতিবদ্ধ যে, নিয়ম ও প্রযোজ্য আইন অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে প্রতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কথা জানিয়েছে বিসিবি। ২০০৯ সালের হাইকোর্টের রায় অনুযায়ী রুবাবা দোলাকে প্রধান করে বিসিবি অভিযোগ কমিটি গঠন করা হয়েছে। কমিটির দায়িত্ব হলো স্বাধীন অভিযোগ প্রক্রিয়া গঠন করা এবং সচেতনতা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু করা, যাতে বাংলাদেশের ক্রিকেটে নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত হয়।
বিসিবি আরও জানিয়েছে, প্রয়োজন অনুসারে ভবিষ্যতে আরও আপডেট দেওয়া হবে।