
পাকিস্তানের বড় পুঁজির জবাবে অল্পেই ৫ উইকেট হারাল সংযুক্ত আরব আমিরাত৷ তবে লড়াই চালিয়ে গেলেন আসিফ খান। একের পর এক ছক্কায় তিনি খেললেন ঝড়ো ইনিংস। তবে যথেষ্ট হলো না সেটি। অনায়াস জয় পেল পাকিস্তান।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার রাতে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩১ রানে হারায় সালমান আলি আগার দল।
সাইম আইয়ুবের পর হাসান নাওয়াজের ঝড়ো ফিফটিতে ২০৭ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে আসিফ একা তাণ্ডব চালালেও ১৭৬ রানের বেশি করতে পারেনি আমিরাত।
আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে খেলা এই ত্রিদেশীয় সিরিজে পরিষ্কার ফেবারিট পাকিস্তান। প্রথম দুই ম্যাচ জিতে ফাইনালের পথেও অনেকটা এগিয়ে গেল তারা।
টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। তবে রানের গতি কমতে দেননি সাইম। একের পর এক বাউন্ডারিতে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৫১ রান করে পাকিস্তান।
দলকে একশ পার করিয়ে চতুর্থ ব্যাটার হিসেবে ১২তম ওভারে আউট হন। ড্রেসিং রুমে ফেরার আগে ৭ চারের সঙ্গে ৪ ছক্কার মারে ৩৮ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন তরুণ বাঁহাতি ওপেনার।
এরপর ঝড় তোলেন হাসান নাওয়াজ। মোহাম্মদ নাওয়াজকে সঙ্গে নিয়ে মাত্র ২৫ বলে ৫৭ রানের জুটি গড়েন হাসান নাওয়াজ। যেখানে মোহাম্মদ নাওয়াজের অবদান মাত্র ১৩ রান।
২ চারের সঙ্গে ৬ ছক্কার ঝড় তুলে ২৬ বলে ৫৬ রান করে আউট হন হাসান নাওয়াজ। আর মোহাম্মদ নাওয়াজের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৫ রান।
পরে শেষের ব্যাটাররা মিলে দলকে দুইশ পার করান।
আরব আমিরাতের পক্ষে ৩টি করে উইকেট নেন জুনাইদ সিদ্দিকি ও সাঘির খান।
বিশাল লক্ষ্য তাড়ায় শুরু থেকে একবারও জয়ের সম্ভাবনা জাগাতে পারেনি আমিরাত।
ইনিংসের ১১ ওভারের মধ্যে মাত্র ৭৬ রানে নিজেদের অর্ধেক উইকেট হারিয়ে ফেলে আমিরাত৷ সেখান থেকে ঝড় তোলেন আসিফ।
ইনিংসের শেষ ওভারে আউট হয়ে ফেরত যাওয়ার আগে ৬টি চারের সঙ্গে ৬টি ছক্কা মারেন আসিফ৷ তার ৩৫ বলে ৭৭ রানের ইনিংসের সৌজন্যে পরাজয়ের ব্যবধান কমায় আমিরাত
এছাড়া অভিজ্ঞ ওপেনার মোহাম্মদ ওয়াসিম খেলেন ১৮ বলে ৩৩ রানের ইনিংস।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন হাসান আলি।
No posts available.
৩০ এপ্রিল ২০২৬, ৯:১৩ পিএম

বার্ষিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। পুরুষদের টেস্ট এবং নারীদের ওয়ানডে—উভয় ফরম্যাটেই শীর্ষস্থান দাপট ধরে রেখেছে অস্ট্রেলিয়া। পাকিস্তানকে টপকে নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে টেস্টে অপরিবর্তিত নাজমুল হোসেন শান্তদের অবস্থান।
র্যাঙ্কিংয়ের এই নতুন হিসাবে ২০২৫ সালের মে থেকে খেলা সব ম্যাচের ফলাফলকে শতভাগ এবং এর আগের দুই বছরের ফলাফলকে ৫০ শতাংশ হিসেব করা হয়েছে। নতুন এই সমীকরণে পুরুষদের টেস্টে দক্ষিণ আফ্রিকার চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। অন্যদিকে নারীদের ওয়ানডেতে ইংল্যান্ডের চেয়ে ৩৫ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় অবস্থান করছে অজিরা।
পুরুষদের টেস্ট র্যাঙ্কিংয়ে ৩ রেটিং পয়েন্ট যোগ হওয়ার পর অস্ট্রেলিয়ার সংগ্রহ এখন ১৩১ এবং দক্ষিণ আফ্রিকার ১১৯। বড় পরিবর্তন এসেছে পরের অবস্থানগুলোতে; ৭ রেটিং পয়েন্ট হারিয়ে চারে স্থানে নেমে গেছে ইংল্যান্ড (১০২)। তাদের টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত (১০৪)। মাত্র ১ পয়েন্টের ব্যবধানে ইংল্যান্ডের ঠিক পরেই (পঞ্চম স্থানে) অবস্থান করছে নিউজিল্যান্ড।
লাল বলের ক্রিকেটে র্যাঙ্কিংয়ে বড় এক লাফ দিয়েছে পাকিস্তান (৮৯)। শ্রীলঙ্কাকে (৮৬) টপকে তারা এখন ষষ্ঠ অবস্থানে। ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারের হিসাব বাদ পড়া এবং ২০২৪ সালে বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হারের গুরুত্ব অর্ধেক হয়ে যাওয়ায় র্যাঙ্কিংয়ে প্রভাব পড়েনি পাকিস্তানের।
নির্দিষ্ট সময়ে ন্যূনতম ৮টি ম্যাচ না খেলায় র্যাঙ্কিং থেকে ছিটকে গেছে আয়ারল্যান্ড। র্যাঙ্কিংয়ে পুনরায় ফিরতে আয়ারল্যান্ড ও আফগানিস্তান—উভয় দলকেই আগামী এক বছরের মধ্যে অন্তত আরও দুটি করে টেস্ট ম্যাচ খেলতে হবে।
নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ছয়টি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়ার রেটিং ৪ পয়েন্ট কমলেও ১৬৩ রেটিং নিয়ে তারা এখনও ধরাছোঁয়ার বাইরে। ভারতের সঙ্গে ব্যবধান ১ থেকে ৪ পয়েন্টে বাড়িয়ে নিয়েছে ইংল্যান্ড; ১২৮ রেটিং নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। তালিকার পরবর্তী অবস্থানে আছে ভারত (১২৪), দক্ষিণ আফ্রিকা (১০০), নিউজিল্যান্ড (৯৩) ও শ্রীলঙ্কা (৮৯)।
আইসিসির বার্ষিক এই হালনাগাদে সবচেয়ে বড় লাফ দিয়েছে শ্রীলঙ্কা। ৬ পয়েন্ট পাওয়ায় নিউজিল্যান্ডের সঙ্গে তাদের ব্যবধান ১৩ থেকে কমে চারে দাঁড়িয়েছে। অন্যদিকে, পাকিস্তানকে টপকে নারী ওয়ানডে র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
গত তিন বছরে ন্যূনতম ৮টি ওয়ানডে ম্যাচ না খেলায় থাইল্যান্ড ও নেদারল্যান্ডস আপাতত র্যাঙ্কিং থেকে ছিটকে গেছে। র্যাঙ্কিংয়ে ফিরতে থাইল্যান্ডের একটি এবং নেদারল্যান্ডসের দুটি ওয়ানডে ম্যাচ খেলতে হবে।
আইসিসি আগামী ৫ মে পুরুষ ও নারী দলের টি-টোয়েন্টি র্যাঙ্কিং এবং ৭ মে পুরুষ ওয়ানডে দলের বার্ষিক হালনাগাদ প্রকাশ করবে।

ক্রিকেটে এখন প্রথাগত শটের চেয়ে ইমপ্রোভাইজড বা উদ্ভাবনী শটের কদরই বেশি। আর এই শিল্পকে নিজেকে যেন অনন্য উচ্চতায় নিয়ে গেলেন শামীম হোসেন। মাঠের চারদিকে উদ্ভাবনী শট খেলা এই ব্যাটার এখন ‘টক অব দ্য টাউন’। নিউ জিল্যান্ডের বিপক্ষে তাঁর ওই ‘নো লুক শট’ তো রীতিমতো ভাইরাল। তবে ভক্তদের মনে একটাই প্রশ্ন—কী নাম এই শটের?
মজার বিষয় হলো, যে শট দিয়ে নেটিজেনদের ঘুম কেড়েছেন, সেই শটের নাম খোদ শামীম নিজেও জানেন না! শটটা খেললেন তিনি, ভাইরালও হলো তার নামেই—কিন্তু সেই শটকে কী বলে ডাকবেন, তা নিয়ে খোদ দ্বিধায় আছেন শামীম।
তৃতীয় টি–টুয়েন্টির আগের দিন আজ সংবাদ সম্মেলনে আসার পরও তাঁর কাছে প্রশ্ন, ওই শটটার কি কোনো নাম আছে, থাকলেও শামীম কি তা জানেন? উত্তরে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে শটটার নাম আমি জানি না। আর এটা আমি সব সময় নেটে অনুশীলন করি। কারণ, যখন ব্যাটিংয়ে নামি, ইমপ্রোভাইজ শট খেলতে খুব পছন্দ করি।’
সোমবার চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। ১৮২ রান তাড়ায় ২ ওভার হাতে রেখেই জয় পায় লিটন কুমার দাসের দল। যেখানে বড় কৃতিত্ব শামীম পাটোয়ারীর।
দলের প্রয়োজনের মুহূর্তে উইকেটের চারপাশে নানা ধরণের শট খেলে ১৩ বলে ৩১ রান করেন শামীম। হৃদয়কে নিয়ে ২১ বলে ৪৯ রান যোগ করে নিশ্চিত করেন দলের জয়। ক্রিজে গিয়ে তৃতীয় বলেই ওই শট খেলেন বাঁহাতি ব্যাটার। যেটিকে আসলে পুল-হুক-স্কুপের মাঝামাঝি কিছু বলা যায়। চোখের পলকে কিপারের পেছন দিয়ে সেটি ছক্কা হয়ে যায়।
বৈচিত্র্যময় সব শট খেলতে পটু শামীম ব্যাটিংয়ে নামলেই টার্গেট করেন প্রতিপক্ষের ফিল্ডিং সাজানোর ফাঁকফোকরকে, ‘আমার মূল চিন্তাধারা হলো—আমি যখন ব্যাটিংয়ে নামি, তখন ফিল্ডিং সাজানোটা একটু অন্যরকম থাকে। সেই সুযোগটা কাজে লাগানোই আমার লক্ষ্য, আর এটাই আমার সুবিধা।’
অলরাউন্ডার হিসেবেই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা শামীমকে বোলিংয়ে খুব একটা দেখা যায় না। ম্যাচে বল হাতে শামীমকে কেন দেখা যায় না—এমন প্রশ্নের জবাবে বলেন, ‘না, তেমন কিছু না। অধিনায়ক আমাকে সবসময়ই বল করার কথা বলেন। শুধু মাঝেসাঝে সালাউদ্দিন স্যার বল করতে দেন না। তবে অধিনায়ক আমাকে সবসময়ই বোলিং করার জন্য প্রস্তুত থাকতে বলেন।’
দীর্ঘ সময় যে টি-টোয়েন্টি ফরম্যাট বাংলাদেশের কাছে এক অমীমাংসিত ধাঁধা হয়ে ছিল, ক্রিকেটের এই সংস্করণেই এখন নিয়মিত সাফল্য আসছে। গত বছর সিরিজ জয় এসেছিল শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে যাওয়ার পর মিরপুরে এবার শেষ ম্যাচ জিতলেই আরও একটি সিরিজ জয়ের উৎসব করবে বাংলাদেশ।
সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী শামীম বলেন, ‘গত বছর আমরা অনেকগুলো টি–টুয়েন্টি সিরিজ জিততে পেরেছি। এটা আসলে আমাদের দলের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি করেছে। দুর্ভাগ্যবশত বিশ্বকাপটা মিস করে ফেলেছি। এটা তো কিছু করার নাই। তা–ও আমরা অনেক ভালোভাবে প্রস্তুত ছিলাম।’

বড় এক হোঁচটই খেল নিউ জিল্যান্ড। ‘ব্ল্যাক ক্যাপসদের’ টেস্ট অধিনায়ক মিচেল স্যান্টনার অন্তত এক মাসের জন্য ছিটকে গেলেন। স্ক্যান রিপোর্টে ‘গ্রেড থ্রি এসিএল’ ইনজুরি ধরা পড়েছে তার কাঁধে।
স্যান্টনার এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলছিলেন। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার চলতি সপ্তাহের শুরুতে নিউজিল্যান্ডে ফিরে আসেন এবং শুক্রবার সকালে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান। এরপর নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) নিশ্চিত করেছে, তাকে অন্তত এক মাস বিশ্রাম ও পুনর্বাসনে থাকতে হবে।
গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ফিল্ডিং করার সময় স্যান্টনার তাঁর বাম কাঁধে চোট পান। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ব্যক্তিগত কারণে ম্যানেজমেন্টের কাছে বাড়তি ছুটি নেওয়ায় দেরিতে মুম্বাই শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। ওই ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৪ রানে ১ উইকেট নিলেও পরে আর ব্যাটিং করতে নামেননি, তার বদলে শার্দুল ঠাকুর মাঠে নামেন।
নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই ইনজুরির কারণে স্যান্টনার মে মাসের শেষে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং জুনের শুরুতে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না। তবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্টে তাকে পাওয়া যাবে কি না, তা পরে জানানো হবে।’
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের স্কোয়াড আগামী কয়েক দিনের মধ্যেই ঘোষণা করবে নিউ জিল্যান্ড। আইপিএলে ব্যস্ত থাকার কারণে স্যান্টনার নিউজিল্যান্ডের চলমান বাংলাদেশ সফর থেকেও বিরতি নিয়েছিলেন।
২০২৫ সালের আইপিএল নিলামে ২ কোটি রুপিতে স্যান্টনারকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং এ বছরও তাকে ধরে রাখা হয়। গত মৌসুমে ১৩ ম্যাচে ৭.৯২ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। সম্প্রতি তার নেতৃত্বেই নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছায়। বিশ্বকাপে ১৪২.৮৫ স্ট্রাইক রেটে ১২০ রান করার পাশাপাশি ২ উইকেট শিকার করেন। এ বছর মুম্বাইয়ের হয়ে ২ ইনিংসে ২৬ রান করার পাশাপাশি ৮.৯২ ইকোনমি রেটে ৫ উইকেট নিয়েছেন তিনি।
মে-জুনে চারটি টেস্ট মিস করলেও ধারণা করা হচ্ছে, জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে আবারও নিউজিল্যান্ড দলে ফিরবেন স্যান্টনার।

কলম্বোর একটি হোটেলে নারীদের বাথরুমে গোপনে ভিডিও করার অভিযোগে আটক হয়েছেন শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার। অভিযুক্ত ক্রিকেটারদের নাম এখনো জানা যায়নি।
গত সপ্তাহে কলম্বোর নারা হেনপিতা এলাকার একটি হোটেলে এই ঘটনা ঘটে। পরে আটককৃত দুই ক্রিকেটারকে ৫ লাখ শ্রীলঙ্কান রুপি ব্যক্তিগত মুচলেকায় জামিন দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হোটেলে অবস্থানরত নারীরা তাদের বাথরুমে মোবাইল ফোনের মাধ্যমে গোপনে ভিডিও ধারণের অভিযোগ আনলে ওই দুই ক্রিকেটারকে আটক করা হয়। অভিযুক্তদের ব্যবহৃত ফোন থেকে ধারণকৃত ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।
অভিযুক্ত ক্রিকেটারদের আলুতকাদে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। প্রাথমিক শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন এবং আগামী ২৫ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখন পর্যন্ত এই খেলোয়াড়দের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করেনি। বোর্ডে বড় ধরনের রদবদল চলায় বিষয়টি কিছুটা থমকে আছে।
বুধবার (২৯ এপ্রিল) পদত্যাগ করেছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সভাপতি ও বোর্ডের সকল কর্মকর্তা এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন কমিটি বোর্ডের দায়িত্ব পালন করছে।
শ্রীলঙ্কার ক্রিকেটারদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে দেশটির বেশ কয়েকজন খেলোয়াড় এ ধরনের গুরুতর অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
তিলকরত্নে দিলশানের বিরুদ্ধে ২০১০ সালে জিম্বাবুয়ে সফর শেষে একটি নাইট ক্লাবে পরিচয় হওয়া এক তরুণীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। সেই ঘটনায় তাকে সহায়তা করার অভিযোগ উঠেছিল সতীর্থ জীবন মেন্ডিস এবং দিলহারা ফার্নান্দোর বিরুদ্ধেও।
সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ঘটনাটি ছিল দানুশকা গুনাথিলাকাকে নিয়ে। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত তাকে অভিযোগ থেকে খালাস দেন।

৪ মে মাঠে গড়াচ্ছে দেশের
ঐতিহ্যবাহী ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। মিরপুর জাতীয় স্টেডিয়ামসহ ছয় ভেন্যুতে
অনুষ্ঠিতব্য ৫০ ওভারের এই টুর্নামেন্ট শেষ হবে ১১ জুন। ২০২৫-২৬ মৌসুমে ডিপিএলের অন্যতম সঙ্গী
হিসেবে থাকছে দেশের শীর্ষ এবং স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ ও ওয়ালটন।
বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ‘বসুন্ধরা সিমেন্ট’ পাওয়ার্ড
বাই স্পন্সর হিসেবে থাকছে ডিপিএলের। আর টাইটেল স্পন্সর ওয়ালটন স্মার্ট ফ্রিজ। দীর্ঘ সময় ধরে দেশের
ঘরোয়া, জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতা করছে প্রতিষ্ঠান দুটি। পূর্বের ন্যায়
এবারও ডিপিএলে যুক্ত হলো বসুন্ধরা ও ওয়ালটন।
২০২৫-২৬ ডিপিএলের ফরম্যাটে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগের মতো ডিপিএলে সুপার লিগ থাকছে না। সিঙ্গেল লিগ পদ্ধতিতে শিরোপা নির্ধারিত হবে। থাকছে রেলিগেশন লিগও। পয়েন্ট টেবিলের নিচে থাকা দুই দল প্রথম বিভাগে নেমে যাবে।
লিগ কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবারের আসরে মোট ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার মধ্যে লিগ পর্যায়ে ৬৬টি ম্যাচ এবং রেলিগেশন লিগে ৩টি ম্যাচ খেলা হবে।
এই বছরের দলবদল অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ব বহন করছিল। কারণ, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন সাবেক বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বেশ কয়েকটি ক্লাব লিগ বয়কটের হুমকি দিলে এক অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরবর্তীতে তামিম ইকবালের নেতৃত্বে একটি অ্যাডহক কমিটি গঠিত হলে পরিস্থিতির উন্নতি হয় এবং লিগ আয়োজনের পথ প্রশস্ত হয়।
লিগে অংশগ্রহণকারী ১২টি ক্লাব হলো শিরোপাধারী আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব ও ঢাকা লেপার্ডস।