৬ জুলাই ২০২৫, ৪:১২ পিএম

লম্বা সময় একসাথে খেলেছেন লিভারপুলের হয়ে। জিতেছেন শিরোপা, ভাগ করেছেন ড্রেসিংরুম। সাবেক লিভারপুল সতীর্থ দিয়াগো জতার অকাল প্রয়াণ তাই ছুয়ে গেছে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে। পেশাদারিত্বের কারণে এই শোক নিয়েই তাকে ক্লাব বিশ্বকাপে খেলতে হচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে। ইংলিশ ডিফেন্ডার জানিয়েছেন, মানসিকভাবে খেলাটা সহজ ছিল না তার জন্য।
লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের সদস্য জতা ও তার ভাই আন্দ্রে সিলভা গত বৃহস্পতিবার ভোরে স্পেনে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। গত শনিবার পর্তুগালের জন্মস্থানে দুই ভাইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে, যেখানে যোগ দেন লিভারপুল ও পর্তুগাল দলের অনেক খেলোয়াড়। ক্লাব বিশ্বকাপে গত শনিবার রাতে রিয়াল মাদ্রিদের বরুশিয়া ডর্টমুন্ডের সাথে ম্যাচ থাকায় সেখানে যেতে পারেননি ট্রেন্ট।
রিয়ালের ম্যাচের পর ডিএজেডএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়ালের এই রাইট-ব্যাক জানান জতাকে নিয়ে তার আবেগঘন প্রতিক্রিয়া।
“আমি আমার প্রিয় বন্ধুর জন্য শোক ও প্রার্থনা জানাতে চাই। পাঁচটা বছর আমরা একসঙ্গে খেলেছি। আমরা কেউই তাকে কোনোদিন ভুলতে পারব না। সে আজীবন আমাদের স্মৃতিতে অম্লান থাকবে।”
এরপরই প্রকাশ করেন জতাকে হারানোর শোক নিয়ে মাঠে নামার কঠিন পরীক্ষার কথা।
“আমার একটা দায়িত্ব ছিল। আর সেটা হল মাঠে নামা, ভালো খেলা আর দলকে জেতানো, সেটা মানসিকতভাবে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন। আমি নিজের আবেগকে সামলে সেটাই করার চেষ্টা করেছি। আর আমি জতার প্রতি সম্মান রেখেই করেছি। আমি জানি, আজকে সে আমাদের মাঝে থাকলে আমার অ্যাসিস্ট নিয়ে অবশ্যই অনেক মজা করত। আমার আজকের পারফরম্যান্সটা তার স্মরণেই। আজকে সে আমার সাথেই ছিল, এই ব্যাপারে আমি নিশ্চিত।”
উল্লেখ্য, রিয়ালের ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে দ্বিতীয় গোলে অ্যাসিস্ট করেন গত মাসে লিভারপুল ছেড়ে আসা ট্রেন্ট। ইংলিশ ক্লাবে সদ্য প্রয়াত জতার সাথে পাঁচ বছর খেলেছেন তিনি৷ ফলে গড়ে উঠেছিল দারুণ এক বন্ধুত্ব।
এই কারণেই জতার মৃত্যুর পর ফুটবল বিশ্বের সংহতি ট্রেন্টকে আরও আবেগী করে তুলেছে।
“এটা শুধু আমার একার জন্যই না, জতার সতীর্থ, বন্ধু, পরিবার… পুরো ফুটবল বিশ্বের জন্যই কঠিন সময়। কিছু কিছু বিষয় ফুটবলের চেয়েও বড়। ফুটবল বিশ্ব তার প্রতি ঐক্যবদ্ধভাবে যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছে, সেটা দেখে মনটা কিছুটা শান্ত হয়েছে।”
No posts available.
১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পিএম

কানাডার শীর্ষ ফুটবল লিগের (সিপিএল) ক্লাব ক্যাভালরি এফসির সঙ্গে তিন বছরের পথচলা শেষ হওয়ার পর নতুন গন্তব্য খুঁজছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার সমিত সোম।
জানা গেছে, বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন সমিত। নিজেকে ফিট রাখতে যুক্তরাজ্যের ন্যাশনাল লিগের দল স্কানথর্প ইউনাইটেডের সঙ্গে অনুশীলন করছেন তিনি।
আগামী ৫ জুন ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগেই আমেরিকা অঞ্চলের বাইরে নিজের নতুন সুযোগ খুঁজছেন সমিত। খবর অনুযায়ী, বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপ এবং লিগ ওয়ানের একাধিক ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের মিডফিল্ডার।
সমিত সম্প্রতি বাংলাদেশের হয়ে ভিয়েতনামের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি সাফ এশিয়ান বাছাইয়ে গ্রুপ পর্বে নিজেদের ম্যাচে অংশ নিয়েছেন। এরপর পাড়ি জমান যুক্তরাজ্যে।
সবশেষ গত বছরের ১০ নভেম্বর অ্যাথলেটিকো ওতাওার বিপক্ষে কাভালরি এফসির হয়ে শেষ ম্যাচ খেলেন সমিত। কানাডিয়ান প্রিমিয়ার লিগে ক্লাবটির মৌসুমে শেষ ম্যাচটি হয়ে থাকল তারও শেষ ম্যাচ।
২০২৩ সালের জানুয়ারিতে ক্যাভালরি এফসিতে যোগ দেন সমিত। এই ক্লাবের জার্সিতে খেলেছেন মোট ৭৯টি ম্যাচ। এই সময়ে ক্লাবের হয়ে তিনি সিপিএল শিল্ড এবং নর্থ স্টার কাপ জয়ের গৌরবও অর্জন করেছেন।
বাংলাদেশের হয়ে গত বছরের জুনে অভিষেক হয় সমিতের। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে প্রথম মাঠে নামেন তিনি। লাল-সবুজের জার্সিতে জাতীয় দলের মাঝমাঠের অন্যতম ভরা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সমিত।

বার্সেলোনায় লামিনে ইয়ামালকে অনেকেই লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি হিসেবে দেখেন। কাতালান ক্লাবটির ১০ নম্বর জার্সিধারী ইতিমধ্যেই মেসির ফেলে যাওয়া সেই বিশাল শূন্যস্থান পূরণে বড় আস্থার নামও। তবে বার্সার স্প্যানিশ এই উইঙ্গারের আদর্শ কিংবা আইডল কিন্তু নেইমার। এর আগেও ব্রাজিলিয়ান তারকাকে নিজের আদর্শ হিসেবে ধারণ করার কথা বলা ইয়ামালের মুখে আবারও একই কথা শোনা গেল।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে হাজির হন ইয়ামাল। ঘরের মাঠ ক্যাম্প ন্যূতে প্রথম লেগে ২-০ গোলে হারের পর এবার আতলেতিকোর মাঠ মেট্রোপলিটানোতে ফিরতি লেগে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে হান্সি ফ্লিকের ক্লাবকে।
মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইয়ামাল তাঁর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম প্রোফাইল পিকচার পরিবর্তন করে ২০১৬ সালের এনবিএ ফাইনাল বিজয়ী লেব্রন জেমসের একটি ছবি দিয়েছেন। সেবার গোল্ডেন স্টেট ওয়ারিয়র্সের বিপক্ষে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকেও ক্লিবল্যান্ড ক্যাভালিয়ার্সকে অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন করেছিলেন লেব্রন।
লেব্রনের মতো ঘরে দাড়ানোর নায়ক হতে চেয়ে ইয়ামাল বলেন,
‘আগামীকালের ম্যাচের জন্য তিনি (লেব্রন) আমার অন্যতম অনুপ্রেরণা, আর সে কারণেই আমি তার ছবি দিয়েছি। তিনি যা করেছিলেন আমি তা নিয়ে ভাবছি এবং আশা করি আমার ক্ষেত্রেও তেমনই কিছু ঘটবে।’
শুধু লেব্রনই নন, ইয়ামাল অনুপ্রেরণা নিচ্ছেন বার্সার সাবেক তারকা নেইমারের কাছ থেকে। ২০১৭ সালে পিএসজির বিপক্ষে সেই ঐতিহাসিক 'কামব্যাক'-এর নায়ক ছিলেন নেইমার। প্যারিসে প্রথম লেগে ৪-০ গোলে হারার পর ফিরতি লেগে ৬-১ গোলে জিতেছিল বার্সা।
১৮ বছর বয়সী ইয়ামাল বলেন,
‘আমি ওই ম্যাচটা অনেকবার দেখেছি এবং লাইভও দেখেছিলাম। নেইমার এমন একজন খেলোয়াড় যিনি আমার পুরো শৈশবকে রাঙিয়ে দিয়েছেন। তিনি আমার আদর্শ। ফুটবলে তিনি যা দিয়েছেন তার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকব। তিনি এমন একজন খেলোয়াড় যার খেলা দেখার জন্য আপনি টিকিট কাটবেন... আমি আশা করি তিনি (২০২৬) বিশ্বকাপে থাকবেন।’
গত মৌসুমে বার্সার ঘরোয়া ‘ট্রেবল’ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন ইয়ামাল। যদিও চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। গত বছর ব্যালন ডি'অর পুরস্কারে দ্বিতীয় নির্বাচিত হওয়া এই স্প্যানিশ তারকা প্রথম লেগে আতলেতিকোর কড়া মার্কিংয়ের কারণে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারেননি। তবে এবার দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে সেরা পারফরম্যান্স দিতেই মুখিয়ে আছেন ইয়ামাল।
ইয়ামাল আশা করছেন ফিরতি লেগে তিনি একটু বেশি স্বাধীনতা পাবেন,
‘আমি খুব ভালো বোধ করছি এবং আগামীকালের ম্যাচের জন্য মুখিয়ে আছি। আশা করি আমিই পার্থক্য গড়ে দেব। দেখি সিমেওনে আমাকে ওয়ান অন ওয়ান খেলার সুযোগ দিয়ে কোনো উপকার করেন কি না!’

অবশেষে ক্লাব পেলেন তারিক কাজী। বসুন্ধরা কিংস ছেড়ে দেওয়া বাংলাদেশের এই ডিফেন্ডার ভুটানের পারো এফসিতে যোগ দিয়েছেন। সপ্তাহখানেক আগেই তাঁর নতুন ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে। আজ পারো এফসি তাদের ফেইসবুক পেইজে তারকি কাজীর অনুশীলনের প্রথম দিনের একটি ছবি প্রকাশ করে।
পারো এফসিতে তাদের সামাজিক মাধ্যমের অফিসিয়াল পেইজে লিখে,
‘ফিনল্যান্ড থেকে পারোর দুর্গে — তারিক কাজী এখন আমাদের মাঝে। অভিজ্ঞতা, শৃঙ্খলা আর নেতৃত্বের মিশেলে গড়া এক অদম্য ডিফেন্ডার। ২০২৬ মৌসুমের জন্য আমাদের রক্ষণভাগে তিনি নিয়ে এসেছেন আন্তর্জাতিক মানের দক্ষতা। মাঠে নিজের শান্ত মেজাজ, বহুমুখী খেলার ধরন এবং নির্ভীক রক্ষণের জন্য পরিচিত তারিক এখানে এসেছেন দলের মান বাড়াতে, রক্ষণভাগকে এক দুর্ভেদ্য দেয়ালে পরিণত করতে এবং পারো এফসির সমর্থকদের বড় কিছু অর্জনের স্বপ্ন দেখাতে।’
পারো এফসি আরও লিখে,
‘ভুটানে আসার আগে তারিক বাংলাদেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে নিজের নাম উজ্জ্বল করেছেন এবং অত্যন্ত গর্বের সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে প্রতিনিধিত্ব করেছেন। এবারের যাত্রা আরও বড়। লক্ষ্য আরও আকাশচুম্বী। পারো এফসি পরিবারে তোমাকে স্বাগতম, তারিক’
গত বছরের ১৮ অক্টোবর সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দেন তারিক। ২০১৯ সালের নভেম্বরে বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তি করার পর সব আনুষ্ঠানিকতা শেষ করার কিছুদিনের মধ্যেই তারিক কাজী পেয়ে যান বাংলাদেশের পাসপোর্ট। স্বল্প সময়ে লাল-সবুজের জার্সি গায়েও জড়ান এ লেফটব্যাক। যে ক্লাব দিয়ে শুরু, ভালোবাসার টানে সেই বসুন্ধরা কিংসের হয়ে ছয় মৌসুম ধরে সবুজ গালিচায় নিজেকে মেলে ধরেন।
বসুন্ধরা কিংস ছাড়ার পর তারিকের দিকে চোখ ছিল কয়েকটি ক্লাবের। দলবদল বিষয়ক সংবাদমাধ্যম ট্রান্সফার মার্কেট জানিয়েছিল, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে তাঁর দিকে নজর ছিল রোমানিয়ান ক্লাব ডিনামো বুখারেস্টের। তবে শেষ পর্যন্ত চুক্তি হয়নি তাদের।

গত বছরের সেপ্টেম্বরে বসুন্ধরা কিংস অ্যারেনায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস-ফর্টিস এফসি ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ফেডারেশন কাপ। একই দিনে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে মোকাবিলা করে বাংলাদেশ পুলিশ এফসি। এরপর এই দুই ভেন্যুতেই গড়িয়েছে প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলা। নকআউট ম্যাচের জন্য আজ সূচি ও ভেন্যু ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ মে ফাইনাল হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে পেশাদার ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটির সপ্তম সভা বসে আজ সোমবার। সভায় ছিলেন ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। ডেপুটি চেয়ারম্যান জাকির হাসানসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সেখানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ফেডারেশন কাপের নক-আউট পর্বের ড্র হয়।
ফেডারেশন কাপের কোয়ালিফায়ার টু দ্য ফাইনাল-১ এর খেলা আগামী ৫ মে হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। একই দিন কুমিল্লায় গড়াবে এলিমিনেশন ম্যাচ। আর ১২ মে একই ভেন্যুতে হবে কোয়ালিফায়ার টু দ্য ফাইনাল-২ এর ম্যাচ। ১৯ মে ফাইনাল হতে যাচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
২০২৬-২৭ ঘরোয়া ফুটবল মৌসুমের সূচি নিয়েও এদিন আলোচনা হয়েছে বৈঠকে। বরাবরের মতোই স্বাধীনতা কাপ, সুপার কাপ, চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ-এই পাঁচ প্রতিযোগিতা আছে খসড়ায়। একটি বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কমিটি। জুনে শুরু হচ্ছে নতুন মৌসুমের দলবদল।

সম্প্রতি স্পেন ফরোয়ার্ড লামিন ইয়ামালের বর্ণবাদের শিকার হওয়ার ঘটনা নিয়ে বেশ সমালোচনা জন্ম দিয়েছে। লা লিগা ম্যাচের ন্যাক্কারজনক সেই ঘটনার রেষ না কাটতেই এবার সান্ডারল্যান্ড ও টটেনহ্যাম ম্যাচে বর্ণবাদের শিকার হলেন ব্রায়ান ব্রবি। ম্যাচ শেষে সান্ডারল্যান্ড ফরোয়ার্ডকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন টটেনহ্যাম সমর্থকেরা।
রবিবার ব্রায়ান ব্রবিকে লক্ষ্য করে করা বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। সান্ডারল্যান্ড এই ঘটনাকে ‘অগ্রহণযোগ্য এবং উদ্বেগজনকভাবে নিয়মিত’ বলে বর্ণনা করেছে। ক্লাবটি ইতোমধ্যেই বিষয়টি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে জানিয়েছে।
এক বিবৃতিতে সান্ডারল্যান্ড বলেছে, ‘আমরা অপরাধীদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা প্রত্যাশা করছি।’
সান্ডারল্যান্ড তাদের বিবৃতিতে জানায়, আমরা ব্রায়ানের পাশে আছি এবং তাকে পূর্ণ সমর্থন দিচ্ছি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাদের ফুটবলারদের ওপর বারবার এমন আক্রমণ প্রমাণ করে যে স্টেডিয়ামে এবং অনলাইনে এই আচরণের হার কতটা বেড়ে গেছে। বর্ণবাদের কোনো স্থান ফুটবলে বা সমাজে নেই।
প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, যারা এই ধরনের ঘৃণ্য অপরাধে যুক্ত থাকবে, তাদের ফুটবল থেকে নিষিদ্ধ করা ছাড়াও জেল বা অপরাধমূলক রেকর্ডের মতো কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি ঘটনায় ব্রবি টটেনহ্যাম ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো রোমেরোকে ধাক্কা দিয়েছিলেন, ফলে রোমেরো চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়েন। ধারণা করা হচ্ছে, সেই ঘটনার জের ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রবিকে আক্রমণ করা হয়।
অ্যান্টি-ডিসক্রিমিনেশন গ্রুপ ‘কিক ইট আউট’-এর মতে, গত মৌসুমের তুলনায় এবার অনলাইনে এমন অপব্যবহারের হার এক-তৃতীয়াংশ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইউকে ফুটবল পুলিশিং ইউনিটের মতে, এ ধরনের অভিযোগের সংখ্যা প্রায় ১১৫ শতাংশ বেড়েছে।