
মঙ্গলবার বরুশিয়া ডর্টমুন্ডের সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট নিয়ে মাঠ ছাড়েন রদ্রিগো। ডান পায়ে উরুর চোটে যে বেশ কিছু দিন মাঠের বাইরে থাকতে হবে রিয়াল তারকাকে, তা আগেই ধারণা করা হচ্ছিল। বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবসাইটে নিশ্চিত করেছে, ব্রাজিল ফরোয়ার্ডের চোটের খবর। তবে তিনি কবে ফিরতে পারেন, তা নিশ্চিত করেনি রিয়াল।
অবশ্য রিয়াল থেকে কিছু না জানালেও স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর, অন্তত তিন সপ্তাহ মাঠে বাইরে থাকতে হবে রদ্রিগোকে। এই সময়ে তিনি রিয়ালের কমপক্ষে চারটি ম্যাচ মিস করবেন বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেখানে আছে এল ক্লাসিকো সহ চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের বিপক্ষে ম্যাচও।
চোট থেকে ফিরে রদ্রিগো সরাসরি ব্রাজিল জাতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনাই বেশি। আগামী নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল খেলবে ভেনেজুয়েলা ও উরুগুয়ের সাথে ম্যাচ। সেই ম্যাচ দিয়ে আবারও রদ্রিগো মাঠে ফিরবেন বলেই খবর এসেছে প্রতিবেদনে।
অবশ্য শুধু রদ্রিগোই নন, চোটে পড়ে ছিটকে গেছেন গোলকিপার থিবো কোর্তোয়াও। রিয়াল গোলকিপারের ফেরা নিয়েও কিছু জানায়নি ক্লাব থেকে। তবে রিয়ালের জন্য আছে স্বস্তির খবরও। চোট কাটিয়ে খুব শীঘ্রই দলে ফিরবেন ব্রাহিম দিয়াজ।
No posts available.
সাফল্যমন্ডিত ক্যারিয়ারে আরেকটি বড় অর্জনের হাতছানি লিওনেল মেসির সামনে। পেশাদার ফুটবলার হিসেবে ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার খুব কাছে আর্জেন্টাইন মহাতারকা। আর মাত্র একটি গোল করতে পারলেই স্পর্শ করবেন দারুণ এই কীর্তি।
সেই সুযোগটা রোববার ভোরেই পেয়ে যাচ্ছেন মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে রোববার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে শার্লটের মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচে এক গোল করতে পারলেই ৯০০ গোল পূর্ণ হবে মেসির।
এখন পর্যন্ত ক্লাব-আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ১ হাজার ১৪১ ম্যাচ খেলে ৮৯৯টি গোল করেছেন মেসি। এর মধ্যে জাতীয় দলের হয়ে তার গোল ১৯৬ ম্যাচে ১১৫টি। আর প্রায় ২০ বছরের ক্যারিয়ারে তিন ক্লাবের হয়ে ৯৪৫ ম্যাচে করেছেন ৭৮৪ গোল।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার জার্সিতে কেটেছে মেসির ক্যারিয়ারের সিংহভাগ সময়। কাতালান ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ ম্যাচ। এছাড়া পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ ও ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ৯২ ম্যাচে তার গোল ৮০টি।
এই ৮৯৯ গোল করার পথে ৬০টি হ্যাটট্রিক করেছেন মেসি। ফ্রি কিক থেকে করেছেন ৭০ গোল। আর পেনাল্টি থেকে পেয়েছেন ১১২টি গোল। ডান পায়ে তার ১১০টি, বাম পায়ে করেছেন ৭৫৫ গোল, হেড থেকে ৩০টি আর শরীরের অন্যান্য অংশ দিয়ে করেছেন ৪টি গোল।
দীর্ঘ এই যাত্রায় নতুন পাতা যুক্ত হবে শার্লটের বিপক্ষে একটি গোল করতে পারলেই। আর তা হলে বিশ্ব ফুটবলে ৯০০ গোল করা মাত্র দ্বিতীয় ফুটবলার হয়ে যাবেন মেসি। এখন পর্যন্ত ৯৬৫ গোল করে সবার ওপরে ক্রিস্তিয়ানো রোনালদো।

বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) এখন পর্যন্ত শীর্ষস্থানে যৌথভাবে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। প্রথম পর্ব শেষেও ছিল একই চিত্র। দ্বিতীয় পর্বে এসে নিজেদের প্রথম খেলায় পূর্ণ তিন পয়েন্ট করে নিয়েছে দুই দল। ১০ খেলায় সমান জয়, পরাজয় এবং ড্র নিয়ে ২১ পয়েন্ট শিরোপা রেসে থাকা দুই দলের। আজ ছাড়িয়ে যাওয়ার সুযোগ একে অপরের। ১১তম রাউন্ডে বেলা পৌনে ৩ টায় লিগের পাঁচবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হচ্ছে ফর্টিস। ম্যাচটি গড়াবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।
চলতি মৌসুমের লিগের প্রথম দেখায় ফর্টিসকে ২-১ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। তবে ফেডারেশন কাপের খেলায় গত সেপ্টেম্বরে ১-১ ব্যবধানে ড্র করেছে দুই দল। কিংসের সঙ্গে পাওয়া এক পয়েন্টের সুবাদে প্রতিযোগিতার ‘বি’ গ্রুপ থেকে ভালো অবস্থানে ফর্টিস। আছে তালিকার শীর্ষে। ফেডারেশন কাপের দুইবারের চ্যাম্পিয়ন বুসন্ধরা কিংস টেবিলের চারে।
ফুটবল লিগ কয়েক বছর ধরে আধিপত্য বসুন্ধরা কিংসের। গত মৌসুমে কেবল মোহামেডান স্পোর্টিং ক্লাব শিরোপা জিতেছে। আগের পাঁচবারই টানা এই ট্রফি নিজেদের করে নিয়েছে বসুন্ধরা কিংস। এবার ট্রফি পুনরুদ্ধারে তাদের সামনে বাধা ফর্টিস। ঘরের মাঠে সেই বাধা টপকে কিংস এগিয়ে যাবে কি না সেটি দেখার অপেক্ষায় সমর্থকেরা।
এদিকে বাংলাদেশের ফুটবলে যাত্রা শুরুর পর এত ভালো অবস্থানে আগে কখনও ছিল না ফর্টিস। প্রথমবারের মতো তারা শিরোপা জেতার স্বপ্ন দেখছে। সেজন্য বেশ উঠেপড়ে লেগেছে দলটি। মধ্যবর্তী দলবদলে তারা এনেছে বিদেশি খেলোয়াড়। শেষ পর্যন্ত সাবেক চ্যাম্পিয়নদের টপকে ফর্টিস এগিয়ে যেতে পারবে কি না সেটি সময়ই বলে দেবে।
আন্তর্জাতিক বিরতির আগে বাংলাদেশ ফুটবল লিগে আজ আছে আরও দুটি ম্যাচ। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে মোকাবিলা করবে ঢাকা আবাহনী লিমিটেড। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামবে আরামবাগ ক্রীড়া সংঘ। সবগুলো ম্যাচ দেখা যাবে বাফুফের ইউটিউব লাইভে।
বিতর্ক যেন পিছু ছাড়ছে না পেদ্রো নেতোর। বল বয়কে ধাক্কা দেওয়ার ঘটনায় ইউয়েফার তদন্তের মুখে থাকা এই তারকা এবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) শাস্তি পেলেন।
আর্সেনালের বিপক্ষে ম্যাচে রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে তাকে এক ম্যাচ বাড়তি নিষেধাজ্ঞা ও ৭০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৩ লাখ টাকার বেশি) জরিমানা করা হয়েছে।
নতুন শাস্তির ফলে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেতোকে ছাড়াই মাঠে নামতে হবে ব্লুজদের।
আর্সেনালের বিপক্ষে ম্যাচে ৭০ মিনিটে মাঠ ছাড়ার সময় নেতো দ্রুত মাঠ ত্যাগ করতে ব্যর্থ হন ও ম্যাচ অফিশিয়ালদের উদ্দেশ্যে আপত্তিকর ভাষা ব্যবহার করেন। এই ঘটনার জেরে একটি স্বতন্ত্র কমিশন শুনানির মাধ্যমে নেতোর অতিরিক্ত ১ ম্যাচ নিষেধাজ্ঞা ও জরিমানার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে গত ৪ মার্চ অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে লাল কার্ডের নিয়মিত এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়েছেন নেতো। নিষেধাজ্ঞা কাটিয়ে এফএ কাপে রেক্সহ্যাম এবং চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছিলেন।
পিএসজির বিপক্ষে এনজো ফার্নান্দেসের সমতাসূচক গোলে দারুণ এক অ্যাসিস্ট করে নিজের সামর্থ্যের প্রমাণও দিয়েছিলেন নেতো। তবে সেই ম্যাচেই এক বল বয়কে ধাক্কা দিয়ে নতুন বিতর্কের জন্ম দেন ২৬ বছর বয়সী এই তারকা।
যদিও ম্যাচ শেষে নেতো সেই বল বয়ের কাছে ক্ষমা চেয়েছেন এবং নিজের জার্সি উপহার দিয়ে বিষয়টি মীমাংসা করেছেন, তবুও ইউয়েফা এই ঘটনাটি গুরুত্বের সাথে নিয়েছে। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এখন তার বিরুদ্ধে আলাদাভাবে শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করতে যাচ্ছে।
নিউক্যাসলের বিপক্ষে শনিবারের ম্যাচটি চেলসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়নস লিগে সবশেষ ম্যাচে ৫-২ গোলে হারের পর মানসিকভাবে বিপর্যস্ত দলের জন্য নেতোর মতো ফর্মে থাকা খেলোয়াড়কে হারানো বড় এক ধাক্কা। কোচ লিয়াম রোসেনিয়রকে এখন আক্রমণভাগে বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
বাড়তি নিষেধাজ্ঞা যোগ হওয়ায় নেতোকে এখন কেবল গ্যালারিতে বসেই দলের খেলা দেখতে হবে। এখন দেখার বিষয়, ইউয়েফার তদন্ত শেষে পর্তুগিজ এই তারকার জন্য আরও বড় কোনো শাস্তি অপেক্ষা করছে কি না।

ভারতের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন দেশটির তরুণ ডিফেন্ডার রাভিন্দর সিং।
ভারতের ক্লাব নামধারি এফসির সঙ্গে চুক্তিবদ্ধ এই ফুটবলার চলতি সপ্তাহে পাঞ্জাবে একটি স্থানীয় লিগ ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। পাঞ্জাবের লুধিয়ানা জেলার মাজরি গ্রামের বাসিন্দা রভিন্দর ম্যাচ চলাকালীন বুকব্যথা নিয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে বুধবার চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যম খবরে বলা হয়েছে, নিজ গ্রামেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্য, বন্ধু এবং সতীর্থ খেলোয়াড়রা শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
রভিন্দরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে নামধারি এফসি এবং ইন্ডিয়ান ফুটবল লিগ। সামাজিক মাধ্যমে নামধারি এফসি লিখেছে,
‘আমাদের এক ফুটবলার রাভিন্দর সিংয়ের অকাল মৃত্যুর খবরে আমরা গভীরভাবে শোকাহত। এত অল্প বয়সে তার চলে যাওয়া ফুটবল পরিবারের জন্য বড় ক্ষতি। ঈশ্বর যেন তার আত্মাকে চিরশান্তি দেন এবং এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের শক্তি ও সাহস জোগান।’
অন্যদিকে ইন্ডিয়ান ফুটবল লিগও শোকবার্তায় জানিয়েছে,
‘নামধারি এফসির রভিন্দর সিংয়ের মৃত্যুর খবর শুনে আইএফএল পরিবার গভীরভাবে শোকাহত। তার আত্মা শান্তিতে থাকুক। তার স্মরণে এবং তার পরিবার, বন্ধু ও ক্লাবের প্রতি সংহতি জানিয়ে ম্যাচউইক–৩–এর প্রতিটি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।’

পরপর দুবার নেপালের কাঠমান্ডুর পর এ বছর মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ হবে ভারতের গোয়ায়। ২৫ মে থেকে ৭ জুন পর্যন্ত হবে টুর্নামেন্ট। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কেট্টেল গত বৃহস্পতিবার সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে দেওয়া এক চিঠিতে লিখেছেন,
‘সাফভুক্ত ৭ সদস্য দেশের জাতীয় নারী দল এই চ্যাম্পিয়নশিপে অংশ নেবে বলে আশা করা হচ্ছে, যা এটিকে এই অঞ্চলের অন্যতম প্রধান নারী ফুটবল ইভেন্টে পরিণত করবে। দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের উন্নয়ন ও প্রসারে এই আঞ্চলিক প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’
মেয়েদের সাফে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০২৪ সালে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা ধরে রাখেন সাবিনারা। আগের আসর তথা ২০২২ সালেও নেপালকে ফাইনালে হারায় বাংলাদেশ। গোয়ায় তাই এবারও শিরোপা ধরে রাখার অভিযানে নামবে লাল সবুজের মেয়েরা।
গোয়া এর আগে ১৯৯৯ সালে ছেলেদের সাফ আয়োজন করেছিল। তবে ফাতোর্দার নেহরু স্টেডিয়ামে এই প্রথম নারী চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। গোয়া ফুটবল অ্যাসোসিয়েশনের (জিএফএ) সভাপতি কৈতানো ফার্নান্দেজ বলেন,
‘দক্ষিণ এশিয়ায় নারী ফুটবল এগিয়ে যাচ্ছে এবং কারও যদি প্রমাণের প্রয়োজন হয়, তবে এশিয়ান কাপেই তা স্পষ্ট হয়েছে। ভারত ও বাংলাদেশ এশিয়ার সেরা ১০টি দলের মধ্যে রয়েছে এবং নেপালও বেশ শক্তিশালী। আমি নিশ্চিত যে খুব উঁচুমানের ম্যাচ হবে।’
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারত রেকর্ড পাঁচবার শিরোপা জিতেছে। স্বাগতিক ভারত ছাড়াও এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।