৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৭ পিএম

ফুটবলে বর্তমানে সেরাদের একজন লামিনে ইয়ামাল। অনেকের চোখে স্প্যানিশ এই উইঙ্গার লিওনেল মেসির যোগ্য উত্তরসূরি। মাত্র ১৮ বছর বয়সে দুর্দান্ত পারফরম্যান্সে প্রতিনিয়তই সেটা প্রমাণও করে যাচ্ছেন ইয়ামাল। পারফরম্যান্সের এই ধারা অব্যহত রাখলে, সর্বকালের অন্যতম সেরা মেসির মতো ভূরিভূরি ব্যাক্তিগত সাফল্যও মিলবে, সেটা ভালো করেই জানেন তিনি। যেকোনো ফুটবলারই স্বপ্ন দেখেন ব্যাক্তিগত সর্বোচ্চ পুরষ্কার ব্যালন ডি’অর ক্যারিয়ারে অন্তত একবার হলেও জিতবেন। তবে আপাতত এদিকে নজরই দিচ্ছেন না ইয়ামাল।
মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যাক্তিগত অর্জনের ভাবনা নিয়ে কথা বলেন ইয়ামাল। গত বছরের ব্যালন ডি’অর র্যাঙ্কিংয়ে উসমান দেম্বেলের পর দ্বিতীয় স্থান অর্জন করেন। একই অনুষ্ঠানে জিতেছেন কোপা ট্রফি, যা আগের বছরও তাঁর ঝুলিতে উঠেছিল। বাকি রইল শুধু ব্যালন ডি’অর। কিন্তু ব্যালন ডি’অর জিততেই হবে, এমন কোনো ভাবনাই নাকি নেই ইয়ামালের।
ইয়ামাল বলেন,
‘আমি এটা নিয়ে ভাবি না। এটি এমন একটি পুরস্কার, যেটা নিয়ে বেশি ভাবলেও কোনো নিশ্চিত উত্তর পাওয়া যায় না। আপনি কী জিতেছেন, কীভাবে খেলেছেন এবং কারা ভোট দিচ্ছে—এসবের ওপরই অনেক কিছু নির্ভর করে। এটি শুধু আপনার খেলার মাধ্যমে নির্ধারিত হয় না। আমি শুধু খেলাটা উপভোগ করতে চাই এবং বার্সা ও জাতীয় দলের সঙ্গে জিততে চাই।’
মাত্র ১৮ বছর বয়সেই বার্সার হয়ে দুটি লা লিগা শিরোপা, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে জিতেছেন। পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারের মধ্যে রয়েছে কোপা ট্রফি ও গোল্ডেন বয়। জাতীয় দল স্পেনের হয়ে জিতেছেন ইউরো।
এই মৌসুমেও দারুণ ছন্দে আছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ২৯ ম্যাচে ১৪ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৩টি। পরিসংখ্যানকে খুব বেশি গুরুত্ব না দিলেও ইয়ামাল বলেছেন, তার প্রধান লক্ষ্য দলগত সাফল্য,
‘আমার খেলা এসব পরিসংখ্যানের ওপর নির্ভর করে না। কখনো ভালো খেলেও গোল করতে পারি না, আবার গোল করলেও সব সময় ভালো খেলতে পারি না—এ নিয়ে আলোচনা হয়। কিন্তু আমি চাই ভালো খেলতে, দল জিতুক এবং আমরা এভাবেই এগিয়ে যাই।’
স্পেন জাতীয় দলের হয়ে ব্যস্ত সময় অপেক্ষা করছে ইয়ামালের জন্য। প্রথম চ্যালেঞ্জ হলো ফিনালিসিমা—ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যকার ম্যাচটি হবে আগামী ২৭ মার্চ। কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।
তারপর সবকিছু ঠিক থাকলে প্রথমবারের বিশ্বকাপ খেলবেন ইয়ামাল। গ্রুপ ‘এইচ’-এ ১৫ জুন আটলান্টা স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক হবে তাঁর। এরপর ২১ জুন সৌদি আরব এবং ২৬ জুন মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন। এবারের বিশ্বকাপে অন্যতম ‘ফেবারিট’ ফিফা র্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা স্পেন। যদি ‘লা রোজারা’ বিশ্বকাপ জিততে পারে, পাশাপাশি দলকে বিশ্বচ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন ইয়ামাল, তবে সবচেয়ে কম বয়সেই হয়তো ব্যালন ডি’অর জেতা হয়ে যাবে ‘ভিন্ন লক্ষ্যের’ কথা বলা বার্সা তারকার।
No posts available.
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৭ পিএম
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৫ পিএম
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ এম
২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম

একজন আর্দশ ফরোয়ার্ড খুঁজেছে বার্সেলোনা। বিপরীতে গুঞ্জন আছে আতলেতিকো মাদ্রিদে ভালো নেই হুলিয়ান আলভারেজ। তাতে দুইয়ে দুইয়ে চার মিলে গেল, আর্জেন্টিনার তারকা এই ফরোয়ার্ডকে দলে ভেড়াতে চায় কাতালানরা। অনেক দিন ধরেই চলা এই গুঞ্জন ক্রমশই শক্তিশালী হচ্ছে। আর এই জল্পনার মধ্যে তো চুপ করে থাকতে পারেন না আলভারেজের ক্লাব আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে।
আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে অবশ্য হুলিয়ান আলভারেজের ভবিষ্যত নিয়ে স্পষ্ট করে কিছুই বলতে পারলেন না। এককথায় বললেন, আমি তাঁর মনের খবর জানি না।’ লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচের আগে আতলেতিকো মাদ্রিদের কোচ বলছেন, আলভারেজের সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি খুশি হলেও, খেলোয়াড়ের ব্যক্তিগত চিন্তাধারা বোঝার ক্ষমতা নেই। সিমিওনে উল্লেখ করেছেন, ২৬ বছর বয়সী আলভারেজ অবশেষে তার পুরনো ছন্দে ফিরছেন, যা দীর্ঘ সময়ের ছন্দহীনতার পর প্রশংসনীয়।
আলভারেজের বার্সায় যাওয়ার গুঞ্জন নিয়ে সিমিওনে বলেন, ‘আমি কেবল শেষ দুই ম্যাচে তার পারফরম্যান্স দেখি, দেখছি সে তার সর্বোচ্চ স্তরে ফিরে আসছে এব তাকে এই রকমই প্রয়োজন আমাদের। তার মাথার ভিতরে আমি থাকতে পারি না, কিন্তু তার কাজের মধ্যে যা প্রতিফলিত হচ্ছে, তাতে আমি খুবই সন্তুষ্ট।’
অবশ্য দিয়েগো সিমিওনে স্বীকার করেছেন, আতলেতিকো মাদ্রিদে আলভারেজের দীর্ঘমেয়াদি ভবিষ্যত নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না তিনি। বিশ্বকাপ জয়ী স্ট্রাইকারের জন্য বার্সাকে অন্তত ২০ কোটি ইউরোর বড় অঙ্ক গুনতে হবে। বিপুল পরিমাণ এই অর্থ খরচ করে আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে রীতিমতো রেকর্ডই করতে হবে বার্সাকে। এছাড়া আর্থিকভাবে গত কয়েক বছর ধুঁকতে থাকা ন্যূ ক্যাম্পের ক্লাবটির জন্য এই অর্থ খরচ করা কঠিনই।
২০২৪ সালের আগস্টে ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকোতে যোগ দেন আলভারেজ। ২০৩০ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি আছে স্প্যানিশ ক্লাবটির।

আগামী ১৫ মার্চ বার্সেলোনার পরবর্তী ক্লাব সভাপতি নির্বাচন। তার আগে নানান প্রতিশ্রতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে জিততে পারলে ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনকে দলে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জাভিয়ের ভিলাহোয়ানা।
এরই মধ্যে কেইনের সঙ্গে প্রাথমিক যোগাযোগ করার কথাও জানান অন্যতম শক্তিশালী এই সভাপতি পদপ্রার্থী।
২০২৬ ক্লাব সভাপতি নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে চারজন প্রধান প্রার্থীর নাম উঠে এসেছে। তাদেরই একজন বার্সেলোনার সাবেক বোর্ড সদস্য এবং লা মাসিয়ার সাবেক প্রধান ভিলাহোয়ানা।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে ভিলাহোয়ানা বলেন, 'আমাদের এমন একজন স্ট্রাইকার দরকার, যে খেলায় সংযোগ তৈরি করতে পারবে, আবার বক্সের ভেতরে হবে নিখুঁত ফিনিশার। পাশাপাশি একজন অভিজ্ঞ সেন্টার-ব্যাকও দরকার, যে তরুণদের ভারসাম্য দেবে।'
সেন্টার ফরোয়ার্ড পদের সম্ভাব্য লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি সরাসরি হ্যারি কেইনের নাম উল্লেখ করেন।
"এরই মধ্যে যোগাযোগ করেছি। কেইন আমাদের খেলার ধাঁচের সঙ্গে মানানসই। সে নিচে নেমে খেলায় যুক্ত হতে পারে, আবার খাঁটি নাম্বার নাইন হিসেবেও কার্যকর। গভীরে রক্ষণ গড়া দলের বিপক্ষেও সে ভালো করে।"
আরও পড়ুন
| ভিনিসিয়ুসের ঘটনায় প্রেস্তিয়ান্নিকে জিজ্ঞাসাবাদ, তদন্তে নতুন মোড় |
|
কেইন অবশ্য নিজে বার্সেলোনায় যাওয়ার বিষয়ে কোনো প্রকাশ্য প্রতিশ্রুতি দেননি। গত নভেম্বরে তিনি জানান, বায়ার্ন মিউনিখে ভালো আছেন এবং বর্তমানে অন্য কিছু ভাবছেন না। বায়ার্নের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি থাকলেও ৬০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ চলতি গ্রীষ্মে কার্যকর হবে।
বায়ার্ন কিংবদন্তি লোথার ম্যাথাউস মনে করেন, কেইন ক্লাব ছাড়বেন না, 'আমি বিশ্বাস করি না সে বায়ার্ন ছাড়বে। অর্থ তার কাছে মুখ্য নয়। পরিবারসহ সে এখানে থিতু হয়েছে।'
তবে ভিলাহোয়ানা মনে করেন, কেইনকে রাজি করানো সম্ভব, 'কেইন বার্সেলোনাকে পছন্দ করে। খুব কম খেলোয়াড় আছে যারা বার্সেলোনাকে পছন্দ করে না।'
এদিকে লা লিগা শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। মঙ্গলবার জিরোনার কাছে ২-১ গোলে হেরে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে কাতালানরা।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ প্লে-অফে রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে এরই মধ্যে তদন্ত শুরু করেছে উয়েফা। খেলাধুলাভিত্তিক বিশ্বস্ত ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, তদন্ত প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজের বক্তব্য দিয়েছেন অভিযুক্ত ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি।
মঙ্গলবার লিসবনে দ্বিতীয়ার্ধে ঘটে বিতর্কিত ঘটনাটি। ম্যাচের একমাত্র গোলটি করেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। গোলের পরপরই প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ তোলেন তিনি। এই অভিযোগের জেরে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ থাকে।
ঘটনার পর ইউয়েফার কাছে সব প্রমাণ জমা দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে বলেন, তিনি ব্যক্তিগতভাবে পাঁচবার প্রেস্তিয়ান্নির মুখ থেকে বর্ণবাদী মন্তব্য শুনেছেন।
আরও পড়ুন
| সব শঙ্কা দূর করে ফিরছেন মেসি |
|
ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তে প্রেস্তিয়ান্নি উয়েফার কাছে বর্ণবাদের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভিনিসিয়াসকে 'মোনো' (বানর) বলেননি তিনি বরং 'মারিকোন' শব্দটি উচ্চারণ করেছিলেন।
ম্যাচের পর মাদ্রিদের মিডফিল্ডার অহেলিয়াঁ চুয়ামেনিও স্প্যানিশ টেলিভিশনকে জানান, প্রেস্তিয়ান্নি ঘটনাস্থলেই এমন ব্যাখ্যা দিয়েছিলেন।
‘মারিকোন’ স্প্যানিশ ভাষায় অপমানজনক ও সমকামীবিদ্বেষী গালি। এটি কাউকে ‘নারীসুলভ’, ‘দুর্বল’ বা ‘পুরুষত্বহীন’ বোঝাতেও অপমানসূচকভাবে বলা হয়।
প্রেস্তিয়ান্নি বর্ণবাদের বদলে সমকামীবিদ্বেষী গালি দেওয়ার কথা বললেও ইউয়েফার ডিসিপ্লিনারি কোডের ১৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী উভয় অপরাধের শাস্তির মাত্রা একই। যেকোনো ধরণের বৈষম্যমূলক আচরণের জন্য কমপক্ষে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়ার বিধান রয়েছে।
রিয়ালের কোচ আলভারো আরবেলোয়া শুক্রবারের সংবাদ সম্মেলনে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে শাস্তির দাবি জানান। তার ভাষায়, এই ঘটনা ফুটবলে বর্ণবাদবিরোধী লড়াইয়ে একটি টার্নিং পয়েন্ট হতে পারে।
তদন্ত চলমান থাকায় এখন নজর ইউয়েফার সিদ্ধান্তের দিকে। অভিযোগ প্রমাণিত হলে প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

আর্জেন্টিনার সমর্থকদের জন্য স্বস্তির খবর। চোট কাটিয়ে আবারও মাঠে ফিরছেন লিওনেল মেসি।
মেজর লিগ সকারের নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলতে প্রস্তুত এই তারকা ফুটবলার। লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে রোববারের ম্যাচের আগে বিষয়টি নিশ্চিত করেছেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।
সংবাদ সম্মেলনে ইন্টার মায়ামি কোচ বলেন, ‘মেসি ভালো আছে। পুরো সপ্তাহ সে দলের অন্যদের মতো অনুশীলন করেছে। তার অনুভূতিও ইতিবাচক। সে পুরোপুরি প্রস্তুত।’
গত ৭ ফেব্রুয়ারি প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে বার্সেলোনা এসসির বিপক্ষে খেলতে গিয়ে বাম হ্যামস্ট্রিংয়ে টান লাগে মেসির। ম্যাচের ৫৮ মিনিটে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
আরও পড়ুন
| বিদায় বেলায় ওমানের ওপর জ্বালা মেটাল অস্ট্রেলিয়া |
|
চোটের কারণে ইন্টার মায়ামি তাদের শেষ প্রাক-মৌসুম ম্যাচের সূচিও পরিবর্তন করে। ইন্ডিপেন্ডিয়েন্তে দেল ভায়ে-র বিপক্ষে পুয়ের্তো রিকোতে নির্ধারিত ১৩ ফেব্রুয়ারির ম্যাচটি পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি করা হয়।
এখন পুরোপুরি সুস্থ হয়ে দলের সঙ্গে নিয়মিত অনুশীলনে ফিরেছেন মেসি। মাসচেরানো আরও জানান, ক্যালিফোর্নিয়া সফরে যাওয়া সব খেলোয়াড়ই ম্যাচের জন্য বিবেচনায় থাকবেন। নতুন সাইনিং গেরমান বেরতেরামে ও স্থায়ী চুক্তিতে দলে থাকা তাদেও আলেন্দেও প্রস্তুত।
২০২৫ সালে ভ্যানকুভার হোয়াইটক্যাপস-কে হারিয়ে এমএলএস কাপ জিতে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নতুন মৌসুম শুরু করছে ইন্টার মায়ামি। লিগের পাশাপাশি কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ, লিগস কাপ ও চ্যাম্পিয়ন্স কাপেও অংশ নেবে তারা।

ব্যস্ত সূচির আগে একের পর এক চোটের খবর নিশ্চিতভাবেই লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। এবার অন্তত একমাসের জন্য ছিটকে গেলেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। বাঁ পায়ের সোলিয়াস মাংসপেশিতে টান লেগেছে ইন্টার মায়ামির স্ট্রাইকারের।
আজ মেডিক্যাল পরীক্ষা শেষে ইন্টার মিলান এক বিবৃতিতে মার্তিনেজের বিষয়টি নিশ্চিত করে। চ্যাম্পিয়নস লিগে বোডো-গ্লিমটের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি। পরীক্ষায় ২৮ বছর বয়সী ফরোয়ার্ডের বাঁ পায়ের সোলিয়াস মাংসপেশিতে চোট ধরা পড়ে এবং জানানো হয়, আগামী সপ্তাহে তাঁর অবস্থা আবার মূল্যায়ন করা হবে।
এর আগে আর্জেন্টিনার ডিফেন্ডার হুয়ান ফয়েথ এবং নিকোলাস গঞ্জালেজ ইনজুরিতে পড়েন। বাঁ পায়ের গোড়ালির চোটে পড়া ফয়েথকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে। আর মাংসপেশীতে টান লাগা নিকো প্রায় তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন। এছাড়া পুরোপুরি ফিট নন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও।
আগামী ২৮ মার্চ ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ফিটনেস নিয়ে চ্যালেঞ্জেই পড়তে হচ্ছে কোচ স্কালোনিকে।
মার্তিনেজের চোটে বড় ধাক্কা খেল ইন্টার মিলানও। স্কাই স্পোর্টসের–এর প্রতিবেদনে বলা হয়েছে, এই চোটে মার্তিনেজকে ৩–৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে। সে ক্ষেত্রে ৮ মার্চ এসি মিলান–এর বিপক্ষে ডার্বি ম্যাচে তার খেলা প্রায় অসম্ভবই।
তবে ইতালির সংবাদমাধ্যম লা গাজেত্তা দেলো স্পোর্ত জানিয়েছে, মৌসুমের সর্বোচ্চ গোলদাতা মার্তিনেজকে ডার্বির আগেই ফেরানোর আশা করছে ইন্টার। যদিও আপাতত সিরি আ–তে লিসে ও জেনোয়া–র বিপক্ষে ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগে বোডো/গ্লিম্ট এবং কোপা ইতালিয়ায় কোমোর বিপক্ষে ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে ইন্টারকে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে ১৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন মার্তিনেজ। সিরি আ-তে ২৫ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান। সমান ম্যাচে দুইয়ে থাকা তাদের নগরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের সংগ্রহ ৫৪।