
হংকং, চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে ইংল্যান্ড থেকে আজ সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন হামজা চৌধুরী। সেখানে উপস্থিত সাংবাদিকদের দূর থেকে হাত নেড়ে অভিবাদন জানান ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা।
পুলিশ প্রোটোকলে ১২টার দিকে টিম হোটের ইন্টারকিন্টনেন্টালে পৌঁছান হামজা। হোটেল থেকে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় বলেন, 'ভাল জার্নি কইরা আইছি, সাকসেসফুল ক্যাম্প হইব। হংকংয়ের বিপক্ষে সবাই সাপোর্ট করতে আইবা। ইনশাআল্লাহ আমরা উইন করব।'
খানিক পর মিডিয়ার সামনে আসেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। তিনি জানান হামজা কিছুক্ষণ বিশ্রাম নিতে চান। এরপর নিজ থেকেই নাকি বলেন বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন সেশনে যোগ দেবেন তিনি।'
আরও পড়ুন
| ঢাকায় পৌঁছেছেন হামজা |
|
হামজা আসার পর এখন অপেক্ষা শমিত সোমের জন্য। আজ ভোরে কানাডা প্রিমিয়ার লিগে ম্যাচ ছিল তার। আগামীকাল দেশে আসবেন তিনি।
ইনজুরি নিয়ে ক্যাম্প ছেড়েছেন সুমন রেজা ও মোহাম্মদ ইবরাহীম। তপু বর্মনের হালকা চোট আছে। আমের খান আজ সাংবাদিকদের বলেছেন তপু রিকভারি করছে, 'তপু গতকার অনুশীলন করেছে, তবে পুরোদমে নয়। আজ বোঝা যাবে তার ইনজুররির প্রকৃত অবস্থা। আশা করছি সমস্যা হবে না।
আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ
খেলবে বাংলাদেশ। দুই দলের মধ্যকার ফিরতি ম্যাচ ১৪ অক্টোবর, হংকংয়ের মাটিতে।
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২৫ মার্চ প্রথম ম্যাচে শিলংয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র। এরপর ঘরের মাঠে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে পরাজয় ১-২ ব্যবধানে।
‘সি’ গ্রুপ থেকে শীর্ষ দুইয়ে থাকা হংকং ও সিঙ্গাপুরের পয়েন্ট সমান ৪ করে। আর একটি করে পয়েন্ট পেয়ে তালিকার তিন ও চারে বাংলাদেশ এবং ভারত।
No posts available.

প্রতি বছরের ধারাবাহিকতায় আবারও শুরু হয়ে গেল কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট। ৩২টি মিডিয়া হাউজের অংশগ্রহণে মতিঝিলস্থ বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে ঐতিহ্যবাহী কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন হয়েছে রোববার।
প্রথম দিনের খেলায় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন দৈনিক যুগান্তর, এখন টিভি, দীপ্ত টিভি, বাংলা ভিশন, দৈনিক কালের কণ্ঠ, দ্য ডেইলি স্টার, ক্রিকফ্রেঞ্জি ও এনটিভি।
টুর্নামেন্টের দ্বিতীয় দিন সোমবার মাঠে নামবে দেশের একমাত্র খেলাধুলার টিভি চ্যানেল টি স্পোর্টস। বেলা ১১টায় তাদের প্রতিপক্ষ অনলাইন নিউজপোর্টার জাগোনিউজ২৪ডটকম।
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক রোববার মাঠে উপস্থিত থেকে কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এসএম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে ছিলেন হেড অব মিডিয়া এন্ড রিসার্চ ফেরদৌসুল ইসলাম ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আদিব বিন শহীদ।
দিনের প্রথম ম্যাচে এটিএন নিউজকে ৫-০ গোলে হারিয়েছে এখন টিভি। জোড়া গোলের পাশাপাশি এক অ্যাসিস্ট করে ম্যাচ সেরা হয়েছেন রাকিব আহমেদ। এছাড়া ১টি করে গোল পেয়েছেন আবুল কালাম, আব্দুল কাদের লিওন ও রেজাউল করিম। একই সময়ে হওয়া অন্য ম্যাচে দৈনিক সমকালকে ১-০ গোলে হারিয়েছে দীপ্ত টিভি। জয়সূচক গোল করে ম্যাচ সেরা হন ইমাম হোসেন রাহাত।
ডেইলি অবজারভারের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে বাংলাভিশন। ইনামুল হাবিব রুবেল জোড়া গোল করে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। হাড্ডাহাডি লড়াইয়ের পর ১-১ গোলে ড্র থাকে দৈনিক কালের কণ্ঠ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ম্যাচ। পরে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জয় পায় কালের কণ্ঠ। ম্যাচ সেরা হন তৌকির।
প্রাণপণ চেষ্টার পরও গোলের ডেডলক ভাঙতে পারেনি দৈনিক যুগান্তর ও বৈশাখী টেলিভিশন। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে পরের রাউন্ডের টিকিট পায় দৈনিক যুগান্তর। ম্যাচ সেরার পুরস্কার জেতেন গোলরক্ষক রিফাত। গোলের দেখা মেলেনি দ্য ডেইলি স্টার ও নিউজ ২৪ ম্যাচেও। টাইব্রেকার ৪-২ ব্যবধানে জয় পায় দ্য ডেইলি স্টার। ম্যাচ সেরা নির্বাচিত হন অর্কিড চাকমা।
নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে ক্রিকফ্রেঞ্জি ও নয়া দিগন্তের ম্যাচ। পরে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে ক্রিকফ্রেঞ্জি। ম্যাচ সেরা হন লিখন সরকার। দিনের শেষ ম্যাচে অন্তিম মুহূর্তের গোলে মাছরাঙা টেলিভিশনকে ১-০ গোলে হারায় এনটিভি। জয়সূচক গোলটি করে ম্যাচ সেরা নির্বাচিত হন ফাহাদ মোহাম্মদ।
প্রথম দিনের বিজয়ী ৮ দল পেয়েছে দ্বিতীয় রাউন্ডের টিকিট। মতিঝিলস্থ বাফুফে আর্টিফিশিয়াল টার্ফে সোমবার হবে প্রথম রাউন্ডের বাকি ৮ ম্যাচ।

ফুটবল থেকে অনেকটাই দূরে সরে যাওয়া আর্জেন্টাইন তারকা গনজালো হিগুয়েইন আবারও আলোচনায় এসেছেন। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং নতুন লুকের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি তাঁকে ঘিরে কৌতূহল তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক ভক্তের সঙ্গে তোলা ছবিটি ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। ছবিতে ঘন দাড়ি আর স্বাভাবিক, নির্ভার উপস্থিতিতে সাবেক এই স্ট্রাইকারকে অনেকেই প্রথম দেখায় চিনতেই পারেননি। এমনকি অনেকের মনে সংশয় ছিল, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কি না।
তবে ছবিটি তোলা সেই ভক্তই স্পষ্ট করে করেছেন, ‘এটি কৃত্রিম (এআই) কিছু নয়।’ তাঁর দাবি, হিগুয়াইন সম্পূর্ণ স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত ছিলেন এবং খুব সহজ-সরল পোশাকে ছিলেন, ফলে আশপাশের অনেকেই তাঁকে চিনতে পারেননি।
এর আগেও চেহারার পরিবর্তন নিয়ে আলোচনায় এসেছেন হিগুয়েইন। ক্যারিয়ারের শুরুর দিকে কোঁকড়ানো চুলের যে তরুণকে দেখা গিয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে তাঁর চেহারায় এসেছে বড় ধরনের পরিবর্তন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঘন দাড়ি ও ভিন্ন স্টাইল তাঁকে নতুনভাবে উপস্থাপন করেছে।
বর্তমানে ফুটবলজীবন থেকে বেশ দূরে আছেন হিগুয়েইন। কিছুদিন আগে তাঁকে যুক্তরাষ্ট্রের একটি ক্লাবে খেলোয়াড় উন্নয়ন বিভাগের সঙ্গে যুক্ত হওয়ার খবর শোনা গেলেও এখন তিনি সেই কাঠামোর অংশ নন। মাঠের বাইরে তাঁর এই নিরিবিলি জীবনই যেন এখন বেশি আলোচনায় আসছে।
লিওনেল মেসির সঙ্গে খেলেছিলেন হিগুয়েইন। রিয়াল মাদ্রিদ, নাপোলি, এসি মিলান, চেলসির মতো ক্লাবে খেলেছেনে এই স্ট্রাইকার। তবে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে সহজ গোল হাতছাড়ার পর ব্যাপক সমালোচনা শুনতে হয়, সেখান থেকেই তাঁর জীবনের দৃশ্যপট কিছুটা বদলে যায়। ২০২২ সালে ৩৪ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার থেকে বিদায় নেন হিগুয়েইন।

রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ। অনুশীলনের সময় চোটে পড়েছেন দলটির অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল। তাঁর ডান পায়ের হাড়ে ফাটল ধরা পড়েছে। ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ তারকা কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে রিয়াল নিশ্চিত করে কিছু জানায়নি।
ধারণা করা হচ্ছে, মৌসুমের শেষ ম্যাচে ২৫ মে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দলে ফিরবেন কারভাহাল। ফলে ১০ মে এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে লস ব্ল্যাঙ্কোসদের।
রিয়ালের সঙ্গে কারভাহালের চুক্তি শেষ হবে চলতি বছর জুনে। ক্লাবের সঙ্গে নতুন কোনো চুক্তিতে না পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার। সান্তিয়াগো বার্নাব্যুতে আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটিতে তাই কারভাহালকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হতে পারে।
গত দুই মৌসুম ধরে চোট কারভাহালকে বারবার পিছিয়ে দিয়েছে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড যোগ দেওয়ার পর থেকেই শুরুর একাদশে নিজের নিয়মিত জায়গা হারান।
কারভাহালের অনুপস্থিতিতে স্পেন দলে পেদ্রো পোরো ও মার্কোস ইয়োরেন্তের মতো খেলোয়াড়রা নিজেদের জায়গা পাকাপোক্ত করেছেন। ফলে সুস্থ হয়ে উঠলেও কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বকাপ দলে কারভাহালকে ডাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের বিশ্বকাপ মিশন শুরু হবে। সেই দলে অভিজ্ঞ এই ডিফেন্ডার জায়গা পান কি না, সেটাই এখন দেখার বিষয়।

ইন্টার মায়ামির হয়ে শততম ম্যাচে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। ম্যাচের ৩৩ মিনিটের মধ্যেই ৩-০ গোলের বড় লিড নিয়ে সমর্থকদের উৎসবের উপলক্ষও তৈরি করেছিল তারা। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি অরল্যান্ডো সিটি।
মেজর লিগ সকারে আজ ভোরে হওয়া ম্যাচে মায়ামিকে স্তব্ধ করে ৪-৩ ব্যবধানের জয় ছিনিয়ে নিয়েছে অরল্যান্ডো। এই হারের ফলে নিজেদের নতুন ভেন্যু নু স্টেডিয়ামে টানা চার ম্যাচ জয়হীন রইল মায়ামি।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইন্টার মায়ামির। মাত্র চার মিনিটের মাথায় ইয়ান ফ্রের গোলে এগিয়ে যায় তারা। এরপরই শুরু হয় মেসি ম্যাজিক। ২৫ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে দারুণভাবে এগিয়ে গিয়ে লুইস সুয়ারেজকে পাস দেন মেসি। সুয়ারেজ ফিরতি পাসে বক্সের ভেতর বল বাড়ান মেসিকে। আর্জেন্টাইন তারকার নিখুঁত পাসে ব্যবধান দ্বিগুণ করেন তেলাসকো সেগোভিয়া।
৩৩ মিনিটে এবার নিজেই গোলের খাতায় নাম লেখান মেসি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত বা পায়ের শটে ব্যবধান ৩-০ করেন। ইন্টার মায়ামির জার্সিতে এটি ছিল মেসির ৮৬তম গোল।
৩৯ মিনিটে অরল্যান্ডোর মার্তিন ওজেদা এক গোল শোধ করলে নাটকের শুরু হয়। ৬৮ মিনিটে ওজেদা নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-২। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ম্যাচে ৩-৩ সমতা ফেরান এই আর্জেন্টাইন। ইনজুরি টাইমে টাইরেস স্পাইসার জয়সূচক গোলটি করলে স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি।
এমএলএসের ইতিহাসে এটি মাত্র তৃতীয় ঘটনা যেখানে ৩-০ গোলে পিছিয়ে থেকেও কোনো দল ম্যাচ জিতল। এর আগে ২০১৭ সালে সিয়াটল সাউন্ডার্স এবং ২০১৮ সালে এলএ গ্যালাক্সি এই কীর্তি গড়েছিল। অথচ এই ম্যাচের আগে গত ১৫ ম্যাচের মাত্র দুটিতে জিতেছিল অরল্যান্ডো।
এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির টানা ১১ ম্যাচের অপরাজিত যাত্রাও থেমে গেল। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে ইন্টার মায়ামি। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ন্যাশভিল এসসি। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অরল্যান্ডো।
লা লিগায় শিরোপার আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা। শনিবার রাতে ওসাসুনাকে হারিয়ে টানা দশম জয় তুলে নিয়েছে কাতালানরা। আজ রিয়াল মাদ্রিদ পয়েন্ট খোয়ালেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে হান্সি ফ্লিকের দলের জয় ২-১ ব্যবধানে। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেল কাতালান ক্লাবটি।
আজ রাতে এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ যদি জয় না পায়, তবে মাঠের লড়াইয়ে না নেমেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। রিয়াল জিতলে আগামী ১০ মে ঘরের মাঠে এল ক্লাসিকোতে হার এড়ালেই শিরোপা ঘরে তুলবে কাতালানরা।
শনিবার রাতে পুরো ম্যাচ জুড়ে ওসাসুনার রক্ষণে বারবার হানা দিলেও গোলের দেখা পেতে বার্সাকে অপেক্ষা করতে হয় ৮১ মিনিট পর্যন্ত। মার্কাস রাশফোর্ড নিখুঁত এক ক্রস বাড়ান রবার্ট লেভানডফস্কির দিকে, জোরালো হেডে বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই পোলিশ স্ট্রাইকার।
পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। মাঝমাঠ থেকে ফারমিন লোপেজের পাস ধরে ওসাসুনা গোলকিপারকে পরাস্ত করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
৮৯ মিনিটে দুর্দান্ত হেডে ওসাসুনার রাউল গার্সিয়া একটি গোল শোধ করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। শেষ পর্যন্ত ২-১ গোলের ঘামঝরানো জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের দল।
৩৪ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৮৮, এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৪। লিগে আর মাত্র চারটি রাউন্ড বাকি। রিয়াল মাদ্রিদ তাদের হাতে থাকা সব ম্যাচ জিতলেও বার্সেলোনাকে ছোঁয়া এখন প্রায় অসম্ভব। রিয়ালের আজকের ফলাফলের ওপরই নির্ভর করছে বার্সার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষণ।