১২ জানুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম

“ফ্লোরেন্তিনো পেরেজের জন্য আমরা উপহার বাংলাদেশ থেকেই সঙ্গে করে নিয়ে এসেছিলাম, সেটা তাঁর হাতে পৌঁছে দিতে পেরে এখনও মনে হচ্ছে ঘোরেই আছি”, ফোনের অন্যপ্রান্তে জানাচ্ছিলেন রিয়াল মাদ্রিদ সমর্থক সিফাত জসীম। রিয়াল মাদ্রিদের আয়োজনে সমর্থকদের এক বিশেষ আয়োজনে বাংলাদেশের ৪ জন ছিলেন আমন্ত্রিত। পেনিয়া মাদ্রিদিস্তা বাংলাদেশ গ্রুপের প্রতিনিধিরা যেন স্বপ্নের মতোই দিনি কাটাচ্ছেন সৌদি আরবে।
সুপার কোপা এস্পানিয়া খেলতে সৌদি আরবে গেছে রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালে রিয়াল মায়োর্কাকে হারিয়ে উঠেছে ফাইনালে। সেখানে প্রতিপক্ষ বার্সেলোনা। দুইটি ম্যাচ দেখার জন্য রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের ওই সমর্থকেরা। ম্যাচের দিন সকালে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ বিশেষ আয়োজনে মুগ্ধতা আরও বেড়েছে সমর্থকদের।
বাংলাদেশসহ বিশ্বের আরও ২৩টি দেশের পেনিয়া-দের (রিয়াল মাদ্রিদ সমর্থকদের অফিসিয়াল গ্রুপ) নিয়ে রবিবার সকালে জেদ্দার একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে এই মিলনমেলা। সেখানেই প্রেসিডেন্ট পেরেজের কাছ থেকে বিশেষ একটি জার্সি উপহারও পেয়েছে পেনিয়া মাদ্রিদিস্তার বাংলাদেশের প্রতিনিধিরা।
রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্টের জন্যও ছিল উপহার। বাংলাদেশের পক্ষ থেকে রিয়াল মাদ্রিদের লোগো সম্বলিত একটি নকশীকাঁথা ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একটি জার্সি উপহার দেওয়া হয় পেরেজকে।
“রিয়ালের আমন্ত্রণে খেলা দেখতে যাওয়াই ছিল বিশেষ কিছু। তারওপর এমন আয়োজনের কথা যখন জানতে পারলাম, তখন আমরা বাংলাদেশ থেকেই পরিকল্পনা করে ফ্লোরেন্তিনো পেরেজের জন্য উপহার সঙ্গে করে নিয়ে গেছি। দারুণ খুশি লাগছে তাঁর হাতে এই উপহার তুলে দিতে পেরে। তিনি সাদরে সেসব গ্রহণ করেছেন, একইসঙ্গে বার্সেলনার বিপক্ষে ম্যাচের জন্য সমর্থন চেয়েছেন।“ -বাংলাদেশে পেনিয়াদের সমর্থকগোষ্ঠীর সেক্রেটারী সিফাত জানিয়েছেন টি স্পোর্টসকে।
আরেক রিয়াল ভক্ত নাজিম রাসেল বলছেন, এমন কিছু ঘটবে স্বপ্নেও ভাবেননি তিনি, “সত্যি বলতে গতরাতেও বিশ্বাস হচ্ছিল না এমন কিছু ঘটবে। ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে দেখা করতে পেরে অবিশ্বাস্য লাগছে। বাংলাদেশের রিয়াল মাদ্রিদের সমর্থকেরাও যে কত অন্তঃপ্রাণ সেটা সবাই বুঝতে পেরেছে।“
২০১১ সালে একদল রিয়াল মাদ্রিদ ভক্তরা নিজ উদ্যোগে শুরু করেছিলেন বাংলাদেশে পেনিয়াদের পথচলা। পরে ২০১৯ সালে গ্রুপটি রিয়াল মাদ্রিদের স্বীকৃতি অর্জন করে। বাংলাদেশে রিয়াল ছাড়াও বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বায়ার্ন মিউনিখের মতো ক্লাবগুলোর অফিসিয়াল গ্রুপ রয়েছে।
No posts available.
৪ মার্চ ২০২৬, ৯:০৮ পিএম

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জনের দল নিয়ে খেলল নিউক্যাসল ইউনাইটেড। জয়ের জন্য একের পর এক আক্রমণ শানালো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতি আক্রমণে উল্টো গোল হজম করে হারের মুখ দেখল রেড ডেভিলরা।
বুধবার রাতে সেন্ট জেমস পার্কে উত্তেজনা আর রোমাঞ্চ ছড়ানো ম্যাচে নিউক্যাসলের কাছে ১-২ গোলে হেরেছে ম্যান ইউনাইটেড। এই হারে কোচ হিসেবে মাইকেল ক্যারিকের টানা ৮ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল।
ম্যাচের প্রথমার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। বিরতির ঠিক আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের জ্যাকব র্যামসে। তবে ১০ জনের দলে পরিণত হয়েও দমে যায়নি স্বাগতিকরা।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে অ্যান্থনি গর্ডন পেনাল্টি থেকে গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন। সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি; তিন মিনিট পরই ব্রুনো ফের্নান্দেসের ফ্রি-কিক থেকে হেডে সমতা ফেরান কাসেমিরো।
দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেললেও নিউক্যাসলের রক্ষণভাগ ছিল অটুট। গোলকিপার অ্যারন র্যামসডেল কিছু দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন। লেনি ইয়োরো ও জশুয়া জির্কজির নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করে দেন তিনি।
৯০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কিরান ট্রিপিয়ারের পাস থেকে বল পেয়ে উইং দিয়ে ভেতরে ঢোকেন ২২ বছর বয়সী ডেনিশ স্ট্রাইকার উইল ওসুলা। টাইলার মালাসিয়াকে কাটিয়ে চমৎকার কোনাকুনি শটে গোলকিপার ল্যামেন্সকে পরাস্ত করেন তিনি। ৫২,১৮৪ জন দর্শকের সামনে বুনো উল্লাসে ফেটে পড়ে স্বাগতিকরা।
ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এটি নিউক্যাসলের টানা চতুর্থ জয়। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রইল ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নিউক্যাসল।

শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের অবনমন অঞ্চলের একধাপ ওপরে নটিংহাম ফরেস্ট। ঘরের মাঠ ইতিহাদে তাদের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করল পেপ গার্দিওলার দল।
বুধবার রাতে দুবার পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নটিংহাম ফরেস্ট। এই ড্রয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পড়েছে ম্যান সিটি। একই সময়ে অন্য ম্যাচে বুকায়ো সাকার একমাত্র গোলে ব্রাইটনকে ১-০ ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার দল। এ নিয়ে লিগে টানা তৃতীয় জয় তুলে নিলো গানাররা।
ইতিহাদে এদিন চোট কাটিয়ে নটিংহামের বিপক্ষে ফিরেছিলেন আর্লিং হলান্ড। তবে গোল পাননি তিনি। ৩১ মিনিটে অঁতোয়ান সেমেনিওর চমৎকার ভলিতে লিড নেয় ম্যান সিটি।
৫৬ মিনিটে ফরেস্ট অধিনায়ক মরগান গিবস-হোয়াইটের বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে সমতায় ফেরে সফরকারীরা। কিছুক্ষণ পরই সিটিকে পুনরায় লিড এনে দেন রদ্রি। কর্নার থেকে জালে বল জড়িয়ে স্কোরলাইন ২-১ করেন এই মিডফিল্ডার।
ম্যাচ শেষ হওয়ার ১৪ মিনিট আগে ২৫ গজ দূর থেকে বাঁকানো শটে গোল করে আকাশি-নীল সমর্থকদের স্তব্ধ করে দেন এলিওট অ্যান্ডারসন। শেষ পর্যন্ত ২-২ ব্যবধানের ড্র মেনে মাঠ ছাড়ে দুই দল।
২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ম্যানচেস্টার সিটি, এক ম্যাচ বেশি খেলা আর্সেনালের পয়েন্ট ৬৭। ২৯ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে নটিংহাম। গতরাতের এক পয়েন্টে গোল গড়ে অবনমন অঞ্চলের একধাপ উপরে উঠে আসলো ফরেস্ট।
আগামী শনিবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। একই দিনে এফএ কাপে ম্যানসফিল্ড টাউনকে মোকাবিলা করবে আর্সেনাল।

ম্যাচের ফল নিয়ে তখন আর কোনো সংশয় বাকি নেই। নিউ জিল্যান্ডের ৪৮ বলে প্রয়োজন মাত্র ২১ রান। উত্তেজনা যা একটু বাকি ছিল, ফিন অ্যালেনের ব্যাটিংয়ে। কারণ সেঞ্চুরি থেকে তখনও ২৪ রান দূরে দাঁড়িয়ে কিউই ওপেনার।
সেখান থেকে মার্কো ইয়ানসেনের পরপর পাঁচ বলে ৪, ৪, ৬, ৬ ও ৪ মেরে সেঞ্চুরিতে পৌঁছে গেলেন ২৬ বছর বয়সী ব্যাটার। একইসঙ্গে গড়লেন একাধিক বিশ্ব রেকর্ড। শুধু রেকর্ড গড়া নয়, রীতিমতো রেকর্ড বইয়ে ঝড়ই তুলেছেন অ্যালেন। তাই এটি তার কাছে জীবনের সেরা ইনিংসগুলোর একটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে অ্যালেনের তাণ্ডবের শিকার হয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের ১৬৯ রানের পুঁজি কোনো পাত্তাই না দিয়ে মাত্র ৩৩ বলে সেঞ্চুরি করেছেন অ্যালেন। তার খুনে ব্যাটিংয়ের সৌজন্যে ১২.৫ ওভারে জিতে গেছে নিউ জিল্যান্ড।
প্রায় দুই দশকের বিশ্বকাপ ইতিহাসে এটিই দ্রুততম সেঞ্চুরি। এর আগে রেকর্ডটি ছিল ক্রিস গেইলের, ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে। দ্য ইউনিভার্স বসের চেয়ে ১৪ বল কম খেলে এবার তিন অঙ্কের জাদুকরী স্পর্শ পেয়েছেন অ্যালেন।
সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেই এর চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু দুজন ব্যাটারের। তবে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে এটিই দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এছাড়া বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে বিশ্বকাপের নকআউটে সেঞ্চুরি করলেন অ্যালেন।
আর এই রেকর্ড গড়া ইনিংসের পথে ৮টি ছক্কা মেরে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ছক্কার মালিকও হয়েছে অ্যালেন। এখন পর্যন্ত চলতি বিশ্বকাপে তার ছক্কা ২০টি। এবারের টুর্নামেন্টেই ১৯টি ছক্কা মেরে রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ারের।
এমন এই ইনিংসের পর অনুমেয়ভাবেই ম্যাচ সেরার পুরস্কার জেতেন অ্যালেন। সেই স্বীকৃতি গ্রহণের পর তার কাছে জানতে চাওয়া হয়, এটিই জীবনের সেরা ইনিংস কিনা। সরাসরি 'হ্যাঁ' না বললেও, ইতিবাচক উত্তরই দেন কিউই ওপেনার।
“হ্যাঁ অবশ্যই! আমি বলব, এটি সেরা ইনিংসগুলোর মধ্যেই থাকবে। আমি শুধু ভালো অবস্থায় থেকে দলের জন্য ভালো একটা পারফরম্যান্স দিতে চাচ্ছিলাম।”
১৭০ রানের লক্ষ্যে কম যাননি অ্যালেনের উদ্বোধনী সঙ্গী টিম সেইফার্টও। ৭ চারের সঙ্গে ২ ছক্কায় ৩৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন সেইফার্ট। উদ্বোধনী জুটিতে মাত্র ৫৫ বলে ১১৭ রান করে ফেলেন অ্যালেন ও সেইফার্ট।
এমন বিধ্বংসী শুরুর পেছনে ভাবনা ও পরিকল্পনা জানতে চাইলে ব্যাখ্যা করেন অ্যালেন।
“আমরা শুরু থেকেই এগিয়ে থাকতে চেয়েছি, তাদের পেছনে ঠেলে দিতে চেয়েছি। যখন টিম (সেইফার্ট) ওমন ব্যাটিং করে, আমার জন্য সহজ হয়ে যায়। তখন আমি শুধু তাকিয়ে দেখতে পারি। পরে যখন আমার আয়ত্বে বল আসে, তখন মেরে বাকি সময় ওকে স্ট্রাইক ছেড়ে দিলেও হয়”
“আমার মতে, এটিই আমাদেরকে উড়ন্ত সূচনা এনে দিয়েছে। আমরা শুরুতেই ভালো একটা অবস্থানে যেতে চেয়েছি।”

২০২০ সালে গ্রিসের মাইকোনোসে মারামারির ঘটনার জেরে ১৫ মাসের স্থগিত সাজা পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার।
গ্রিক আদালত তাকে গুরুত্বহীন হামলা, গ্রেপ্তারে বাধা দেওয়া এবং ঘুষ দেওয়ার চেষ্টা—এই তিন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। তবে মামলার গ্রিক প্রসিকিউশন আইনজীবী বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতির অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন।
স্কাই স্পোর্টস নিউজ জানিয়েছে, বুধবারের শুনানিতে তিনজন পুলিশ সাক্ষীর মধ্যে মাত্র একজন আদালতে উপস্থিত ছিলেন। যদিও গ্রিসের আইনজীবীরা জানিয়েছেন, বাকি দুই কর্মকর্তা আগেই লিখিত জবানবন্দি জমা দিয়েছিলেন। তাই তাদের উপস্থিত থাকার প্রয়োজন ছিল না।
ম্যাগুইয়ার বরাবরই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। ইংলিশ ডিফেন্ডারের আইনজীবীরা এখন গ্রিসের সুপ্রিম কোর্টে আপিলের প্রস্তুতি নিচ্ছেন।
২০২০ সালের আগস্টে একটি বারের বাইরে মারামারির ঘটনায় ম্যাগুইয়ারকে গ্রেপ্তার করা হয়েছিল। একই বছর তাকে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা ও ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তবে আপিলের পর গ্রিসের আইন অনুযায়ী সেই রায় বাতিল হয়ে পুনর্বিচারের সুযোগ পান তিনি।
সর্বশেষ রায়ে তার সাজা আগের ২১ মাস থেকে কমিয়ে ১৫ মাস করা হয়েছে। আগের রায়ে যে জরিমানার বিধান ছিল, সেটিও এবার বাতিল করা হয়েছে। পুনর্বিচারটি চারবার স্থগিত হয়েছিল। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে শুনানি পেছানো হয়। কারণ আদালতের নথি ইংরেজিতে অনুবাদ করা হয়নি।
ম্যাগুইয়ার আদালতের বাইরে আর্থিক সমঝোতার একাধিক প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে নিজের নির্দোষ প্রমাণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। সর্বশেষ আইনি প্রক্রিয়ায় ম্যাগুইয়ার নিজে উপস্থিত ছিলেন না।

গত বছরের অক্টোবরে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ‘গে বয়’ বলে অভিহিত করায় ছয় ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার জ্যাক ফ্লেচার।
ইএফএল ট্রফিতে বারন্সলির বিপক্ষে ৫-২ ব্যবধানে হারে ইউনাইটেড অনূর্ধ্ব-২১ দল। ওই ম্যাচের ৬২তম মিনিটে রেড কার্ড দেখেন ফ্লেচার। তখন কী কারণে কার্ড দেওয়া হয় তা স্পষ্ট ছিল না। পরবর্তীতে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) নিশ্চিত করে, এক প্রতিপক্ষকে “গে বয়” বলে অভিহিত করেছেন ফ্লেচার। এ ঘটনায় দুঃখপ্রকাশ করায় মাত্র ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।
স্কটল্যান্ডের এই অ্যাটাকিং মিডফিল্ডার ফ্লেচার বলেছেন,
‘‘উত্তেজনার বশে আমি শব্দটি ব্যবহার করেছি। তার জন্য সত্যিই দুঃখিত। আমি বুঝতে পেরেছি এই ভাষায় ব্যবহার করা মোটেও উচিত হয়নি আমার।”
১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের দাবি,
“আমি কখনোই এই শব্দটি হোমোফোবিক অপমান হিসেবে ব্যবহার করার উদ্দেশ্য রাখিনি।”
নিষেধাজ্ঞার পাশাপাশি ফ্লেচারকে দেড় হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে এবং বাধ্যতামূলক শিক্ষামূলক প্রোগ্রামে অংশ নিতে বলা হয়েছে।