
ফিফা ফুটবল বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই যেন বাড়ছে আর্জেন্টিনার দুশ্চিন্তা। একের পর এক চোটে পড়ছেন ফুটবলাররা। যা হয়তো বড় ধাক্কা হয়ে আসতে পারে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময়।
আর্জেন্টিনার বাড়তে থাকা চোটের তালিকায় সবশেষ সংযোজন ক্রিশ্চিয়ান রোমেরো। তার আগে চোটে পড়েছেন লাউতারো মার্তিনেস, এমিলিয়ানো মার্তিনেস ও লিসান্দ্রো মার্তিনেস। সব মিলিয়ে ক্রমাগত নেতিবাচক খবরই যেন পাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে সান্ডারল্যান্ডের মুখোমুখি হয় রোমেরোর টটেনহ্যাম হটস্পার। ০-১ গোলে হেরে যাওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধে নিজ দলের গোলরক্ষকের সঙ্গে ধাক্কা লেগে হাঁটুতে গুরুতর ব্যথা পান রোমেরো।
পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার রক্ষণভাগের এই প্রাণভোমরা। তাৎক্ষণিকভাবে চোটের তীব্রতা বোঝা যায়নি। কিন্তু মাঠ ছাড়ার সময় রোমেরোর কান্নাভেজা চাহনিতে ইঙ্গিত ছিল, হয়তো বড় কোনো দুঃসংবাদ অপেক্ষা করছে তার ও আর্জেন্টিনার জন্য।
টটেনহ্যামের ম্যাচের আগের দিন নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হয় অ্যাস্টন ভিলা। ভিলার হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন এমিলিয়ানো মার্তিনেস। কিন্তু ওয়ার্ম-আপের সময় চোট পাওয়ায় আর মাঠে নামেননি আর্জেন্টাইন তারকা।
অন্য দিকে পেশির পুরোনো চোট আবার ফিরে এসেছে লাউতারো মার্তিনেসের। সম্প্রতি এই চোট থেকে সেরে উঠে মাঠে ফিরেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু পুরোনো চোটের পাশাপাশি আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তাও ফিরে এসেছে তার।
রোমেরো, এমিলিয়ানো ও লাউতারোর মতো লিসান্দ্রোর ক্ষেত্রে অবশ্য দুশ্চিন্তা অত বেশি নয়। প্রায় দুই মাস চোটের কারণে বাইরে থাকার পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে ফেরার কথা রয়েছে রক্ষণভাগের এই বড় ভরসার। তাকে নিয়ে ঝুঁকি নিতে চান ইউনাইটেড কোচ।
তবে আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তা এখনই শেষ হচ্ছে না। কারণ বিশ্বকাপের এখন আর দুই মাসও বাকি নেই। আগামী ১৬ জুন ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এর আগে আগামী ৩০ মে তারিখের মধ্যে ঘোষণা করতে হবে বিশ্বকাপ স্কোয়াড। তাই দ্রুত সময়ের মধ্যে সবাই সুস্থ হয়ে না ফিরলে, শিরোপা ধরে রাখা কঠিনই হতে পারে আর্জেন্টিনার জন্য।
No posts available.
১৪ এপ্রিল ২০২৬, ১০:১১ এম

চলতি মৌসুমে এখন পর্যন্ত লিভারপুলের গল্পটা হতাশার। লিগ কাপ, এফএ কাপ- দুটো থেকেই আগে ছিটকে গেছে দলটি। প্রিমিয়ার লিগেও তাদের অবস্থান পাঁচ নম্বরে। ফলে শিরোপার শেষ আশা এখন ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ।
তবে সেই পথটা সহজ নয়। কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগে পিএসজির মাঠে ২-০ ব্যবধানে হেরে এখন ছিটকে যাওয়ার শঙ্কায় অল রেডরা। সেদিন পারফরম্যান্সও ছিল না আশাব্যঞ্জক। তবে ম্যাচের চিত্র যাই হোক, স্কোরলাইনই বাস্তব- এমনটাই মনে করিয়ে দিলেন কোচ আর্নে স্লট।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পুরো মৌসুমে বড় ম্যাচগুলোতে দলের ভালো পারফরম্যান্সের উদাহরণ টেনে তিনি বলেন, দলটি বিশেষ কিছু করতে পারার সামর্থ্য রাখে। তবে চ্যালেঞ্জটা কতটা কঠিন, সেটাও পরিষ্কার করে দিয়েছেন ডাচ কোচ
“ম্যাচে আমাদের খেলা যেমনই লাগুক, স্কোরলাইন কিন্তু ২-০। এই ব্যবধান ঘোচানো সম্ভব। আমাদের খুব, খুব ভালো খেলতে হবে। আমরা ইউরোপের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলছি- কাজটা কঠিন, কিন্তু অসম্ভব নয়।”
প্রথম লেগে প্যারিসে লিভারপুল খেলেছিল কিছুটা রক্ষণাত্মক কৌশলে, পাঁচ ডিফেন্ডার নিয়ে। তবে অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে শুধু রক্ষণে গুটিয়ে থাকার পরিকল্পনা নেই বলেই জানালেন স্লট।
“যারা আমাকে চেনে, তারা জানেন, আমি কখনও ৯০ মিনিট লো ব্লকে খেলতে বলি না। বল কেড়ে নিতে হলে প্রেস করতে হবে, আর সেটা করাই সবচেয়ে কঠিন।”
চ্যাম্পিয়ন্স লিগে অ্যানফিল্ডের আবহ বরাবরই আলাদা। ২০১৯ সালে বার্সেলোনার বিপক্ষে ৩-০ পিছিয়ে থেকেও ৪-০ জয়ের স্মৃতি এখনও উজ্জ্বল। স্লট বিশ্বাস করেন, সেই গ্যালারির শক্তিই আবার পার্থক্য গড়ে দিতে পারে।
“আমাদের পারফরম্যান্স যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সমর্থকদের প্রভাবও বড় বিষয়। তারা আগেও এমন রাত দেখেছে, এবার আরও জোরে সমর্থন দরকার।”
দুই গোলের ব্যবধান, প্রতিপক্ষের শক্তি- সব মিলিয়ে কাজটা কঠিনই। তবে ইতিহাস আর অ্যানফিল্ড- এই দুইয়ের ওপর ভরসা রেখেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে লিভারপুল।

ব্রাজিলের সুপারস্টার নেইমার জুনিয়র এখনও সময় নিয়ে পুরোপুরি ফিট হয়ে সামনের ফিফা বিশ্বকাপে খেলতে পারবেন- এমনটাই বিশ্বাস জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির।
ফরাসি গণমাধ্যম লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারকে নিয়ে আশাবাদী মন্তব্য করেন বর্ষীয়ান এই কোচ।
“সে অবশ্যই শতভাগ ফিট হয়ে দলে ফিরতে সক্ষম। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) এবং আমি তাকে পর্যবেক্ষণে রেখেছি। বিশ্বকাপের আগে তার হাতে এখনও দুই মাস সময় আছে- নিজেকে প্রমাণ করার জন্য।”
২০১৩ সাল থেকে টানা ১০ বছর ব্রাজিল দলের নিয়মিত মুখ ছিলেন নেইমার। তবে ২০২৩ সালের পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি তিনি।
বাম হাঁটুর চোটে ভুগতে থাকা এই ফরোয়ার্ড গত ২২ ডিসেম্বর ছোট একটি অস্ত্রোপচার করান। এরপর এপ্রিলের আন্তর্জাতিক বিরতিতে পিআরপি চিকিৎসাও নিয়েছেন দ্রুত সুস্থ হয়ে ওঠার লক্ষ্যে।
নেইমারের ফেরার প্রক্রিয়ায় আশাবাদী আনচেলত্তি।
“চোটের পর নেইমার বেশ ভালোভাবে ফিরছে। গোলও করছে। তাকে এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং ফিটনেস আরও বাড়াতে হবে। সে সঠিক পথেই আছে।”
৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল)। সামনের বিশ্বকাপে খেলার ইচ্ছার কথাও তিনি আগে প্রকাশ করেছেন।
বর্তমানে তিনি সান্তোস এফসির অধিনায়ক হিসেবে ব্রাজিলের শীর্ষ লিগে খেলছেন। চলতি মৌসুমে পাঁচ ম্যাচে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন। সবশেষ ম্যাচে অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন তিনি।
অবশ্য সেটি চোটের কারণে নয়, বরং সতর্কতা হিসেবে জানিয়েছেন সান্তোস কোচ কুকা।
“প্রতিটি ম্যাচে নেইমার উন্নতি করছে। সে অনুশীলনে বাড়তি সময় দিচ্ছে, বলের সঙ্গে তার মুভমেন্ট আগের চেয়ে ভালো। তবে তাকে পুরো ৯০ মিনিট খেলানো এখনও ঝুঁকিপূর্ণ- ধীরে ধীরে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে।”
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বার্সেলোনা ও পিএসজির হয়ে দারুণ সময় কাটানোর পর চোটের কারণে ছন্দ হারান নেইমার। পরে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিলেও গুরুতর এসিএল ইনজুরিতে তার সময়টা ব্যাহত হয়।
এরপর ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন তিনি। সেখানেই চলছে তার জাতীয় দলে ফেরা ও বিশ্বকাপ খেলার আশা পূরণ করার লড়াই।
এই বিষয়ে আনচেলত্তি শেষ পর্যন্ত পরিষ্কার বার্তাই দিয়েছেন।
“আমি আগেও বলেছি, দলে ডাক পাবেন সেই খেলোয়াড়রাই, যারা শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত।”

বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ প্রকাশনা উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক ১৬৩তম সংস্করণ প্রকাশের আগে ঘোষণা করল বছরের লিডিং ক্রিকেটারদের নাম। সেখানে আলো ছড়ালেন অস্ট্রেলিয়ার গতিতারকা মিচেল স্টার্ক ও ভারতের অলরাউন্ডার দিপ্তি শর্মা।
২০২৫ সালের পারফরম্যান্সের ভিত্তিতে উইজডেনের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। অন্যদিকে ভারতের দিপ্তি শর্মা জিতেছেন বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার।
৩৬ বছর বয়সী স্টার্ক গত বছর ১১ টেস্টে মাত্র ১৭.৩২ গড়ে নেন ৫৫ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ৯ রানে ৬ উইকেট নেন তিনি। এরপর অ্যাশেজেও ধারাবাহিকতা ধরে রেখে প্রথম দুই টেস্টে ১৮টিসহ পুরো সিরিজে ৩১ উইকেট শিকার করেন অভিজ্ঞ পেসার।
আরও পড়ুন
| আড়াই বছর পর আবার মাঠে গড়াবে বিসিএল |
|
২৮ বছর বয়সী দিপ্তি ভারতের নারী বিশ্বকাপ জয়ে ছিলেন দলের সেরা পারফর্মার। ঘরের মাঠে অনুষ্ঠিত আসরে তিনি করে ২১৫ রান ও নেন ২২ উইকেট। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ রান করার পাশাপাশি ৫ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আনেন তিনি, যা ভারতকে প্রথম শিরোপা এনে দেয়।
উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন ভারতের শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, রিশাব পান্ত ও মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন হাসিব হামিদ। যিনি নটিংহ্যামশায়ারকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতাতে নেতৃত্ব দেন।
এই বর্ষসেরা পাঁচ ক্রিকেটারকে বেছে নেওয়া হয় মূলত, আগের মৌসুমে ইংল্যান্ডে হওয়া খেলাগুলোর মধ্যে আলো ছড়ানো পারফর্মারদের। আর পুরো ক্যারিয়ারে একজন ক্রিকেটার একবারই এই পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা পান।
এছাড়া এজবাস্টনে দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করে উইজডেন ট্রফি জিতেছেন ভারতের অধিনায়ক শুবমান গিল। আর অভিশেক শর্মা হয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। তিনি বছরে এক হাজারের বেশি রান করেছেন দুইশর বেশি স্ট্রাইক রেটে।

ইংলিশ প্রিমিয়ার লিগে নাটকীয় এক ম্যাচে বিতর্কের কেন্দ্রে লিসান্দ্রো মার্টিনেজ। ওল্ড ট্র্যাফোর্ডে লিডস ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে সরাসরি লাল কার্ড দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
রেফারির সেই সিদ্ধান্ত ঘিরে ক্ষোভে ফেটে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। তার মতে, সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি ছিল এটি। এই সিদ্ধান্তের কারণে এখন তিন ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হবে চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফেরা লিসান্দ্রোর।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ইউনাইটেড। প্রথমার্ধে নোয়া ওকাফোরের জোড়া গোলে এগিয়ে যায় লিডস।
দ্বিতীয়ার্ধের শুরুতে ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা। অফ দ্য বল পরিস্থিতিতে লিডসের স্ট্রাইকার ডমিনিক কালভার্ট-লুইনের চুল ধরে টানার অভিযোগ ওঠে লিসান্দ্রো মার্তিনেসের বিরুদ্ধে।
মাঠের রেফারি শুরুতে ঘটনাটি দেখতে পাননি। পরে ভিএআরের পরামর্শে রেফারি পল টিয়ার্নি মনিটরে গিয়ে ঘটনাটি দেখে সরাসরি লাল কার্ড দেখান তাকে। এতে তিন ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছেন লিসান্দ্রো মার্তিনেস।
আরও পড়ুন
| ঘরের মাঠে লিডসের কাছে হারল ম্যানচেস্টার ইউনাইটেড |
|
সিদ্ধান্তটি মেনে নিতে পারেননি ক্যারিক। ম্যাচ শেষে তাই ক্ষোভ উগড়ে দেন তিনি।
“এটা আমার দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্তগুলোর একটি। কালভার্ট-লুইন আগে মার্তিনেসের মুখে হাত দিয়েছেন। তারপরও মার্তিনেসই লাল কার্ড পেল- অবিশ্বাস্য। এটা টানাও না, ধাক্কাও না। সে শুধু স্পর্শ করেছে। অথচ ভিএআর দেখে এটাকে ‘স্পষ্ট ভুল’ বলে বদলানো হলো! শকিং।”
স্বাভাবিকভাবেই এই ঘটনায় কালভার্ট-লুইনের বক্তব্য আবার ভিন্ন।
“আমি চুলে টান অনুভব করেছি, রেফারিকে বলেছি। সিদ্ধান্ত নেওয়া তার কাজ। ইচ্ছাকৃত হোক বা না হোক, আমার কোনো ক্ষোভ নেই।”
তবে লিডস কোচ ড্যানিয়েল ফার্কে কোনো বিতর্কে যেতে চাননি।
“১১ বনাম ১১ খেলাই ভালো হতো। তবে শেষ পর্যন্ত আমরা জিতেছি- এটাই গুরুত্বপূর্ণ।”
ম্যাচের ফলাফলের চেয়েও বড় হয়ে উঠেছে এই লাল কার্ডের সিদ্ধান্ত। ক্যারিক অবশ্য আভাস দিয়েছেন, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে ইউনাইটেড। এরপর মার্তিনেসের নিষেধাজ্ঞা বদলানোর কোনো সুযোগ থাকে কিনা, সেটিই দেখার।

লম্বা বিরতির পর ফেরার ম্যাচে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের ঘরের মাঠে লিডস ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরে গেল ঐতিহ্যবাহী ক্লাবটি।
সোমবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এই জয়ে রেলিগেশন অঞ্চল থেকে নিজেদের কিছুটা নিরাপদে এখন লিডস। দলের জয়ে জোড়া গোল করেন নোয়া ওকাফোর। আর একটি গোল ফেরত দেন কাসেমিরো।
এই জয়ে ৩২ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এখন ১৫ নম্বরে লিডস। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলার চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তৃতীয় ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রায় তিন সপ্তাহ পর মাঠে ফেরার ম্যাচে তেমন দাপট দেখাতে পারেনি স্বাগতিক ক্লাবটি। ম্যাচের তাদের নিয়ন্ত্রণ ছিল ৫২ শতাংশ সময়। গোলের জন্য ১৬টি শট করে ৭টি তারা রাখে লক্ষ্য বরাবর। বিপরীতে ১৫ শটের ৫টি লক্ষ্যে রেখে জয় তুলে নেয় লিডস।
ম্যাচের পঞ্চম মিনিটে পেনাল্টি এরিয়ার কাছ থেকে নিচু শটে লিডসকে এগিয়ে দেন ওকাফর। ম্যাচের বয়স ৩০ মিনিট হওয়ার আগে আবার গোল করেন সুইস ফরোয়ার্ড।
দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার। দ্বিতীয়ার্ধে ফিরে ৫৬ মিনিটে আরও বাড়ে তাদের বিপদ। প্রতিপক্ষের স্ট্রাইক ডমিনিক কালভার্ট-লুইনের চুল টানায় লাল কার্ড দেখেন প্রায় দুই মাস পর চোট থেকে ফেরা লিসান্দ্রো মার্তিনেস।
এর ফলে সামনের তিন ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টাইন ডিফেন্ডার। ওই তিন ম্যাচে চেলসি, ব্রেন্টফোর্ড ও লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড।
পরে ১০ জনের দল নিয়েই লড়াইয়ের চেষ্টা করে মাইকের ক্যারিকের দল। ম্যাচের ৬৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের ক্রসে দারুণ হেড করে ব্যবধান কমান কাসেমিরো। কিন্তু এরপর আর সমতাসূচক গোলটি করতে পারেনি স্বাগতিকরা।