২২ বছরের শিরোপা খরা কাটানোর পথে আরও একধাপ এগিয়ে গেল আর্সেনাল। সোমবার রাতে ঘরের মাঠে বার্নলিকে হারিয়েছে গানার্সরা।
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জয় ১-০ ব্যবধানে। ম্যাচের জয়সূচক গোলটি করেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ।
এই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল মিকেল আরতেতার দল।
অবনমন নিশ্চিত হয়ে যাওয়া বার্নলি শুরু থেকেই কঠিন প্রতিরোধ গড়ে তোলে। ম্যাচের ৩৭ মিনিটে সেই ডেডলক ভাঙেন হাভার্টজ। বুকায়ো সাকার কর্নার কিক থেকে চমৎকার এক হেডে বল জালে জড়ান তিনি। চলতি মৌসুমে কর্নার থেকে এটি ছিল আর্সেনালের ১৮তম গোল।
দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর জন্য আক্রমণ বজায় রাখে আর্সেনাল। সেই সুযোগ ও এসেছিল গানারদের সামনে। মিডফিল্ডার এবারোচি ইজের শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে ব্যবধান ২-০ করার সুযোগ হাতছাড়া হয়। তবে রক্ষণভাগের দৃঢ়তায় পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে তারা।
এই জয়ের পর ৩৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট এখন ৮২। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। আজ মঙ্গলবার রাতে বোর্নমাউথের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল। এই ম্যাচে সিটিজেনরা যদি হেরে যায়, তবে কোনো সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হয়ে যাবে আর্সেনাল।
ম্যান সিটির ম্যাচের দিকে নজর থাকবে আর্সেনাল কোচেরও। ম্যাচ শেষে আরতেতা রসিকতা করে বলেন, ‘আজ আমি বোর্নমাউথের ইতিহাসের সবচেয়ে বড় ভক্ত বনে যাব। আমি টিভির সামনেই থাকব, তবে কতটা চাপ সহ্য করে ম্যাচটা দেখতে পারব তা জানি না।‘
যদি ম্যানচেস্টার সিটি আজ জিতে যায়, তবে প্রিমিয়ার লিগের শিরোপা ভাগ্য নির্ধারণ হবে আগামী রোববারের শেষ দিনে। সেক্ষেত্রে শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় পেলেই শিরোপা নিশ্চিত হবে গানারদের।
No posts available.
১৯ মে ২০২৬, ৪:৪০ পিএম

২০২৫-২৬ মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন পেপ গার্দিওলা। ক্লাবের সঙ্গে পারস্পরিক সম্মতির এই বিচ্ছেদের আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে ম্যানসিটি। ইতিহাদের ক্লাব ইতোমধ্যে নতুন ম্যানেজার হিসেবে এনজো মারেস্কার সঙ্গে কথা এগিয়ে রেখেছে।
গণমাধ্যমের দাবি, ম্যান সিটির পরবর্তী ম্যানেজার হতে যাচ্ছেন মারেস্কা। ইতালিয়ান কোচের সঙ্গে তিন বছরের চুক্তি সারতে যাচ্ছে সিটি। যদিও টানা ১০টি মৌসুম কাটানোর পর গার্দিওলার সম্ভাব্য বিদায়ের বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গার্দিওলার জায়গায় মারেস্কার স্থলাভিষিক্ত হওয়ার অর্থ—ম্যান সিটিতে এমন একজন কোচের আগমন ঘটছে, যিনি হয়তো ততটা হাই-প্রোফাইল বা বিশ্বখ্যাত নন। তবে ক্লাবের ফুটবল দর্শন ও রণকৌশল সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনা এবং এরপর চেলসির হয়ে কনফারেন্স লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতা মারেস্কা মূলত গার্দিওলারই অন্যতম শিষ্য।
মারেস্কা কোচ হিসেবে মূল দায়িত্ব নেওয়ার আগে ম্যান সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছিলেন। তিনি ঠিক মিকেল আরতেতার দেখানো পথই অনুসরণ করছেন। ইতিহাদ স্টেডিয়ামে সিটির কোচিং স্টাফ হিসেবে সফল সময় কাটানোর পর মিকেল আরতেতা এখন আর্সেনালকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগের সাফল্যের একদম দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।
দশ বছর আগে ম্যান সিটিতে আসার আগে গার্দিওলা বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে যে আকাশচুম্বী খ্যাতি ও এলিট লেভেলের সাফল্যের ট্র্যাক রেকর্ড নিয়ে এসেছিলেন, মারেস্কার ক্ষেত্রে তেমনটা থাকবে না। তাই তার এই নিয়োগে নিঃসন্দেহে কিছুটা ঝুঁকি থেকেই যাচ্ছে।
ফুটবল ইতিহাসের সবচেয়ে কঠিন এক লিগ্যাসি বা ঐতিহ্যকে টেনে নেওয়ার গুরুদায়িত্ব এখন মারেস্কার কাঁধে, যা ২০২৪ সালের জুনে স্ট্যামফোর্ড ব্রিজে মাউরিসিও পচেত্তিনোর স্থলাভিষিক্ত হওয়ার চেয়েও কঠিন। তাছাড়া মারেস্কা কিছুটা ক্ষ্যাপাটে স্বভাবেরও। যার প্রমাণ মেলে গত জানুয়ারিতে ক্লাবের নীতিনির্ধারকদের সাথে ঝামেলার পর চেলসি ছাড়ার ঘটনায়।
সীমাবদ্ধতা সত্ত্বেও চেলসিতে তার সময়টাকে সফল হিসেবেই ধরা হয়। তবে বল পজিশন বা বল দখলে রেখে খেলার যে কৌশল তিনি খাটাতেন, তা সব সময় চেলসি সমর্থকদের মন জয় করতে পারেনি। স্ট্যামফোর্ড ব্রিজে নিজের দায়িত্ব পালনকালে মারেস্কা চেলসির হয়ে মোট ৯২টি ম্যাচে কোচের ভূমিকা পালন করেছেন। যেখানে তিনি ক্লাবটিকে ইউয়েফা কনফারেন্স লিগ এবং গত গ্রীষ্মের ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা জিতিয়েছেন।

চলতি মৌসুম শেষেই নাপোলির দায়িত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন আন্তোনিও কন্তে। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতেই স্তাদিও দিয়েগো আরমান্দো ম্যারাডোনার ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ করতে যাচ্ছেন তিনি। সাবেক চেলসি ও জুভেন্টাস কোচের পরবর্তী লক্ষ্য ইতালি ফুটবল দল। ২০২৬ বিশ্বকাপে ইতালি কোয়ালিফাই করতে না পারায় আজ্জুরিদের পুনর্গঠনে দ্বিতীয়বারের মতো জাতীয় দলের ডাগআউটে বসতে চান কন্তে।
ইতালির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম লা গাজেত্তা দেললো স্পোর্ত ও কোরিয়েরে দেললো স্পোর্তের প্রতিবেদন, মৌসুম শেষেই নাপোলি ও কন্তের পথ আলাদা হয়ে যাচ্ছে। গত এপ্রিলের মাঝামাঝিতে ক্লাব সভাপতি অরেলিও দে লাউরেন্তিসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসাকে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলা নিশ্চিত করার পরও চুক্তি শেষ হওয়ার আগেই বিদায়ের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন কন্তে। নাপোলির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত।
চুক্তির দীর্ঘ সময় বাকি থাকলেও পর্দার আড়ালে ইতিমধ্যেই বিদায়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কন্তে যদি ক্লাব ছাড়েন, তবে তা কোনো প্রকার ক্ষতিপূরণ ছাড়াই পারস্পরিক সমঝোতার মাধ্যমে হবে। এর ফলে প্রিমিয়ার লিগ ও সিরি-আ জয়ী এই মাস্টারমাইন্ড কোনো আইনি বা আর্থিক জটিলতা ছাড়াই নাপোলি ছাড়তে পারবেন।
কন্তের বিদায়ের গুঞ্জনে নাপোলির পরবর্তী কোচ কে হচ্ছেন, তা নিয়ে ইতালিয়ান ফুটবলে আলোচনা জমে উঠেছে। এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মাউরিসিও সারি এবং মাসিমিলিয়ানো আলেগ্রি। তবে দুজনেই নিজ নিজ ক্লাবে কিছুটা টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন। এসি মিলানের ঊর্ধ্বতন কর্মকর্তা জ্লাতান ইব্রাহিমোভিচ ও প্রধান নির্বাহীর সঙ্গে দূরত্বের কারণে আলেগ্রির অবস্থান সেখানে নড়বড়ে। অন্যদিকে লাৎসিও সভাপতি ক্লাউদিও লতিতোর সঙ্গে বনিবনা হচ্ছে না সারির।
রোমা ডার্বিতে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সারি বলেন, ‘আগে শেষ ম্যাচটি খেলি। ক্লাব কর্তৃপক্ষ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আমাকে এখনো কিছু জানায়নি। এবারের মৌসুমের পরিস্থিতি আমার মোটেও ভালো লাগেনি, আমার কোনো কথাই শোনা হয়নি। আমি খুব একটা সুখী নই, হয়তো ক্লাবও আমার ওপর খুশি নয়। লিগ শেষ হোক, দেখি তারা কী বলে।’
আগামী ২২ জুন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচনের পর আবারও ইতালির দায়িত্ব নিতে মুখিয়ে আছেন আন্তোনিও কন্তে। এর আগে দলটির হয়ে ২৪ ম্যাচে ১৪টি জয় নিয়ে দারুণ এক রেকর্ড গড়েছিলেন তিনি। কন্তের এই আকস্মিক বিদায়ের সিদ্ধান্তের কারণে গ্রীষ্মকালীন দলবদলের আগে নাপোলি যেমন নতুন সংকটে পড়ল, তেমনি ইতালিয়ান ফুটবল দলও পেতে যাচ্ছে নতুন এক দিকনির্দেশনা।

জাতীয় দলে দীর্ঘ বিরতি, ফিটনেস বিতর্ক আর সান্তোসের সাম্প্রতিক ছন্দ—সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের ব্রাজিলের স্কোয়াডে নেইমারের থাকা না-থাকা নিয়ে জলঘোলা কম হয়নি। দীর্ঘ নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে যখন তাঁর নাম ঘোষণা করা হলো, সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি তখন ভালো করেই জানতেন অবধারিতভাবেই উঠবে একঝাঁক প্রশ্ন।
নেইমারকে রাখার সিদ্ধান্ত নিয়ে ওঠা সব সমালোচনার কড়া জবাব দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ কোচ আনচেলত্তি। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড নেইমারের দুর্দান্ত শারীরিক প্রত্যাবর্তন এবং দলে তাঁর মতো একজন অভিজ্ঞ তারকার উপস্থিতির প্রয়োজনীয়তাকে যেমন অকপটে স্বীকার করেছেন, ঠিক তেমনই আবার শুরুর একাদশে নেইমারের জায়গার ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে সাফ নিষেধ করে দিয়েছেন।
রিও ডি জেনিরোতে ব্রাজিলের অফিসিয়াল ২৬ সদস্যের দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি স্পষ্ট করে বলেন, ‘সে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং এই বিশ্বকাপেও সে দলের জন্য বড় ভূমিকা রাখবে। তবে স্কোয়াডের বাকি ২৫ জন খেলোয়াড়ের মতো একই নিয়ম ও বাধ্যবাধকতা তার জন্যও প্রযোজ্য হবে। সে মাঠে খেলতেও পারে, আবার নাও খেলতে পারে। এমনকি এমনও হতে পারে যে সে ম্যাচ শুরু করবে বেঞ্চে বসে এবং পরে বদলি হিসেবে মাঠে নামবে।’
নতুন পজিশন ও ড্রেসিংরুমের নেতৃত্ব
‘কার্লেত্তো’ (আনচেলত্তি) উল্লেখ করেছেন, সান্তোসের হয়ে সাম্প্রতিক ম্যাচগুলোতে নেইমার তাঁর চেনা ছন্দ এবং ধারাবাহিকতা বেশ ভালোভাবেই ফিরে পেয়েছেন। বিশ্বকাপের দিকে তাকিয়ে এই ইতালিয়ান বস ইঙ্গিত দিয়েছেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে এবার বার্সেলোনা ও পিএসজির এই সাবেক তারকাকে মাঠের একটু মাঝপ্রান্তে, অর্থাৎ 'সেন্ট্রাল অ্যাটাকিং' রোলে খেলানোর পরিকল্পনা করছেন।
কেবল ট্যাকটিক্যাল ফিটনেসই নয়, আনচেলত্তি বিশেষভাবে জোর দিয়েছেন নেইমারের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং ড্রেসিংরুমে তাঁর ইতিবাচক প্রভাবের ওপর। কোচ আরও যোগ করেন, ‘দলের সবাই তাকে ভীষণ ভালোবাসে। ড্রেসিংরুমের পরিবেশটা চমৎকার ও প্রাণবন্ত করে তুলতে সে দারুণ সাহায্য করতে পারে এবং প্রতিটি খেলোয়াড়ের ভেতর থেকে তাদের সেরা সংস্করণটা বের করে আনতে ভূমিকা রাখবে।’
এটি হতে যাচ্ছে নেইমারের ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ, আর স্কোয়াডে তাঁর এই অন্তর্ভুক্তি পুরো ফুটবল বিশ্বকেই বেশ বড় একটা ঝাঁকুনি দিয়েছে। কারণ, বছরখানেক আগে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে এ যাবৎ কখনোই এই ফরোয়ার্ডকে দলে ডাকেননি। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে সেলেসাওদের সেই চেনা 'হলুদ-সবুজ' জার্সিতে আর মাঠেই নামা হয়নি নেইমারের।
সেলেসাও শিবিরে নেই ‘ফ্রি পাস’
নেইমারকে নিয়ে চারদিকে যতই মাতামাতি হোক না কেন, মাঠে খেলার সময়ের (প্লেয়িং টাইম) ব্যাপারে স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছেন রিয়াল মাদ্রিদের সাবেক গুরু আনচেলত্তি।
বেশ কড়া সুরেই আনচেলত্তি সাফ জানিয়ে দেন, ‘আমি একদম পরিষ্কার, স্বচ্ছ এবং সততার সঙ্গে বলতে চাই: সে যদি মাঠে নামার যোগ্যতা প্রমাণ করতে পারে, তবেই খেলবে।’ কোচ অকপটে স্বীকার করেছেন যে, তাঁর মাথায় একটি আদর্শ ট্যাকটিক্যাল ছক থাকলেও, বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে প্রতিটি খেলোয়াড়ের শারীরিক কন্ডিশন অত্যন্ত কঠোরভাবে মূল্যায়ন করবেন তিনি।
দলের মানসিকতা স্পষ্ট করে আনচেলত্তি আরও যোগ করেন, ‘বাকি সবার মতো নেইমারের ভূমিকাও এক—দলের জয়ে অবদান রাখা। আমরা সব প্রত্যাশার বোঝা একা কোনো খেলোয়াড়ের কাঁধে চাপিয়ে দিতে পারি না। এই দলের সম্মিলিত শক্তিকে সম্পূর্ণভাবে উজার করে দিতে হবে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানোর জন্য। আমার দলে কোনো ‘সুপারস্টার’ চাই না; আমার এমন খেলোয়াড় চাই যারা দলকে ম্যাচ জেতাতে প্রতিশ্রুতিবদ্ধ।’
‘হেক্সা মিশনে’ বিশ্বকাপের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে খেলবে সেলেসাওরা। আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ‘গ্রুপ সি’তে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। এরপর ১৯ জুন ফিলাডেলফিয়াতে হাইতির মুখোমুখি হবে তারা, এবং সবশেষে ২৪ জুন মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে তাদের প্রথম পর্বের লড়াই।

চূড়ান্ত দল ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে, দলগুলোর কোচেরাও নিজেদের শেষ মুহূর্তের পরিকল্পনা সাজাতে ব্যস্ত সময় পার করছেন। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও ব্যতিক্রম নন। তবে শিরোপা ধরে রাখার অভিযানে এবার একটু ভিন্ন ও বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আলবিসেলেস্তেদের এই মাস্টারমাইন্ড।
ফিফার নিয়ম অনুযায়ী, চূড়ান্ত স্কোয়াডে সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় রাখা যাবে। তবে স্কালোনির পরিকল্পনা হলো, চূড়ান্ত তালিকা জমা দেওয়ার আগে তিনি ২৬ জনের অধিক ফুটবলারকে ডাকবেন। মে মাসের শেষ সপ্তাহে আর্জেন্টিনার এজেইজায় দলের একটি অংশকে নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হবে। তারপর পুরো দল চলে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রে মূল প্রস্তুতি ক্যাম্পে।
মূলত চোটের কবলে পড়ার পূর্ব অভিজ্ঞতা থেকেই স্কালোনি এই বাড়তি খেলোয়াড় ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কাতার বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে নিকো গনজালেস এবং জোয়াকিন কোরেয়া চোটের কারণে শেষ সময়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন। তখন ছুটি কাটিয়ে অবকাশ যাপনে থাকা আনহেল কোরেয়া এবং থিয়াগো আলমাদাকে জরুরি ভিত্তিতে দোহায় ডেকে পাঠাতে হয়েছিল। এবার আর সেই ঝুঁকির পুনরাবৃত্তি চান না আর্জেন্টাইন কোচ। ইতিপূর্বে বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে আর্জেন্টিনা দল।
আরও পড়ুন
| ‘যদি লাথি দিয়ে বের করে না দেয়, আমি ইন্টারেই থাকছি’ |
|
চূড়ান্ত দল ঘোষণার আগে স্কালোনির এই বাড়তি খেলোয়াড় ডাকার ভাবনায় কপাল খুলে যেতে পারে বেশ কয়েকজন নতুন বা অনূমিত ফুটবলারের। বিশেষ করে উইঙ্গার পজিশনে শক্তি বাড়াতে কোচ দুজনকে নিয়ে গুরুত্বের সঙ্গে ভাবছেন। তাঁরা হলেন এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং মাতিয়াস সোলে। ৫৫ জনের তালিকায় এই দুজনের নাম বেশ ভালোভাবেই রয়েছে।
ইউরোপা লিগের ফাইনালে ওঠা অ্যাস্টন ভিলার উইঙ্গার বুয়েন্দিয়া সবশেষ ২০১৫ সালের নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচে জাতীয় দলে ডাক পেয়েছিলেন। রোমার ফরোয়ার্ড সোলে এর আগে আর্জেন্টিনা দলের সঙ্গে থাকলেও জাতীয় দলের জার্সিতে এখনও তাঁর অভিষেক হয়নি। ফলে মূল স্কোয়াডে এদের অন্তর্ভুক্তি বড় চমক হিসেবেই দেখা হবে।
মূল মঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা দল। আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে হন্ডুরাসের। ৯ জুন আলাবামার জর্ডান হেয়ার স্টেডিয়ামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড।
আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ২০২৬ বিশ্বকাপের। আর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল।
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে। যেখানে লিওনেল মেসির দলের বাকি তিন প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা।

ক্লাব কর্তৃপক্ষ যদি জোর করে বের করে না দেয়, তবে সান সিরোতেই ক্যারিয়ারের ইতি টানতে চান লাউতারো মার্তিনেজ। ইতালিয়ান ক্লাবটির প্রতি নিজের এই চরম আনুগত্য প্রকাশ করে বার্সেলোনায় যোগ দেওয়ার সব গুঞ্জন এক ঝটকায় উড়িয়ে দিয়েছেন ইন্টার অধিনায়ক।
২০১৮ সালে রেসিং ক্লাব থেকে ইন্টারে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের প্রাণভোমরা পরিণত হয়েছেন ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ইতিমধ্যে নেরাজ্জুরিদের হয়ে খেলে ফেলেছেন সাড়ে তিনশরও বেশি ম্যাচ। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা তাঁকে দলে ভেড়াতে নতুন করে যোগাযোগ শুরু করলেও, আর্জেন্টিনার এই বিশ্বকাপ জয়ী তারকা স্পষ্ট করে দিয়েছেন, ইতালির এই ক্লাবটির সঙ্গে তার সম্পর্ক কতটা গভীর। শুধু তাই নয়, ফুটবল ছাড়ার পর মাঠের জীবনের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবেন না বলেও এক চমকপ্রদ তথ্য দিয়েছেন তিনি।
ইতালির শীর্ষস্থানীয় ক্রীড়া সাময়িকী লা গাজেত্তা দেললো স্পোর্তকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে লাউতারো বলেন, ‘কোনো সন্দেহ নেই, আমি এই ক্লাবেই অবসর নিতে চাই। আজকাল অন্য কোথাও নিজের ফুটবল খেলার কথা ভাবাই আমার জন্য কঠিন। ফুটবলে অবশ্য কখন কী হয় বলা যায় না, তবে তারা যদি আমাকে লাথি দিয়ে বের করে না দেয়, আমি এখানেই থাকছি।’
ফুটবল পরবর্তী জীবন নিয়ে এই স্ট্রাইকার আরও যোগ করেন, ‘অবসরের পর আমি আর ফুটবলের সঙ্গে থাকব না। এই পরিবেশটা আমার খুব একটা পছন্দ নয়। আমি একেবারে হারিয়ে যাব, কেউ আর আমার খোঁজ পাবে না।’
লাউতারোর এমন অনড় অবস্থানের কারণে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার তাঁকে দলে নেওয়ার আশা যেন শেষ হয়ে গেল। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন, বার্সেলোনা কোচ হানসি ফ্লিক হুলিয়ান আলভারেজকে না পেলে, বিকল্প হিসেবে লাউতারোকে দলে চেয়েছিলেন। এর আগেও ২০২০ সালে বার্সেলোনা তাঁকে বছরে ১২ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের লোভনীয় প্রস্তাব দিলেও আর্থিক জটিলতার কারণে সেই চুক্তি সম্ভব হয়নি। ২০২৪ সালের আগস্টে ইন্টারের সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করে সিরি আর সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার হয়েছেন তিনি। ফলে তাঁকে সান সিরো থেকে সরিয়ে নেওয়া বার্সেলোনার জন্য এমনিতেও অসম্ভব ছিল।
লাৎসিওর বিপক্ষে কোপা ইতালিয়ার ফাইনালে ২-০ গোলের জয়ে দারুণ একটি গোল করেছেন লাউতারো। করেছেন একটি অ্যাসিস্টও। আগামী শনিবার বোলোনিয়ার বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। চলতি মৌসুমে সিরি আয় শিরোপা জেতা ইন্টারের হয়ে ২৯ ম্যাচে ১৭টি গোল এবং ছয়টি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। ক্লাবের সঙ্গে ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি রয়েছে তাঁর।