
জার্মান ক্রীড়া সাময়িকী কিকারের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোর আগে সৌদি প্রো লিগের একাধিক ক্লাব হ্যারি কেইনকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে। ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে বায়ার্ন মিউনিখের চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। তবে প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই চুক্তিতে একটি রিলিজ ক্লজ অন্তর্ভুক্ত থাকতে পারে।
কিকার জানায়, সৌদি আরবের দুই শীর্ষ ক্লাব আল–আহলি ও আল–ইত্তিহাদ কেইনকে ট্রান্সফার টার্গেট হিসেবে বিবেচনা করছে। যদিও তাঁর চুক্তি আরও কয়েক বছরের। তবে রিলিজ ক্লজের ৭০ মিলিয়ন ইউরো খরচ করলে ইংলিশ স্ট্রাইকারকে ভিড়ানো সম্ভব।
প্রতিবেদন অনুযায়ী, কেইনের রিলিজ ক্লজটি জানুয়ারিতে নয় বরং ফেব্রুয়ারির শেষ পর্যন্ত কার্যকর থাকবে। তবে এই ধারা সক্রিয় করতে হলে আগে কেইনকে নিজেই বায়ার্ন কর্তৃপক্ষকে জানাতে হবে যে তিনি ক্লাব ছাড়তে চান।
প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাব কেইনের এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানা গেছে, যদিও সংশ্লিষ্ট ক্লাবগুলোর নাম প্রকাশ করা হয়নি। পাশাপাশি সৌদি ক্লাবগুলোও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে বর্তমানে মিউনিখে স্বাচ্ছন্দ্যেই আছেন কেইন। পরিবারসহ জার্মানিতে স্থায়ী হওয়ার পর মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর ব্যাপারে তিনি আদৌ আগ্রহী হবেন কি না, তা এখনো অনিশ্চিত।
২০২৬ বিশ্বকাপের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম ইংলিশ এই তারকার। সাবেক টটেনহ্যাম ফরোয়ার্ড স্পষ্ট করে জানিয়েছেন, ইংল্যান্ড দল উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে যাচ্ছে শিরোপা জয়ের উচ্চাকাঙ্ক্ষা নিয়েই।
কেইন বলেন, “আমার মনে হয়, এটি আমাদের সেরা সময়গুলোর একটি। শুরুর একাদশ হোক বা বেঞ্চ—দলের গভীরতা অসাধারণ। আমরা টুর্নামেন্টে ফেভারিট হিসেবেই যাব এবং সেটি মেনে নেওয়াটাই বাস্তবতা। নতুন কোচের সঙ্গে আমরা দারুণ একটি বছর কাটিয়েছি, আর এখন লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ।”
No posts available.

মিশরের বিপক্ষে স্পেনের প্রীতি ম্যাচে দর্শকদের ইসলামবিদ্বেষী স্লোগান তোলপাড় সৃষ্টি করেছে স্পেনের ফুটবলে। বর্ণবাদী এই ঘটনায় দেশটির ফুটবল সংশ্লিষ্ট ব্যাক্তি ছাড়াও রাষ্ট্রীয়ভাবে কড়া নিন্দা জানানো হয়েছে। পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। ইসলামবিদ্বেষী স্লোগানের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। এবার এ নিয়ে কড়া বার্তা দিলেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকও।
লা লিগায় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে ইয়ামালের সাহসিকতার প্রশংসা করেন ফ্লিক। আর যারা এই ধরনের স্লোগান দিয়েছে তাদের কঠোর সমালোচনাও করেছেন কাতলান ক্লাবটির কোচ,
‘আমি মনে করি লামিনে একটি অসাধারণ বিবৃতি দিয়েছে। ফুটবল মানেই সহবস্থান। কিছু মানুষ এটা বুঝতে পারছে না, এটা হতাশাজনক।’
ফ্লিক আরও বলেন,
‘এখন সময় এসেছে ভেবে দেখা এবং আমাদের জীবন ও ফুটবল থেকে আমরা কী চাই তা নির্ধারণ করার। আমরা বর্ণবাদ চাই না। আমরা সবাই চাই যে আমাদের সম্মান জানানো হোক—জাতি বা ধর্ম নির্বিশেষে। পরিবর্তনের সময় এসেছে।’
বার্সেলোনায় আরসিডিই স্টেডিয়ামে মুসলিমপ্রধান দেশ মিসর ও স্পেনের মধ্যকার ম্যাচের প্রথমার্ধে গ্যালারি থেকে মুসলিমবিরোধী স্লোগান শোনা যায়। স্লোগানগুলো সরাসরি ইয়ামালকে লক্ষ্য করে না হলেও তিনি বিষয়টিকে ব্যক্তিগতভাবেই নেন।
ইয়ামাল তাঁর পোস্টে লেখেন,
‘আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে “তুমি যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম”—এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল। আমি জানি, এগুলো প্রতিপক্ষকে লক্ষ্য করে বলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমাকে নয়। তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানান। তিনি লেখেন,
‘মুষ্টিমেয় অসভ্য লোকের আচরণে স্পেনকে আমরা কলঙ্কিত হতে দিতে পারি না। স্পেন একটি বহুত্ববাদী ও সহনশীল দেশ।’
ইসলামবিদ্বেষী স্লোগানের স্পেনের তদন্তের পাশপাশি ফিফাও বিষয়টি খতিয়ে দেখছে। ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি ম্যাচের বিভিন্ন প্রতিবেদন বিশ্লেষণ করবে। ফলে স্পেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে।

দীর্ঘ ৯ বছরের সম্পর্কের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মোহামেদ সালাহকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন লিভারপুলের কোচ আর্নে স্লট। বিদায়ী মৌসুমে ক্লাবকে আরও দুইটি শিরোপা জিতিয়ে ক্লাব ছাড়বেন সালাহ- এটাই প্রত্যাশা স্লটের।
শনিবার বিকেলে এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচের আগে উঠে আসে সালাহর বিদায়ের প্রসঙ্গও। তখন মিশরিয়ান কিংবদন্তিকে নিয়ে উচ্চকিত মন্তব্যই করেন লিভারপুল কোচ।
“এই ক্লাবের জন্য সালাহ যা করেছেন, তা অবিশ্বাস্য। এত বছর ধরে প্রতি তিন দিন পরপর মাঠে নেমে গোল করা, অ্যাসিস্ট করা- তার প্রভাব ছিল অসাধারণ। আমি শুধু আশা করি, মৌসুম শেষে বিদায়ের আগে সে আরও দুইটি ট্রফি জিতবে।”
গত সপ্তাহেই ঘোষণা দিয়েছেন, চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন সালাহ। ২০১৭ সালে ক্লাবে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ২৫৫ গোল করেছেন এই মিশরীয় ফরোয়ার্ড।
লিভারপুলের দুটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, দুটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায় তিনি রেখেছেন বড় অবদান।
এবার এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে ম্যান সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন সালাহ- এটাই আশা স্লটের।
প্রিমিয়ার লিগে লিভারপুল বর্তমানে পঞ্চম স্থানে, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ২১ পয়েন্ট পিছিয়ে। তবে ইউরোপে এখনও আশা বেঁচে আছে। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা। আগামী বুধবার প্যারিসে পিএসজির বিপক্ষে কঠিন লড়াই অপেক্ষা করছে স্লটের দলের সামনে।

গুরুত্বপূর্ণ সময়ে মৌসুমে নিজেদের সেরা ফুটবলারকে নিয়ে অনিশ্চিয়তায় বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে হ্যারি কেইনকে পাওয়া নিয়ে শঙ্কায় আছে বাভারিয়ানরা।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার রিয়ালের মুখোমুখি হবে বায়ার্ন। স্প্যানিশ জায়ান্টদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে কেইনের খেলতে পারা নিয়ে সন্দিহান বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। গোড়ালির চোটে পড়ে মাঠের বাইরে আছে ইংলিশ অধিনায়ক।
উরুগুয়ের বিপক্ষে ইংল্যান্ডের ১-১ ড্র ম্যাচে বিশ্রামে ছিলেন ৩২ বছর বয়সী কেইন। পরে অনুশীলনে চোট পাওয়ায় জাপানের বিপক্ষে ১-০ গোলে যাওয়া ম্যাচেও খেলেননি বায়ার্নের ইংলিশ ফরোয়ার্ড।
বুন্দেসলিগায় ফ্রেইবুর্গের বিপক্ষে ম্যাচের আগে বায়ার্ন কোচ কোম্পানি জানিয়েছেন,
‘জাতীয় দলে অনুশীলনের সময় গোড়ালিতে ব্যথা অনুভব করেন কেইন। ফলে লিগের এই ম্যাচে তাঁর থাকার সম্ভাবনা নেই বললেই চলে।’
কেইনের চোটের পরিস্থিতি যে খুব একটা ভালো না—সেটা স্বীকার করেও অবশ্য আশার আলো দেখছেন বায়ার্ন কোচ। কোম্পানির বিশ্বাস, চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে ফিরতে পারবেন কেইন।
আন্তর্জাতিক বিরতিতে কেইনের চোট নিয়ে ইংল্যান্ড কোচ থমাস টুখেল জানিয়েছিলেন, ‘প্রায় হঠাৎ করেই ছোট একটি চোট পায় সে।’ অনুশীলনের মাত্র ১৫ মিনিট পরই মাঠ ছাড়তে হয় তাকে। টুখেল সাফ জানিয়ে দেন, ওই ম্যাচে খেলার ‘কোনো সম্ভাবনাই ছিল না।’
চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন কেইন। বুন্দেসলিগায় ২৬ ম্যাচে করেছেন ৩১ গোল, আর চ্যাম্পিয়নস লিগে ৯ ম্যাচে তার গোল সংখ্যা ১০।

আন্তর্জাতিক সূচির বিরতিতে যাওয়ার আগে আর্সেনালকে হারিয়ে লিগ কাপের শিরোপা জিতেছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এবার বিরতি থেকে ফিরে লিভারপুলকে হারিয়ে এফএ কাপের দারুণ এক রেকর্ড গড়তে চান সাফল্যরাঙা এই কোচ।
নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে এফএ কাপ কোয়ার্টার-ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে ম্যান সিটি। এই ম্যাচ জিতলে টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেরা চারে উঠবে তারা।
টুর্নামেন্টের দীর্ঘ ইতিহাসে আর কোনো দল টানা ৮ মৌসুমে সেমি-ফাইনালে উঠতে পারেনি। এবার সেই কীর্তিই গড়তে চান গার্দিওলা। ফাইনালের আগের দিন সংবাদমাধ্যমে সেই দৃঢ় প্রত্যয়ই জানালেন ম্যান সিটি কোচ।
“আপনি একটি (লিগ কাপ) শেষ করার পর সবসময় পরবর্তী চিন্তা করবেন। কাল আমাদের সামনে এক দুর্দান্ত মাইলফলক অর্জনের সুযোগ। টানা ৮টি সেমি-ফাইনাল আগে কখনও হয়নি। এটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং শক্ত ও আমাদের জন্য বিশেষ প্রতিপক্ষ (লিভারপুল) অপেক্ষা করছে।”
২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ম্যান সিটিকে একের পর এক সাফল্যে ভাসিয়েছেন গার্দিওলা। তার কোচিংয়ে এখন পর্যন্ত ৬টি প্রিমিয়ার লিগ, ২টি এফএ কাপ ও ৫টি লিগ কাপ শিরোপা জিতেছে সিটিজেনরা।
তবে ক্যারিয়ারজুড়ে গার্দিওলার জন্য এক কাঁটার নাম লিভারপুল। সব দল মিলিয়ে এখন পর্যন্ত ২৬ বার লিভারপুলের মুখোমুখি হয়েছে ৯ ম্যাচ জিতেছেন গার্দিওলা, ড্র হয়েছে ৭টি আর হেরে গেছেন বাকি ১০ ম্যাচে।
চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে অবশ্য দুই ম্যাচেই লিভারপুলকে হারিয়েছে ম্যান সিটি। তবে এই দলের বিপক্ষে খেলার আগে বাড়তি সতর্কতার কথাই বললেন গার্দিওলা।
“প্রায় সময়ই তারা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়েছে, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, সব বড় দাবিদার। সেরা মানের সব ফুটবলার ওই দলে, সবাই। আশা করি, আর্সেনালের বিপক্ষে যেমন খেলেছি, ওই পর্যায়ে খেলতে পারব এবং পরের ধাপে যাব।”

খানিক পর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এই ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি ডেকলান সুলিভানের। তবে একাদশে আছেন তাঁর ভাই রোনান সুলিভান।
মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে আজ রাত ৯টায় (বাংলাদেশ সময়)। সরাসরি দেখাবে স্পোর্টজওয়ার্কসের ইউটিউব চ্যানেল।
এর আগে প্রতি ম্যাচেই খেলেছেন রোনান। আসরে উদ্বোধনী ম্যাচে তাঁর জোড়া গোলেই পাকিস্তানকে হারায় বাংলাদেশ। 'বি' গ্রুপ থেকে পরের ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা ম্যাচেও রিয়াদকে অ্যাসিস্ট করেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে খেলা রোনান।
তবে সুযোগ হচ্ছিল না ডেকলানের। অবশেষে নেপালের বিপক্ষে সেমিফাইনালের ৮৭তম মিনিটে বদলি হিসেবে তাঁকে মাঠে নামান কোচ মার্ক কক্স। ওইটুকু সময়ের মধ্যে দুটি গোলের সুযোগ তৈরি করেন ডেকলান। এরপর তাঁর আগের ম্যাচগুলোতে সুযোগ না পাওয়াতে সমালোচনা শুরু হয় সামাজিকমাধ্যমে।
সেমিফাইনালে ১-০ গোলে জেতা ম্যাচের অল্প সময় সুযোগ পাওয়ার পর বল পায়ে ঝলক দেখান ডেকলান। পরের ম্যাচে আজ তাঁর না থাকাটা বিস্ময়ই বটে।
একটি পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজের ছেলেরা। সানিদাসের পরিবর্তে সুযোগ পেয়েছেন আব্দুল রিয়াদ ফাহিম।
বাংলাদেশ একাদশ: ইসমাইল হোসেন মাহিন (গোলরক্ষক), মিঠু চৌধুরী (অধিনায়ক), কামাল মৃধা, চন্দন রায়, মোহাম্মদ মানিক, নাজমুল হুদা ফয়সাল, মুরশেদ আলী, রোনান সুলিভান, শেখ সংগ্রাম, আব্দুল রিয়াদ ফাহিম ও ইউসুফ আলী।