
ঘরের মাঠের লিভারপুলের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যানচেস্টার সিটি। আক্রমণ, প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে প্রথমার্ধের ১০ শটের তিনটি অন টার্গেটে রেখেও গোল আদায় করতে পারেনি আকাশি-নীলরা। দ্বিতীয়ার্ধের খেলায় এগিয়ে যায় লিভারপুল। লিডও নেয় তারা। কিন্তু শেষ দিকের রোমাঞ্চে পিছিয়ে পড়েও দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল।
প্রিমিয়ার লিগে এ সপ্তাহের শেষ খেলায় রোববার রাতে অ্যানফিল্ডে আতিথেয়তা নেয় ম্যান সিটি। যেখানে ২-১ গোলে ম্যাচ জেতে অতিথিরা। লিভারপুলের ডোমিনিক সোবোজলাইয়ের গোলের পর ম্যান সিটির হয়ে সমতায় ফেরানো গোল করেন বের্নার্দো সিলভা। আর শেষ মুহূর্তে আর্লিং হলান্ডের পেনাল্টি গোলে জয় পায় গার্দিওলার দল।
এই জয়ে শিরোপা রেসে দারুণভাবে টিকে রইলো ম্যানচেস্টার সিটি। ২৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫০। টেবিলের দুইয়ে অবস্থান করছে তারা। যেখানে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান এখনো ছয়। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে তালিকার ছয়ে অবস্থান করছে আর্নে স্লটের দল।
এদিন দ্বিতীয় মিনিটেই ভালো সুযোগ পেয়েছিলেন হলান্ড। বের্নার্দো সিলভার স্লাইডে বক্সে বিপদজনক জায়গায় বল পেয়ে যান ম্যান সিটি স্ট্রাইকার। তবে লিভারপুল গোলকিপার অ্যালিসন বেকার কিছুটা উপরে উঠে এসে শট নেওয়ার আগেই বিপদমুক্ত করেন।
১৪ মিনিটে প্রতিপক্ষের বক্সের সামনে রদ্রির শট হলান্ডের শরীরে লেগে বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। লিভারপুলের রক্ষণে চাপ ধরে রাখে অতিথিরা। ২২ মিনিটে ওমর মারমুশের শট লক্ষ্যে থাকেনি। খানিক পর ম্যানসিটির বক্সে ভালো জায়গায় বল পেয়েও প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড়দের বাধার মুখে জোরালো শট নিতে পারেননি মোহাম্মদ সালাহ।
৩১ মিনিটে নিজেদের অর্ধ থেকে দারুণ পাসে ম্যান সিটির রক্ষণ গলে বল বের করেন ফ্লোরিয়ান রিটজ। একিতিকে সেই বলের লাইনে দৌড়ালেও পেছন থেকে শেষ মুহূর্তে তাঁকে আটকে রাখেন মার্ক গিউয়েহি। তিন মিনিট পর অ্যালিসনের শরীর বরাবর শট নেন হলান্ড। শেষ পর্যন্ত গোলশূন্য বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ম্যান সিটির রক্ষণে চাপ বাড়ায় লিভারপুল। গোলের জন্য মরিয়া অল রেডরা এই অর্ধের প্রথম ১০ মিনিটে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে রাখে। ৫২ মিনিটে সোবোজলাইয়ের নিচু শট সহজেই তালুবন্দি করেন সিটি গোলকিপার। পরের মিনিটে মধ্য মাঠে রদ্রির কাছ থেকে বল আদায় করে বক্সে রিটজকে দেন সালাহ। ছোট পাসে বক্সের বা পাশের কোনা থেকে পোস্টে শট নেন সোবোজলাই। পোস্টের অন্য পাশে থাকা দোন্নারুমার তাকিয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না। যদিও বল যায় বারের সামান্য উপর দিয়ে।
৫৬ মিনিটে সিমিয়নের শট ছিল অ্যালিসনের শরীর বরাবরা। প্রতি আক্রমণে ওঠেন সালাহ। বক্সে ঢুকে ক্রস দেন একিতিকের কাছে। কিন্তু ফ্রান্স ফরোয়ার্ডের হেডে বল বেরিয়ে যায় দূরের পোস্ট ঘেঁষে।
জোড়া পরিবর্তনে আক্রমণের গোলার মুখে ঘুরে দাঁড়ায় ম্যান সিটি। তবে ৭৪ মিনিটে লিভারপুলের হয়ে ম্যাচের ডেডলক ভাঙেন দারুণ ছন্দে থাকা সোবোজলাই। প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি কিক পেয়ে রকেট গতির শটে লক্ষ্যভেদ করেন হাঙ্গেরিয়ান তারকা। নির্ধারিত সময়ের খেলা ১৬ মিনিট বাকি থাকতে ১-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।
পিছিয়ে পরার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ম্যান সিটি। গোল হজমের ১০ মিনিট পর ম্যাচেও ফেরে অতিথিরা। শেরকির কাছ থেকে বল পেয়ে ফ্লিক করেন হলান্ড। গোলমুখের সামনে কোনো ভুল করেননি সিলভা। ম্যাচে তখন ১-১ গোলে সমতা।
এরপর যোগ করা সময়ের তিন মিনিটের মাথায় হলান্ডের পেনাল্টি গোলে লিড নেয় সিটিজেনরা। বাইলাইনের কাছে ম্যাথিউস নুনেসকে লিভারপুল গোলকিপার অ্যালিসন ধাক্কা দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে লিভারপুলের কাছ থেকে তিন পয়েন্ট ছিনিয়ে আনেন হলান্ড।
গত নভেম্বরে লিগে এই দলের প্রথম দেখায় ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলে জয় পেয়েছিল ম্যানচেস্টার সিটি।
No posts available.
৩ এপ্রিল ২০২৬, ৬:১৯ পিএম

আন্তর্জাতিক সূচির বিরতিতে যাওয়ার আগে আর্সেনালকে হারিয়ে লিগ কাপের শিরোপা জিতেছিল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। এবার বিরতি থেকে ফিরে লিভারপুলকে হারিয়ে এফএ কাপের দারুণ এক রেকর্ড গড়তে চান সাফল্যরাঙা এই কোচ।
নিজেদের ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে এফএ কাপ কোয়ার্টার-ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে ম্যান সিটি। এই ম্যাচ জিতলে টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেরা চারে উঠবে তারা।
টুর্নামেন্টের দীর্ঘ ইতিহাসে আর কোনো দল টানা ৮ মৌসুমে সেমি-ফাইনালে উঠতে পারেনি। এবার সেই কীর্তিই গড়তে চান গার্দিওলা। ফাইনালের আগের দিন সংবাদমাধ্যমে সেই দৃঢ় প্রত্যয়ই জানালেন ম্যান সিটি কোচ।
“আপনি একটি (লিগ কাপ) শেষ করার পর সবসময় পরবর্তী চিন্তা করবেন। কাল আমাদের সামনে এক দুর্দান্ত মাইলফলক অর্জনের সুযোগ। টানা ৮টি সেমি-ফাইনাল আগে কখনও হয়নি। এটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট এবং শক্ত ও আমাদের জন্য বিশেষ প্রতিপক্ষ (লিভারপুল) অপেক্ষা করছে।”
২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ম্যান সিটিকে একের পর এক সাফল্যে ভাসিয়েছেন গার্দিওলা। তার কোচিংয়ে এখন পর্যন্ত ৬টি প্রিমিয়ার লিগ, ২টি এফএ কাপ ও ৫টি লিগ কাপ শিরোপা জিতেছে সিটিজেনরা।
তবে ক্যারিয়ারজুড়ে গার্দিওলার জন্য এক কাঁটার নাম লিভারপুল। সব দল মিলিয়ে এখন পর্যন্ত ২৬ বার লিভারপুলের মুখোমুখি হয়েছে ৯ ম্যাচ জিতেছেন গার্দিওলা, ড্র হয়েছে ৭টি আর হেরে গেছেন বাকি ১০ ম্যাচে।
চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে অবশ্য দুই ম্যাচেই লিভারপুলকে হারিয়েছে ম্যান সিটি। তবে এই দলের বিপক্ষে খেলার আগে বাড়তি সতর্কতার কথাই বললেন গার্দিওলা।
“প্রায় সময়ই তারা আমাদের প্রতিদ্বন্দ্বী হয়েছে, সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, সব বড় দাবিদার। সেরা মানের সব ফুটবলার ওই দলে, সবাই। আশা করি, আর্সেনালের বিপক্ষে যেমন খেলেছি, ওই পর্যায়ে খেলতে পারব এবং পরের ধাপে যাব।”

খানিক পর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে এই ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি ডেকলান সুলিভানের। তবে একাদশে আছেন তাঁর ভাই রোনান সুলিভান।
মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে আজ রাত ৯টায় (বাংলাদেশ সময়)। সরাসরি দেখাবে স্পোর্টজওয়ার্কসের ইউটিউব চ্যানেল।
এর আগে প্রতি ম্যাচেই খেলেছেন রোনান। আসরে উদ্বোধনী ম্যাচে তাঁর জোড়া গোলেই পাকিস্তানকে হারায় বাংলাদেশ। 'বি' গ্রুপ থেকে পরের ম্যাচে ভারতের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করা ম্যাচেও রিয়াদকে অ্যাসিস্ট করেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে খেলা রোনান।
তবে সুযোগ হচ্ছিল না ডেকলানের। অবশেষে নেপালের বিপক্ষে সেমিফাইনালের ৮৭তম মিনিটে বদলি হিসেবে তাঁকে মাঠে নামান কোচ মার্ক কক্স। ওইটুকু সময়ের মধ্যে দুটি গোলের সুযোগ তৈরি করেন ডেকলান। এরপর তাঁর আগের ম্যাচগুলোতে সুযোগ না পাওয়াতে সমালোচনা শুরু হয় সামাজিকমাধ্যমে।
সেমিফাইনালে ১-০ গোলে জেতা ম্যাচের অল্প সময় সুযোগ পাওয়ার পর বল পায়ে ঝলক দেখান ডেকলান। পরের ম্যাচে আজ তাঁর না থাকাটা বিস্ময়ই বটে।
একটি পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামছে লাল সবুজের ছেলেরা। সানিদাসের পরিবর্তে সুযোগ পেয়েছেন আব্দুল রিয়াদ ফাহিম।
বাংলাদেশ একাদশ: ইসমাইল হোসেন মাহিন (গোলরক্ষক), মিঠু চৌধুরী (অধিনায়ক), কামাল মৃধা, চন্দন রায়, মোহাম্মদ মানিক, নাজমুল হুদা ফয়সাল, মুরশেদ আলী, রোনান সুলিভান, শেখ সংগ্রাম, আব্দুল রিয়াদ ফাহিম ও ইউসুফ আলী।

বিশ্বকাপ ‘ট্র্যাজেডির’ পর ইতালির ফুটবলে রীতিমতো পদত্যাগের ধুম পড়ছে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের একের পর এক সরে দাড়ানোর ঘোষণার পর বিদায় বললেন কোচ জেনেরো গাত্তুসোও। বিশ্বকাপের প্লে অফের ফাইনালে হারের পর ‘আজ্জুরিদের’ কোচের বিদায় অনেকটা সময়ের ব্যাপারই ছিল। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে পদত্যাগ করেন গাত্তুসো।
গাট্তুসোর পদত্যাগের ঘোষণা আসে ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলে গ্রাভিনার পদত্যাগের একদিন পরে। জাতীয় দলের প্রতিনিধি প্রধান জিয়ানলুইজি বুফনও তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে গাত্তুসো এক বিবৃতিতে বলেন,
‘আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হওয়ার পর, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, জাতীয় দলে আমার দায়িত্ব শেষ বলে মনে করছি।’
তিনি আরও যোগ করেন,
‘আজ্জুরির' জার্সি ফুটবলের সবচেয়ে মূল্যবান সম্পদ, তাই ভবিষ্যতের প্রযুক্তিগত মূল্যায়নকে অবিলম্বে সহজলভ্য করা উচিত। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া এবং এমন এক দলের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া, যারা জার্সির প্রতি দায়বদ্ধতা ও আনুগত্য দেখিয়েছে, আমার জন্য সত্যিই সম্মানের বিষয় ছিল।’
এফআইজিসি গাত্তুসোর অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে ইতালি ফেডারেশন বলেছে,
‘ইতালীয় ফুটবল ফেডারেশন এবং জেনেরো ইভান গাত্তুসো পারস্পরিক সম্মতিতে চুক্তি শেষ করেছে, যা ক্যালাব্রিয়ান কোচকে ইতালির জাতীয় ফুটবল দলের নেতৃত্বে আবদ্ধ করেছিল।’
গাত্তুসো এবং তার পুরো স্টাফকে গত নয় মাসে তাদের পেশাদারি, নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য ধন্যবাদ জানিয়েছে এফআইজিসি। পাশাপাশি ফেডারেশন তাদের ভবিষ্যত ক্যারিয়ারে সফলতা কামনা করেছে।
কোচিং ক্যারিয়ারের পরের অধ্যায় নিয়ে কথা বলতে রাজি হননি গাত্তুসো। ইতালির সাবেক হয়ে যাওয়া কোচ বলেন, ‘এখন আমার ভবিষ্যত নিয়ে কথা বলার সময় নয়।’
৪৮ বছর বয়সী গাত্তুসো ছিলেন ইতালির ২০০৬ বিশ্বকাপ জয়ী দলের সদস্য। তবে ফুটবল ক্যারিয়ারের পর কোচ হিসেবে দলকে সাফল্য এনে দিতে পারলেন না তিনি।
বিশ্বকাপের চতুর্থ শিরোপার পর পরবর্তী দুই বিশ্বকাপে ইতালি মাত্র একটি ম্যাচ জিতে এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ বিশ্বকাপের টিকিট কাটতে ব্যর্থ হওয়ার পর ২০২০ ইউরো জিতে আশার আলো দেখছিল তারা। তবে ২০২২ আর এবার ২০২৬ বিশ্বকাপেও যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়ে ‘হ্যাটট্রিক ট্রেজেডি’ স্বাক্ষী হতে হলো তাদের।
এবার ইতালির হাল ধরবে কে? গাত্তুসোর বিদায়ের পর এখন আলোচনায় কেন্দ্রে নতুন কোচ। এসি মিলানের মাসিমিলিয়ানো অ্যালেগ্রি এবং নাপোলির কোচ অ্যান্তনিও কন্তে হতে পারেন ইতালির সম্ভাব্য কোচ। এর আগেও ইতালির ডাগ-আউটের দায়িত্ব পালন করেছিলেন কন্তে। তাঁর অধীনে ২০১৪ বিশ্বকাপ এবং ২০১৬ ইউরো খেলেছে ইতালি। ইউরোর সেই আসরের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে পেনাল্টিতে হারের পর পদত্যাগ করেছিলেন ৫৬ বছর বয়সী এই কোচ।

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে আগামীকাল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে হারের পর এবার চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের ননথাবুড়ি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। সরাসরি দেখাবে চ্যানেল টি-স্পোর্টস।
‘এ’ গ্রুপ থেকে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে চীন। ভিয়েতনামকে তারা উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। আর প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও বাংলাদেশ হেরেছে ২-৩ ব্যবধানে। স্বাগতিকদের বিপক্ষে রক্ষণে আফঈদাদের ভুল ছিল স্পষ্ট। শনিবার সেই একই ভুল করতে চায় না বাংলাদেশের মেয়েরা।
বুধবার ম্যাচের পর গতকাল ছিল বাংলাদেশের রিকভারি সেশন। আজ মাঠের অনুশীলন করেছেন অর্পিতা বিশ্বাসরা। সেখান থেকে পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ অধিনায়ক বলেছেন,
‘আমরা একটা ম্যাচ খেলে ফেলেছি ইতিমধ্যে। ওই ম্যাচে কিছু ভুল করেছি। আজকে কোচ সেগুলো নিয়ে আমাদের সঙ্গে কাজ করেছেন। পজিশন, শেপ, যেগুলো ভুল ছিল সেগুলো নিয়ে কাজ করেছি। ফিনিশিংয়ে যেখানে সমস্যা ছিল, সেগুলো নিয়ে কাজ করেছি।’
ভুল শুধরে এবার মাঠে বাস্তবায়নের পালা। তবে সেটি মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। ফিফা র্যাঙ্কিংয়ের ৫২ নম্বরে থাকা থাইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও জিততে পারেনি এই তালিকার ১১৩-তে থাকা বাংলাদেশ। সেখানে চীনের মেয়েরা অবস্থান করছে ১৬-তে। তারপরও লড়াইয়ের কথা বলেছেন অধিনায়ক অর্পিতা,
‘আমাদের পরের ম্যাচ চীনের সঙ্গে। চীন দল অনেক শক্তিশালী। আমরা তাদের সঙ্গে ফাইট করবো এবং সেটি করার জন্য আমরা প্রস্তুত আছি।’
প্রথম ম্যাচের মতো ভুল না করলে এবং নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে চীনের বিপক্ষে ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। আগামীকালের ম্যাচ নিয়ে তিনি বলেছেন,
‘চীন বিশ্ব ফুটবলে অনেক ভালো অবস্থানে আছে, তাদের বিপক্ষে আমরা খেলব। আমরা ডিফেন্ডিং শেপ, সেট পিস নিয়ে কাজ করেছি। যাতে আমরা এই সেট পিসে বা ডিফেন্সে কোনো ভুল না করি এবং গোল হজম না করি। আমরা ওইটার ওপরই জোর দিচ্ছি বেশি। মেয়েরা নিজেদের স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে, আমি আশাবাদী ভালো কিছুই হবে।’

ইতালির ফুটবলে টালমাটাল অবস্থা। মঙ্গলবার প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মঞ্চে উঠতে ব্যর্থ আজ্জুরিরা। এর প্রতিক্রিয়ায় গতকাল পদত্যাগ করেছেন ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনা।
গ্রাভিনার পর আজকে পদত্যাগ করেছেন ফুটবল প্রতিনিধি দলের প্রধান ও কিংবদন্তি গোলকিপার জিয়ানলুইজি বুফন। তাঁর পদত্যাগের পর ইতালির কোচের পদ থেকে জেনেরো গাত্তুসোর প্রস্থান এখন সময়ের ব্যাপার বলে জানিয়েছে স্কাই স্পোর্ট ইতালি ও যুক্তরাজ্যের টকস্পোর্টস।
গাত্তুসোর সঙ্গে ইতালির চুক্তি ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। তবে ইতালি যদি বিশ্বকাপের টিকিট পেত, সেটি ২০২৮ সাল পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হত। গাত্তুসোর পর ইতালির পরবর্তী সম্ভাব্য কোচের একটি তালিকা প্রকাশ করেছে স্কাই স্পোর্ট ইতালি ও টকস্পোর্টস। যেখানে নাম এসেছে আন্তোনিও কন্তে, ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি এবং রবার্তো মানচিনির।
আরও পড়ুন
| রিয়াল মাদ্রিদকে নিয়ে মন্তব্য, চেলসির স্কোয়াডে জায়গা হারালেন এনজো |
|
সবচেয়ে সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে মানচিনিকে। আল সাদ্দ-এর বর্তমান এই কোচ এর আগে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা পাঁচ বছর ইতালির দায়িত্ব পালন করেছিলেন।
মানচিনির অধীনে ২০২০ ইউরো ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। তবে তাঁর অধীনে ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় ইতালি। সৌদি আরবের দায়িত্ব পালন করার পর মানচিনি গত নভেম্বরে কাতারি ক্লাব আল সাদ্দ-এর সঙ্গে আড়াই বছরের চুক্তি করেন।
আলোচনায় থাকা কন্তেও এর আগে জাতীয় দলের কোচ ছিলেন। ২০১৪ সালে ইতালির সর্বশেষ বিশ্বকাপ খেলার পর তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে ইউরো ২০১৬ কোয়ার্টার ফাইনালে হেরে দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। বর্তমান সিরি আ চ্যাম্পিয়ন নাপোলির সঙ্গে কন্তের চুক্তি চলতি বছর জুন পর্যন্ত।
আরও পড়ুন
| ফ্রান্স থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এমবাপে |
|
অ্যালেগ্রি বর্তমানে এসি মিলানের কোচের দায়িত্ব পালন করছেন। গত গ্রীষ্মে দুই বছরের চুক্তিতে মিলানে যোগ দেন তিনি।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠতে ব্যর্থ হওয়ায় আগামী সেপ্টেম্বর পর্যন্ত ইতালির আর কোনো ম্যাচ নেই। আগামী মৌসুমের প্রথম আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগে তারা বেলজিয়াম, তুরস্ক এবং ফ্রান্সের মুখোমুখি হবে।
বিশ্বকাপের মূল আসরে না থাকলেও, জুনের শুরুতে মাসে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া অন্য দলগুলোর বিপক্ষে ইতালি কিছু প্রীতি ম্যাচ খেলতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এর আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।