১৩ অক্টোবর ২০২৪, ১:৫৮ পিএম

আন্তর্জাতিক
বিরতি চললেও জাতীয় দলের সঙ্গে নেই কিলিয়ান এমবাপে। পুরো ফিট না থাকায় এই সময়টা বিশ্রামে
থাকাটাকে শ্রেয় মনে করেছেন ফরাসি অধিনায়ক। যা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল এমবাপেকে।
তার মধ্যে নতুন গুঞ্জন, এমবাপে নাকি ফ্রান্সের হয়ে কমাতে চান ম্যাচের সংখ্যা। চোট থেকে
বাঁচতে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলার পথে হাঁটতে চান রিয়াল মাদ্রিদ তারকা।
ফ্রান্সের
ফুটবলভিত্তিক ওয়েবসাইট ফুট মেরকাতো প্রকাশ করেছে এমন তথ্য। তাদের মতে, এমবাপে নাকি
কোচ দিদিয়ের দেশঁকে নিজের ইচ্ছের কথাও জানিয়েছেন ইতিমধ্যে। চলতি মৌসুমটা এমবাপের নজর
ব্যালন ডি’অর জেতার দিকে। তাই ক্লাবের হয়ে দুর্দান্ত কিছু করতে ফ্রান্সের হয়ে ২০২৫
সালে কেবল গুরুত্বপূর্ণ ম্যাচগুলো তিনি খেলার কথা জানিয়েছেন কোচকে।
অন্য
কারণ হিসেবে তারা উল্লেখ করছে চোটের হানা থেকে নিজেকে বাঁচানো। এমনিতেই ক্লাব ফুটবলে
বাড়ছে ম্যাচের সংখ্যা। তার মধ্যে আন্তর্জাতিক সূচি ফুটবলারদের জন্য বিশ্রাম পাওয়াটা
হয়ে উঠেছে কঠিন কাজ। তাতে হরহামেশা চোটে পড়ছেন ফুটবলাররা। রদ্রি কিংবা এমবাপের ক্লাব
সতীর্থ দানি কারভাহাল এর সবচেয়ে বড় উদাহরণ। দুজনই এসিএল চোটে ছিটকে গেছেন পুরো মৌসুমের
জন্য। এই ধরনের বড় চোটের ঝুঁকি এড়াতে ম্যাচ কমানোকে সঠিক সিদ্ধান্ত হিসেবে মানছেন এমবাপে।
ক্লাবের হয়ে তা সম্ভব না হলেও জাতীয় দলে তা সম্ভব বলে মনে করছেন ২৫ বছর বয়সী এই তারকা।
যদিও
এমবাপে চলতি মৌসুমে একবার চোটে পড়েছেন এর মধ্যে। গুঞ্জন ছিল, তিন সপ্তাহের জন্য মাঠের
বাইরে থাকতে হবে তাকে। তবে মাত্র সপ্তাহ খানেকের মধ্যেই এমবাপে নিজেকে ফিট করে ফেরেন
মাঠে। এরপর রিয়ালের জার্সিতে খেলেছেন দুই ম্যাচও। যদিও দুই ম্যাচে ছিলেন নিজের ছায়া
হয়ে। খেলতে পারেননি পুরো ম্যাচও।
চলতি
মৌসুমে এমবাপে সব মিলিয়ে রিয়ালের জার্সিতে খেলেছেন ১১ ম্যাচ। করেছেন সাত গোলের পাশাপাশি
এক অ্যাসিস্ট। নিজের স্বপ্নের ক্লাবে যোগ দিয়েও এখন পর্যন্ত নিজেকে খুব একটা মেলে ধরতে
পারেননি এমবাপে।
No posts available.
২৩ মার্চ ২০২৬, ৩:৫৭ পিএম
২৩ মার্চ ২০২৬, ৯:২৬ এম

লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান কমাতে মরিয়া রিয়াল মাদ্রিদ। কিন্তু রোববার রাতে ঘরের মাঠে তাদের পিছিয়ে দিল আতলেতিকো মাদ্রিদ। সেখান থেকেই ভিনিসিয়ুসের প্রতিরোধ, জোড়া গোলে দলকে জিতিয়েছেন; ম্যাচ শেষে বলেছেন— মৌসুমের এই সময়টা এলেই গোল ও অ্যাসিস্ট বেড়ে যায় তাঁর।
লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার পিছিয়ে পড়ার পরও ৩-২ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে অন্য গোলটি ফেদেরিকো ভালভার্দের। আতলেতিকোর জার্সিতে গোল করেন আদেমোলা লুকমান ও নাহুয়েল মলিনা।
এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এগিয়ে ৪ পয়েন্ট। আর সমান ম্যাচে ৫৭ পয়েন্ট পেয়ে তালিকার চারে আতলেতিকো মাদ্রিদ।
রোববার রাতে জোড়া গোলের অনবদ্য পারফরম্যান্সের পর এক প্রতিক্রিয়ায় ভিনিসিয়ুস জুনিয়র বলেছেন, 'এই ধরণের ম্যাচগুলোর জন্যই আমি পুরো মৌসুমজুড়ে কঠোর পরিশ্রম করেছি। আমি জানি না কেন, তবে মৌসুমের এই সময়টা এলেই আমার গোল এবং অ্যাসিস্টের জোয়ার চলে আসে।'
ক্লাব প্রেসিডেন্টকে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে রিয়াল মাদ্রিদ তারকা বলেন, 'প্রেসিডেন্ট (ফ্লোরেন্তিনো পেরেজ) সবসময় বলেন যে আমার অন্তত দুটি গোল করা উচিত। আজ (রোববার) আমি দুটি গোলই করেছি, আর সেটা তাঁর জন্যই।'
গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের দুই লেগে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল। ছন্দটা তারা ধরে রেখেছে লা লিগাতেও।
দলের পারফরম্যান্স নিয়ে ভিনিসিয়ুস বলেন, 'রিয়াল মাদ্রিদ সবসময়ই শ্রেষ্ঠত্ব বজায় রাখে। আজকের পারফরম্যান্সে আমি অত্যন্ত আনন্দিত। আমরা মাথা ঠান্ডা রেখেছিলাম এবং ঠিক যা যা করা প্রয়োজন ছিল তা-ই করেছি, যেন আমাদের সমর্থকরা আরেকটি জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরতে পারেন।'

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে ভিয়েতনামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ মার্চের সেই ম্যাচের ৫ দিন আগে দেশটিতে পৌঁছায় হাভিয়ের কাবরেরার দল। রোববার সেখানে প্রথম অনুশীলন সেশন করেছেন জামাল ভুঁইয়ারা।
ঈদের দিন ভিয়েতনামে পৌঁছালেও সেদিন রিকভারি সেশন করেই দিন পার করেছে বাংলাদেশ। গতকাল প্রথমবার মাঠের অনুশীলন সেরে ফুরফুরে জামাল, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিমরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় মিডফিল্ডার সোহেল রানা বলেন, 'আসলে আজকে (গতকাল) আমাদের প্রথম সেশন ছিল ভিয়েতনামে। শর্ট ছিল, তবে খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন ছিল। ভিয়েতনাম ম্যাচের জন্য এই সেশনটা খুবই দরকারি ছিল। আর সব মিলিয়ে বললে ভিয়েতনামের সঙ্গে কীভাবে ম্যাচ খেলবো ওই টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে কোচ কাজ করছে। আশা করি ভিয়েতনাম ম্যাচের আগে আরও কয়েকটা সেশন আমরা এখানে পাবো। আমরা আমাদের সেরাটা দিব ওদের বিপক্ষে। সেটি সিঙ্গাপুর ম্যাচের আগে সহায়ক হবে।'
ভিডিও বার্তায় সোহেল রানার মতোই ফাহিম একই কথা বলেছেন। প্রথম সেশনটা তাঁদের জন্য দারুণ ছিল। এছাড়া ভিয়েতনামের আবহাওয়ার সঙ্গে খেলোয়াড়েরা সবাই মানিয়ে নিচ্ছেন বলেও জানান এই ফরোয়ার্ড।
প্রধান কোচ হাভিয়ের কাবরেরা বলেন, 'আমরা ঢাকায় মাত্র দুই দিন অনুশীলনের সুযোগ পেয়েছি। এখন ম্যাচের আগে হয়ত তিনটি সেশন পাবো। তবে আমাদের কিছু কৌশল চলমান একটা প্রক্রিয়ার অংশ, যা আমরা দীর্ঘ সময় ধরে করে আসছি। এখন শুধু ছোটখাটো সমন্বয় প্রয়োজন, তার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় আছে।'
ভিয়েতনামে ২৬ মার্চ ম্যাচ খেলে পরদিন সেখান থেকেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ দল। অ্যাওয়ে ম্যাচে ৩১ মার্চ সিঙ্গাপুরকে মোকাবিলা করবেন জামাল ভুঁইয়ারা।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগে হেরে বিদায় নেওয়া ম্যানচেস্টার সিটিকে শুরুতে চেপে ধরে আর্সেনাল। দাপুটে শুরুর পর সেটি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে সিটির প্রবল আক্রমণের সামনে যেন অসহায় হয়ে পড়ে গানাররা। সেই সুযোগে ৪ মিনিটের মধ্যে দুই গোল দিয়ে লিগ কাপের শিরোপা জিতে নেয় পেপ গার্দিওলার দল।
রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। দুটি গোলই করেছেন নিকো ও'রাইলি। ২১ বছর বয়সী ইংলিশ লেফ-ব্যাকের জোড়ায় চার বছর পর প্রতিযোগিতার শিরোপা ঘরে তুললো ইতিহাদের ক্লাবটি। সিটিজেনরা এ নিয়ে মোট ৯বার লিগ কাপের ট্রফি নিজেদের করে নিলো।
এদিন ৬২ শতাংশ বল দখলে ছিল সিটির। ৩৮ শতাংশ বল দখলে রাখা আর্সেনাল সিটির সমান শট নেয় যদিও। তবে ৪টি শট লক্ষ্যে রেখে ফায়দা তুলে নিতে পারেনি মিকেল আর্তেতার শিষ্যর। দুটি লক্ষ্যে রেখে গোল আদায় করে নেয় আকাশি-নীলরা।
ফাইনালের নায়ক ও'রাইলিকে নিয়ে গার্দিওলা স্কাই স্পোর্টসকে বলেন, 'হয়ত সে এই মৌসুমের সেরা সাইনিং। মৌসুম যখন শুরু হলো, তখন তাঁর সঙ্গে আমাদের অনেকক্ষণ কথা হয়েছিল। সে লেফট-ব্যাক হিসেবে খেলা শুরু করে এবং সবাইকে দারুণ মুগ্ধ করে। সে অনেকগুলো পজিশনে খেলতে পারে; বিশেষ করে ফাইনাল থার্ডের (আক্রমণভাগের শেষ প্রান্ত) পজিশনটি খুব পছন্দ করে। সে আজ অসাধারণ দুটি গোল করেছে।'
কোচ হিসেবে এদিন দারুণ এক রেকর্ড গড়েছেন গার্দিওলা। প্রথম কোচ হিসেবে লিগ কাপের শিরোপা জেতার নজির গড়লেন তিনি।
ফাইনাল হারের পর আর্সেনাল কোচ পেপ গার্দিওলা বলেন, 'এটি অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে আমাদের খেলোয়াড় এবং সমর্থকদের জন্য। কারণ আমরা আজ সত্যিই ট্রফিটি জিততে চেয়েছিলাম। ম্যাচের দুই অর্ধে দুই ধরণের খেলা হয়েছে। বিশেষ করে প্রথমার্ধে মনে হয় আমরা তাদের (সিটি) চেয়ে ভালো খেলেছি এবং ম্যাচের সেরা দুটি সুযোগ তৈরি করেছিলাম। কিন্তু আমরা সেগুলোকে কাজে লাগাতে পারিনি। তারা যা করেছে তার কৃতিত্ব তাদের প্রাপ্য। আজ সত্যিই এটি আমাদের জন্য বাজে দিন।'
এদিনের ফাইনাল হারে শিরোপা জেতার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো আর্সেনালের। সবশেষ ২০২০ সালে মেজর কোনো শিরোপা (এফএ কাপ) জয়ের স্বাদ পেয়েছিল লন্ডনের ক্লাবটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ওয়েস্ট হাম ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে অ্যাস্টন ভিলা। একই সময়ে ঘরের মাঠে নটিংহাম ফরেস্টের কাছে বিধ্বস্ত হয়ে রেলিগেশনের শঙ্কায় পড়েছে উত্তর লন্ডনের জায়ান্ট টটেনহাম হটস্পার।
ঘরের মাঠ ভিলা পার্কে ওয়েস্ট হামের বিপক্ষে উনাই এমেরির দলের জয় ২-০ ব্যবধানের।
ম্যাচের ১৫ মিনিটে জন ম্যাকগিনের বাঁ-পায়ের দর্শনীয় এক শটে লিড নেয় ভিলা। তবে সব আলো কেড়ে নেন অলি ওয়াটকিনস। টানা ছয় ম্যাচ গোলহীন থাকার পর ৬৮ মিনিটে রিবাউন্ড থেকে বল জালে জড়িয়ে নিজের খরা কাটান এই ফরোয়ার্ড।
এই জয়ে ৩১ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থেকে আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে ভিলা। পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে এমেরির দল।
দিশেহারা টটেনহামের রেলিগেশন আতঙ্ক
রাতের অপর ম্যাচে টটেনহাম হটস্পার স্টেডিয়ামে নটিংহাম ফরেস্টের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে স্বাগতিকরা। ইগর জেসুস, মর্গান গিবস-হোয়াইট ও তাইও আয়োনিইয়ির গোলে টটেনহামের জালে উৎসব করেছে ফরেস্ট।
গত ২৮ ডিসেম্বরের পর লিগে আর কোনো জয়ের মুখ দেখেনি স্পার্সরা। অন্তর্বর্তীকালীন কোচ ইগর তুদোর দায়িত্ব নেওয়ার পর সাত ম্যাচের পাঁচটিতেই হারলো টটেনহাম।
এই জয়ে ৩১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে উঠে এসেছে নটিংহাম। হারের ফলে টেবিলের ১৭ নম্বরে নেমে গেছে টটেনহাম, রেলিগেশন জোন থেকে তাদের ব্যবধান এখন মাত্র ১ পয়েন্ট।

ঘরের মাঠে আজ রায়ো ভায়েকানোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। টেবিলের ১৪ নম্বরে থাকা দলটির বিপক্ষে বেশ ঘাম ঝড়িয়েই জিততে হয়েছে কাতালানদের।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার জয় ১-০ ব্যবধানের। ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর একমাত্র গোলে জয় নিশ্চিত হলেও পুরো ম্যাচজুড়ে হানসি ফ্লিকের দলকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে।
ম্যাচের শুরুতেই বিপদে পড়তে পারত বার্সেলোনা। প্রথম মিনিটেই কার্লোস মার্টিন গোল করার সুবর্ণ সুযোগ পেলেও গোল কিপার জোয়ান গার্সিয়া দারুণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন।
২৪ মিনিটে জোয়াও কানসেলোর নেওয়া নিখুঁত এক কর্নার কিক থেকে চমৎকার হেডে বল জালে জড়ান আরাউহো। উরুগুইয়ান এই ডিফেন্ডারের গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালায় ভায়েকানো। উনাই লোপেজের জোরালো হেড গোললাইন থেকে দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গার্সিয়া।
বার্সেলোনাও ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল, কিন্তু রাফিনিয়ার জোরালো শট ভায়েকানো গোলকিপারের হাতে লেগে ক্রসবারে বাধা পায়। ম্যাচের ৮৩ মিনিটে পাচা এসপিনোর শট গোলবারের ওপর দিয়ে চলে গেলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। ২৯ ম্যাচে কাতালানদের সংগ্রহ এখন ৭৩ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৬। আজ রাতে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে রিয়াল জয় পেলে এই ব্যবধান আবারও চার পয়েন্টে নেমে আসবে।