
২০২৬ সালে ফিফা বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এখন থেকে ঠিক ৭ মাস পর। ওয়াশিংটন ডিসিতে আগামী মাসের ৫ তারিখ হবে গ্রুপ পর্বের ড্র। প্রথমবারের মতো এবারের বিশ্বকাপ হবে ৪৮ দল নিয়ে। এর মধ্যে ৪২ দলের খেলা নিশ্চিত হয়েছে। উইয়েফা থেকে চার দল আসবে প্লে-অফ খেলে। আর মার্চ মাসে ইন্টার কন্টিনেন্টাল প্লে-অফ থেকে দুটি দল তাদের বিশ্বকাপ টিকিট কাটবে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ টিকিট নিশ্চিত করেছে, আছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং ২০২৪ সালের ইউরো জেতা স্পেন। আগেরবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও আসন্ন বিশ্বকাপে অংশ নিচ্ছে।
এই টুর্নামেন্টই হবে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। থাকছেন লামিনে ইয়ামাল,ভিনিসিয়ুস জুনিয়র, ওসমান দেম্বেলে এবং কিলিয়ান এমবাপের মতো তারকারা। তবে মেসির সঙ্গে তুলনা টানতে কিংবা প্রতিদ্বন্দ্বিতা করতে ষষ্ঠবারের মতো বিশ্ব আসরে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। টমাস টুখেলের নেতৃত্বে ইংল্যান্ডের দায়িত্ব থাকবে হ্যারি কেইনের কাঁধে। ডার্ক হর্সখ্যাত নরওয়ের হয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলের গ্রান্ডস্ট্যান্ডে আসছেন আর্লিং হলান্ড।
প্লে-অফ থেকে দুর্দান্ত কিছু নাম আসার চেষ্টা করবে এই বিশ্বকাপে। কিন্তু কিছু তারকাদের নাম এরই মধ্যে কাটা গেছে; যাদের দেশ বিশ্বকাপ খেলার রেস থেকে ছিটকে গেছে। যেখানে দুটি করে নাম আফ্রিকান, ইউরোপ ও দক্ষিণ আমেরিকার। যেসব তারকাকে দেখা যাবে না এবারের বিশ্বকাপে, তার ছোট একটি তালিকা দেওয়া হলো নিচে।
খিচা কাভারৎসখেলিয়া (জর্জিয়া)
২০২৪ ইউরোর অন্যতম সারপ্রাইজিং প্যাকেজ ছিল জর্জিরা। শেষ দল উঠার পেছনে দারুণ অবদান ছিল খিচার। কিন্তু প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা পারেননি তাঁর দল নিয়ে গ্রেটেস্ট শো-তে অংশ নিতে। বিশ্বকাপ বাছাইয়ে বুলগেরিয়ার বিপক্ষে পাওয়া ৩-০ গোলের জয়ে জোড়া গোল ছিল কাভারৎসখেলিয়ার। কিন্তু স্পেন ও তুরস্কের সঙ্গে দুই ম্যাচে হারের পর সেই বুলগেরিয়ার বিপক্ষে ফিরতি দেখায় পরাজয় ১-২ ব্যবধানে। তাতে ‘ই’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে বিদায় ঘণ্টা বাজে জর্জিয়ার।
ব্রায়ান এমবেউমো (ক্যামেরুন)
ব্রায়ান এমবেউমোর জন্ম ফ্রান্সে। দেশটির হয়ে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ এর হয়ে খেলেছেন। পরবর্তীতে নিজের বাবার দেশ ক্যামেরুনের হয়ে অভিষেক হয় সিনিয়র পর্যায়ে। কিন্তু তাঁর দেশ দল ক্যামেরুন লজ্জার পরাজয় বরণ করে তুলনামূলক দুর্বল কেপ ভার্দের বিপক্ষে। ম্যাচে ৯০ মিনিট খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা এমবেউমো ও তাঁর সতীর্থ আন্দ্রে ওনানা। এর আগে ক্যামেরুন হারে ডি আর কঙ্গোর বিপক্ষেও। যে কারণে এবারের বিশ্বকাপে দেখা যাবে না ক্যামেরুনকে। অথচ আফ্রিকান অঞ্চল থেকে সবচেয়ে বেশিবার (৮বার) বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তাদের।
দুসান ভ্লাহোভিচ (সার্বিয়া)
২০১৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হলো সার্বিয়া। এই ব্যর্থতা তাদের জন্য বিরাট লজ্জার। ঘরের মাঠে গত অক্টোবরে আলবানিয়ার কাছে ১-০ গোলে হারের পর দ্রাগান স্টকোভিচ হেড কোচের দায়িত্ব ছেড়ে দেন। আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার ওয়েম্বলিতে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হারের পর বিদায় নিশ্চিত হয় সার্বিয়ার। তাই জুভেন্টাস তারকাকে দেখা যাবে না ২০২৬ বিশ্বকাপে।
ডমিনিক সবোসলাই (হাঙ্গেরি)
গ্রুপ ‘এফ’ ছিল বিশ্বকাপ বাছাইয়ের সবচেয়ে নাটকীয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণদের মধ্যে একটি। আর্মেনিয়াকে ৯-১ গোলে হারিয়ে শীর্ষস্থান অর্জন করে পর্তুগাল। কিন্তু ১৬ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ে ২-৩ ব্যবধানে হার মানে হাঙ্গেরি। তাদেরকে টপকে দুইয়ে অবস্থান করে আয়ারল্যান্ড। তাতে প্লে-অফ থেকে বিশ্বকাপ খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আয়ারল্যান্ড। আর বিদায় নিশ্চিত হয়েছে হাঙ্গেরির। টটেনহ্যাম হটস্পারের সাবেক তারকা এবং বর্তমানে এজে আল্কমারে খেলা ট্রয় প্যারোট হ্যাটট্রিক করেন আয়ারল্যান্ডের হয়ে। নিজের তৃতীয় গোলটা আসে যোগ করা সময়ের ৬ মিনিটের মাথায়। উল্লাসে ফেটে পড়েন তিনি; অন্যদিকে কান্নায় ভেঙে পড়েন হাঙ্গেরির লিভারপুল মিডফিল্ডার ডমিনিক সবোসলাই। ড্র হলেও আশা বেঁচে থাকত হাঙ্গেরির।
২০২৬ বিশ্বকাপে থাকছেন না অ্যালেক্সিজ সানচেজ (চিলি), ভিক্টোর ওসিমেন (নাইজেরিয়া), বেঞ্জামিন সেসকো (স্লোভেনিয়া), কেইলর নাভেস (কোস্টারিকা), সারহু গুইরাস্যিরা (গিনি)।
No posts available.
২ এপ্রিল ২০২৬, ৫:৫৪ পিএম

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের শুরুটা ভালো হয়েও হলো না; থাইল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকার পরও দিনশেষে পরাজিতের কাতারে বাংলাদেশ। তবে ব্যক্তিগতভাবে মনে রাখার মতো একটা দিনই ছিল মোসাম্মৎ সাগরিকার জন্য। বুধবার শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে জেতার স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। তবে এই ফরোয়ার্ড গোলের কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। আজ দলের সহকারী কোচ আবুল হোসেনও জানালেন দলের প্রত্যেককে সমান চোখে দেখা হয়। তিনি জানান, গতকাল সাগরিকা গোল করেছে, পরের দিন অন্য কেউ করবে। এভাবেই তারা মেয়েদেরকে উজ্জীবিত রাখেন।
এশিয়ান কাপে বাংলাদেশের পরের ম্যাচ শনিবার, চীনের বিপক্ষে। আগের ম্যাচে করা ভুল নিয়ে আজ কাজ করেছে কোচিং স্টাফ। থাইল্যান্ড থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় আবুল হোসেন বলেন,
‘গতকাল আমরা প্রথম ম্যাচ খেলেছি। ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিলাম। সামান্য ভুলের কারণে আমরা জিততে পারিনি। কারণ এমন ভুল তো আর সচরাচর হয় না। কিন্তু হয়ে গেছে। আজ সেই ভুলগুলো নিয়ে কাজ করেছি। পরের ম্যাচ চীনের বিপক্ষে। তাদের সঙ্গে যেন একই ভুল না হয় তা নিয়ে কাজ করছি। মেয়েদের বলেছি যা হয়েছে সেটা এখন অতীত। এ নিয়ে তাদের চিন্তা করতে হবে না।’
সাগরিকাকে নিয়ে আলাদা করে প্রশংসা ঝরেছে সহকারী কোচের কণ্ঠে। বলেছেন,
‘সাগরিকা অসাধারণ একজন খেলোয়াড়। সে বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দলেও সুযোগ পেলে নিজেকে মেলে ধরে।’ তবে আবুল হোসেন সেই সঙ্গে এটাও বলেন যে তারা সবাইকে সমান চোখে দেখেন, ‘আমরা প্রতিটি খেলোয়াড়কে মূল্যায়ন করি। কে কখন জ্বলে উঠবে তা বলা যায় না, সেভাবেই আমরা মেয়েদের মোটিভেট করি। সবাইকে সমান নজরে দেখি।’

২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত। ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ফুটবলের সবচেয়ে বড় আসর শুরুর অপেক্ষায়। যেখানে অনেকে অভিজ্ঞ তারকা ফুটবলারকে গ্যালারিতে বসেই দেখতে হবে খেলা।
আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে বুধবার সকালে সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ইরাক। আগের রাতে ইউরোপয়ীয় প্লে অফ থেকে জায়গা নিশ্চত করে সুইডেন, তুরস্ক, চেক প্রজাতন্ত্র এবং বসনিয়া ও হার্জেগোভিনা।
কোয়ালিফায়ার ফাইনালে হেরে বাড়ির টিকিট কাটতে হয়েছে জিয়ানলুইজি দোনারুমা, রবার্ট লেভানডফস্কি, কালাফিওরির মতো তারকাদের।
ইতালির চার তারার অসহায়ত্ব: বাছাইপর্বে সবচেয়ে বড় ধাক্কা লাগে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির পালে। বসনিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মত বিশ্বকাপের মূল পর্বে খেলা হচ্ছে না আজ্জুরিদের। বিশ্বকাপে দেখা যাবে না দলটির চার তারকা দোনারুমা, রিকার্দো কালাফিওরি, সান্দ্রো টোনালি ও নিকোলো বারেল্লাকে।
পোলান্ডের ব্যর্থতায় কপাল পুড়ল রবার্ট লেভানডফস্কির: ইউরোপীয় প্লে-অফ ফাইনালে শেষ মূহুর্তে ভিক্টর ইয়োকেরেসের গোলে সুইডেনের কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে পোল্যান্ড। এর মাধ্যমে ৩৭ বছর বয়সী কিংবদন্তি লেভানফস্কির বিশ্বকাপ অধ্যায় শেষ হয়ে যায়।
হাঙ্গেরির বিদায়ে স্বপ্ন ভাঙল সোবোসলাইয়েরও: বিশ্বকাপের বাছাইয়ে হাঙ্গেরির বিদায় ছিল ট্র্যাজিক। রিপাবলিক অফ আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ড্র করলেই চলত তাদের। কিন্তু ৮০ মিনিট পর্যন্ত ২-১ এ এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ট্রয় প্যারটের হ্যাটট্রিকে স্বপ্ন ভাঙে হাঙ্গেরির। লিভারপুলের হয়ে দূরপাল্লার শট আর নিখুঁত পাসের জন্য পরিচিত সোবোসলাইকে মিস করবেন ভক্তরা।
কঙ্গোতে বাঁধা ব্রায়ান এমবেউমোর উচ্চাশা: ব্রেন্টফোর্ড থেকে ৭১ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া এমবেউমো গত মৌসুমে ২০ গোল করে নজর কাড়েন। কিন্তু ডিআর কঙ্গোর কাছে ৯১ মিনিটের গোলে ক্যামেরুন হেরে যাওয়ায় এই উইঙ্গারকেও গ্যালারিতে বসেই বিশ্বকাপ দেখতে হবে।
কাভারাস্কেইয়ার ড্রিবলিং মিস করবে বিশ্ব: ইউরো ২০২৪-এ নজরকাড়া জর্জিয়া এবার মূল পর্বে জায়গা করতে পারেনি। ফেলে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী কাভারস্কেইয়ারের জাদুকরী ড্রিবলিং দেখার সুযোগ এবার হচ্ছে না ফুটবলপ্রেমীদের।
অপেক্ষা বাড়ল হইলুন্দের: চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পেনাল্টি শ্যুটআউটে হেরে বিদায় নিয়েছে ডেনমার্ক। যেখানে হইলুন্দ পেনাল্টি মিস করে খলনায়কে পরিণত হয়েছেন। গত বিশ্বকাপে অভিজ্ঞতার অভাবে দলে জায়গা পাননি তিনি, এবার দলের ব্যর্থতায় তাঁর অপেক্ষা আরও বাড়ল।

এএফসি উইমেন’স অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে পরাজয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তার আগে জেতার আশা জাগিয়েছিল মেয়েরা। কিন্তু জোড়া গোলের লিডের পরও পরাজয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় পিটার বাটলারের দলকে। বাংলাদেশের হয়ে দুটি গোলই করেছেন মোসাম্মৎ সাগরিকা। সামনে এবার চীন। শনিবারের ওই ম্যাচে ভালো কিছুর স্বপ্ন দেখছেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।
থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৩৬ ও ৫০ মিনিটে গোল দুটি করেন সাগরিকা। এরপর ৬৭ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল বাংলাদেশ। এরপরই ডিফেন্ডারদের ভুলে পরপর দুটি পেনাল্টি গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। আর ৭৯ মিনিটের মাথায় তৃতীয় গোল করে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড।
ওই ম্যাচে জোড়া গোল করার পর আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে মিডিয়াকে ভিডিও বার্তা দিয়েছেন সাগরিকা। বলেছেন,
‘আমি বলব থাইল্যান্ড অনেক ভালো দল। প্রথমার্ধে আমরাও ভালো করেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে সেটি ধরে রাখতে পারিনি। যখন একটা গোল হজম করে ফেলি, তখন সবার মন মানসিকতা একটু খারাপ হয়ে গিয়েছিল, যে কারণে ওমনটা হয়েছে। তারপরও আমরা চেষ্টা করেছি কামব্যাক করতে। কিন্তু পারিনি, ৩-২ গোলে হেরে গেছি।’
ম্যাচে জোড়া গোল করলেও সাগরিকা কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। বলেন,
‘এখানে আমাদের প্রথম ম্যাচ, আর আমি দুইটা গোল করেছি। সত্যি খুব ভালো লাগছে, টিম সাপোর্ট করছে বিধায় পেরেছি। যদি ওরা বল সাপ্লাই দিতে না পারত তবে গোল করতে পারতাম না।’
টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ শক্তিশালী চীনের বিপক্ষে। সেই ম্যাচেও ভালো কিছুর প্রত্যাশা ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থেকে উঠে আসা সাগরিকার,
‘পরের ম্যাচের জন্য আমরা সবাই প্রস্তুত আছি, চেষ্টা করব ভালো কিছু করার জন্য। ইনশা আল্লাহ ভালো ফল নিয়ে মাঠ থেকে ফিরব।’
থাইল্যান্ডের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসছেন সাগরিকা। সহকারী কোচ আবুল হোসেন ২০ বছর বয়সী ফরোয়ার্ডকে নিয়ে বলেন,
‘সাগরিকা অসাধারণ করেছে। সে সবখানেই সুযোগ পেলে ভালো খেলে।’

টানা চার ম্যাচ হারের পর এনজো ফার্নান্দেজের নেতৃত্বে অসন্তুষ্ট চেলসির ফুটবলাররা— সম্প্রতি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য টেলিগ্রাফ।
রিস জেমসের অনুপস্থিতিতে স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবের অধিনায়কের দায়িত্বও পালন করেন এনজো। প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি), নিউক্যাসল ও এভারটনের বিপক্ষে চেলসির হার এবং ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের বেশ কিছু মন্তব্য ঘিরে উত্তাল চেলসির ড্রেসিংরুম।
যুক্তরাজ্যের সংবাদ মাধ্যমের দাবি, রিয়াল মাদ্রিদকে নিয়ে এনজোর মন্তব্যে চেলসির ড্রেসিংরুমে অসন্তোষ বেড়েছে। অথচ এর আগে সহ-অধিনায়ক হিসেবে তার নেতৃত্বে খুশি ছিলেন না সতীর্থরা।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে চেলসির লজ্জাজনক বিদায়ের পর ফার্নান্দেজ নিজের বিদায় নিয়ে সরাসরি কিছু বলেননি। বরং রহস্যময়ভাবে বলেছেন, ‘দেখা যাবে।’ যদিও ভক্তদের নেতিবাচক প্রতিক্রিয়ার পর কয়েক দিনের মধ্যেই ক্লাবের প্রতি নিজের প্রতিশ্রুতির কথা জানান তিনি। কিন্তু পুনরায় মাদ্রিদের প্রতি আগ্রহের ইঙ্গিত দিতে থাকেন।
জানুয়ারিতে কোচ এনজো মারেস্কাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেন ফার্নান্দেজ। একই সময়ে আন্তর্জাতিক বিরতিতে তিনি দু’বার বলেছেন, মাদ্রিদ শহরে থাকতে চান—যদিও কখনো সরাসরি ক্লাবের নাম উল্লেখ করেননি।
আর্জেন্টিনার স্থানীয় টিভি লুজুকে দেওয়া সাক্ষাৎকারে ফার্নান্দেজ নিজের অনুপ্রেরণা হিসেবে রিয়াল মাদ্রিদের দুই কিংবদন্তিতুল্য লুকা মদরিচ ও টনি ক্রুসের নাম উল্লেখ করেন। এরপর দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বিশ্লেষকরা বিশ্লেষকরা এই ইঙ্গিত থেকে মনে করতে শুরু করেছেন মাদ্রিদের শহরেই যাচ্ছেন আর্জেন্টাইন তারকা।
২০২৩ সালে ১০৬.৮ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়া ফার্নান্দেজের চুক্তির এখনও পাঁচ বছর বাকি। তবে ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া এক ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন, আগামী কয়েক মাসই হয়তো স্ট্যামফোর্ড ব্রিজে তার শেষ সময় হতে পারে।

জাম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিফা আন্তর্জাতিক বিরতি শেষ হলো আর্জেন্টিনার। ফিফা ৯১ নম্বর র্যাঙ্কিংধারী দলের বিপক্ষে ৫-০ গোলে জয়ের আগে মৌরাতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তারা। সম্ভবত বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ খেলল লিওনেল স্কালোনির দল।
মৌরাতানিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে নেমে ৪৫ মিনিট মাঠে ছিলেন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড। তবে জাম্বিয়ার বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলন। এই ম্যাচে একটি গোলও করেন মেসি।
শুরুর একাদশে থাকা-না থাকা ইস্যুতে মিডিয়ার সামনে এতদিন চুপ ছিলেন মেসি। ম্যাচ পরবর্তী সম্প্রচার চ্যানেলের সামনেও কথা বলতে দেখা যায়নি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। তবে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভক্তদের উদ্দেশে একটি আশাবাদী বার্তা দেন তিনি।
ইনস্টাগ্রামে মেসির স্টোরি
নিজের ইনস্টাগ্রামে আর্জেন্টিনা দলের অধিনায়ক প্রথমে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, এরপর কয়েকটি ছবি দিয়ে একটি পোস্টও করেন। দুটিতেই একই বার্তা ছিল—‘আর্জেন্টিনা অলওয়েজ’, সঙ্গে ছিল দেশের পতাকার ইমোজি। সবকিছু মিলিয়ে আসন্ন বিশ্বকাপে তার খেলা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই এই বার্তা দিয়েছেন তিনি।
নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়েই শারীরিকভাবে সেরা অবস্থায় ফিরতে কাজ চালিয়ে যাচ্ছেন মেসি। এতে তিনি রেকর্ড গড়ার সুযোগ পাবেন, যা বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে।
মেসি বিশ্বকাপে খেলবেন কি না—এই অনিশ্চয়তা নিয়ে কথা বলেছেন কোচ স্কালোনিও। তিনি বলেন, “যদি সে সিদ্ধান্ত নেয় এটি তার শেষ বিশ্বকাপ হবে, তাহলে সেটা আমাদের জন্য গর্বের বিষয়। তাকে সবাই দেখতে চায়, উপভোগ করতে চায়। আমি সর্বোচ্চ চেষ্টা করব, যাতে দল তাকে সমর্থন দিতে পারে।”
তিনি আরও বলেন, “সময় হলে আমরা বসে কথা বলব। সে যা চায়, আমরাও তাই চাই। সে সবসময়ই প্রতিযোগিতায় নামতে চায়। আশা করি আমরা তাকে খেলতে দেখার সুযোগ পাব। এরপর কী হয় দেখা যাবে।”