
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আগামী সোমবার ফিফার কাছে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দিতে যাচ্ছে ব্রাজিল। এই তালিকায় নেইমার জুনিয়র এবং উদীয়মান তারকা এস্তেভাও উইলিয়ানের নাম থাকার খবর জানিয়েছে গ্লোবো স্পোর্টস।
ফিফার নিয়ম অনুসারে, ১১ তারিখের মধ্যে প্রতিটি দলকে ৩৫ থেকে ৫৫ জনের একটি প্রাথমিক তালিকা জমা দিতে হবে। ফিফা এই তালিকা যাচাইবাছাইয়ের জন্য ব্যবহার করবে তবে প্রকাশ করবে না।
১ জুন কোচদের তাদের প্রাথমিক দল থেকে ছাঁটাই করে ২৩ থেকে ২৬ জনের চূড়ান্ত দল ফিফার কাছে জমা দিতে হবে। কোনো খেলোয়াড় চোটে পড়লে এই চূড়ান্ত দলে পরিবর্তন আনা যাবে। তবে নতুন খেলোয়াড়কে অবশ্যই ১১ মে-র প্রাথমিক তালিকায় থাকতে হবে।
২ জুন বিশ্বকাপে অংশ নেওয়া সব দেশের চূড়ান্ত ২৬ জনের অফিশিয়াল তালিকা একসাথে প্রকাশ করবে। তবে দেশগুলো চাইলে এই তারিখের আগেই নিজেদের মতো করে চূড়ান্ত দল ঘোষণা করে দিতে পারে।
ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দল আগামী ১৮ মে চূড়ান্ত করবেন আনচেলত্তি। তিনি ইঙ্গিত দিয়েছেন, নেইমার নিজেকে ফিট প্রমাণ করতে পারলে ১৮ মে-র ২৬ সদস্যের চূড়ান্ত দলে জায়গা পাবেন।
অন্যদিকে, চেলসির তরুণ তুর্কি এস্তেভাও বর্তমানে পালমেইরাসের সুযোগ-সুবিধা ব্যবহার করে হ্যামস্ট্রিং চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছেন। যদি তিনি সময়মতো সুস্থ না হন, তবে প্রাথমিক তালিকার এন্ড্রিক বা রাইয়ানদের মধ্য থেকে তাঁর বিকল্প বেছে নিতে হবে।
তবে দুঃসংবাদ হয়ে এসেছে রিয়াল মাদ্রিদের দুই তারকা এডার মিলিতাও ও রদ্রিগোর অনুপস্থিতি। এই দুজন চোটের কারণে বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন। তাই তারা প্রাথমিক দলেও জায়গা পাচ্ছেন না। গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়কে হারানো আনচেলত্তির পরিকল্পনায় বড় এক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
No posts available.
৮ মে ২০২৬, ৮:৫৯ পিএম

দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর মাসখানেক বাদেই শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টের। মেগা এই ইভেন্টের অন্যতম আকর্ষণ বিশ্বকাপের থিম সং। নেচে গেয়ে বিশ্বের কোটি ফুটবল সমর্থক বুদ হয়ে থাকেন সেই সুরের মূর্ছনায়।
এবারের ফিফা বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ এর টিজার প্রকাশ পেয়েছে গত বৃহস্পতিবার। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
১৬ বছর আগে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ওয়াকা ওয়াকা দিয়ে বিশ্ব মাতানো এই তারকার কণ্ঠে আবারও শোনা যাবে বিশ্বকাপের থিম সং। ‘দাই দাই’ এর টিজার অবমুক্ত হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক শোরগোল।
আরও পড়ুন
| ভালভার্দে ও চুয়ামেনিকে ১৩ কোটি টাকা জরিমানা |
|
ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিত্রায়িত হয়েছে ‘দাই দাই’ এর মিউজিক ভিডিও। টিজারে শাকিরাকে একঝাঁক নৃত্যশিল্পীর সাথে দেখা গেছে, যাদের পোশাকে ফুটে উঠেছে বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকার প্রতিচ্ছবি।
শাকিরা নিজে পরেছিলেন নিজ দেশ কলম্বিয়ার হলুদ ও নীল রঙের মিশেলে তৈরি পোশাক। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টিজারটি শেয়ার করে শাকিরা লিখেছেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে আপনাদের জন্য নিয়ে এলাম ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান—দাই দাই।‘ ভিডিওতে শাকিরার হাতে বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ ও দেখা গেছে।
এবারের থিম সং-এ শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বিশ্বখ্যাত আফ্রোবিটস তারকা বার্না বয়। টিজার প্রকাশের পর ২৪ ঘণ্টার মধ্যেই এতে লাইক পড়ে ১৯ লাখের বেশি।
আগামী বৃহস্পতিবার (১৪ মে) পুরো গানটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে পিটবুল, জেনিফার লোপেজ, উইল স্মিথ এবং জংকুকের মতো তারকারা বিশ্বকাপের থিম সং-এ কণ্ঠ দিলেও শাকিরার আবেদন ফুটবল ভক্তদের কাছে সবসময়ই একটু ভিন্ন।
আরও পড়ুন
| বিশ্বকাপে আর্জেন্টিনার চেয়েও শক্তিশালী ৪ দেশের নাম জানালেন মেসি |
|
২০০৬ জার্মানি বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ‘হিপস ডোন্ট লাই’ গেয়ে মন জয় করেছিলেন শাকিরা। এরপর ২০১০ সালে ‘ওয়াকা ওয়াকা’ গানটি ফুটবল ইতিহাসের অন্যতম সফল থিম সং হিসেবে জায়গা করে নেয়। ২০২৬-এ উত্তর আমেরিকার মাটিতে তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল সুরে ফিরছেন এই ল্যাটিন তারকা।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া এই মহাযজ্ঞের পর্দা উঠবে আগামী ১১ জুন। মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

ইংলিশ ফুটবলের সাংবাদিকদের ভোটে ২০২৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। আর্সেনাল মিডফিল্ডার ডেক্লান রাইসকে ২৮ ভোটের ব্যবধানে হারিয়ে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন তিনি। ২০১০ সালে ওয়েইন রুনির পর ইউনাইটেডের প্রথম কোনো খেলোয়াড় হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতলেন ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার।
এবারের ভোটাভুটিতে ফুটবল সাংবাদিকদের ৪৫ শতাংশ ভোট পেয়েছেন ফার্নান্দেস। অল্পের জন্য হেরে যাওয়া ডেক্লান রাইস ছাড়াও সেরা তিনে ছিলেন ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড। শীর্ষ তালিকায় আর্সেনালের বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মাগালেস এবং গোলকিপার ডেভিড রায়া থাকলেও ম্যানচেস্টার ইউনাইটেডের আর কোনো খেলোয়াড় ভোট পাননি।
চলতি মৌসুমে রেড ডেভিলদের হয়ে অবিশ্বাস্য ছন্দে আছেন ব্রুনো। প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে ৮ গোল করার পাশাপাশি করেছেন ১৯ অ্যাসিস্ট। আর মাত্র একটি অ্যাসিস্ট করলেই থিয়েরি অঁরি ও কেভিন ডি ব্রুইনের গড়া এক মৌসুমে সর্বোচ্চ ২০ অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করবেন ব্রুনো।
রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর মাইকেল ক্যারিকের অধীনে ইউনাইটেডের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত নেপথ্যে মূল কারিগর হিসেবে কাজ করেছেন ব্রুনো। বার্নলির বিপক্ষে চোট কাটিয়ে ফেরার পর শেষ ১৬ ম্যাচের ১৩টিতেই গোল অথবা অ্যাসিস্টে অবদান রেখেছেন এই পর্তুগিজ তারকা।
১৯৪৮ সালে স্যার স্ট্যানলি ম্যাথিউসের হাত ধরে শুরু হওয়া এই পুরস্কারের ইতিহাসে দশম ইউনাইটেড খেলোয়াড় হিসেবে নাম লেখালেন ব্রুনো। ববি চার্লটন, এরিক ক্যান্টোনা, রয় কিন এবং ক্রিস্তিয়ানো রোনালদোর মতো কিংবদন্তিদের পাশে এখন তাঁর নামও উচ্চারিত হবে।
এদিকে নারীদের ফুটবলে একচেটিয়া জয় পেয়েছেন ম্যানচেস্টার সিটির বানি শ। ডব্লিউএসএল শিরোপা জেতার পথে চলতি মৌসুমে ১৯ গোল করে দ্বিতীয়বারের মতো এই সম্মাননা জিতলেন জ্যামাইকান এই ফরোয়ার্ড। এর আগে ২০২৩ সালেও তিনি বর্ষসেরা হয়েছিলেন।

অনুশীলনে মারামারির ঘটনায় ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ান চুয়ামেনিকে ৫ লক্ষ ইউরো (প্রায় সাড়ে ৬ কোটি টাকা) করে জরিমানা করেছে রিয়াল মাদ্রিদ। ওই ঘটনায় উরুগুয়েন মিডফিল্ডার ভালভার্দে মাথায় আঘাত পেয়েছিলেন বলে জানা গেছে।
শুক্রবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়ালের দুই ফুটবলারের জরিমানার বিষয়টি জানিয়েছে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাব।
বৃহস্পতিবার এক বিবৃতিতে রিয়াল জানিয়েছিল,
‘অনুশীলন চলাকালীন ঘটা অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে ভালভার্দে এবং চুয়ামেনির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাবের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই দুই খেলোয়াড়ের বিষয়ে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
হাসপাতাল থেকে ফিরে এক দীর্ঘ বিবৃতিতে নিজের দায় স্বীকার করেছেন ভালভার্দে। প্রতিযোগিতার ক্লান্তি এবং দলের নাজুক পরিস্থিতির হতাশা থেকে এই ঝামেলার সূত্রপাত বলে জানান তিনি।
সতীর্থের হাতে সরাসরি আঘাত পাওয়ার বিষয়টি অস্বীকার করে ভালভার্দে বলেন,
‘তর্কের এক পর্যায়ে আমি দুর্ঘটনাক্রমে একটি টেবিলে আঘাত পাই, যার ফলে কপাল কেটে যায়। চুয়ামেনি আমাকে আঘাত করেনি, আর আমিও তাকে আঘাত করিনি।’
শুধুই ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়ান চুয়ামেনিই নন। পুরো রিয়াল যেন গৃহযুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। মার্কা এক প্রতিবেদনে জানিয়েছেন, দলের প্রায় ছয় খেলোয়াড় কথা বলেন না কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে। এমনকী তারা তাকে আপত্তিকর নামে ডাকছেন বলেও জানা গেছে।
খবর অনুযায়ী, ম্যাচের সময় ডাগআউটে থাকা কিছু খেলোয়াড় আরবেলোয়াকে 'কোন' বলে ডাকছেন, যা স্প্যানিশ ফুটবলে একটি অপমানজনক শব্দ। কোন শব্দের বাংলা অর্থ দাঁড়ায় ট্রাফিক খুঁটি। অর্থাৎ কিছু খেলোয়াড় আরবেলোয়াকে কোচের বদলে ট্রাফিক খুঁটি হিসেবেই ডাকছেন।

লুসাইল স্টেডিয়ামের সেই স্মরণীয় দিনের স্মৃতি কী আরও একবার ফেরাতে পারবে আর্জেন্টিনা? সাদা-আকাশি জার্সির আনন্দ-নৃত্য কী আবারও দেখা যাবে বিশ্বকাপের মঞ্চে? ২০২৬-এর পাতায় কী ফিরে আসবে ২০২২-এর সেই সোনালি সাফল্য? এসব প্রশ্নের উত্তর তোলা থাক সময়ের হাতে। তবে ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপ ফুটবল নিয়ে যে উন্মাদনা চলছে, তাতে খোদ ফুটবলাররাই গা ভাসাচ্ছেন।
এই যেমন, ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত বিশ্বমঞ্চে আর্জেন্টিনার চেয়েও বেশ কিছু দল অনেক বেশি শক্তিশালী হয়ে মাঠে নামবে।
আর্জেন্টাইন সাংবাদিক পলো আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপের ফেবারিট দলগুলোর নাম জানান মেসি। গতবারের রানার্স-আপ ফ্রান্সকে বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী দল হিসেবে আলাদাভাবে উল্লেখ করেছেন আলবিসেলেস্তে অধিনায়ক।
২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা বলেন,
‘আমাদের স্বীকার করতে হবে অন্য কিছু দল আমাদের চেয়ে বেশি ছন্দে আছে এবং তারা ফেবারিট হিসেবে এগিয়ে থাকবে। ফ্রান্স এখন অনেক শক্তিশালী। তাদের অনেক টপ-লেভেল খেলোয়াড় রয়েছে।’
ইন্টার মায়ামির এই তারকা বিশ্বজয়ের দৌড়ে স্পেন, ব্রাজিল এবং পর্তুগালকেও বড় হুমকি হিসেবে মনে করছেন। মেসির মতে, সাম্প্রতিক আন্তর্জাতিক পারফরম্যান্স স্পেনের উন্নতির প্রমাণ দেয়। অন্যদিকে, গত কয়েক বছর কিছুটা কঠিন সময়ের মধ্য দিয়ে গেলেও ব্রাজিল সবসময়ই শিরোপার দাবিদার।
ব্রাজিল প্রসঙ্গে তিনি যোগ করেন, ‘ব্রাজিল কিছুদিন ধরে নিজেদের সেরা ছন্দে না থাকলেও তারা সবসময়ই শক্তিশালী প্রতিযোগী।’
পর্তুগাল সম্পর্কে আটবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা বিশ্বাস করেন, পর্তুগিজ দলটি এখন বিশেষভাবে প্রতিযোগিতামূলক এবং বিশ্বের যেকোনো সেরা দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা রাখে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে নিজেদের মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে। আর এটিই হতে পারে বিশ্বমঞ্চে লিওনেল মেসির শেষ অংশগ্রহণ।

বসুন্ধরা কিংস ও পুলিশ এফসির মধ্যকার খেলা বন্ধ থাকল ১ ঘণ্টা ১২ মিনিট! ঘটনাবহুল ম্যাচে পয়েন্ট হারাল কিংস। দিনের অন্য ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা আবাহনী। তাতে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) শিরোপা লড়াই আরও জমে উঠলো।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার পুলিশ এফসির বিপক্ষে ১-১ ড্র করেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। দোরিয়েলতন গোমেস নাসিমেন্তো প্রথমার্ধে কিংসকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে পুলিশকে সমতায় ফেরান আরেক ব্রাজিলিয়ান পাওলো হেনরিক।
কিংসের পয়েন্ট হারানোর দিনে পিডব্লিউডির বিপক্ষে আবাহনী জিতেছে ২-০ গোলে। তাতে পয়েন্ট টেবিলে জমে উঠেছে মধুর লড়াই। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কিংস। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। দুই দলের দ্বিতীয় লেগের ম্যাচ এখনও বাকি। লিগ ডিসাইডার ম্যাচ হতে পারে সেটি।
এদিন শুরু থেকেই স্বাগতিকদের চোখে চোখ রেখে খেলছিল পুলিশ এফসি। দ্বিতীয় মিনিটে রাকিব হোসেনের দূরূহ কোণ থেকে নেওয়া শটে গ্লাভসের ছোঁয়ায় ক্লিয়ার করে গোলকিপার মোহাম্মদ আসিফ।
২৯ মিনিটে পুলিশের এমএস বাবলু রক্ষণ চেরা পাস বাড়িয়েছিলেন, কিন্তু হেনরিক পারেননি বলের নাগাল নিতে। চার মিনিট পর কিংসের ভালো সুযোগ নষ্ট হয়। বক্সের ভেতরে বাম দিক থেকে কাছের পোস্টে ফয়সাল আহমেদ ফাহিমের নেওয়া জোরাল শট গোলকিপার ফেরানোর পর বল চলে যায় রাকিবের পায়ে, কিন্তু তিনিও শট লক্ষে রাখতে পারেননি।
৩৫ মিনিটে রাকিবের ক্রসে ছোট বক্সের ভেতর থেকে লাফিয়ে হেডে কিংসকে এগিয়ে নেন দোরিয়েলতন। ওই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে কিংসের রক্ষণে চাপ দিতে থাকে পুলিশ। ৫৩ মিনিটে সমতায় ফিরে তারা। সতীর্থের হেড পাস বক্সের জটলার ভেতর থেকে সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন হেনরিক। জার্সি খুলে বুনো উদযাপন করে হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
জমজমাট ম্যাচে অনাকাঙ্ক্ষিত কাণ্ডের শুরু ৬৩ মিনিটে। বল দখলের লড়াইয়ে ফাহিমকে ধাক্কা দেন হেনরিক। আগে থেকেই হলুদ কার্ড দেখা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি।
একজন বাংলাদেশি তুলে নিয়ে দানিলো কুইপাকে বদলি নামায় পুলিশ এফসি। কিংসের তপু আপত্তি জানান, স্থানীয় খেলোয়াড় তুলে বিদেশি বদলি নামানোর সিদ্ধান্ত নিয়ে। এ নিয়ে তপুর সঙ্গে বচসায় জড়িয়ে তাঁকে ধাক্কা দেন হেনরিক। ডাগআউট থেকে খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশনা দেয় পুলিশ এফসির কর্তারা। তাতে খেলা বন্ধ থাকে ১ ঘণ্টা ১২ মিনিট!
দীর্ঘ অপেক্ষার পর খেলা শুরু হলে রেফারি অতিরিক্ত সময় দেন ২৭ মিনিট। ১৪৪ মিনিটে ফাহিমের কর্নারে তপুর হেড ক্রসবারে লেগে ফিরে। দশ মিনিট পর বুটের তলা দিয়ে ইসমাইল হোসেনকে ফাউল করে সরাসরি লালকার্ড দেখেন রিমন হোসেন। কিংসও পরিণত হয় দশ জনের দলে। বাকি সময়ে তারা জয়সূচক গোলের দেখা আর পায়নি।