১৪ ডিসেম্বর ২০২৫, ৯:১৩ এম

প্রথমার্ধে বেশ কিছু সুযোগ নষ্টের পরও শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখেছিল বার্সেলোনা। আর দ্বিতীয়ার্ধে রাফিনিয়ার জোড়া গোলে সহজ জয়ই পেয়েছে হানসি ফ্লিকের দল।
ক্যাম্প ন্যুতে শনিবার রাতে ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের দুই গোলই আসে দ্বিতীয়ার্ধে। ৭০ মিনিটে প্রথম গোল করেন রাফিনিয়া। আর ৮৬ মিনিটে তার দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় কাতালানদের।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি বার্সেলোনা। ২৩ মিনিটে ফেরান তোরেসের একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়।
আরও পড়ুন
| প্রত্যাবর্তনের ম্যাচে রেকর্ড সালাহর |
|
৪০ মিনিটে লামিন ইয়ামালের ক্রস থেকে পাওয়া সুযোগেও গোল করতে ব্যর্থ হন তোরেস। দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেছিলেন এরিক গার্সিয়াও, সেটিও লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করতে ব্যার্থ হন ইয়ামাল।
দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কাস রাশফোর্ডের নেওয়া ফ্রি-কিক ওসাসুনার গোলকিপার সার্জিও হেরেরা ঠেকিয়ে দেন।
অবশেষে ৭০ মিনিটে মাঝমাঠ থেকে পেদ্রির দুর্দান্ত দৌড় ও নিখুঁত পাসে সুযোগ পেয়ে নিচু করে নেওয়া শটে গোল করেন রাফিনিয়া। গোল হজমের পর কিছুটা সামনে উঠে আসে ওসাসুনা। তাতে আরও সুযোগ পায় বার্সেলোনা।
৮৬ মিনিটে জুল কুন্দের ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে রাফিনিয়ার সামনে এলে সহজ সুযোগ কাজে লাগান তিনি।
দুই গোলে এগিয়ে গিয়ে জয় নিশ্চিত করে বার্সেলোনা। এই জয়ের ফলে লিগে টানা সাত ম্যাচ অপরাজিত থাকল কাতালানরা।
১৭ ম্যাচে ৪৩ নিয়ে শীর্ষস্থান মজবুত করল বার্সেলোনা। ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে ওসাসুনা।
No posts available.
২ এপ্রিল ২০২৬, ১০:৪০ এম

২০২৬ ফুটবল বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত হয়েছে গতকাল। এরপরই শুরু হয়েছে বিশ্বকাপের সর্বশেষ টিকিট বিক্রির উইন্ডো। যেখানে ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগরির টিকিটের দাম বাড়িয়ে ১০ হাজার ৯৯০ ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ১৩ লাখ টাকা) নির্ধারণ করেছে।
বুধবার শুরু হওয়া বিক্রয় উইন্ডোতে ১০৪ ম্যাচের মধ্যে ৪০টির দাম গত উইন্ডোর তুলনায় বেড়েছে। গত ডিসেম্বরে ড্রয়ের পর যখন টিকিট বিক্রি হয়েছিল, তখন ফাইনাল ম্যাচের শীর্ষ ক্যাটাগড়ির টিকিটের দাম ছিল ৮ হাজার ৬৮০ ডলার।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই ফাইনাল ম্যাচের 'ক্যাটাগরি ২' টিকিটের দাম ৫ হাজার ৫৭৫ ডলার থেকে বাড়িয়ে ৭ হাজার ৩৮০ ডলার ও 'ক্যাটাগরি ৩'-র দাম ৪ হাজার ১৮৫ ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৮৫ ডলার করা হয়েছে।
নকআউট পর্বের বেশিরভাগ ম্যাচের দামও বেড়েছে। টুর্নামেন্টের দুইটি সেমি-ফাইনালের টিকেটের দাম ৩ হাজার ২৯৫ ডলার থেকে বেড়ে এই উইন্ডোতে ৩ হাজার ৭১০ ডলার পর্যন্ত হয়েছে।
আরও পড়ুন
| কান্নায় ভেঙে পড়া দোনারুম্মা বললেন, ‘একসঙ্গে আবার শুরু করব’ |
|
১১ জুন মেক্সিকো বনাম সৌদি আরবের উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ডিসেম্বরের ২ হাজার ৩৫৫ ডলার থেকে বেড়ে ২ হাজার ৯৮৫ ডলার হয়েছে। দাম বেড়েছে ১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার প্রথম ম্যাচের টিকিটেরও।
নির্দিষ্ট ঘোষণা ছাড়াই টিকিটগুলো ছাড়ায় ক্রেতাদের ঘণ্টার পর ঘণ্টা ফিফার সাইটে অনুসন্ধান করতে হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে সঠিক লিংকে অনেকেই প্রবেশ করতে পারেননি, যদিও পরে ফিফা জানায় ত্রুটি সারিয়ে ফেলা হয়েছে।
১০৪টি ম্যাচের সব টিকিট একসাথে ছাড়া হয়নি। টুর্নামেন্ট চলাকালীন পর্যায়ক্রমে আরও টিকিট ছাড়া হবে বলে জানিয়েছে ফিফা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপ দিয়ে প্রথমবারের মতো ডায়নামিক প্রাইসিং মডেলে টিকিট বিক্রি করছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এর ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়বে বা কমবে। নতুন এই পদ্ধতি গ্রহণ করার ফলে শুরু থেকেই তীব্র সমালোচনার মুখে রয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফার নতুন টিকিট বিক্রি পদ্ধতির তীব্র বিরোধিতা করেছেন মার্কিন কংগ্রেসের ৬৯ জন ডেমোক্র্যাটিক সদস্য। সম্প্রতি ইউরোপের গ্রাহকদের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ টিকিটের দাম কমাতে ইউরোপীয় কমিশনের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

আসন্ন ফুটবল বিশ্বকাপ ঘিরে আয়-ব্যয়ের হিসাব নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। টুর্নামেন্টটি থেকে রয়েছে প্রায় ১১ বিলিয়ন ডলারের বেশি আয় হওয়ার সম্ভাবনা; বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩৫ হাজার কোটি টাকার বেশি। আর এতে অংশগ্রহণ ব্যয় মেটাতে বাড়তি অর্থ সহায়তা চেয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দা অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফার কাছে নিজেদের দাবি তুলে ধরেছে কয়েকটি সদস্য দেশ। তারা চায়, সংস্থাটি যেন ফিফার সঙ্গে আলোচনায় তাদের পক্ষে চাপ সৃষ্টি করে।
দলগুলোর উদ্বেগ, বিশ্বকাপে অংশ নিতে গিয়ে যে ব্যয় হবে, তা অনেক ক্ষেত্রে আয়কেও ছাড়িয়ে যেতে পারে। অন্তত লাভের অঙ্ক খুব বেশি নাও হতে পারে বলে আশঙ্কা তাদের।
আরও পড়ুন
| ২০০ ইনিংস কম খেলে কোহলির পাশে সাহিবজাদা |
|
টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ বিশ্ব ফুটবলের উন্নয়নে বিনিয়োগের কথা জানিয়েছে ফিফা। তবে অংশগ্রহণ করা দলগুলো ঠিক কতটা অর্থ পাবে- এ বিষয়ে এখনও পরিষ্কার কোনো ধারণা নেই।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি দলকে ‘প্রস্তুতি ব্যয়’ হিসেবে ১৫ লাখ ডলার দেওয়া হবে। এ ছাড়া প্রায় ৫০ সদস্যের একটি বহরের জন্য প্রতিটি দলকে খাবার, যাতায়াত ও আবাসনের জন্য অতিরিক্ত ভাতা দেওয়ার কথাও রয়েছে।
উত্তর আমেরিকার যৌথ আয়োজনে হতে যাওয়া এই বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, মেক্সিকো সিটিতে দুটি ম্যাচ দিয়ে। পরদিন টুর্নামেন্ট গড়াবে কানাডার টরন্টো ও যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ৪৮ দলের এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

ইতালির ফিফা বিশ্বকাপ স্বপ্ন আবারও ভেঙে চুরমার। সেই ভাঙনের যন্ত্রণা লুকোতে পারেননি অধিনায়ক জিয়ানলুইজি দোনারুম্মা। ম্যাচ শেষে অশ্রু ঝরিয়েছেন তিনি- নিজের জন্য, দলের জন্য, সমর্থকদের জন্য।
২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে প্লে-অফ ফাইনালে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে যায় ইতালি। ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না চারবারের চ্যাম্পিয়নদের।
ম্যাচে প্রথমার্ধেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলেসান্দ্রো বাস্তোনি। ১০ জনের দলে পরিণত হওয়ার পর দ্বিতীয়ার্ধে একের পর এক দারুণ সেভ করে দলকে লড়াইয়ে রাখেন দোনারুম্মা। কিন্তু টাইব্রেকারে ভাগ্য সহায় হয়নি- একটিও শট ঠেকাতে পারেননি তিনি।
আরও পড়ুন
| ইতিহাসের সবচেয়ে বড় লোকসানের রেকর্ড চেলসির |
|
ম্যাচ শেষে উত্তেজনাও ছড়ায় মাঠে। টাইব্রেকারের সময় বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিলজের সঙ্গে তর্কে জড়ান দোনারুম্মা। প্রতিপক্ষের ‘পেনাল্টি নোট’ নষ্ট করার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। শেষ বাঁশির পর প্রতিপক্ষের খেলোয়াড়দের দিকে তেড়ে গেলে সতীর্থদেরই তাকে থামাতে হয়।
তবে সব উত্তেজনার পর নিজের ভেতরের কষ্টটাই সামনে এনেছেন ইতালির এই গোলরক্ষক। সামাজিক যোগাযোগমাধ্যমে বিশদ বার্তা দিয়েছেন তিনি।
“গত রাতে আমি কেঁদেছি। কেঁদেছি এই হতাশা থেকে- ইতালিকে তার প্রাপ্য জায়গায় নিতে না পারার যন্ত্রণায়।”
“আমি কেঁদেছি, কারণ আমি যে গভীর দুঃখ অনুভব করছি- আমাদের পুরো আজ্জুরি দলের সঙ্গে, তার জন্য, যেই দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত। আমি জানি আমাদের জাতীয় দলের সমর্থকরাও একই অনুভূতি অনুভব করছেন।”
২০১৬ সালে মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হওয়া দোনারুম্মা এখনও বিশ্বকাপে খেলার স্বাদ পাননি। কারণ ২০১৪ সালের পর বিশ্বকাপ খেলেইনি ইতালি। এবার ২০২৬ মিস করায় অন্তত ২০৩০ পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে- তখন তার বয়স হবে ৩১।
তবে বিশ্বাস হারাচ্ছেন না দোনারুম্মা। নতুন উদ্যমে আবার শুরুর আহ্বান জানিয়েছেন তিনি।
“সবসময় বিশ্বাস রাখুন- এটাই সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি। কারণ জীবন তাদেরই পুরস্কৃত করতে জানে, যারা বিন্দুমাত্র না থেমে নিজেদের সর্বোচ্চটা দেয়। আর এখান থেকেই আমাদের আবার শুরু করতে হবে। একসঙ্গে, আবারও।”

ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না চেলসির। সবশেষ পাঁচ ম্যাচের তিনটি হেরেছে তারা, জয় স্রেফ একটি। এর মাঝে আর্থিক লোকসানের খবরও জানাল তারা। ইংলিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি লোকসানের রেকর্ড করেছে পশ্চিম লন্ডনের ক্লাবটি।
এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, ২০২৪-২৫ মৌসুমে কর দেওয়ার আগে তাদের লোকসানের পরিমাণ ২৬ কোটি ২৪ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৪ হাজার ২৯১ কোটি টাকার বেশি। ইংলিশ ফুটবলের ইতিহাসে এক মৌসুমে এটিই সর্বোচ্চ লোকসানের রেকর্ড।
এর আগে ২০১১ সালে ১৯ কোটি ৭৫ লাখ পাউন্ড লোকসানের ঘোষণা দিয়েছিল ম্যানচেস্টার সিটি। এর বাইরে আরও দুই মৌসুমে ১৫ কোটি পাউন্ডের বেশি লোকসান করেছে চেলসি- ২০২৩ সালে ১৫ কোটি ৫৯ লাখ পাউন্ড ও ২০২১ সালে ১৫ কোটি ৫০ লাখ পাউন্ড।
আরও পড়ুন
| রোনান-মানিকদের নিয়ে গর্বিত কোচ কক্স |
|
অথচ ২০২৪-২৫ মৌসুমে ইউয়েফা কনফারেন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ জিতেছে চেলসি। প্রিমিয়ার লিগ শেষ করেছে ৪ নম্বরে থেকে যার সৌজন্যে ৪৯ কোটি ৯ লাখ পাউন্ড রাজস্ব আয় করেছে চেলসি। তবু লোকসানের অঙ্ক রেকর্ড গড়েছে তারা।
২০২২ সালে ব্লুকো চেলসির মালিকানা কিনে নেওয়ার পর ক্লাবে খেলোয়াড় আনা বাবদ ১০০ কোটির বেশি পাউন্ড খরচ হয়েছে। যা দিয়ে অনেক তরুণ ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করা হয়েছে।
এছাড়া চলতি মৌসুমের শুরুতে দল গঠনে খরচের অনুপাত ঠিক না রাখায় চেলসিকে ২ কোটি ৬৭ লাখ পাউন্ড জরিমানা করেছিল ইউয়েফা।

গ্রুপ পর্বে তুমুল লড়াইয়ের পর এবার শিরোপা নির্ধারণী ম্যাচে আবার মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। নিজ নিজ সেমি-ফাইনাল ম্যাচ জিতে ফাইনালের টিকিট কেটেছে প্রতিবেশী দেশ দুইটি।
মালদ্বীপের রাজধানী মালেতে শুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ-ভারত।
একই মাঠে বুধবার বিকেলে নেপালকে ১-০ গোলে হারিয়েছে ফাইনালে উঠেছে বাংলাদেশ। পরে দ্বিতীয় সেমি-ফাইনাল ম্যাচে ভুটানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত।
আরও পড়ুন
| রোনান-মানিকদের নিয়ে গর্বিত কোচ কক্স |
|
ফাইনালের আগে গ্রুপেও মুখোমুখি হয়েছিল ভারত-বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে জেতেনি কেউ। ১-১ গোলে ড্র হয় ওই ম্যাচ।
এবার চতুর্থবারের মতো বয়সভিত্তিক সাফের ফাইনালে মুখোমুখি হবে দুই দল। এর আগে ২০১৯ সালে অনূর্ধ্ব-১৮, ২০২২ সালে অনূর্ধ্ব-২০ ও ২০২৫ সালে অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ।
এখন পর্যন্ত বিভিন্ন বয়সের ক্যাটাগরিতে সাতবার হয়েছে বয়সসভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপ। এর মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত, দুইবার নেপাল। আর ২০২৪ সালে অনূর্ধ্ব-২০ পর্যায়ের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
প্রায় তিন বছর পর আবারও অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ। দ্বিতীয় শিরোপার খোঁজে ভারতকে হারাতে হবে তাদের।