১৮ আগস্ট ২০২৫, ৯:৩৯ পিএম

বৈরিতার কারণে ভারতে অনুষ্ঠেয় হকি এশিয়া কাপ বয়কট করে পাকিস্তান। তাতে ২৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে সুযোগ মিলেছে বাংলাদেশের। কুড়িয়ে পাওয়া এই সুযোগ দারুণভাবে কাজে লাগাতে চায় তারা। জাতীয় হকি দলের দুই অভিজ্ঞ খেলোয়াড় সোহানুর রহমান সবুজ ও পুস্কর খীশা মিমো জানালেন, এশিয়া কাপ কাজে লাগিয়ে বিশ্বকাপ বাছাইয়ে খেলার আরেকটা সুযোগ নিতে চান তাঁরা।
এবারের এশিয়া কাপ ভারতে হবে এটা আগেই নির্ধারিত ছিল। যে কারণে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে ছিল শঙ্কা। হলোও তাই, ১০ দিন আগে বয়কট করে বসল ভারতের প্রতিবেশী দেশটি। এ দিকে বাংলাদেশও সেই সুযোগের সদ্ব্যবহার করতে চায়, সে কারণে ক্যাম্প চলমান রেখেছে তারা।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে পল্টনের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কোচ মশিউর রহমান বিপ্লবের অধীনে অনুশীলন করছেন জাতীয় দলের খেলোয়াড়েরা। নতুন করে সুযোগটা পাওয়ায় সোহানুরদের প্রস্তুতিও তাই কঠোর পরিশ্রমে। টি স্পোর্টসকে হাসির ছলে বললেন,
‘এখন তো মনে করেন রাত দিন এক হয়ে গেছে।’
এশিয়া কাপ নিয়ে লক্ষ্যের কথা বলতে গিয়ে সোহানুর বলেন,
‘যেহেতু সুযোগ এসেছে, ভালো কিছু করতে হবে। আর সুপার সিক্সে থাকতে পারি তাহলে বিশ্বকাপে খেলার আরেকটা সুযোগ তৈরি হবে।’
বিশ্বকাপ কোয়ালিফাই করার প্রসঙ্গে ২৪ বছর বয়সী হকি তারকা স্মরণ করিয়ে দিলেন যুবাদের। যারা আসন্ন যুব হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। ছোটরা যেহেতু প্রথমবারের মতো দারুণ এই কীর্তি গড়েছেন, সেই পথে জাতীয় দলকেও দেখতে চান সোহানু,
‘আমাদের জুনিয়ররা কোয়ালিফাই করেছে, এখন আমাদেরও করতে হবে ইনশাআল্লাহ।’
বাংলাদেশের অবশ্য এশিয়া কাপে খেলার সরাসরি সুযোগ ছিল গত এপ্রিলে। কিন্তু এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সুযোগ হারায় তারা। ফলে ৪৩ বছরের ইতিহাসে এবারই প্রথম সরাসরি অংশ নিতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের বয়কট যেন আশীর্বাদ হিসেবে ধরা দিয়েছে বাংলাদেশের সামনে।
এপ্রিলের ওই আসরে ফাইনালে উঠতে না পারার কষ্ট এখনো তাড়া করে বেড়ায় পুস্কর খীশা মিমোকে। যদিও মন খারাপের সেই অধ্যায় ভুলে এবার দারুণ কিছু করে দেখাতে দৃঢ় প্রতিজ্ঞ রাঙামাটি থেকে উঠে আসা এই হকি তারকা,
‘আসলে সর্বশেষ টুর্নামেন্টে আমরা কোয়ালিফাই করতে পারিনি। এ জন্য মন খারাপ ছিল সবার। এখন যেহেতু একটা সুযোগ হয়েছে আমরা এটাকে কাজে লাগিয়ে এশিয়া কাপে ভালো কিছু করতে চাই।’
সবশেষ জাতীয় দলের সহকারী কোচ মশিউর রহমান বিপ্লবের অধীনে নিজেদের প্রস্তুত করছেন বলে জানান মিমো। এবার তাঁর লক্ষ্য অন্তত সেরা ছয়ে থাকা,
‘পাকিস্তান না আসাতে সুযোগ হয়েছে, সেরা ছয়ে থাকতে পারলে বিশ্বকাপ কোয়ালিফাই রাউন্ড খেলতে পারব।’
বিপ্লবের অধীনে কি নিয়ে কাজ করছেন সেটি আরও বিস্তারিত বলেছেন সোহানুর,
‘আমাদের ফিজিক্যাল এবং টেকনিক নিয়ে কাজ হচ্ছে। ভারতসহ অন্যান্য দল অনেক ভালো করছে, তাদের সঙ্গে কিভাবে ভালো খেলা যায় এবং কম গোল খাওয়া যায় সেটাই চেষ্টা করব। চাইনিজ তাইপে এবং ওমানকে হারানোর টার্গেট করব।’
No posts available.
৩ মে ২০২৬, ৭:৫৮ পিএম
২৩ এপ্রিল ২০২৬, ৭:০৩ পিএম

জাপানে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে স্বস্তিদায়ক সুখবর পেল বাংলাদেশ নারী ও পুরুষ অনূর্ধ্ব-১৮ হকি দল। সামনের এই টুর্নামেন্টের জন্য অনূর্ধ্ব-১৮ দুই দলের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর।
রোববার এক অনুষ্ঠানে বাংলাদেশ হকি ফেডারেশন এবং ইপিলিয়ন গ্রুপ ও ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সেইলরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়ে।
জাপানে আগামী ২৯ মে শুরু হবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৬ জুন।
টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ সফল করতে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর মোট ১ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। এই সহায়তার আওতায় থাকবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয়, আবাসন, খাবার, টিম কিট, ইউনিফর্ম, সরঞ্জাম, প্রশিক্ষণ প্রস্তুতি এবং টুর্নামেন্ট-সম্পর্কিত অন্যান্য ব্যয়।
স্পন্সরশিপের অংশ হিসেবে ম্যাচ জার্সি, প্র্যাকটিস জার্সি, ট্রাউজার, ট্রাভেল পোলো ও টি-শার্টের সামনে সেইলর ও ইপিলিয়ন গ্রুপের লোগো প্রদর্শিত হবে। ব্যানার, ব্যাকড্রপ, প্রচারণা সামগ্রী, প্রেস রিলিজ, সোশ্যাল মিডিয়া এবং অফিসিয়াল যোগাযোগ মাধ্যমেও এই অংশীদারিত্বের ব্র্যান্ডিং থাকবে।
সেইলর-র চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রেজাউল কবির বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ হকি দল আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, এই যাত্রায় তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইপিলিয়ন গ্রুপ ও সেইলর সবসময় সম্ভাবনাময় তরুণদের উৎসাহিত করতে বিশ্বাস করে। এই স্পন্সরশিপ শুধু আর্থিক সহায়তা নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।’
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.) বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ হকি দলের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইপিলিয়ন গ্রুপ ও সেইলরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এই সহায়তা দলের প্রস্তুতি, অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এশিয়ান গেমসের বাছাই ফাইনালে চায়নিজ তাইপের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশের নারী হকি দল। গত সপ্তাহে পূর্ব এশিয়ার দলটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেও আজ নিজেদের মেলে ধরতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
জাকার্তার জিবিকে হকি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালের প্রধমার্ধ শেষ হয় ১-১ গোলের ব্যবধানে। ম্যাচের অষ্টম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে উৎসব এনে দেন অধিনায়ক অর্পিতা পাল। তবে ১৭তম মিনিটে বাংলাদেশর ছন্নছাড়া রক্ষণের সুযোগ নিয়ে সমতায় ফেরে চাইনিজ তাইপে। ওয়াং চিউর গোলের পর স্বস্তি নিয়ে বিরতিতে যায় তারা।
বিরতির পর ৩২তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ২-১ ব্যবধানে লিড নেওয়ার পর ৪০তম মিনিটে স্কোরলাইন ৩–১ করে ফেলে তাইপে। এরপর অবশ্য আরও একটি গোল পরিশোধ করে বাংলাদেশ। অর্পিতার সেই গোলের পর শেষদিকে আক্রমণের পসরা সাজালেও খেলায় ফিরতে পারেনি লাল-সবুজ দল।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি টুর্নামেন্টের বাছাইপর্বে প্রথমবার খেলতে নেমেই ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। এশিয়ান গেমসের বাছাইপর্বে আজ হংকং চায়নাকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবার এশিয়ান গেমসেও নাম লেখাল লাল–সবুজের প্রতিনিধিরা।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ ‘এ’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ড্র করলেই মূলপর্বের টিকিট কাটার লক্ষ্য পূরণ হতো বাংলাদেশের। শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেই প্রাপ্তির পূর্ণতায় ভেসেছে জাহিদ হোসেন রাজুর শিষ্যরা।
চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ ড্রয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারায়। আন্তর্জাতিক আঙিনায় এটি ছিল দলের প্রথম জয়।
তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট সাত। নিয়ম অনুযায়ী দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে সরাসরি আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ। এ সমীকরণ বাংলাদেশ মিলিয়ে নিল অপরাজিত থেকে নকআউট পর্বে উঠে।
পুল ‘এ’তে চাইনিজ তাইপে উজবেকিস্তানকে হারালে তাদেরও বাংলাদেশের সমান সাত পয়েন্ট হবে। তখন গোল ব্যবধানে গ্রুপ সেরা নির্ধারণ হবে। ড্র করলে চাইনিজ তাইপে গ্রুপ রানার্স আপ হবে। আর উজবেকিস্তান জিতলে ছয় পয়েন্টে তাইপেকে টপকে তারা গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনাল খেলবে।
ম্যাচের শুরুতে লিড নেয় হংকং। এরপর ১০ মিনিটে সমতায় ফিরে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলের কেউ গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে কনার গোলে লিড নেয় বাংলাদেশ। এমার বাড়িয়ে দেয়া বল হংকংয়ের গোলরক্ষক আটকানোর চেষ্টা করে সফল হননি। গোলরক্ষকের সামনে পড়া বল স্টিক দিয়ে দারুণ দক্ষতায় গোল করেন কনা। বাংলাদেশ এই কোয়ার্টারে আরও পেনাল্টি কর্নার পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি। শেষ কোয়ার্টারে দুই দলই গোলের চেষ্টা করে ব্যর্থ হয়।
এ বছরের সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। যেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে।

আন্তর্জাতিক হকির আঙিনায় নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল। নিজেদের ইতিহাসের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জয় তুলে নিলো বাংলাদেশ। আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
প্রথম ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করার পর এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।
ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে মেয়েদের। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন শারিকা রিমন। তবে সমতায় ফিরতে সময় নেয়নি উজবেকিস্তান; ঠিক এক মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোলটি শোধ করেন খুজায়েভা মাদিনাবোনু।
২৪ মিনিটে কনা আক্তারের দুর্দান্ত এক ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা। বিরতির পর ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের ব্যবধান ৩-১ করেন আইরিন আক্তার রিয়া।
৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে উজবেকিস্তান ব্যবধান ৩-২ করলেও বাকি সময়টা লিড ধরে রাখে বাংলাদেশ। এই জয়ে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া।
পুলের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে পিছিয়ে থেকেও ৫-৫ গোলে ড্র করে ১ পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ। আজ উজবেকিস্তানকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ায় ‘পুল এ’তে বাংলাদেশের অবস্থান এখন সুসংহত।
আগামী পরশু পুল পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় বা ড্র করতে পারলেই সেমিফাইনালের সঙ্গে এশিয়ান গেমসে খেলারও টিকিট পাবেন অর্পিতা-আইরিনরা।

ম্যাচের তৃতীয় কোয়ার্টারে এক পর্যায়ে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকেও জেতা হলো না লাল সবুজের মেয়েদের। তারপরও নারী হকিতে বাংলাদেশের যাত্রাটা হলো রোমাঞ্চকর।
এশিয়ান গেমস হকি বাছাইয়ে আজ বৃহস্পতিবার ১০ গোলের থ্রিলারে চায়নিজ তাইপেকে ৫-৫ ব্যবধানে রুখে দিয়েছে জাহিদ আহমেদ রাজুর দল।
চায়নিজ তাইপে র্যাঙ্কিংয়ের ৫৫তম দল হওয়ায় কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে নামে আনকোরা বাংলাদেশ। যদিও মাঠের লড়াইয়ে চোখে চোখ রেখে খেলে সিনিয়র পর্যায়ে নিজেদের ইতিহাসে প্রথম ম্যাচ খেলা বাংলাদেশ নারী হকি দল।
ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি মাঠে প্রথম কোয়ার্টারেই জমে ওঠে ম্যাচ। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। কিন্তু পরের মিনিটেই সমতা ফেরায় চায়নিজ তাইপে। দশম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবারও বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক অর্পিতা পাল। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ৩-১ করেন বাংলাদেশ অধিনায়ক।
এরপর শুরু হয় চায়নিজ তাইপের প্রতিরোধ। দ্বিতীয় কোয়ার্টারের ভেতরই ম্যাচে সমতা ফেরায় তারা। তৃতীয় কোয়ার্টারে এগিয়ে যায় ৫-৩ গোলেও।
বাংলাদেশ অবশ্য হার মানেনি। ৪০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান কমান কনা আক্তার। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন অর্পিতা।
আগামীকাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।