
শুক্রবার সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে শুরু থেকে উত্তর কোরিয়ার মুহুর্মুহু আক্রমণ সামলে একটা সময় গোলশূন্য বিরতিতে যাওয়ার অপেক্ষায় ছিল বাংলাদেশ। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে দুই মিনিটের মধ্যে দুই গোল হজম করে লাল সবুজের মেয়েরা। দ্বিতীয়ার্ধেও দেখা গেছে এমন চিত্র। এমনকি চীনের বিপক্ষে ২-০ ব্যবধানে হারা ম্যাচেও গোল হয়েছিল পরপর দুই মিনিটে।
উত্তর কোরিয়ার বিপক্ষে পরপর গোল হজম ঠেকাতে ভিন্ন পরিকল্পনা করেন বাটলার। আগের ম্যাচের চীনের বিপক্ষে প্রথমার্ধের শেষ দিকে খেই হারিয়ে সর্বনাশ ডেকে আনেন আফঈদা খন্দকাররা। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে কারণে আজ প্রথমার্ধ বিরতির আগেই একসঙ্গে ৩ পরিবর্তন আনেন বাংলাদেশে কোচ পিটার বাটলার।
আরও পড়ুন
| মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার |
|
৪৪ মিনিটে মাঠে নামেন স্বপ্না রানী, আনিকা রানিয়া সিদ্দিকী এবং উমেহ্লা মারমা। উঠে যান শামসুন্নাহার জুনিয়র, আইরিন খাতুন ও তহুরা খাতুন। সেই পবির্তনের কারণ ব্যাখ্যায় ম্যাচ শেষে বাটলার বলেছেন, ‘অনুভব করেছি হাফটাইমে যাওয়ার আগে এটি প্রয়োজন ছিল। কারণ অতিরিক্ত সময় মিলে আরও প্রায় ১০ মিনিট বাকি ছিল খেলা। আমার মনে ছিল যে চীনের বিপক্ষে গত ম্যাচে ক্লান্তির কারণে আমরা ৪২, ৪৩ বা ৪৪ মিনিটের দিকে দুটি গোল খেয়েছিলাম। আমি কেবল সতেজতা আনতে চেয়েছিলাম এবং আসলে আরও ৫-১০ মিনিট আগেই পরিবর্তনগুলো করতে চেয়েছিলাম। এটাই ছিল পেছনের যুক্তি। কেউ বলবে এটি সঠিক, কেউ বলবে ভুল, কিন্তু আমার মনে হয়েছে আমাদের ক্লান্ত দেখাচ্ছিল এবং হাফটাইমে যাওয়ার আগে একটু নতুন গতির প্রয়োজন ছিল।’
খেলোয়াড়দের ব্যর্থতায় যদিও কোচের পরিকল্পনা এদিন কাজে লাগেনি। খানিক পরই নিজেদের বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে টেনে মাটিতে ফেলে দেন আফঈদা খন্দকার। পেনাল্টি থেকে এগিয়ে যায় উত্তর কোরিয়া। ওই গোল হজমের এক মিনিট পর আরও এক গোল হজম করে বাংলাদেশ। যে কারণে বাটলারের পরিকল্পনা শেষ পর্যন্ত কাজে দেয়নি।
বাংলাদেশের পরের ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে। ৯ মার্চ ওই ম্যাচটি গড়াবে পার্থে। এর আগে বাংলাদেশের প্রথম দুই ম্যাচ হয়েছে সিডনিতে। পার্থে মাঠে নামার আগে মাঝে দুই দিন সময় পাবে বাংলাদেশ।
অনেকের কাছেই বাংলাদেশের আসল লড়াইটা হবে উজবেকিস্তানের বিপক্ষে। টুর্নামেন্টে একমাত্র যাদের বিপক্ষে জয়ের আশা করে দেশ ছেড়েছে বাংলাদেশ। আর শেষ ম্যাচ জিতলে মিলবে শেষ আটের টিকিটও। এই ম্যাচ নিয়ে বাটলার আজ বলেন, ‘মেয়েরা এখন আইস বাথ নেবে। কাল আমরা পার্থে যাব এবং নিজেদের প্রস্তুত করব। আমি জানি আমি কোন সিস্টেমে খেলাব। চেয়েছিলাম বড় কোনো ইনজুরি ছাড়াই এই ম্যাচটি শেষ করতে। এটি মেয়েদের জন্য একটি দুর্দান্ত শেখার সুযোগ।’
উজবেকিস্তানও বাংলাদেশের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে। বাংলাদেশ ১১২-তে আর উজবেকিস্তান তালিকার ৪৯ নম্বরে। বাংলাদেশের চেয়ে তারা এএফসি এশিয়ান কাপেও খেলেছে বেশিবার। উজবেকিস্তান ম্যাচের আগে তাই প্রত্যাশায় লাগাম টানতে চাইলেন বাটলার, ‘আপনারা যা ভুলে যান তা হলো এই দলটির গড় বয়স ১৯.৫ বছর। আর প্রতিপক্ষের গড় বয়স ২৩-২৪ বছর। তাই আমরা একটি ভিন্ন শক্তির বিরুদ্ধে লড়ছি। আমরা আবার লড়াই করব হাসিমুখে এবং আমাদের সেরাটা দেব। যদি সেটা যথেষ্ট হয় তবে ভালো, আর না হলে জীবন তার গতিতে চলবে।’
No posts available.
৬ মার্চ ২০২৬, ৭:২৬ পিএম

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষটা মোটেও ভাল ছিল না বসুন্ধরা কিংসের জন্য। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে ৩–৩ গোলের ড্রয়ে এককভাবে শীর্ষে থেকে বিরতিতে যেতে পারেনি ক্লাবটি। তবে দুই মাস পর মাঠে ফিরে দ্বিতীয় পর্বের শুরুটা তারা করেছে জয় দিয়েই। গতকাল নবাগত পিডব্লিউডি এসসিকে ঘরের মাঠে হারিয়েছে ২–০ গোলে।
প্রথম লেগে পিডব্লিউডির বিপক্ষে ২–২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছিল মারিও গোমেসের দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় অবশ্য তেমন চমক দেখাতে পারেনি পিডব্লিউডি। বসুন্ধরার এগিয়ে যেতে সময় লাগে মাত্র ২২ মিনিট। রিমনের পাসে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে জাল কাঁপান মোহাম্মদ হৃদয়।
দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন করা গোল পেতে অবশ্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দ্বিতীয় গোলটি আসে সানডে এমানুয়েলের পা থেকে। রাকিব হোসেনের নিঁখুত অ্যাসিস্ট কাজে লাগাতে কোনো ভুল করেননি এই নাইজেরিয়ান।
এই জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠেছে কিংস। এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ফর্টিস এফসি। আজ বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে তারা।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৪–১ গোলে হারিয়ে তিনে উঠে এসেছে আবাহনী লিমিটেড। দলের হয়ে জোড়া গোল করেন ব্রুনো মাতোস। ২১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন তিনি। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমেকা ওগবুগ।
বিরতির পরও দাপট দেখায় আবাহনী। ৫৩ মিনিটে সুলেমান দিয়াবাতের ব্যাকপাস থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ব্রুনো। ৭৩ মিনিটে দিয়াবাতের আরেকটি অ্যাসিস্ট কাজে লাগিয়ে গোলের খাতায় নাম লেখান কাজেম শাহ। শেষ দিকে রহমতগঞ্জের হয়ে সলোমন কিং গোল করলেও তা শুধু ব্যবধানই কমিয়েছে।
জয়ের পর আবাহনী গোলকিপার মিতুল মারমা বলেন,
‘আসলে অনেকদিন পরে আমাদের লিগ মাঠে গড়াচ্ছে, এটা আমাদের জন্য ভালো। আমরা মাঠে ফিরতে পেরেছি। আর আমাদের আবাহনী সবসময়ই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। আমাদের শুরু থেকে এখন লক্ষ্য আছে আমরা চ্যাম্পিয়নশিপের জন্য লড়াই করব। যেহেতু শুরুটা জয় দিয়ে হয়েছে, এই জয়ের ধারাবাহিকতা যেন ধরে রাখতে পারি।’
এই জয়ে আবাহনীর সংগ্রহ ১৬ পয়েন্ট। তাদেরকে টপকে ওপরে ওঠার সুযোগ থাকলেও ১৫ পয়েন্ট পাওয়া পুলিশ এফসি গাজীপুরে ১–১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে। মানিকগঞ্জে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে ফকিরেরপুলও।

গত সপ্তাহে আল ফায়হার বিপক্ষে ম্যাচে চোটে পড়ে মাঠ ছাড়েন ক্রিস্তিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিংয়ের এই চোট নিয়ে প্রথমে খুব একটা মাথাব্যথা ছিল না আল নাসরের কোচের। তবে জর্জে জেসুস আজ জানালেন গুরুতর চোটেই পড়েছেন ‘সিআর সেভেন’।
ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পাওয়া রোনালদো চিকিৎসার জন্য স্পেনের মাদ্রিদে যাবেন। সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন আল নাসর কোচ জর্জে জেসুস। ৪১ বছর বয়সী মহাতারকার মাঠে ফেরার সময়সীমা নিয়ে স্পষ্ট কিছুই জানাননি তিনি।
সৌদি প্রো লিগে আগামীকাল ঘরের মাঠে নিওমের বিপক্ষে ম্যাচের আগে আল নাসরের কোচ বলেন,
‘গত ম্যাচে ক্রিস্তিয়ানো মাংসপেশীর চোট নিয়ে মাঠ ছাড়েন। পরীক্ষার পর দেখা গেছে, চোটটি আমরা যা ভেবেছিলাম তার চেয়ে গুরুতর। তাঁর যথাযথ বিশ্রাম এবং পুনর্বাসন প্রয়োজন। ক্রিস্তিয়ানো চিকিৎসার জন্য স্পেনে যাবেন, যেমন অন্যান্য চোটে পড়া খেলোয়াড়রাও যাচ্ছেন।’
স্পেনে রোনালদোর নিজের ব্যাক্তিগত ফিজিওথেরাপিস্টের কাছে চিকিৎসা নেবেন বলে জানান জর্জে জেসুস। দলের সেরা ফরোয়ার্ডকে দ্রুত ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন পর্তুগিজ এই কোচ।
বিশ্বকাপের মাস তিনেক আগে চোট খানিকটা দুশ্চিন্তার কারণ হতে পারে রোনালদোর জন্য। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আশা করছেন, এই মাসের পর্তুগালের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগেই মাঠে ফিরতে পারবেন তিনি।
৪১ বছর বয়সেও নিয়মিত দলের জয়ে অবদান রাখা রোনালদো সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন। এই মৌসুমে লিগে পর্তুগাল অধিনায়ক করেছেন ২১টি গোল। ইংলিশ ফরওয়ার্ড ইভান টনি আল আহলির হয়ে ২৩টি গোল নিয়ে শীর্ষে আছেন।
আগামী ২৮ মার্চ রিনোভেটেড অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকোর মুখোমুখি হবে পর্তুগাল। এরপর ৩১ মার্চ অ্যাটলান্টার জর্জিয়ায় রোনালদোর দলের প্রতিপক্ষ আসন্ন বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। এর আগেই সর্বকালের অন্যতম সেরা তারকা ফিট হতে পারেন কি না সেটাই দেখার।

দলবদলের বাজারে বড় ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ। পিএসজি থেকে ভিতিনিয়াকে দলে ভেড়ানো কঠিন হয়ে পড়ায় এখন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেসের দিকে চোখ পড়েছে স্প্যানিশ জায়ান্টদের।
স্প্যানিশ ট্রান্সফার মার্কেট সংবাদমাধ্যম ফিচাহেসের প্রতিবেদন, আগামী গ্রীষ্মকালীন দলবদলে এনজোকে পেতে ১২০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ।
২০২২ বিশ্বকাপজয়ী তারকা এনজোকে রিয়াল মাদ্রিদ তাদের মাঝমাঠের ভবিষ্যৎ হিসেবে বিবেচনা করছে। সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটির বিশ্বাস, এনজো দলে এলে দলের আক্রমণভাগ আরও ধারালো আরও কার্যকার হবে।
আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে খেলার সময় থেকেই এনজো ফার্নান্দেসকে নজরে রাখছে রিয়াল মাদ্রিদের স্কাউটিং বিভাগ। মাদ্রিদের বর্তমান মাঝমাঠে ফেদেরিকা ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, ওরেলিয়াঁ চুয়ামেনিদের মতো ফুটবলার থাকলেও, খেলার গতি নিয়ন্ত্রণ করার মতো একজন নিখুঁত প্লে-মেকারের অভাব বোধ করছে ক্লাব কর্তৃপক্ষ।
অবশ্য এনজোকে দলে পাওয়া রিয়াল মাদ্রিদের জন্য মোটেও সহজ হবে না। ২০২৩ সালের জানুয়ারিতে রেকর্ড ১২ কোটি ১০ লাখ ইউরোতে চেলসিতে যোগ দেওয়া এই মিডফিল্ডারের সঙ্গে লন্ডনের ক্লাবটির চুক্তি রয়েছে ২০৩২ সাল পর্যন্ত।
এনজোকে বর্তমানে বিক্রির কোনো পরিকল্পনা নেই চেলসির। তবে তিনি নিজে ক্লাব ছাড়ার জোরালো ইচ্ছা প্রকাশ করলে, চেলসি আলোচনার টেবিলে বসার সম্ভাবনা আছে।
স্প্যানিশ একাধিক সংবাদমাধ্যমের গুঞ্জন অনুযায়ী, এনজো ফার্নান্দেসের প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যেই অনানুষ্ঠানিক যোগাযোগ শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাবটি যদি বাস্তবে রূপ নেয়, তবে এটি হবে ২০২৬ সালের অন্যতম আলোচিত দলবদল।

আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে সেনেগালের কাছে হেরে শিরোপা হারানোর পরই চাকরি ছাড়ার গুঞ্জন ওঠে মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের। শেষ পর্যন্ত সরেই দাড়ালেন তিনি। গতকাল এক সংবাদ সম্মেলনে মরক্কো কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন রেগরাগুই।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের ১০০ দিনেরও কম সময় বাকি থাকতে বিদায় নিলেন মরক্কোর কোচ। সংবাদ সম্মেলনে মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি ফৌজি লেকজা-কে সঙ্গে নিয়েই উপস্থিত হন রেগরাগুই। একই সঙ্গে বিদায়ী কোচকে সম্মান জানানোর অনুষ্ঠানিকতাও সম্পন্ন করা হয়।
মরক্কোর ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জানিয়েছেস, নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া হবে মোহাম্মদ উওহবিকে। গত বছর চিলিতে মরক্কোর অনূর্ধ্ব-২০ দলের বিশ্বকাপ জয়ের সময়ও তিনি ছিলেন দায়িত্বে।
৫০ বছর বয়সী রেগরাগুইয়ের কোচিংয়ে ২০২২ বিশ্বকাপে ইতিহাস গড়ে মরক্কো। আফ্রিকা ও আরব বিশ্বের জন্য প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে আশরাফ হাকিমিরা। তবে চলতি বছরের জানুয়ারিতে ঘরের মাঠে অনুষ্ঠিত আফ্রিকা কাপ অফ নেশনস-এর ফাইনালে সেনেগালের কাছে নাটকীয় ম্যাচে ১–০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করার পর সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
মরক্কোর দায়িত্ব ছাড়ার পর রেগরাগুই বলেন, ‘দলের এখন নতুন মুখ, ভিন্ন শক্তি এবং নতুন দৃষ্টিভঙ্গির একজন কোচ প্রয়োজন। বিশ্বকাপের আগে দলের মধ্যে নতুন উদ্দীপনা ও নতুন পরিকল্পনা দরকার, যাতে আমরা এগিয়ে যেতে পারি। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্তটাও দলের এই অগ্রযাত্রারই অংশ।’
রেগরাগুই ২০২২ সালের সেপ্টেম্বরে মরক্কোর দায়িত্ব নেওয়ার পর ৪৯ ম্যাচে ৩৬ জয়, ৮ ড্র এবং মাত্র ৫ হারে নজরকাড়া রেকর্ড তৈরি করেছিলেন। এছাড়া তাঁর অধীনে জুন ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত মরক্কো টানা ১৯ ম্যাচ জিতে বিশ্বরেকর্ডও গড়েছিল।
রেগরাগুই কোচ হওয়ার পর মরক্কো দলের পারফরম্যান্স নিয়ে আশা ও প্রত্যাশা পারদ কেবলই বাড়ছিল। বিশ্বকাপে সাফল্য ও বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে প্রত্যাশা আরও বেড়ে গেলেও রেগরাগুইয়ের রক্ষণাত্মক খেলার ধরন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। ১৯৭৫ সালের পর থেকে কোনো মহাদেশীয় শিরোপা জিততে না পারা দলটি ঘরের মাঠে খরা কাটানোর সুবর্ণ সুযোগ পায়। তবে সেনেগালের কাছে ট্রফি হারানোর পর রেগারগুইয়ের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয়। যার শেষটা হয় গতকাল আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে।
মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ রেগরাগুইকে একজন ‘কিংবদন্তি’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, কোচের নেতৃত্ব, আবেগ ও দৃষ্টিভঙ্গি শুধু খেলোয়াড়দেরই নয়, পুরো দেশ এবং বিশ্বজুড়ে কোটি ভক্তকে অনুপ্রাণিত করেছে,
‘মরক্কোর ফুটবল ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় ছাপ রেখে গেছেন। আমাদের স্বপ্ন দেখানোর জন্য এবং এত গর্বের সঙ্গে দেশের এই রঙ ধারণ করার জন্য তাকে ধন্যবাদ।’
মরক্কো আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে এই মাসে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। ২৭ মার্চ তারা স্পেনের মাদ্রিদে ইকুয়েডর-এর মুখোমুখি হবে। চার দিন পর ফ্রান্সের লঁসে হাকিমিরা মাঠে নামবে প্যারাগুয়ের বিপক্ষে। বিশ্বকাপে গ্রুপ সি-তে মরক্কোর প্রতিপক্ষ ব্রাজিল, স্কটল্যান্ড ও হাইতি।

সান্তিয়াগো বার্নাব্যুতে এক সমর্থকের নাৎসি স্যালুট দেওয়ার দায়ে রিয়াল মাদ্রিদকে বড় অংকের জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইউয়েফা। একই সঙ্গে আগামী এক বছরের জন্য স্থগিত নিষেধাজ্ঞা হিসেবে গ্যালারির একটি অংশ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত মাসে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে শেষ ষোলো ওঠার লড়াইয়ের দ্বিতীয় লেগে ঘটনাটি ঘটে। ইউয়েফা বিষয়টিকে বর্ণবাদী এবং বৈষম্যমূলক আচরণ হিসেবে অভিহিত করেছে।
শাস্তি হিসেবে ইউয়েফার শৃঙ্খলা কমিটি রিয়াল মাদ্রিদকে ১৫ হাজার ইউরো জরিমানা করেছে। পরবর্তী ইউরোপীয় প্রতিযোগিতার ম্যাচে দক্ষিণ প্রান্তের নিচের গ্যালারির ৫০০টি আসন খালি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই আংশিক স্টেডিয়াম বন্ধের নির্দেশটি আপাতত এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ের মধ্যে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে শাস্তিটি কার্যকর হবে।
রিয়াল ও বেনফিকার এই দ্বৈরথ আগে থেকেই উত্তপ্ত ছিল। প্রথম লেগের ম্যাচে রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র বেনফিকার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছিলেন। প্রাথমিক তদন্তের পর প্রেস্তিয়ান্নিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়, যার ফলে তিনি দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামতে পারেননি। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এখনও চলমান।
মাঠের লড়াইয়ে অবশ্য শেষ হাসি হেসেছে রিয়াল মাদ্রিদই। দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ ব্যবধানে জিতে (অ্যাগ্রিগেটে ৩-১) শেষ ষোলো নিশ্চিত করেছে লস ব্ল্যাঙ্কোসরা। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ শক্তিশালী ম্যানচেস্টার সিটির।