
তৃতীয় দিনের খেলা শেষে মুমিনুল হক আশা করছিলেন ২৭০ থেকে ৩০০ রানের লিড নেওয়ার। ব্যাটিং সহায়ক উইকেটে তার এমন প্রত্যাশা ভুল ছিল না। তবে ব্যাটারদের সেই দায়িত্বটা তো বুঝতে হবে এবং মাঠে করে দেখাতে হবে। এর কিছুই হলো না চতুর্থ দিনে। ভালো অবস্থানে থেকেও ব্যাটারদের ব্যর্থতায় দুইশর কম টার্গেট দিতে পারল নাজমুল হোসেন শান্তর দল। পুরো ম্যাচে হতাশ করা বোলাররাও পারলেন না বিশেষ কিছু করে দেখাতে। রান তাড়ায় কিছুটা নাটকীয়তা জন্ম দেওয়ার পর রেকর্ড গড়ে স্মরণীয় এক জয় তুলে নিল জিম্বাবুয়ে।
সিলেট টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে ১৭৪ রানের টার্গেটে জিম্বাবুয়ে জয় তুলে নিয়েছে ৩ উইকেটের। দুই ম্যাচের সিরিজে সফরকারীরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
আগের দিনের দুই অপরাজিত ব্যাটার শান্ত ও জাকের আলি অনিকের কাছে দলের আশা ছিল বড় একটা জুটির, যা দলকে নিয়ে যেতে পারত সুবিধাজনক অবস্থায়। তবে একরাশ হতাশারই জন্ম দেন বাংলাদেশ অধিনায়ক। দিনের দ্বিতীয় ডেলিভারিতেই তাকে আউট করেন ব্লেসিং মুজারাবানি। বাউন্সারে টাইমিং না করতে পেরে লং লেগে ক্যাচ তুলে ৬০ রানে থামে শান্তর ইনিংস।
বাংলাদেশের টপ অর্ডারের ভীতি সঞ্চার করার মুজারাবনি এরপর দেখা পেয়ে যান ফাইফারের। স্রেফ ১১ রানেই সাজঘরের পথ ধরতে হয় মেহেদি হাসান মিরাজকে। তাইজুল ইসলামও অল্পে ফিরলে চাপে পড়ে যায় বাংলাদেশ। তবে সেখান থেকে লড়াই চালান জাকের ও হাসান মাহমুদ মিলে।
ওভারের পর হাসান কাটিয়ে দেন ব্লক করে। আর অন্যপ্রান্তে সুযোগ বুঝে রান বের করা জাকের আলি তুলে নেন ফিফটি। তবে হাসানের ওপর অতিরিক্ত বিশ্বাস রাখার কারণেই কিনা, একটা পর্যায়ে গিয়ে তাকে ওভারের পাঁচটা ডেলিভারিই খেলার ভার দিয়ে দেন জাকের। শেষ পর্যন্ত সেটাই কাল হয় দলের জন্য।
ওয়েলিংটন মাসাকাদজার পরপর দুই বলে দুই উইকেট পতনের পর দ্রুত রান বের করার চেষ্টায় ৫৮ রানে থামতে হয় দারুণ এক ইনিংস খেলা জাকেরকে। ৭২ রানে ৬ উইকেট নেন মুজারাবানি।
চতুর্থ ইনিংসে ১৭৪ বা তার বেশি রান তাড়া করে টেস্ট জয়ের রেকর্ড জিম্বাবুয়ের ইতিহাসে নেই। সেই কারণেই হয়ত ব্যাটিং সহায়ক এই উইকেটেও কিছুটা জয়ের আশা ছিল বাংলাদেশ শিবিরে। তবে সেটা মিলিয়ে যেতে সময় লাগেনি খুব একটা। প্রথম দশ ওভারে পেসার ও স্পিনাররা কেউই পারেননি ব্যাটারদের চাপে রাখতে।
উল্টো জিম্বাবুয়ের দুই ওপেনার রান করতে থাকেব ইতিবাচক ব্যাটিংয়েই। উইকেটের জন্য মরিয়া হওয়ার কারণেই কিনা, প্রতি ওভারেই দেখা মেলে বাজে ডেলিভারির। ফলে চার-ছক্কায় সহজেই রানের চাকা সচল রাখেন ব্যাটাররা। আর এতে দ্রুতই ম্যাচের লাগাম একেবারেই চলে যায় জিম্বাবুয়ের হাতে।
অবশেষে দলীয় শতক থেকে পাঁচ রান দূরে থাকতে আসে ব্রেকথ্রু। মিরাজের বলে মিড অফে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন বেন কারান। তবে তার আগে উপহার দেন ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। স্পেলে শুরু থেকেই এলোমেলো বোলিং করা আরেক স্পিনার তাইজুল ইসলাম অন্যপ্রান্তে ছন্দ খুঁজে পান নিক ওয়েলচকে ফিরিয়ে। ২ উইকেটে ১১৭ রান নিয়ে চার বিরতিতে যায় জিম্বাবুয়ে।
সেখান থেকে ম্যাচ জেতার সম্ভাবনা টিকিয়ে রাখতে দরকার ছিল দ্রুত কয়েকটি উইকেট। আর মিরাজের হাত ধরে সেটা চলেও আসে। প্রথমে সিন উইলিয়ামসকে শিকারের পর ইনিংসের ৩৩তম ওভারে এনে দেন বড় উইকেট। ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ৫৮ রান করা ব্রায়ান বেন্নেট। ১২৮ রানে প্রতিপক্ষের ৪ উইকেট তুলে কিছুটা হলেও ম্যাচে ফেরার আভাস জাগে বাংলাদেশ দলে।
সেই পালে আরও হাওয়া দেন তাইজুল। লেগ সাইড দিয়ে বেরিয়ে যাওয়া বলে ব্যাটের কানায় লেগে উইকেটের পেছনে ক্যাচ দেন অভিজ্ঞ ক্রেইগ এরভিন। পরের ওভারে ফের উইকেট। দারুণ এক টার্নিং ডেলিভারিতে নায়াশা মায়াভোকে ক্লিন বোল্ড করে ইনিংসে চতুর্থ উইকেটের দেখা পান মিরাজ।
ক্রমেই জমা ওঠে ম্যাচে এরপর বাংলাদেশকে কিছুটা চাপে ফেলে ওইয়েলিংটন মাসাকাদজা। তাইজুলের পরপর দুই ওভারে ছক্কা ও চার মেরে অনেকটাই চাপ সরান। জিম্বাবুয়ের দরকার যখন আর মাত্র ১৩ রান, ঠিক তখন ফের বাংলাদেশের ত্রাতা হয়ে হাজির হন মিরাজ। মাসাকাদজাকে বোল্ড করে প্রাণ ফেরার স্বাগতিক শিবিরে।
তবে ওই ওভারেই চার মেরে জিম্বাবুয়েকে জয়ের বন্দরে নিয়ে যান রিচার্ড এনগারভা। তাইজুলের করা পরের ওভারের প্রথম বলেই আসে আরেকটি চার। খানিক বাদে ওয়েসলি মাধেভেরের আরেকটি বাউন্ডারিতে ঐতিহাসিক এক জয় নিশ্চিত হয় জিম্বাবুয়ের। বিফলে যায় মিরাজের ৫৪ রানে ৫ উইকেটের দারুণ এক স্পেল।
No posts available.
২৩ মার্চ ২০২৬, ৪:৫০ পিএম
২২ মার্চ ২০২৬, ১০:৫৬ পিএম

আর মাত্র ৫ দিন পর মাঠে গড়াবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে এই আকর্ষনীয় আসরটিকে সামনে রেখে তারকা বোলারদের ইনজুরি বড় দুর্ভাবনায় ফেলে দিয়েছে ফ্রাঞ্চাইজিদের। ৮ বিদেশি এবং ২ ভারতীয় বোলার পড়েছেন ইনজুরিতে। যাদের মধ্যে অস্ট্রেলিয়ার বোলারদের সংখ্যা সর্বোচ্চ ৫ জন। ভারতের ২ জন, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং নিউ জিল্যান্ডের ১ জন করে বোলার পড়েছেন ইনজুরিতে। ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো দিয়েছে এ তথ্য।
ইনজুরির ধাক্কাটা সবচেয়ে বেশি এলোমেলো করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে ( কেকেআর)। এই ফ্রাঞ্চাইজির তিনজন বোলার পড়েছেন ইনজুরিতে। তিনজনই আবার পেস বোলার।
হাঁটুর অস্ত্রোপচার থেকে সেরে ওঠার পর ম্যাচ ফিটনেট ফিরে পেতে অপেক্ষা করতে হচ্ছে হর্ষিত রানাকে। সে কারণে আসরের একটি বড় অংশ খেলতে পারবেন না এই ভারতীয় পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে কাফ মাসলে টান পড়ায় এখন বিশ্রামে আছেন শ্রীলঙ্কান পেসার মাথিস পাথিরানা। ১৮ কোটি রুপিতে কিনেও মাথিস রানার সার্ভিস পেতে অপেক্ষায় থাকতে হবে কেকেআরকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত। পিঠের নিচের অংশে হওয়া একটি গুরুতর আঘাত থেকে সময়মতো সেরে উঠতে না পারায়, টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ভারতের আর এক পেস বোলার আকাশদীপ।
আরও পড়ুন
| কিংবদন্তিদের বিশ্বমঞ্চে প্রথমবার 'বাংলাদেশ চ্যাম্পিয়নস' |
|
আগামী ২৮ মার্চ বেঙ্গালুরুতে আইপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দারাবাদ খেলবে তিন অজি পেসার ছাড়াই। সানরাইজার্স হায়দারাবাদের অধিনায়ক প্যাট কামিন্স পিঠের চোট কাটিয়ে সেরে উঠলেও ম্যাচ খেলার জন্য অপেক্ষা করতে হবে তাঁকে আগামী মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। ১৮ কোটি রুপিতে কেনা প্যাট কামিন্সের সার্ভিস শুরুতে না পাওয়ায় এখন বিলাপ করছে সানরাইজার্স ফ্রাঞ্চাইজি। ৩ কোটি রুপিতে কেনা অজি পেস অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস পায়ের আঘাতের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।
হ্যামস্ট্রিং এবং অ্যাকিলিস টেন্ডনের সমস্যার কারণে জশ হ্যাজেলউড পুরো অ্যাশেজ খেলতে পারেননি। মিস করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইনজুরি থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি।ফলে অস্ট্রেলিয়ার এই দ্রুতগতির বোলার প্রথম কয়েকটি ম্যাচে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর সাথে থাকতে পারছেন না।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে কুঁচকির সমস্যায় পড়েছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ পেস অলরাউন্ডার স্যাম কারান। আইপিএলের পুরো আসর থেকে ছিটকে পড়েছেন তিনি। পরিস্থিতির মুখে তার পরিবর্তে শ্রীলঙ্কার দাসুন শানাকাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন
| পিএসএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ-নাহিদ রানারা |
|
চেন্নাই সুপার কিংসে ২ কোটি রুপিতে বিক্রি হয়েও আইপিএলের আসন্ন আসরে খেলা হচ্ছে না নাথান এলিসের। অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ান-ডে কাপের ফাইনালে পুরনো হ্যামস্ট্রিংয়ের চোট বেড়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার এই ফাস্ট বোলার ছিটকে গেছেন।
মিচেল স্টার্ক অবশ্য আইপিএলের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে দিচ্ছেন গুরুত্ব। আসন্ন ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া তার কাজের চাপের উপর নজর রাখছে। মৌসুমের কোনো এক পর্যায়ে তিনি দিল্লী ক্যাপিটালসের সাথে যোগ দিতে পারেন বলে এই ফ্রাঞ্চাইজিকে আশ্বস্ত করেছেন।
মাত্র ২ কোটি রুপিতে পাঞ্জাব কিংসে বিক্রি হওয়া নিউ জিল্যান্ড পেসার লকি ফার্গুসন নবজাতক ছেলের সাথে কিছুদিন সময় কাটাতে চান। সে কারণেই আইপিএলের শুরুর দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না বলে ফ্রাঞ্চাইজিকে জানিয়েছেন।

আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় সংস্করণে অংশ নিতে যাচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’ দল। আয়োজকেরা জানিয়েছেন, নতুন মৌসুমে বাংলাদেশের অন্তর্ভুক্তির মাধ্যমে টুর্নামেন্টের পরিধি আরও বিস্তৃত হচ্ছে।
ডব্লিউসিএলের তৃতীয় সংস্করণে বাংলাদেশ যোগ দেওয়ায় এখন প্রতিযোগিতায় অংশ নেবে সাতটি দেশের দল। এর আগে থেকেই এই টুর্নামেন্টে খেলছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরা। আয়োজকদের মতে, বাংলাদেশের অন্তর্ভুক্তি ২০২৬ মৌসুমকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলবে।
অবসরপ্রাপ্ত তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই লিগ এরই মধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। টুর্নামেন্টটিতে খেলেছেন যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ব্রেট লি, মঈন আলি, মোহাম্মদ হাফিজ ও ক্রিস গেইলসহ ক্রিকেটের অনেক কিংবদন্তি।
ডব্লিউসিএলকে আয়োজকেরা বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় ক্রিকেট লিগ হিসেবে উল্লেখ করেছেন। প্রথম আসরে ৩২ কোটি ৫০ লাখের বেশি দর্শক খেলা উপভোগ করেন। দ্বিতীয় আসরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২ কোটি ৩১ লাখে, যা লিগটির বৈশ্বিক জনপ্রিয়তার দ্রুত বিস্তারের প্রমাণ।
ডব্লিউসিএলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হর্ষিত তোমর বলেন, গত দুই বছরে সমর্থকদের ধারাবাহিক দাবির পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ দলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ চ্যাম্পিয়নসের পক্ষে জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান এই উদ্যোগকে দেশের ভক্তদের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, দেশের ভেতরে ও বাইরে থাকা সমর্থকদের সঙ্গে ক্রিকেটের বন্ধন আরও দৃঢ় করবে এই অংশগ্রহণ।
বাংলাদেশ চ্যাম্পিয়নস দলের অংশীদার ইশতিয়াক সাদেক বলেন,
‘ডব্লিউসিএলে বাংলাদেশ চ্যাম্পিয়নসের অংশ হতে পারা আমাদের জন্য গর্বের। এই টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছাবে, কারণ এই প্রতিযোগিতাকে কিংবদন্তি ক্রিকেটারদের বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হয়। আমরা বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী স্কোয়াড গঠন করব।‘
বাংলাদেশের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ডব্লিউসিএলের তৃতীয় আসর আরো প্রতিযোগিতাপূর্ণ সংস্করণ হতে পারে।
সবশেষ ২০২৫ ডব্লিউসিএলে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস দল। ইংল্যান্ডের বার্মিংহামে হওয়া ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দলটি।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে। যেখানে দল পেয়েছেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। তাদের মধ্যে আজ সকালে চারজন দেশ ছেড়েছেন। তারা হলেন— মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। রিশাদ হোসেন ও তানজিদ তামিম যাবেন পরে।
এবার সরাসরি চুক্তিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। এরপর নিলামে দল পান রিশাদ, নাহিদ ও ইমন।
পরবর্তীতে শরিফুল এবং তামিমও প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগটিতে ডাক পেয়েছেন। সব ঠিক থাকলে নাহিদের সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে শরিফুল এবং তামিমকে। এ ছাড়া মুস্তাফিজ ও ইমন লাহোর কালান্দার্সে; আর রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে।
এবার পিএসএলের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস।

১৯ বছর ৫ দিন আগের কথা। ২০০৭ বিশ্বকাপে ত্রিনিদাদে ভারত বধ কাব্য যেদিন (১৭ মার্চ) রচনা করেছে বাংলাদেশ, তার পরের দিন (১৮ মার্চ) ত্রিনিদাদের হোটেলে ঘুম থেকে উঠে পেয়েছি এক দুঃসংবাদ। জ্যামাইকার পেগাসাস হোটেল রুমে পাওয়া গেছে পাকিস্তানের হেড কোচ বব উলমারের মৃতদেহ। ত্রিনিদাদ থেকে জ্যামাইকা আইল্যান্ডের দূরত্ব আকাশপথে ১৯৫০ কিলোমিটার। আকাশপথে এই পথ পাড়ি দিতে লেগে যায় প্রায় সাড়ে তিন ঘন্টা। দৈনিক ইনকিলাব থেকে বিশ্বকাপ ক্রিকেট কভার করতে গিয়েছিলাম। অফিস থেকে টেলিফোন করে বব উলমারের আকষ্মিক মৃত্যুর আপডেট সংবাদ পাঠানোর জন্য বলা হয়েছিল। ক্যারিবিয়ান সব আইল্যান্ডে বিশ্বকাপ কভার করতে ক্যারিকম স্টিকার ভিসা পাসপোর্টে লাগিয়েছিলাম। চাইলেই ভিসা না নিয়ে ত্রিনিদাদ থেকে জ্যামাইকা যেতে পারতাম। কিন্তু ত্রিনিদাদে ২১ মার্চ বাংলাদেশের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে, তাই যেতে পারিনি।
বব উলমারকে কাছ থেকে প্রথম দেখেছি ১৯৯৮ সালে, ঢাকায়। আইসিসি নক আউট বিশ্বকাপে ( পরবর্তীতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হিসেবে স্বীকৃত) দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে নিয়ে তার কোচিং দেখেছি। ম্যাচ চলাকালে ঢাকা স্টেডিয়ামের ড্রেসিংরুমের বাইরে বসে সারাক্ষণ ল্যাপটপ সামনে রেখে দুই চোখ মাঠ এবং ল্যাপটপে রেখেছেন, তা খুব কাছ থেকে দেখেছি। ক্রিকেট কোচিংয়ে কম্পিউটার এনালিস্টের প্রয়োগ কতোটা জরুরি, তা দেখিয়েছেন বব উলমার। দক্ষিণ আফ্রিকার সে সময়ের অধিনায়ক হ্যানসি ক্রোনিয়ের সঙ্গে তাঁর ছিল দারুণ সম্পর্ক। এই জুটিই দক্ষিণ আফ্রিকাকে উপহার দিয়েছে আইসিসির মেগা কোনো ইভেন্টের (আইসিসি নক আউট বিশ্বকাপ) প্রথম ট্রফি।
কোচিংয়ে শুধু ল্যাপটপের ব্যবহারই নয়, কিংবা কম্পিউটার এনালিস্টের প্রয়োগই নয়, ব্যাটিংয়ে রিভার্স সুইপের কৌশলটাও শিখিয়েছেন তিনি। উইকেট কিপারকে ক্ষীপ্র করে তুলতে ফুটবলের গোলকিপিং আইডিয়াও প্রয়োগ করেছেন। ইংলিশ হয়েও বাবা ক্লারেন্স উলমার অবিভক্ত বৃটিশ ভারতের রনজি ট্রফিতে খেলেছেন উত্তর প্রদেশের হয়ে। বাবাকে দেখে শৈশবে ক্রিকেট ব্যাট-বল নিয়ে নেমে খেলেছেন ৩৫০টি প্রথম শ্রেনির ম্যাচ, ১৯ টেস্ট, ৬ ওডিআই।
কানপুরে ১৯৪৮ সালে জন্ম নেয়া বব উলমার মাত্র ১০ বছর বয়সে দেখেছেন প্রথম শ্রেনির ক্রিকেটে হানিফ মোহাম্মদের ৪৯৯। ৩৫ বছর পর ওয়ারউইকশায়ারের কোচ হয়ে ড্রেসিংরুমে বসে দেখেছেন ডারহামের বিপক্ষে প্রিয় শিষ্য ব্রায়ান লারার হার না মানা ৫০১।
আন্তর্জাতিক ক্রিকেট কোচিংয়ের শুরুটা তাঁর দক্ষিণ আফ্রিকায়, ১৯৯৪ থেকে ১৯৯৯। এই সময়ে আইসিসি নক আউট বিশ্বকাপ ছাড়াও দ্বি-পাক্ষিক সিরিজগুলোতে ছিল তার বলার মতো সাফল্য। টানা ১৫টি টেস্ট সিরিজের মধ্যে ১০টিতে জয়ে দক্ষিণ আফ্রিকাকে উঠিয়ে এনেছিলেন অন্য উচ্চতায়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের হয়ে কোচিংয়ে ৫ বছরের সফল অধ্যায় শেষে পেয়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলের কোচের অফার। তবে সে অফার গ্রহন না করে কিছুদিন বিশ্রাম নিয়ে যোগ দিয়েছিলেন আইসিসিতে, উন্নয়নশীল ক্রিকেট দেশসমূহের উন্নয়নে করেছেন কাজ। ২০০৪ সালে পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচের পদ থেকে জাভেদ মিয়াঁদাদ চাকুরিচ্যুত হলে তার স্থলে বব উলমারকে দেয়া হয় কোচের দায়িত্ব। প্রথম তিন বছর সেই দায়িত্বে পাকিস্তান ক্রিকেট দলকে দিয়েছেন একটার পর একটা সাফল্য। তবে বিশ্বকাপে এসে পাকিস্তান হয়ে গেছে এলোমেলো। ইনজামাম উল হক-এর নেতৃত্বে পাকিস্তান বিশ্বকাপ মিশন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৪ রানে হেরে। পরের ম্যাচটি ছিল গ্রুপ রাউন্ডের বাধা পেরোনোর জন্য ডু অর ডাই। অথচ, পুঁচকে আয়ারল্যান্ডের কাছে আপসেটের শিকার হতে হলো পাকিস্তানকে। ৩ উইকেটে হেরে গেল পাকিস্তান। ত্রিনিদাদে বসে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় দেখেছি যেদিন, সেদিনই আয়ারল্যান্ডের কাছে পাকিস্তানের অঘটনের খবর পেলাম। বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় হয়ে গেছে। ৪দিন পর আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। পাকিস্তান ক্রিকেট দলের এমন বিপর্যয় মেনে নিতে পারেননি বব উলমার। ম্যাচে হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপে দিয়েছিলেন প্রচণ্ড এক চাপড়। ম্যাচ হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের ঝাঁঝালো মন্তব্য কোচ বব উলমারকে তুলেছে অতিষ্ঠ করে। পাকিস্তানের কোচের দায়িত্বে আর রাখা হবে না, তা আঁচ করতে পেরেছেন সেদিনই। ব্যর্থতা এবং অপবাদ নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের কোচিং অধ্যায় শেষ করতে হবে, তা মানতে পারছিলেন না। চারপাশের এতোসব ঘটনায় এতোটাই ভেঙ্গে পড়েছিলেন যে, উলমার সেই চাপটা নিতে পারেননি। টিম হোটেলে ঘুমের ঘোরে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ক্রিকেটে আধুনিক কোচিং পদ্ধতির প্রবর্তক বব উলমার। সকালে ব্রেকফাস্ট টেবিলে কোচকে যায়নি দেখা। সকাল ১১টায় হাউজকিপিংয়ের কর্মীরা রুম পরিষ্কার করতে গিয়ে রুম লকড দেখে দরজার তালা ভেঙ্গে দেখেছেন বিছানায় বব উলমারের নিথর দেহ। জ্যামাইকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিকসমূহে বব উলমারের এই মৃত্যুকে বলা হয়েছে অস্বাভাবিক। মৃত্যু না হত্যা, এমন প্রশ্নও উঠেছে মিডিয়ায়। ত্রিনিদাদের ইংরেজি দৈনিকের স্পোর্টস পেজে গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে সেসব নিউজ।
তাঁর মৃত্যুর চারদিন পর জ্যামাইকার পুলিশ নিশ্চিত তদন্তে নামে। ডেপুটি পুলিশ কমিশনার মার্ক শিল্ডস এই তদন্তের নেতৃত্ব দেন।প্যাথলজিস্ট এরে সেশাইয়ার একটি প্রতিবেদনের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়, যেখানে বলা হয়েছিল যে উলমারকে হাত দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বব উলমারের মৃত্যু রহস্য নিয়ে গবেষণা হয়েছে প্রায় তিন মাস। ২০০৭ সালের ১২ জুন, জ্যামাইকা কনস্ট্যাবুলারি ফোর্সের কমিশনার লুসিয়াস থমাস উলমার স্বাভাবিক কারণে মারা গেছেন বলে রিপোর্ট দিলে গবেষণা থেমে যায়।
বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছেন বব উলমার। আইসিসির হাই পারফরমেন্স ম্যানেজারের দায়িত্বে ছিলেন ৩ বছর (২০০১-৩)। ওই সময়ে দুবার বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে। কোনোবারই এক সপ্তাহের বেশি থাকেননি ঢাকায়। সে কারণেই বাংলাদেশের ক্রিকেটের বন্ধু বব উলমারকে নিয়ে স্মৃতিচারণ জানতে ত্রিনিদাদে অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং ওপেনার শাহরিয়ার নাফিসের ইন্টারভিউ নিয়েছিলাম। দুজনেই কাছ থেকে দেখা উলমার সম্পর্কে অনেক কিছু বলেছেন। উলমারের কোচিং দর্শন-নুতন নুতন টেকনিকের উদ্ভাবন। তা বলেছেন দুজনই। শাহরিয়ার নাফিসের ব্যাটিংয়ের বেসিক টেকনিকে চেঞ্জ এনেছেন, তাতে শাহরিয়ার নাফিস হয়েছেন উপকৃত। উলমারকে স্মরণ করতে যেয়ে এমনটাই বলেছেন এই বাঁ হাতি ওপেনার। বব উলমারকে নিয়ে হাবিবুল বাশার সুমন এবং শাহরিয়ার নাফিসের বক্তব্য নিয়ে একটা রিপোর্ট দাঁড় করেছিলাম। ২০০০৭ সালের ২০ মার্চ দৈনিক ইনকিলাবের স্পোর্টস পেজে ‘একজন বন্ধু হারালো বাংলাদেশ’-এই শিরোনামে ত্রিনিদাদ থেকে আমার প্রেরিত নিউজটি ছাপা হয়েছিল।

নিরাপত্তা পরিস্থিতির কারণে দর্শকবিহীন গ্যালারিতে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম সংস্করণ। আজ এ তথ্য জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি।
পরিবর্তিত সূচি অনুযায়ী এবারের আসরের সব ম্যাচ হবে শুধু দুই শহর—করাচি ও লাহোরে। শুরুতে ছয়টি ভেন্যুতে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা কমিয়ে আনা হয়েছে। তবে আগামী সংস্করণে পেশোয়ারে আরও ম্যাচ আয়োজনের আশা প্রকাশ করেছেন নাকভি।
আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নেবে আটটি দল, ম্যাচ হবে মোট ৪৪টি। শুরুতে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান, পেশোয়ার ও ফয়সালাবাদ—এই ছয় শহরে ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল।
নাকভি জানান, সরকারের সঙ্গে সমন্বয় ও নিরাপত্তা সংস্থাগুলোর পরামর্শের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি কত দিন স্থায়ী হবে, তা অনিশ্চিত বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, দর্শক মাঠে না থাকলে বিভিন্ন শহরে ম্যাচ ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই।
এদিকে আসরের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলেও নিশ্চিত করেছেন পিসিবি চেয়ারম্যান।
দর্শক না থাকায় ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক ক্ষতি পুষিয়ে দেবে পিসিবি। ইতিমধ্যে যারা টিকিট কিনেছেন, তাঁদের অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন নাকভি।
তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও দর্শকদের জন্য গ্যালারি খুলে দেওয়া হবে। আন্তর্জাতিক খেলোয়াড়রা আগামী কয়েক দিনের মধ্যেই পাকিস্তানে আসতে শুরু করবেন বলেও জানান তিনি।
এদিকে সাম্প্রতিক বৈশ্বিক উত্তেজনার প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ব্যয় সংকোচনের পদক্ষেপ নিয়েছে সরকার। তবে নকভির দাবি, পাকিস্তানে সরাসরি কোনো নিরাপত্তা সংকট নেই; এটি আঞ্চলিক পরিস্থিতির প্রভাব।
পিসিবি আরও জানিয়েছে, যারা চুক্তি ভেঙে অন্য লিগে যোগ দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বোর্ডের খণ্ডকালীন কর্মীদের অন্য ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার সুযোগ দেওয়া হবে।
সব মিলিয়ে অনিশ্চয়তার মাঝেই দর্শকশূন্য গ্যালারিতে মাঠে গড়াচ্ছে পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের নতুন আসর।