৮ ফেব্রুয়ারি ২০২৫, ৩:২২ পিএম

দাবিটা চলে আসছে বিপিএলের একদম শুরু থেকেই। একটা নির্দিষ্ট মেয়াদ ধরে ফ্র্যাঞ্চাইজিদের হাতে দল দিয়ে দেওয়ার সেই আহ্বান বারবার শোনা গেলেও এখনও তা আর বাস্তবে রুপ নেয়নি। প্রতি আসরেই তাই থাকে শঙ্কা-অনিশ্চয়তা। দল আসে নতুন, বাদ হয়ে যায় আগের মালিকানা। এই চিত্রের পরিবর্তন দেখতে চান তামিম ইকবাল। অভিজ্ঞ এই ওপেনার মনে করেন, আইপিলের মত বিপিএলেও লম্বা সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা বুঝিয়ে দেওয়া উচিত।
তামিমের এমন মন্তব্য এসেছে সদ্য সমাপ্ত আসরকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে। এবারই প্রথম বিপিএলে অংশ নেয় ঢাকা ও রাজশাহীর নতুন মালিকানার দল। চিটাগং কিংস এবার ফিরেছে ১১ বছর বাদে। আবার টুর্নামেন্টের ইতিহাসের সফলতম ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার অংশই নেয়নি। বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের দিকে তাকালে দেখা যায়, সেই প্রথম আসর থেকে নির্দিষ্ট কয়েকটি ফ্র্যাঞ্চাইজি খেলছে নিয়মিতভাবে। আবার খেলোয়াড়দের নিলামে তোলা হলেও দলগুলো চাইলেই পারে পুরনোদের ধরে রাখতে।
তবে বিপিএলে প্রতিটি আসর শুরুর আগে খেলোয়াড়রা থাকেন অনিশ্চয়তায় যে এবার কোন দলে খেলবেন। বিপিএল ২০২৫-এর ফাইনালের পর তামিম দিয়েছেন সমাধানের পথ। “আমার কাছে মনে হয়, এই যে আমরা এত কষ্ট করে একটা ফ্যানবেজ তৈরি করেছ… ঠিক এই জিনিসটাই কিন্তু প্রথম বিপিএল থেকে সবাই চাইছে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজির যাতে একটা ফ্যানবেজ তৈরি হয়। এখন যদি আইপিএলের উদাহরণ দিই, সেখানে এই নিয়মটা কিন্তু কখনো বদলে যায় না। সেখানে দএর মূল খেলোয়াড়রা কিন্তু একই রাখে। আমি মানছি যে তিন বছরের একটা চক্র শেষ হয়ে গেছে, সামনে হয়ত আবার পাঁচ বছরের চক্র আসবে। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিগুলোর আসল ক্রিকেটারদের ধরে রাখার একটা সুযোগ তো অবশ্যই দেওয়া উচিত। নাহলে এতদিন ধরে আপনি যে পুরো জিনিসটা গড়ে তুলেছেন, সেটা তো নষ্ট হয়ে যাবে। ৫-৬ এমনকি অন্তত চারজন খেলোয়াড়ও যদি ধরে রাখার সুযোগ রাখা হয়, তাহলে ফ্র্যাঞ্চাইজির ফ্যানবেজটা আরও বড় হবে।”
রংপুর, বরিশাল ও খুলনাই এই মুহূর্তে তিনটি ফ্র্যাঞ্চাইজি, যারা অনেকটা সময় ধরে একটা ধারা বজায় রেখে নিয়মিতভাবে বিপিএলে অংশ নিচ্ছে। পেশাদারভাবে দল পরিচালনা করা থেকে শুরু করে বছরব্যাপী নানাভাবে তাদের দেখা যায় সক্রিয় থাকতে। তবে প্রতি বছর নিয়ম বদলে যাওয়ায় চাইলেও অনেক খেলোয়াড়দের ধরে রাখা যায় না। এই বছরই আবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে তিন বছরের চক্রের স্বত্বের মেয়াদ শেষ হয়েছে। আগামী আসর থেকে তাই শুর করতে হবে অনেকটা নতুন করেই।
তামিম মনে করেন, একজন খেলোয়াড়কে যেন চাইলেই ফ্র্যাঞ্চাইজি ধরে রাখতে পারে, সেই সুযোগ রাখা উচিত হবে। “আমি আশা করব যখনই তারা পরের বছরের জন্য নিয়মকানুনগুলো করবেন, তখন যেন এসব বিষয় মাথায় থাকে। সমস্যা যেটা হয়, দলের মালিকানাই বদল হয়ে যায়। তবে এরপরও দল তো একই থাকছে। মালিক বদলালেও খেলোয়াড় রিটেইন করার সুযোগটা রাখা উচিত। এরপর কেউ যদি মনে করে তারা সেটা করবে না, সেটা তাদের নিজস্ব ব্যাপার।”
বরিশাল ও রংপুর এই মুহূর্তে বিপিএলের সবচেয়ে জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজি। তামিমের মতে, এই ধরণের পেশাদার ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন দেওয়া উচিত সবার। “আমি মনে করি বিসিবির উচিত এই ধরনের ফ্র্যাঞ্চাইজি মালিকদের পাশে থাকা। কারণ, উনারাই কিন্তু বিপিএলকে বদলে দিতে পারবেন। শুধু বিপিএল না, উনারা যদি ক্রিকেটের সাথেও থাকেন, আমি মনে করি তাতে বাংলাদেশের ক্রিকেট ভালো করবে।”
No posts available.
২০ মার্চ ২০২৬, ১১:২৩ পিএম
২০ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম
২০ মার্চ ২০২৬, ৭:০৯ পিএম

সিরিজে টিকে থাকতে চতুর্থ টি-টোয়েন্টিতে জয়ের কোনো বিকল্প ছিল না দক্ষিণ আফ্রিকার। এমন সমীকরণে মাঠে নেমে আজ নিউ জিল্যান্ডকে ১৯ রানে হারিয়েছে প্রোটিয়ারা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ২-২ সমতা।
দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৬৫ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১৪৫ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস।
ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক মহারাজ। শুরুতে উইয়ান মুল্ডারের (০) দ্রুত বিদায়ে বিপাকে পড়ে সফরকারীরা। আরেক ওপেনার টনি ডি জর্জিকে নিয়ে ৫৬ বলে ৮১ রানের জুটি গড়েন তিনে নামা কনর এস্টারহুইজেন। জর্জি ২৩ রানে ফিরলেও ৩৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন এস্টারহুইজেন। তাঁর ৩৬ বলে ৫৭ রানের ইনিংসে ছিল সাতটি চার ও তিনটি ছক্কা।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে রুবিন হারম্যানের ব্যাট থেকে। শেষ দিকে হারম্যান ও জর্জ লিন্ডের ১৮ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬৪ রান।
নিউ জিল্যান্ডের হয়ে কাইল জেমিসন ২৯ রানে ২ উইকেট নেন। বেন সিয়ার্স, জাক ফাউলকস ও কোল ম্যাককনচির শিকার ১টি করে উইকেট।
জবাব দিতে নেমে ৯ রান করে ফিরে যান ডেভন কনওয়ের পরিবর্তে কিউই জার্সিতে প্রথমবারের মতো খেলতে নামা ক্যাটেন ক্লার্ক। আরেক ওপেনার টিম রবিনসন শুরুটা দারুণ করেছিলেন। তাঁর ৩২ রানে বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।
ড্যান ক্লেভার (২৬) ও নিক কেলি (১৯) চেষ্টা করলেও দক্ষিণ আফ্রিকার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে কিউই মিডল অর্ডার। শেষ দিকে কাইল জেমিসন ও জশ ক্লার্কসন চেষ্টা করলেও কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
জেরাল্ড কোয়েটজি ৩১ রানে ৩ উইকেট নিয়ে কিউইদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। ওটনিয়েল বার্টম্যান, প্রেনেলান সুব্রায়েন ও মহারাজ ২ টি করে উইকেট তুলে নেন।
হাফ সেঞ্চুরি ও ২ টি ক্যাচ ধরে ম্যাচসেরা প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার এস্টারহুইজেন। ক্রাইস্টচার্চে বুধবার সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে লড়বে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড।

২০০৩ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ কভার করতে যেয়ে ডারবানে জুলু নৃত্য দেখেছি। এক যুগ পরে লন্ডনের ওভালে বাংলাদেশ যেদিন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি, সেদিন ওভালের প্রধান প্রবেশপথে দর্শকদের স্বাগত জানাতে একদল তরুণ-তরুণী জুলু নৃত্যের সঙ্গে গান-বাজনায় উঠেছে মেতে। দেখে মনে হবে দক্ষিণ আফ্রিকার কাওয়াজুলু নাটাল থেকে এই আদিবাসীদের নিয়ে আসা হয়েছে। কেউ কেউ তো নৃত্যরত অর্ধনগ্ন জুলু তরুণীদের কাছে এসে ছবি তুলে পেয়েছেন অপার আনন্দ।
এই আনন্দটা না জানি বাংলাদেশের জন্য নিরানন্দ হয়, এই শঙ্কাটাই ছিল। ওডিআই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৫ ধাপ উপরে থাকা দক্ষিণ আফ্রিকা দলটি তখন তারকা সর্বস্ব। ডি ভিলিয়ার্স, ডি কক, ডু প্লেসি, মার্করাম, রাবাদা, ইমরান তাহির- ক্রিকেট বিশ্বে সব বড় বড় নাম। সামারে বাংলাদেশের চেয়ে আড়াই-তিন ঘন্টা পর ইংল্যান্ডে সূর্যাস্ত হয় বলে রোজার সময়টা বেশ বড়। তারপরও মাহমুদউল্লাহ, মিরাজ, মুশফিক রোজা রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন। এবং দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে করেছেন এই ত্রয়ী ইফতারি!
ঈদ উল ফিতরের ৩ দিন আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারানোর গল্পটা এখনও চোখে ঝাপসা হওয়ার কথা নয়। তৃতীয় উইকেট জুটিতে সাকিব-মুশফিকুরের ১৪২ রানের পার্টনারশিপ, মুশফিকুরের ৮০ বলে ৭৮ রানের পাশে সাকিবের ৮৪ বলে ৭৫ রানে ওভালজুড়ে ছিল উৎসবের আবহ। বিশ্বকাপে বাংলাদেশের রেকর্ড ৩৩০/৬ স্কোরও দেখেছে বিশ্ব ২০১৯ সালের ২ জুন।
ওই ম্যাচে অলরাউন্ড পারফরমেন্সের ( ৭৫ রান এবং ১/৫০) জন্য সাকিব ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। তার চেয়েও বড় কথা, ওডিআই ক্রিকেটে ৫ হাজার রানের পাশে ২৫০ উইকেট শিকারে দ্রুততম রেকর্ডটির মালিকও হয়েছেন সাকিব সেই ম্যাচে। রেকর্ড মাইলস্টোনের পর মিক্সড জোনে নিয়েছিলাম ব্যবহৃত বলে অটোগ্রাফ। শোকেসে সেই বলটি রেখেছি যত্ন সহকারে।
ওই ম্যাচের ২ দিন পর ইংল্যান্ডে ঈদ উল ফিতর, তার পরদিন বাংলাদেশে ঈদ। ইংল্যান্ডে ঈদের দিন প্রিভিউ করার তাড়া, পরদিন ম্যাচের বিস্তারিত লেখার যুদ্ধ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে মাশরাফির দল। সে কারণেই নিউ জিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটি বাংলাদেশের সকল ক্রিকেট সমর্থকদের কাছে হয়ে উঠেছে মহাগুরুত্বপূর্ণ। এই দুটি দিন ( ৪ এবং ৫ জুন) বাংলাদেশে ঈদ এর ছুটি, সকল দৈনিক পত্রিকা তালাবদ্ধ। নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ প্রিভিউ এবং ম্যাচ রিপোর্টসহ আনুষঙ্গিক সব রিপোর্টে তাই সমর্থকদের চোখ রাখতে হয়েছে টেলিভিশন চ্যানেল এবং অনলাইন মিডিয়ার দিকে। সে সময়ে আমি একটি অনলাইনের স্পোর্টস এডিটরের দায়িত্বে ছিলাম বলে ওই দুই দিন একটু বেশি দৌড়-ঝাঁপ দিতে হয়েছে। লন্ডনে ঈদের জামায়াত পড়তে কখন যাবে বাংলাদেশ দল, ওভালে অনুশীলন করবে কখন, টিম হোটেল, না বাইরে কোথাও ঈদ এর ভুরিভোজের জন্য নির্ধারিত হয়েছে, এসব বিসিবির মিডিয়া ম্যানেজারের কাছ থেকে জেনে নিতে হয়েছে। যদিও ঈদ এর নামাজ পড়ার সময় এবং স্থানটা ক্রিকেট দলের নিরাপত্তায় গোপনীয় রেখেছিলেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দল যে হোটেলে উঠেছে, সেই হোটেলটি টেমস নদীর তীরে। ইস্ট লন্ডনের একটি বাসায় একটা রুম ভাড়া এক সপ্তাহের জন্য ভাড়া করে অনুজ ক্রীড়া সাংবাদিক মাহিবুর রহমান হিল্লোলের ( সারাবাংলা ডট নেট-এর ক্রীড়া সম্পাদক) সঙ্গে উঠেছি। ওই বাসার পাশে মসজিদটি লন্ডনের সবচেয়ে বড় মসজিদ। সকাল ৭টা থেকে এক ঘন্টা অন্তর অন্তর ঈদ এর জামায়াত হয় এই মসজিদে। তাই খুব ভোরে ওঠার তাড়া ছিল না। আমাকে একা রেখে হিল্লোল সকাল-সকাল ঈদ এর নামাজ পড়েছে। ফাঁকা বাসায় পাওয়ারফুল চশমা ছাড়া গোসল করতে যেয়ে শ্যাম্পুর ফেনা চোখে লেগে বাথরুমে আমি চিৎপটাং। মাথা পড়েছে ফ্লোরে, পা উপরে।বাথরুম অটো লকড। কিছুই দেখছি না। মাথায় আঘাত এতোটা পেয়েছি যে, আঘাতস্থল গেছে ফুলে। কোনোমতে দরজার লক খুলে বড় ধরণের দূর্ঘটনা এড়াতে পেরেছি। বাসার পাশে ছিল মেডিসিন সেন্টার। সেখান থেকে ডাক্তারকে দেখিয়ে তার প্রেসক্রিপশন অনুযায়ী ট্যাবলেট খেয়ে মাথার ব্যাথা উপশম করতে পেরেছি। এর পর ঈদ এর নামাজ পড়ার পর হিল্লোলের সঙ্গে দেখা। অফিসিয়াল প্রেস কনফারেন্স থাকছে না নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগের দিন। টিম হোটেলে বাংলাদেশ দলের ক্রিকেটাররা কখন কথা বলবেন,মিডিয়া ম্যানেজার তা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছেন। নিউজের পাগল হিল্লোলের তো মাথায় হাত। এক্ষুণি বেরুতে হবে। লন্ডনে ব্লাক ট্যাক্সি দেখতে যেমন রাজকীয়, ভাড়াও অন্য রাইড ট্যাক্সির চেয়ে বেশ বেশি। রাস্তায় বেরিয়ে অন্য কোনো কালারের ট্যাক্সি না পেয়ে ব্লাক ট্যাক্সিতেই উঠতে হলো আমাদেরকে। ট্যাক্সি ড্রাইভার লোকেশন ঠিকমতো চিনছেন না। জিপিএস-এও কাজ হচ্ছে না। ওই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লন্ডন সফরে আসায় টেমস নদীর এপারের রাস্তা-ঘাটও বেশ নিরাপত্তা বলয়ে। বড়জোর ৬ কিলোমিটার পথ ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যেখানে ট্যাক্সিটি পার্ক করেছে, সেখান থেকেও বাংলাদেশের টিম হোটেলের দূরত্ব প্রায় এক কিলোমিটার। ৩৬ পাউন্ড ( বাংলাদেশী মুদ্রায় ৫ হাজার ৯১৭ টাকা) বিল দিয়ে ট্যাক্সি থেকে নেমে তাই বিড় বিড় করেছে হিল্লোল।
টিম হোটেলের সামনে এলাহী ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে একটার পর একটা বড় বড় পাতিলে খাবার আসছে। পোলাও-কোর্মা,জর্দা,রেজালা, পায়েশ আরও কতো কী।বিসিবির তহবিল থেকে কেনা টিকিট বিনে পয়সায় পেয়েছেন যারা, তারা তো বটেই, লন্ডনে বাংলাদেশের সরকার দলীয় রাজনৈতিক কর্মকর্তারাও বিনা বাধায় ঢুকেছেন হোটেলে, তুলেছেন মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকদের সাথে ছবি! অথচ, টিম হোটেলের ভেতরে বাংলাদেশ থেকে বিশ্বকাপ কভার করতে আসা গণমাধ্যম কর্মীদের প্রবেশাধিকারে দেয়া হয়েছে বাধা। হোটেলের বাইরে প্রচণ্ড বাতাস, বাতাসের তোড়ে শরীরটাই উড়িয়ে নেয়ার যোগাড়। অথচ, হোটেলের বাইরে মিডিয়াকে কাজ করার মতো কোনো সুযোগ দেওয়া হয়নি। বিসিবির তৎকালীন ৪-৫ জন পরিচালক পর্যন্ত গণমাধ্যমকে ঈদ মোবারক বলে খালাস। বাংলাদেশের সঙ্গে লন্ডনের সময়ের ব্যবধান ৫ ঘন্টা, তা মাথায় রেখে সব প্রতিকূলতার মধ্যে বাংলাদেশের মিডিয়াকে থাকতে হয়েছে ব্যস্ত। এরই মধ্যে এর-ওর কাছ থেকে খবর সংগ্রহ করে অনলাইন এবং টিভি মিডিয়ার রিপোর্টাররা রিপোর্ট করেছেন। আমাকেও প্রচণ্ড বাতাসের মধ্যে ল্যাপটপ খুলে একাধিক রিপোর্ট লিখতে হয়েছে। মিডিয়াকে ভোগান্তিতে ফেলে অবশেষে আন অফিসিয়াল প্রেস কনফারেন্সে টিম ম্যানেজমেন্ট থেকে পাঠানো হলো প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকা লিটন দাসকে। তাও তো একটা খোরাক পেলো মিডিয়া।
পরদিন বাংলাদেশে ঈদটা হতে পারতো মহা আনন্দের। ওভালে সাকিবের ৬৪ রানে ভর করে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২৪৪/১০ স্কোর করেও জয়ের সম্ভাবনা ছিল। তবে সেই ম্যাচে বাংলাদেশ সমর্থকদের উচ্ছ্বাস ফিকে হয়েছে মুশফিকুর রহিমের অমার্জনীয় ব্যর্থতায়। একটি নয়, অবধারিত ২টি রান আউট এবং উইকেটের পেছনে একটি ক্যাচ মিস করেছেন এই উইকেট কিপার। উইকেটের পেছনে না দাঁড়িয়ে উইকেটের সামনে এসে রান আউট করার ভুল চেষ্টায় রস টেলরকে ৯ রানের মাথায় অবধারিত রান আউটে ফিরিয়ে দেয়ার সুযোগ হাতছাড়া করেছেন। সাকিবের বলে সেই রস টেলরের ক্যাচও মুশফিকুর রহিমের হাত থেকে ফসকে গেছে। কেন উইলিয়ামসনকে মাত্র ৬ রানের মাথায় রান আউটে ফিরিয়ে দেয়ার সুযোগও হাতছাড়া করেছেন মুশফিক। এই রস টেলরই শেষ পর্যন্ত ৯১ বলে ৯২ রানের ইনিংস খেলে ম্যাচটা বাংলাদেশের হাত থেকে ছুটিয়ে নিয়েছেন। জয়ের সম্ভাবনা জাগিয়ে বাংলাদেশ সেই ম্যাচে হেরেছে ২ উইকেটে।
ঈদ এর দিনে ওই জয়টি পেলে বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালের কক্ষপথে থাকতে পারতো বাংলাদেশ দল। নিউ জিল্যান্ডের বিপক্ষে জয় হাতছাড়া করার কষ্টটা তাই বাংলাদেশকে পুঁড়িয়েছে যন্ত্রনায়।
ঈদ উল ফিতরের উৎসবে পূর্ণতা দেয়ার গল্প অবশ্য আছে বাংলাদেশ দলের। সেই গল্পেও বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ২০১৫ সালের ১৮ জুলাই ঈদ উল ফিতরের উৎসবটা বাংলাদেশ রাঙিয়েছিল তিনদিন আগে, চট্টগ্রামে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে দিয়ে। ওই জয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের (২-১) রেকর্ড করে ওডিআই র্যাঙ্কিংয়ে ৭ এ উঠে ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করেছে। তার ঠিক তিনদিন পর সেই চট্টগ্রামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। সেবার চট্টগ্রামেই ঈদ উল ফিতর পালন করেছে বাংলাদেশ দল। ওয়ানডে এবং টেস্ট কভার করতে আমাকে দুবার ঢাকা থেকে যেতে হয়েছে চট্টগ্রামে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকেই সেঞ্চুরি—যে কীর্তি ছিল না কোনো নারী ক্রিকেটারের, সেটিই করে দেখালেন রুয়ান্ডার ১৫ বছর বয়সী ফ্যানি উতাগুশিমানিন্দে। নাইজেরিয়া ইনভিটেশনাল উইমেনস টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঘানার বিপক্ষে এই বিধ্বংসী ইনিংস খেলে ক্রিকেটের ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন তিনি।
আজ নাইজেরিয়ার লাগোসে ঘানার বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৬৫ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন উতাগুশিমানিন্দে। এর মাধ্যমে প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি অভিষেকে সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে ৯৬ রান করে এই তালিকার শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি কারেন রোল্টন।
১৫ বছর ২২৩ দিন বয়সে সেঞ্চুরি করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের (নারী ও পুরুষ মিলিয়ে) কনিষ্ঠতম সেঞ্চুরিয়ানও এখন উতাগুশিমানিন্দে। তিনি ভেঙে দিয়েছেন উগান্ডার প্রসকোভিয়া আলাকোর রেকর্ড। ২০১৯ সালে মালির বিপক্ষে যখন আলাকো সেঞ্চুরি করেছিলেন, তখন তার বয়স ছিল ১৬ বছর ২৩৩ দিন।
পুরুষ ক্রিকেটে এখন পর্যন্ত চারজন ব্যাটার অভিষেক ম্যাচে সেঞ্চুরি করলেও পূর্ণ সদস্য কোনো দেশের খেলোয়াড় এই তালিকায় নেই। পুরুষ ক্রিকেটে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান ফ্রান্সের গুস্তাভ ম্যাককিওন, যিনি ১৮ বছর ২৮০ দিন বয়সে এই কীর্তি গড়েছিলেন। উতাগুশিমানিন্দে সেই হিসেবে পুরুষ ক্রিকেটের রেকর্ডকেও পেছনে ফেলে দিলেন।
উতাগুশিমানিন্দের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১০ রানের পাহাড় গড়ে রুয়ান্ডা। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন মার্ভেইল ওয়াসে। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ৮৮ রান তুলতে সক্ষম হয় ঘানা। ১২২ রানের বিশাল জয়ে মাঠ ছাড়ে রুয়ান্ডা।

২০ মার্চ এলেই বাংলাদেশ ক্রিকেট ভক্তদের সামনে তামিমে ইকবালের জন্মদিনটি মনে করিয়ে দেয় সংবাদমাধ্যম। তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ সেঞ্চুরির মালিক, বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটার তামিমের ৩৭তম জন্মদিনটি এবার খুব একটা ঘটা করে পালিত হয়নি। সোশ্যাল মিডিয়ায় ঈদ উল ফিতরের আগাম বার্তায় বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটারের জন্মদিন নিয়ে হয়নি তেমন আলোচনা। স্ত্রী আয়েশা আক্তারের পোষ্ট, তামিম ভক্তদের শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরনীয় সব জয়ের নায়ককে স্মরণ করেছে সমর্থকরা।
তামিমের জন্মদিনটি প্রথম আলোচনায় এসেছে ২০০৭ সালে, বিশ্বকাপ চলাকালে। বাঁ হাতি ব্যাটিংয়ের জাদুকর ব্রায়ান লারার জন্মস্থানে বাংলাদেশের এক ব্যাটিং বিস্ময়ের আবির্ভাব সেই বিশ্বকাপে দেখেছে বিশ্ব।
সেকারণেই তামিমের ১৮তম জন্মদিন উদযাপনের নিউজটা পেয়েছে সেবার গুরুত্ব। ত্রিনিদাদের হোটেল হিলটনের লবিতে ঢু মেরেই পেলাম তামিমের জন্মদিন উদযাপনের উত্তাপ। তিনদিন আগে কুইন্স পার্ক ওভালে ৫৩ বলে ৫১ রানের ইনিংসে ভারতকে হারানোর নায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে প্রতিপক্ষ ভারতের সুপার স্টার দ্রাবিড়, সৌরভ, শচিন এসেছেন ছুটে।
তামিমের জন্মদিন এবং জন্মদিনের আশে-পাশের দিনগুলোতে তামিমের কৃতির সঙ্গে বাংলাদেশ দলের সাফল্য এক সময়ে ছিল অবিচ্ছেদ্য অংশ। টেস্ট ক্যারিয়ারে প্রথম উভয় ইনিংসে ফিফটির রেকর্ডটা তার ২১তম জন্মদিনে। মিরপুর টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮৫-এর পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৫২। ২০১৭ সালের ১৫ থেকে ১৯ মার্চ কলোম্বোর পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্ট জয় দিয়ে রাঙানোর নেপথ্যেও তামিমের ব্যাটিং (৪৯ও ৮২)। চতুর্থ ইনিংসে ১৯১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ৪ উইকেটে জিতেছে তামিমের ৮২ রানে। একদিন পর শততম টেস্ট জয়ের নায়ক তামিমের ২৮তম জন্মদিনটা তাই একটু বেশি উৎসবমুখর ভাবেই পালিত হয়েছে।
২০০৮ সালে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের নায়ক তামিম ১৯তম জন্মদিন পালন করেছেন একটু বেশি আনন্দে। জন্মদিনে ম্যাচ উইনিং ৪৬ রানের ২ দিন পর ওডিআই ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি (১৩৬) উদযাপন করেছেন তামিম মিরপুরে।
২৩তম জন্মবার্ষিকী উদযাপনটা তামিম শুরু করেছিলেন এক সপ্তাহ আগে। তার রেশটা ছিল সেই জন্মবার্ষিকী পালনের ২ দিন পরেও। ২০১২ সালের ১১, ১৬, ২০ ও ২২ মার্চ তামিমের ক্রিকেট ক্যারিয়ারে স্মরণীয়তম। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৬৪, ভারতের বিপক্ষে ৭০, শ্রীলঙ্কার বিপক্ষে ৫৯ রানের পর ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৬০! টানা ৪ ফিফটি। ভারতের গ্রেট শচিনের আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি উৎসবকে ম্লান করে দিয়ে সেই ম্যাচে ম্যাচ উইনার তামিম। সেদিন মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে বার্থডে বয় ক্যাপ-এ ছিল সয়লাব।
২৮তম জন্মদিনের ৫ দিন পর শ্রীলঙ্কার ডাম্বুলায় ১২৭ রানের ইনিংসটিও কাঁপিয়ে দিয়েছে স্বাগতিকদের। ২০২২ সালে ৩৩তম জন্মদিনটি কেটেছে তামিমের দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। স্বাগতিক দলের বিপক্ষে সেই ম্যাচে ১ রানে থেমেছেন তামিম। সেই কষ্টটা লাঘব করেছেন ৩ দিন পর। সেঞ্চুরিয়নে তামিমের ৮৭ রানের হার না মানা ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে অবিশ্বাস্যভাবে ৭ উইকেটে হারিয়ে দক্ষিণ আফ্রিকার মাটি থেকে প্রথমবারের মতো ওডিআই সিরিজ জয়ের উৎসব করেছে বাংলাদেশ দল।
জন্মবার্ষিকী বিষাদময় হওয়ার দৃষ্টান্তও দেখেছেন তামিম। ২০১৪ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামের লোকাল হিরো তামিম নিজের চেনাজানা মাঠে করেছেন হতাশ পারফরমেন্স। হংকংয়ের বিপক্ষে পেয়েছেন ডাক। শুরুর ওই ধাক্কা সামাল দিতে পারেনি বাংলাদেশ। হেরে গেছে বাংলাদেশ হংকংয়ের কাছে।
তারপরও প্লেয়িং ক্যারিয়ারে তামিমের অধিকাংশ জন্মবার্ষিকী পালিত হয়েছে আনন্দে, জন্মদিনে তামিম দেশকে দিয়েছেন সুখববর।
২০০৭ বিশ্বকাপে সুপার এইটে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিরতির সময়ে লাঞ্চ টেবিলে স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে বসে খেয়েছি লাঞ্চ। তাও আবার এক টেবিলে বসে ক্যারিবিয়ান লিজেন্ডারির সঙ্গে লাঞ্চ করা কম গর্বের নয়। লাঞ্চের ফাঁকে স্যার ভিভ রিচার্ডসের একটা মিনি ইন্টারভিউ নিয়েছিলাম। ব্যাটিংয়ে বিশ্ব শাসন করতে এসেছেন তামিম, সেই ভবিষ্যদ্বানী করেছিলেন ভিভ রিচার্ডস সেই ইন্টারভিউতে। ১৮-পেরুনে একটা ছেলের মধ্যে যে প্রতিভা দেখতে পেয়েছেন, তার বিচ্ছুরণ দেখেছে বিশ্ব পরবর্তীতে। ৭০ টেস্টে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান, ২৪৩ ওডিআই ম্যাচে ৩৬.৬৫ গড়ে ৮৩৫৭ রান এবং ৭৮ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৪.০৮ গড়ে ১৭৫৮ রান করে নিজের ব্যাটিং সক্ষমতার জানানই দিয়ে গেছেন তামিম ইকবাল। আড়াই বছর আগে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানিয়েও তাই তামিমের জন্মদিনকে বিশেষভাবে উদযাপনে ভক্তরা থাকে মুখিয়ে।

সিরিজের প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে নিউ জিল্যান্ড। অকল্যান্ডের ইডেন পার্কে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৩৭ রানের লক্ষ্যে ১৬.২ ওভারেই টপকে যায় কিউইরা।
রান তাড়ায় শুরু থেকেই প্রোটিয়া বোলারদের কোনো সুযোগই দেননি নিউ জিল্যান্ডের ওপেনাররা। ডেভন কনওয়ে ও টম লাথাম মিলে ওপেনিংয়ে গড়েন ৯৬ রানের জুটি।
কনওয়ে ২৬ বলে ৩৯ রান করে বিদায় নিলেও অপরপ্রান্তে অপরাজিত ছিলেন লাথাম। ৭ চার ও ২ ছক্কায় ৫৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই উইকেট কিপার ব্যাটার।
এর আগে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। নিউ জিল্যান্ডের বোলারদের তোপের মুখে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। এক পর্যায়ে ৬৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে সফরকারীরা।
শেষ দিকে জর্জ লিনডের ২৩ এবং এনকোবানি মোকোয়েনার ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ১০ নম্বরে নামা মোকোয়েনা দলের সর্বোচ্চ ২০ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন।
নিউ জিল্যান্ডের হয়ে বেন সিয়ার্স, স্যান্টনার ও জেমিসন দুটি করে উইকেট শিকার করেন। ৪ ওভারে ৯ রান খরচায় এক উইকেট নিয়ে ম্যাচসেরা লকি ফার্গুসন।
সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে রোববার ওয়েলিংটনে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোন বিকল্প নেই প্রোটিয়াদের সামনে।