
রংপুর রাইডার্সের শীর্ষস্থান নিশ্চিত নাকি নোয়াখালী এক্সপ্রেসের লজ্জার রেকর্ড থেকে রেহাই—বিপিএলের আজ বিপরীত সমীকরণ মাথায় রেখে খেলতে নেমেছিল দু’দল। শেষ পর্যন্ত সম্মান রক্ষা হয়েছে প্রথমবার বিপিএলে অংশ নেওয়া নোয়াখালীর। টানা ছয় ম্যাচে হারের পর সপ্তম ম্যাচে ৯ রানে জয় পেয়েছে হায়দার আলীর নেতৃত্বাধীন দলটি।
তুমুল আগ্রহ-উদ্দীপনা ও দর্শক সমর্থন নিয়ে প্রথমবার বিপিএল ক্রিকেট খেলতে এসে একের পর এক শুধু ব্যর্থতাই দেখছে নোয়াখালী এক্সপ্রেস। একে একে টানা ছয়টি ম্যাচ হেরে টুর্নামেন্টে সবার নিচে রয়েছে বিপিএলের নবাগত দলটি। ২০১২ সালে টুর্নামেন্টের প্রথম সংস্করণে টানা সাত ম্যাচ পরাজয়ের পর অষ্টম ম্যাচে গিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছিল সিলেট রয়্যালস। টানা হারের সেই লজ্জার রেকর্ডে ভাগ বসানোর শঙ্কা ছিল নোয়াখালীর। তবে অবশেষে জয় পেয়ে সেই অপ্রীতিকর রেকর্ড এড়াল তারা।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে ১৪৮ রান করে নোয়াখালী। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রানে থামে রংপুর।
এ জয়ে পয়েন্ট টেবিলে উন্নতি হয়নি নোয়াখালী এক্সপ্রেসের। ষষ্ঠ নম্বরেই অবস্থান করছে দলটি। আজ জিতলে ১০ পয়েন্ট হতো রংপুর রাইডার্সের। নেট রান রেটে ভর করে বন্দর নগরীর ফ্রাঞ্চাইজিকে পেছনে ফেলার সুযোগ ছিল তাদের। তবে দুই পয়েন্ট না পাওয়া দুইয়েই অবস্থান করছে রংপুর।
রান তাড়ায় শুরুটা ভালো ছিল না রংপুরের। দলীয় ২৩ রানেই দুই ওপেনারকে হারায় তারা। হাসান মাহমুদের দুর্দান্ত বলে লিটন দাস বোল্ড হওয়ার পর ডেভিড ম্যালানকে বোল্ড করেন স্পিনার নবী।
অবশ্য দুই ওপেনারকে হারানোর পরও পথ হারায়নি রংপুর। তৃতীয় উইকেটে ৫১ বলে ৬৩ রান যোগ করেন তাওহিদ হৃদয় ও ইফতিখার আহমেদ। তাদের দুর্দান্ত এই জুটি শেষ হয় জহির খানের বলে ৩১ বলে ৩৭ করা ইফতিখার আউট হলে।
১৪.৫ ওভারে ১০০ রান তোলার পর মাহমুদউল্লাহ রিয়াদের উইকেটও হারায় রংপুর। সবশেষ তিন ম্যাচে দারুণ ব্যাটিং করা এই ব্যাটার আউট হন ৮ বলে ৯ করে। আরও ৭ রান যোগ হতেই উইকেটে থিতু হয়ে যাওয়া হৃদয়ও আউট হয়ে সমীকরণ কঠিন করে ফেলেন রংপুরের। পঞ্চম উইকেট পতনের পর জয়ের জন্য শেষ চার ওভারে রংপুরের লক্ষ্য দাঁড়ায় ৪১ রান।
এবারের বিপিএলে ব্যর্থতার ধারা বজায় রাখেন সোহান। মেহেদী হাসান রানার বলে ৬ বলে ৪ রান করে আউট হয়ে দলকে আরও বিপদে ফেলেন এই উইকেটকিপার ব্যাটার। আট নম্বর ব্যাটার হিসেবে মাঠে নামেন মৃত্যুঞ্জয়।
এরপর রংপুরকে জেতানোর দায়িত্ব নিজের কাঁধে নিলেও ব্যর্থ হন খুশদিল শাহ। শেষ দুই ওভারে জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ২৩ রান। বিলাল সামির করা ১৯তম ওভারে ৮ রান তোলার পর শেষ ওভারে লক্ষ্য দাড়ায় ১৫ রান।
নোয়াখালীর হয়ে শেষ ওভার করতে আসেন আগের তিন ওভারে ২১ রান দিয়ে এক উইকেট নেওয়া হাসান মাহমুদ। মাত্র পাঁচ রান দিয়ে তিন উইকেট নিয়ে নোয়াখালীকে প্রথম জয় এনে দেন তিনি। তাঁর করা প্রথম ডেলিভারিতেই ১৬ বলে ২৪ করা খুশদিল আউট হন সৌম্য সরকারের ক্যাচ হয়ে। পরের বলে সিঙ্গেল নেওয়ার পর তৃতীয় বলে আউট হন মৃত্যুঞ্জয়ও। দশ নম্বরে নামা মোস্তাফিজ চার মেরে রংপুরকে আশা দেখালেও শেষ পর্যন্ত শেষ হাসি হাসে নোয়াখালীই।
টসে হেরে ব্যাটিং করতে নেমে শেষ দিকে ব্যাটিং ধসের কবলে পড়ার আগে শুরুটা মন্দ ছিল না নোয়াখালীর। প্রথম ৬ ওভারে তারা তুলেছিল ৬৬ রান। তবে ১৬ বলে ৩০ রান করা হাবিবুর রহমান সোহান, আর ২৭ বলে ৩১ করা সৌম্য সরকারের শুরুটা কাজে লাগাতে ব্যর্থ হয় নোয়াখালী।
প্রথম ২ ওভারেই ২৫ রান তুলে নোয়খালী। রংপুর পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর প্রথম ওভার থেকে এসেছে দলটি তোলে ১৪ রান। এরপর ডানহাতি স্পিনার ইফতিখার আহমেদের ওভার থেকে এসেছে ১১।
আক্রমণে এসেই নোয়াখালীর ওপেনিং জুটি ভাঙেন মোস্তাফিজুর রহমান। তাঁর প্রথম বলেই ব্যাট দিয়ে স্টাম্পে টেনে বোল্ড হয়েছেন শাহাদাত হোসেন। ৮ বলে ৩ চারে ১৪ রান করেছেন এই ব্যাটার।
দ্বিতীয় উইকেটে সোম্য-সোহানের ৪৫ রানের জমে যাওয়া জুটি ভাঙেন সুফিয়ান মুকিম। ৩০ রান করা হাবিবুর পাকিস্তানি স্পিনাররের বলে লং অনে লিটন দাসের হাতে ক্যাচ দেন। এরপর জোড়া আঘাত করেন রংপুরের স্পিনার খুশদিল শাহ। ওভারের প্রথম বলে ৩১ রান করা সৌম্যকে ফেরানোর পর দ্বিতীয় বলে বোল্ড করেন মোহাম্মদ নবীকে।
স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হতেই আরেক ব্যাটার সাজঘরের পথ ধরেন। ঘণ্টায় ১৪৯ কিলোমিটার গতিতে করা নাহিদ রানার শর্ট বলটি থেকে কোনোভাবে বাঁচতে চেয়েছিলেন হায়দার আলী। তবে বল গ্লাভসে লেগে চলে যায় উইকেটকিপার নুরুল হাসানের হাতে। ৪ বলে ১ রান করেছেন হায়দার।
৮৯ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়া নোয়াখালীকে এরপর পথ দেখান জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন। ধীরলয়ে ব্যাটিং করা জাকের করেন ৩৮ বলে ৩৭ আর অঙ্কনের ব্যাট থেকে আসে ২১ বলে ২৮ রানের ইনিংস।
দলীয় ১৩৮ রানে টানা দুই বলে জাকের ও মেহেদীকে ফেরানোর হাসান মাহমুদকেও আউট করে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। তবে এই পেসার নিজেই ক্যাচটা নিতে পারেননি। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের সফলতম বোলার তিনি।
মোস্তাফিজ না পারলেও হ্যাটট্রিকের স্বাদ পান মৃত্যুঞ্জয় চৌধুরি। একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে বিপিএলে দ্বিতীয় হ্যাটট্রিকের মালিক হলেন তিনি। শেষ ওভারের তৃতীয় বলে মাহিদুল, চতুর্থ বল মেহেদী রানা ও পঞ্চম বলে বিলাল সামিকে আউট করেন মৃত্যুঞ্জয়। ২.৫ ওভারে ৪৩ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। এর আগে ২০২২ সালে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সিলেট সানরাইজার্সের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন এই বাঁহাতি পেসার।
মৃত্যুঞ্জয়ের হ্যাটট্রিকের দিন গতির ঝড় তুলে ৪ ওভারে ১৭ রানে নিয়েছেন ১ উইকেট নেন নাহিদ। বাঁহাতি স্পিনার খুশদিল শাহ ২৭ রানে ২ উইকেট নিয়েছেন।
No posts available.
১১ মার্চ ২০২৬, ১০:৪৬ এম
১১ মার্চ ২০২৬, ১০:২৫ এম
১০ মার্চ ২০২৬, ৭:২২ পিএম

লম্বা বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হচ্ছে নতুন সূচি। টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা শেষ হওয়ার পর এখন পুরো মনোযোগ ৫০ ওভারের ক্রিকেটে। সামনে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ—সেই লক্ষ্যেই নতুন পরিকল্পনায় এগোতে চায় বাংলাদেশ।
গত কয়েক মাস আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও ক্রিকেটাররা মাঠের বাইরে ছিলেন না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ এবং বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিয়েছেন তারা। তবু আন্তর্জাতিক ম্যাচ না থাকায় ব্যস্ততার মধ্যে এক ধরনের শূন্যতা ছিল। সেই অপেক্ষার অবসান হচ্ছে পাকিস্তান সিরিজ দিয়ে।
এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ আছে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে নির্দিষ্ট সময়ের মধ্যে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ নয় দলের মধ্যে থাকতে হবে। তাই সামনে থাকা প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দলের জন্য।
আরও পড়ুন
| গোলকিপারের ভুলে টটেনহামের বিপর্যয়, বায়ার্নের গোলবন্যা |
|
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ মনে করেন, সামনে থাকা ম্যাচগুলো দলের জন্য বড় সুযোগ। তাঁর মতে, এই বছরে বেশ কিছু ওয়ানডে ম্যাচ রয়েছে বাংলাদেশের সূচিতে এবং সেগুলোর ফলই ভবিষ্যতের পথ নির্ধারণ করবে। বিশ্বকাপের কথা মাথায় রেখে র্যাঙ্কিং ধরে রাখা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারায় পাকিস্তানও ৫০ ওভারের ক্রিকেটে নতুনভাবে দল গুছানোর চেষ্টা করছে। এই সিরিজে তারা কয়েকজন নতুন ক্রিকেটারকে সুযোগ দিয়েছে। দলে থাকা ছয় অনভিষিক্ত ক্রিকেটারের মধ্যে চারজনই টপ অর্ডারের ব্যাটার। এর মধ্যে সাহিবজাদা ফারহানকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা, যিনি সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন।
তাই অভিজ্ঞতার ঘাটতি থাকলেও পাকিস্তানের নতুন মুখগুলোকে সহজভাবে নেওয়ার সুযোগ দেখছে না বাংলাদেশ। বাংলাদেশের স্কোয়াডে বড় কোনো চমক না থাকলেও দীর্ঘদিন পর আবার সুযোগ পেয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন।
ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক সময়ে লিটনের পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না। তবু স্পিন ভালো খেলতে পারার কারণে তাঁকে আবার দলে ফেরানো হয়েছে। দলের কোচ ফিল সিমন্স মনে করেন, ব্যাটিং অর্ডারের মাঝামাঝি জায়গায় খেললে লিটনের ওপর চাপ কিছুটা কমবে। একই সঙ্গে উইকেটকিপিংয়ের পর বিশ্রামও পেতে পারেন তিনি। এখন তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুরোনো ছন্দে ফিরে আসা।
পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। তাঁর অধিনায়কত্বে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি সিরিজ জিতেছে পাকিস্তান। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স খুব একটা নজরকাড়া ছিল না।
আরও পড়ুন
| শেষ মুহূর্তের নাটকীয়তায় নিউক্যাসলকে থামাল বার্সেলোনা, স্লটের শততম ম্যাচে লিভারপুলের হার |
|
মিরপুরে ম্যাচ মানেই উইকেট নিয়ে আলোচনা। আগের সিরিজে এই মাঠে স্পিনারদের প্রভাব ছিল অনেক বেশি। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলোতে বেশির ভাগ ওভারই করেছিলেন স্পিনাররা। এমনকি এক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ পুরো ইনিংসই স্পিনে শেষ করেছিল।
তবে এবার দুই দলের কোচই জানিয়েছেন, উইকেট আগের তুলনায় কিছুটা ভালো। আবহাওয়ার পূর্বাভাসে আবার বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হচ্ছে।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছিল ৩–০ ব্যবধানে। এবারও সেই স্মৃতি মনে রেখে মাঠে নামবে স্বাগতিকরা। সিরিজে জয় পেলে ঈদের আগে সেটি দেশের সমর্থকদের জন্য দারুণ আনন্দের উপলক্ষ হয়ে উঠতে পারে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব ভাগাভাগি করে করবেন নিউ জিল্যান্ডের দুই অভিজ্ঞ ক্রিকেটার মিচেল স্যান্টনার ও টম ল্যাথাম। সিরিজের প্রথম তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন স্যান্টনার, আর শেষ দুই ম্যাচে অধিনায়কত্ব করবেন টেস্ট দলের অধিনায়ক ল্যাথাম।
গতকাল নিউ জিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করলে এ তথ্য জানানো হয়। সিরিজটি শুরু হবে ১৫ মার্চ, মাউন্ট মঙ্গানুইতে।
সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কায় খেলেছিলেন স্যান্টনারসহ নিউজিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটার। সামনে ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকায় তাঁদের মধ্যে কয়েকজনকে সিরিজের বিভিন্ন সময়ে বিশ্রাম দেওয়া হবে। এর মধ্যে এপ্রিল-মেতে আইপিএল ও পিএসএলের সময় বাংলাদেশের সফর রয়েছে নিউ জিল্যান্ডের। এরপর শীত মৌসুমে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরও আছে কিউইদের।
প্রায় তিন বছর পর টি-টোয়েন্টি দলে ফিরছেন টম ল্যাথাম। ঘরোয়া ক্রিকেটে ক্যান্টারবারির হয়ে সুপার স্ম্যাশ ও ফোর্ড ট্রফিতে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দলে জায়গা পেয়েছেন তিনি।
দলের নির্বাচক গ্যাভিন লারসেন জানিয়েছেন, কয়েকজন ক্রিকেটারের বিশ্রাম ও চোটের কারণে দল নির্বাচন করতে কিছুটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁর মতে, দলের গভীরতা থাকায় নতুন কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আরও পড়ুন
| শেষ মুহূর্তের নাটকীয়তায় নিউক্যাসলকে থামাল বার্সেলোনা, স্লটের শততম ম্যাচে লিভারপুলের হার |
|
চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অফস্পিন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। টি-টোয়েন্টি বিশ্বকাপে কাফ ইনজুরির কারণে খেলতে পারেননি তিনি এবং এখনো পুরোপুরি সুস্থ হননি। চোটের কারণে বিবেচনায় আনা হয়নি পেসার অ্যাডাম মিলনে, ব্লেয়ার টিকনার ও উইল ও’রাউর্ককেও।
সিরিজের প্রথম তিন ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্বে থাকার কথা ডেভন কনওয়ের। শেষ দুই ম্যাচে তাঁকে বদলে দায়িত্ব নিতে পারেন ডেন ক্লিভার। সম্প্রতি প্লাঙ্কেট শিল্ডে খেলতে নেমে সেঞ্চুরি করে দারুণ ছন্দে আছেন তিনি।
এই সিরিজে নিউ জিল্যান্ড দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দুই ক্রিকেটার—জেডেন লেনক্স ও কাতেনে ক্লার্ক। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার লেনক্স। শেষ দুই ম্যাচে স্যান্টনার বিশ্রামে গেলে মূল স্পিনার হিসেবে খেলতে পারেন তিনি।
অন্যদিকে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সুপার স্ম্যাশে দুর্দান্ত ব্যাটিং করে দলে জায়গা করে নিয়েছেন ওপেনার কাতেনে ক্লার্ক। নয় ইনিংসে ৪৩১ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৭০-এর বেশি।
ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা বেভন জ্যাকবসও দলে জায়গা পেয়েছেন। সুপার স্ম্যাশে টানা পাঁচটি অর্ধশতক করে আলোচনায় আসেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। এছাড়া টিম রবিনসন ও নিক কেলিকেও টপ অর্ডারে দেখা যেতে পারে।
অলরাউন্ডার হিসেবে দলে আছেন জিমি নিশাম ও জশ ক্লার্কসন। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার নাথান স্মিথ। এছাড়া কাইল জেমিসন ও বেন সিয়ার্সও এই সিরিজে সুযোগ পেতে পারেন।
নিউ জিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার এই টি-টোয়েন্টি সিরিজটি ডাবল হেডার হিসেবে হবে, যেখানে একই দিনে নারী দলের ম্যাচও থাকবে। বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর দক্ষিণ আফ্রিকার জন্য সিরিজটি প্রতিশোধ নেওয়ার সুযোগ হিসেবেও দেখা হচ্ছে।
লারসেন বলেছেন, বিশ্বকাপের পর এত দ্রুত আবার মাঠে নামার সুযোগ পাওয়া সমর্থকদের জন্যও দারুণ বিষয়। ঘরের মাঠে আবার দর্শকদের সামনে খেলতে মুখিয়ে আছেন দলের ক্রিকেটাররা।
নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি দল:
মিচেল স্যান্টনার (অধিনায়ক, ১–৩ ম্যাচ), কাতেনে ক্লার্ক (৪–৫ ম্যাচ), জশ ক্লার্কসন, ডেন ক্লিভার (উইকেটরক্ষক, ৪–৫ ম্যাচ), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক, ১–৩ ম্যাচ), লকি ফার্গুসন (২–৩ ম্যাচ), জ্যাক ফাউলকস, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম (অধিনায়ক, ৪–৫ ম্যাচ), জেডেন লেনক্স (৪–৫ ম্যাচ), কোল ম্যাককনকি, জিমি নিশাম, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে পূর্ণ দাপট দেখিয়েই বিশ্বকাপ জিতেছে ভারত। সদ্য সমাপ্ত টুর্নামেন্টের ফাইনালে নিউ জিল্যান্ডকে পাত্তাই দেয়নি বিশ্বকাপের সহ-আয়োজক দলটি। পুরো টুর্নামেন্টেও তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া ভারতের পারফরম্যান্স ছিল অনবদ্য। তবে ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হারমিসন বলেছেন, ভারত আসলে টুর্নামেন্টের সেরা দল ছিল না; তাঁর মতে, দক্ষিণ আফ্রিকা আরও ভালো খেলেছিল।
টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ভারত প্রথম দল হিসেবে শিরোপা রক্ষা ধরে রেখেছে। এছাড়া স্বাগতিক হিসেবে বিশ্বকাপ জেতার প্রথম মধূর অভিজ্ঞতাও হয় ভারতের। বিশ্বকাপের ১০তম আসরে মাত্র একটি ম্যাচই হেরেছে ভারত। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়েছিল
ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকাকেও বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল। তবে তারা সেমিফাইনালে নিউ জিল্যান্ডের কাছে নয় উইকেটে হেরে যায় তারা।
অন্যদিকে আরেক সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে ভালো ঘাম ঝরাতে হয় ভারতের। তবে ফাইনালে জাসপ্রিত বুমরাহ-সঞ্জু স্যামসনদের দুর্দান্ত পারফরম্যান্সে খড়কুটোর মতো উড়ে যায় ব্লাক ক্যাপসরা।
ভারতের প্রসঙ্গে মন্তব্য করে হারমিসন বলেছেন, ভারতের খেলোয়াড়রা গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ভালোভাবে খেলেছে, তবে সামগ্রিকভাবে সেরা দল হিসেবে তারা পুরোপুরি পারফ্যাক্ট ছিল না। তিনি যুক্তি দেখিয়েছেন, দক্ষিণ আফ্রিকা ছিল আরও ধারাবাহিক এবং ভালো দল।
ইউটিউব চ্যানেল টকস্পোর্টে হারমিসন বলেন,
‘ফাইনালে ভারত বড় ব্যবধানে জিতেছে অভিষেক শর্মা এবং সঞ্জুর জুটিতে ভর করে। বুমরাহ পুরো টুর্নামেন্টে ফ্ল্যাট পিচে পার্থক্য তৈরি করেছেন। আমি মনে করি না ভারত এই টুর্নামেন্টের সেরা দল ছিল। দক্ষিণ আফ্রিকা সেরা দল ছিল। ভারত সেরা ‘মোমেন্ট’ দল ছিল। তারা বড় মুহূর্তগুলো জয় করেছে।’
হারমিসন আরও বলেন,
‘গ্রুপ পর্বে তাদের পারফরম্যান্স এতটা আশাব্যঞ্জক ছিল না আমার মনে হয়। এরপর তারা বড় মুহূর্তগুলো জয় করল। কোয়ার্টার-ফাইনালে (অলিখিত) ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সমস্যা হয়েছিল। ভারত তাদের বিগ-মোমেন্টে খেলোয়াড়দের কারণে এমন পরিস্থিতিতেও জয়ের পথ খুঁজে নিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টের বেশি ধারাবাহিক দল ছিল, ফিন অ্যালেনের সেই বিশেষ ম্যাচ ছাড়া। বড় মুহূর্তে চাপ সামলানো এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারত অন্যদের চেয়ে ভালো করেছে।’

কলকাতায় আটকে পড়া ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দলের খেলোয়াড়দের দেশে ফেরাতে আলাদা বাণিজ্যিক ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করেছে আইসিসি। এর আগে তাদের চার্টার্ড ফ্লাইট বাতিল হয় যুদ্ধ পরিস্থিতির কারণে।
জানা গেছে, কলকাতা থেকে উড্ডয়নের কথা থাকা চার্টার্ড ফ্লাইটটি শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়। লজিস্টিক জটিলতার কারণ দেখিয়ে ফ্লাইটটি বাতিল করা হয়। এর পর খেলোয়াড়দের নিরাপদে নিজ নিজ দেশে ফেরাতে বাণিজ্যিক ফ্লাইটের টিকিট বুকিং করে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এক কর্মকর্তা জানিয়েছেন, সব খেলোয়াড়ের জন্য ইতিমধ্যে বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং তারা ধাপে ধাপে ভারত ছাড়তে শুরু করেছেন।
পশ্চিম এশিয়ার আকাশপথে বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় সেই অঞ্চলের কিছু আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে উপসাগরীয় অঞ্চল দিয়ে যাতায়াত করা অনেক বিমান সংস্থাকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।
এই পরিস্থিতির কারণে ভারত থেকে ক্যারিবীয় অঞ্চল ও আফ্রিকার দিকে ফ্লাইট পরিচালনা কঠিন হয়ে পড়ে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বিমান সহযোগী সংস্থাও দুবাইয়ের আকাশপথ বন্ধ থাকায় স্বাভাবিকভাবে ফ্লাইট পরিচালনা করতে পারেনি।
এর আগে মঙ্গলবার বিকেলে দুই দলকে নিয়ে একটি যৌথ চার্টার্ড ফ্লাইটে কলকাতা থেকে জোহানেসবার্গ যাওয়ার পরিকল্পনা ছিল। সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যদের অ্যান্টিগায় যাওয়ার কথা ছিল, আর দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা নিজ নিজ গন্তব্যে ছড়িয়ে পড়ার কথা ছিল।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছিল কলকাতাতেই দুটি দল। ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ সুপার এইট পর্বে ভারতের কাছে হেরে বিদায় নেয়। আর দক্ষিণ আফ্রিকার অভিযান শেষ হয় ৪ মার্চ প্রথম সেমিফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে।
তার পর থেকেই দুই দলের বেশ কয়েকজন ক্রিকেটার কলকাতায় অবস্থান করছিলেন। চার্টার্ড ফ্লাইট বাতিল হওয়ায় তাদের দেশে ফেরা বিলম্বিত হয়। পরে বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করায় ধাপে ধাপে তারা ভারত ছাড়তে শুরু করেছেন।

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুণতে হচ্ছে ভারতের পেসার পেসার আর্শদীপ সিংকে। আহমেদাবাদে নিউ জিল্যান্ডের বিপক্ষে ড্যারিল মিচেলকে লক্ষ্য করে বল ছুঁড়েছিলেন তিনি।
বুধবার এক বিবৃতিতে আর্শদীপের শাস্তির বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। ম্যাচ ফি কর্তনের পাশাপাশি আর্শদীপের নামের পাশে এক ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে।
নিউ জিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে বল করার পর ফলো–থ্রুতে বল কুড়িয়ে উইকেটের দিকে ছুড়ে দেন আর্শদীপ। সেই বল গিয়ে লাগে মিচেলের গায়ে। এ কারণে আইসিসির আচরণবিধির লেভেল–১ ধারা ভঙ্গের দায়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে।
আইসিসির আচরণবিধির ২.৯ নম্বর ধারায় বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়ের দিকে বা কাছাকাছি বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল বা ক্রিকেট সরঞ্জাম ছুড়ে মারা নিষিদ্ধ।
জরিমানার পাশাপাশি আর্শদীপের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট।
অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও অ্যালেক্স ওয়ার্ফ, তৃতীয় আম্পায়ার আলাউদ্দিন পালেকার এবং চতুর্থ আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক অভিযোগটি আনেন। পরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি মেনে নেন আর্শদীপ। ফলে এ নিয়ে আলাদা কোনো শুনানির প্রয়োজন হয়নি।