২১ অক্টোবর ২০২৫, ৯:৩১ পিএম

মূল ম্যাচের শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ৫ রান। বোলিংয়ে সাইফ হাসান। প্রথম দুই বলে রান নিতে ব্যর্থ আকিল হোসেন। পরের বলে সিঙ্গেল নিয়ে তিনি স্ট্রাইক দিলেন সেট ব্যাটার শাই হোপকে। তবে হোপও ১ রানের বেশি নিতে পারলেন না।
সমীকরণ দাঁড়াল ২ বলে ৩ রান। বড় শট মারতে গিয়ে বোল্ড হয়ে গেলেন আকিল। শেষ বলে উড়িয়ে মারলেন শেষ ব্যাটার খ্যারি পিয়েরে। স্কয়ার লেগের দিকে গিয়ে ক্যাচ নিতে পারলেন না নুরুল হাসান সোহান। এরই মধ্যে ২ রান নিয়ে নিলেন হোপ ও পিয়েরে।
ফলে টাই হয়ে যায় ম্যাচ। তিন সংস্করণ মিলিয়ে এই প্রথম টাই হয় বাংলাদেশের কোনো ম্যাচ।
সুপার ওভারে বোলিংয়ের দায়িত্ব নেন মোস্তাফিজুর রহমান। প্রথম বলে সিঙ্গেল নেন শাই হোপ। পরের বলে মোস্তাফিজ ফিরিয়ে দেন শেরফান রাদারফোর্ডকে। ক্রিজে আসেন ব্র্যান্ডন কিং। পরের তিন বলে ৫ রান নিয়ে নেন হোপ ও কিং।
শেষ বলে মোস্তাফিজের কাটার হোপের ব্যাটের কানায় লেগে চলে যায় ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে। ফলে ১০ রানের সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
সফরকারীদের হয়ে বোলিংয়ে আসেন আকিল হোসেন। ব্যাটিংয়ে নামেন সাইফ ও সৌম্য সরকার। প্রথম বলই আকিল করেন ওয়াইড। পরেরটি 'নো' বল করেন তিনি। সৌম্য নিয়ে নেন ২ রান। পরে ফ্রি হিটে আসে ১ রান। স্ট্রাইক পান সাইফ।
সাইফ প্রথম বল খেলেন ডট। পরের বলে ১ রান নিয়ে সৌম্যকে ব্যাটিং দেন তিনি। ৩ বলে ৫ রানের সমীকরণে ডিপ স্কয়ার লেগে ক্যাচ আউট হন সৌম্য। পরে ব্যাটিংয়ে আসেন নাজমুল হোসেন শান্ত। লেগ বাই থেকে ১ রান নেন তিনি।
শেষ বলে বাকি থাকে ৪ রান। ওয়াইড করে বসেন আকিল। পরের বলে ১ রানের বেশি নিতে পারেননি সাইফ। তাই সুপার ওভারে ১ রানে হেরে যায় বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর জয়ে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ।
মূল ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসও থামে ৯ উইকেটে ২১৩ রানে।
সুপার ওভার রোমাঞ্চের আগে ম্যাচটি ছিল পুরোপুরি স্পিন রাজত্বের। প্রথম ইনিংসে পুরো ৫০ ওভার স্পিনার দিয়ে বোলিং করিয়ে অনন্য ইতিহাস গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে আন্তর্জাতিক ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ৪৪ ওভার স্পিনার দিয়ে করানোর রেকর্ড ছিল শ্রীলঙ্কার, ৩টি আলাদা ম্যাচে।
পরের ইনিংসে বাংলাদেশেরও বেশিরভাগ বোলিং করেন স্পিনাররাই। সব মিলিয়ে পুরো ম্যাচে দুই দলের স্পিনাররা করেন ৯২ ওভার। এটিও বিশ্ব রেকর্ড। ভারতের দেরাদুনে ২০১৯ সালে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে দুই দলের স্পিনাররা মিলে করেছিলেন ৪৭০ বল বা ৭৮.২ ওভার।
ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। দীর্ঘ ভ্রমণ করে আগের মাঝ রাতে ঢাকায় পৌছেই দুপুরে খেলতে নেমে যাওয়া আকিল হোসেনের বলে স্লিপে ক্যাচ দেন বাংলাদেশের ওপেনার।
স্পিন স্বর্গে এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় বাংলাদেশ। বেশিক্ষণ টিকতে পারেননি তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কনরা।
একপ্রান্ত আগলে রেখে এগোচ্ছিলেন সৌম্য সরকার। দলের একশ পূর্ণ হওয়ার পর তিনিও ধরেন ড্রেসিং রুমের পথ। ৩ চার ও ১ ছক্কায় মাত্র ৫০.৫৬ স্ট্রাইক রেটে ৮৯ বলে ৪৫ রান করেন সৌম্য। ক্যারিয়ারে অন্তত ২০ বল খেলা ইনিংসে এটিই তার সবচেয়ে কম স্ট্রাইক রেট।
নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের আগে নামানো হয় নাসুম আহমেদকে। তাকে নিয়ে ২৫ রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ। এরপর সোহানের সঙ্গে সপ্তম উইকেট জুটিতে আসে ৩৫ রান। ২৪ বলে ২৩ রান করে ফেরেন সোহান।
৪৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৩ রান। মনে হচ্ছিল দুইশও করতে পারবে না তারা। তবে ভিন্ন ভাবনাই ছিল রিশাদের। স্রোতের বিপরীতে ঝড় তোলেন তরুণ অলরাউন্ডার। ৩টি করে চার-ছক্কায় ২৭৮.৫৭ স্ট্রাইক রেটে ১৪ বলে ৩৯ রান করেন তিনি।
বাংলাদেশের হয়ে অন্তত ১০ বলের ইনিংসে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড। রিশাদের ঝড়ে ২১৩ রান করে বাংলাদেশ। সাত ম্যাচ পর পুরো ৫০ ওভার খেলার কৃতিত্বও দেখায় তারা।
অষ্টম উইকেটে মিরাজের সঙ্গে ২৪ বলে ইনিংসের সর্বোচ্চ ৫০ রানের জুটি গড়েন রিশাদ। ৫৮ বলে ৩২ রানে অপরাজিত থাকেন মিরাজ।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩ উইকেট নিতে ১০ ওভারে ৬৫ রান দেন গুদাকেশ মোতি। এছাড়া আকিল হোসেন ও আলিক আথানেজ নেন ২টি করে উইকেট। ১০ ওভারে ৩ মেডেনসহ মাত্র ১৪ রান খরচ করেন আথানেজ।
পরে রান তাড়ায় প্রথম ওভারেই ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে শুরুর চাপ সামাল দেন আলিক আথানেজ ও কেসি কার্টি। তবে দুজনের কেউই সম্ভাবনাময় ইনিংস বড় করতে পারেননি।
আথানেজ ২৮ ও কার্টি ৩৫ রান করে ফেরেন। এরপর রিশাদ, তানভির ইসলাম, নাসুমদের ঘূর্ণির সামনে আকিম অগাস্ত, শেরফান রাদারফোর্ড, মোতি, রস্টোন চেজরাও বেশিক্ষণ টিকতে পারেননি।
একপ্রান্তে আগলে রেখে কিছুক্ষণ চেষ্টা করেন শাই হোপ। তাকে বেশ ভালো সঙ্গ দেন জাস্টিন গ্রিভস। দুজন মিলে গড়ে তোলেন ৪৪ রানের জুটি। ৪৫তম ওভারে কভার থেকে সরাসরি থ্রোয়ে ২৬ রান করা গ্রিভসকে রান আউট করেন মিরাজ।
এরপর আকিল হোসেনকে নিয়ে শেষের চেষ্টা করেন হোপ। নবম উইকেট জুটিতে আসে ৩৪ রান। পরে শেষ ওভারে সাইফের সেই জাদু। ৫ রানের সমীকরণে মাত্র ৪ রান দিয়ে ম্যাচ সুপার ওভারে নেন সাইফ। ৬৫ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন হোপ।
বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নেন রিশাদ। এছাড়া নাসুম ও তানভির নেন ২টি করে উইকেট।
একই মাঠে বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২১৩/৭ (সাইফ ৬, সৌম্য ৪৫, হৃদয় ১২, শান্ত ১৫, মাহিদুল ১৭, মিরাজ ৩২, নাসুম ১৪, সোহান ২৩, রিশাদ ৩৯; আকিল ১০-১-৪১-২, চেজ ১০-২-৪৪-০, পিয়েরে ১০-০-৪৩-০, মোতি ১০-০-৬৫-৩, আথানেজ ১০-৩-১৪-২)
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২১৩/৯ (আথানেজ ২৮, কিং ০, কার্টি ৩৫, অগাস্ত ১৭, হোপ ৫৩*, রাদারফোর্ড ৭, মোতি ১৫, চেজ ৫, গ্রিভস ২৬, আকিল ১৬, পিয়েরে ২*; নাসুম ১০-০-৩৮-২, মিরাজ ১০-১-৩৮-০, মোস্তাফিজ ৮-০-৪০-০, তানভির ১০-০-৪২-২, রিশাদ ১০-০-৪২-৩, সাইফ ২-০-৯-১)
ফল: ম্যাচ টাই (সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১ রানে জয়ী)
No posts available.
৯ মার্চ ২০২৬, ১০:১৬ এম

ভারতীয় ক্রিকেটে ব্যক্তিগত মাইলফলক উদযাপনের সময় শেষ- এমনটাই মনে করেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তার মতে, দলগত খেলায় আসল লক্ষ্য হওয়া উচিত ট্রফি জেতা, ব্যক্তিগত রেকর্ড নয়।
রোববার ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সংবাদ সম্মেলনে গম্ভীর বলেন, ভারতের ক্রিকেটে এত দিন ব্যক্তিগত মাইলফলক নিয়েই বেশি আলোচনা হয়েছে। কিন্তু তিনি যত দিন দায়িত্বে আছেন, তত দিন সেই আলোচনায় যেতে চান না।
গম্ভীরের কোচিংয়ে এরই মধ্যে দুটি আইসিসি ট্রফি ও একটি এশিয়া কাপ জিতেছে ভারত। গত বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ তার মেয়াদের সবচেয়ে বড় সাফল্য। এসব দলীয় সাফল্য নিয়েই বেশি আলোচনা করতে চান তিনি।
“অনেক দিন ধরে ভারতীয় ক্রিকেটে আমরা মাইলফলক নিয়ে কথা বলেছি। আমি আশা করি, আমি যত দিন আছি, তত দিন আমরা মাইলফলক নিয়ে কথা বলব না।”
আরও পড়ুন
| গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে দ. কোরিয়া, আশা বাঁচিয়ে রাখল ফিলিপাইন |
|
“আপনারা শেষ তিনটি ম্যাচ দেখলেই বুঝতে পারবেন। সঞ্জু কী করেছে- ৯৭*, ৮৯ ও ৮৯। যদি সে মাইলফলকের জন্য খেলত, হয়তো আমরা ২৫০ রান পেতাম না। তাই আপনাদের (গণমাধ্যমের) কাছেও আমার অনুরোধ- মাইলফলক নয়, ট্রফি উদ্যাপন করুন।”
সেমি-ফাইনাল ও ফাইনাল- দুই ম্যাচেই শতকের কাছাকাছি পৌঁছে বড় শট খেলতে গিয়ে আউট হন ভারতের উইকেটকিপার-ব্যাটার সাঞ্জু স্যামসন। দুই দিনই তিনি শতকের মাত্র ১১ রান দূরে ছিলেন। তবে সেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে দুই ম্যাচেই ভারতের দলীয় সংগ্রহ আড়াইশ ছাড়ায়।
গম্ভীরের মতে, বিশ্বকাপ জয়ের জন্য এই মানসিকতাই ছিল গুরুত্বপূর্ণ।
“কেউ যদি ৯৪ রানে থাকে, সে কি পরের বলেই ছক্কা মেরে শতক করতে সাহস দেখাবে, নাকি কয়েক বল ধরে একশতে পৌঁছানোর কথা ভাববে- এই প্রতিক্রিয়াই আসলে গুরুত্বপূর্ণ। আমাদের খেলোয়াড়েরা অসাধারণভাবে সেটা করেছে।”
এসময় বিশ্বকাপ জয়ের কৃতিত্ব গম্ভীর উৎসর্গ করেছেন তার তিন সাবেক সতীর্থ- রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ ও অজিত আগারকারকে।
“রাহুল ভাই ভারতের ক্রিকেটকে দারুণ অবস্থায় রেখে গেছেন। তার অবদানের জন্য আমি কৃতজ্ঞ। ভিভিএস লক্ষণও নিঃশব্দে ভারতীয় ক্রিকেটের জন্য অনেক কাজ করছেন, বিশেষ করে সেন্টার অব এক্সেলেন্সের মাধ্যমে। আর অজিত আগারকার- ও অনেক সমালোচনা সহ্য করে সততার সঙ্গে কাজ করছে।”

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আনন্দ এখনও টাটকা। তবে সেখানেই থামতে চান না অধিনায়ক সূর্যকুমার যাদব। আহমেদাবাদে রোববারের ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে জানালেন, তার পরের লক্ষ্য ২০২৮ অলিম্পিকে সোনা জয়।
নিউ জিল্যান্ডকে ফাইনালে হারিয়ে শিরোপা জয়ের পর সূর্যকুমার বলেন, গত এক মাসের যাত্রাটা দলের জন্য ছিল অসাধারণ। শুরুটা অবশ্য প্রত্যাশামতো হয়নি, তবে খেলাধুলায় এমনটা স্বাভাবিক বলেই মনে করেন তিনি।
শেষ পর্যন্ত দল হিসেবে যা অর্জন করেছে, তার প্রতীক এখন তাদের হাতে থাকা ট্রফি। এখান থেকেই পরবর্তী লক্ষ্যও ঠিক করে ফেলেছেন সূর্যকুমার।
আরও পড়ুন
| স্বপ্নভঙ্গ থেকে বিশ্বকাপ নায়ক: স্যামসনের রাজকীয় প্রত্যাবর্তন |
|
“পুরো যাত্রাটা আজ পর্যন্ত খুবই বিশেষ ছিল। দল হিসেবে আমরা যা অর্জন করেছি, সেটাই এখন সবার সামনে। এতে আমরা খুব খুশি। এখন আমাদের পরের লক্ষ্য অলিম্পিক স্বর্ণপদক।”
দীর্ঘ ১২৮ বছর পর আবার অলিম্পিকে ফিরছে ক্রিকেট। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৮ সালের অলিম্পিকে টি-টোয়েন্টি সংস্করণে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। পুরুষ ও নারী- দুই বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে।
অলিম্পিক ক্রিকেট অনুষ্ঠিত হবে ২০২৮ সালের ১৪ থেকে ২৯ জুলাই। যুক্তরাষ্ট্রের পোমোনা শহরে হবে সব ম্যাচ। লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের একটি অস্থায়ী ভেন্যু ফেয়ারগ্রাউন্ডস স্টেডিয়ামে।
বর্তমান টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী এশিয়া অঞ্চল থেকে ভারত পুরুষ ও নারী- দুই বিভাগেই যোগ্যতা অর্জনের জন্য ভালো অবস্থানে রয়েছে।
এ মুহূর্তে ভারতীয় পুরুষ দল আইসিসির দুই বড় শিরোপার বর্তমান চ্যাম্পিয়ন- আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সূর্যকুমারের মতে, দলের বড় পরিবর্তনের সূচনা হয়েছিল ২০২৪ সালের বিশ্বকাপ জয়ের পর, যখন অধিনায়ক ছিলেন রোহিত শর্মা।
“২০২৪ সালের পর থেকেই সবকিছু বদলে যায়। তখন আমরা ভিন্ন ধরনের ক্রিকেট খেলছিলাম। সেখান থেকেই বুঝতে পারি, এই দলকে সামনে এগোতে হলে কীভাবে খেলতে হবে। আমরা চাই ২০২৭, ২০২৮, ২০২৯- এভাবেই জয়ের ধারা চালিয়ে যেতে।”

বছরের শুরুতে ভেঙে পড়া একজন ক্রিকেটার। আর দুই মাস না যেতেই বিশ্বকাপ জয়ের নায়ক হয়ে ওঠা। চলতি বছর এখন পর্যন্ত সাঞ্জু স্যামসনের গল্প যেন নাটকীয় কোনো সিনেমার চিত্রনাট্য।
গত জানুয়ারির শেষ দিন নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে ত্রিভ্যান্ড্রামে নিজের ঘরের মাঠে দাঁড়িয়ে প্রায় স্বপ্নভঙ্গের মুহূর্ত দেখেছিলেন স্যামসন। ওপেনার-উইকেটকিপার হিসেবে বিশ্বকাপ একাদশে জায়গা চলে যায় ইশান কিষানের কাছে।
২০২৫ সালের শুরু থেকেই ব্যাট হাতে খারাপ সময় কাটাচ্ছিলেন স্যামসন। এর মধ্যে দলীয় সমন্বয়ের কারণে তাকে মিডল অর্ডারেও নামানো হয়েছিল, যাতে ওপেনিংয়ে জায়গা করে দেওয়া যায় শুবমান গিলকে।
পরে নির্বাচকেরা আবার স্যামসনকে ওপেনিংয়ে ফেরালেও রানের দেখা ছিল না। সেই সুযোগেই জায়গা পাকা করেন ইশান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রোববার রাতে ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক স্যামসন। টানা তিন ম্যাচে ৮০+ রান করে তিনিই জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
সাফল্যের এই স্বীকৃতি গ্রহণ করেন বছরের শুরুর দিকের কঠিন সময়ের কথাই মনে করলেন স্যামসন।
“নিউজিল্যান্ড সিরিজের পর আমি ভেঙে পড়েছিলাম। পুরোপুরি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। মনে হচ্ছিল, ‘আমার স্বপ্নগুলো তো শেষ হয়ে গেল। এখন আমি আর কী করতে পারি?’”
বিশ্বকাপের শুরুতেও স্যামসনের জায়গা ছিল বেঞ্চে। গ্রুপ পর্বে একটি ম্যাচে অসুস্থ অভিষেক শর্মার বদলি হিসেবে সুযোগ পান তিনি। তবে পরে আবার বেঞ্চেই ফিরতে হয়। কিন্তু টপ অর্ডারের তিনজন বাঁহাতি হওয়ায় অফ স্পিনের বিপক্ষে সমস্যা হচ্ছিল। সেই কারণে দলে ফেরানো হয় স্যামসনকে।
ফিরেই আত্মবিশ্বাসের ঝলক দেখান তিনি, জিম্বাবুয়ের বিপক্ষে করেন ১৫ বলে ২৪ রান। তবে তার আসল বিস্ফোরণটা ঘটে ইডেন গার্ডেন্সে। সুপার এইটের ভার্চুয়াল নকআউট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেন ৫০ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস।
এরপর আর পেছনে তাকাতে হয়নি। সেমি-ফাইনালে ইংল্যান্ডকে ভুগিয়ে করেছেন ৪২ বলে ৮৯ রান আর ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৪৬ বলে ৮৯ রানের ম্যাচজয়ী ইনিংস।
খারাপ সময় পাশ কাটিয়ে আলোয় ফেরার পথে তিনি পরামর্শ পেয়েছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের কাছ থেকে।
“গত কয়েক মাস ধরে আমি নিয়মিত শচীন স্যারের সঙ্গে কথা বলছিলাম। অস্ট্রেলিয়া সফরে যখন দলের বাইরে বসে ছিলাম, তখন ভাবছিলাম- এখন আমার মানসিকতা কী হওয়া উচিত? তখনই আমি স্যারের সঙ্গে যোগাযোগ করি। আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে।”
বিশ্বকাপ ফাইনালের আগের দিনও ফোন করে খোঁজ নিয়েছিলেন টেন্ডুলকার।
“গতকালও তিনি ফোন করেছিলেন- আমি কেমন অনুভব করছি জানতে। তার মতো একজনের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়া- এর চেয়ে বেশি আর কী চাইতে পারি?”
এর আগে ২০২৪ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় স্কোয়াডেও ছিলেন স্যামসন, কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে তখন থেকেই পরিকল্পনা সাজিয়ে ফেলতে শুরু করেছিলেন স্টাইলিশ এই ওপেনিং ব্যাটার।
“ঈশ্বরের হয়তো অন্য পরিকল্পনা ছিল। হঠাৎ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সুযোগ পেলাম আর দেশের জন্য যা পারি করেছি। এটা যেন স্বপ্নের মতো। কথায় বোঝানো কঠিন। ২০২৪ বিশ্বকাপে আমি একটি ম্যাচও খেলিনি, কিন্তু তখন থেকেই কল্পনা করতাম- একদিন এমন মুহূর্ত আসবে। সেই স্বপ্নের জন্যই কাজ করে গেছি।”

ইতিহাসে প্রথম দল হিসেবে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়েছে ভারত। একইসঙ্গে পরপর দুই বিশ্বকাপের ট্রফি নিজেদের করার কীর্তিও দেখিয়েছে তারা। সবচেয়ে তিনটি শিরোপার মালিক এখন তারাই।
এই ইতিহাস গড়া সাফল্যের বিশ্বাস ফাইনাল ম্যাচের আগের দিন থেকেই ছিল হার্দিক পান্ডিয়ার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে ভারতের সামনে পাত্তা পায়নি নিউ জিল্যান্ড। রোববারের ম্যাচটিতে আগে ব্যাট করে ২৫৫ রানের পাহাড়ে উঠে বসে ভারত। জবাবে মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায় কিউইরা।
ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পেরে আনন্দের সীমা নেই হার্দিকের। ম্যাচ শেষে সেই অনুভূতিরই জানান দেন ভারতের তারকা অলরাউন্ডার।
“(ঘরের মাঠে বিশ্বকাপ জেতা) এটি অনেকটা ইমোশনাল। কারণ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ জেতা, সবার উত্তেজনা, রোমাঞ্চ অসাধারণ। এখন মনে হচ্ছে আমরা সহজেই জিতে গিয়েছি। কিন্তু আমরা যে এফোর্ট দিয়েছি... গতকাল থেকেই আমি জানতাম যে, আমরা চ্যাম্পিয়ন।”
গত তিন বছরের মধ্যে হার্দিকের এটি তৃতীয় আইসিসি ট্রফি। ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। আর ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউ জিল্যান্ডকে হারিয়েই ট্রফি ঘরে তুলেছিল তারা।
এবার আরেকটি বিশ্বকাপ জিতে হার্দিক জানিয়েছেন, অন্তত ১০টি শিরোপা জিততে চান তিনি।
“আমার মধ্যে আরও ১০ বছর বাকি আছে ক্রিকেট খেলার। আমার অর্ধেক ক্যারিয়ার শেষ। আরও অর্ধেক বাকি আছে। আমি অন্তত ১০টি শিরোপা জিততে চাই, আইসিসি ও আইপিএল মিলিয়ে। তবে আমার জন্য আইসিসি ট্রফির গুরুত্ব সবচেয়ে বেশি।”
“আমি এরই মধ্যে ৩টি ট্রফি জিতেছি। সামনে যে টুর্নামেন্টই খেলব, আমি জিততে চাই। তো আমি মনে করি, সামনের ১০ বছরে আরও অন্তত ৫-৬টি শিরোপা আসবে। এটিই আমার লক্ষ্য।”

প্রথম পাঁচ ম্যাচে সুযোগ পেয়েছেন মাত্র একটিতে। মনে হচ্ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপে সামনের কোনো হয়তো আর সুযোগ পাবেন না সাঞ্জু স্যামসন। এর মধ্যেই এলো রিঙ্কু সিংয়ের বাবার অসুস্থতার খবর, একাদশে ঢুকে গেলেন স্যামসন। আর এই সুযোগটিই দুই হাতে নিলেন অভিজ্ঞ ব্যাটার।
সুযোগটি শুধু ব্যক্তিগত মাইলফলক গড়তেই নয়, ভারতকে বিশ্বকাপ জেতাতেই কাজে লাগালেন ৩১ বছর বয়সী ব্যাটার। নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে শিরোপা জেতার পথে ফাইনাল ম্যাচে তিনি খেলেছেন ৮৯ রানের ইনিংস। এর আগের দুই ম্যাচে ছিলেন প্লেয়ার অব ম্যাচ!
সব মিলিয়ে টুর্নামেন্টের শুরুর দিকে ৪ ম্যাচ বেঞ্চে বসে থাকলেও, শেষ দিকে সুযোগ পেয়ে স্যামসনই হয়ে গেলেন বিশ্বকাপের সেরা ক্রিকেটার। ভারতের ইতিহাস গড়া শিরোপা জয়ে তার হাতেই উঠেছে প্লেয়ার অব দা টুর্নামেন্ট পুরস্কার।
বিশ্বকাপে ভারতের দ্বিতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে প্রথম সুযোগ পান স্যামসন। সেদিন ৮ বলে ২২ রান করলেও পরের তিন ম্যাচে আর নামানো হয়নি তাকে। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরা। সেদিন তিনি খেলেন ১৫ বলে ২৪ রানের ইনিংস।
তখনও বোঝার উপায় ছিল না, নিজের ঝুলিতে কী জমা রেখেছেন স্যামসন। সুপার এইটের শেষ ম্যাচে ভারতের বাঁচা-মরার লড়াইয়ে লক্ষ্য ছিল ১৯৬ রানের। সেদিন ১২ চারের ৪ ছক্কায় ৫০ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান স্যামসন।
সেই ছন্দ ধরে রাখেন ইংল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনাল ম্যাচেও। সেদিন তার ৮ চার ও ৭ ছক্কায় ৪২ বলে ৮৯ রানের সৌজন্যে ২৫৩ রানে পৌঁছায় ভারত। পরে জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ে ফাইনালে উঠে যায় ভারত। এই দুই ম্যাচেই স্যামসন পান ম্যাচ সেরার পুরস্কার।
ধারাবাহিকতার নজির তিনি রাখেন ফাইনাল ম্যাচেও। কিউই বোলারদের পিটিয়ে ৫ চারের সঙ্গে ৮ ছক্কায় এদিন তিনি করেন ৪৬ বলে ৮৯ রান। পরপর তিন ম্যাচেই তার ব্যাট থেকে আসে ৮০ ছাড়ানো ইনিংস। বুমরাহ ১৫ রানে ৪ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার স্বীকৃতি।
তবে সব মিলিয়ে মাত্র ৫ ম্যাচে ১৯৯.৩৭ স্ট্রাইক রেট ও ৮০.২৫ গড়ে ৩২১ রান করে স্যামসনই হন এই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেলেন তিনি। আগের দুজন- বিরাট কোহলি (২০১৪ ও ২০১৬) ও বুমরাহ (২০২৪)।
টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হওয়ার পথে ২৪টি ছক্কা মেরেছেন স্যামসন। বিশ্বকাপের এক আসরে এটিই সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এছাড়া বিশ্বকাপের সেমি-ফাইনাল ও ফাইনালে ফিফটি করা বিশ্বের মাত্র তৃতীয় ব্যাটার স্যামসন। আগের দুজন শহিদ আফ্রিদি (২০০৯) ও বিরাট কোহলি (২০১৪)।