১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৪৯ পিএম

কুশল
মেন্ডিস, পবন রত্নায়েকে ও দাসুন শানাকার ফিফটিতে ওমানকে ১০৫ রানের বড় ব্যবধানে হারাল
শ্রীলঙ্কা। আগে ব্যাট করে ২২৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে ১২০ রানের
বেশি করতে পারেনি ওমান।
দুই
ম্যাচে শ্রীলঙ্কার এটি দ্বিতীয় জয়। পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের শীর্ষে তারা।
সমান ম্যাচে সব হেরে তলানিতে ওমান।
পাল্লেকেলেতে
টস হেরে আগে ব্যাট করে পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। পরে মাত্র ৫২ বলে
৯৪ রানের জুটি গড়েন কুশল মেন্ডিস ও পবন রত্নায়েকে।
৮
চারের সঙ্গে ১ ছক্কায় ২৮ বলে ৬০ রান করে আউট হন পবন। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
পরে
শানাকা-কুশল মেন্ডিস মিলে যোগ করেন ২৮ বলে ৬৩ রান। মাত্র ১৯ বলে ফিফটি করেন শানাকা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটারদের দ্রুততম ফিফটি এটি। ২ চার ও ৫ ছক্কায়
২০ বলে ৫০ রান করে আউট হন শানাকা।
আর
কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৬১ রান। শেষ দিকে কামিন্দু মেন্ডিস ৭ বলে ১৯
রানের ক্যামিও ইনিংস খেললে চলতি
বিশ্বকাপের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে শ্রীলঙ্কা।
বিশাল
লক্ষ্য তাড়ায় একদমই সুবিধা করতে পারেনি ওমান। মোহাম্মদ নাদিম ৫৬ বলে ৫৩ ও ওয়াসিম আলির
২০ বলে ২৭ রানের ইনিংস ছাড়া আর কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি।
শ্রীলঙ্কার
পক্ষে ৪ ওভারে মাত্র ১১ রানে ২ উইকেট নেন মাহিশ থিকশানা।
No posts available.
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

চমৎকার বোলিং প্রদর্শনীতে নেপালকে অল্পে আটকে রাখলেন ইতালির বোলাররা। পরে ছোট লক্ষ্যে ঝড় তুললেন দুই ভাই অ্যান্থনি মোস্কা ও জাস্টিন মোস্কা। দুজনের তাণ্ডবে অনায়াসে ম্যাচ জিতে ইতিহাস গড়ল ইতালি।
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে নিজেদের দ্বিতীয় ম্যাচেই প্রথম জয়ের দেখা পেয়ে গেল ইতালি। মোস্কা ভাইদের বিধ্বংসী ব্যাটিংয়ে নেপালকে ১০ উইকেটে হারাল তারা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে টস হেরে ব্যাট করে ১২৩ রানে অলআউট হয়ে যায় নেপাল। জবাবে মোস্কা ভাইদের জোড়া ফিফটিতে ১২.৪ ওভারেই ম্যাচ জিতে নেয় নেপাল।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ১০ উইকেটে জয় পাওয়ার মাত্র অষ্টম ঘটনা এটি।
স্কটল্যান্ডের কাছে হেরে পথচলা শুরুর পর দুই ম্যাচে ইতালির এখন ২ পয়েন্ট। সমান ম্যাচে এখনও জয় পাওয়া হয়নি নেপালের।
সহজ লক্ষ্যে শুরু থেকেই ঝড় তোলেন দুই ভাই অ্যান্থনি ও জাস্টিন মোস্কা। পাওয়ার প্লের ৬ ওভারে দুই ভাই মিলে করে ফেলেন ৬৭ রান। একই ছন্দ তারা ধরে রাখেন পাওয়ার প্লে শেষ হওয়ার পরও। তাই ম্যাচ জিততে একদমই বেগ পেতে হয়নি ইতালির।
ক্যারিয়ারের চতুর্থ ফিফটি করতে ৩৭ বল খেলেন জাস্টিন মোস্কা। বড় ভাই অ্যান্থনি মোস্কা ২৮ বলে ছুঁয়ে ফেলেন নিজের চতুর্থ ফিফটি।
শেষ পর্যন্ত ৩ চার ও ৬ ছক্কায় ৩২ বলে ৬২ রান করেন অ্যান্থনি। আর জাস্টিনের ব্যাট থেকে আসে ৫ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৬০ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নামা নেপালের পক্ষে কেউ তেমন সুবিধা করতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেখ। এছাড়া রোহিত পাউডেল ২৩ ও আসিফ শেখ খেলেন ২০ রানের ইনিংস।
ইতালির পক্ষে ১৮ রানে ৩ উইকেট নেন ক্রিশান কালুগামাগে। বেন মানেন্তি ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে নেন ২ উইকেট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আচরণবিধি ভঙ্গ করায় জরিমানা গুনতে হয়েছে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেওয়ার পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
বিষয়টি আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-এর ম্যাচে ঘটনাটি ঘটে।
আফগানিস্তানের ইনিংসের ১৪তম ওভারের শুরুতে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির রিস্টব্যান্ড নিয়ে আম্পায়ার শরফুদ্দৌল্লাহ ইবনে শহীদ সৈকতের সঙ্গে দীর্ঘ সময় তর্কে জড়ান নবী।
আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের নির্দেশ না মানায় , আচরণবিধির লেভেল-১ ধারা ভঙ্গ করেছেন, যা আচরণবিধির ২.৪ ধারার সঙ্গে সম্পর্কযুক্ত।
লেভেল-১ অপরাধে সর্বনিম্ন তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি ১ বা ২টি ডিমেরিট পয়েন্ট যোগ হতে পারে। আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনো খেলোয়াড়ের ৪ বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হলে তাকে নির্দিষ্ট সংখ্যক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়।
নবী দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ।

শুরুর ধাক্কা সামলে বিধ্বংসী ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহ এনে দিলেন শেরফান রাদারফোর্ড। পরে বল হাতে ঘূর্ণি জাদু দেখালেন গুদাকেশ মোতি, রস্টোন চেজরা। যার সৌজন্যে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় পেল ক্যারিবিয়ানরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার রাতের ম্যাচে ইংল্যান্ডকে ৩০ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাট করে ১৯৬ রানের পুঁজি পায় তারা। জবাবে এক ওভার বাকি থাকতে ১৬৬ রানে অল আউট হয় ইংলিশরা।
এ নিয়ে দুই ম্যাচে দুই জয়ে 'সি' গ্রুপের শীর্ষস্থান পোক্ত করল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অন্য দিকে দুই ম্যাচে এক জয়ে তিন নম্বরে ইংল্যান্ড।
ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে উইন্ডিজকে দুইশর কাছে নিয়ে যান রাদারফোর্ড। পাঁচ নম্বরে নেমে ২ চারের সঙ্গে ৭টি বিশাল ছক্কা মেরে ৪২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার।
এছাড়া রস্টোন চেজ ২৯ বলে ৩৪, জেসন হোল্ডার ১৭ বলে ৩৩ ও শিমরন হেটমায়ার করেন ১২ বলে ২৩ রান।
ইংল্যান্ডের পক্ষে ২টি করে উইকেট নেন আদিল রশিদ ও জেমি ওভারটন।
রান তাড়ায় শুরুতে ঝড় তোলে ইংল্যান্ড। পাওয়ার প্লেতে তারা করে ফেলে ৬৭ রান। কিন্তু কোনো ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি।
ছয় নম্বরে নামা স্যাম কারান ৩০ বলে ৪৩ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। এছাড়া জ্যাকব বেথেল ২৩ বলে ৩৩, ফিল সল্ট ১৪ বলে ৩০ ও জস বাটলার করেন ১৪ বলে ২১ রান।
ক্যারিবিয়ানদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোতি। চেজের ঝুলিতে যায় ২ উইকেট।

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিলামের শেষ দিকে এসে দল পেলেন বাংলাদেশের দুই তরুণ নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। দুজনকেই ভিত্তিমূল্যে কিনে নিয়েছে পিএসএলের দুই দল।
টুর্নামেন্টের গত আসরে পেশাওয়ার জালমিতে ছিলেন নাহিদ। তবে কোনো ম্যাচ খেলা হয়নি তরুণ এই গতিতারকার। এবারও নিলাম থেকে ৬০ লাখ পাকিস্তানি রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ টাকা) বিনিময়ে কিনেছে জালমি।
পারভেজ হোসেন ইমনকে পাওয়ার জন্য লাহোর কালান্দার্সেরও তেমন বেশি খরচ করতে হয়নি। ভিত্তিমূল্য ৬০ লাখ পাকিস্তানি রুপিতে বাঁহাতি ব্যাটারকে পেয়ে গেছে লাহোর। দেশের বাইরে এটিই ইমনের প্রথম লিগ হবে।
এ নিয়ে পিএসএলের নতুন আসরে বাংলাদেশি ক্রিকেটারের সংখ্যা হলো চার জন। সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে নিয়েছিল লাহোর। আর নিলামে ৩ কোটি রুপিতে রিশাদ হোসেনকে কিনেছে টিম রাওয়ালপিন্ডি।
আগামী ২৬ মার্চ শুরু হওয়ার কথা পিএসএলের ১১তম সংস্করণ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে জিম্বাবুয়ে। সেই সাফল্যের পুরস্কারও মিলেছে দ্রুতই। ওমানের বিপক্ষে দাপুটে জয়ের পর আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আবারও এক নম্বরে উঠে এসেছেন দলের অধিনায়ক সিকান্দার রাজা।
কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারায় জিম্বাবুয়ে। ব্যাটে–বলে ম্যাচে প্রভাব রেখে সেই জয়ের নায়ক ছিলেন রাজা। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ১ উইকেট, এরপর ব্যাট হাতে ম্যাচ জেতানো শটটি আসে তার ব্যাট থেকেই।
এই পারফরম্যান্সে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাকিস্তানের সাইম আইয়ুবকে পেছনে ফেলেছেন রাজা। গত বছরের শেষ দিকে প্রথমবার এই শীর্ষস্থান দখল করেছিলেন তিনি, এবার সেটিই ফিরে পেলেন।
রাজার পাশাপাশি র্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন আরেক জিম্বাবুয়ান ক্রিকেটার ব্রায়ান বেনেট। ওমানের বিপক্ষে অপরাজিত ৪৮ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় দুই ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ১৯ নম্বরে উঠেছেন তিনি।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পাকিস্তানের সাহিবজাদা ফারহান ছিলেন সবচেয়ে চোখে পড়ার মতো নাম। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪১ বলে ৭৩ রানের ইনিংস খেলে চার ধাপ এগিয়ে উঠে এসেছেন তিন নম্বরে। ওই ম্যাচে তার ইনিংসেই জয়ের ভিত গড়ে নেয় পাকিস্তান।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের অভিষেক শর্মা। ঠিক পেছনেই আছেন ইংল্যান্ডের ফিল সল্ট।
এ ছাড়া র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন নিউজিল্যান্ডের টিম সাইফার্ট (৮ম), শ্রীলঙ্কার কুশল মেন্ডিস (১২তম), স্কটল্যান্ডের জর্জ মুনসি (যৌথ ২৩তম), ভারতের ঈশান কিষান (২৫তম) ও নেদারল্যান্ডসের মাইকেল লেভিট (২৭তম)।
বোলারদের তালিকায় শীর্ষে ভারতের বরুণ চক্রবর্তী। খুব কাছেই আছেন পাকিস্তানের আবরার আহমেদ। শীর্ষ দশে একমাত্র উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার, এক ধাপ এগিয়ে তিনি এখন পাঁচ নম্বরে।