
২০ রানে টপঅর্ডারের তিন ব্যাটার—আন্দ্রে ফ্লেচার, টম বেন্টন ও সঞ্জয় কৃষানমূর্তিকে হারিয়ে বিপদে পড়ে দল। চতুর্থ উইকেটে ব্যাট হাতে নামেন সাকিব আল হাসান। তাতে দল পায় দিশা, ফেরে ট্র্যাকে। মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে ৬০ রানের জুটি গড়েন বাংলাদেশের অলরাউন্ডার। নিজেও করেন ৩৬ রান।
সাকিবের বাইশগজ ছাড়া হওয়ার পরই ফের পথহারা হয়ে পড়ে এমআই এমিরাটস। শেষ পর্যন্ত ৪৬ রানে হারতে হয় আই এল টি টোয়েন্টির সাবেক চ্যাম্পিয়নদের।
দুবাইয়ে আজ আইএল টি টোয়েন্টির ২০২৫-২৬তম মৌসুমের ফাইনালে ডেজার্ট ভাইপার্সের মুখোমুখি হয় এমআই এমিরাটস। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রান সংগ্রহ দাঁড় করায় ভাইপার্স। রান তাড়া করতে নেমে ১৮.৩ ওভারে গুটিয়ে যায় কাইরন পোলার্ড নেতৃত্বাধীন এমিরাটস।
টুর্নামেন্টে কোয়ালিফায়ার ‘এ’ এর ম্যাচে রেজার্ট ভাইপার্সের বিপক্ষে হেরেছিল এমিরাটস। তবে শুক্রবার এলিমিনেটর ম্যাচে আবু ধাবি নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠে সাকিবরা। ফাইনালে সেই আগের শত্রুর কাছেই হারল তারা।
এমিরাটসের ফল বিপরীতে গেলেও নক আউটের দুই ম্যাচেই ব্যাট হাতে প্রতিদান দিয়েছেন সাকিব। এলিমিনেটর ম্যাচে ৩৮ রান করেছিলেন সাকিব। আর আজ করলেন ৩৬ রান। ব্যক্তি সাকিব সফল হলেও দ্বিতীয় ট্রফি জেতার সুযোগ মিস করে এম আই এমিরাটস।
No posts available.
১২ জানুয়ারি ২০২৬, ৬:৩৫ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ৬:১৮ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ২:৩২ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ১০:৪০ এম

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ। এর মধ্যেই আইসিসির কাছ থেকে এসেছে তিনটি প্রস্তাব। এর মধ্যে আছে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বিশ্বকাপ খেলতে যাওয়া। তবে এই প্রস্তাবে একদমই রাজি নয় বাংলাদেশ।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন পরিদর্শনে যান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ খেলার ব্যাপারে সবশেষ তথ্য জানান তিনি।
“ক্রিকেটের ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট নাই। আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি।”
এসময় আইসিসির কাছ থেকে তিনটি প্রস্তাব পাওয়া চিঠির কথা বলেন আসিফ নজরুল।
“এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন। সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।”
“১. বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। ২. বাংলাদেশ দলের যে সমর্থকরা আছেন তারা যদি বাংলাদেশের জার্সি পরে ঘোরাফেরা করে। ৩. ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে।”
আইসিসির এই প্রস্তাবে সাড়া না দেওয়ার কথাও জোর দিয়ে বলেন ক্রীড়া উপদেষ্টা।
“আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দেব- এর চেয়ে উদ্ভট, অবাস্তব ও অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না।”
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশকে কলকাতার বদলে চেন্নাই ও কেরালায় খেলারও প্রস্তাব দিয়েছে আইসিসি। এই খবরের সত্যতা নিশ্চিত করে আসিফ নজরুল জানান, কোনোভাবেই এটি সম্ভব নয়।
“তারা (আইসিসি) শ্রীলঙ্কায় দেবে না, দুইটা ভেন্যু চেঞ্জ করে কেরালা এবং... (চেন্নাই)। দুইটা ভেন্যুই তো ভারতে! ইন্ডিয়া মানে তো ইন্ডিয়াই। আমরা ইন্ডিয়ার কথা বলছি, আমরা তো কলকাতা বলি নাই। আমাদের বক্তব্য যদি আপনার কলকাতা থেকে চেঞ্জ করে অন্য ভেন্যুতে দেওয়া যায়, শ্রীলঙ্কায় দেওয়া যাক সমস্যা না।”
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি বলেছেন, প্রয়োজনে বাংলাদেশের ম্যাচগুলো তারাও আয়োজন করতে পারবে। এর প্রেক্ষিতে আসিফ নজরুল জানান, ভারত ছাড়া যে কোনো মাঠেই খেলতে প্রস্তুত বাংলাদেশ।
“আমি পত্রিকায় দেখলাম আমি জানি না সত্যি নাকি মিথ্যা, পাকিস্তান নাকি আমাদের ম্যাচগুলো আয়োজন করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানে করেন কোনো সমস্যা না, সংযুক্ত আরব আমিরাতে করেন কোনো সমস্যা না। কিন্তু যেখানে আমাদের দলের একটা প্লেয়ারকে খেলার পরিবেশ নাই, এই উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে ভারতের জাতীয় ক্রিকেট বোর্ড, ন্যাশনাল একটা অথরিটি- তারা যখন বলে তাকে এখানে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে আমি বুঝলাম না।”
“আর আইসিসি সিকিউরিটি টিমের যে চিঠি আছে এটার তো একটা সময় চিঠির কপি আপনাদেরকে দিয়ে দেব। এটা তো সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে আমাদের ওখানে খেলার পরিবেশ নাই। ভারতের কোনো জায়গাতেই খেলার পরিবেশ নাই। ধন্যবাদ।”

২০২৬ নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি ইতিমধ্যে ২০১৭ সালের ওয়ানডে বিশ্বকাপের মোট বিক্রিকেও ছাড়িয়ে গেছে। আগামী জুনে ইংল্যান্ডে হবে এবারের টুর্নামেন্ট।
বিশ্বকাপ শুরুর পাঁচ মাস আগেই ১ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। আগামী ১২ জুন উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে এবারের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আশা করছে, ফুটবলে লায়নেসেস ও রাগবি ইউনিয়নে রেড রোজেসের সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতায় এই গ্রীষ্মটি যুক্তরাজ্যে নারী ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।
২০১৭ সালে ইংল্যান্ডের অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জিতেছিল স্বাগতিকেরা। লর্ডসে সেই ফাইনালটি ছিল স্মরণীয়। তবে নারীদের ক্রিকেটে বড় অগ্রগতি আসে দ্য হানড্রেড প্রতিযোগিতা চালুর পর।
এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে ফেভারিটদের একজন হিসেবে ধরা হলেও সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে দলটি প্রত্যাশিত সাফল্য পায়নি। গত তিনটি টি–টোয়েন্টি বিশ্বকাপের কোনো একটিতেও তারা ফাইনালে উঠতে পারেনি। নতুন কোচ শার্লট এডওয়ার্ডসের অধীনে গত বছর ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড।
এডওয়ার্ডস মনে করেন, এবারের বিশ্বকাপে নিজেদের মাঠের সমর্থন ইংল্যান্ডকে আবারও শিরোপা জিততে সহায়তা করতে পারে। ২০০৯ সালে প্রথম নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন তিনি।
বিবিসি স্পোর্টকে এডওয়ার্ডস বলেন,
‘ঘরের মাঠে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা দলের জন্য বড় ভূমিকা রাখে। এতে শুধু দলই নয়, পুরো খেলাটাই উপকৃত হয়।’
১২ দলের এবারের টুর্নামেন্টে ইংল্যান্ড গ্রুপ পর্ব শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে, এজবাস্টনে। একই গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আরও দুটি বাছাইপর্ব পেরোনো দল।
আগামী ৫ জুলাই লর্ডসে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিশ্বকাপ। এ ছাড়া হেডিংলি, ওল্ড ট্রাফোর্ড, দ্য ওভাল, ব্রিস্টল ও সাউদাম্পটনেও ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইংল্যান্ড অধিনায়ক ন্যাট স্কিভার–ব্রান্ট বলেন,
‘এত আগেই ১ লাখ টিকিট বিক্রি হওয়া দারুণ রোমাঞ্চকর। ২০১৭ সালের পুরো বিশ্বকাপের চেয়েও বেশি টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে—এটা অবিশ্বাস্য। ওই টুর্নামেন্টটি ইংল্যান্ড ও ওয়েলসে নারী ক্রিকেটের জন্য একটি টার্নিং পয়েন্ট ছিল। এবার ছয় মাস আগেই এত বেশি টিকিট বিক্রি হওয়া আমাদের জন্য বড় অনুপ্রেরণা।’

অ্যাশেজ সিরিজে ভরাডুবির পর ইংল্যান্ড দলের শৃঙ্খলা ও সংস্কৃতি নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যুক্তরাজ্য সংবাদমাধ্যমের প্রতিবেদন, ইংল্যান্ড ক্রিকেটারদের অফ-ফিল্ড আচরণ নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে আসন্ন শ্রীলঙ্কা সফর ও টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে কড়া বিধিনিষেধ আরোপের কথা ভাবছে ইসিবি।
যুক্তরাজ্যের দ্য টাইমস ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদন, অ্যাশেজ চলাকালে একাধিক ক্রিকেটারের নিয়মিত মদ্যপান, গভীর রাত পর্যন্ত বাইরে থাকা এবং ক্যাসিনো ভ্রমণের তথ্য সামনে আসার পর ইসিবি পরিস্থিতি পর্যালোচনা শুরু করেছে। দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝের সময়টাতে ক্রিকেটারদের আচরণকে ‘স্ট্যাগ ডু’র সঙ্গে তুলনা করা হয়েছে প্রতিবেদনে। ইসিবির আশঙ্কা, এসব কর্মকাণ্ড দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে।
প্রতিবেদন অনুযায়ী, খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখতে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি এড়াতে সফর চলাকালে কারফিউ আরোপের বিষয়টি বিবেচনায় রয়েছে। এই নিয়ম কার্যকর হলে নির্দিষ্ট সময়ের পর ক্রিকেটারদের বাইরে যাওয়া ও সামাজিক কর্মকাণ্ড সীমিত করা হবে।
ইসিবি সূত্র জানিয়েছে, অ্যাশেজে ৪–১ ব্যবধানে সিরিজ হারার পর দলের সংস্কৃতি ও শৃঙ্খলা নিয়ে আনুষ্ঠানিক পর্যালোচনা শুরু হয়েছে। আসন্ন শ্রীলঙ্কা সফর এবং টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কিছু পরিবর্তনের পরিকল্পনাও করা হচ্ছে।
দ্য টেলিগ্রাফের আরেক প্রতিবেদনে বলা হয়, অ্যাশেজ চলাকালে ইংল্যান্ড দলের কয়েকজন ক্রিকেটার একাধিকবার ক্যাসিনোতে গেছেন। দলটি যে হোটেলে অবস্থান করছিল, সেটি একটি ক্যাসিনো কমপ্লেক্সের সঙ্গে সংযুক্ত ছিল। এসব ঘটনা প্রকাশ্যে ঘটায় সমালোচনা আরও জোরালো হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, অ্যাশেজের পর নিউজিল্যান্ডে একটি নাইটক্লাবের বাইরে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক হ্যারি ব্রুক একটি বাক্বিতণ্ডায় জড়িয়েছিলেন। এ ছাড়া নুসায় বেন ডাকেটকে মাতাল অবস্থায় এবং তরুণ ব্যাটার জ্যাকব বেথেলকে ধূমপান করতে দেখা যায়।
দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝখানে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা অবস্থায় দলকে বিশ্রামের জন্য নুসায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েও তীব্র সমালোচনা হয়।
এর আগে ২০১৭ সালে বেন স্টোকসের নাইটক্লাব–সংক্রান্ত ঘটনার পর এবং ২০১৭–১৮ সালের অ্যাশেজে ইংল্যান্ড দলে কারফিউ চালু ছিল। ২০২২ সালে অধিনায়ক হওয়ার পর স্টোকস সেই বিধিনিষেধ তুলে নেন। তবে বর্তমান পরিস্থিতিতে আবারও কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন বলে মনে করছে ইসিবি।
২০২৫–২৬ অ্যাশেজ সিরিজে পার্থ, ব্রিসবেন ও অ্যাডিলেডে টানা তিন টেস্ট হেরে মাত্র ১১ দিনের মধ্যেই অ্যাশেজ হাতছাড়া করে ইংল্যান্ড। মেলবোর্নে চতুর্থ টেস্টে একমাত্র জয় পেলেও সিরিজের সামগ্রিক ব্যর্থতা ঢাকতে পারেনি দলটি। ব্যাটিং ব্যর্থতা ও বোলিংয়ে ধারাবাহিক চাপ তৈরি করতে না পারাই পরাজয়ের প্রধান কারণ বলে বিশ্লেষণ করা হচ্ছে।
২২ জানুয়ারি শ্রীলঙ্কা সফর এবং ৭ ফেব্রুয়ারি টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই সংকট দ্রুত সামাল দিতে ইসিবির ওপর চাপ বাড়ছে।

জয়ের হ্যাটট্রিক করার পর টানা দুই ম্যাচ হেরে এখন কিছুটা ব্যাকফুটে রংপুর রাইডার্স। জয়ে ফেরার অভিযানে সোমবার সিলেট টাইটান্সের মুখোমুখি তারা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরেছেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। রংপুরকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
রংপুর রাইডার্স একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক, উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, নাঈম হাসান, কাইল মেয়ার্স, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, সুফিয়ান মুকিম।
সিলেট টাইটান্স একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন (উইকেটরক্ষক), তৌফিক খান তুষার, আরিফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, শহিদুল ইসলাম, ইথান ব্রুকস, মইন আলি, নাসুম আহমেদ, সালমান ইরশাদ, রুয়েল মিয়া

ঐতিহ্যের অ্যাশেজে ইংল্যান্ডকে ৪–১ ব্যবধানে হারানো অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জন্য অপেক্ষা করছে মোটা অঙ্কের বোনাস। ঘরের মাঠে এই সিরিজে আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়লেও দ্রুতই ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আর্থিক পুরষ্কার দিচ্ছে অস্ট্রেলিয়া।
স্টিভ স্মিথের নেতৃত্বে সিরিজে ১১ দিনেই ৩–০ ব্যবধানে সিরিজ জিতে নেয় অস্ট্রেলিয়া। ২০১৭ সাল থেকে অ্যাশেজের ‘ছাইদানি’ নিজেদের কাছে রেখেছে অজিরা। ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, এই সাফল্যের পুরস্কার হিসেবে ‘ব্যাগি গ্রিনস’রা মোট ১৬ লাখ মার্কিন ডলার বোনাস ভাগ করে নেবেন।
সিরিজজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অজি পেসার মাইকেল নেসার ও অভিষিক্ত ব্যাটার জেক ওয়েদারাল্ডও ব্যক্তিগতভাবে বড় অঙ্কের অর্থ পেতে যাচ্ছেন। নেসার পুরো সিরিজে ১৫ উইকেট নেন ১৯.৯৩ ইকোনমিতে, আর ওয়েদারাল্ড নিজের প্রথম অ্যাশেজেই নজর কাড়েন দারুণ ব্যাটিংয়ে।
আরও পড়ুন
| ১২ ওভারের ম্যাচে ২৭ চার ও ১৮ ছক্কা |
|
এই দুই ক্রিকেটারের রাজ্য দলের চুক্তির আয় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ন্যূনতম কেন্দ্রীয় চুক্তির সঙ্গে সমন্বয় করা হবে। যার পরিমাণ প্রায় ৩ লাখ ৫০ হাজার ডলার। রাজ্য চুক্তিতে সর্বোচ্চ ২ লাখ ৫ হাজার ডলার পাওয়া যায়। ফলে ক্রিকেট অস্ট্রেলিয়ার পয়েন্টভিত্তিক বেতন কাঠামোর শর্ত পূরণ করায় নেসার ও ওয়েদারাল্ড আরও প্রায় ১ লাখ ৪৮ হাজার ডলার অতিরিক্ত আয় করতে পারেন।
ওয়েদারাল্ড সিরিজ শেষ করেন ২০১ রান নিয়ে, গড় ছিল ২২.৩৩। অবশ্য শেষ তিনটি টেস্টে ভুগতে দেখা গেছে তাকে। গ্যাবায় নিজের প্রথম টেস্টে ২১ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।
অ্যাশেজে দাপুটে জয়ের সুবাদে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ র্যাংকিংয়েও শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। টপকে গেছে নিউজিল্যান্ডকে। অন্যদিকে ইংল্যান্ড নেমে গেছে সপ্তম স্থানে।
তবে সিরিজের এই সাফল্যের মাঝেই বড় আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেলবোর্ন ও পার্থ টেস্ট সময়ের আগেই শেষ হয়ে যাওয়ায় সংস্থাটির আয় কমেছে ২ কোটি ৫০ লাখ ডলারেরও বেশি।
এই পরিস্থিতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ভবিষ্যতে উইকেট প্রস্তুতির দিকে আরও সতর্ক থাকার ইঙ্গিত দেন। গ্রিনবার্গ বলেছিলেন, ‘সংক্ষিপ্ত টেস্ট ব্যবসার জন্য ভালো নয়। এর চেয়ে স্পষ্ট করে বলার কিছু নেই। ব্যাট ও বলের মধ্যে আরও ভারসাম্য থাকা দরকার।’