
ফুটবল গুরুমুখী বিদ্যা। ট্যাকটিক্যাল দর্শন, মেন্টরশিপ, শৃঙ্খলা ও সংস্কার—এসবই গুরুর কাছে হাতে কলমে শিক্ষা নেন শিষ্যরা। গুরু-শিষ্যের মেলবন্ধন যতটা মজবুত, ততটা ভবিষ্যত উজ্জ্বল একজন শিষ্যের।
আধুনিক যুগেও ফুটবলে গুরু-শিষ্যের বিষয়টি একটি বেশিই প্রাধান্য দেওয়া হয়। কলি থেকে ফুল হয়ে ফুটতে একজন মেধাবীকে সাহায্য করেন একজন সঠিক মালি। সেই মালি তার কোচ। বর্তমান সময়ে ফুটবলের মালিদের মধ্যে অন্যতম লুইস এনরিকে। বার্সেলোনায় সফল ক্যারিয়ার কাটানো স্প্যানিশ গুরু এখন পিএসজির ম্যানেজার।
একটি উড়তি ক্লাবকে শিকড় থেকে শিখরে পৌঁছাতে যত যা প্রয়োজন তার সবই পিএসজির জন্য করেছেন এনরিকে। ২০২৩ সালে ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার প্রথম মৌসুমে প্রায় প্রতি রাতেই ট্রেনিং গ্রাউন্ডে ঘুমাতেন বলে দাবি করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম।
২০২৩ সালে পিএসজির দায়িত্ব নেন এনরিকে। লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপে ক্লাব ছাড়ার পর তিনি তথাকথিত ‘গ্যালাকটিকো’ মডেল থেকে সরে এসে তরুণ প্রতিভায় এক শক্তিশালী দল গড়ে তুলেছেন। খেলোয়াড়ি জীবনের শেষভাগে পিএসজিতে কাটানো বেকহ্যাম সিবিএস-এর ‘বেকহ্যাম অ্যান্ড ফ্রেন্ডস লাইভ’-এ এনরিকের এই একাগ্রতা নিয়ে কথা বলেন।
বেকহ্যাম বলেন,
‘লুইস এনরিকে গত কয়েক বছরে দলটিকে এভাবেই গড়ে তুলেছেন এবং এই দলটির মধ্যে দারুণ এক ঐক্য তৈরি করেছেন। আমি পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফির সাথে কথা বলেছি এবং তিনি আমাকে জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার প্রথম বছর এনরিকে প্রায় প্রতি রাতেই ক্লাবের নতুন ট্রেনিং ফ্যাসিলিটিতে ঘুমাতেন। দলটিকে তিনি কেমন দেখতে চান, তাদের খেলার ধরন কেমন হবে, কাকে দলে চাই—এসব কিছুর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করতেই তিনি সেখানে রাত কাটাতেন।’
নাসের আল-খেলাইফির উদ্ধৃতি দিয়ে বেকহ্যাম আরও বলেন,
‘সভাপতি জানিয়েছেন যে তিনি আগে কখনো এমন কিছু দেখেননি। এনরিকের কাজের ধরন এবং দলের কাছ থেকে তার প্রত্যাশা অনেক। তিনি চান দলের সবাই একই সমতলে থাকুক এবং সবার লক্ষ্য যেন এক হয়। তিনি এমন খেলোয়াড় চান যারা মাঠের লড়াইয়ে থামবে না এবং অবিরাম দৌড়াবে। বর্তমানে তিনি ঠিক এমন একটি দলই গড়ে তুলেছেন।’
আগামী ৩০ মে বুদাপেস্টে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। একইসাথে তারা নিজেদের লিগ আঁতে শিরোপা ধরে রাখার পথেই রয়েছে।
No posts available.

বিশ্বকাপ ফুটবল মানেই কেবল মাঠের লড়াই নয়, নতুন উন্মাদনার নাম হয়ে আসে আসরের অফিশিয়াল বলটি। ১৯৭০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে অ্যাডিডাসের বল নিয়ে যে কৌতুহল থাকে, ২০২৬ আসরকে সামনে রেখে তা বহুগুণ বেড়ে গেছে। এবার মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রের মাটিতে গতির ঝড় তুলতে আছে ‘ট্রাইওন্ডা’। কেবল শৈল্পিক নকশা নয়, প্রযুক্তির বিচারেও এটি ফুটবল ইতিহাসে এক নতুন বিপ্লবের ইঙ্গিত দিচ্ছে।
বিশ্বকাপের বল ‘ট্রাইওন্ডা’ এর নকশায় ফুটিয়ে তোলা হয়েছে তিন আয়োজক দেশ—কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের আবহ। 'ট্রাইওন্ডা' নামটি মূলত দুটি শব্দের সমন্বয়—'ট্রাই-' (তিন আয়োজক দেশের প্রতীক) এবং স্প্যানিশ শব্দ 'ওন্ডা' (যার অর্থ তরঙ্গ বা ভাইব)। ১৬টি আয়োজক শহরের ১০৪টি ম্যাচেই মাঠ কাঁপাবে এই বলটি।
এই বলের আনুষ্ঠানিক উন্মোচনের আগে লাস ভেগাসের বিখ্যাত 'স্ফেয়ার'-এ এক জমকালো প্রদর্শনীর আয়োজন করে আডিডাস, যেখানে আগের সব বিশ্বকাপের বলগুলোর এক ঝলক দেখানো হয়।
বলটির নকশায় বেশ কিছু নজরকাড়া বিষয় রয়েছে। এর প্যানেলগুলোতে লাল, সবুজ এবং নীল রঙের ব্যবহার করা হয়েছে, যা তিন আয়োজক দেশের প্রতিনিধিত্ব করে। পাশাপাশি সোনালী রঙের ছোঁয়া রাখা হয়েছে ফিফা বিশ্বকাপের ট্রফির প্রতীক হিসেবে। বলের গায়ের গ্রাফিক্সেও রয়েছে আভিজাত্যের ছাপ—যুক্তরাষ্ট্রের জন্য 'তারকা', মেক্সিকোর জন্য 'ইগল' আর কানাডার জন্য 'ম্যাপল লিফ' বা ম্যাপল পাতা ব্যবহার করা হয়েছে। এই প্রতীকগুলো বলের উপরিভাগে খোদাই করা (এমবসিং) অবস্থায় থাকবে।
অ্যাডিডাসের গ্লোবাল ক্যাটাগরি ডিরেক্টর (ফুটবল হার্ডওয়্যার) সোলনে স্টর্ম্যান বলেন, ‘বলটির প্রতিটি বাহু একেকটি আয়োজক দেশের প্রতি উৎসর্গ করা হয়েছে এবং বলের ঠিক মাঝখানে সেগুলো একটি ত্রিভুজ আকৃতিতে মিলিত হয়েছে। এর মাধ্যমে মূলত এটাই ফুটিয়ে তোলা হয়েছে, এই তিনটি দেশ একতাবদ্ধ হয়ে বিশ্বকাপ আয়োজন করছে।’
কানেক্টেড বল টেকনোলজি: বলের ভেতরে যখন প্রযুক্তির কারিকুরি
বলের বাইরের কারুকাজ নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু এর ভেতরেও রয়েছে দারুণ সব চমক। মাত্র চারটি প্যানেল দিয়ে তৈরি এই বলের ভেতরে একপাশে একটি 'মোশন সেন্সর চিপ' বসানো হয়েছে। এই চিপটি প্রতিটি ম্যাচের ভিএআর এবং ভিডিও ম্যাচ অফিশিয়ালদের কাছে তাৎক্ষণিক তথ্য পাঠাবে। এর মূল লক্ষ্য হলো অফসাইড বা হ্যান্ডবলের মতো কঠিন সিদ্ধান্তগুলো আরও দ্রুত এবং নির্ভুলভাবে নিতে সাহায্য করা।
আডিডাসের ফুটবল ইনোভেশন লিড হানেস শেফকে বলেন, ‘খেলোয়াড়রা বলের সঙ্গে কখন কী করছেন বা বলটি কখন কোথায় থাকছে—আমরা প্রতিটি মুহূর্ত ট্র্যাক করতে পারব। একটি লোকাল পজিশনিং সিস্টেমের মাধ্যমে মাঠের প্রতিটি ইঞ্চিতে বলের অবস্থান শনাক্ত করা হবে। এই সেন্সরটি প্রতি সেকেন্ডে ৫০০ বার স্টেডিয়ামের চারপাশের অ্যাঙ্কর পয়েন্টগুলোতে সিগন্যাল পাঠাবে, যা সত্যিই দারুণ একটি ব্যাপার।’
চিপটি যে প্যানেলে আছে, সেটির ভারসাম্য বজায় রাখার জন্য বাকি তিনটি প্যানেলকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এটি ২০২২ কাতার বিশ্বকাপের বলের চেয়ে আলাদা; কারণ কাতার বিশ্বকাপের বলে চিপটি বলের ঠিক মাঝখানে ঝুলন্ত অবস্থায় (সাসপেনশন সিস্টেম) ছিল, আর এবার সেটি একপাশে বসানো হয়েছে।

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) শিরোপা লড়াইয়ে নেই দুই দলের কেউই। তাতে ফেডারেশন কাপেই পাখির চোখ করেছিল তারা। এ যাত্রায় অবশ্য হতাশই হতে হলো ব্রাদার্স ইউনিয়নকে। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে গোপীবাগের ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ নিয়ে চার বছরে তিনবার ফেডারেশন কাপের ফাইনালে উঠল সাদা-কালোরা।
সোমবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে মোহামেডানের হয়ে জোড়া গোল করেন সৌরভ দেওয়ান। ম্যাচের ৩৮তম মিনিটে দলকে লিড উপহার দেন তিনি। তার শেষ গোলটি ছিল যোগ করা সময়ের প্রথম মিনিটে। ৭২তম মিনিটে অবশ্য একটি গোল শোধ করে ব্রাদার্স ইউনিয়ন।
ম্যাচের ৩৮তম মিনিট রহমত মিয়ার লং থ্রোয়ে এলি কেকের মাথা ছুঁয়ে আসা বলে হেডে জালের ঠিকানা খুঁজে নেন সৌরভ দেওয়ান। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ব্রাদার্স। ৪৯ মিনিটে আলমগীর গাজীর নেওয়া ভলি ঝাঁপিয়ে পড়ে ঠেকান মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। ব্রাদার্স ম্যাচে ফেরার সুযোগ পায় ৭২ মিনিটে আলমগীর গাজী ডি বক্সের খানিকটা সামনে ফাউলের শিকার হলে। সেখান থেকে নেওয়া ফ্রি কিকে উঁচু কোনা দিয়ে দুর্দান্ত এক গোলে ব্যবধান ১–১ করেন ব্রাদার্স অধিনায়ক জামাল ভূঁইয়া।
এরপর ম্যাচ এগোচ্ছিল অতিরিক্ত ৩০ মিনিটের দিকেই। কিন্তু সৌরভ যেন পণ করলেন নির্ধারিত সময়ের ভেতর আরেকবার সৌরভ ছড়াবেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে মুজাফফর মুজাফফরভের নেওয়া কর্নারে জটলার মধ্যে বল পান এই ফরোয়ার্ড। দুর্দান্ত ভলিতে জাল কাঁপাতে কোনো ভুল করেননি।
রেফারির শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়েরা লিপ্ত হন হাতাহাতিতে। তাতে মুখ ফেটে রক্ত বের হয় মুজাফফরভের।
১৯ মে ফাইনালে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান। প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্সকে ৪–০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে কিংস। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চলছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর আগামী মাসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে বাংলাদেশের সেরা খেলোয়াড়ের জন্য থাকবে চেরি ব্রান্ডের একটি বিলাসবহুল গাড়ি।
আজ মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও চেরির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। কোন মডেলের গাড়ি বা কত টাকা দাম তা অবশ্য জানানো হয়নি। এর আগে সবশেষ নিউ জিল্যান্ড সিরিজের সেরা বাংলাদেশি একজন ক্রিকেটারকে দেওয়া হয়েছিল বাইক।
পুরস্কার চুক্তি অনুষ্ঠানে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল বলেন ‘এটা আমার জন্য গর্বের ব্যাপার। এ রকম বড় বড় কোম্পানি যত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে শুরু হবে, সেটা আমাদের ক্রিকেটের জন্যও ভালো। আমাদের ক্রিকেটারদেরও একটা প্রণোদনা দেওয়া কোনো সিরিজে ভালো করার জন্য।’
চীনের অটোমোবাইল ব্র্যান্ড চেরি ১৯৯৭ সাল থেকে গাড়ি উৎপাদন ও বিপণন করছে। আরিজো, টিগো, ও কিউকিউসহ তাদের বেশ কিছু সিরিজের গাড়ি বিশ্বজুড়ে সাড়া ফেলেছিল। বর্তমানে বাংলাদেশেও তাদের বিভিন্ন মডেলের গাড়ি বিক্রি হচ্ছে।
৯ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১৭ জুন শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

‘আমি জানি না আমার সময় কি দ্বিগুণ হিসেবে গণ্য হয়’। পুরস্কার জেতার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মজা করে এমনটিই বলেছেন উসমান দেম্বেলে। পিএসজির (প্যারিস সেন্ট জার্মেই) হয়ে এই মৌসুমে মাত্র ৯ ম্যাচে শুরুর একাদশে ছিলেন ফরাসী তারকা। তারপরও ভিতিনহা ও ম্যাসন গ্রিনউডকে হারিয়ে লিগ ওয়ান ‘প্লেয়ার অফ দ্য ইয়ার’ হয়েছেন দেম্বেলে।
অনেকেই প্রশ্ন তুলেছেন, তুলনামূলকভাবে এত কম ম্যাচ শুরু করা একজন খেলোয়াড় কীভাবে লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেতে পারেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর মিক্সড জোনে কথা বলার সময় দেম্বেলে বলেন, ‘আমি বর্তমান ব্যালন ডি'অর বিজয়ী। বেশ কিছু শারীরিক সমস্যার মধ্য দিয়ে গিয়েছি। আমি খুব বেশি খেলার সময় পাইনি, কিন্তু প্রতিবার যখনই মাঠে নেমেছি দলের পাশে থাকার চেষ্টা করেছি। মার্শেই এবং লিলের বিপক্ষে ম্যাচেও আমি দলকে সাহায্য করার চেষ্টা করেছি। জানি না আমার সময়গুলো দ্বিগুণ হিসেবে গণ্য হয় কি না, তবে খেলোয়াড়রা আমাকে ভোট দেওয়ায় আমি খুশি।’
অনুষ্ঠান চলাকালীন পিএসজি তারকা তাঁর সতীর্থ ভিতিনহার সঙ্গে কিছুটা হাস্যরসেও মেতে ওঠেন। এই মিডফিল্ডারের পারফরম্যান্সের প্রশংসা করার পাশাপাশি দেম্বেলে মজা করে বলেন যে, হয়তো গোল সংখ্যা কম হওয়ার কারণেই ভিতিনহা পুরস্কারটি পাননি। আরএমসি স্পোর্টসে তিনি বলেন, ‘আমি আমার পুরো পরিবার, স্টাফ, প্রেসিডেন্ট এবং কোচ লুইস এনরিখকে ধন্যবাদ জানাতে চাই। আমি ভাগ্যবান যে তাঁর মতো একজন অসাধারণ কোচ পেয়েছি। আর ভিতিনহাকেও ধন্যবাদ, কারণ সে আমাকে বলেছিল তাঁর জন্য কিছু বলতে (হাসি)। সতীর্থ হিসেবে সে অসাধারণ। আমি মনে করি সে এই ট্রফিটির যোগ্য ছিল।’
খেলার সময় নিয়ে বিতর্ক থাকলেও পুরো মৌসুমে দেম্বেলের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। লিগ ওয়ানে ২০ ম্যাচ খেলে এই উইঙ্গার ১০ গোল এবং ৬টি অ্যাসিস্ট করেছেন।

লা লিগায় বার্সেলোনার ২৯তম শিরোপা উদযাপনে নতুন মাত্রা যোগ করলেন লামিনে ইয়ামাল। ছাদখোলা বাসে শোভাযাত্রার সময় ফিলিস্তিনের পতাকা উড়িয়ে সংহতি প্রকাশ করেছেন ১৮ বছর বয়সী এই তারকা।
সোমবার বার্সেলোনা শহরের রাস্তায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে শুরু হয় বিজয় মিছিল। অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা যায়, সমর্থকদের উপস্থিতিতে বার্সেলোনার খোলা বাসের ওপর দাঁড়িয়ে ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছেন ইয়ামাল।
ইয়ামালের এই পদক্ষেপকে উপস্থিত দর্শকরা করতালি ও স্লোগানের মাধ্যমে স্বাগত জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও ফুটবল ভক্তরা ইয়ামালের এই সাহসিকতার প্রশংসা করছেন।

রোববার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় নিশ্চিত করল কাতালানরা। লা লিগার ইতিহাসে এটি দ্বিতীয়বার, যেখানে সরাসরি এল ক্লাসিকোর ফলাফলের মাধ্যমে লিগ শিরোপা নির্ধারিত হলো।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। যার বড় একটি অংশ নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।
ইসরায়েলি এই আগ্রাসনের শুরু থেকেই যার প্রতিবাদ করে আসছে বার্সেলোনা শহরের মানুষ। নিয়মিত প্রতিবাদ সমাবেশ ছাড়াও এই শহর থেকেই গাজায় ত্রাণবাহী জাহাজ পাঠানোর মতো কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
রোববার হ্যামস্ট্রিং চোটের কারণে অবশ্য মাঠে নামতে পারেননি ইয়ামাল। বার্সেলোনা কর্তৃপক্ষের আশা, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন এই স্প্যানিশ তারকা।