
বহু জল্পনা-কল্পনার পর শেষ হয়েছে রিয়াল মাদ্রিদের সঙ্গে জাবি আলোনসোর সাত মাসের অধ্যায়। বহিষ্কার হওয়ার গুঞ্জন ছিল বেশ কদিন ধরেই। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোতে হারের একদিন পর আসে ঘোষণা। স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, ধারাবাহিকতা আর ছন্দের অভাব ছাড়াও দলে তারকা ফুটবলারদের সঙ্গে রেষারেষির কারণেই মূলত এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। কোচের বিদায়ের ঘোষণার পর সান্তিয়াগো বার্নাব্য’এর ফুটবলারার জাবির উদ্দেশ্যে বিদায়ী বার্তা দিয়েছেন।
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সাবেক হয়ে যাওয়া জাবিকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা দেন এমবাপে। ফরাসি তারকা এই ফরোয়ার্ড বলছেন যে তাদের পথচলা সংক্ষিপ্ত ছিল, তবে আলোনসোর প্রভাব দলের ওপর স্পষ্টভাবে লক্ষ্য করা গিয়েছে।
এমবাপে লিখেছেন, ‘সময়টা যদিও ছোট ছিল, তবে আপনার জন্য খেলতে পারা এবং আপনার কাছ থেকে শেখা সত্যিই আনন্দের ছিল। প্রথম দিন থেকেই আমাকে আত্মবিশ্বাস দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনাকে মনে রাখব এমন একজন ম্যানেজার হিসেবে, যার স্পষ্ট ধারণা ছিল এবং ফুটবল সম্পর্কে অনেক কিছুই জানতেন যিনি। আপনার পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা।’
রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার অরলিয়েন চৌআমনি আলোনসোকে ‘সর্বোৎকৃষ্ট কোচদের একজন’ হিসেবে উল্লেখ করলেন। আর আর্দা গুলের একটি আবেগঘন বার্তা শেয়ার করলেন, যেখানে কোচের তার উন্নয়নে প্রভাব তুলে ধরা হয়। তুর্কি এই মিডফিল্ডার লিখেছেন, ‘প্রতিটি আলাপ, সব খুঁটিনাটি, প্রতিটি অনুরোধ আমাকে আমার খেলার মান উন্নয়নে সাহায্য করেছে। আপনার বিশ্বাস আমাকে আরও ভালো খেলোয়াড় বানিয়েছে। আপনার প্রভাব চিরকাল আমার সঙ্গে থাকবে।’
স্প্যানিশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সুপার কাপের ফাইনালের শেষে ‘গার্ড অব অনার’ কাণ্ডেই নাকি বেশ মণক্ষুণ্ণ হয়েছেন জাবি। চ্যাম্পিয়ন বার্সাকে সম্মান জানানোর প্রথা হিসেবে রিয়াল মাদ্রিদের কোচ কিলিয়ান এমবাপে-ভিনিসিয়ুস জুনিয়রদের গার্ড অব অনার দিতে বলেছিলেন। কিন্তু জাবির সেই নির্দেশনা না মেনে উল্টো সতীর্থদের নিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন এমবাপে। আর শিষ্যের এমন কাণ্ডেই নাকি জাবির রিয়াল ছাড়ার সিদ্ধান্তের অন্যতম কারণ।
গুঞ্জন ছিল লস ব্লাঙ্কোসের তারকা ফুটবলাররা জাবির কোচিংয়ে সন্তুষ্ট ছিলেন না। ভিনিসিয়ুস জুনিয়র তো প্রকাশ্যেই স্প্যানিশ এই কোচের ওপর ক্ষোভ ঝাড়েন। জাবি থাকলে চুক্তি না নবায়ন না করারও হুমকি দিয়ে রেখেছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। তাতে ক্লাবের ভেতরে বাহিরের সব চাপ সামাল দেওয়া বেশ কঠিন হয়ে পড়ে জাবির জন্য।
স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়াকে। জাবির বিদায়ের পরপরই নতুন কোচের নাম ঘোষণা করে ক্লাব কর্তৃপক্ষ। ২০২৫ সালের জুন থেকে রিয়ালের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার কোচ হিসেবে কাজ করছিলেন আরবেলোয়া।
No posts available.
১৪ মার্চ ২০২৬, ৮:৩৪ পিএম
১৪ মার্চ ২০২৬, ৭:৪৭ পিএম

দল বদলের বাজারে টাকার বস্তা নিয়ে নেমেছিল লিভারপুল। ইউরোপীয় ফুটবল ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি অর্থ খরচ করার রেকর্ড ভেঙে দিয়ে বেশ ক’জন তারকা ফুটবলারদে দলে ভেড়ায় অল রেডরা। তবে বিপুল পরিমান এই অর্থ খরচের ফল পাচ্ছে না ইংলিশ জায়ান্ট ক্লাবটি। উল্টো পরিসংখ্যান বলছে লিভারপুলের নখ-দন্তহীন আক্রমণভাগ প্রিমিয়ার লিগের সবচেয়ে বাজে!
প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে লিভারপুল। এরমধ্যে ১৮টি ম্যাচে জয়, নয়টিতে হার এবং ছয়টি ড্র করেছে আর্নে স্লটের দল। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত মোহাম্মদ সালাহরা গোল দিয়েছে গোল করেছে ৪৮টি বিপরীতে হজম করেছে ৩৯টি।
শট নেওয়ায় অবশ্য বেশ এগিয়ে আছে লিভারপুল। প্রিমিয়ার লিগে এ মৌসুমে কেবল ৪৫৭ শট নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেডই এগিয়ে আছে অ্যান ফিল্ডের ক্লাবটি। তবে মোহাম্মদ সালাহ-হুগো একিতিকেদের অধিকাংশ শটই যে লক্ষ্যহীন। প্রতিপক্ষের গোলকিপারদের তেমন কোনো বিপদেই ফেলতে পারছে না লিভারপুলের আক্রমনভাগ। লিগে ২০ দলের মধ্যে লক্ষ্যে শট রাখায় তাদের অবস্থান সাতে। এমনকি ক্লাবটির মোট শটের মাত্র ২৮.৭ শতাংশ লক্ষ্যে ছিল— এই সূচকে তারা শেষ থেকে চারে অবস্থান করছে। লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে কেবল ফুলহাম, নটিংহাম ও এভার্টন।
প্রতিপক্ষের বক্সে বল স্পর্শের সংখ্যায় লিভারপুলের চেয়ে এগিয়ে আছে শুধু আর্সেনাল। আর বল দখলের পরিসংখ্যানে পুরো লিগে তাদের চেয়ে এগিয়ে নেই কোনো দল। সুযোগ তৈরির পরিসংখ্যানে ব্যক্তিগতভাবে দমিনিক সোবস্লাই, ফ্লোরিয়ান ভির্টজ, মোহাম্মদ সালাহ এবং কোডি গাকপো—এই চারজনই শীর্ষ ১২–এর মধ্যে আছেন। শীর্ষ ১৫–এ অন্য কোনো ক্লাবের দুইজনের বেশি খেলোয়াড় নেই।
লিভারপুলের আসল সমস্যা স্পষ্ট। বল দখল, শট নেওয়া, প্রতিপক্ষের বক্সে আধিপত্য সবকিছুতে দাপট দেখানোর পরও গোল করার আসল কাজটাই করতে পারছে না স্লটের শিষ্যরা। প্রতি ম্যাচে নিয়মিত গোলের সুযোগ তৈরি করার পরও জালে বল পাঠাতে ব্যর্থ হচ্ছে ক্লাবটি।
মূল কথা হলো, ‘রেডস’রা যখন লক্ষ্যভেদী শট নিতে পারে, তখন তাদের গোল করার হার প্রিমিয়ার লিগের সবচেয়ে কার্যকর আক্রমণভাগগুলোর মতোই। সমস্যা হলো, তাদের অনেক শটই প্রতিপক্ষের গোলরক্ষককে তেমন পরীক্ষা নিতে পারছে না। আর এত বেশি বল দখলে রাখার পরও তারা পর্যাপ্ত গোলের সুযোগ তৈরি করতে পারছে না।
রোববার অ্যানফিল্ডে টটেনহ্যাম আসছে টানা ছয় ম্যাচ হারের পর। তিন দিন পর গালাতাসারাইয়ের বিপক্ষে ফিরতি লেগও রয়েছে সামনে। তুর্কি ক্লাবটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে এরমধ্যেই ০-১ গোলে পিছিয়ে আছে তারা। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষের প্রতি কোনো ‘দয়া’ না দেখানোর সময় এখনই লিভারপুলের।

বার্সেলোনা সমর্থকদের জন্য সুখবর। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর অবশেষে কাতালান ক্লাবটির মিডফিল্ডার মাঠে নামার সবুজ সংকেত পেলেন। গত বছরের আগস্টে হাঁটুতে চোট পান স্প্যানিশ এই মিডফিল্ডার। ২০৫ দিন পর আবার আগামীকাল লা লিগায় ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সেভিয়ার বিপক্ষে দেখা যেতে পারে গাভিকে।
গত বছরের আগস্টের শেষ দিকে হাঁটুর চোটে পড়েন গাভি। সমস্যার সমাধানে আর্থ্রোস্কোপিক অস্ত্রপচার করতে হয়। সার্জারির সময় দেখা যায়, সমস্যা মূলত ধারণার চেয়ে বেশি গুরুতর, যার ফলে মিডফিল্ডারকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। শেষ পর্যন্ত ছয় মাসেরও বেশি সময় মাঠের বাইরে কাটিয়ে এবং পুনর্বাসন ও চিকিৎসা প্রক্রিয়ায় কঠোর পরিশ্রমের পর, গাভি মাঠে ফিরতে সবুজ সংকেত পেয়েছেন।
গাভির মাঠে ফেরা নিয়ে বার্সেলোনা এক বিবৃতিতে বলেছে,
‘গাভি মেডিকেল অনুমোদন পেয়েছেন এবং আগামীকাল সেভিয়ার বিপক্ষে ম্যাচে খেলার জন্য প্রস্তুত।’
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গাভিকে নিয়ে হান্সি ফ্লিক বলেন,
‘আমি খুশি যে সে ফিরেছে। আমাদের তার সঙ্গে ধাপে ধাপে এগোতে হবে। আমরা তাকে অনুশীলনে দেখেছি, এবং যা দেখেছি তা ভালো লেগেছে, তবে আমাদের তাকে নিয়ন্ত্রণ করে রাখতে হবে… তার মানসিকতা দারুণ, সে নিজের শরীরের উপর বিশ্বাস রাখে, কীভাবে খেলতে পারে তা জানে… আমরা সবাই গাভিকে চিনি, আমি তার উদ্দীপনা পছন্দ করি, যা কিছু সে আমাদের দেয় সবই অনন্য।’
গাভি ইতিমধ্যে সম্প্রতি অ্যাথলেটি ক্লাব এবং নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বর্পূণ ম্যাচেও দলের সঙ্গে করেছিলেন। মৌসুমের শেষ দিকে ২১ বছর বয়সী লা মাসিয়ান গ্র্যাজুয়েটকে ফিরে পাওয়া ফ্লিকের কাজ অনেকটাই সহজ করে দেবে। সেভিয়ার বিপক্ষে ম্যাচে অবশ্য তাঁর শুরুর একাদশে থাকার সম্ভাবনা কমই। তবে ফিটনেস বৃদ্ধির সঙ্গে ধীরে ধীরে ম্যাচে সময় বাড়ানো এবং মূল ভূমিকায় ফিরে আসতে পারবেন গাভি।
চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগ শিরোপা জয়ের দৌড়ে বেশ এগিয়ে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা ফ্লিকের দলের পয়েন্ট ৬৭। ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।

লা লিগার রাউন্ড অব এইটিনের গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার রাতে এলচের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। টাইটেল রেসে নিজেদের জিইয়ে রাখতে মাস্ট উইন এই ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগ মুহুর্তে জানা গেছে রাউল আসেনসিও চোটের খবর।
আলভারো কারেরাস, ডেভিড আলাবাসহ রিয়ালের নয় জন ফুটবলার চোটে। সেখানে নতুন করে নাম লেখালেন আসেনসিও। দলের এমন অবস্থা নিয়ে বেশ চিন্তিত কোচ আলভারো আরবেলোয়া।
লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা থেকে ৪ পয়েন্ট পিছিয়ে রিয়াল। আর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর সেকেন্ড লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বাঁচা-মরা ম্যাচ—এসবের আগে চোট সমস্যায় নাজেহাল লস ব্লাঙ্কোস শিবির।
একটার পর একটা ধাক্কায় উদ্বেগ বেড়ে গেছে রিয়াল শিবিরে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ঠিক আগমুহূর্তে কোচিং স্টাফের মধ্যেও দুশ্চিন্তা তৈরি হয়েছে। পরিস্থিতি এখন প্রায় আতঙ্কজনক—কারণ ভুল সিদ্ধান্ত নিলে দল আরও কঠিন অবস্থায় পড়ে যেতে পারে।
এই অবস্থায় দ্রুত ব্যবস্থা নেন আরবেলোয়া। শুক্রবার অনুশীলনের সময় ড্রেসিংরুমে থাকা চার ফুটবলার—চুয়ামেনি, রুডিগার, ভালভার্দে ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি।
এই বৈঠকের লক্ষ্য পরিষ্কার— এলচের বিপক্ষে নামানোর আগে প্রত্যেক খেলোয়াড়ের শারীরিক অবস্থা জানা। আরবেলোয়া জানতে চেয়েছিলেন, রুডিগাররা কতটা ঝুঁকি নিতে পারবেন, নাকি সামনে কঠিন এক সপ্তাহের কথা ভেবে তাদের বিশ্রাম দেওয়াই ভালো হবে। এখন ভুল করার সুযোগ খুবই কম।
ম্যাচের আগে আরবেলোয়া বলেন,
“আমার কাছে এখন শুধু এমন খেলোয়াড়রাই আছে, যারা হাত তুলে বলছে তারা আরও একবার চেষ্টা করতে প্রস্তুত। তারা খুবই নিবেদিত এবং আমরা জানি এই ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ।”
ড্রেসিংরুমে কোচ ঠিক এমন মনোভাবই দেখেছেন—সবাই দলকে সাহায্য করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং পরিস্থিতির গুরুত্বও বুঝছে। তবুও উদ্বেগ পুরোপুরি কাটছে না। কারণ আশঙ্কা থেকেই যাচ্ছে—চোটের তালিকা আরও বড় হয়ে যেতে পারে, আর দলে নতুন করে কেউ ছিটকে পড়লে পরিস্থিতি আরও নড়বড়ে হয়ে উঠতে পারে।

‘ট্রুথ সোশ্যালে’ বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন,
‘ইরান জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপে স্বাগত। কিন্তু তাদের নিজেদের জীবন ও নিরাপত্তার কথা বিবেচনা করলে সেখানে থাকা তাদের জন্য উপযুক্ত হবে বলে আমি সত্যিই মনে করি না।’
ট্রুথ সোশ্যালে পোস্টের শুরুতে ইরান দলকে বিশ্বকাপে স্বাগত জানানোর পাশাপাশি ট্রাম্প ইরানিদের যুক্তরাষ্ট্রে না আসার পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন ব্ক্তব্য নিয়ে তীর্যক মন্তব্য করে ইরান।
সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় ইরান দল বলেছে,
“কেউ আমাদেরকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না।”
ইরানের বিশ্বকাপের বয়কটের ডাক আসে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বক্তব্যের পরই। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফিফা প্রেসিডেন্ট জানিয়েছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের দ্বন্দ্ব থাকলেও বিশ্বকাপে অংশ নিতে বাধা নেই ইরানের। এরপরই দেশটির ক্রীড়া মন্ত্রী জানায়, ২০২৬ বিশ্বকাপে অংশ নেবে না ইরান।
ইরানের তাদের বিশ্বকাপ যাত্রা স্পষ্ট করার পরই ট্রথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। তার সেই পোস্টের পরই ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়। তারা জানায়, যুক্তরাষ্ট্র এত বড় আয়োজনে দলগুলোর নিরাপত্তার দিতে সক্ষম নয় বলেও মনে করে তারা।
ইরান জানায়,
“বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক ইভেন্ট এবং এর নিয়ন্তা সংস্থা ফিফা-কোনো একটি দেশ নয়। ইরান জাতীয় দল নিজেদের শক্তিমত্তা এবং ইরানের সাহসী সন্তানদের দ্বারা অর্জিত অনেক জয়ের মাধ্যমে বাছাইপর্ব পেরিয়ে প্রথম দলগুলোর একটি হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।”
দেশটি আরও জানায়,
“নিশ্চিতভাবেই কেউ ইরান জাতীয় দলকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। একটি দলই কেবল বাদ যেতে পারে, যারা কেবল ‘স্বাগতিক’ এর মর্যাদা নিয়ে আছে, এমনকি এই বৈশ্বিক আসরে দলগুলোর নিরাপত্তা দিতে অপরাগ হওয়া সত্ত্বেও।”
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে ৪৮ দলের এবারের বিশ্বকাপ। তবে, ‘জি’ গ্রুপে ইরানের তিনটি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে।

যৌথভাবে শীর্ষে থেকে আজ বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি মাঠে নামে। রোমাঞ্চকর ৫ গোলের লড়াইটা শেষ পর্যন্ত জিতে নেয় মারিও গোমেজের দল। যদিও ফর্টিসের বিপক্ষে জিততে ঘাম ঝরাতে হয়েছে লিগের পাঁচবারের চ্যাম্পিয়নদের।
দোরিয়েলতন গোমেজ নাসিমেন্তো হ্যাটট্রিক করে দলকে জেতান ৩-২ ব্যবধানে। জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হলেও বদলি হিসেবে নামা তপু বর্মণ ও ফয়সাল আহমেদ ফাহিমই ম্যাচ ঘুরিয়ে দেন। প্রথমার্ধ শেষে দুই দল ছিল ১-১ সমতায়। সেখান থেকে ফাহিমের দুটি ক্রসে গোল করেন দোরিয়েলতন। বিশেষ করে ফর্টিস ২-২ সমতায় ফেরার পর ফাহিমের দারুণ এক অ্যাসিস্টে জয়ের মুখ দেখে কিংস।
খেলা শেষে তপু ও ফাহিম দুজনেই স্বীকার করেছেন তাঁরা নামতে যে খেলায় গতি পেয়েছে বসুন্ধরা কিংসের। ফাহিম বলেন,
‘মাঠে নামার আগে ভাই আমাকে বলছে, আমাদের এই ম্যাচ যা করার করতে হবে। আমার উপর ভাইয়ের বিশ্বাস ছিল, আমি ভাইয়ের উপর বিশ্বাস রাখছিলাম। ভাই রক্ষণে সামলেছে, আমি আক্রমণে কাজ করছি।’
ফর্টিসের বিপক্ষে আজকের জয়ে এককভাবে লিগ টেবিলের শীর্ষে এখন বসুন্ধরা কিংস। শিরোপা রেসে এগিয়ে গেল মারিও গোমেজের দল। তবে পথটা এখনো অনেক দূরের মনে করেন তপু,
‘এই ম্যাচটা নিয়ে অনেক একটা ভালো প্রস্তুতি হয়েছে। এই জয়টা বসুন্ধরা কিংসের জন্য খুবই জরুরি ছিল। মনে করি, ৮০ ভাগ আমাদেরকে এগিয়ে রাখবে। কারণ আমরা এখন শীর্ষে আছি এবং আমাদের যে লক্ষ্য এই ম্যাচটা নিয়ে ছিল সেটা আমরা অতিক্রম করেছি। সামনে একটা লং রেস, এই জায়গায় স্টেপ বাই স্টেপ যেতে হয়।’
এই ম্যাচে ফাহিমের পারফরম্যান্স মুগ্ধ করেছে তপুকে। খেলা শেষে সতীর্থকে নিয়ে বলেছেন,
‘ফাহিম দুর্দান্ত ছিল। আসলে যেটা আপনি বললেন সুপার সাব। আমি বলবো ফাহিম নামার পরে আমাদের স্পিড যে লেভেল ছিল সেটা আরেক ধাপ এগিয়ে গেছে। কারণ সে নামার পরে দুইটা অ্যাসিস্ট করেছে। এরকম খেলোয়াড় দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
আন্তর্জাতিক বিরতি এখন আবার লিগে। সোমবার থেকে শুরু জাতীয় দলের ক্যাম্প। সামনে ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ও সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচ। দুটি ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে আছেন ফাহিম। এই দুই ম্যাচে জিততে চান জাতীয় দলের এই উইঙ্গার। বলেছেন,
‘যেহেতু আমাদের এখন এশিয়ান কোয়ালিফাইটা আমাদের হাত থেকে চলে গেছে তাই এখন আমরা চেষ্টা করবো দুইটা ম্যাচ উইন হয়ে যেন আমাদের আত্মবিশ্বাসটা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি।’