
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা দুর্দান্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। নিজেদের উদ্বোধনী ম্যাচে আজ পূর্ব তিমুরকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। জোড়া গোল করেন মোহাম্মদ মানিক।
চীনের টংলিয়াং লং স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের ১১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মানিকের ক্রসে হেডে বাংলাদেশকে এগিয়ে দেন রিফাত কাজী। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক নিজেই। নাজমুল হুদা ফয়সালের ফ্রি কিকে বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে জালে জড়ান তিনি।
৪৩ মিনিটে আসে তৃতীয় গোল। ডি বক্সে জটলার মধ্য থেকে পাওয়া বলের ঠিকানা খুঁজে নিতে অসুবিধা হয়নি মানিকের। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় গোলাম রব্বানী ছোটনের দল।
দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ পেলেও দুটির বেশি গোল করতে পারেনি বাংলাদেশ৷ ৪৯ মিনিটে ব্যবধান ৪-০ করেন বায়েজিত বোস্তামি। ৮৮ মিনিটে শেষ গোলটি আসে আকাশ আহমেদের পা থেকে। তাতে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আগামী সোমবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ব্রুনাই। ৬ দলের লড়াইয়ে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন দলই মূলপর্বে খেলার সু্যোগ পাবে।
No posts available.
১০ মার্চ ২০২৬, ১০:১২ এম

দেশে ফিরলে নিপীড়নের আশঙ্কায় অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছিলেন ইরানের জাতীয় নারী ফুটবল দলের ৫জন খেলোয়াড়। মানবিক বিবেচনায় তাঁদের পাশে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া, দিয়েছে মানবিক ভিসা। যার ফলে আপাতত অস্ট্রেলিয়ার আশ্রয়ে থাকছেন ওই ৫ ফুটবলার। মঙ্গলবার অস্ট্রেলিয়ার সরকার এই সিদ্ধান্তের কথা জানায়।
ইরানের নারী ফুটবল দল অস্ট্রেলিয়ায় চলমান এএফসি এশিয়ান কাপ খেলতে গিয়েছিল। সেখানেই দলের ৫ খেলোয়াড় গোপনে টিম হোটেল ছেড়ে অস্ট্রেলিয়ান পুলিশের আশ্রয়ে যান। পরে তারা সরকারের কাছে সহায়তা চান। মানবিক ভিসা পাওয়া ওই পাঁচ ফুটবলার হলেন জাহরা সারবালি আলিশাহ, ফাতেমেহ পাসানদিদেহ, মোনা হামুদি, জাহরা ঘানবারি এবং আতেফেহ রামেজানিজাদেহ।
আরও পড়ুন
| ফিনালিসিমার আগে সাহসী সিদ্ধান্ত কাতারের |
|
এশিয়ান কাপের টুর্নামেন্ট চলাকালেই পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে ইরানে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর থেকেই চরম উত্তেজনা বিরাজ করে।
এমন পরিস্থিতিতে ইরানের নারী দলের মাঠের পারফরম্যান্সও খুব একটা ভালো নয়। ফিলিপাইনের কাছে ২–০, অস্ট্রেলিয়ার কাছে ৪-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা।
এশিয়ান কাপে ইরানের প্রথম ম্যাচ ছিল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ২ মার্চ ওই ম্যাচের আগে জাতীয় সংগীত না গেয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন ইরানের এই ৫ ফুটবলার। তাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়েন। একজন ধারাভাষ্যকার এটিকে ‘চরম অসম্মান‘ বলে মন্তব্য করেন। সেই ঘটনার পর থেকেই খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক সামাজিক মাধ্যমে ইরানের ৫ খেলোয়াড়ের সঙ্গে তোলা ছবি প্রকাশ করেন। তিনি জানান, কয়েক দিন ধরেই গোপনে তাঁদের সঙ্গে আলোচনা চলছিল। তবে পুরো দলের সবাই একই সিদ্ধান্ত নেবেন, এমনটি নিশ্চিত নয় বলেও জানান তিনি।

বিশ্বকাপের আগে কার্লো আনচেলত্তির প্রাক-প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে নেইমার জুনিয়রকে। তবে এখনই খুশি হওয়ার কারণ নেই সান্তোস তারকার। পুরোপুরি ফিট নেইমারকে না পেলে ফাইনাল স্কোয়াডে তাঁকে রাখা হবে না বলেও ইঙ্গিত দিয়েছেন ইতালিয়ান কোচ। এদিকে ওয়ার্ক লোডের কারণে আগামীকাল সান্তোষের হয়ে ম্যাচ খেলতে পারছেন না নেইমার। দলে সুযোগ পাওয়ার পর এটি তাঁর জন্য কিছুটা বিব্রতকরই।
মার্চের শেষের দিকে ফিফা প্রীতি ম্যাচে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার আগে এটিই চূড়ান্ত আন্তর্জাতিক ফিফা উইন্ডো। সেখানে দুই ম্যাচ পরখ করেই চূড়ান্ত দল নির্ধারণ করা হবে বলে জানা যায়।
মার্চের ফিফা প্রীতি ম্যাচের আগে ক্লাবের জার্সিতে আরও চার ম্যাচ খেলার সুযোগ পাবেন নেইমার। যদিও কোচ আনচেলত্তির কাছে প্রমাণের আগে কেবল এক ম্যাচই হাতে আছে নেইমারের। কারণ ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যম জানায় আগামীকাল লিগ ম্যাচে মিরাসোলের বিপক্ষে খেলবেন না এক সময় সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। ‘ওয়ার্ক লোড’ নিয়ন্ত্রণ করতেই এমন সিদ্ধান্ত আসছে। সান্তোস জানিয়েছে, নেইমারের অনুপস্থিতি ছিল একটি সতর্কতামূলক ব্যবস্থা।
তবে এই সময়টা নেইমারের জন্য বেশ বিব্রতকর। কারণ ব্রাজিল কোচ আনচেলত্তি ৩৪ বছর বয়সী এই তারকাকে খেলতে দেখতে চেয়েছিলেন। আপাতত তাঁকে অপেক্ষা করতে হবে আগামী ১৬ মার্চ পর্যন্ত। সেদিন করিন্থিয়ান্সের হয়ে মাঠে নামবেন ব্রাজিলের শীর্ষ গোলদাতা। ফ্রান্স, ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ওই ম্যাচটি দিয়েই নেইমারকে পর্যবেক্ষণ করবেন ব্রাজিল কোচ। কেননা ওই দিনই ২৬ ও ৩১ মার্চ ব্রাজিলের দুটি প্রীতি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি।

লিওনেল মেসির ভবিষ্যৎ সম্পর্কে কথা বলেছেন তাঁর বর্তমান ক্লাব ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম। সম্প্রতি তিনি আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন যে খুশি হতাম যদি সে অবসরের পর মায়ামিতে বসবাস করতেন। যদিও এরপর তিনিই আবার জানান, ‘আমি চাই মেসি অবসর নিয়ে মায়ামিতে থাকুক। কিন্তু লিও বলেছে সে শুধু ক্যাম্প ন্যু’র কাছে থাকতে চায়।’
বেকহ্যাম আরও যোগ করে বলেন বার্সেলোনার প্রতি মেসির আবেগ, অনুরাগ অনন্য, ‘কেউ-ই বার্সাকে তাঁর (মেসি) মতো ভালোবাসে না। আপনি দেখবেন বার্সার লোগো তাঁর পায়ে, এমনকি তাঁর পানির বোতলেও।’ বেকহ্যামের এই মন্তব্য ফুটবল দুনিয়ায় মেসির বার্সেলোনার প্রতি অনুরাগকে আবার সামনে এনেছে। এমনটাই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন জনপ্রিয় ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
প্রশ্ন উঠছে— মেসি কি বার্সেলোনায় আবার ফিরবেন? যদিও ২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর পিএসজি ঘুরে ২০২৩ সাল থেকে তিনি বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্র মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। এই সময়ে অনেক ক্লাবের থেকে প্রস্তাব পেলেও পরিবারের কথা ভেবেই তিনি যুক্তরাষ্ট্র থেকে গেছেন বলে বিভিন্ন সময়ে সংবাদ প্রচার হয়েছে। তবে এখন অনেকে আশা করেন ভবিষ্যতে তিনি বার্সেলোনায় ফিরে ক্লাবের সঙ্গে বিশেষ কোনো সম্পর্ক বজায় রাখবেন। ক্লাবটির কোচিং বা কোনো প্রশাসনিক ভূমিকায় আগ্রহ দেখাতে পারেন মেসি।

এফএ কাপের সবশেষ দুই আসরের ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি। গতবার ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল পেপ গার্দিওলার দলের। আগের বছর রানার্সআপ হতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারায়। দুই আসরে শিরোপার খুব কাছ থেকে ফিরে আসা সেই ম্যানচেস্টার সিটিকে এবার কোয়ার্টার ফাইনালেই বড় বাধা ডিঙাতে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল পড়েছে তাদের সামনে।
সোমবার এফএ কাপের ড্র হয়েছে। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে হবে লিভারপুল ও ম্যানসিটিকে। অবশ্য সাতবারের এফএ কাপজয়ী ম্যানচেস্টার সিটির জন্য স্বস্তির খবর– তারা ইতিহাদে স্বাগত জানাবে অল রেডদের।
চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের দেখা হয়েছে দুইবার। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সিটিজেনরা ৩-০ গোলে জেতে। সবশেষ লিভারপুলের মাঠেও ২-১ গোলের রোমাঞ্চকর জয় পায় গার্দিওলার দল।
ইংলিশ প্রিমিয়ার লিগের অপর দুই জায়ান্ট চেলসি ও আর্সেনাল তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। সান্ডারল্যান্ডকে চমকে দেওয়া লিগ ওয়ানের দল পোর্ট ভেল শেষ আটে মুখোমুখি হবে ব্লুজদের। প্রতিযোগিতায় এখন পর্যন্ত টিকে থাকা সর্বনিম্ন র্যাংকিংধারী দলটি ১৯৫৪ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে।
প্রিমিয়ার লিগের শীর্ষ দল এখন আর্সেনাল। গত শনিবার ম্যান্সফিল্ডকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে গানাররা। ১৪ বারের চ্যাম্পিয়নরা খেলবে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনের মাঠে। ওয়েস্টহ্যাম ইউনাইটেড স্বাগত জানাবে লিডসকে।
কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো হবে আগামী ৪ এপ্রিল। বাংলাদেশ সময় রাত ৮টায়।

প্রথমবারের মতো এএফসি উইমেন’স এশিয়ান কাপে খেলেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছে পিটার বাটলারের দল। গতকাল অস্ট্রেলিয়ার পার্থে উজবেকিস্তানের বিপক্ষে হেরে আজ সকালেই দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন রুপনা-মিলি-মনিকা চাকমারা।
পার্থ সময় সকাল সাড়ে ৯টায় থাই এয়ারওয়েজে বাংলাদেশ দল ব্যাংককের উদ্দেশ্যে রওনা হয়। ব্যাংককে কয়েক ঘণ্টা যাত্রা বিরতি রয়েছে। বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন আফঈদারা।
সোমবার উজবেকিস্তানের বিপক্ষে জিতলে আজই দেশের জন্য বিমান ধরতে হতো না বাংলাদেশকে। আজ ‘সি’ গ্রুপে জাপান-ভিয়েতনাম ও চাইনিজ তাইপে-ভারত ম্যাচের দিকে চোখ থাকত। কোয়ার্টার ফাইনালে উঠলে আবার সিডনি যেতে হতো বাংলাদেশ দলকে। কাল হেরে যাওয়ায় তাই ১০ মার্চ রিটার্ন টিকিটই কার্যকর হয়েছে।
এশিয়া কাপ খেলা বাংলাদেশের অনেক ফুটবলারের বয়স ২০ বছরের নিচে। তাদের অনেকেই ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া থাইল্যান্ডের এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট খেলবে। দেশে ফিরেই অনুশীলনে নামতে হবে তাদের।