
লেস্টার সিটির হয়ে মাঝমাঠে খেলা হয়না বললেই চলে হামজা চৌধুরীর। কখনও লেফট ব্যাক কখনও রাইট ব্যাক পজিশনে দেখা যায় বাংলাদেশি তারকা এই ফুটবলারকে। আজ এফ এ কাপে অনেকদিন পর খেললেন ডিফেন্সিভ মিডে। আর মাঝমাঠে ফিরেই দারুণ পারফরম্যান্স উপহার দিলেন। জয় পেয়েছে তাঁর দল লেস্টারও।
আজ এফ এ কাপের তৃতীয় রাউন্ডে শেল্টনহাম টাউনের বিপক্ষে ২-০ গোলে জিতে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছে লেস্টার সিটি। ২৩ মিনিটে জাম্বিয়ার ফরোয়ার্ড প্যাটসন ডাকার গোলে এগিয়ে যাওয়ার পর ৪৫ মিনিটে স্টেফি মাভিডিডির গোলে ব্যবধান দ্বিগুণ করে লেস্টার।
প্রতিপক্ষের মাঠে শুরুর একাদশে মাঠে নেমে শেষ বাঁশি পর্যন্ত ছিলেন হামজা চৌধুরী। ‘ফুটমুব’ অ্যাপ অনুযায়ী ৭.৫ রেটিং পেয়েছেন তিনি। ২৮ বছর বয়সী এই ফুটবলার গোলের লক্ষ্যে দুটি শট নিয়েছেন। ম্যাচে মোট বল স্পর্শ করেছেন ৯৫বার, প্রতিপক্ষের বক্সে বল পাঠিয়েছেন ১১বার।
আক্রমণের কাজটা হামজার জন্য অনেকটা ঐচ্ছিকই। মূলত ডিফেন্স সামলানোই তাঁর মূল দায়িত্ব। আর সেটা শেল্টনহামের বিপক্ষে করেছেন দারুণভাবেই। প্রতিপক্ষের একটি শট ব্লক করেছেন, ট্যাকল করেছেন তিনবার ও রিকোভারি দু’টি। এছাড়া দু’বার ড্রিবল করেও সফল হয়েছেন হামজা। ম্যাচে সবচেয়ে বেশি তিনবার ফাউলের শিকারও হয়েছেন তিনি।
এফ এ কাপে জয় পেলেও চ্যাম্পিয়নশিপে ভালো অবস্থানে নেই লেস্টার সিটি। লিগে সবশেষ ১০ ম্যাচের পাঁচটিতেই হেরেছে হামজার দল। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ১২ নম্বর। আগামী শনিবার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা কভেন্ট্রির মুখোমুখি হবে লেস্টার সিটি।
No posts available.
১২ জানুয়ারি ২০২৬, ২:২৩ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ১২:১৩ পিএম
১২ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এম
১২ জানুয়ারি ২০২৬, ৯:১৯ এম