
শিকারি বাঘ যেমন দু’পা পিছিয়ে এসে ঝাঁপিয়ে পড়ার চূড়ান্ত প্রস্তুতি নেয়, গত কয়েক মৌসুমে ম্যানচেস্টার সিটিও ঠিক এমন রূপেই হাজির হয়। লিগের শুরুতে কিংবা মাঝামাঝি সময়ে এসে কিছুটা ধীরগতিতে চললেও শেষভাগে এসে রুদ্রমূর্তি ধারণ করে পেপ গার্দিওলার দল। মৌসুমের শেষঅংশে এসে কি হয় সিটিজেনদের? কিভাবে হঠাৎ ভিন্ন এক দল হয়ে যায় তারা? সিটির এই ঘুরে দাঁড়ানোর রহস্য নাকি সূর্য!
ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ চেলসিকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে এনেছে ম্যানচেস্টার সিটি। দুর্দান্ত জয়ে গানারদের তাড়া করার পর বেশ খোশমেজাজে দেখা গেল পেপ গার্দিওলাকে। জয়ের পর অভিজ্ঞ এই কোচ মজার ছলে জানালেন, আবহাওয়া ভালো থাকাই তার দলকে পারফরম্যান্সের মান বাড়াতে সাহায্য করেছে।
স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের প্রথমার্ধে ম্যানচেস্টার সিটির খেলা খুব একটা গোছানো ছিল না। তবে বিরতির সময় গার্দিওলা খেলোয়াড়দের খেলার গতি বাড়ানোর নির্দেশ দেওয়ার পর দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো দৃশ্যপট। নিকো ও'রাইলির গোলে লিড নেওয়ার পর সিটি যেন উড়তে শুরু করে। বোর্নমাউথের কাছে আর্সেনালের হারের সুযোগ গার্দিওলার দল কাজে লাগানোয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান থেকে মাত্র ৬ পয়েন্ট দূরে আছে সিটিজেনরা।
আর্সেনাল থেকে এক ম্যাচ কম খেলেছে ম্যান সিটি। আগামী রোববার তারা ঘরের মাঠে আতিথ্য দেবে আর্সেনালকে। শিরোপা লড়াইয়ে এখন দেখা যেতে পারে নাটকীয় মোড়। একটা সময় যেখানে মনে হচ্ছিল হেসেখেলেই লিগ জিতবে আর্সেনাল, সেখানে হঠাৎ সিটিকেই লিগ জেতার দৌড়ে এগিয়ে রাখছেন অনেকে।
শুধু এই মৌসুমেই নয়, গত কয়েক মৌসুমে প্রত্যাবর্তনের এমন মুহূর্ত প্রায়ই জন্ম দিয়েছে ম্যান সিটি। এপ্রিল মাসে কেন সিটি সবসময় এত শক্তিশালী হয়ে ওঠে—এমন প্রশ্নের জবাবে পরিষ্কার নীল আকাশের দিকে ইঙ্গিত করে গার্দিওলা বলেন, ‘সূর্য। আমি মোটেও রসিকতা করছি না। আসলে সূর্যই বড় কারণ। ম্যানচেস্টারে তো সূর্যের দেখাই পাওয়া যায় না! যদি নভেম্বরেই এমন রোদ উঠত, তবে আমরা জানুয়ারি মাসেই চ্যাম্পিয়ন হয়ে যেতাম। সত্যি বলতে, (রোদ উঠলে) সবার মন ভালো থাকে, দলের মানসিকতাও ইতিবাচক হয়ে যায়।
লিগে পরের ম্যাচেই আর্সেনালের মুখোমুখি হবে ম্যান সিটি। গানারদের বিপক্ষে রোববারের ম্যাচটিই হয়তো ঠিক করে দেবে লিগ চ্যাম্পিয়ন। ঘরের মাঠ ইতিহাদের এই লড়াইকে ফাইনাল বলছেন গার্দিওলা,
‘ক্লাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে একদল অসাধারণ এবং লড়াকু মানসিকতার খেলোয়াড় উপহার দিয়েছেন, যা আমাদের সাফল্যের মূল চাবিকাঠি। আর্সেনালের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য একটি ফাইনালের মতো—তাদের জন্যও তাই।’
গত মাসে কারাবাও কাপের ফাইনালে আর্সেনালকে হারালেও গার্দিওলা মনে করেন মিকেল আরতেতার দলকে টপকানো বেশ কঠিন হবে,
‘এই ঘরে এমন কি কেউ আছেন যিনি কারাবাও কাপের ফাইনালে আমাদের হয়ে বাজি ধরেছিলেন? ১ পাউন্ডও কি ধরেছিলেন? কেউই ধরেননি। আমরা তখন আন্ডারডগ ছিলাম এবং সেটাই ছিল নিখুঁত। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। আমাদের অবশ্যই আর্সেনালকে সম্মান করতে হবে।’
No posts available.

ফুটবল থেকে অনেকটাই দূরে সরে যাওয়া আর্জেন্টাইন তারকা গনজালো হিগুয়েইন আবারও আলোচনায় এসেছেন। তবে এবার মাঠের পারফরম্যান্স নয়, বরং নতুন লুকের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি তাঁকে ঘিরে কৌতূহল তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক ভক্তের সঙ্গে তোলা ছবিটি ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। ছবিতে ঘন দাড়ি আর স্বাভাবিক, নির্ভার উপস্থিতিতে সাবেক এই স্ট্রাইকারকে অনেকেই প্রথম দেখায় চিনতেই পারেননি। এমনকি অনেকের মনে সংশয় ছিল, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কি না।
তবে ছবিটি তোলা সেই ভক্তই স্পষ্ট করে করেছেন, ‘এটি কৃত্রিম (এআই) কিছু নয়।’ তাঁর দাবি, হিগুয়াইন সম্পূর্ণ স্বাভাবিকভাবেই সেখানে উপস্থিত ছিলেন এবং খুব সহজ-সরল পোশাকে ছিলেন, ফলে আশপাশের অনেকেই তাঁকে চিনতে পারেননি।
এর আগেও চেহারার পরিবর্তন নিয়ে আলোচনায় এসেছেন হিগুয়েইন। ক্যারিয়ারের শুরুর দিকে কোঁকড়ানো চুলের যে তরুণকে দেখা গিয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে তাঁর চেহারায় এসেছে বড় ধরনের পরিবর্তন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঘন দাড়ি ও ভিন্ন স্টাইল তাঁকে নতুনভাবে উপস্থাপন করেছে।
বর্তমানে ফুটবলজীবন থেকে বেশ দূরে আছেন হিগুয়েইন। কিছুদিন আগে তাঁকে যুক্তরাষ্ট্রের একটি ক্লাবে খেলোয়াড় উন্নয়ন বিভাগের সঙ্গে যুক্ত হওয়ার খবর শোনা গেলেও এখন তিনি সেই কাঠামোর অংশ নন। মাঠের বাইরে তাঁর এই নিরিবিলি জীবনই যেন এখন বেশি আলোচনায় আসছে।
লিওনেল মেসির সঙ্গে খেলেছিলেন হিগুয়েইন। রিয়াল মাদ্রিদ, নাপোলি, এসি মিলান, চেলসির মতো ক্লাবে খেলেছেনে এই স্ট্রাইকার। তবে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির বিপক্ষে সহজ গোল হাতছাড়ার পর ব্যাপক সমালোচনা শুনতে হয়, সেখান থেকেই তাঁর জীবনের দৃশ্যপট কিছুটা বদলে যায়। ২০২২ সালে ৩৪ বছর বয়সে পেশাদার ক্যারিয়ার থেকে বিদায় নেন হিগুয়েইন।

রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ। অনুশীলনের সময় চোটে পড়েছেন দলটির অভিজ্ঞ ডিফেন্ডার দানি কারভাহাল। তাঁর ডান পায়ের হাড়ে ফাটল ধরা পড়েছে। ৩৪ বছর বয়সী এই স্প্যানিশ তারকা কতদিন মাঠের বাইরে থাকবেন, সে বিষয়ে রিয়াল নিশ্চিত করে কিছু জানায়নি।
ধারণা করা হচ্ছে, মৌসুমের শেষ ম্যাচে ২৫ মে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দলে ফিরবেন কারভাহাল। ফলে ১০ মে এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে এই অভিজ্ঞ ডিফেন্ডারকে ছাড়াই মাঠে নামতে হবে লস ব্ল্যাঙ্কোসদের।
রিয়ালের সঙ্গে কারভাহালের চুক্তি শেষ হবে চলতি বছর জুনে। ক্লাবের সঙ্গে নতুন কোনো চুক্তিতে না পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছেন ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার। সান্তিয়াগো বার্নাব্যুতে আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটিতে তাই কারভাহালকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হতে পারে।
গত দুই মৌসুম ধরে চোট কারভাহালকে বারবার পিছিয়ে দিয়েছে। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড যোগ দেওয়ার পর থেকেই শুরুর একাদশে নিজের নিয়মিত জায়গা হারান।
কারভাহালের অনুপস্থিতিতে স্পেন দলে পেদ্রো পোরো ও মার্কোস ইয়োরেন্তের মতো খেলোয়াড়রা নিজেদের জায়গা পাকাপোক্ত করেছেন। ফলে সুস্থ হয়ে উঠলেও কোচ লুইস দে লা ফুয়েন্তে বিশ্বকাপ দলে কারভাহালকে ডাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
আগামী ১৫ জুন আটলান্টায় কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে স্পেনের বিশ্বকাপ মিশন শুরু হবে। সেই দলে অভিজ্ঞ এই ডিফেন্ডার জায়গা পান কি না, সেটাই এখন দেখার বিষয়।

ইন্টার মায়ামির হয়ে শততম ম্যাচে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। ম্যাচের ৩৩ মিনিটের মধ্যেই ৩-০ গোলের বড় লিড নিয়ে সমর্থকদের উৎসবের উপলক্ষও তৈরি করেছিল তারা। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি অরল্যান্ডো সিটি।
মেজর লিগ সকারে আজ ভোরে হওয়া ম্যাচে মায়ামিকে স্তব্ধ করে ৪-৩ ব্যবধানের জয় ছিনিয়ে নিয়েছে অরল্যান্ডো। এই হারের ফলে নিজেদের নতুন ভেন্যু নু স্টেডিয়ামে টানা চার ম্যাচ জয়হীন রইল মায়ামি।
ম্যাচের শুরু থেকেই দাপট ছিল ইন্টার মায়ামির। মাত্র চার মিনিটের মাথায় ইয়ান ফ্রের গোলে এগিয়ে যায় তারা। এরপরই শুরু হয় মেসি ম্যাজিক। ২৫ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে দারুণভাবে এগিয়ে গিয়ে লুইস সুয়ারেজকে পাস দেন মেসি। সুয়ারেজ ফিরতি পাসে বক্সের ভেতর বল বাড়ান মেসিকে। আর্জেন্টাইন তারকার নিখুঁত পাসে ব্যবধান দ্বিগুণ করেন তেলাসকো সেগোভিয়া।
৩৩ মিনিটে এবার নিজেই গোলের খাতায় নাম লেখান মেসি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত বা পায়ের শটে ব্যবধান ৩-০ করেন। ইন্টার মায়ামির জার্সিতে এটি ছিল মেসির ৮৬তম গোল।
৩৯ মিনিটে অরল্যান্ডোর মার্তিন ওজেদা এক গোল শোধ করলে নাটকের শুরু হয়। ৬৮ মিনিটে ওজেদা নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-২। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি ম্যাচে ৩-৩ সমতা ফেরান এই আর্জেন্টাইন। ইনজুরি টাইমে টাইরেস স্পাইসার জয়সূচক গোলটি করলে স্তব্ধ হয়ে যায় পুরো গ্যালারি।
এমএলএসের ইতিহাসে এটি মাত্র তৃতীয় ঘটনা যেখানে ৩-০ গোলে পিছিয়ে থেকেও কোনো দল ম্যাচ জিতল। এর আগে ২০১৭ সালে সিয়াটল সাউন্ডার্স এবং ২০১৮ সালে এলএ গ্যালাক্সি এই কীর্তি গড়েছিল। অথচ এই ম্যাচের আগে গত ১৫ ম্যাচের মাত্র দুটিতে জিতেছিল অরল্যান্ডো।
এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে মায়ামির টানা ১১ ম্যাচের অপরাজিত যাত্রাও থেমে গেল। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে ইন্টার মায়ামি। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ন্যাশভিল এসসি। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে অরল্যান্ডো।
লা লিগায় শিরোপার আরও কাছে পৌঁছে গেল বার্সেলোনা। শনিবার রাতে ওসাসুনাকে হারিয়ে টানা দশম জয় তুলে নিয়েছে কাতালানরা। আজ রিয়াল মাদ্রিদ পয়েন্ট খোয়ালেই টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে হান্সি ফ্লিকের দলের জয় ২-১ ব্যবধানে। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেল কাতালান ক্লাবটি।
আজ রাতে এস্পানিওলের বিপক্ষে রিয়াল মাদ্রিদ যদি জয় না পায়, তবে মাঠের লড়াইয়ে না নেমেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। রিয়াল জিতলে আগামী ১০ মে ঘরের মাঠে এল ক্লাসিকোতে হার এড়ালেই শিরোপা ঘরে তুলবে কাতালানরা।
শনিবার রাতে পুরো ম্যাচ জুড়ে ওসাসুনার রক্ষণে বারবার হানা দিলেও গোলের দেখা পেতে বার্সাকে অপেক্ষা করতে হয় ৮১ মিনিট পর্যন্ত। মার্কাস রাশফোর্ড নিখুঁত এক ক্রস বাড়ান রবার্ট লেভানডফস্কির দিকে, জোরালো হেডে বল জালে পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন এই পোলিশ স্ট্রাইকার।
পাঁচ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। মাঝমাঠ থেকে ফারমিন লোপেজের পাস ধরে ওসাসুনা গোলকিপারকে পরাস্ত করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।
৮৯ মিনিটে দুর্দান্ত হেডে ওসাসুনার রাউল গার্সিয়া একটি গোল শোধ করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। শেষ পর্যন্ত ২-১ গোলের ঘামঝরানো জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লিকের দল।
৩৪ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৮৮, এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৭৪। লিগে আর মাত্র চারটি রাউন্ড বাকি। রিয়াল মাদ্রিদ তাদের হাতে থাকা সব ম্যাচ জিতলেও বার্সেলোনাকে ছোঁয়া এখন প্রায় অসম্ভব। রিয়ালের আজকের ফলাফলের ওপরই নির্ভর করছে বার্সার চ্যাম্পিয়ন হওয়ার ক্ষণ।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে ম্যানচেস্টার সিটির ওপর আরও চাপ বাড়াল আর্সেনাল। শনিবার রাতে ঘরের মাঠে ভিক্টর ইয়োকেরেসের জোড়া গোলে ফুলহ্যামকে সহজেই হারিয়েছে মিকেল আরতেতার দল।
এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের জয় ৩-০ ব্যবধানে। ইয়োকেরেসের সঙ্গে গোলের তালিকায় নাম লেখান বুকায়ো সাকা।
এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিটির চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে গেল গানাররা। অবশ্য আর্সেনালের চেয়ে ম্যানচেস্টার সিটি দুই ম্যাচ কম খেলেছে। সোমবার এভারটনের বিপক্ষে মাঠে নামবে পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই ফুলহ্যামকে চেপে ধরে আর্সেনাল। চোট কাটিয়ে দীর্ঘ সময় পর একাদশে ফেরা বুকায়ো সাকা নবম মিনিটেই ডান প্রান্ত দিয়ে ফুলহ্যাম ডিফেন্ডার রাউল জিমেনেজকে পরাস্ত করে বক্সে ক্রস বাড়ান। নিখুঁত ট্যাপ-ইনে বল জালে পাঠিয়ে গানারদের এগিয়ে নেন ইয়োকেরেস। এটি ছিল মৌসুমে এই সুইডিশ স্ট্রাইকারের ২০তম গোল।
বিরতির পাঁচ মিনিট আগে সাকা ও ইয়োকেরেসের রসায়ন আবারও দেখা যায়। এবার ইয়োকেরেসের পাস থেকে ব্যবধান ২-০ করেন সাকা। প্রথমার্ধের ইনজুরি টাইমে লিয়ান্দ্রো ট্রোসার্ডের ক্রসে দর্শনীয় হেডে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ইয়োকেরেস।
ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে থাকায় প্রথমার্ধের পরেই সাকা এবং ৬৪ মিনিটে ইয়োকেরেসকে তুলে নেন আরতেতা। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচের কথা ভেবেই দলের মূল খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছেন কোচ।
দ্বিতীয়ার্ধে রিকার্ডো ক্যালাফিওরোর একটি হেড ক্রসবারে লেগে ফিরে আসলে ব্যবধান আর বাড়েনি। এর আগে প্রথমার্ধে অফসাইডের কারণে তাঁর একটি গোল বাতিল হয়েছিল।
৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল, সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের দশ নম্বরে ফুলহ্যাম। আর্সেনালের চেয়ে দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৭০।
মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে আর্সেনাল। আতলেতিকোর ঘরের মাঠে প্রথম লেগ ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছিল।