৩০ জুলাই ২০২৫, ২:১০ পিএম

বায়ার্ন মিউনিখ ছাড়ার খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই টমাস মুলারের ভবিষ্যৎ গন্তব্য হিসেবে চলে আসে যুক্তরাষ্ট্রের নাম, যেখানে তাকে নেওয়ার জন্য আগ্রহী ছিল মেজর লিগ সকারের (এমএলএস) কয়েকটি ক্লাব৷ তবে জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর দাবি, শেষ পর্যন্ত লিগ একই থাকলেও বদলে যাচ্ছে ক্লাব। কানাডার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস ক্লাবে নাম লেখানোর কাছাকাছি চলে গেছেন জার্মানির কিংবদন্তি এই ফরোয়ার্ড।
এর আগে এমএলএসের লস অ্যাঞ্জেলেস এফসি-এর সাথে মুলারের যোগাযোগ হয়েছিল বলে গুঞ্জন ছিল। তবে এখন সেটা বাতিলই হয়ে গেছে বলা যায়। বর্তমানে এমএলসের ওয়েস্টার্ন কনফারেন্সে খেলা ভ্যাঙ্কুভার ক্লাবটির সাথেই চলছে চুক্তির চূড়ান্ত আলোচনা, বিল্ড-এর প্রতিবেদনে দাবি করেছেন সাংবাদিক ক্রিশ্চিয়ান ফাল্ক। সেখানে আরও বলা হয়েছে, কানাডিয়ান ক্লাবটি মুলারকে ২০২৬ সালের শেষ পর্যন্ত চুক্তিবদ্ধ করতে চায়।
তবে এতে বাধা হয়ে দাঁড়িয়েছে এমএলএসের ‘ডিসকভারি রাইটস’ নিয়ম, যেখানে একজন খেলোয়াড়ের সাথে যে ক্লাব ‘ডিসকভারি রাইটস’ দাবি করে, কেবল তারাই প্রাথমিকভাবে তাকে দলে টানার আলোচনায় যেতে পারে। বর্তমানে মুলারের রাইটস রয়েছে এমএলসের ইস্টার্ন কনফারেন্সের ক্লাব এফসি সিনসিন্নাটি-এর কাছে। ফলে ভ্যাঙ্কুভারকে প্রথমে সেই রাইটসটা তাদের কাছ থেকে কিনে নিতে হবে।
তবে মুলার যে এমএলএসে যাচ্ছেন, এটা প্রায় নিশ্চিতই। বাকি শুধু কেবলই আনুষ্ঠানিকতার। আর সেটা হলে আরও সমৃদ্ধ হবে লিগটি, যেখানে আগে থেকেই ইন্টার মায়ামির জার্সিতে আলো ছড়াচ্ছেন লিওনেল মেসি। এবার তার সাথে একই লিগে খেলতে যাচ্ছেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী সদস্য মুলার, যিনি সুদীর্ঘ এক ক্যারিয়ারে বায়ার্নের হয়ে একাধিক বুন্দেসলিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।
No posts available.
১৩ ডিসেম্বর ২০২৫, ৪:১২ পিএম
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম