২৮ নভেম্বর ২০২৫, ৬:১২ পিএম

ড্র দিয়ে শুরু, পরের দুই ম্যাচে হার; সবশেষটা আবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। বাংলাদেশ ফুটবল লিগে হতাশার বৃত্তেই আটকে ছিল ঢাকা আবাহনী লিমিটেড। অবশেষে চতুর্থ ম্যাচে কাঙ্ক্ষিত জয় পেল আকাশি-নীলরা। একই দিনে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়েছে ফর্টিস এফসি।
শুক্রবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসিকে। ম্যাচে অবশ্য ১০ জনের দলে পরিণত হয়েছিল আকাশি-নীলরা।
ম্যাচে দুটি গোল আসে প্রথমার্ধে। ২৫ মিনিটে স্পট-কিক থেকে স্বাগতিকদের এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। ডি-বক্সে পড়ে গিয়ে পেনাল্টিটা অবশ্য তিনিই আদায় করে নেন।
এদিন একাদশে দুটি পরিবর্তন আনেন আবাহনী কোচ মারুফুল হক। ইব্রাহিম হোসেনের জায়গায় পাপন সিংহ ও ব্রুনো মাতোসের জায়গায় এনামুল ইসলাম গাজীকে মাঠে নামান তিনি।
৪৩ মিনিটে গাজীর পা থেকেই ব্যবধান দ্বিগুণ করে আবাহনী। শেখ মোরসালিনের বাঁকানো ফ্রি-কিক থেকে অসাধারণ এক ভলিতে বল জালে জড়ান এই মিডফিল্ডার।
বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পুলিশ। আবাহনীর রক্ষণ আর ভাঙতে পারেননি তারা। ৯০ মিনিট শেষ হওয়ার পর যোগ করা সময়ের প্রথম মিনিটে আবাহনীর আলমগীর মোল্লা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। যদিও তা কোনো প্রভাব ফেলেনি আবাহনীর জয়ে। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে তারা। এক পয়েন্ট বেশি নিয়ে পাঁচে পুলিশ।
মানিকগঞ্জের শহীদ মিরাজ–তপন স্টেডিয়ামে ফর্টিসও জয়সূচক গোলটি পায় প্রথমার্ধে। ১৬ মিনিটে পা ওমর বাবুর ফ্রি-কিকে জটলার মধ্য থেকে পা ছুঁইয়ে দলকে উচ্ছ্বাসে ভাসান রিয়াজ উদ্দিন সাগর।
দ্বিতীয়ার্ধে আবাহনীর মতো ১০ জনের দলে পরিণত হয় ফর্টিস। ম্যাচের ৭৪ মিনিটে আরামবাগের শহীদুল ইসলামের মুখে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন আতিকুর রহমান ফাহাদ। কিন্তু এক জন বেশি নিয়ে খেলেও আরামবাগ পারেনি আর ম্যাচে ফিরতে।
৪ ম্যাচে জয়হীন থেকে ১ পয়েন্ট নিয়ে টেবিলের নয়ে আছে তারা। জয়ে ৭ পয়েন্ট নিয়ে ফর্টিস উঠে এসেছে টেবিলের তিনে। কাল ফুটবল লিগে রয়েছে তিনটি ম্যাচ। শীর্ষস্থান দখলের লড়াইয়ে রহমতগঞ্জের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। ৭ পয়েন্ট নিয়ে দুই দলই যৌথভাবে রয়েছে শীর্ষে।
No posts available.
৩১ মার্চ ২০২৬, ৮:৩৬ পিএম
৩১ মার্চ ২০২৬, ৬:৫২ পিএম

র্যাঙ্কিংয়ে তফাৎ ছিল বৈকি। তবে আশা দেখতে ছিল না বারণ। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কিছুটা হলেও উচ্চাশায় ভেসেছিলেন বাংলাদেশ ফুটবল ভক্তরা। তবে ফিনিশিংয়ের অভাবে আরও একবার আক্ষেপের গল্প লিখল হাভিয়ের কাবরেররা দল।
ম্যাচের আগের দিন শেষ সুন্দরের কথা বলেছিলেন বাংলাদেশ কোচ। প্রতিপক্ষের মাঠে ভালো করতে না পারার বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য জানিয়েছিলেন তিনি। তবে মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে তার দল ১-০ ব্যবধানে হেরে আশার প্রতিফলন ঘটাতে পারেনি।
সিঙ্গাপুরের বিপক্ষে দুই লেগেই হারল কাবরেরার দল। প্রথম লেগে ঢাকায় বাংলাদেশ হার মেনেছিল ২-১ ব্যবধানে, এবার ১-০ ব্যবধানে। ‘সি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া সিঙ্গাপুর জয় নিয়ে শেষ করল বাছাই। ছয় ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলে আপাতত তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।
এশিয়াসেরা টুর্নামেন্টের নিজেদের শেষ ম্যাচে ভালোর প্রত্যয় থাকলেও হারের পর কাবরেরা জানিয়েছেন আজকের ফল হজম করা কঠিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও জানিয়েছেন, গ্রুপ পর্বে এটিই ছিল আমাদের সেরা পারফরম্যান্স।
কাবরেরা বলেন, আজকের ফলাফল মেনে নেওয়া বা হজম করা খুবই কঠিন, কারণ সম্ভবত পুরো গ্রুপ পর্বে এটিই ছিল আমাদের সেরা পারফরম্যান্স। আমি নিশ্চিতভাবে মনে করি, দলটি আজ জয় অথবা অন্তত এক পয়েন্ট পাওয়ার যোগ্য ছিল। আমি খেলোয়াড়দের নিয়ে অত্যন্ত গর্বিত। পুরো ম্যাচজুড়ে আমাদের আধিপত্য ছিল। তাই আজকের পারফরম্যান্সের জন্য আমি দলকে অভিনন্দন জানাই।’
বাংলাদেশ দলের উন্নতির জায়গা প্রসঙ্গে কাবরেরা বলেন, ‘আমাদের ইতিবাচক থাকতে হবে। অনেক কিছুই বদলে যাচ্ছে। মাঠের খেলায় আমাদের গুণগত মান এখন স্পষ্ট। আমরা আরও অভিজ্ঞতা অর্জন করছি এবং আরও পেশাদার হয়ে উঠছি। খেলোয়াড়রা এখন জানে কীভাবে খেলার গতি নিয়ন্ত্রণ করতে হয়। আমরা অযথা উত্তেজিত হয়ে পড়ি না। অনেক ভালো দিক আছে।
তবে সিঙ্গাপুরের মতো দলগুলোর এমন সক্ষমতা আছে যে তারা একটি সুযোগ পেলে সেটি থেকেই গোল করে। এখানেই আমাদের ঘাটতি রয়েছে। এই জায়গায় উন্নতি করতে পারলে আগামী কয়েক বছরে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে আরও ২০-৩০ ধাপ এগিয়ে থাকতে দেখা যেতে পারে।’

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দু’বারের চ্যাম্পিয়ন নেপাল। আর বয়সভিত্তিক এই টুর্নামেন্টে ট্রফির স্বাদ একবারই পেয়েছে বাংলাদেশ। কাল মালদ্বীপের মালেতে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। সবশেষ এই নেপালকে হারিয়েই শিরোপার স্বাদ পায় লাল-সবুজ বাহিনীরা। শিরোপা ধরে রাখতে এবার শেষ চারেই তাদের বিদায় করার লক্ষ্যে নামবে বাংলাদেশ।
মালদ্বীপের মালেতে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কাল সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় আর ভারতের বিপক্ষে ড্রয়ের পর ফাইনালের টিকিট পেতে মুখিয়ে আছে যুবারা।
গ্রুপ ‘এ’ থেকে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিল টপার হিসেবে সেমিতে উঠেছে নেপাল। এই গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে ভুটান। অন্যদিকে, গ্রুপ ‘বি’ থেকে ভারত ও বাংলাদেশ উভয়ের পয়েন্ট ৪ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ রানার্স-আপ হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে।
এ পর্যন্ত ৮ বারের অংশগ্রহণে ২০২৪ সালে শিরোপা জেতে বাংলাদেশ। এর আগে চারবার রানার্স আপ ও একবার সেমিফাইনালে ওঠে যুবারা। ২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-২০ ফাইনালে এই নেপালকেই ৪-১ গোলে বিধ্বস্ত করে শিরোপা জিতেছিল লাল-সবুজরা। সেই সুখস্মৃতি আর আত্ববিশ্বাস সঙ্গী করেই মাঠে নামবে বাংলাদেশের যুবারা। গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে আজ প্রস্তুতির চূড়ান্ত ধাপ সম্পন্ন করেছে তারা।
নেপালের মুখোমুখি হওয়ার আগে দলের টেকনিক্যাল স্টাফ ও কোচিং ইউনিট দলগত পারফরম্যান্সকে আরও সুসংহত করতে বিশেষ কোচিং সেশন পরিচালনা করেছে। কৌশলগত পরিকল্পনা, সমন্বয় এবং ম্যাচ পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন দিক নিয়েও নিবিড়ভাবে কাজ করা হয়। পাশাপাশি, খেলোয়াড়দের মনোবল বাড়াতে ও উজ্জীবিত করতে কোচিং স্টাফরা অনুপ্রেরণামূলক সেশনও পরিচালনা করেন।
সেমিফাইনালের আগে আজ চূড়ান্ত প্রস্তুতির পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের কোচ মার্ক কক্স বলেন, ‘রিকভারির জন্য আমরা দুই-তিনদিন যাই পেয়েছে প্রস্তুতি সম্পন্ন করেছি। স্কোয়াডের ২২ জনকেই আমি শতভাগ বিশ্বাস করি।’
অতিরিক্ত সময় না থাকায় নির্ধারিত সময়ের পরই টাইব্রেকারে নির্ধারণ হবে ফাইনালিস্ট। সেমিফাইনালের ম্যাচ ৯০ মিনিটের মধ্যেই শেষ করার লক্ষ্যের কথা বললেন বাংলাদেশ কোচ, ‘আশা করি আমরা ৯০ মিনিটের মধ্যেই খেলা শেষ করতে পারব। এখানে কোনো অতিরিক্ত সময় নেই, সরাসরি পেনাল্টি শুটআউটে শেষ হবে খেলা, আমরা প্রস্তুত।’

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলের শুরুতে সিঙ্গাপুরের বিপক্ষে ড্র'র অতীতটাই বার বার মনে করতে হচ্ছে। ১৯৭৩ সালে মারদেকা কাপে ১-১ গোলে ড্র'র পর সিঙ্গাপুরের বিপক্ষে খেলায় কোনো সুখবর দিতে পারেনি বাংলাদেশ দল। ২০১৫ সালে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ কিংবা তার এক দশক পর এ এফসি এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের ঘরের মাঠে ১-২ গোলে হারের বদলা নিতে পারেনি বাংলাদেশ।
৫৫ হাজার দর্শক ধারণক্ষম সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশের ব্যাপক সমর্থন থেকেও টনিক নিতে পারেনি বাংলাদেশ দল। এ এফসি এশিয়া কাপের 'সি' গ্রুপের বাছাইপর্ব থেকে বিদায় ঘন্টা অনেক আগেই বেজেছে। এই গ্রুপ থেকে এশিয়া কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করা সিঙ্গাপুরের বিপক্ষে অন্তত একটি পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফুটবল দলের বাড়ি ফেরার দিকে তাকিয়েছিল সমর্থকরা। তবে ৬ হাজার প্রবাসী বাংলাদেশীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে এশিয়া কাপ বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ।
৪-৩-৩ ফরমেশনে ২টি পরিবর্তন এনে একাদশ সাজিয়ে হাভিয়ের কারবেরা চেয়েছিলেন মধ্যমাঠের নিয়ন্ত্রন নিতে। গোলরক্ষক মিতুল মারমা এবং মোরসালিনের প্রত্যাবর্তন ম্যাচে বাংলাদেশের খেলা ভালই উপভোগ করেছে সিঙ্গাপুর প্রবাসী দর্শকরা। বল দখলে স্বাগতিকদের ছেড়ে কথা বলেনি বাংলাদেশ দল। বল পজিশনের পরিসংখ্যানে ছিল ফিফটি-ফিফটি। গোল লক্ষ্য করে নেয়া শটেও ছিল সমতা (২-২)। আক্রমনের সংখ্যার দিকে এগিয়ে ছিল বাংলাদেশ ১৪-৫-এ। তবে গোলের খেলা ফুটবলে কৌশলগত দিকে এগিয়ে গেছে সিঙ্গাপুর। ৩১ মিনিটের মাথায় ডিফেন্ডার তপুর ভুলে গোল হজম করে বসে বাংলাদেশ। ওই গোলই তৈরি করেছে ব্যবধান।
ভিয়েতনামের কাছে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ ০-৩ গোলে হেরে আত্মবিশ্বাসে ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তার প্রতিফলনই পড়েছে সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে। স্ট্রাইকিং জোনে থাকা মোরসালিন-ফাহিম-ফাহমিদুলকে গোলপোষ্ট লক্ষ্য করে একটি শটও নিতে দেখা যায়নি প্রথমার্ধে।
তারপরও প্রথমার্ধে গোলের সেরা সুযোগটা পেয়েছিল বাংলাদেশ খেলার ১৪ তম মিনিটে। ডান প্রান্ত দিয়ে ওভারল্যাপিং করে সাদ উদ্দিন দিয়েছিলেন ক্রস সমিত সোমকে লক্ষ্য করে। তবে অনমার্কড সমিত সোমের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
খেলার ধারার বিপক্ষে গোল পেয়ে যায় সিঙ্গাপুর। খেলার ৩১তম মিনিটে কাউন্টার অ্যাটাকে মধ্যমাঠ থেকে বল পেয়ে বিপজ্জনক হয়ে ওঠে সিঙ্গাপুর। ডি বক্স থেকে কুহেয়'র নেওয়া শট গোলরক্ষক মিতুল মারমা ঠেকিয়ে দিলেও বল বিপদমুক্ত করতে পারেননি। ছোট ডি বক্সের সামনে দাঁড়ানো ইখসান ফান্দির পায়ে বল আসলে তার মার্কিংয়ে থাকা তপু বর্মন বল ক্লিয়ার করতে পারেননি। ইখসান দারুণ চতুরতার সঙ্গে বল বাড়িয়ে দেন হারিস স্টুয়ার্টের দিকে। তাঁর নিখুঁত প্লেসিং শটে বল জালে জড়িয়ে যায় (১-০)।
খেলার ৩৯তম মিনিটে সমতার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ডান প্রান্ত থেকে আসা লম্বা থ্রো থেকে সাদ ও ফাহিমের মধ্যে বল দেওয়া-নেওয়া হওয়ার পর ফাহিমের শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়।
এক মিনিট পর বাঁ প্রান্ত প্রান্ত দিয়ে আক্রমন থেকে মোরছালিনের নেওয়া শট সিঙ্গাপুর ডিফেন্ডার বাহারুদিন ব্লক করার পরও ছিল সুযোগ। কিন্তু ফিরতি বলে ফাহিম যখন শট নিতে উদ্যত, তখন ডি-বক্সের ভেতর সিঙ্গাপুরের এক ডিফেন্ডারের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান ফাহিম। বাংলাদেশের খেলোয়াড়েরা সমস্বরে পেনাল্টির আবেদন জানালেও অস্ট্রেলিয় রেফারি তাতে সাড়া দেননি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলায় ছিল পরিকল্পনার ছাপ। বিশেষ করে ৭২ মিনিটের মাথায় ফাহমিদুলের জায়গায় মিরাজুল এবং মোরছালিনের জায়গায় বিশ্বনাথকে মাঠে নামানোয় শেষ ১৮ মিনিট একতরফা খেলেছে বাংলাদেশ। দুবার গোলের সুযোগও তৈরি করেছে এই সময়ে। মিড ফিল্ড থেকে উপরে উঠে হামজা চৌধুরীও চেষ্টা করেছেন সমতাসূচক গোলের।
খেলার ৭৫ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে সাদউদ্দিনের ক্রস পেয়ে ডি বক্সের বাইরে থেকে হামজা চৌধুরী দ্বিতীয় পোষ্ট লক্ষ্য নিয়েছিলেন শট। পোষ্টের উপর দিয়ে চলে যায় তা।
খেলার ৭৯ তম মিনিটে সমিত সোমের ফ্রি-কিক জটলার মধ্যে পেয়ে হামজা চৌধুরী পেনাল্টি বক্সে দারুণ এক ক্রস দিয়েছিলেন স্ট্রাইকার মিরাজুলকে উদ্দেশ্য করে। তবে হতভাগ্য বাংলাদেশ। মিরাজুলের নেওয়া শট গোলরক্ষক পরাস্ত হলেও দুর্ভাগ্যক্রমে গোলপোস্টে লেগে সেই শটটি প্রতিহত হয়। আশাভঙ্গ হয় হামজার দল।

পেশাদার ফুটবলের একেবারে শেষপ্রান্তে দাড়িয়ে নেইমার। জীবনের পরমান্ত্যে মানুষ যেমন, স্থির হয়ে বসে সবকিছুর যোগ-বিয়োগ করেন। একটা পর্যায়ে কী হলে কী হতো, এমন অনেক ভাবনায় ডুবে যাওয়ার সময় আসে। তেমন অধ্যায়ই যেন পার করছেন নেইমার। মাত্র ১৭ বছর বয়সেই ক্যারিয়ার শুরু করে অনেক সাফল্যের স্বাক্ষী হয়েছেন ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। পাশাপাশি শৈশব থেকেই নিয়েছেন ত্যাগ ও তিতিক্ষার পাঠ। ফুটবল আর ব্যাক্তিগত জীবন নিয়ে নেইমার এবার ফিরে গেলেন ‘ছোট্ট নেইমারের’ কাছে।
বিশ্বকাপ শুরু হতে আর তিন মাসও বাকি নেই। ব্রাজিল জাতীয় দলে নেইমারের জায়গা এখনো অনিশ্চিত। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর নেইমার নিজের ইউটিউব চ্যানেলে হাজির হলেন জীবনের গল্প নিয়ে। শোনালেন নিজের একান্ত ব্যাক্তিগত গল্প। শৈশব থেকে শুরু সান্তোসের ‘রাজপুত্রের’ আখ্যান, ‘তখন আমার বয়স ১৩–১৪। স্কুলের ভ্রমণে যাওয়া হয়নি, বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় সিনেমা দেখতে যাওয়া হয়নি—কারণ পরদিন সকালে অনুশীলন থাকত। আমি প্রায়ই বলতাম, ‘ধুর! আমার সব বন্ধুরা মজা করছে, আর আমি ঘরে বসে ছাদের দিকে তাকিয়ে আছি।’
এরপর নেইমার যোগ করেন, ‘কিন্তু এর পেছনে একটা লক্ষ্য ছিল, একটা কারণ ছিল—আমি সেটা বুঝতাম। মাঝে মাঝে বিরক্ত লাগত, কিন্তু পরের দিনই আমি আনন্দে ভেসে যেতাম, কারণ আমি ফুটবল খেলতাম।’
বিশ্বজুড়ে খ্যাতি ও বিপুল অর্থসম্পদ অর্জন করলেও, কখনো কখনো নেইমার চান—এই সবকিছু থেকে একটু দূরে সরে গিয়ে, ফুটবলের বাইরের এক সাধারণ জীবনও অনুভব করতে, ‘আমি প্রায় ২০ বছর থরে এই পরিস্থির মধ্যে আছি। ব্যাপারটা খুব কঠিন। ব্রাজিলে তো এটা একেবারেই ক্লান্তিকর ও নির্মম। মানুষ তোমাকে একেবারে ছিন্নভিন্ন করে ফেলে, অথচ বোঝেই না তুমি একজন সাধারণ মানুষ।’
দিন শেষে নিজেকে সাধারণ একজন মানুষ হিসেবে ভাবতেই স্বস্তি পান নেইমার, ‘ঠিক আছে, এটা ভীষণ কঠিন। আমি ভীষণ কৃতজ্ঞ—কারণ আমি পরিশ্রম করে এখানে পৌঁছেছি। কিন্তু আমি তো একজন মানুষই।’
কয়েক বছরই চোটের সঙ্গে লড়াই নেইমারকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না। সবকিছু মেনে নিয়েই একজন সাধারণ মানুষের মতো আবেগ নিয়েই বাঁচতে চান তিনি, ‘আমিও কষ্ট পাই, ব্যথা অনুভব করি, কখনো খারাপ মুডে ঘুম থেকে উঠি, কাঁদি, রেগে যাই, আবার খুশিও হই—এগুলো সবই স্বাভাবিক। আমি কেন স্বাভাবিক জীবনটা কাটাতে পারব না?
অনেকের কাছেই ব্রাজিল ফুটবলে একজন কিংবদন্তি হওয়ার মতো অনেক কিছুই করেছেন নেইমার। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা বলে কথা। সান্তোসের এই তারকার অর্জনও তো কম নয়। ব্রাজিল তথা বিশ্বেই তাঁর আছে বিশাল সমর্থকগোষ্ঠি। তবে মুদ্রার উল্টো পিঠও তো আছে। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফুটবলারের সমালোচকও যে কম নয়।
সম্প্রতি সমালোচকদের তোপের মুখে পড়তে হয়েছে নেইমারকে। পান থেকে চুন খসলেই সমালোচকদের শূলে চড়ানো আচরণ পীড়া দেয় তাকে, ‘কোনো না কোনো কারণে কিছু মানুষ আমাকে পছন্দ করে না—এটা দেখলে আমার খারাপ লাগে। আমি যেন ভুল করতে পারি না—একেবারেই না। অথচ আমি আগেই অনেক ভুল করেছি। আমি মাথা নত করে সেগুলো স্বীকার করি, কারণ এগুলো জীবনেরই অংশ। এখন আমার বয়স ৩৪, অনেক ভুল করেছি, সামনে আরও করব।’
নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। সাম্বাদের হয়ে ৭৯ গোল করা এই তারকা খেলেছেন তিনটি বিশ্বকাপে। ২০২৩ সালের অক্টোবরে বাঁ হাঁটুর এসিএল ও মেনিসকাস ছিঁড়ে যাওয়ার পর থেকে তিনি আর জাতীয় দলের হয়ে খেলেননি। সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে মাঠে ফিরলেও, তার পারফরম্যান্স এখনো জাতীয় দলের কোচ কার্লো আনচেলোত্তিকে সন্তুষ্ট করতে পারেনি। ফলে আসন্ন বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা এখনো ঝুলেই আছে তাঁর।

আত্মবিশ্বাসী শুরুর পর বেশ কিছু সুযোগও তৈরি করে বাংলাদেশ। ঘরের মাঠে সিঙ্গাপুরও মাঠে নামে ইতিবাচক মনোভাব নিয়ে। আর সেখানেই বাংলাদেশের চেয়ে এগিয়ে যায় স্বাগতিকরা। সুযোগ কাজে লাগিয়ে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিঙ্গাপুর।
সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুরকে মোকাবিলা করছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে শেষ ম্যাচের প্রথমার্ধে বল পজেশনে বাংলাদেশ এগিয়ে। তবে এই অর্ধে গোল আদায় করে নিয়েছে স্বাগতিকরা।
১৫ মিনিটে জায়ানের বাড়ানো বলে ডান দিক থেকে সাদের ক্রসে হেড নেন সমিত। তবে বল চলে যায় পোস্টের উপর দিয়ে। তিন মিনিট পর বাংলাদেশের পোস্টে শট নেন হ্যারিস স্টুয়ার্ট। তবে গোলমুখের সামনে হামজা বুক থেকে বল ক্লিয়ার করেন।
২০ মিনিটে ইকসান ফান্দি জোরালো শট নেন গোলে। সরাসরি মিতুল বরাবর হওয়ায় গ্লাভসবন্দি করতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশ গোলকিপারের। এ সময় বাংলাদেশের রক্ষণে চাপ বাড়ায় সিঙ্গাপুর।
৩১ মিনিটে এগিয়ে যায় সিঙ্গাপুর। বা প্রান্ত দিয়ে উপরে উঠে গোলে শট নেন গ্লেন কুয়ে। মিতুল ফিরিয়েও দেন; তবে হ্যারিস স্টুয়ার্টের ফিরতি শটে ডান দিকে ঝাপিয়ে পড়েও ঠেকাতে পারেননি বাংলাদেশ গোলকিপার।
৩৯ মিনিটে দারুণ সুযোগ আসে বাংলাদেশের সামনে। বা প্রান্ত দিয়ে উপরে উঠেন ফাহিম। তাঁকে আটকে দিলেও বল কেড়ে নিয়ে গোলে শট নেন মোরছালিন। এই ফরোয়ার্ডের শট ব্লক করেন বাহার উদ্দিন। গোলমুখের সামনে অরক্ষিত বলে দৌড়ে শট নিতে যান ফাহিম, তবে তিনি পড়ে যান প্রতিপক্ষের একজন ডিফেন্ডারের বাধায়। এ সময় পেনাল্টির জোরালো আবেদন করে বাংলাদেশ। যদিও তাতে কর্ণপাত করেননি রেফারি।