১০ মে ২০২৬, ১০:৩৯ পিএম

বেনফিকা কোচ হোসে মরিনিয়ো হয়তো আবারও প্রিমিয়ার লিগে ফিরতে চলেছেন। তবে সেটা তার পুরনো ক্লাব রিয়াল মাদ্রিদ, চেলসি কিংবা নিউক্যাসেলে নয়। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, ট্রফির খোঁজে থাকা এক নতুন ক্লাব 'স্পেশাল ওয়ান'-এর ওপর বিশেষ নজর রাখছে।
‘ফুটবল ইনসাইডার’-এর সূত্রমতে, পর্তুগিজ এই মাস্টারমাইন্ডের সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে অ্যাস্টন ভিলার নাম। যদিও বর্তমান কোচ উনাই এমেরির নেতৃত্বে দুর্দান্ত ফর্মে ভিলা পার্কের ক্লাবটি। তবুও ক্লাবের উচ্চাকাঙ্ক্ষী পরিচালনা পর্ষদ মরিনিয়োর ওপর কড়া নজর রাখছে। ভিলাকে একটি ট্রফিজয়ী শক্তিশালী দলে রূপান্তর করার জন্য পর্তুগিজ কোচের নাম এখন ক্লাবের ভেতরে বেশ জোরেশোরেই আলোচিত হচ্ছে।
অ্যাস্টন ভিলা বা অন্য যেকোনো ক্লাবে যোগ দেওয়ার ক্ষেত্রে মরিনিয়ো বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। বর্তমানে রিয়াল মাদ্রিদের ফেরার গুঞ্জনের মতোই ৬৩ বছর বয়সী এই কোচ দাবি করেছেন—দলের সব সিদ্ধান্তে তার একচ্ছত্র আধিপত্য থাকতে হবে। বদলি খেলোয়াড় নির্বাচন থেকে শুরু করে ট্রান্সফার উইন্ডোর কৌশল—সবকিছুতেই তার চূড়ান্ত সিদ্ধান্ত থাকতে হবে। ভিলার মতো ক্লাব, যারা বর্তমানে স্পোর্টিং ডিরেক্টর মডেলে চলছে, তাদের জন্য মরিনিয়োর এই শর্ত মানা বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের দাবি রাখে।
চেলসি বা নিউক্যাসেলে ফেরার গুঞ্জন মাসের পর মাস চললেও অ্যাস্টন ভিলার এই যোগসূত্রটি পুরো ঘটনায় এক নতুন মোড় দিয়েছে। ইংলিশ ফুটবলের প্রতি নিজের ভালোলাগা মরিনিয়ো কখনই লুকাননি। অ্যাস্টন ভিলার মতো একটি ঐতিহ্যবাহী ক্লাবকে নিয়ে প্রিমিয়ার লিগের তথাকথিত ‘বিগ সিক্স’-কে চ্যালেঞ্জ জানানোটা তার ক্যারিয়ারের জন্য একটি আদর্শ প্রজেক্ট হতে পারে।
এখন অবশ্য নিশ্চিত নয়, মরিনিয়ো স্পেনে ফিরবেন নাকি ইংল্যান্ডে। ২০২৬-২৭ মৌসুমে এই কিংবদন্তি কোচকে কোথায় দেখা যাবে, সেদিকেই এখন তাকিয়ে ফুটবল বিশ্ব।
No posts available.
১০ মে ২০২৬, ৫:৫২ পিএম

থাইল্যান্ডে চলছে বাংলাদেশ নারী ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প। আজ তারা তৃতীয় অনুশীলন সেশন করেছে। স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা থেকে দেড় ঘন্টার অনুশীলন করেন আফঈদা খন্দকাররা। যেখানে দলের মিডফিল্ডার ও ডিফেন্ডারদের সঙ্গে বোঝাপড়া বাড়াতে কাজ করা হয়েছে। ফিনিশিং ড্রিল এবং সেট-পিস নিয়ে কাজ করে সেশনটি শেষ হয়।
অনুশীলন সেশনের পর দলটি প্রশিক্ষণ মাঠের পাশেই আইস বাথ রিকভারি সেশন করে। জানা গেছে খেলোয়াড়েরা সবাই সুস্থ আছে। থাইল্যান্ড থেকে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) পাঠানো ভিডিও বার্তায় গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল বলেন,
‘দলের সার্বিক অবস্থা অনেক ভালো। কোনো ইনজুরি আপডেট নেই। আজকে যে সেশন হয়েছে, সেখানে ডিফেন্ডার এবং মিডফিল্ডারদের নিয়ে কাজ করেছি। তাদের মধ্যে যে বোঝাপড়া দরকার সেটা নিয়ে মেয়েদের শেখানো হয়েছে।’
বাংলাদেশ দলের প্রথম ক্লোজড-ডোর প্রস্তুতিমূলক ম্যাচটি থাইল্যান্ড নারী লিগের ক্লাব কাসেমবন্ডিত এফসির বিরুদ্ধে আজ হওয়ার কথা ছিল। তবে হেড কোচ পিটার বাটলারের সিদ্ধান্ত মতে সেটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। ওই ম্যাচটি আগামীকাল হওয়ার কথা রয়েছে। এ নিয়ে উজ্জ্বল বলেন, ‘আগামীকাল একটা প্রস্তুতিমূলক ম্যাচ খেলব। এই ম্যাচটি আমাদের জন্য খুবই সহায়ক। আমরা যে ধরনের ফুটবল খেলতে চাচ্ছি, নতুন কিছু খেলোয়াড় দলে ঢুকেছে, তাদের ভূমিকা কি হবে সেটা দেখা খুবই দরকারী। সাফে যা আমাদের কাজে দেবে।’
থাইল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন ১৩ মে আরও একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকে ২১ মে দল সরাসরি যাবে ভারতের গোয়ায়। যেখানে ৬ দল নিয়ে গড়াবে এবারের সিনিয়র নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত ও মালদ্বীপের সঙ্গে। ২৮ মে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

শিরোপাহীন মৌসুম কাটানোর পথে রিয়াল মাদ্রিদ। তারপরও লিগ শিরোপার শেষ আশাটুকু যখন বাঁচিয়ে রাখার সুযোগ, ঠিক তখনই এক মহাকেলেঙ্কারিতে লণ্ডভণ্ড হয়ে গেছে তারা।
গোল ডটকমের প্রতিবেদন, ফুটবল বিশ্বের নজর যখন ন্যু ক্যাম্পের ‘এল ক্লাসিকোর’ দিকে, তখন খবর এল—কিলিয়ান এমবাপে ও ফেদে ভালভার্দেসহ মোট আটজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়াই আজ মাঠে নামতে হচ্ছে রিয়ালকে। মাঠের ভেতরে পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের অভ্যন্তরীণ কোন্দল এখন মাদ্রিদের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
রিয়ালের এই সংকটের মূলে রয়েছে দুই সতীর্থ ফেদে ভালভার্দে ও অরেলিয়েঁ চুয়ামেনির মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ। সম্প্রতি অনুশীলনের সময় বা ড্রেসিংরুমের কোনো এক ঘটনায় এই দুই খেলোয়াড় হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এতে ভালভার্দে গুরুতর আহত হন এবং তাঁর মস্তিষ্কে চোট ধরা পড়ায় তাকে হাসপাতালেও যেতে হয়েছে। এই ঘটনার জেরে ক্লাব কর্তৃপক্ষ উভয় খেলোয়াড়কেই ৫ লাখ ইউরো করে জরিমানা করেছে। শৃঙ্খলাভঙ্গের দায়ে ভালভার্দেসহ বেশ কয়েকজন তারকাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
রাতে এল ক্লাসিকো মিস করছেন এমবাপে, দানি সেবায়োস, দানি কারভাহাল, রদ্রিগো, এদের মিলিতাও, মেন্ডি, আরদা গুলের ও ভালভার্দে। এমবাপের উরুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও তাঁকে দলে রাখা হয়নি। দলের মূল শক্তির বড় একটি অংশ একসঙ্গে না থাকায় বার্সেলোনার বিপক্ষে রিয়ালের লড়াইটা অসম হয়ে দাঁড়িয়েছে। যদিও বার্সেলোনার প্রাণভ্রমরা ইয়ামালও ছিটকে গেছেন।
শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, ম্যানেজমেন্টের ভেতরেও অস্থিরতা চরমে। শোনা যাচ্ছে, কোচ আলভারো আরবেলোয়া ড্রেসিংরুমের নিয়ন্ত্রণ হারিয়েছেন। টানা দ্বিতীয় মৌসুমে শিরোপাহীন থাকার শঙ্কায় থাকা আরবেলোয়াকে এই ম্যাচের পরই বরখাস্ত করা হতে পারে। গুঞ্জন ছড়িয়েছে, রিয়ালের ডাগআউটে আবারো ফিরতে পারেন হোসে মরিনহো।
লিগ টেবিলের শীর্ষে থাকা হান্সি ফ্লিকের বার্সেলোনার চেয়ে রিয়াল মাদ্রিদ বর্তমানে ১১ পয়েন্ট পিছিয়ে আছে। আজ রাতে যদি রিয়াল জিততে না পারে, তবে লিগ শিরোপার আশা আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে যাবে।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘এল ক্লাসিকোর’ আগে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। চোটে পড়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামালকে।
স্পোর্টের বরাতে গোল ডটকমের প্রতিবেদন, ইয়ামালের অনুপস্থিতিতে ডান প্রান্তে আক্রমণের দায়িত্ব পড়ছে ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়ার কাঁধে। তবে ইয়ামালের সঙ্গে নিজের তুলনা টেনে রাফিনিয়া স্পষ্ট জানিয়েছেন, তিনি ১৮ বছর বয়সী এই তরুণের মতো জাদুকরী কিছু করতে পারবেন না।
চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগের প্রাণভোমরা হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। তাঁর অনুপস্থিতিতে কোচ হান্সি ফ্লিক যখন বিকল্প খুঁজছেন, তখন রাফিনিয়া নিজের সীমাবদ্ধতা নিয়ে অকপট। এক সাক্ষাৎকারে তিনি বলেন,
‘যদি আমি ডান প্রান্তে খেলি, তবে আমার কাছ থেকে বিশেষ কিছু আশা করবেন না। কারণ আমি লামিন নই। লামিন একজন তারকা এবং সে মাঠে যা করে তা অবিশ্বাস্য।’
তাঁর এমন মন্তব্য ভক্তদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করলেও, বড় ম্যাচের আগে চাপ কমানোর একটি কৌশল হিসেবে দেখছেন অনেকে।
রাফিনিয়া নিজেও দীর্ঘ বিরতির পর ক্লাসিকোর মঞ্চে ফিরছেন। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। এই চোটের কারণে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারেননি। লম্বা সময় পুনর্বাসন শেষে দলে ফিরলেও এখনো শতভাগ ফিট নন। রাফিনিয়া বলেন, ‘আমি এখনো সেরা ছন্দে ফিরতে একটু পিছিয়ে আছি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি অনেক কঠিন হবে। গাণিতিক হিসেবে তারা এখনো লিগ জয়ের লড়াইয়ে আছে, তাই আমাদের এক বিন্দু ছাড় দেবে না।
এল ক্লাসিকোয়া নিজে সেরাটা দিতে প্রতিশ্রুতিবদ্ধ রাফিনিয়া,
‘লামিন ইয়ামাল যা করে তা অনন্য। আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব, তবে আমার স্টাইল আলাদা।’
দলবদলের বাজারে রাফিনিয়াকে নিয়ে প্রায়ই গুঞ্জন ওঠে। কখনও প্রিমিয়ার লিগ আবার কখনও সৌদি আরবের ক্লাবে তার যাওয়ার খবর চাউর হয়। তবে ক্লাসিকোর আগে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ রাফিনিয়া বলেন,
‘আমি নিজেকে আগামী অনেক বছর এই ক্লাবেই দেখছি। যদি ক্লাব কথা বলতে চায়, আমি প্রস্তুত। তবে আমার দিক থেকে বার্সা ছাড়ার কোনো চিন্তা নেই।’
কোচ হান্সি ফ্লিক সাম্প্রতিক সময়ে তার খেলোয়াড়দের নিয়ে বেশ সতর্ক অবস্থানে আছেন। ওসাসুনার বিপক্ষে গত ম্যাচে রাফিনিয়াকে বিশ্রামে রেখেছিলেন কেবল ক্লাসিকোর কথা মাথায় রেখে। বর্তমানে লা লিগার পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে আছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারাতে পারলে লিগ শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাবে কাতালানদের জন্য। ইয়ামালের ব্যক্তিগত নৈপুণ্য হয়তো মিস করবে বার্সা, তবে রাফিনিয়ার অভিজ্ঞতা এবং কৌশলগত শৃঙ্খলা এই হাই-ভোল্টেজ ম্যাচে দলের বড় শক্তি হয়ে উঠতে পারে।

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের সঙ্গে শিরোপা দৌড়ে ভালোভাবে টিকে আছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের ফাইনাল থার্ডে অনেকটা পেছন থেকে উঠে এসে গানারদের ঘাড়ে এখন নিশ্বাস ফেলছে পেপ গার্দিওলার দল। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান স্রেফ ২। অথচ গত ৭ ফেব্রুয়ারিতে সান্ডারল্যান্ডকে হারিয়ে সিটিজেনদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে গিয়েছিল মিকেল আর্তেতার দল। লিগে দুই দলের হাতেই ম্যাচ আছে এখন দুটি করে। যে কোনো এক ম্যাচে আর্সেনাল হোঁচট খেলে এবং সিটি পরের দুই ম্যাচ জিতলে শিরোপা পুনরুদ্ধার করতে পারে ইতিহাদের ক্লাবটি।
ফেব্রুয়ারির পর থেকেই সিটি-আর্সেনালের মধ্যে জমে উঠে শিরোপা রেস। ইউরোপের শীর্ষ ৫ লিগের মধ্যে বার্সেলোনার মুকুট পরা কেবল সময়ের অপেক্ষা। বুন্দেসলিগায় তো বায়ার্ন মিউনিখ এরই মধ্যে ট্রফি জিতে গেছে। ইতালিয়ান সিরি’আ-তে চ্যাম্পিয়ন হয়ে গেছে ইন্তার মিলান। আর ফরাসি লিগ ওয়ানে পিএসজির সঙ্গে রেসে টিকে আছে লঁস।
আরও পড়ুন
| বিশ্বকাপে অংশ নিতে ফিফার কাছে ১০ শর্ত ইরানের |
|
বাংলাদেশ ফুটবল লিগের ২০২৫-২৬ মৌসুম শেষের দিকে। দুই রাউন্ড বাকি আছে খেলা। দুই ম্যাচ হাতে থাকতেও কোনো দল পারেনি শিরোপা নিশ্চিত করতে। সিটির মতো অনেকটা দূর থেকে উঠে এসে আকাশি-নীল সমর্থকদের আশা দেখাচ্ছে শেখ মোরছালিন, সুলেমান দিয়াবাতেরা। ১৬ ম্যাচ খেলে ১০ জয়, ৫ ড্র এবং এক হারে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৩৫। আর সমান ম্যাচে ১০ জয়, ৫ ড্র এবং ২ ম্যাচ হেরে এক পয়েন্ট কম পেয়ে দুইয়ে আবাহনী।
শিরোপা রেসে কার্যত আবাহনী-কিংসের সঙ্গে টিকে আছে ফর্টিস এফসিও। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৩১। অনেক যদি-কিন্তুর সমীকরণ মিললে তারাও প্রথমবারের মতো পেরে পারে শিরোপার স্বাদ। যদিও একটা সময় পর্যন্ত দলটি ভালোভাবে টিকে ছিল এই লড়াইয়ে। লিগের দশ রাউন্ড শেষেও কিংসের সমান পয়েন্ট ছিল তাদের। এরপর কিংসের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে হেরে পিছিয়ে পড়ে তারা।
লিগের এই সময়ে আবাহনীর উঠে আসা ছিল অবিশ্বাস্য। লিগ চ্যাম্পিয়ন কে হবে, এ নিয়ে যখন একটা সময় আলোচনা ছিল কেবল ফর্টিস আর কিংসকে নিয়ে। সেই সময়ে নীরব ঘাতকের মতো একের পর এক ম্যাচ জিতে দৃশ্যপটে উঠে আসে ধানমন্ডিপাড়ার ক্লাবটি।
মৌসুমের প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির কাছে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট খুইয়ে শুরু হয় আবাহনীর লিগ যাত্রা। পরের ম্যাচে ব্রাদার্সের কাছে ২-১ ব্যবধানে হেরে বসে মারুফুল হকের দলটি। তৃতীয় রাউন্ডে আরও বড় ধাক্কা খায় আকাশি-নীল জার্সিধারীরা। কুমিল্লায় ২-৩ গোলে পরাজয় মানে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। পরের ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে ২-০ গোলে জিতে ঘুরে দাঁড়ায় পেশাদার যুগে প্রবেশের পর সবচেয়ে বেশি (৬ বার) শিরোপা জেতা দলটি।
মূলত মোহামেডানের বিপক্ষে কুমিল্লায় ওই হারের পর আর কোনো ম্যাচেই পরাজয়ের তেতো স্বাদ পায়নি আবাহনী। ১০ এপ্রিল দ্বিতীয় লেগে সেই কুমিল্লাতেই সাদা-কালোদের ২-১ ব্যবধানে হারায় তারা। আর অষ্টম রাউন্ডে কিংসের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর পরের আটটি ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা। একই সঙ্গে অষ্টম রাউন্ড শেষে পরের আট ম্যাচের তিনটিতে ড্র করে পয়েণ্ট হারিয়েছে লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
আরও পড়ুন
| দ্রুততম সেঞ্চুরির রেকর্ড মেসির |
|
আগামী সপ্তাহে ১৭তম রাউন্ডেই হয়ে যেতে পারে লিগের মীমাংসা। ১৫ মে আবাহনীর হোম ভেন্যু কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে শিরোপাপ্রত্যাশী এই দুই দল। সেদিন যে দল জিতবে তারাই এগিয়ে যাবে।
লিগের একদম শেষ ম্যাচে আবাহনী খেলবে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। আর কিংসের ম্যাচ ফকিরেরপুল ইয়াংমেন্সের সঙ্গে। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে প্রথম লেগে যে ইয়াংমেন্সের সঙ্গে ৩-০ গোলে এগিয়ে থাকার পরও ম্যাচটি অবিশ্বাস্যভাবে ৩-৩ গোলে ড্র করেছিল কিংস। একই দিনে আরামবাগের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ৩-০ গোলে জেতে আবাহনী। এবার অবশ্য ফকিরেরপুলকে কিংস আতিথেয়তা দেবে নিজেদের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায়। যেখানে শক্তিমত্তায় কিংবা অভিজ্ঞতায় এগিয়ে থাকবে লাল-সাদারা।
প্রতিপক্ষ বিবেচনায় নিলে কিংস-আবাহনী নিজেদের শেষ ম্যাচে বড় কোনো পরীক্ষার মুখে পড়বে না বলেই মনে করেন অনেকে। তবে তার আগে কুমিল্লায় হতে যাওয়া মহারণেই নিশ্চিত হয়ে যেতে পারে লিগের ফয়সালা।

বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি আর মাত্র এক মাস। ফুটবলপ্রেমীদের নজর এখন কেবল দল বা ভেন্যুর দিকে নয়, বরং সবার কপালে চিন্তার ভাঁজ ফেলছে উত্তর আমেরিকার বিরূপ আবহাওয়া।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বিশ্বকাপে ফুটবলারদের বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে তীব্র দাবদাহ, বজ্রবৃষ্টি—এমনকি দাবানল থেকে সৃষ্ট বাতাসের নিম্নমান। বিশেষ করে অত্যধিক আর্দ্রতা এই টুর্নামেন্টের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিফা ইতোমধ্যেই স্বীকার করেছে, প্রচণ্ড গরম একটি বড় সমস্যা হতে পারে। খেলোয়াড়দের কথা মাথায় রেখে প্রতি অর্ধে বাধ্যতামূলক তিন মিনিটের ‘কুলিং ব্রেক’ বা শরীর শীতল করার বিরতি রাখার ঘোষণা দিয়েছে সংস্থাটি। গত বছর ক্লাব বিশ্বকাপে প্রচণ্ড গরম ও বজ্রপাতের কারণে ছয়টি ম্যাচ বাধাগ্রস্ত হয়েছিল। চেলসি ও বেনফিকার মধ্যকার একটি ম্যাচ প্রায় দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল।
আরও পড়ুন
| বিশ্বকাপে অংশ নিতে ফিফার কাছে ১০ শর্ত ইরানের |
|
আয়োজক শহরগুলোর অনেকগুলোই গ্রীষ্মকালীন উচ্চ তাপমাত্রায় অভ্যস্ত। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল এবং উত্তর মেক্সিকোতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাধারণত ৩০ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তবে তাপপ্রবাহ চললে তা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে।
তবে বিপত্তি বাড়ে যখন এই তাপমাত্রার সঙ্গে আর্দ্রতা যোগ হয়। আর্দ্রতা বেশি থাকলে শরীর সহজে ঘাম ঝরিয়ে নিজেকে শীতল করতে পারে না। বিজ্ঞানীরা বলছেন, ১৬টি আয়োজক শহরের মধ্যে ১৪টিতেই গ্রীষ্মের বিকেলে খেলোয়াড়দের শারীরিক ধকল সহ্য করার ক্ষমতা সীমা ছাড়িয়ে যেতে পারে। মায়ামি, হিউস্টন, ডালাস, মন্টেরি, কানসাস সিটি এবং আটলান্টার মতো শহরগুলোতে তাপমাত্রা ও আর্দ্রতার সংমিশ্রণে পরিস্থিতি চরম আকার ধারণ করতে পারে।
গত বছরের অভিজ্ঞতার আলোকে চেলসির সাবেক কোচ এনজো মারেসকা বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সম্ভবত এই ধরনের প্রতিযোগিতার জন্য সঠিক জায়গা নয়।’
মাঠে খেলা চলাকালীন সবচেয়ে দৃশ্যমান বাধা হয়ে আসতে পারে বজ্রবৃষ্টি। মায়ামি, হিউস্টন ও আটলান্টার মতো শহরগুলোতে বিকেলে বা সন্ধ্যায় প্রায়ই বজ্রবৃষ্টি হয়। নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ১০ মাইলের মধ্যে বজ্রপাত শনাক্ত হলে খেলা অন্তত ৩০ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। সম্প্রতি মায়ামিতে একটি বড় রেসিং প্রতিযোগিতা বজ্রপাতের আশঙ্কায় তিন ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল। ফুটবলের ক্ষেত্রেও এমন আকস্মিক সূচি পরিবর্তন আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
২০২৬ সালের দাবানল মৌসুম যুক্তরাষ্ট্রে বেশ আগেভাগেই শুরু হয়ে গেছে। গত বছর কানাডার দাবানলের ধোঁয়া হাজার মাইল দূরে নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে গিয়েছিল, যার ফলে বাতাসের মান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং অনেক খেলা বাতিল করতে হয়। ফিফার নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকলেও, স্থানীয় জনস্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আরও পড়ুন
| ব্রেন্টফোর্ডকে উড়িয়ে আর্সেনালের ওপর চাপ বাড়াল ম্যানচেস্টার সিটি |
|
চরম আবহাওয়ার প্রভাব কেবল খেলোয়াড়দের ওপরই নয়, সমর্থকদের ওপরও পড়বে। স্টেডিয়াম বা ফ্যান জোনে থাকা দর্শকরা গরমে অসুস্থ হয়ে পড়তে পারেন। বজ্রপাতের কারণে ম্যাচ দেরি হলে পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে ম্যাচ শেষ হতে গভীর রাত হয়ে যেতে পারে, যা হোটেল বুকিং এবং সমর্থকদের যাতায়াতে বড় ধরনের ভোগান্তি তৈরি করবে।
সব মিলিয়ে মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের সঙ্গেও এক কঠিন যুদ্ধ লড়তে হবে ২০২৬ বিশ্বকাপের আয়োজক ও অংশগ্রহণকারী দলগুলোকে।