চরম দুঃসময়ের মাঝেও একটি সুখবরের স্বস্তি পেলেন লামিন ইয়ামাল। মাস জুড়ে চমৎকার খেলার পর এপ্রিলের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড। একইসঙ্গে গড়লেন স্প্যানিশ লা লিগার নতুন রেকর্ড।
স্প্যানিশ লা লিগার এপ্রিল মাসের সেরা ফুটবলার হয়েছেন ইয়ামাল। শুক্রবার রাতে এক বিবৃতিতে এই খবর জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।
চূড়ান্ত ভোটে মায়োর্কার ভেদাত মুরিকি, রিয়াল সোসিয়েদাদের কার্লোস সোলার, আলাভেসের লুকাস বোয়ে ও রিয়াল ওভেইদোর ফেদে ভিনাসকে হারিয়েছেন ইয়ামাল।
চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার মাসের সেরা হলেন ১৮ বছর বয়সী এই তারকা। এর আগে গত বছরের নভেম্বর ও ডিসেম্বরেও এই স্বীকৃতি পান তিনি।
২০১৩ সালে মাসসেরা ফুটবলারের পুরস্কার চালুর পর থেকে এই প্রথম এক মৌসুমে তিনবার এই স্বীকৃতি পেলেন কোনো ফুটবলার।
সেল্টা ভিগোর বিপক্ষে গত সপ্তাহে গোল করার পরপর পায়ের পেশিতে টান অনুভব করেন ইয়ামাল। পরে জানা যায়, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি। যে কারণে চলতি মৌসুমে আর বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না স্প্যানিশ তারকা।
চোটে ছিটকে যাওয়ার আগে এপ্রিল মাসে লা লিগায় বার্সেলোনার তিন জয়ের প্রতিটিতে অবদান রাখেন ইয়ামাল। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গোল না পেলেও মাঠের খেলায় তিনি ছিলেন স্বপ্রতিভ।
পরে এস্পানিওলের বিপক্ষে এক গোল ও দুই অ্যাসিস্ট এবং সেল্টার ভিগোর বিপক্ষে তিনি করেন ম্যাচের একমাত্র গোলটি।
সব মিলিয়ে এবারের লা লিগায় ১৬ গোলের পাশাপাশি ১১টি অ্যাসিস্ট করেছেন ইয়ামাল। লিগে তার চেয়ে বেশি অ্যাসিস্ট নেই আর কারও।
No posts available.
২৪ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম
২৪ এপ্রিল ২০২৬, ৯:২৮ পিএম
নাইজেরিয়ার মাঠ থেকে হৃদয় বিদারক এক খবর পেল ফুটবল বিশ্ব। খেলতে খেলতে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে প্রাণ হারালেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো।
কাদুনার উংওয়ান ইয়েলওয়াতে শুক্রবার একটি প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন এনেরামো। প্রথমার্ধের পুরোটা সময় স্বাভাবিকভাবেই খেলেন তিনি।
পরে দ্বিতীয়ার্ধে নেমে পঞ্চম মিনিটে হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন ৪০ বছর বয়সী সাবেক এই ফরোয়ার্ড। মাঠে প্রাথমিক শুশ্রূষা দেওয়ার পর দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে।
হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা এনেরামোকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক এরেস্টের কথা বলা হয়।
নাইজেরিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে এনেরামোর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তার মৃত্যুতে বিপর্যস্ত হয়ে পড়েছেন ফেডারেশনের সেক্রেটারি মোহাম্মেদ সানুসি।
তিউনিশিয়ার হয়ে খেলার সুযোগ থাকার পরও নাইজেরিয়াকেই বেছে নিয়েছিলেন এনেরামো। দেশটির হয়ে ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
এছাড়া ক্লাব ক্যারিয়ারে তিউনিশিয়া, তুরস্ক, আলজেরিয়া ও সৌদি আরবের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। তিউনিশিয়ার এস্পারেন্স স্পোর্টিভ ডে তিউনিসের খেলার সময় 'দ্য ট্যাংক' খেতাব পেয়েছিলেন এনেরামো।
স্প্যানিশ লা লিগার শিরোপার দৌড়ে এমনিতেই বেশ পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এর মধ্যে আবার ধাক্কা দিলো রিয়াল বেতিস। শুরুতে এগিয়ে গিয়েও একদম শেষ সময়ে গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে হলো স্প্যানিশ জায়ান্টদের।
প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। ম্যাচটি অবশ্য হারতেও পারত তারা। বেশ কিছু সেভ করে দলকে বারবার বাঁচিয়েছেন গোলরক্ষক আন্দ্রে লুনিন। কিন্তু শেষে গিয়ে আর পারেননি।
এই ড্রয়ে ৩৩ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই রইল রিয়াল। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে পাঁচে রিয়াল বেতিস।
তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে টেবিলের বার্সেলোনা। বাকি ৬ ম্যাচে আর ৮ পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে কাতালান ক্লাবটি।
শুক্রবার রাতের ম্যাচে দাপট দেখিয়ে খেলে বেতিস। প্রায় ৫৩ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখে গোলের জন্য ১৭টি শট করে স্বাগতিকরা। এর মধ্যে ৫টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে রিয়ালের ১৪ শটের ৮টি ছিল লক্ষ্য বরাবর।
ম্যাচের শুরুর দিকে দারুণ সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপে। ক্লাবের জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমে গোলরক্ষককে একা পেয়েও বাইরে উড়িয়ে মারেন ফরাসি তারকা।
তবে ১৭ মিনিটে ভুল করেননি ভিনিসিয়ুস জুনিয়র। প্রায় ৩৫ গজ দূর থেকে জোরাল শট নেন ফেডেরিখ ভালভার্দে। গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালে বল পেয়ে যান কাছেই থাকা ভিনিসিয়ুস। সহজেই বল জালের জড়ান তিনি।
কিছুক্ষণ পর সুযোগ হারান জুড বেলিংহ্যাম। এরপর একাধিকবার রিয়ালের জাল অক্ষত রাখেন আন্দ্রে লুনিন।
বিরতির পর আবার গোলের চেষ্টা চালিয়ে নেয় বেতিস। কিন্তু কোনোভাবেই জালের দেখা পাচ্ছিল না তারা।
এর মাঝে ৫৪তম মিনিটে এমবাপে গোল করলেও অফ সাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি।
ম্যাচের একদম শেষ দিকে ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে গিয়ে ধাক্কাটা খায় রিয়াল। জটলার মধ্য থেকে বল জালে পাঠান হেক্টর বেল্লেরিন। পয়েন্ট ভাগাভাগি করার আনন্দে মাতে বেতিস।

ফুটবল বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্র সফর নিয়ে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের সতর্ক করল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন। বৃহস্পতিবার জারি করা এই সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রে ‘কর্তৃত্ববাদ ও সহিংসতা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, যুক্তরাষ্ট্রে বর্তমানে অভিবাসন নিয়ে কড়াকড়ি এবং মানবাধিকার পরিস্থিতির অবনতি হওয়ায় পর্যটকদের জন্য এই সতর্কতা জরুরি ছিল। তাদের অভিযোগ, ফিফা বা আয়োজক শহরগুলো দর্শকদের নিরাপত্তা ও অধিকারের বিষয়ে এখনো কোনো জোরালো গ্যারান্টি দিতে পারেনি।
সতর্কবার্তায় বলা হয়েছে, বিদেশি পর্যটকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে অযৌক্তিক বাধা দেওয়া হতে পারে। এমনকি তাদের ফোন এবং সোশ্যাল মিডিয়া তল্লাশির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
মানবাধিকার সংস্থাগুলোর এই সতর্কবার্তাকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে নিন্দা জানিয়েছে মার্কিন পর্যটন কর্মকর্তারা। ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী জিওফ ফ্রিম্যান বলেন, ‘যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা নিরাপত্তার জন্য ঝুঁকি—এমন ধারণা ভুল। এটি মূলত অর্থনৈতিক ক্ষতি করার একটি কৌশল।’ গত বছর ৬ কোটি ৭০ লাখ আন্তর্জাতিক পর্যটক যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছেন উল্লেখ করে তিনি একে অতিরঞ্জিত বলে দাবি করেন।
ফ্রিম্যানের মন্তব্যের বিপরীত ঘটনা অবশ্য ঘটেছে যুক্তরাষ্ট্রে। ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর এবং ১৯টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা কিছুটা কমেছে। এর মধ্যে বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দাম এবং হোটেলগুলোতে আশানুরূপ বুকিং না হওয়ায় অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা করছে পর্যটন শিল্প।
আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১টি স্টেডিয়ামসহ কানাডা ও মেক্সিকোর মোট ১৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর।

সর্বশেষ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ইব্রাহীম, রোনান সুলিভান, ডেকলান সুলিভানদের দলে ভেড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাদের নিয়ে শিরোপাও ধরে রাখে বাংলাদেশ। এবার লক্ষ্য এশিয়ান মঞ্চে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করা
সামনে এএফসি বাছাই টুর্নামেন্ট। দলের শক্তিমত্তা বাড়াতে দেশের বাইরে খেলা ফুটবলারদের দলে ভেড়ানোর চেষ্টা করছে বাফুফে। এরই ধারাবাহিকতায় এবার যোগ দিতে যাচ্ছেন ইংল্যান্ড প্রবাসী দুই ফুটবলার অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ। আজ এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।
আগস্টে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই সামনে রেখে এই দুই খেলোয়াড়কে ক্যাম্পে ডাকার পরিকল্পনা করছে বাফুফে। অ্যাডামের পাসপোর্টের কাজ এখনো বাকি রয়েছে। নিজের ফেসবুক পেজে ফাহাদ করিম বলেন, ‘অ্যাডামের ভিডিও ফুটেজ এবং ওর বায়োডাটা টেকনিক্যাল টিমকে দিয়েছি এবং তারা খুবই মুগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে বলেছে যে, আগস্টের শেষে যে এএফসি প্রতিযোগিতা হবে, সেই ক্যাম্পে তারা তাঁকে চায়।’ ১৯ বছর বয়সী উইঙ্গার অ্যাডাম আব্বাসের ম্যানচেস্টার ইউনাইটেডের যুব দল ও বার্নলি অনূর্ধ্ব-১৮ দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে।
সেন্টারব্যাক জিদান ইউসুফ সম্পর্কে ফাহাদ করিম বলেন,
‘জিদানের পাসপোর্টের কাজ সব শেষ। আমরা তাঁকে অনূর্ধ্ব-২০ ক্যাম্পে ডাকব—তাঁকে তা আমরা বলে দিয়েছি। বিশ্বাস করি, আমাদের এখন একটা খুব ভালো অনূর্ধ্ব-২০ দল আছে, সেখানে অ্যাডাম এবং জিদানের যুক্ত হওয়া আমাদের দলকে আরও শক্তিশালী করবে।’
১৮ বছর বয়সী ও ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই ডিফেন্ডার বর্তমানে ইংলিশ ক্লাব ওয়ালটন এন্ড হেরস্যাম এফসির মূল দলে খেলছেন।

প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের পয়েন্ট সমান। তবে গোল ব্যবধানের কারণে শীর্ষে অবস্থান করছে সিটিজেনরা। এমন অবস্থায় শনিবার এগিয়ে যাওয়ার মিশনে নিউক্যাসেলকে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আতিথ্য দেবে গানাররা।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চেলসির কোচ লিয়াম রসেনিয়রের বিদায় নিয়ে কথা বলেছেন মিকেল আরতেতা। সাড়ে ছয় বছরের চুক্তি থাকলেও মাত্র চার মাসের মাথায় ছাঁটাই করা হয় এই ইংলিশ কোচকে। তার অবর্তমানে দ্য ব্লুজদের দায়িত্ব পালন করবেন ক্যালাম ম্যাকফারলেন।
আরতেতা বলেন,
‘একজন সহকর্মীকে এভাবে ক্লাব ছাড়তে দেখা সবসময়ই দুঃখজনক। আমরা জানি আমাদের এই পেশায় কড়া নজরদারি আর চাহিদার চাপ কতটা তীব্র। শেষ পর্যন্ত অনেক ম্যাচ জিততে পারাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়।’
শিরোপার লড়াই নিয়েও কথা বলেন আরতেতা। আর্সেনালের সামনে এটাই পথ, টাইটেল জিততে তাদের জিততেই হবে। তিনি বলেন,
‘দলের আত্মবিশ্বাস ও জয়ের ক্ষুধা অনেক বেড়েছে। আমাদের ঠিক কী করতে হবে, সে বিষয়ে এর চেয়ে স্পষ্ট ধারণা আর হতে পারে না। হাতে আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি। কালকের ম্যাচটি আমাদের জন্য প্রথম ধাপ—সবটুকু উজাড় করে দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। সামনে চারটি সপ্তাহ, দুটি বড় টুর্নামেন্ট (প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ); আমাদের হারানোর কিছু নেই, পাওয়ার আছে অনেক। মৌসুমের শুরুতে যদি কেউ আমাদের এই অবস্থানের কথা বলত, আমরা একবাক্যে মেনে নিতাম। আমরা সবাই খুব রোমাঞ্চিত।’
লিগ রেসে ৩৩ ম্যাচে সমান ৭০ পয়েন্ট করে অর্জন আর্সেনাল ও সিটির। তবে গোল ব্যবধানে এগিয়ে পেপ গার্দিওলার ক্লাব। দুই দলের হাতে ৫টি করে ম্যাচ অবশিষ্ট। যার প্রতিটিই ডু অর ডাই।