
আর্নে স্লটের চাকরি বোধহয় বাঁচিয়ে দিলেন দমিনিক সোবসলাই। চরম কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া লিভারপুল পেয়েছে মহাগুরুত্বপূর্ণ এক জয়। মোহাম্মদ সালাহ পরবর্তী যুগে প্রবেশ করা অল রেডরা চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরে আপাতত হাঁফ ছেড়ে বেঁচেছে।
সান সিরোতে গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ম্যাড়ম্যাড়ে এক ম্যাচে ব্যবধান গড়ে দেওয়া গোলটি আসে সোবসলাইয়ের নৈপুণ্যে। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলের পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া নিশ্চিত করেন হাঙ্গেরির এই অ্যাটাকিং মিডফিল্ডার।
চ্যাম্পিয়ন্স লিগে ৬ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট অর্জন করা লিভারপুল পয়েন্ট তালিকার আট নম্বরে আছে। সমান ম্যাচে সমান পয়েন্ট ইন্টার মিলানের, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে পাঁচে ইতালির ক্লাবটি।
ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামার আগে লিভারপুলে আলোচনার একমাত্র বিষয়বস্তু ছিল মোহাম্মদ সালাহ। গত কয়েকদিনের নানান তর্ক-বিতর্কের পর মিশরীয় ফরোয়ার্ডকে ছাড়াই ইতালিতে যাত্রা করে লিভারপুল।
ক্লাবের ইতিহাসের অন্যতম সেরাকে ছাড়া মাঠে নেমে ইন্টারের ওপর তেমন একটা চাপ সৃষ্টি করতে পারেনি লিভারপুল। অবশ্য স্বাগতিকদের আক্রমণভাগও ছিল ভোঁতা। ৩৭ মিনিটের আগে কোনো শটই নিতে পারেনি লাউতারো মার্তিনেজরা।
আরও পড়ুন
| কুন্দের তিন মিনিটের ঝড়ে মূল্যবান তিন পয়েন্ট পেল বার্সা |
|
এর পাঁচ মিনিট আগে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল লিভারপুলের। ৩২ মিনিটে খুব কাছ থেকে হেড করেন ইব্রাহিমা কোনাতে, মার্তিনেস বল কোনোমতে পা দিয়ে ফেরালেও, ততক্ষণে বল গোললাইন পেরিয়ে যায়। তবে ভিএআর যাচাইয়ে পর হ্যান্ডবলের সিদ্ধান্ত জানান রেফারি। কোনাতে হেড করার আগে, ভার্জিল ফন ডাইকের হেডে বল তাদেরই সতীর্থ উগো একিটিকের হাতে লেগেছিল।
প্রথমার্ধের সাত মিনিট যোগ করা সময়ের শেষদিকে ইন্টারকে লিড এনে দেওয়ার সুযোগ পান মার্তিনেস। তবে আর্জেন্টাইন তারকার ফরোয়ার্ডের হেড দারুণ দৃঢ়তায় ঠেকিয়ে দেন আলিসন বেকার।
বিরতির পর খানিকটা গতি বাড়ে খেলায়। কয়েক মিনিটের মধ্যে দুই দলই দূরপাল্লার শটে গোলের খাতা খোলার চেষ্টা চালায়, কিন্তু কাজে আসছিল না কোনো প্রচেষ্টাই।
৮০ মিনিটে ইন্টারের রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়েন কনর ব্র্যাডলি। কিন্তু দুরূহ কোণ থেকে শটে ইয়ান সমেরকে পরাস্ত করতে পারেননি তিনি। কিছুক্ষণ পরই ম্যাচের দৃশ্যপট পাল্টে দেওয়ার সুযোগ এসে যায় লিভারপুলের।
৮৬ মিনিটে ডি-বক্সে ফ্লোহিয়ান ভিয়েৎসকে পেছন থেকে টেনে ফেলে দেন ইন্টারের ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি। ভিএআর মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি সোবোসলাই।
চ্যাম্পিয়ন্স লিগে রাতের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব স্পোটিং সিপির বিপক্ষে পিছিয়ে পড়ার পর ৩-১ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ৫৪ মিনিটে নিজেদের জালে বল পাঠিয়ে দেন বায়ার্নের জার্মান মিডফিল্ডার জশুয়া কিমিখ।
এরপর ১২ মিনিটের ব্যবধানে তিন গোলে দিয়ে জয় নিশ্চিত করে বায়ার্ন। ৬৫, ৬৯ ও ৭৭ মিনিটে যথাক্রমে লক্ষ্যভেদ করেন সের্গে জিনাব্রি, লেনার্ট কার্ল ও জোনাথন টাহ। এই জয়ে পয়েন্ট টেবিলে বাভারিয়ানদের অবস্থান এখন দুই নম্বর। ৬ ম্যাচে পাঁচ জয় ও এক হারে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে ভিনসেন্ট কোম্পানির বায়ার্ন মিউনিখ।
আরও পড়ুন
| বিলবাও ম্যাচের আগে অসুস্থ দেম্বেলে |
|
প্রতিযোগিতার অন্য ম্যাচে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোস ১-০ গোলে জিতেছে কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতির বিপক্ষে। সমান ব্যবধানে জয় পেয়েছে মোনাকো। ফরাসি ক্লাবটি হারিয়েছে তুর্কি ক্লাব গালাতাসারেকে।
ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আতলেতিকো মাদ্রিদ। চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। বেলজিয়ামের ক্লাব ইউনিয়ন সেইন্ট জিলোইসের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে মার্শাই।
No posts available.
২ মার্চ ২০২৬, ৫:৪০ পিএম
২ মার্চ ২০২৬, ১:৫৬ পিএম

নেগ্রেইরা কেলেঙ্কারি নিয়ে কয়েক মাস ধরেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বন্দ্ব থামছে না। স্প্যানিশ ফুটবলে আলোচিত এই মামলায় এবার ইউরোপীয় ফুটবল সংস্থা বার্সেলোনাকে বড় শাস্তি দিতে পারে—এমনটাই বিশ্বাস রিয়াল মাদ্রিদের।
স্পেনের সাংবাদিক রামোন আলভারেজের বরাত দিয়ে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, নেগ্রেইরা মামলায় শাস্তিমূলক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও শিগগিরই তা পুনরায় শুরু হতে পারে বলে মনে করছে রিয়াল। তাদের ধারণা, তদন্ত এগোলে শেষ পর্যন্ত বার্সেলোনার বিরুদ্ধে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে।
রিয়াল সভাপতি শুরু থেকেই এ ইস্যুতে সরব। তিনি প্রকাশ্যে বার্সেলোনাকে কটাক্ষ করেছেন এবং ক্লাবের আইনজীবীরাও বার্সা সভাপতির সাক্ষ্যগ্রহণের সময় প্রশ্ন তোলেন। এমনকি যে সময়ের আর্থিক লেনদেন নিয়ে বিতর্ক, সেই সময়কার অডিট প্রতিবেদন ও আর্থিক নথি দেখতে চেয়েছিল রিয়াল, যদিও তদন্তকারী বিচারক সেই আবেদন খারিজ করেন।
নেগ্রেইরা মামলায় সাবেক রেফারি কমিটির কর্মকর্তা হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরাকে দেওয়া অর্থপ্রদানের বিষয়টি ইতিমধ্যে স্বীকার করেছে বার্সেলোনা। রিয়াল মহলের ধারণা, আদালতের চূড়ান্ত রায় ছাড়াও এই স্বীকারোক্তিই উয়েফার শাস্তিমূলক পদক্ষেপের জন্য যথেষ্ট হতে পারে।
ইউয়েফার বিধিমালা অনুযায়ী, কোনো গুরুতর অনিয়ম প্রমাণিত হলে খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা থেকে শুরু করে নির্দিষ্ট সময়ের জন্য ইউরোপীয় প্রতিযোগিতা থেকে বহিষ্কার—এক বছর থেকে দশ বছর পর্যন্ত—শাস্তি দেওয়া সম্ভব।
তবে বার্সেলোনা সাম্প্রতিক সময়ে উয়েফার সঙ্গে সম্পর্ক জোরদার করেছে বলেও জানা গেছে। ইউরোপিয়ান ক্লাব ফোরামের (ইসিএফ) সঙ্গেও তাদের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। ইউরোপিয়ান সুপার লিগ প্রকল্প থেকে সরে আসার পেছনে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হয়। উল্লেখ্য, সুপার লিগ ইস্যুতে রিয়ালও শেষ পর্যন্ত পিছু হটে।
এই মুহূর্তে ইউয়েফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই। তবু রিয়াল মাদ্রিদের বিশ্বাস, শিগগিরই শাস্তিমূলক কার্যক্রম পুনরায় শুরু হবে এবং নেগ্রেইরা কাণ্ডে বড় সিদ্ধান্তের মুখে পড়তে পারে বার্সেলোনা।

অপেক্ষার অবসান ঘটিয়ে এবার মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। এএফসি উইমেন’স এশিয়ান কাপে আগামীকাল চীনের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচ লাল সবুজের মেয়েদের। এশিয়ান কাপ সফরে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া যায় আরও এক সপ্তাহ আগে। দলের সঙ্গে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। তবে অস্ট্রেলিয়া থেকে তিনি জানিয়েছেন সভাপতি পরিচয়ে নয়, দলের সঙ্গে আছেন একজন সমর্থক হয়ে।
চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টায়। প্রতিপক্ষ এশিয়ান কাপের ৯বারের চ্যাম্পিয়ন। নিয়মিতই যারা খেলে বিশ্বকাপে। তাদের বিপক্ষে মাঠে নামার আগে লাল-সবুজের মেয়েদের উজ্জীবিত করতে অস্ট্রেলিয়ায় তাবিথ আউয়াল। টুর্নামেন্ট কভার করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আজ কথা বলেছেন তিনি। সেখানে জানিয়েছেন তিনি আশাবাদী বাংলাদেশ দল দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে।
তাবিথ আউয়াল বলেন, ‘চীন বিশ্বকাপেও খেলে। কিন্তু আমরা আত্মবিশ্বাসী যে আগামীকাল চীনের সঙ্গে আমরা ভালো খেলা উপহার দেব। তবে আমি প্রথমে দলের কাছে বলেছি যে এখানে আমি একজন সমর্থক হিসেবে বাংলাদেশ থেকে ছুটে এসেছি। সিডনিতে খেলা দেখার জন্য এসেছি।’
আরও পড়ুন
| মাঠে মুখ ঢাকলেই লাল কার্ড চান ফিফা প্রেসিডেন্ট |
|
টুর্নামেন্টে কভার করতে অস্ট্রেলিয়ায় প্রায় ২০ জন সাংবাদিক গেছেন। তাদের কথা এবং স্থানীয় বাংলাদেশি সমর্থকদের কথা বিশেষভাবে উল্লেখ করেন বাফুফে সভাপতি। তিনি বলেন, ‘সিডনির প্রায় ৩০০ জন বাঙালি কিন্তু এই মাঠের দর্শক হিসেবে আসবে। যদি ফুটবলকে না ভালোবাসতাম, যদি এই দলের প্রতি আমার এরকম আস্থা-বিশ্বাস না থাকত তাহলে আমি এবং আপনারা যারা সাংবাদিক এবং দর্শকরা এসেছি এতদূর, আমরা আসতাম না।’
এই টুর্নামেন্টে ভালো করে সরাসরি বিশ্বকাপ এবং অলিম্পিক বাছাইয়ে খেলার সুযোগ থাকবে দলগুলোর সামনে। ১২ দলের মধ্যে শীর্ষ ৬দল পাবে বিশ্বকাপের টিকিট। আটে থাকলে মিলতে পারে অলিম্পিকে খেলার সুযোগ। প্রতিযোগিতায় বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে। চীন ছাড়াও সেখানে আছে উত্তর কোরিয়া এবং উজবেকিস্তান।
টুর্নামেন্টের তিনটি গ্রুপ চ্যাম্পিয়ন এবং গ্রুপ রানার্সআপ সরাসরি শেষ আটে জায়গা পাবে। এছাড়াও তিন গ্রুপ থেকে বেস্ট থার্ড হয়ে আরও দুটি দল যাবে শেষ আটে। বাংলাদেশ দল পাখির চোখ করছে শেষ ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে। ওই ম্যাচটি জিতলেও অন্তত বেস্ট থার্ড হওয়ার সুযোগ তৈরি হবে।
হার-জিত যাই হোক প্রথম দুই ম্যাচের ফলাফল গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। আর শেষ ম্যাচটি জয়ের জন্য নামবে বাংলাদেশ। এ নিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘তৃতীয় ম্যাচ পর্যন্ত সবসময় আমাদের একটা সুযোগ থাকবে। আমি কথা বলেছি ফিজিওর সঙ্গে, ফিটনেস ট্রেইনারের সঙ্গে, নিউট্রিশনিস্টের সঙ্গে। সবাই কিন্তু খুব ইতিবাচক। ট্রেনিং সেশন দেখে তাদের মনে হয়েছে বাংলাদেশ ট্যাকটিক্যালি এবং ফিটনেসের দিকে চায়না বা উত্তর কোরিয়ার লেভেলেই আছে। দেখা যাক আগামীকালকের জন্য শুভ কামনা দলের প্রতি।’

বিশ্ব ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানে যেতে চান জিয়ান্নি ইনফান্তিনো। মাঠে মুখ ঢেকে প্রতিপক্ষের সঙ্গে কথা বললে সেটিকে সন্দেহজনক হিসেবে ধরে নিয়ে সরাসরি লাল কার্ড দেখানোর প্রস্তাব দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট।
বর্ণবৈষম্য নিয়ে সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের অভিযোগ ঘিরে। ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগে বেনফিকার ফুটবলার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি তাকে বর্ণবাদী মন্তব্য করেছেন বলে দাবি করেন ভিনিসিয়ুস।
ভিনিসিয়ুসের উদ্দেশে মন্তব্য করার সময় প্রেস্তিয়ান্নি মুখ ঢেকে কথা বলছিলেন- এই বিষয়টিই নতুন করে আলোচনার জন্ম দেয়। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ইউয়েফা। দ্বিতীয় লেগে প্রেস্তিয়ান্নিকে সাময়িক বরখাস্ত করা হয়।
আর অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
আরও পড়ুন
| ‘ফাইট’ দিতে প্রস্তুত আফঈদারা, সামনে চীন |
|
এই ঘটনার প্রেক্ষিতেই মাঠে কেউ মুখ ঢেকে কথা বললে আরও কঠোর শাস্তির কথা বলেন ইনফান্তিনো। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'কোনো খেলোয়াড় যদি মুখ ঢেকে কিছু বলে এবং তার বর্ণবাদী প্রভাব থাকে, তাহলে তাকে অবশ্যই বহিষ্কার করতে হবে। ধরে নিতে হবে, সে এমন কিছু বলেছে যা বলা উচিত ছিল না। তা না হলে মুখ ঢাকার প্রয়োজন হতো না।'
তিনি আরও জানান, ভবিষ্যতে কেবল প্রমাণের অপেক্ষায় বসে না থেকে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যে ২০২৬ বিশ্বকাপের আগে নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে ফিফা। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বৈঠকেও আলোচনা হয়েছে।
ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান নির্বাহী ও আইএফএবি সদস্য মার্ক বুলিংহাম বলেন, মাঠে মুখ ঢেকে কথা বলার প্রয়োজনীয়তা খুব কম ক্ষেত্রেই থাকে, বিশেষ করে উত্তপ্ত পরিস্থিতিতে। তাই এটি রোধে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আগামী মাসে ভ্যাঙ্কুভারে হবে ফিফা কংগ্রেস। সেখানেই এই বিষয়ক গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।
তবে শাস্তির পাশাপাশি সংস্কৃতির পরিবর্তনেও জোর দিচ্ছেন ইনফান্তিনো। তার মতে, কেউ উত্তেজনার মুহূর্তে ভুল করলে প্রকাশ্যে দুঃখ প্রকাশের সুযোগ থাকা উচিত। আন্তরিক ক্ষমা ও দায় স্বীকার করলে শাস্তির ধরনেও ভিন্নতা আসতে পারে।

গত বছরের জুলাইয়ে বাছাই পর্বে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। সে সময় ফিফা র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা দলকে হারানো ছিল অবিশ্বাস্য ঘটনা। বাংলাদেশ কোচ পিটার বাটলারের কাছেও যা ছিল ধারনাতীত।
মিয়ানমারের মেয়েদের হারানো কতটা কঠিন কাজ ছিল এবং সেটির মাহাত্ম্য কতটা বেশি তা বোঝাতে বাটলার বলেন, ‘আমরা অনেকটা ‘সিংহের গুহায়’ গিয়ে খেলছিলাম।’ সেই বাংলাদেশ দল এখন অবস্থান করছে অস্ট্রেলিয়ায়। এএফসি উইমেন’স এশিয়ান কাপে মঙ্গলবার বাংলাদেশের প্রথম ম্যাচ। এই ম্যাচের আগে দলের বর্তমান অবস্থান আর আগের অবস্থান মনে করে বাটলার বলেন, ‘গুলিস্তানের ক্যাম্প থেকে বাংলাদেশ দল এখন অস্ট্রেলিয়ায়।’ গুলিস্তানে যদিও বাংলাদেশ নারী দল কোনো ক্যাম্প করে না। মতিঝিলের বাফুফে ভবনের চার তলায় ক্যাম্পকে বোঝাতে চেয়েছেন হয়ত।
আরও পড়ুন
| ‘ফাইট’ দিতে প্রস্তুত আফঈদারা, সামনে চীন |
|
এছাড়া দেশে থাকতে পল্টনের জাতীয় স্টেডিয়াম অনুশীলন করে বাংলাদেশ। স্টেডিয়াম এলাকা অনেকের কাছেই পরিচিত গুলিস্তান হিসেবে। আফঈদা, মনিকারা এখন অনুশীলন করছেন সিডনির জুবিলি স্টেডিয়ামে। ছবির মতো সুন্দর এই মাঠ দেখে বাংলাদেশের মেয়েরা অভিভূত। এমনকি বাংলাদেশ দলের ব্রিটিশ কোচও অস্ট্রেলিয়ার ট্রেনিং মাঠ দেখে জানিয়েছেন তিনি ‘ইউরোপ’ অনুভব করছেন।
কাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টা, যা বাংলাদেশ সময় দুপুর ২টায় চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের উদ্বোধনী ম্যাচটি বাংলাদেশ খেলবে সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে। সরাসরি দেখাবে চ্যানেল টি-স্পোর্টস।
প্রথমবারের মতো এই আসরে খেলা বাংলাদেশ দলের উপর প্রত্যাশার চাপ বাড়িয়ে দিচ্ছেন না পিটার বাটলার। বাস্তবতায় পা রেখে নিজেদের সেরা খেলাটা বের করে আনতে চান তিনি। এটা এমন একটা টুর্নামেন্ট যা বাংলাদেশের মেয়েদের জন্য বিশ্বকাপের সমতুল্য। বাটলার বলেন, ‘এটি আমাদের মেয়েদের জন্য অনেকটা বিশ্বকাপের মতো। আপনি যদি নিয়মিত এই পর্যায়ে খেলতে চান, তবে আপনার দিকে যেসব চ্যালেঞ্জ আসবে সেগুলোর সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে এবং মোকাবিলা করতে হবে।’
‘শুধু মনে করি মাঠে গিয়ে আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। আমি বড় কোনো আকাশ কুসুম স্বপ্ন দেখছি না। আমি এই পেশায় অনেক দিন ধরে আছি। অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে।’
বাটলার শক্তিশালী চীনের বিপক্ষে দলের অলৌকিকতা দেখার অপেক্ষায়। একই সঙ্গে নিজেদের দুর্বলও ভাবছেন না তিনি। প্রতিপক্ষ শক্তিশালী বলে যে পুরোপুরি রক্ষণাত্মক হয়ে খেলবে বাংলাদেশ সেটিও ভাবছেন না ব্রিটিশ কোচ। বলেন, ‘আমাদের একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকবে। হার, জিত বা ড্র, যা-ই হোক না কেন, আমি যেভাবে চাই দল সেভাবেই খেলবে। ফলাফল যাই হোক না কেন, আমরা রক্ষণাত্মক হয়ে ‘বাস পার্ক’ করার মতো দল নই। আমার মনে হয় আন্তে (চীনের কোচ) আমাদের খেলার ধরন এবং আমার কাজ করার পদ্ধতি সম্পর্কে যথেষ্ট জানেন। তাদের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। সব মিলিয়ে এটি একটি অত্যন্ত কঠিন ম্যাচ হতে যাচ্ছে।’

এএফসি উইমেন’স এশিয়ান কাপের পর্দা উঠেছে গতকাল রোববার। উদ্বোধনী ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এশিয়ান কাপে বাংলাদেশ নারী ফুটবল দল মাঠে নামছে আগামীকাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও প্রতিযোগিতার ৯বারে শিরোপাজয়ীদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আফঈদা খন্দকারদের এশিয়ান কাপ মিশন। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মাঠের লড়াইয়ে ‘ফাইট‘ দেবেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
মঙ্গলবার এশিয়ান কাপে বাংলাদেশ ও চীনের মধ্যকার খেলাটি সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে হবে। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টি-স্পোর্টস। এই ম্যাচের আগে আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দলের কোচ এবং অধিনায়ক। আফঈদা খন্দকার বলেছেন, ‘চীন সব দিক দিয়েই ভালো। এশিয়ান চ্যাম্পিয়ন এবং শক্তিশালী দল হিসেবে তারা খেলছে। তবে তারা ভালো টিম বলে অবশ্যই মাঠের লড়াইয়ে ছেড়ে দিব না। আমরা ফাইট করবো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’
প্রতিরোধ গড়তে চেয়েছেন আফঈদা। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতি সমীহ রেখে আফঈদা পরক্ষণেই বলেন, ‘চীনের সঙ্গে খেলতে পারাটাও আমাদের একটা সৌভাগ্যের ব্যাপার। তাদের থেকে আমরা অনেক কিছু শিখবো।’ এশিয়ার পরাশক্তি চীনের সঙ্গে এর আগে কখনও খেলেনি বাংলাদেশ। সেক্ষেত্রে তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নতুনই বলা যায়।
বাংলাদেশের জন্য এশিয়ান মঞ্চটাই আসলে নতুন। এবারই প্রথমবার এশিয়ান কাপে নাম লিখিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় দারুণ অভিজ্ঞতা হচ্ছে দলের। সেটি জানিয়েছেন অধিনায়ক আফঈদা, ‘এখানে বেশ ক’দিন হয়েছে আসছি, সবাই অনেক উপভোগ করছি। পরিবেশ অনেক সুন্দর, প্র্যাকটিস গ্রাউন্ডগুলা অনেক সুন্দর।’
এবার মাঠে ভালো কিছু করার অপেক্ষায় ডিফেন্ডার আফঈদা, ‘চেষ্টা থাকবে অবশ্যই আমরা ভালো কিছু করব। আমাদের প্রতিপক্ষ হচ্ছে চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তান। তারা অনেক শক্তিশালী টিম। আমরা ওদের সঙ্গে সেভাবেই খেলব কোচ আমাদের যেভাবে খেলতে বলবে। চেষ্টা করব যেন ভালো কিছু করতে পারি।’
টুর্নামেন্টে বাংলাদেশের পরের ম্যাচ ৬ মার্চ, উত্তর কোরিয়ার বিপক্ষে। এরপর গ্রুপ পর্বে শেষ খেলায় ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবে পিটার বাটলারের দল।