
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের টানা জয়ের ধারা বজায় রাখতে পারল না ম্যানচেস্টার সিটি। মোনাকোর মাঠে হতাশাজনক ড্র করল পেপ গার্দিওলার দল। তবে অলিম্পিয়াকোস ভয় উতরে জয় তুলে নিয়েছে আর্সেনাল। ইউরোপা লিগে এর আগে ২০২১ সালে গ্রিসের ক্লাবটির কাছে এই এমিরেটসেই হেরেছিল গানাররা। ইউরোপের মঞ্চে তাছাড়াও একাধিকবার আর্সেনালকে হারানোর রেকর্ড ছিল অলিম্পিয়াকোসের।
বুধবার আর্সেনালের জয়ের রাতে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার সিটি। ফরাসি ক্লাব মোনাকোর মাঠ স্টেড লুইসে ২-২ গোলে ড্র করে চ্যাম্পিয়নস লিগের ২০২২-২৩ মৌসুমের শিরোপাধারীরা। প্রথমার্ধেই দুই গোল করেন আর্লিং হালান্ড; মাঝে দুর্দান্ত শটে গোল পান মোনাকোর জর্ডান টেজে। শেষ মুহূর্তে এরিক ডাইয়ারের পেনাল্টি গোলে ম্যাচ বাঁচিয়ে নেয় মোনাকো।
খেলা শুরুর ১৫তম মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। মোনাকোর গোলকিপার ফিলিপ কোহনের মাথার ওপর দিয়ে চমৎকার এক টোকায় জালে বল তুলে দেন হালান্ড। ক্ষাণিক পরেই সমতায় ফেরে স্বাগতিকরা- টেজের জোরালো শট সিটির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমাকে অবাক করে জালে জড়ায় বল।
প্রথমার্ধেই একের পর এক সুযোগ পায় সিটি। ফিল ফোডেনের শট বারঘেঁষে ফিরে আসে, আবার ডাচ মিডফিল্ডার তিজানি রেইন্ডার্সের প্রচেষ্টা রুখে দেন মোনাকো কিপার কোহন। শেষ পর্যন্ত ৪৪ মিনিটে নিকো ও’রিলির ক্রসে হেডে নিজের দ্বিতীয় গোল করে দলকে আবার এগিয়ে দেন হালান্ড। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অতিথিরা।
দ্বিতীয়ার্ধে দুই দলই দারুণ আক্রমণাত্মক শুরু করে। তবে দুই দলের মেইন স্ট্রাইকার ফোলারিন বালোগুন আর হালান্ড গোলমুখে সুযোগ নষ্ট করেন। ফোডেনের শট ব্লক করেন ডাইয়ার। ৬৭ মিনিটে রেইন্ডার্সের প্রচেষ্টা ঠেকিয়ে দেন মোনাকো ডিফেন্ডার মোহাম্মদ সালিসু। ৭৩ মিনিটে রেইন্ডার্স আবারও বিপজ্জনক হয়ে ওঠেন, তবে তার বাঁ-পায়ের শট বার কাঁপিয়ে ফিরে আসে।
ঠিক যখন ধারনা করা হচ্ছিল ম্যানচেস্টার সিটি জয় নিয়েই ফিরছে, তখনই ৯০ মিনিটে মোনাকো পায় পেনাল্টি। নিকো গনসালেজের ফাউলের পর সফল স্পট-কিক নেন ডাইয়ার। অতিথি গোলকিপার দোন্নারুমাকে ভুল দিকের ইশারায় দলকে সমতায় ফেরান।
আর্সেনালের দারুণ জয়
বুধবার রাতে অপর ম্যাচে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথমার্ধে গাব্রিয়েল মার্তিনেল্লি দলকে এগিয়ে নেওয়ার পর ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা।
এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আর্সেনাল। আগের ম্যাচে তারা হারিয়েছিল স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওকে। দুটি করে জয় পাওয়া দলগুলোর মধ্যে তাদের চেয়ে পেছনে আছে কেবল কারাবাখ। দুই খেলায় এক পয়েন্ট পেয়ে ২৯-তম অবস্থানে অলিম্পিয়াকোস। আর মোনাকার কাছে পয়েন্ট খুইয়ে এই তালিকার আটে নেমে গেছে ম্যানচেস্টার সিটি; তাদের পয়েন্ট ৪।
চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে হওয়া অন্য সেঁ–জিলোয়াসকে ০-৪ গোলে হারিয়েছে আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল। কারাবাগের বিপিক্ষে ২-০ ব্যবধানে হেরেছে এফসি কোপেনহেগেন। নিজেদের ঘরের মাঠে পিএসভি আেইন্দহোভেনের সঙ্গে ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে জার্মান জায়ান্ট লেভারকুসেন। আরেক জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড ৪-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনকে ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারায় নাপোলি। তবে সেরি’আর আরেক জায়ান্ট জুভেন্টাস ২-২ ব্যবধানে আটকে গেছে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বিপক্ষে।
No posts available.
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৮ পিএম
৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪২ পিএম