শুরুতে মাঠে নামলেন না মেসি। তার অভাব পুষিয়ে দিলেন এনজো ফার্নান্দেস ও নিকো পাজ। দুজনের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে নেমে কিছু জাদু দেখালেন মেসি। তবে গোল আর পেল না আলবিসেলেস্তেরা। প্রথমার্ধের দুই গোলেই মিলল জয়।
বুয়েন্স আইরেসে ফিফা প্রীতি ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। শনিবার ভোরের ম্যাচটিতে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে একটি গোল শোধ করে আর্জেন্টিনার চেয়ে শক্তিতে অনেক পিছিয়ে থাকা মৌরিতানিয়া।
এদিন ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিসিমা খেলার কথা ছিল কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার। কিন্তু মধ্যপ্রাচ্যে সংঘাতের পর ভেন্যু নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা। ফলে শেষ পর্যন্ত বাতিলই করা হয় ম্যাচ।
তাই শেষ মুহূর্তে তড়িঘড়ি ফিফা র্যাঙ্কিংয়ের ১১৫তম দল মৌরিতানিয়ার সঙ্গে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। যেখানে প্রথমার্ধে দুই গোল হজম করলেও, পরে লড়াই জমানোরই আভাস দেয় মৌরিতানিয়া। তবে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচের ১৭ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এনজো। ডান দিক থেকে নাহুয়েল মোলিনা ক্রস করলে ডি-বক্সের মাঝামাঝিতে পেয়ে যান তিনি। জোরাল শটে মৌরিতানিয়ার জাল কাঁপিয়ে তোলেন চেলসির মিডফিল্ডার।
এর ১৫ মিনিট পর বিপজ্জনক জায়গায় ফাউলের শিকার হন পাজ। নিজে চমৎকার এক ফ্রি কিক করে পেয়ে ২১ বছর বয়সী মিডফিল্ডার পেয়ে যান দেশের জার্সিতে প্রথম গোল। খানিক বাদে আরেকটি ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি পাজ।
প্রথমার্ধের বিরতির পর ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও রদ্রিগো ডি পলের সঙ্গে মেসিকে মাঠে নামান লিওনেল স্কালোনি। দশ মিনিটের মধ্যেই জাদু নিয়ে হাজির হন মেসি। তবে অল্পের জন্য গোল পাননি। প্রতিপক্ষের গায়ে বল চলে যায় বাইরে।
এরপর আরও বেশ কয়েকটি জোরাল আক্রমণ করে আর্জেন্টিনা। তবে জালের ঠিকানা তারা খুঁজে নিতে পারেনি। অতিরিক্ত যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জর্ডান লেফোর্টের গোলে পরাজয়ের ব্যবধান কমিয়ে মাঠ ছাড়ে মৌরিতানিয়া।
ঘরের মাঠে পরের প্রীতি ম্যাচে বুধবার ভোরে জাম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
No posts available.
১০ এপ্রিল ২০২৬, ১০:১৬ পিএম

লা লিগায় হঠাৎ ছন্দপতন রিয়াল মাদ্রিদের। মায়োর্কার বিপক্ষে হারের পর শুক্রবার রাতে জিরোনার সঙ্গে ড্র। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বড় ধাক্কাই খেল আলভারো আরবেলোয়ার দল।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে করেছে রিয়াল। এই ড্রয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়ল লস ব্লাঙ্কোসরা। আজ রাতে বার্সেলোনা জিতলে ব্যবধান বেড়ে দাঁড়াবে ৯ পয়েন্টে।
মায়োর্কার বিপক্ষে আগের ম্যাচে তুলনামূলক দুর্বল একাদশ নামিয়ে হেরে সমালোচনার মুখে পড়েছিলেন কোচ আরবেলোয়া। জিরোনার বিপক্ষে তাই কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামদের নিয়ে পূর্ণ শক্তির দলই মাঠে নামান তিনি। তবে প্রথমার্ধে জিরোনার রক্ষণে ফাটল ধরাতে পারেনি রিয়ালের কোনো তারকা।
বিরতির ঠিক পর ৫১ মিনিটে ডেডলক ভাঙেন ফেদেরিকো ভালভার্দে। ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে জড়িয়ে রিয়ালকে লিড এনে দেন এই উরুগুইয়ান মিডফিল্ডার।
আরও পড়ুন
| রোনালদোকে লিগ জেতাতে চায় রেফারি, অভিযোগ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের |
|
রিয়ালের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১ মিনিট পরেই ডান দিক থেকে দারুণ এক গোলে জিরোনাকে সমতায় ফেরান টমাস লেমার। ম্যাচের শেষ দিকে পেনাল্টির জোরালো আবেদন করেছিলেন এমবাপে, কিন্তু রেফারি তাতে সাড়া দেননি। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
এই ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন থাকলো রিয়াল মাদ্রিদ। ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭৬। শনিবার রাতে এসপানিওলের বিপক্ষে জিতলেই শিরোপার আরও কাছে পৌঁছে যাবে হান্সি ফ্লিকের বার্সা।
ঘরোয়া লিগের ব্যর্থতা ভুলে এখন রিয়ালকে তাকাতে হচ্ছে ইউরোপের মঞ্চে। বুধবার বায়ার্ন মিউনিখের মাঠে চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে তারা। প্রথম লেগে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় জার্মান দুর্গে অন্তত দুই গোল ব্যবধানে জয়ের বিকল্প নেই আরবেলোয়ার দলের সামনে।

সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর এখন লিগ শিরোপা জয়ের অভিজ্ঞতা নিতে পারেননি ক্রিস্তিয়ানো রোনালদো। তেমন বড় কোনো ট্রফির জেতার স্বাদও পাননি আল নাসরের তারকা ফরোয়ার্ড। তবে এবার লিগ জেতার দারুণ সুযোগ হাতছানি দিচ্ছে পর্তুগিজ মহাতারকাকে।
সৌদি লিগে পয়েন্ট টেবিলে আপাতত রোনালদোর আল নাসরেরই আধিপত্য। তবে রোনালদোর ক্লাবকে নাকি ‘কারচুপি’ করে লিগ জেতানো হচ্ছে, এমন গুরুতর অভিযোগই তুললেন আল আহলির দুই ফুটবলার।
আল আহলির ফরোয়ার্ড ইভান টনি সৌদি প্রো লিগের রেফারিংয়ের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। আল আহলিতে তাঁর সতীর্থ ওয়েন্ডারসন গেলানো তো এককাঠি সরেস। ব্রাজিলিয়ান এই ফুটবলারের মতে, এই প্রতিযোগিতায় ‘একজন নির্দিষ্ট খেলোয়াড়কে’ শিরোপা জেতানোর প্রবণতা রয়েছে। আর সেই খেলোয়াড় হলেন ক্রিস্তিয়ানো রোনালদো। ২০২২ সালের ডিসেম্বর সৌদি লিগে আসার পর এখনও লিগ শিরোপা জেতা হয়নি যাঁর।
আল আহলির খেলোয়াড়রা মনে করছেন, বুধবারের আল ফাইহা-এর বিপক্ষে ১–১ গোলে ড্র হওয়া ম্যাচে তাদের অন্তত দুটি পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। এই ড্রয়ের পর দলটি পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে গেছে। ২৮ ম্যাচ শেষে ক্লাবটির সংগ্রহ ৬৬ পয়েন্ট। দুইয়ে থাকা আল হিলালের পয়েন্ট ৬৮। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা আল নাসরের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে আছে তারা।
ম্যাচের পর গ্যালেনো এক্স-এ লিখেন,
‘ট্রফি দিয়ে দাও, এটাই তারা চায়। আমাদের যেকোনোভাবে চ্যাম্পিয়নশিপ থেকে সরিয়ে দিতে চায়, ট্রফিটা একজনের হাতে তুলে দিতে চায়—এটা আমাদের ক্লাবের প্রতি চরম অসম্মান।’
কে এতে সুবিধা পাচ্ছে—এমন প্রশ্নে টনি সরাসরি কোনো ক্লাবের নাম না নিলেও বলেন, ‘আমরা জানি কে। আমরা কাকে ধরার চেষ্টা করছি?”
ইংল্যান্ড জাতীয় দলের ফরোয়ার্ড ইভান টনি চলতি মৌসুম সৌদি প্রো লিগের গোল্ডেন বুট জেতার দৌড়ে শীর্ষে আছেন্। ২৬ ম্যাচে তাঁর গোলসংখ্যা ২৭। আল ফাইহার বিপক্ষে তাদের পেনাল্টির আবেদন ভিএআর রিভিউয়ের পরও বাতিল হওয়ায় বেশ হতাশ হয়েছেন টনি,
‘সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল ওই দুটি পেনাল্টি। এটা একদম পরিষ্কার। আমি বুঝতে পারছি না, ও কীভাবে বলটি হ্যান্ডল করত? দুই হাতে তুলে নিলে কি তখন পেনাল্টি দিত? দেবে কি দেবে না?’
টনি যোগ করেন,
‘এরপর যখন আমরা রেফারির সঙ্গে কথা বলতে গেলাম, তিনি বললেন, “এএফসি-তে (এশিয়ান ফুটবল কনফেডারেশন চ্যাম্পিয়নস লিগ) মন দাও।” একজন রেফারি কীভাবে এটা বলতে পারে?’
আল আহলির ফরোয়ার্ড আরও বলেন,
‘আমি চাইলে আরও গভীরে যেতে পারি, কিন্তু এতে সমস্যায় পড়তে পারি। আমি এমন একজন মানুষ, যে যা সত্য সেটা সরাসরি বলে।’
নিজ দলের শিরোপা জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে টনি বলেন,
‘আমরা এগিয়ে যাব, যা করার তাই করব, আশা করি কিছু ন্যায্য সিদ্ধান্ত পাব। যদি ভালো রেফারি থাকে, আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারব এবং সিদ্ধান্তগুলো আমাদের পক্ষে গেলে আমাদের ভালো সুযোগ থাকবে। কিন্তু এমন পরিস্থিতিতে সবসময়ই কাজটা কঠিন হয়ে যায়।’
সর্বশেষ ২০১৮–১৯ মৌসুমের পর থেকে আর সৌদি প্রো লিগ শিরোপা জিততে পারেনি আল নাসর। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রোনালদো ছাড়াও একগাদা তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েও লিগ শিরোপার দেখা পায়নি ক্লাবটি। আগামীকাল আল ওখদুদের মুখোমুখি হবে রোনালদোর দল।

মুখ ফসকে বলা এক কথায় এখন পস্তাতে হচ্ছে এনজো ফার্নান্দেজকে। রিয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করে পেয়েছেন নিষেধাজ্ঞার শাস্তি। নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার। তবে তাতেও শাস্তি কমছে না—ম্যানচেস্টার সিটির বিপক্ষে রোববারের ম্যাচে খেলতে পারবেন না তিনি।
চ্যাম্পিয়নস লিগে পিএসজির কাছে হারের পর ইএসপিএন আর্জেন্টিনা-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদের যাওয়ার সম্ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেন ফার্নান্দেজ। এরপর আন্তর্জাতিক বিরতিতে তিনি বলেন, ‘আমি স্পেনে থাকতে চাই, মাদ্রিদ শহরটা আমার খুব পছন্দ।’ তাঁর এমন চাওয়া সহজভাবে নেয়নি চেলসি— দেওয়া হয় দুই ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি।
প্রিমিয়ার লিগে ম্যান সিটির মুখোমুখি হওয়ার আগে চেলসির কোচ লিয়াম রোসেনিওর জানিয়েছেন, ‘ফার্নান্দেজ ইতোমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন, তবে ক্লাবের দেওয়া দুই ম্যাচের অভ্যন্তরীণ নিষেধাজ্ঞা বহাল থাকবে।’ এর আগে পোর্ট ভেলের বিপক্ষে এফএ কাপের কোয়ার্টার ফাইনাল মিস করেছেন এনজো। আর রোববার স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ প্রিমিয়ার লিগ ম্যাচেও তাকে পাওয়া যাবে না।
রোসেনিওর যোগ করেন ,
‘এনজোর সঙ্গে আমার তিন-চারবার খুব ভালো আলোচনা হয়েছে। সে আমার কাছে এবং ক্লাবের কাছেও ক্ষমা চেয়েছে। রোববারের বড় ম্যাচের পর আমরা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেব।’
শিষ্যর ভুলকে খুব বড় করে দেখছেন না রোসেনিওর। তবে একবার ভুল করলে শাস্তি এড়ানোরও যে সুযোগ নেই সেটাও মনে করিয়ে দিলেন চেলসি কোচ,
‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, তাই সিরিয়াসভাবে আলোচনা হয়েছে। এই পুরো প্রক্রিয়ায় আমি কখনোই এনজোর চরিত্র বা ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলিনি। আমি বিশ্বাস করি, মানুষ ভুল করতেই পারে। তবে ভুলের জন্য নির্ধারিত শাস্তি এড়িয়ে যাওয়া যায় না।’
শেষে চেলসি কোচ বলেন, ‘আমি চাই, এখান থেকে এনজো এগিয়ে যাক এবং অসাধারণ একটি ক্যারিয়ার গড়ে তুলুক। রোববারের ম্যাচের পর চেলসির মৌসুমে এনজো ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ রাখবে বলেই আশা করছেন তিনি। তবে দলে ফেরার আগে তাকে এখনও কিছু বাধা অতিক্রম করতে হবে বলছেন রোসেনিওর।
চেলসির মাঝমাঠের গুরুত্বপূর্ণ সদস্য এনজো। ইংলিশ ক্লাবটি কি দলের অন্যতম সেরা খেলোয়াড়কে নিষেধাজ্ঞার শাস্তি দিয়ে নিজেদেরই ক্ষতি করছে কি না—এমন প্রশ্নের জবাবে রোসেনিওর বলেন,
‘না। আমার দলে অসাধারণ স্কোয়াড আছে, অসাধারণ সব খেলোয়াড়ে ভরা। শুরুর একাদশ ঠিক করা এখনও খুব কঠিন কাজ। আগামী কয়েক দিনের মধ্যে আমাকে সেটা ঠিকভাবে নির্ধারণ করতে হবে। ফুটবল একটা দলীয় খেলা। এখানে ব্যক্তি নয়, দলই আসল। এটা নিজের পায়ে কুড়াল মারা নয়। কিছু মূল্যবোধ আর সংস্কৃতি আছে, যেগুলোতে আমি বিশ্বাস করি, ক্লাবও বিশ্বাস করে। এগুলো ঠিকভাবে ধরে রাখতে পারলে দল আরও শক্তিশালী হয়।’
লিগে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে থাকা চেলসি শেষ ১৮ পয়েন্টের মধ্যে মাত্র ৫ পয়েন্ট পেয়েছে। ফলে চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আবার ছন্দে ফেরাই এখন তাদের লক্ষ্য। আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে পাঁচটি দল ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় সুযোগ পাবে। সিটির বিপক্ষে মাঠে নামার আগে পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে ‘ব্লুজরা’।

ম্যানচেস্টার সিটি যখন প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দৌড়ে আর্সেনালকে ধরার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই পেপ গার্দিওলা জানিয়েছেন, মৌসুমে নেওয়া তার সবচেয়ে সেরা সিদ্ধান্তের কথা। নটিংহ্যাম ফরেস্ট এবং ওয়েস্ট হ্যামের সাথে ড্র করে সিটি কিছুটা ছন্দ হারালেও কারাবাও কাপের ফাইনালে গার্নারদের হারানো এবং এফএ কাপে লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে সিটিজেনদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
সিটির এই সাফল্যের মাঝেই শোনা যাচ্ছে, বার্নার্দো সিলভা হয়তো ম্যানসিটি ছাড়ছেন। জুনে চুক্তির মেয়াদ শেষ হবে পর্তুগিজ মিডফিল্ডারের। গার্দিওলার সহকারী পেপ লিন্ডার্স সিলভার চলে যাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত করেছেন। তবে গার্দিওলা জানিয়েছেন, সিলভা নিজে তাকে এখনো কিছু জানাননি।
প্রিমিয়ার লিগে চেলসির বিপক্ষে ম্যাচের আগে গার্দিওলা বলেন,
“আমি বার্নার্দোর ওপর খুব রাগ করেছি। আমি তাকে বলেছিলাম কোনো সিদ্ধান্ত নিলে সবার আগে যেন আমাকে জানায়। কিন্তু সে এখনো কিছু বলেনি আমাকে।”
সিলভা সম্পর্কে গার্দিওলা একটি বড় সত্য স্বীকার করেছেন। তিনি মনে করেন, মৌসুমের শুরুতে পর্তুগিজ এই মিডফিল্ডারকে ক্লাব অধিনায়ক বানানোই ছিল তাঁর এই মৌসুমের সেরা সিদ্ধান্ত।
গার্দিওলা বলেন,
“হ্যাঁ, এটিই ছিল আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। একজন সত্যিকারের অধিনায়ক তখনই বোঝা যায় যখন দল খারাপ সময়ের মধ্য দিয়ে যায়। বার্নার্দো সবসময় নিজের চেয়ে দল এবং ক্লাবকে আগে প্রাধান্য দেয়, যা সবাই পারে না।”
সিলভার প্রশংসা করে গার্দিওলা আরও বলেন,
“সে হয়তো উচ্চতায় খুব লম্বা নয়, বা খুব পেশীবহুলও নয়, কিংবা প্রতি মৌসুমে ৫০টি গোল বা অ্যাসিস্টও করে না। সাধারণত মানুষ গোলদাতাদের নিয়ে বেশি আলোচনা করে। কিন্তু একজন কোচের যা প্রয়োজন, বার্নার্দোর তা সবই আছে। সে অত্যন্ত লড়াকু এবং তার ভেতরে জেতার এক তীব্র আগুন আছে। বড় ম্যাচগুলোতে সে কখনো ভয় পায় না।”

দুই মাস পরই শুরু হচ্ছে বিশ্বকাপ। টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে বড় ধাক্কা খেল মিশর। রেফারিকে আঘাত করায় চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন আফ্রিকার দেশটির প্রধান গোলকিপার মোহাম্মদ এল-শেনাওয়ি।
মিশরীয় প্রিমিয়ার লিগের ক্লাব আল-আহলি এফসির হয়ে খেলেন শেনাওয়ি। মঙ্গলবার সেরামিকা ক্লিওপেট্রার বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে ছিলেন বেঞ্চে ছিলেন তিনি। ম্যাচের শেষ মুহূর্তে সেরামিকার একজন ডিফেন্ডারের হাতে বল লাগলে আল-আহলি পেনাল্টির দাবি জানায়। রেফারি আবেদন নাকচ করলে রেগে যান শেনাওয়ি।
লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে,
‘রেফারিকে ধাক্কা দেওয়া বা টেনে ধরার মাধ্যমে লাঞ্ছিত করার দায়ে (সহিংসতা ছাড়া হাতের ব্যবহার) শেনাওয়িকে চার ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার মিশরীয় পাউন্ড (প্রায় ৯৪২ ডলার) জরিমানা করা হয়েছে।‘
শেনাওয়িকে এখন লিগ প্লে-অফের শেষ সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল-আহলি বর্তমানে ৪১ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় স্থানে রয়েছে।
জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৭৫ টি ম্যাচ খেলেছেন শেনাওয়ি। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) মিশরের প্রথম পছন্দের গোলকিপার ছিলেন শেনাওয়ি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে গ্রুপ ‘জি’ তে রয়েছে মিশর। ১১ জুন বিশ্বকাপের উদ্বোধনী দিনে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে মোহাম্মদ সালারা। গ্রুপপর্বে মিশরের অন্য দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও ইরান।
নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী মে মাসের মাঝামাঝি ফিরবেন শেনাওয়ি। ফলে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপে যেতে হবে ৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই গোলকিপারকে।