
প্রথমবার জুনিয়র হকি বিশ্বকাপে মাঠে নামছে বাংলাদেশ দল। আগামীকাল প্রথম পরীক্ষাটা শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণণ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
এর মধ্য দিয়ে হকির যে কোনো পর্যায়ে প্রথম বিশ্ব মঞ্চে খেলার স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের। দলকে শেষ চার মাস অনুশীলন করিয়েছেন কোচ সিগফ্রাইড আইকম্যান। যিনি ২০১৮ সালে জাপানকে প্রথমবারের মত এশিয়ান গেমসে স্বর্ণ জিতিয়েছেন। এখন বাংলাদেশের যুবদল (অনূর্ধ্ব-২১) নিয়ে বিশ্বকাপের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই ডাচ কোচ।
আইকম্যানের চাওয়া ‘এফ’ পুলে শক্তিশালী অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিক বাংলাদেশ। ৬৬ বছর বয়সি এই কোচ ভারতের এসডিএটি–মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে অনুশীলন সেশন শেষে বলেন,
‘আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, তাই আমি ইচ্ছা করেই উন্নয়নশীল দলগুলো বেছে নেই, কারণ আমি মনে করি সেখানেই আমি পরিবর্তন আনতে পারব।’
দলের প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশ কোচ বলেন,
‘কোচিং স্টাফদের সহায়তা ও হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের সর্বাত্মক সহায়তায় সীমাবদ্ধতার মধ্যেও ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। এখন ছেলেদের মাঠে পরিশ্রমের প্রমাণটা দিতে হবে।’
কোচ হিসেবে জাপান, পাকিস্তান ও ওমানে সাফল্য পাওয়ায় আইকম্যানকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশও। যদিও তিনি অতীতকে মনে রাখতে চান না, তাকাতে চান ভবিষ্যতে,
‘এটা আমাদের জন্য ইতিহাস। ভবিষ্যৎ আবারও শুরু হতে যাচ্ছে।প্রার্থনা করি যেন বাংলাদেশের পথচলাটাও আগের মতো হয়।‘
ভারতে গিয়ে বাংলাদেশ যুব দল প্রস্তুতি ম্যাচ খেলে পেয়েছে আত্মবিশ্বাস বাড়ানো দুটি জয়। মঙ্গলবার তারা চিলিকে হারায় ৩-০ ব্যবধানে। এরপর বৃহস্পতিবার সুইজারল্যান্ডকে উড়িয়ে দেয় ৫-২ গোলে।
এই দুই প্রস্তুতি ম্যাচ বাংলাদেশকে শনিবার বাড়তি অনুপ্রেরণা দেবে বলে মনে করেন আইকম্যান,
‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। অনুশীলন ম্যাচগুলো ইতিবাচক ছিল। তাই আমরা বিশ্বাস করি আমরা প্রস্তুত। যদিও আগামীর ম্যাচগুলো অনেক বেশি কঠিন হবে, প্রত্যাশার চাপ মোকাবেলা করে আমাদের পরিকল্পনামাফিক খেলতে হবে।’
No posts available.
২৩ এপ্রিল ২০২৬, ৭:০৩ পিএম
২০ এপ্রিল ২০২৬, ১০:১৬ এম

এশিয়ান গেমসের বাছাই ফাইনালে চায়নিজ তাইপের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশের নারী হকি দল। গত সপ্তাহে পূর্ব এশিয়ার দলটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেও আজ নিজেদের মেলে ধরতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
জাকার্তার জিবিকে হকি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালের প্রধমার্ধ শেষ হয় ১-১ গোলের ব্যবধানে। ম্যাচের অষ্টম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে উৎসব এনে দেন অধিনায়ক অর্পিতা পাল। তবে ১৭তম মিনিটে বাংলাদেশর ছন্নছাড়া রক্ষণের সুযোগ নিয়ে সমতায় ফেরে চাইনিজ তাইপে। ওয়াং চিউর গোলের পর স্বস্তি নিয়ে বিরতিতে যায় তারা।
বিরতির পর ৩২তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ২-১ ব্যবধানে লিড নেওয়ার পর ৪০তম মিনিটে স্কোরলাইন ৩–১ করে ফেলে তাইপে। এরপর অবশ্য আরও একটি গোল পরিশোধ করে বাংলাদেশ। অর্পিতার সেই গোলের পর শেষদিকে আক্রমণের পসরা সাজালেও খেলায় ফিরতে পারেনি লাল-সবুজ দল।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি টুর্নামেন্টের বাছাইপর্বে প্রথমবার খেলতে নেমেই ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। এশিয়ান গেমসের বাছাইপর্বে আজ হংকং চায়নাকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবার এশিয়ান গেমসেও নাম লেখাল লাল–সবুজের প্রতিনিধিরা।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ ‘এ’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ড্র করলেই মূলপর্বের টিকিট কাটার লক্ষ্য পূরণ হতো বাংলাদেশের। শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেই প্রাপ্তির পূর্ণতায় ভেসেছে জাহিদ হোসেন রাজুর শিষ্যরা।
চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ ড্রয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারায়। আন্তর্জাতিক আঙিনায় এটি ছিল দলের প্রথম জয়।
তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট সাত। নিয়ম অনুযায়ী দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে সরাসরি আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ। এ সমীকরণ বাংলাদেশ মিলিয়ে নিল অপরাজিত থেকে নকআউট পর্বে উঠে।
পুল ‘এ’তে চাইনিজ তাইপে উজবেকিস্তানকে হারালে তাদেরও বাংলাদেশের সমান সাত পয়েন্ট হবে। তখন গোল ব্যবধানে গ্রুপ সেরা নির্ধারণ হবে। ড্র করলে চাইনিজ তাইপে গ্রুপ রানার্স আপ হবে। আর উজবেকিস্তান জিতলে ছয় পয়েন্টে তাইপেকে টপকে তারা গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনাল খেলবে।
ম্যাচের শুরুতে লিড নেয় হংকং। এরপর ১০ মিনিটে সমতায় ফিরে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলের কেউ গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে কনার গোলে লিড নেয় বাংলাদেশ। এমার বাড়িয়ে দেয়া বল হংকংয়ের গোলরক্ষক আটকানোর চেষ্টা করে সফল হননি। গোলরক্ষকের সামনে পড়া বল স্টিক দিয়ে দারুণ দক্ষতায় গোল করেন কনা। বাংলাদেশ এই কোয়ার্টারে আরও পেনাল্টি কর্নার পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি। শেষ কোয়ার্টারে দুই দলই গোলের চেষ্টা করে ব্যর্থ হয়।
এ বছরের সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। যেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে।

আন্তর্জাতিক হকির আঙিনায় নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল। নিজেদের ইতিহাসের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জয় তুলে নিলো বাংলাদেশ। আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
প্রথম ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করার পর এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।
ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে মেয়েদের। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন শারিকা রিমন। তবে সমতায় ফিরতে সময় নেয়নি উজবেকিস্তান; ঠিক এক মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোলটি শোধ করেন খুজায়েভা মাদিনাবোনু।
২৪ মিনিটে কনা আক্তারের দুর্দান্ত এক ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা। বিরতির পর ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের ব্যবধান ৩-১ করেন আইরিন আক্তার রিয়া।
৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে উজবেকিস্তান ব্যবধান ৩-২ করলেও বাকি সময়টা লিড ধরে রাখে বাংলাদেশ। এই জয়ে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া।
পুলের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে পিছিয়ে থেকেও ৫-৫ গোলে ড্র করে ১ পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ। আজ উজবেকিস্তানকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ায় ‘পুল এ’তে বাংলাদেশের অবস্থান এখন সুসংহত।
আগামী পরশু পুল পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় বা ড্র করতে পারলেই সেমিফাইনালের সঙ্গে এশিয়ান গেমসে খেলারও টিকিট পাবেন অর্পিতা-আইরিনরা।

ম্যাচের তৃতীয় কোয়ার্টারে এক পর্যায়ে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকেও জেতা হলো না লাল সবুজের মেয়েদের। তারপরও নারী হকিতে বাংলাদেশের যাত্রাটা হলো রোমাঞ্চকর।
এশিয়ান গেমস হকি বাছাইয়ে আজ বৃহস্পতিবার ১০ গোলের থ্রিলারে চায়নিজ তাইপেকে ৫-৫ ব্যবধানে রুখে দিয়েছে জাহিদ আহমেদ রাজুর দল।
চায়নিজ তাইপে র্যাঙ্কিংয়ের ৫৫তম দল হওয়ায় কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে নামে আনকোরা বাংলাদেশ। যদিও মাঠের লড়াইয়ে চোখে চোখ রেখে খেলে সিনিয়র পর্যায়ে নিজেদের ইতিহাসে প্রথম ম্যাচ খেলা বাংলাদেশ নারী হকি দল।
ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি মাঠে প্রথম কোয়ার্টারেই জমে ওঠে ম্যাচ। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। কিন্তু পরের মিনিটেই সমতা ফেরায় চায়নিজ তাইপে। দশম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবারও বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক অর্পিতা পাল। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ৩-১ করেন বাংলাদেশ অধিনায়ক।
এরপর শুরু হয় চায়নিজ তাইপের প্রতিরোধ। দ্বিতীয় কোয়ার্টারের ভেতরই ম্যাচে সমতা ফেরায় তারা। তৃতীয় কোয়ার্টারে এগিয়ে যায় ৫-৩ গোলেও।
বাংলাদেশ অবশ্য হার মানেনি। ৪০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান কমান কনা আক্তার। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন অর্পিতা।
আগামীকাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার জাকার্তায় ২৩-২৯ এপ্রিল হতে যাচ্ছে উইমেন’স এশিয়ান গেমস হকি বাছাই। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ নারী হকি দল গতকাল রোববার রাতে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছে।
এশিয়ান গেমস বাছাই হকি প্রতিযোগিতায় প্রথমবারের মতো বাংলাদেশ নারী হকি দল অংশগ্রহণ করছে। ১৮ সদস্যের দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে গেছেন বিকেএসপির কোচ মো. জাহিদ হোসেন রাজু। তাঁর সহকারী হিসেবে এই টুর্নামেন্টে থাকছেন রিতু খানম।
৮ দলের টুর্নামেন্টে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের মেয়েরা পড়েছে চাইনিজ তাইপে, হংকং ও উজবেকিস্তানের সঙ্গে। অপর গ্রুপের চার দল হলো- ইন্দোনেশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কা।
বাছাই প্রতিযোগিতা থেকে শীর্ষ চার দল খেলবে সেপ্টেম্বরে জাপানের নাগোয়া শহরে হতে যাওয়া এশিয়ান গেমসের মূল আসরে।
এবারই যেমন প্রথম কোনো টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করছে, তেমনি মেয়েদের জাতীয় দলও এবারই প্রথমবারের মতো গড়া হয়েছে। এর আগে বয়সভিত্তিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। কিন্তু এত বড় একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে সংবাদমাধ্যমের সামনে আসার প্রয়োজন মনে করেনি হকি ফেডারেশন।