বুধবার (৩০ জুলাই) কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে বিওএর ৫ম সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিওএ-এর সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। এই সভায় কার্যনির্বাহী কমিটি এবং সাধারণ পরিষদের মোট ৮৯ জন সদস্য উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সভার কার্যক্রম আরম্ভ হয়।
সভাপতি সভায় উপস্থিত সাধারণ পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দসহ সকলকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে তাঁর স্বাগত বক্তব্য শুরু করেন। সভায় সদস্যদের সর্বোচ্চ উপস্থিতিতে সভাপতি সম্মানিত বোধ করেন বলে জানান।
সভাপতি বলেন, আজকের এই সভাটি ২০২৩-২০২৪ অর্থ বছরের কার্যক্রমের উপর ভিত্তি করে আয়োজিত হচ্ছে। সভাটি আয়োজনে বিভিন্ন কারণে কিছুটা বিলম্বিত হয়েছে। তবে, এ বছরে আমরা ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য খুব শীঘ্রই আরেকটি সাধারণ সভা আয়োজন করবো। সভাপতি গত ২১ মার্চ মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক এবং বিমানের পাইলট এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং সকলের আত্মার মাগফেরাত কামনা করেন।
সভাপতি বলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের প্রধান কাজ হচ্ছে অলিম্পিক আন্দোলন জোরদার করার মাধ্যমে দেশ ও দেশের বাইরে ভ্রাতৃত্ববোধ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সহযোগিতা করা। তিনি বলেন আমি বিশ্বাস করি প্রকৃত ক্রীড়াবিদ সকল সময়ই সুনাগরিক হিসেবে গড়ে উঠে। কখনো তারা বিপদগামী হন না। তাই যুব ও তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা জরুরী। ব্যক্তিগতভাবে আমি নিজে এবং অলিম্পিক এসোসিয়েশন সাধ্যমতো সেই চেষ্টা করে যাচ্ছে।
বিওএ-এর বর্তমান গঠনতন্ত্রটি ২৫ বছর আগে আইওসি কর্তৃক অনুমোদনকৃত। যুগোপযোগী ও হালনাগাদ করার লক্ষ্যে আমরা গঠনতন্ত্রটি রিভিউ করার উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে কার্যনির্বাহী কমিটির সকলের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্রের একটি খসড়া প্রস্তাব প্রণয়ন করা হয়েছে। আগামী সাধারণ পরিষদের সভায় সকলের মতামত নিয়ে গঠনতন্ত্রটি চূড়ান্ত করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আগামীতে যে সকল আন্তর্জাতিক গেমসে বাংলাদেশ থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করবে তাদের প্রতি তিনি শুভকামনা জানান এবং আশা করেন তারা প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন।
সভাপতি আরও বলেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এবং সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনীর নিয়ন্ত্রনাধীন প্রায় ১৭৩ একর জায়গা এই প্রকল্প বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে। তিনি প্রকল্পটি বাস্তবায়নের জন্য স্পন্সরদের এগিয়ে আসার আহবান জানান এবং সকলের সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্য শেষে মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় সকল নিহত ছাত্র-ছাত্রীসহ গত আগস্ট-২০২৩ হতে জুন-২০২৪ পর্যন্ত যে সকল ক্রীড়াব্যক্তিত্ব পরলোকগমণ করেছেন, তাঁদের স্মরণে ও সম্মানে দাঁড়িয়ে ০১ মিনিট নীরবতা পালন করা হয়।
সভার আলোচ্যসূচী অনুযায়ী বিশদ আলোচনান্তে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয় :
১. ২০২৩-২০২৪ অর্থ বছরে বিওএ’র সম্পাদিত কার্যক্রমের উপর মহাসচিব কর্তৃক উপস্থাপিত প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
২. বিওএ’র ২০২৩-২০২৪ অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
৩. বিওএ’র ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ১২.৪০ (বার কোটি চল্লিশ লক্ষ) কোটি টাকার বাজেট সর্বসম্মতিক্রমে ঘটনাত্তোর অনুমোদিত হয়।
৪. বিওএ’র ২০২৪-২০২৫ অর্থ বছরের হিসাব নিরীক্ষার জন্য নিরীক্ষা প্রতিষ্ঠান অঈঘঅইওঘ কে নিরীক্ষক হিসেবে নিয়োগ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়।
৫. বিওএ-র কার্যনির্বাহী কমিটিতে ‘বিওএ এ্যাথলেট কমিশন’ এর ০১ (এক) জন সদস্য অন্তর্ভূক্তকরণের বিষয়টি অনুমোদিত হয়।
৬. বিওএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী নভেম্বর’২০২৫ মাসে অনুষ্ঠিত হবে।
পরিশেষে, বিওএ-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সকলের সহযোগিতায় অলিম্পিক আন্দোলনের লক্ষ্যকে সামনে রেখে দেশের খেলাধুলার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি বিওএ কার্যক্রমকে উত্তরোত্তর গতিশীল এবং বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
No posts available.
১২ জানুয়ারি ২০২৬, ২:০৬ পিএম
৮ জানুয়ারি ২০২৬, ৪:৩৯ পিএম
৭ জানুয়ারি ২০২৬, ১০:০৩ পিএম