২২ ফেব্রুয়ারি ২০২৫, ৮:২১ পিএম

শক্তি-সামর্থ্যে কাবাডিতে বাংলাদেশের চেয়ে সবসময়ই পিছিয়ে নেপাল। ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে লাল-সবুজ দলের জয়টাই অনিবার্য ফলাফল। প্রথম ম্যাচে হয়েছেও তাই। সিরিজের প্রথম ম্যাচে নেপালকে ২৪ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
পল্টন ময়দানে বিকাল সাড়ে তিনটায় সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম।
শনিবারের ম্যাচে বাংলাদেশ জাতীয় কাবাডি দল ৫৩-২৯ পয়েন্টে জয় তুলে নিয়েছে। সাথে লিড নিয়েছে ১-০ ব্যবধানে। প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেওয়া বাংলাদেশ নেপালকে চাপে রেখে ২৮-১১ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে, বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এই সিরিজের মধ্য দিয়ে দীর্ঘ ৫১ বছর পর বাংলাদেশে হচ্ছে কাবাডির টেস্ট সিরিজ। এর আগে সবশেষ ১৯৭৪ সালে বাংলাদেশের প্রথমবারের মত কাবাডি টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। এরপর এই প্রতিযোগিতা এবার ফিরল আবার।
প্রথম ম্যাচের মত সিরিজেও বাংলাদেশের জয়ের সম্ভাবনাই বেশি। কারণ, ইতিহাস বা পরিসংখ্যানের দিক দিয়ে নেপালের চেয়ে অনেক এগিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুই দলের সাক্ষাতে নেপাল জয় পায়নি কখনই।
সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী রোববার বিকেল সাড়ে তিনটায় পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে।
No posts available.
৬ মে ২০২৬, ৮:১৯ পিএম

চীনের সাংহাইয়ে চলমান ‘আর্চারি ওয়ার্ল্ড কাপ, স্টেজ-২’-এর দ্বিতীয় দিনে দুর্দান্ত সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের আর্চাররা। কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে স্বাগতিক চীনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি রিকার্ভ পুরুষ এককে ভারতের শক্তিশালী প্রতিযোগী অতনু দাসকে পরাজিত করেছেন বাংলাদেশের মিশাদ প্রধান।
বুধবার কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টের ১/৮ খেলায় বাংলাদেশ ২৩০-২২৯ স্কোরে শক্তিশালী পিপলস রিপাবলিক অব চায়নাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। তবে কোয়ার্টার ফাইনালে আমেরিকার কাছে ২২৪-২৩৪ স্কোরে হেরে বিদায় নিতে হয় লাল-সবুজের প্রতিনিধিদের।
অন্যদিকে, কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ১/১২ খেলায় বাংলাদেশ ২৩১-২২৭ স্কোরে সিঙ্গাপুরকে হারিয়ে ১/৮ খেলায় উন্নীত হলেও ফ্রান্সের কাছে ২২৯-২৩৪ স্কোরে পরাজিত হয়।
ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের ঐশ্বর্য্য রহমান কম্পাউন্ড পুরুষ এককের ১/২৪ খেলায় ১৪৫-১৪৪ স্কোরে কাজাখস্তানের দিলমুখমেত মুসাকে পরাজিত করে ১/১৬ খেলায় জায়গা করে নিয়েছেন। তবে মহিলা এককে বন্যা আক্তার ও তানিয়া রীমা নিজেদের ম্যাচে পরাজিত হয়ে বিদায় নিয়েছেন।
রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশের আর্চাররা দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। ১/৪৮ খেলায় মো. মিশাদ প্রধান ৭-৩ সেটে ভারতের অভিজ্ঞ আর্চার অতনু দাসকে পরাজিত করে বড় চমক দেখান। এছাড়া রামকৃষ্ণ সাহা ৬-২ সেটে কিরগিজস্তানের উলুকবেককে পরাজিত করে ১/২৪ খেলায় উন্নীত হয়েছেন। আব্দুর রহমান আলিফ র্যাংকিংয়ের কল্যাণে ‘বাই’ পেয়ে সরাসরি পরবর্তী রাউন্ডে উন্নীত হন। তবে রাকিব মিয়া চীনের ইউক্সুয়ান লি-এর কাছে পরাজিত হন।
রিকার্ভ মহিলা এককে নাসরিন আক্তার ৬-৪ সেটে কাজাখস্তানের দিয়ানা তুরসুনবেককে হারিয়ে ১/২৪ খেলায় উন্নীত হয়েছেন। তবে সায়মা সালাহ উদ্দিন ও সীমা আক্তার শিমু নিজ নিজ ম্যাচে হেরে আসর থেকে বিদায় নিয়েছেন।
কোয়ালিফিকেশন রাউন্ড শেষে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ২০টি দেশের মধ্যে নবম স্থান অর্জন করেছে বাংলাদেশ। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ১৫তম এবং মিশ্র দলগত ইভেন্টে (আলিফ ও নাসরিন) ১৩তম স্থান অর্জন করেছে লাল-সবুজ দল।

চলতি বছর নভেম্বরে সৌদি আরবে বসবে ই-স্পোর্টসের বিশ্বকাপখ্যাত ই-স্পোর্টস নেশনস কাপ। প্রথমবারের মতো এই আসরে অংশ নেবে বাংলাদেশ দল। বুধবার রাজধানীর হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম।
মুনিরুল ইসলাম বলেন, ‘ই-স্পোর্টস নেশনস কাপে বাংলাদেশ ১৫টি ভিন্ন ভিন্ন ই-স্পোর্টস শিরোনামে অংশগ্রহণ করবে। যেখানে মোট প্রাইজপুল ২২০ কোটি টাকারও বেশি। এটি দেশভিত্তিক ই-স্পোর্টস টুর্নামেন্টগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় আয়োজন। এই ঐতিহাসিক আসরের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
বাংলাদেশ-সহ ১৫০টি দেশ অংশ নেবে এবারের আসরে। ১৫ ইভেন্টে বাংলাদেশ থেকে অংশ নেবে ৫০ জন গেমার। টিম বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে দলের ম্যানেজার আগা রাফসান জানান, বাছাইপর্বে বাংলাদেশকে প্রথম এশিয়ার দেশ গুলোর বিপক্ষে লড়তে হবে। লিডার বোর্ডের ২-৩-এ থাকলেই মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ। মূলত সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের গেমাররা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এই টুর্নামেন্টের জন্য সারা দেশ থেকে প্রায় ১৫০০ গেমার রেজিস্ট্রেশন করে। সেখান থেকে ট্রায়াল এবং একাধিক ধাপের বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত দলটি গঠিত হয়েছে।
ইভেন্টের তিন কোচ ফারহান ইসলাম, মো. আবিদ হোসেন এবং নাজমুস সাকিব, গণমাধ্যমকে বাংলাদেশ দলের প্রস্তুতি সম্পর্কে জানান। তারা বলেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে গেমার বাছাই করা হয়েছে। বেশ জোরেশোরে চলছে দলের প্রস্তুতি। যেহেতু মূল আসর শুরু হতে এখনো দুই মাস বাকি, তাই প্রস্তুতিতে কোনো ঘাটতি থাকবে না বলে বিশ্বাস তাদের।

সাংহাইতে আর্চারি বিশ্বকাপ স্টেজ–২ এর প্রথম দিনে আজ মিশ্র অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশের। কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টের প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের ঐশ্বর্য্য রহমান ১৪৫-১৪৪ স্কোরের রোমাঞ্চকর ব্যবধানে মেক্সিকোর হুয়ান কার্লোস দেল রিও গুতেরেজকে পরাজিত করেছেন। তিনি উঠেছেন প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে।
হিমু বাছাড় নেদারল্যান্ডের নিকলাস ব্রিডাল ব্রাইল্ডের সঙ্গে মূল লড়াইয়ে ১৪৩-১৪৩ স্কোরে ড্র করেন। শুটআউটে প্রথম তীরে ড্র করলেও দ্বিতীয় তীরের লড়াইয়ে ৮-১০ ব্যবধানে হেরে তিনি বিদায় নেন। বাংলাদেশের আরেক আর্চার নেওয়াজ আহমেদ রাকিব ১৪৩-১৪৭ স্কোরে কাজাখস্তানের বুনোদ মির্জামেতোভের কাছে হারেন।
মহিলা একক ইভেন্টে বাংলাদেশের তানিয়া রীমা ১৩৯-১৩৪ স্কোরের ব্যবধানে হংকং চায়নার হ্যাং টিং চেংকে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছেন। বন্যা আক্তার 'বাই' পেয়ে ১/২৪ খেলায় উন্নীত হলেও পুষ্পিতা জামান ১৪০-১৪২ স্কোরে সিঙ্গাপুরের এলি টেং টেং লোয়ের কাছে হেরে যান।
আগামীকাল রিকার্ভ ডিভিশনের পাশাপাশি কম্পাউন্ডের পরবর্তী রাউন্ডের খেলাগুলো হবে।

বিশ্বে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আছে মোট ১৪টি। ২০২৫ সাল পর্যন্ত এই তালিকার চারটি শৃঙ্গে আরোহন করে বাংলাদেশের ইতিহাসে অনন্য কীর্তি গড়েছিলেন পর্বতারোহী বাবর আলী। যা কোনো বাংলাদেশির পক্ষেই আগে সম্ভব হয়নি।
এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। শনিবার (২ মার্চ) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে বাবর আলী পৌঁছে যান মাউন্ট মাকালু-র চূড়ায়। এর মাধ্যমে তিনি জয় করলেন নিজের পঞ্চম ৮ হাজার মিটারের শৃঙ্গ।
৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার মাউন্ট মাকালু পৃথিবীর পঞ্চম উচ্চতম পর্বত। যা নেপালের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত। এই শৃঙ্গে এটাই কোনো বাংলাদেশির প্রথম সফল আরোহণ।
নেপালভিত্তিক আউটফিটার মাকালু এডভেঞ্চারের মালিক মোহন লামসালের বরাত দিয়ে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন অভিযানের ব্যবস্থাপক ফারহান জামান।
মাকালু এক্সপেডিশন : দ্য ফিফথ ফ্রন্টিয়ার- শিরোনামের এই অভিযানের আয়োজন করে পর্বতারোহী সংগঠন ভার্টিকেল ড্রিমস।
চূড়ায় ওঠার পথে বাবর আলীর সঙ্গে ছিলেন গাইড অ্যাং কামি শেরপা। অভিযানের পৃষ্ঠপোষকতায় ছিল ভিজ্যুয়াল নিটওয়ার্স লিমিটেড, সামুদা স্পেক-কেম লিমিটেড, মাই হেলথ, চন্দ্রবিন্দু প্রকাশন ও রহমান'স গ্রোসারিজ।
'গ্রেট ব্ল্যাক ওয়ান' নামে পরিচিত মাউন্ট মাকালু হিমালয়ের অন্যতম কঠিন শৃঙ্গ হিসেবে বিবেচিত। অভিযানের উদ্দেশ্যে বাবর আলী গত ৭ এপ্রিল বাংলাদেশ ছাড়েন। ৯ এপ্রিল তুমলিংতার পৌঁছে সেখান থেকে সড়কপথে সেদুয়া গ্রামে যান এবং পরে ট্রেকিং করে ১৮ এপ্রিল অ্যাডভান্সড বেস ক্যাম্পে পৌঁছান।
অভিযানের অংশ হিসেবে উচ্চতার সঙ্গে খাপ খাওয়াতে তিনি ২১ এপ্রিল ক্যাম্প-১ ও পরদিন ক্যাম্প-২-এ ওঠেন। প্রায় ৭ হাজার মিটার উচ্চতা স্পর্শ করে আবার বেস ক্যাম্পে ফিরে আসেন। ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় রোটেশনে তিনি আবার ক্যাম্প-২ পর্যন্ত উঠে এক রাত কাটিয়ে নেমে আসেন এবং অনুকূল আবহাওয়ার অপেক্ষায় থাকেন।
আবহাওয়া অনুকূলে আসার ইঙ্গিত পেয়ে ৩০ এপ্রিল আবার চূড়ার পথে যাত্রা শুরু করেন। সরাসরি ৬ হাজার ৬০০ মিটার উচ্চতার ক্যাম্প-২তে ওঠার পরদিন ৭ হাজার ৪০০ মিটার উচ্চতার ক্যাম্প-৩-এ পৌঁছান।
সেখানেই বিকাল পর্যন্ত অপেক্ষা করে মধ্যরাতে শুরু করেন চূড়ান্ত আরোহন। টানা ১,১০০ মিটারেরও বেশি খাড়া পথ অতিক্রম করে ভোরে পৌঁছে যান চূড়ায়।
এর আগে ২০২৪ সালে মাউন্ট এভারেস্ট ও মাউন্ট লোৎসে জয় করে একই অভিযানে দুটি ৮ হাজার মিটারের শৃঙ্গ জয় করা প্রথম বাংলাদেশি হন তিনি। ২০২৫ সালের এপ্রিলে আন্নপূর্ণা ও সেপ্টেম্বরে মাউন্ট মানাসলু (অক্সিজেন ছাড়াই) জয় করে আরও দুটি ইতিহাস গড়েন।
মাউন্ট মাকালু জয় করার মাধ্যমে এখন বিশ্বের ১৪টি ৮ হাজার মিটারের শৃঙ্গের মধ্যে পাঁচটিতে নিজের নাম লিখিয়ে ফেলেছেন বাবর আলী। সবগুলো জয় করার লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন দৃঢ় পদক্ষেপে।
তথ্যসূত্রঃ দ্য ডেইলি সান

একযোগে সারা দেশে শুরু হল নতুন কুঁড়ি স্পোর্টস। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে মূল পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দেশের বাকী ৬৩ জেলাতেও শুরু হয় নতুন কুঁড়ি স্পোর্টসের কার্যক্রম।
এরই অংশ হিসেবে মিরপুরের শহীদ সহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে কাবাডি ইভেন্ট দিয়ে শুরু হয় ঢাকা পর্বের প্রতিযোগিতা। এই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয় মন্ত্রী শেখ রবিউল আলম। উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, দোহারের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজমুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ। পুরো আয়োজনের সমন্বয় করেন ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল ওয়ারেছ আনসারী।
উদ্বোধনী দিনে শুধু কাবাডি ডিসিপ্লিনের খেলা হয়েছে। ছেলেদের বিভাগে মুখোমুখি হয় পল্লবী থানা ও কেরাণীগঞ্জ উপজেলা। শুরু থেকেই এক তরফা আধিপত্য ছিল পল্লবী থানার। শেষ পর্যন্ত ৫৩-৩২ পয়েন্টের বড় জয়ের আনন্দে মাতে পল্লবী থানা দল।
মেয়েদের বিভাগে আরও বড় জয় তুলে নিয়েছে পল্লবীর মেয়েরা। কেরাণীগঞ্জের মেয়েদের দাঁড়াতেই দেয়নি তারা। জয় তুলে নেয় ৫৭-২১ পয়েন্টের বড় ব্যবধানে।
আয়োজনের মূল আনুষ্ঠানিকতা শুরুর আগে জুডো, কারাতে, উশু ও তায়কোয়ান্দোর প্রদর্শনী ম্যাচ উপভোগ করেন উপস্থিত সবাই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় ঢাকা পর্বের পরিপাটি এই আয়োজনের প্রশংসা করেন অতিথিরা। রোববার থেকে বিভিন্ন ভেন্যুতে শুরু হবে নতুন কুঁড়ি স্পোর্টসের বাকি ৭টি ডিসিপ্লিনের খেলা।