
ফরাসি ফুটবলে নিজের প্রতিভার জানান দিয়ে নাম লিখিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। পেপ গার্দিওলার দলে যোগ দিয়ে বড় স্বপ্নই দেখছেন ফ্রান্সের উদীয়মান মিডফিল্ডার রায়ান শেরকি। তার বিশ্বাস, সিটির জার্সিতেই পূরণ হবে তার ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন।
২১ বছর বয়সী শেরকি সম্প্রতি ফরাসি ক্লাব লিওঁ থেকে ৩৬.৬ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফিতে যোগ দিয়েছেন সিটিতে। স্বপ্নের মত কাটানো গত মৌসুমে তিনি জিতেছেন ইউরোপা লিগের মৌসুম সেরা উদীয়মান ফুটবলারের খেতাব। জায়গা করে নেন ইউরোপা লিগের মৌসুমের সেরা একাদশেও। ছিলেন লিগ ওয়ানের শীর্ষ অ্যাসিস্ট করা খেলোয়াড়।
আরও পড়ুন
| ৫৮ বছর বয়সে ফুটবল মাঠে দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের কাজুয়োশির |
|
বর্তমানে ক্লাব বিশ্বকাপ খেলতে সিটির সাথে ফ্লোরিডায় অবস্থান করছেন শেরকি। সেখানে এক সংবাদ সম্মেলনে শোনান ব্যালন ডি’অর জয়ের আশার কথা। “আপনি যদি রদ্রিকে দেখেন, সে এখানে খেলেই কিন্তু ব্যালন ডি’অর জিতেছে। তাই এটা তো পরিষ্কার যে, ম্যানচেস্টার সিটিতে খেলে এটা সম্ভব। আমি এখানে এসেছি জেতার জন্যই। আর আমি জানি ক্লাবও সবকিছু জিততে চায়। তাই এটাই আমার জন্য সবচেয়ে ভালো সুযোগ।”
গত মৌসুমে লিওঁর হয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েই মূলত সিটি সহ অন্যান্য শীর্ষ ক্লাবের নজরে আসেন শেরকি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে গোল করেন ১২টি, আর অ্যাসিস্ট ২০টি।
আর এই কারণেই শেরকিকে বর্তমানে বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তরুণ হিসেবে ধরা হচ্ছে। চলতি মাসেই স্পেনের বিপক্ষে হয়েছে ফ্রান্স জাতীয় দলের অভিষেক। আর সিটির হয়ে অভিষেক হয়ে যেতে পারে আগামী বুধবার ফিলাডেলফিয়ায় মরক্কোর ক্লাব উইদাদ এসির বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ম্যাচ দিয়ে।
No posts available.
১৩ ডিসেম্বর ২০২৫, ৪:১২ পিএম
১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৪০ পিএম