
চলতি বছরের এপ্রিলের এএইচএফ কাপ হকি সামনে রেখে ফেব্রুয়ারিতে কুপার টেস্টের আগে বাদ দেওয়া হয় রাসেল মাহমুদ জিমিকে। সে সময় অভিজ্ঞ তারকার বাদ পড়া নিয়ে সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ হকি ফেডারেশন। এবার একসঙ্গে চারজন সিনিয়র খেলোয়াড়কে এশিয়া কাপের প্রাথমিক দলেই রাখেনি ফেডারেশন।
২৭ আগস্ট থেকে ভারতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ হকির দল থেকে বাদ পড়েছেন চার সিনিয়র সদস্য— পুস্কর খিসা মিমো, মঈনুল ইসলাম কৌশিক, নাঈম উদ্দিন ও আবেদ উদ্দিন। এতে অনেকটা অনাভিজ্ঞ দল নিয়ে এশিয়ার মঞ্চে যাচ্ছে বাংলাদেশ দল।
চার সিনিয়র খেলোয়াড় বাদ পড়ায় এশিয়া কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন রেজাউল করিম বাবু। সহ-অধিনায়ক হিসেবে আশরাফুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। এর আগেও বাংলাদেশ হকি দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে বাবুর। নতুন করে দায়িত্ব পেয়ে বাবু বললেন, 'বাংলাদেশ দলকে নেতৃত্ব দেওয়া সবসময় আনন্দের। আমি চেষ্টা করব সেই আস্থার প্রতিদান দিতে।’
আরও পড়ুন
| হকি এশিয়া কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, খেলবে উদ্বোধনী ম্যাচে |
|
বাদ পড়াদের নিয়ে কোচ মশিউর রহমান বিপ্লব বলেন, ‘নির্বাচক কমিটির একসঙ্গে কথা বলে কাজগুলো করেছি। যারা বাদ পড়েছেন তারা ১২০ দিন খেলার বাইরে। দল গঠনের ক্ষেত্রে অভিজ্ঞতা এবং তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে ও যাদের ফিজিক্যাল ফিটনেস ভালো তাদের গুরুত্ব দেওয়া হয়েছে।’
ভারতে গিয়ে খেলতে রাজি না হওয়ায় হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে পাকিস্তান। এতে সুযোগ পায় বাংলাদেশ। সেটা আগে থেকে অনুমেয় ছিল বলেই ক্যাম্প চালু রেখেছিল বাংলাদেশ। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলমান সেই ক্যাম্পে ছিলেন বাদ পড়াদের চারজনই। তবে দল ঘোষণায় কেন তাদের রাখা হলো না, তা নিয়ে কোচের ব্যাখ্যা, ‘তারা আগের দলে ছিল না। ম্যানেজমেন্ট যদি তাদের ক্যাম্পে না ডাকত তাহলে আপনারাই বলতেন তাদেরকে কেন ডাকলেন না।’
তবে কি তাদের ক্যাম্পে ডাকা হয় নিয়ম রক্ষার জন্য? এমন প্রশ্নে বিপ্লব বলেন, ‘সম্মান রক্ষার্থ্যে তাদের রাখা হয়।’
আরও পড়ুন
| কুড়িয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে চান হকির সোহান-মিমোরা |
|
হকি এশিয়া কাপে বাংলাদেশ দল:
গোলরক্ষক: বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন
ডিফেন্ডার: রেজাউল করিম বাবু (অধিনায়ক), আশরাফুল ইসলাম (সহ-অধিনায়ক), ফরহাদ আহমেদ সিটুল, সোহানুর রহমান সবুজ, হোজাইফা হোসেন, আমিরুল ইসলাম, মেহেদী হাসান
মিডফিল্ড: রোমান সরকার, ফজলে হোসেন রাব্বি, আল নাহিয়ান শুভ, তৈয়ব আলী, তানভীর হোসেন সিয়াম
ফরোয়ার্ড: ওবায়দুল হোসেন জয়, রাকিবুল হাসান, আরশাদ হোসেন, মো. আব্দুল্লাহ।
স্ট্যান্ডবাই: শাহিদুল রহমান সাজু
No posts available.
৩ মে ২০২৬, ৭:৫৮ পিএম
২৩ এপ্রিল ২০২৬, ৭:০৩ পিএম

জাপানে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে স্বস্তিদায়ক সুখবর পেল বাংলাদেশ নারী ও পুরুষ অনূর্ধ্ব-১৮ হকি দল। সামনের এই টুর্নামেন্টের জন্য অনূর্ধ্ব-১৮ দুই দলের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর।
রোববার এক অনুষ্ঠানে বাংলাদেশ হকি ফেডারেশন এবং ইপিলিয়ন গ্রুপ ও ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সেইলরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়ে।
জাপানে আগামী ২৯ মে শুরু হবে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ। টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৬ জুন।
টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ সফল করতে ইপিলিয়ন গ্রুপ ও সেইলর মোট ১ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। এই সহায়তার আওতায় থাকবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয়, আবাসন, খাবার, টিম কিট, ইউনিফর্ম, সরঞ্জাম, প্রশিক্ষণ প্রস্তুতি এবং টুর্নামেন্ট-সম্পর্কিত অন্যান্য ব্যয়।
স্পন্সরশিপের অংশ হিসেবে ম্যাচ জার্সি, প্র্যাকটিস জার্সি, ট্রাউজার, ট্রাভেল পোলো ও টি-শার্টের সামনে সেইলর ও ইপিলিয়ন গ্রুপের লোগো প্রদর্শিত হবে। ব্যানার, ব্যাকড্রপ, প্রচারণা সামগ্রী, প্রেস রিলিজ, সোশ্যাল মিডিয়া এবং অফিসিয়াল যোগাযোগ মাধ্যমেও এই অংশীদারিত্বের ব্র্যান্ডিং থাকবে।
সেইলর-র চিফ এক্সিকিউটিভ অফিসার মো. রেজাউল কবির বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ হকি দল আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, এই যাত্রায় তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ইপিলিয়ন গ্রুপ ও সেইলর সবসময় সম্ভাবনাময় তরুণদের উৎসাহিত করতে বিশ্বাস করে। এই স্পন্সরশিপ শুধু আর্থিক সহায়তা নয়, এটি বাংলাদেশের ক্রীড়া ভবিষ্যতের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন।’
বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান (অব.) বলেন, ‘বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ হকি দলের পাশে দাঁড়ানোর জন্য আমরা ইপিলিয়ন গ্রুপ ও সেইলরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাদের এই সহায়তা দলের প্রস্তুতি, অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো পারফরম্যান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এশিয়ান গেমসের বাছাই ফাইনালে চায়নিজ তাইপের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশের নারী হকি দল। গত সপ্তাহে পূর্ব এশিয়ার দলটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেও আজ নিজেদের মেলে ধরতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
জাকার্তার জিবিকে হকি স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালের প্রধমার্ধ শেষ হয় ১-১ গোলের ব্যবধানে। ম্যাচের অষ্টম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে উৎসব এনে দেন অধিনায়ক অর্পিতা পাল। তবে ১৭তম মিনিটে বাংলাদেশর ছন্নছাড়া রক্ষণের সুযোগ নিয়ে সমতায় ফেরে চাইনিজ তাইপে। ওয়াং চিউর গোলের পর স্বস্তি নিয়ে বিরতিতে যায় তারা।
বিরতির পর ৩২তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। ২-১ ব্যবধানে লিড নেওয়ার পর ৪০তম মিনিটে স্কোরলাইন ৩–১ করে ফেলে তাইপে। এরপর অবশ্য আরও একটি গোল পরিশোধ করে বাংলাদেশ। অর্পিতার সেই গোলের পর শেষদিকে আক্রমণের পসরা সাজালেও খেলায় ফিরতে পারেনি লাল-সবুজ দল।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস হকি টুর্নামেন্টের বাছাইপর্বে প্রথমবার খেলতে নেমেই ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা। এশিয়ান গেমসের বাছাইপর্বে আজ হংকং চায়নাকে ২–১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার পাশাপাশি প্রথমবার এশিয়ান গেমসেও নাম লেখাল লাল–সবুজের প্রতিনিধিরা।
ইন্দোনেশিয়ার জাকার্তায় আজ ‘এ’ গ্রুপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে ড্র করলেই মূলপর্বের টিকিট কাটার লক্ষ্য পূরণ হতো বাংলাদেশের। শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেই প্রাপ্তির পূর্ণতায় ভেসেছে জাহিদ হোসেন রাজুর শিষ্যরা।
চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ ড্রয়ে আসর শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারায়। আন্তর্জাতিক আঙিনায় এটি ছিল দলের প্রথম জয়।
তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট সাত। নিয়ম অনুযায়ী দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবে সরাসরি আগামী সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ। এ সমীকরণ বাংলাদেশ মিলিয়ে নিল অপরাজিত থেকে নকআউট পর্বে উঠে।
পুল ‘এ’তে চাইনিজ তাইপে উজবেকিস্তানকে হারালে তাদেরও বাংলাদেশের সমান সাত পয়েন্ট হবে। তখন গোল ব্যবধানে গ্রুপ সেরা নির্ধারণ হবে। ড্র করলে চাইনিজ তাইপে গ্রুপ রানার্স আপ হবে। আর উজবেকিস্তান জিতলে ছয় পয়েন্টে তাইপেকে টপকে তারা গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনাল খেলবে।
ম্যাচের শুরুতে লিড নেয় হংকং। এরপর ১০ মিনিটে সমতায় ফিরে বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে দুই দলের কেউ গোল করতে পারেনি। তৃতীয় কোয়ার্টারে কনার গোলে লিড নেয় বাংলাদেশ। এমার বাড়িয়ে দেয়া বল হংকংয়ের গোলরক্ষক আটকানোর চেষ্টা করে সফল হননি। গোলরক্ষকের সামনে পড়া বল স্টিক দিয়ে দারুণ দক্ষতায় গোল করেন কনা। বাংলাদেশ এই কোয়ার্টারে আরও পেনাল্টি কর্নার পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি। শেষ কোয়ার্টারে দুই দলই গোলের চেষ্টা করে ব্যর্থ হয়।
এ বছরের সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। যেখানে এই প্রথম বাংলাদেশ পুরুষ হকি দলের পাশাপাশি নারী হকি দলও অংশ নেবে।

আন্তর্জাতিক হকির আঙিনায় নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল। নিজেদের ইতিহাসের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জয় তুলে নিলো বাংলাদেশ। আজ উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
প্রথম ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করার পর এই জয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ।
ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেছে মেয়েদের। ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন শারিকা রিমন। তবে সমতায় ফিরতে সময় নেয়নি উজবেকিস্তান; ঠিক এক মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোলটি শোধ করেন খুজায়েভা মাদিনাবোনু।
২৪ মিনিটে কনা আক্তারের দুর্দান্ত এক ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজরা। বিরতির পর ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলের ব্যবধান ৩-১ করেন আইরিন আক্তার রিয়া।
৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে উজবেকিস্তান ব্যবধান ৩-২ করলেও বাকি সময়টা লিড ধরে রাখে বাংলাদেশ। এই জয়ে ম্যাচসেরা হয়েছেন আইরিন আক্তার রিয়া।
পুলের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে পিছিয়ে থেকেও ৫-৫ গোলে ড্র করে ১ পয়েন্ট অর্জন করেছিল বাংলাদেশ। আজ উজবেকিস্তানকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ায় ‘পুল এ’তে বাংলাদেশের অবস্থান এখন সুসংহত।
আগামী পরশু পুল পর্বের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় বা ড্র করতে পারলেই সেমিফাইনালের সঙ্গে এশিয়ান গেমসে খেলারও টিকিট পাবেন অর্পিতা-আইরিনরা।

ম্যাচের তৃতীয় কোয়ার্টারে এক পর্যায়ে ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকেও জেতা হলো না লাল সবুজের মেয়েদের। তারপরও নারী হকিতে বাংলাদেশের যাত্রাটা হলো রোমাঞ্চকর।
এশিয়ান গেমস হকি বাছাইয়ে আজ বৃহস্পতিবার ১০ গোলের থ্রিলারে চায়নিজ তাইপেকে ৫-৫ ব্যবধানে রুখে দিয়েছে জাহিদ আহমেদ রাজুর দল।
চায়নিজ তাইপে র্যাঙ্কিংয়ের ৫৫তম দল হওয়ায় কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই খেলতে নামে আনকোরা বাংলাদেশ। যদিও মাঠের লড়াইয়ে চোখে চোখ রেখে খেলে সিনিয়র পর্যায়ে নিজেদের ইতিহাসে প্রথম ম্যাচ খেলা বাংলাদেশ নারী হকি দল।
ইন্দোনেশিয়ার জাকার্তার জিবিকে হকি মাঠে প্রথম কোয়ার্টারেই জমে ওঠে ম্যাচ। অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। কিন্তু পরের মিনিটেই সমতা ফেরায় চায়নিজ তাইপে। দশম মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবারও বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক অর্পিতা পাল। ১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ৩-১ করেন বাংলাদেশ অধিনায়ক।
এরপর শুরু হয় চায়নিজ তাইপের প্রতিরোধ। দ্বিতীয় কোয়ার্টারের ভেতরই ম্যাচে সমতা ফেরায় তারা। তৃতীয় কোয়ার্টারে এগিয়ে যায় ৫-৩ গোলেও।
বাংলাদেশ অবশ্য হার মানেনি। ৪০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান কমান কনা আক্তার। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন অর্পিতা।
আগামীকাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।