
একের পর এক গোলে মৌসুমে উড়ন্ত সূচনা পেয়েছিলেন কিলিয়ান এমবাপে। তবে উড়তে থাকা ফরাসি ফরোয়ার্ড হঠাৎ আছড়ে পড়েছেন মাটিতে। হাঁটুর চোট বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে তাঁর। আর এই চোটের তদারকি নাকি ঠিকঠাক করতে পারছে না এমবাপের ক্লাব রিয়াল মাদ্রিদ। তাতেই চটেছেন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির তারকা ফরোয়ার্ড। রিয়ালের মেডিকেল টিম তাঁর চোটের কোনো সমাধান করতে ব্যর্থ হওয়ায় প্রতিকারের জন্য গেলেন নিজের দেশ ফ্রান্সে।
গত সপ্তাহে ফ্রান্সে গিয়ে কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেন এমবাপে। ডিসেম্বর থেকে শুরু হওয়া বাঁ হাঁটুর চোট এখনও পীড়া দিচ্ছে তাকে। এই চোটের কারণে চ্যাম্পিয়নস লিগের প্লে অফে বেনফিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেনি তিনি। চোটের কোনো উন্নতি না হওয়ায় ফ্রান্সে বিশেষজ্ঞদের কাছে যাচ্ছেন এমবাপে। রিয়াল মাদ্রিদও তাঁর এই ভ্রমণের অনুমতি দিয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এমবাপে রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের পরিষেবায় পুরোপুরি সন্তুষ্ট নন। তাঁর মতে, গত তিন মাসে সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি চোটের সমস্যার কার্যকর সমাধান দিতে ব্যর্থ হয়েছে। যার প্রভাব পড়েছে পারফরম্যান্সেও। পাশপাশি তাকে প্রতিনিয়ত দলের বাইরেও থাকতে হচ্ছে। এমবাপ্পে বিশ্বাস করেন, বাইরে থেকে অন্য বিশেষজ্ঞের মতামত তার চিকিৎসা ও সুস্থতার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে।
এমবাপের চোটের ধরনও নিশ্চিত নয়। এখন প্রধান লক্ষ্য হলো হাঁটুর সমস্যার মূল কারণ চিহ্নিত করে তা সমাধান করা এবং মৌসুমের গুরুত্বপূর্ণ অংশে দলে ফেরা। গত ৭ ডিসেম্বর সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে এমবাপে ইর্ন্টানাল ল্যাটারাল লিগামেন্টে সমস্যা অনুভব করেছিলেন, তবে এখন পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট –এর সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে। চোটের সঠিক অবস্থান নির্ধারণ করা হলে আরও আগেই লক্ষ্যভিত্তিক চিকিৎসা সম্ভব হত। সেটা না হওয়ায় শেষ পর্যন্ত মাদ্রিদ ছেড়ে নিজ দেশেই পরামর্শ নেওয়া যুৎসই মনে করছেন এমবাপে।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে অনিশ্চিত এমবাপে। রিয়াল মাদ্রিদ ও এমবাপ্পের লক্ষ্য স্পষ্ট: চ্যাম্পিয়নস লিগের পরবর্তী রাউন্ডের জন্য শতভাগ প্রস্তুত থাকা। প্রথম লেগ ১১ মার্চ, এবং দ্বিতীয় লেগ হবে ১৮ মার্চ। ক্লাব প্রত্যাশা দলের আক্রমণভাগের মধ্যমণি এরমধ্যেই ফিট হয়ে ফিরবে। তবে ফরাসি তারকা ফরোয়ার্ডের মাঠে ফেরার সময়সীমা এখনো নিশ্চিত নয়। শেষ পর্যন্ত হাঁটুর অস্ত্রপচার করালে ফেরার সময় আরও দীর্ঘায়িতই হবে।
২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে ৩৬ ম্যাচে ৩৯ গোলে সঙ্গে পাঁচটি অ্যাসিস্ট করেছেন এমবাপে। এরমধ্যে লা লিগায় ২৩ গোল করে আছেন গোলদাতার তালিকায় শীর্ষে। এছাড়া চ্যাম্পিয়নস লিগেও সর্বোচ্চ গোল ২৭ বছর বয়সী ফরোয়ার্ডেরও। ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ৮ ম্যাচেই করেছেন ১৩ গোল।
No posts available.

বয়স ৩৮ হলেও পায়ের জাদু যে বিন্দুমাত্র কমেনি, তা আরও একবার প্রমাণ করলেন লিওনেল মেসি। ওরলান্ডো সিটির বিপক্ষে সবশেষ ম্যাচে ইন্টার মায়ামির ৪-২ ব্যবধানের জয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন এই খুদে জাদুকর।
আর এই ম্যাচেই উঠে এসেছে এক বিস্ময়কর পরিসংখ্যান- গত আট বছরে পেনাল্টির চেয়ে ফ্রি-কিক থেকেই বেশি গোল করেছেন মেসি।
২০১৮ সাল থেকে এখন পর্যন্ত মেসি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেছেন ৩৬টি। বিপরীতে এই সময়ে পেনাল্টি থেকে তার গোলের সংখ্যা ৩৫। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো ২০১৮ সাল থেকে পেনাল্টিতে ৮৩ গোল করলেও ফ্রি-কিক থেকে পেয়েছেন মাত্র ১১ গোল।
আরও পড়ুন
| ঘরের মাঠে রিয়ালের হার, বার্সার সঙ্গে ব্যবধান বাড়ল আরও |
|
ওরলান্ডোর বিপক্ষে করা দ্বিতীয় গোলটি ছিল মেসির ক্যারিয়ারের ৭০তম ফ্রি-কিক গোল। বর্তমানে তিনি ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ফ্রি-কিক গোলদাতা। মেসির সামনে এখন কেবল তিন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার- মার্সেলিনো কারিওকা (৭৮), রবার্তো দিনামিতে (৭৫) এবং জুনিনহো (৭২)।
৬৩ ফ্রি-কিক গোল নিয়ে তালিকায় নবম স্থানে রয়েছেন রোনালদো। আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা ৬১ গোল নিয়ে আছেন দশম স্থানে।
এমএলএসে আগামী শনিবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মায়ামি। তার আগে বৃহস্পতিবার গত মৌসুমের এমএলএস কাপ জয়ের স্বীকৃতি হিসেবে হোয়াইট হাউসে সংবর্ধনায় যোগ দিতে যাবেন মায়ামির খেলোয়াড়রা।
এটিই হবে মেসির প্রথম হোয়াইট হাউস সফর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সমর্থকদের উদ্দেশে নাৎসি স্যালুট দেওয়ার দায়ে টটেনহাম হটস্পারকে জরিমানা করেছে ইউয়েফা।
একই সঙ্গে ক্লাবটির সমর্থকদের ওপর অ্যাওয়ে ম্যাচে টিকিট বিক্রিতে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
গত ২৮ জানুয়ারি ফ্রাঙ্কফুর্টের ডয়চে ব্যাংক পার্কে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এই ঘটনা ঘটে। টটেনহামের ২-০ গোলে জয় পাওয়া ম্যাচটিতে সমর্থকরা নাৎসি স্যালুট দেয়।
ইউয়েফা জানিয়েছে, গ্যালারিতে সমর্থকদের বর্ণবাদী এবং বৈষম্যমূলক আচরণের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে। বর্ণবাদী আচরণের জন্য টটেনহামকে ৩০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। এ ছাড়া গ্যালারি থেকে বিপজ্জনক বস্তু ছুড়ে মারার অপরাধে আরও ২ হাজার ২৫০ ইউরো জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন
| ঘরের মাঠে রিয়ালের হার, বার্সার সঙ্গে ব্যবধান বাড়ল আরও |
|
সমর্থকদের ওপর আরোপিত এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাটি আগামী এক বছর পর্যবেক্ষণকালীন সময়ে কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে সমর্থকদের কাছে অ্যাওয়ে ম্যাচের টিকিট বিক্রি করতে পারবে না ক্লাবটি।
ক্লাব সমর্থকদের এমন আচরণকে পুরোপুরি জঘন্য বলে অভিহিত করেছে টটেনহাম কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে ইংলিশ ক্লাবটি জানায়, ‘আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের প্রতি নাৎসি স্যালুট দেওয়া তিন ব্যক্তিকে আমরা শনাক্ত করেছি। ক্লাবের নীতিমালা অনুযায়ী তাদের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।‘
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমাদের ক্লাব সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। ওই রাতে গ্যালারিতে মুষ্টিমেয় কিছু তথাকথিত সমর্থকের এই জঘন্য আচরণ কোনোভাবেই ক্লাব এবং সাধারণ সমর্থকদের মূল্যবোধের প্রতিফলন নয়।‘
ইউরোপীয় ফুটবলে বর্ণবাদ ও নাৎসি ভাবাদর্শের প্রদর্শন বর্তমানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে বেনফিকার বিপক্ষে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগ জয়ের আগে এক সমর্থকের নাৎসি স্যালুট দেওয়ার অভিযোগ ওঠায় তদন্ত শুরু করেছে স্প্যানিশ ক্লাবটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে স্তব্ধতা নামিয়ে মার্তিন সাত্রিয়ানোর দুর্দান্ত গোল। সেই এক গোলেই ২০০৮ সালের পর রিয়াল মাদ্রিদের ডেরায় জয় পেল গেতাফে।
সোমবার রাতে লা লিগায় ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের হার ১-০ গোলে। ওসাসুনার কাছে হারের পর লিগে এটি তাদের টানা দ্বিতীয় পরাজয়।
এই হারে ২৬ ম্যাচ শেষে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে থাকল লস ব্ল্যাঙ্কোসরা।
চোটের কারণে কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামের অনুপস্থিতিতে আক্রমণের দায়িত্ব ছিল ভিনিসিউস জুনিয়র ও আরদা গুলেরের কাঁধে। কিন্তু গেতাফে গোলকিপার ডেভিড সোরিয়া এদিন ছিলেন দুর্ভেদ্য দেয়াল হয়ে।
আরও পড়ুন
| মাদ্রিদ ছাড়লেন অসন্তুষ্ট এমবাপে |
|
১৩ মিনিটে ভিনিসিউসের নিচু শট পা দিয়ে আটকে দেওয়ার পর ২৪ মিনিটে আরদা গুলেরের বুলেট গতির শট রুখে দেন সোরিয়া। প্রথমার্ধের শেষ দিকে চুয়ামেনির হেডও জমা পড়ে তার গ্লাভসে।
ম্যাচের ৩৯ মিনিটে লিড নেয় গেতাফে। বক্সের বাইরে থেকে মাউরো আরামবারির হেড করা বল বাতাসে ভাসমান অবস্থায় জোরালো ভলিতে জালে জড়ান সাত্রিয়ানো। থিবো কোর্তোয়া ঝাঁপিয়েও বলের নাগাল পাননি।
দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটের মধ্যেই তিনটি পরিবর্তন আনেন আলভারো আরবেলোয়া। রদ্রিগো, ডিন হুইসেন এবং দানি কারভাহালকে মাঠে নামান রিয়াল কোচ। পুরো ম্যাচে ৭৭ শতাংশ বল দখলে রাখা রিয়াল তাতেও গোলের দেখা পায়নি।
শেষ ১৫ মিনিটে আন্তোনিও রুডিগার এবং হুইসেন গোলের সুবর্ণ সুযোগ পেলেও লক্ষ্যভেদে ব্যর্থ হন। ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে লড়লেও গেতাফের রক্ষণভাগের দৃঢ়তা এবং গোলরক্ষক ডেভিড সোরিয়ার দেয়াল ভাঙতে পারেনি স্বাগতিকরা।
ম্যাচের শেষ দিকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যোগ করা সময়ে রেফারির সিদ্ধান্ত নিয়ে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বদলি হিসেবে নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এর কিছুক্ষণ পর সময় নষ্ট করার দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় গেতাফের আদ্রিয়ান লিসোকেও।
এই জয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে উঠে এলো গেতাফে। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা।

পিএসজির বিপক্ষে বার্সেলোনার সেই মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প কার না জানা। চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাবটির বিপক্ষে যেভাবে ঘুরে দাড়িয়ে জয় ছিনিয়ে এনেছিল কাতালান ক্লাবটি, অবিশ্বাস্য সেই মূহূর্ত শুধু বার্সা নয় ফুটবলের ইতিহাসেরই অন্যতম সেরা। এবার আরও একবার ঘুরে দাড়ানোর কঠিন চ্যালেঞ্জের সামনে বার্সা। অনেকের মতে যেটা অসম্ভব, সেটাই সম্ভব করে দেখাতে চান স্প্যানিশ ক্লাবটির কোচ হান্সি ফ্লিক।
আগামীকাল কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত দু’টায় শুরু হওয়া ম্যাচটি হবে ক্যাম্প ন্যুতে। কোপা দেল রে’র সেমির প্রথম লেগে দিয়াগো সিমিওনের দলের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া বার্সাকে ফাইনালে যেতে হলে করতে হবে পাঁচ গোল।
অসম্ভব এক প্রত্যাবর্তনের গল্প লিখেই ফাইনালের টিকিট কাটতে হবে বার্সাকে। আর এই অসম্ভবকেই নাকি সম্ভব করতে মাঠে নামবে লামিনে ইয়ামাল-রাফিনিয়ারা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘সবারই জানা আছে আমরা চার গোল পিছিয়ে আছি এবং আমরা অসম্ভবকে সম্ভব করতে চাই। আমরা হাল ছাড়ব না। এটা একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের বিশ্বাস করতে হবে।’
ছন্দের তুঙ্গে থেকেই ঘরের মাঠে আতলেতিকোর মুখোমুখি হবে বার্সা। নিজেদের সবশেষ ম্যাচে লা লিগায় ভিয়ারিয়ালকে তারা উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। ক্লাবটির সবচেয়ে বড় তারকা ইয়ামাল করেন ক্যারিয়ারের হ্যাটট্রিক। এছাড়া চোট থেকে ফিরে এসেই চিরচেনা জাদু দেখান পেদ্রি। এই ম্যাচের দারুণ ছন্দ ধরে রেখে আতলেতিকোর বিপক্ষে ঝাপিয়ে পড়বে শিষ্যরা, এমনটাই বিশ্বাস ফ্লিকের, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম গোলের দিকে মনোযোগ দেওয়া। আমাদের বুদ্ধিমানের সঙ্গে খেলতে হবে। আমরা সেটা পাওয়ার জন্য ক্ষুধার্ত থাকব, আর আমি চাই সেই ক্ষুধা দেখতে। শেষ ম্যাচে আমরা সম্পূর্ণ ভিন্ন একটি দল দেখেছি, অনেক বেশি তীব্রতা ছিল। আমাদের একসঙ্গে দল হিসেবে খেলতে হবে। এটাই মূল চাবিকাঠি।’
আতলেতিকোর বিপক্ষে নিজেদের প্রধান অস্ত্র ইয়ামালকে নিয়ে ফ্লিক বলেন, ‘মুখ্য বিষয় হলো দল পুরোপুরি সংযুক্ত আছে। লামিনের প্রথম গোলটি ফারমিনের ভালো রিকভারি ও পাসের পর এসেছে। লামিনের সেই মুহূর্তে সঠিক জায়গায় থাকার গুণ আছে। গোলের পর, সে অসাধারণ খেলেছে, আমি সেটা পছন্দ করেছি। আমাদের সবাইকে প্রয়োজন, শুধুমাত্র লামিন নয়।’
অবশ্য চোটের কারণে অভিজ্ঞ ফরোয়ায়র্ড রবার্ট লেভাডফস্কিকে পাচ্ছে না বার্সা। পোলিশ ফরোয়ার্ডের চোট নিয়ে ফ্লিক বলেন, ‘আমাদের এটা গ্রহণ করতে হবে এবং মোকাবিলা করতে হবে। আমাদের খুব একটা ভাগ্যবান না, সে ঘুরতে ঘুরতে প্রতিপক্ষের সঙ্গে ধাক্কা খেল এবং তারপর গোল করলো… এমন খেলোয়াড় না থাকার সমস্যা সর্বদা থাকে, তবে দল সবসময় এটি ভালোভাবে সামলাতে সক্ষম। এটি অন্যান্য খেলোয়াড়দের নিজেদের প্রমাণ করার সুযোগও দেবে।’
কোপা দেল রে’র সবচেয়ে সফল দল বার্সেলোনা। এই প্রতিযোগিতায় মোট ৩২বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। সবশেষ আসরের চ্যাম্পিয়নও কাতালান ক্লাবটি।

আল-ফেইহা এর বিপক্ষে পেনাল্টি মিসের পর ষোলকলা পূর্ণ করে চোট নিয়ে মাঠ ছাড়েন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ওই ম্যাচে আল নাসর ৩-১ গোলে জিতলেও ‘সিআর সেভেনের’ চোটে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে সমর্থকদের। অবশ্য আল নাসরের কোচ জর্জে জেসুসের কথা কিছুটা আশ্বস্ত হতে পারেন সমর্থকরা। রোনালদোর চোট তেমন গুরুতর নয় বলছেন পর্তুগিজ কোচ।
গতকাল আল-ফেইহার বিপক্ষে ম্যাচে ৮১ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন রোনালদো। কিছুক্ষণের মধ্যেই তারকা ফরোয়ার্ডকে বেঞ্চে ডান হ্যামস্ট্রিংয়ে আইস প্যাক নিয়ে বসে থাকতে দেখা যায়। ৪১ বছর বয়সেও দারুণ ফিট থাকলেও, এই বয়সে যেকোনো চোটই গুরুতর হয়ে উঠতে পারে। তাতে শুধু ক্লাবই নয়, আসন্ন বিশ্বকাপে ফিট থাকার চ্যালেঞ্জে পড়তে পারেন রোনালদো।
ম্যাচ শেষে আল নাসর কোচ জর্জে জেসুস বলেন, ‘সে (রোনালদো) পেশির ক্লান্তি (মাসল ফেটিগ) অনুভব করেছে। আমরা ২–১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আমি ঝুঁকি নিতে চাইনি, তাই তাকে বদলি করি। মেডিক্যাল বিভাগ তার অবস্থা মূল্যায়ন করবে, তবে সে যা অনুভব করেছে তা শুধু মাসল ফ্যাটিগ।’
রোনালদোর সামনে এখন কিছুটা বিশ্রামের সুযোগ রয়েছে। আল নাসর নিশ্চিত করেছে, আগামী ৪ মার্চ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আল ওয়াসল–এর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
লিগ শিরোপার লড়াই যখন চূড়ান্ত পর্যায়ে, এমন সময়ে দলের সেরা ফুটবলারের চোটে বড় হোঁচটই খেতে হবে আল নাসরকে। এর সঙ্গে আছে বিশ্বকাপের ঘনিয়ে আসার চিন্তা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপই রোনালদোর ‘লাস্ট ডান্স’। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে শেষবার নেমে প্রথমবার পর্তুগালকে বিশ্বকাপ জেতানোর অপেক্ষায়ই যে আছেন রোনালদো।
অবশ্য চোট একপাশে রেখে দারুণ ছন্দেই আছেন রোনালদোর। বর্তমানে লিগে-এর সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে আছেন পর্তুগাল অধিনায়ক। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর গোল সংখ্যা ২১। তালিকার শীর্ষে আছেন ইংলিশ ফরোয়ার্ড ইভান টনি। ২৩ ম্যাচে ২৩ গোল করেছেন আল আহলির ফরোয়ার্ড।
রোনালদোর পারফরম্যান্সে দারুণ ছন্দে আছে আল নাসরও। লিগে ২৪ ম্যাচে ২০ জয়ে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ক্লাবটি। সমান ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে আল আহলি।