
শীতকালীন দলবদলে আল হিলালে যোগ দেওয়ার পর যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন করিম বেনজেমা। বৃহস্পতিবার রাতে ফরাসি তারকার বিধ্বংসী হ্যাটট্রিকে আল-খুলুদকে উড়িয়ে দিয়েছে আল-হিলাল।
কিংডম অ্যারেনায় সৌদি প্রো লিগে আল-হিলালের জয় ৬-০ ব্যবধানের। চোট থেকে ফিরে ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিক করেন বেনজেমা।
আল-হিলালের হয়ে গোলবন্যার শুরুটা করেন মোতেব আল-হারবি। ম্যাচের সপ্তম মিনিটে ডান দিক থেকে ভেতরে ঢুকে জোরালো শটে দলকে লিড এনে দেন তিনি। এক মিনিট পরেই নিজের প্রথম গোলটি করেন বেনজেমা। মালকমের দেওয়া পাস থেকে খুব কাছ থেকে বল জালে জড়ান তিনি। ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। শুরুতে পেনাল্টি শট গোলকিপার হুয়ান পাবলো কোজানি ঠেকিয়ে দিয়েছিলেন, তবে ফিরতি বলে হেড করে গোল করেন বেনজেমা।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সার্জেই মিলিনকোভিচ-সাভিচের ক্রস থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বেনজেমা। আল-হিলালে যোগ দেওয়ার প্রথম সাত ম্যাচের মধ্যে ফরাসি তারকার দ্বিতীয় হ্যাটট্রিক এটি। এর আগে গত ফেব্রুয়ারিতে আল-হিলালের হয়ে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন ৩৮ বছর বয়সি ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধেও আল-হিলাল আক্রমণের গতি বজায় রাখে। ৫৫ মিনিটে সালেম আল-দাওসারী নিজের প্রথম গোল করেন। ৭৬ মিনিটে বেনজেমার সহায়তায় বদলি খেলোয়াড় মার্কোস লিওনার্দো ষষ্ঠ গোল করে দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে থাকা আল-নাসরের একদম কাছাকাছি চলে এসেছে আল-হিলাল। ২৭ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আল-নাসর। এক ম্যাচ বেশি খেলে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আল-হিলাল।
No posts available.
৯ এপ্রিল ২০২৬, ৫:১৪ পিএম
৯ এপ্রিল ২০২৬, ১:১৯ পিএম
৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ এম

ইতালির খেলোয়াড়রা নাকি বিশ্বকাপে উঠতে পারলে বোনাস দাবি করেছেন, এমন খবরকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন অধিনায়ক জিয়ানলুইজি দোনারুম্মা। ইতালিয়ান সংবাদমাধ্যমে প্রকাশিত সেই প্রতিবেদন তাকে ‘কষ্ট দিয়েছে’ বলেও জানিয়েছেন এই গোলরক্ষক।
স্কাই স্পোর্টস ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন দোনারুম্মা
“অধিনায়ক হিসেবে আমি কখনোই ইতালি জাতীয় দলের কাছে একটি ইউরোও দাবি করিনি। জাতীয় দল সব সময়ের মতোই বড় টুর্নামেন্টে ওঠার পর খেলোয়াড়দের একটি উপহার দেয়। এর বাইরে কিছু নয়।”
চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি পরপর তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটতে ব্যর্থ হয়েছে। গত মাসে প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে ছিটকে যায় আজ্জুরিরা।
ব্যর্থতার জেরে পদত্যাগ করেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। জাতীয় দলের ডেলিগেশন প্রধানের দায়িত্ব ছাড়েন সাবেক কিংবদন্তি গোলরক্ষক জিনালুইজি বুফন। একই সঙ্গে কোচের পদ থেকেও সরে দাঁড়ান কিংবদন্তি জেনারো গাত্তুসো।
এর মাঝে ইতালিয়ান সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়, বিশ্বকাপে উঠতে পারলে ইতালির ফুটবল ফেডারেশনের কাছে অগ্রিম বোনাসের দাবি করেছেন ফুটবলাররা। সেই খবরের সত্যতা নেই বলেই জানিয়েছেন দোনারুম্মা।
একইসঙ্গে সামনের দিনের জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তারকা গোলরক্ষক।
“নতুন করে শুরু করতে হবে, সামনে এগোতে হবে। আবার ঘুরে দাঁড়াতে হবে। পরের বিশ্বকাপের জন্য চার বছর অপেক্ষা করতে হবে, তবে এর মধ্যে ইউরো ও নেশনস লিগের মতো বড় টুর্নামেন্ট আছে।”
“বিশ্বকাপ নিয়ে ভাবার আগে মাঝের বড় প্রতিযোগিতাগুলোতে ভালো করতে হবে। এখন থেকেই শক্তভাবে নতুন শুরু করতে হবে।”

আন্তর্জাতিক বিরতির পর গত মঙ্গলবার ফিরেছে ঘরোয়া ফুটবল। তবে সেদিন ছিল ফেডারেশন কাপের দুটি ম্যাচ। আগামীকাল থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) খেলা। কুমিল্লায় জমজমাট এক ম্যাচ দিয়েই ফিরছে লিগের খেলা। মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান ম্যাচটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়। ফুটবল লিগের খেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল টি-স্পোর্টস। এই মৌসুমে লিগে এটি দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ। প্রথম দেখায় দারুণ এক রোমাঞ্চকর ম্যাচই উপভোগ করেন কুমিল্লার ফুটবল সমর্থকেরা। ৫ গোলের সেই ম্যাচটিতে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছিল সাদা-কালোরা।
আরও পড়ুন
| ৭ ম্যাচে দ্বিতীয় হ্যাটট্রিক, থামছেই না বেনজেমা ঝড় |
|
ঢাকা ডার্বিতে লিগের প্রথম দেখায় আবাহনীকে হারিয়ে মোহামেডান এগিয়ে গেলেও লিগ টেবিলে পিছিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা। ১১ রাউন্ড শেষে মোহামেডানের সংগ্রহ ম্যাচ সমান পয়েন্ট। টেবিলের ছয়ে থাকা আলফাজ আহমেদের দল লিগে জয় পেয়েছে স্রেফ দুটি ম্যাচে।
আবাহনী আছে এই তালিকার তিনে। সমান ম্যাচে ৫ জয় দুই হার ও ৪ ড্রয়ে আকাশি-নীলদের ঝুলিতে ১৯ পয়েন্ট। লিগ টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে ব্যবধান ৫ পয়েন্টের। শিরোপা রেসে এখনো টিকে আছে ধানমন্ডিপাড়ার ক্লাবটি। কাল আবাহনীকে হারাতে পারলে দুইয়ে থাকা ফর্টিস এফসিকে টপকে যাবে আবাহনী। একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে প্রতিশোধও নেওয়া হবে। শেষ পর্যন্ত ঢাকা ডার্বি কে জেতে সেটিই দেখার অপেক্ষা।
একই দিনে বাংলাদেশ ফুটবল লিগে ম্যাচ রয়েছে আরও দুটি। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ফকিরেরপুলকে মোকাবিলা করবে ব্রাদার্স ইউনিয়ন। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডির প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। এই দুটি ম্যাচও মাঠে গড়াবে বিকাল সাড়ে ৩টায়।

ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে ৬ পয়েন্ট কাটার বিরুদ্ধে লেস্টার সিটির করা আপিল খারিজ হয়ে গেছে। এই সিদ্ধান্তের ফলে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেটেড হওয়ার পর এখন চ্যাম্পিয়নশিপ লিগেও টিকে থাকার ঘোর সংকটে পড়ল হামজা চৌধুরীর দল।
২০২৩-২৪ মৌসুম পর্যন্ত তিন বছরের লাভ ও টেকসই নীতি (পিএসআর) ভঙ্গের অভিযোগে গত মে মাসে লেস্টারের বিরুদ্ধে মামলা করে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি স্বাধীন কমিশন লেস্টার সিটিকে ৬ পয়েন্ট জরিমানা করেছিল।
এর ফলে পয়েন্ট তালিকায় ১৭তম স্থান থেকে ২০তম স্থানে নেমে যায় লেস্টার। বর্তমানে মৌসুমে বাকি আর মাত্র পাঁচটি ম্যাচ, ২৩ নম্বরে থেকে তৃতীয় স্তরে নেমে যাওয়ার শঙ্কায় রয়েছে ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ জেতা ক্লাবটি।
আরও পড়ুন
| ‘ভিএআর শুধু আতলেতিকোর জন্য কাজ করেছে’, রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ ফ্লিক |
|
আপিল খারিজ হওয়ার পর এক বিবৃতিতে লেস্টার সিটি জানিয়েছে, ‘বিষয়টির এখন নিষ্পত্তি হয়েছে এবং মৌসুমের আর মাত্র পাঁচটি ম্যাচ বাকি। ক্লাবের সবাই এখন মাঠের লড়াইয়ে ভালো ফল করে মৌসুম শেষ করার দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছে। আমরা জানি এটি একটি কঠিন সময় ছিল এবং সমর্থকদের সমর্থনের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।‘
প্রিমিয়ার লিগের তিন বছরের লোকসানের সীমা ১০৫ মিলিয়ন পাউন্ড হলেও চ্যাম্পিয়নশিপের ক্লাবগুলোর জন্য এটি প্রতি মৌসুমে ১৩ মিলিয়ন পাউন্ড করে কম হয়। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ পর্যন্ত সময়সীমার জন্য লেস্টার সিটির নির্ধারিত সীমা ছিল ৮৩ মিলিয়ন পাউন্ড, কিন্তু তারা সেটি ছাড়িয়ে আরও ২০.৮ মিলিয়ন পাউন্ড অতিরিক্ত লোকসান করেছে।
লেস্টার যুক্তি দিয়েছিল তাদের হিসাব ৩৬ মাসের বদলে ৩৭ মাসের ভিত্তিতে দেখা হয়েছে, কিন্তু কমিশন সেই যুক্তি নাকচ করে দেয়।
পয়েন্ট কাটার সিদ্ধান্তের পর থেকে লেস্টারের ফর্ম আরও খারাপ হয়েছে। সব ধরনের প্রতিযোগিতায় গত ১২ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। নতুন অন্তর্বর্তীকালীন কোচ গ্যারি রোয়েটের অধীনে ক্লাবটি এখন টানা দ্বিতীয়বারের মতো রেলিগেশন এড়ানোর এক কঠিন পাহাড়সম চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। বধ এই হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। তাঁর মতে, বার্সেলোনাকে একটি পেনাল্টি দেওয়া উচিত ছিল এবং মার্ক পুবিলকে লাল কার্ড দেখানো উচিত ছিল।
৪৪ মিনিটে বার্সেলোনার পাও কুবারসি লাল কার্ড দেখলে ম্যাচের মোড় ঘুরে যায়। সেই ফ্রি-কিক থেকে আতলেতিকোকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। এরপর ৭০ মিনিটে বদলি খেলোয়াড় আলেকজান্ডার সরলথ গোল করলে ২০০৬ সালের পর ক্যাম্প ন্যুতে প্রথম জয়ের স্বাদ পায় ডিয়েগো সিমিওনের দল।
তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তটি ফ্লিককে সবচেয়ে বেশি ক্ষুব্ধ করেছে। আতলেতিকো গোলকিপার হুয়ান মুসো বক্সের ভেতর ছোট করে একটি গোলকিক নেন। ডিফেন্ডার মার্ক পুবিল সম্ভবত মনে করেছিলেন খেলা শুরু হয়নি, তাই তিনি হাত দিয়ে বলটি থামিয়ে আবার মুসোকে দেন। বার্সার খেলোয়াড়রা পেনাল্টির জোরালো দাবি জানালেও রেফারি বা ভিএআর তাতে সাড়া দেয়নি।
ম্যাচ শেষে ক্ষুব্ধ ফ্লিক বলেন,
‘আমি জানি না গোলকিপার খেলা শুরু করার পর ডিফেন্ডার হাত দিয়ে বল থামিয়ে আবার খেলা শুরু করলে সেটা কেন পেনাল্টি হবে না। এটা পরিষ্কার লাল কার্ড এবং পেনাল্টি ছিল। ভিএআর আজ শুধু আতলেতিকোর জন্যই কাজ করছিল। ভিএআর-এ আজ একজন জার্মান ছিল, তাই ধন্যবাদ জার্মানি!’
ম্যাচের ৫৫ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখে বার্সেলোনা। গোলের জন্য তারা করে মোট ১৮টি শট। এর মধ্যে ৭টি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু একটিও প্রবেশ করেনি জালে। বিপরীতে ৩টি লক্ষ্য বরাবর শট করে দুই গোল আদায় করে নেয় আতলেতিকো।
ফ্লিক মনে করেন, তাঁর দল যেভাবে খেলেছে তাতে সেমিফাইনালে যাওয়ার আশা এখনো শেষ হয়ে যায়নি। তিনি বলেন,
‘আমরা প্রথমার্ধে ভালো খেলেছি এবং ১০ জন নিয়ে দ্বিতীয়ার্ধেও ভালো লড়াই করেছি। আজ ভাগ্য আমাদের সহায় ছিল না। আমরা লড়াই করব। এখনো সব শেষ হয়ে যায়নি। সেমিফাইনাল হয়তো এখন অনেক দূরে মনে হচ্ছে, কিন্তু আমাদের সুযোগ আছে এবং আমরা সেই চেষ্টা করব।’
আগামী মঙ্গলবার রাতে ফিরতি লেগের ম্যাচে আতলেতিকোর মাঠে মুখোমুখি হবে দুই দল। সেমি-ফাইনালের টিকিট পেতে ওই ম্যাচে তিন গোলের ব্যবধানে জিততে হবে বার্সেলোনার।

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচে পিএসজির সামনে ন্যুনতম লড়াইও করতে পারেনি লিভারপুল। ঘরের মাঠে দেজিরে দুয়ে ও খিচা কাভারাস্কেইয়ার ২-০ ব্যবধানে জিতে নিজেদের কাজ এগিয়ে রেখেছে পিএসজি।
পার্ক দে প্রিন্সেসে লিভারপুলকে তেমন কোনো সুযোগই দেয়নি পিএসজি। ম্যাচ জুড়ে ৭৪ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রাখে স্বাগতিকরা। গোলের জন্য মোট ১৭টি শট করে ৭টি লক্ষ্য বরাবর রাখতে পারে তারা। বিপরীতে লিভারপুলের ৩টি শটই ছিল লক্ষ্যভ্রষ্ট।
ম্যাচের ১২ মিনিটে ডি-বক্সের বাম পাশ থেকে প্রায় ১৫ গজ দূর থেকে বাঁকানো শটে বল জালে প্রবেশ করান দেজিরে দুয়ে। চলতি টুর্নামেন্টে এটি তার পঞ্চম গোল। আর সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ক্যারিয়ারের দশম।
লিড নেওয়ার পর ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া চেষ্টা অব্যাহত রাখে পিএসজি। তবে বিরতির আগে আর সাফল্য পাননি দুয়ে, ওসুমানে দেম্বেলে, হোয়াও নেভেসরা।
দ্বিতীয়ার্ধে প্রথম সম্ভাবনা তৈরি করে লিভারপুল। ডমিনিক সবোসলাইয়ের কাছ থেকে বল পেয়ে শট নেন হুগো একিতিকে। তবে গোলবারের অনেক ওপর দিয়ে উড়ে যায় বল। দুই মিনিট পর আশরাফ হাকিমি ও দেম্বেলের শটও চলে যায় জালের বাইরে দিয়ে।
ম্যাচের ৬৫ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার কোনো ভুল হয়নি। নেভেসের কাছ থেকে থ্রু বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ২-০ করেন জর্জিয়ান এই ফরোয়ার্ড।
কয়েক মিনিট পর ব্যবধান আরও বাড়ানোর সুযোগ প্রায় পেয়েই গিয়েছিল পিএসজি। দেজিরে দুয়েকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। তবে পরে ভিএআর দেখে নিজের সিদ্ধান্ত বদলে দেন তিনি।
দুই গোলে পিছিয়ে পড়ে ৭৮ মিনিটের মাথায় একসঙ্গে ৪টি পরিবর্তন করেন লিভারপুল কোচ আর্নে স্লট। তবু মোহামেদ সালাহকে নামাননি তিনি। এত পরিবর্তন করেও অবশ্য খেলায় ছন্দ ফেরাতে পারেনি অল রেডরা।
ম্যাচের ৮৩ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেন কাভারাস্কেইয়া। অল্পের জন্য ওপর দিয়ে চলে যায় বল। কিছুক্ষণ পর দেম্বেলের ডান পায়ের জোরাল শট পোস্টে লাগলে আরও একবার বেঁচে যায় লিভারপুল।
আগামী মঙ্গলবার রাতে লিভারপুরের ঘরের মাঠে অ্যানফিল্ডে ফিরতি লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।