
রাত পোহালেই বক্সিং ডে টেস্ট। অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে নামার আগে চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ১২ সদস্যের স্কোয়াডে কোনো বিশেষজ্ঞ স্পিনার না রেখে পেসনির্ভর দল গড়েছে স্বাগতিকরা। পিচের কন্ডিশন বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।
দলে ফিরেছেন স্টিভ স্মিথ। অসুস্থতার কারণে আগের টেস্টে খেলতে না পারা এই ব্যাটার এবার নেতৃত্বও দিচ্ছেন দলকে। ফিরেছেন ঝাই রিচার্ডসনও—২০২১ সালের পর এই প্রথম টেস্ট দলে জায়গা পেলেন তিনি। স্কোয়াডে রাখা হয়েছে প্রথম দুই টেস্টে খেলা ব্রেন্ডন ডগেট এবং গোলাপি বলের টেস্টে অংশ নেওয়া মাইকেল নেসারকেও।
গত টেস্টে স্মিথের জায়গায় সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো উসমান খাজা দলে নিজের জায়গা ধরে রেখেছেন। তবে জায়গা হয়নি জশ ইংলিসের। অধিনায়ক প্যাট কামিন্স পিঠের সমস্যার কারণে আবারও ছিটকে গেছেন, আর পেসার জশ হ্যাজলউড পুরো সিরিজ থেকেই বাইরে।
এদিকে অফ-স্পিনার নাথান লায়ন অ্যাডিলেডে তৃতীয় টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সিরিজ থেকেই ছিটকে পড়েছেন। তার পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে টড মারফিকে, যদিও শেষ পর্যন্ত একাদশে কোনো স্পিনার না রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্টিভ স্মিথ বলেন,
“পিচে ভালো পরিমাণ ঘাস আছে। আমার ধারণা, উইকেটটি যথেষ্ট সহায়তা দেবে। আবহাওয়াও ঠান্ডা ও মেঘলা থাকতে পারে। এসব মিলিয়ে পেসারদের জন্য কন্ডিশন খুবই সহায়ক হবে। এমন পরিস্থিতিতে সিম বোলারদের সামলানো ব্যাটারদের জন্য কঠিন হবে।”
পাঁচ ম্যাচের সিরিজে ইতোমধ্যে ৩–০ ব্যবধানে এগিয়ে থেকে অ্যাশেজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
চতুর্থ টেস্টের জন্য অস্ট্রেলিয়ার ১২ সদস্যের দল:
ট্রাভিস হেড, জেক ওয়েদারল্ড, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, ব্রেন্ডন ডগেট, মাইকেল নেসার ও ঝাই রিচার্ডসন।
No posts available.

টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম সাফল্যের কৃতিত্ব নিজের কাঁধে নিতে নারাজ। তাঁর ভাষায়, তিনি শুধু একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন।
কলকাতার ইডেন গার্ডেন্সে আজ সেমিফাইনালে নিউ জিল্যান্ডের সঙ্গে দেখা হবে দক্ষিণ আফ্রিকার। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল প্রোটিয়ারা। তবে বড় ম্যাচের আগে আত্মবিশ্বাসী হলেও সতর্ক সুরই শোনা গেল মার্করামের কণ্ঠে।
টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মার্করাম বলেন, ‘আমি শুধু ভাগ্যবান যে এত শক্তিশালী একটি দলের নেতৃত্ব দিচ্ছি। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞদের দারুণ সমন্বয় আছে। কখনও সন্দেহ হলে অভিজ্ঞদের ওপর ভরসা করা যায়, তারা পথ দেখায়।’
আরও পড়ুন
| নিয়ম লঙ্ঘন করে জরিমানা ধোনির |
|
অধিনায়কত্ব নিয়ে তিনি বলেন, চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়াই আসল। এ ক্ষেত্রে উইকেটের পেছন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কুইন্টন ডি কক। বললেন, ‘কুইনি (ডি কক) উইকেটের পেছন থেকে কন্ডিশন খুব ভালো বোঝে। ওর পরামর্শ আমাদের অনেক সহায়তা করে।
ব্যাট হাতেও দুর্দান্ত ছন্দে রয়েছেন মার্করাম। সাত ম্যাচে ২৬৮ রান করেছেন, গড় ৫৩.৬০। নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়ের দায়িত্ব আলাদা করে দেখার বিষয়টিও শিখেছেন, ‘এই বিশ্বকাপ ও সাম্প্রতিক মাসগুলো থেকে আমি শিখেছি, অধিনায়ক ও ব্যাটার—দুই ভূমিকাকে আলাদা করে দেখতে হয়। ব্যাটার হিসেবে নিজের কাজটা ঠিকমতো করতে পারলে সেটাই দলের জয়ে অবদান রাখবে।’
সেমিফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে আগের ছন্দ ধরে রাখা কতটা সহজ হবে, এ প্রশ্নে সতর্ক মার্করাম, ‘ইশ, ক্রিকেট যদি এত সহজ হতো! এটা একেবারে নতুন শুরু। সেমি-ফাইনাল সব সময়ই আলাদা ম্যাচ। আগের পারফরম্যান্স হুবহু পুনরাবৃত্তি করা এতটা সহজ নয়।’
অপরাজিত থেকে ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। তবে মার্করামের কথায় স্পষ্ট, আত্মতুষ্টির সুযোগ নেই; বড় ম্যাচে নতুন করেই নিজেদের প্রমাণ করতে হবে প্রোটিয়াদের।

রাঁচিতে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে জরিমানারমুখে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। ইন্ডিয়া টুডের প্রতিবেদন, এক হাজার রুপি জরিমানা করা হয়েছে ভারতের সাবেক অধিনায়ককে। শহরের স্বয়ংক্রিয় ট্রাফিক নজরদারি ব্যবস্থায় তাঁর গাড়ির গতি নির্ধারিত সীমা অতিক্রম করে ধরা পড়লে মোটরযান আইনের ১৮৩ ধারায় ই-চালান ইস্যু করা হয়।
রাঁচির ট্রাফিক বিভাগের সূত্র জানায়, ধোনির বাসভবনের কাছাকাছি এলাকায় স্থাপিত ক্যামেরায় গাড়ির গতি সীমা লঙ্ঘনের প্রমাণ ধরা পড়ে। তারপর ডিজিটাল পদ্ধতিতে জরিমানার নোটিশ পাঠানো হয়। বিষয়টি আইনগতভাবে ছোটখাটো হলেও জনপ্রিয় ক্রিকেটার হওয়ায় ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
এর কয়েক দিন আগেই আরেকটি আইনি নোটিশ পেয়েছিলেন ধোনি। ঝাড়খন্ড স্টেট হাউজিং বোর্ড অভিযোগ তোলে, রাঁচির হারমু রোড এলাকায় তাঁর নামে বরাদ্দ একটি আবাসিক প্লট বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়েছে। যদিও এ বিষয়ে ধোনির পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি। হারমু রোডের সেই বাড়িতেই আগে থাকতেন তিনি। বর্তমানে রিং রোডের বাসভবনে বসবাস করছেন।
আরও পড়ুন
| নতুন কোচ নিয়ে বাংলাদেশে আসবে পাকিস্তান |
|
আইনগত জটিলতার মধ্যেই ২০২৬ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রস্তুতি শুরু করেছেন ধোনি। তাঁর দল চেন্নাই সুপার কিংস নতুন মৌসুম সামনে রেখে অনুশীলন জোরদার করেছে। গত মৌসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাঁচবারের চ্যাম্পিয়নদের। ২০২৫ আসরে ১৪ ম্যাচে ১০ হারে পয়েন্ট তালিকার তলানিতে শেষ করেছিল তারা।
আনক্যাপড খেলোয়াড় নীতির আওতায় ৪ কোটি রুপিতে ধোনিকে ধরে রেখেছে চেন্নাই, যা ২০২৬ মৌসুমেও বহাল আছে। ব্যাটিং অর্ডারে আগের মতো ওপরে না খেললেও ইনিংসের শেষ দিকে তাঁর উপস্থিতি এখনও কার্যকর। গত মৌসুমে ১৪ ম্যাচে ১৯৬ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১৩৫.১৭—মূলত শেষের দিকে দ্রুত রান তোলার ভূমিকায়।
৪৪ বছর বয়সেও মাঠের কৌশলগত বুদ্ধিমত্তা ও ড্রেসিংরুম নিয়ন্ত্রণে রাখার সামর্থ্য ধোনিকে এখনও দলের গুরুত্বপূর্ণ অংশ করে রেখেছে। নতুন মৌসুমে সাফল্যে ফেরার লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছে চেন্নাই।

বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। হ্যামস্ট্রিং চোটে তাঁকে এই সিরিজে পাওয়া যাবে না বলে দলীয় সূত্রে নিশ্চিত করেছে।
পাকিস্তান অবজারভারের প্রতিবেদন, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান ফখর। তারপর মেডিকেল পরীক্ষায়ন এই বাঁহাতি ব্যাটারের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। ফলে বাংলাদেশ সফরের আগে পূর্ণ ফিটনেস ফিরে পেতে তাঁকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ জন্য লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন ফখর।
আরও পড়ুন
| ভারতের বিপক্ষে জ্বলে উঠবেন বাটলার, নিশ্চিত ব্রুক |
|
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান দল। ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে সফরকারীরা। ১০ মার্চ অনুশীলন সেশন শেষে ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
গত বছরের জুলাইয়ের পর এটিই হবে পাকিস্তানের দ্বিতীয় বাংলাদেশ সফর। সবশেষ সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এর আগে ২০২৫ সালের মে-জুনে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। সে সময় অধিনায়ক সালমান আলী আগার নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকেরা।
দলীয় সূত্রে জানায়, ওয়ানডে সিরিজকে সামনে রেখে স্কোয়াডে ব্যাপক পরিবর্তনের চিন্তা করছে নির্বাচকেরা। তরুণ ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করে সমন্বয় আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তাদের। টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকভাবে ব্যর্থদের বাদ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

সুপার এইটে সবকটি ম্যাচ জিতে অপ্রতিরোধ্যভাবে সেমি-ফাইনালে উঠেছে ইংল্যান্ড। তবে এর একটি ম্যাচেও রানের দেখা পাননি জস বাটলার। অধিনায়ক হ্যারি ব্রুকের বিশ্বাস, ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে জ্বলে উঠবেন অভিজ্ঞ ব্যাটার।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ইনিংসে বাটলারের সংগ্রহ সাকুল্যে ৬২ রান। এর মধ্যে নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ মিলিয়েই তিনি করেছিলেন ৪৭ রান। পরের পাঁচ ম্যাচে একবারও দুই অঙ্ক ছুঁতে পারেননি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
আরও পড়ুন
| শান্তদের থামিয়ে ঝড় তুলে চ্যাম্পিয়ন সাইফ-নাঈমরা |
|
নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি ৩৫ বছর বয়সী ব্যাটার। হতাশায় ডুবে ছিলেন পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আগের দুই ম্যাচেও।
এবার ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে বাটলার ও তার দলের। মুম্বাইয়ে ম্যাচ জিতে ফাইনালের টিকেট পেতে শুরুর ব্যাটারদের থেকে রানের বিকল্প নেই ইংলিশদের। ব্রুকের বিশ্বাস, সেই রান করবেন বাটলার।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ অধিনায়ক বলেছেন, বাটলারকে নিয়ে বেশি চিন্তার কিছু নেই।
“আমার মনে হয়, বাটলারকে একা ছেড়ে দেওয়া উচিত, তার মতো থাকতে দেওয়া উচিত। এই খেলাটায় সর্বকালের সেরাদের একজন সে। আমি দেখতে পাচ্ছি, সে সেমি-ফাইনালে ভালো করতে যাচ্ছে।”

বাংলাদেশ সফরের আগে বড় চমক দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক অধিনায়ক ও চ্যাম্পিয়নস ট্রফি জয়ী তারকা সরফরাজ আহমেদকে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই নতুন এই দায়িত্ব শুরু করবেন সরফরাজ।
পাকিস্তানের সংবাদ ম্যাধ্যম জিও নিউজ জানিয়েছে, ৩৮ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটারের নিয়োগের বিষয়টি এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
আরও পড়ুন
| গাভাস্কারের চোখে ভারতকে কাঁপিয়ে দিতে পারে যে ইংলিশ ‘অস্ত্র’ |
|
গত বছরের অক্টোবর থেকে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের পদটি খালি ছিল। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলেন আজহার মাহমুদ।
তবে দীর্ঘ মেয়াদে টেস্ট দলের হাল ধরার জন্য পিসিবি বেছে নিয়েছে সরফরাজকেই।
গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী পাকিস্তান দলের মেন্টর হিসেবে দায়িত্বে ছিলেন সরফরাজ। সেখানে সফল হওয়ার পরই তাকে জাতীয় দলের এই গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে।
সরফরাজ পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক হিসেবে পরিচিত। তার অধীনে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। দেশটির হয়ে তিন ফরম্যাটে করেছেন ৬ হাজার ১৬৪ রান।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৭ চক্রের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, এরপর দ্বিতীয় টেস্ট ১৬ মে থেকে।
তার আগে চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৯ তারিখ ঢাকায় আসার কথা রয়েছে প্রতিবেশী দেশটির।