৩ মার্চ ২০২৬, ১০:২১ পিএম

ফেবারিট হয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে ভারত। নিজেদের ডেরায় আরও একবার এই ট্রফি জেতার দারুণ সুযোগও আছে স্বাগতিকদের। ফাইনালের টিকিট কাটতে হলে সূর্যকুমার যাদবদের প্রথম ঠেকাতে হবে ইংল্যান্ডকে। যে ইংল্যান্ড সুপার এইটের সবক’টি ম্যাচেই জয় পেয়েছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে আগামীকাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। পরদিনই ওয়াংখেড়ে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচে ভারতকে সবচেয়ে বেশি বিপদে ফেলতে পারেন উইল জ্যাকস, এমনটাই মনে করছেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক কিংবদন্তি এই ক্রিকেটারের মতে ভারতীয় ব্যাটারদের জন্য যথেষ্ট ঝুঁকি তৈরি করতে পারেন এই ইংলিশ অলরাউন্ডার।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে চারবার ম্যাচসেরার পুরষ্কার জিতেছেন জ্যাকস। সাত ম্যাচে একটি হাফ-সেঞ্চুরিতে তাঁর ব্যাট থেকে এসেছে ১৯১ রান। বল হাতে সাতটি উইকেটও নিয়েছেন ২৭ বছর বয়সী অফস্পিনার। সুপার এইটের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৮ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংসের সঙ্গে নিয়েছেন দুটি উইকেটও।
দুর্দান্ত ছন্দে ইংলিশ অলরাউন্ডারকে নিয়ে ভারতকে সতর্কই করলেন গাভাস্কার। তাঁর মতে জ্যাকসকে সামলাতে ভারতীয় ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া-এর পারফরম্যান্সই মূল চাবিকাঠি হবে।
আগামী ৬ মার্চ মুম্বাইয়ে অনুষ্ঠিত ডিপি ওর্য়াল্ড সেলিব্রেটি গলফ ইভেন্ট-এর আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সুনীল গাভাস্কার। চ্যাম্পস ফাউন্ডেশনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি সেমি ফাইনালে উইল জ্যাকস-কে বড় হুমকি হিসেবে চিহ্নিত করেন। গাভাস্কার বলেন,
‘যদি পিচে একটু টার্ন থাকে, তাহলে জ্যাকস সত্যিই বিপজ্জনক হয়ে উঠতে পারেন। (সানজু) স্যামসন, সূর্যকুমার বা হার্দিক পান্ডিয়া তাঁকে কিভাবে সামলাবেন, সেটিই মূল বিষয়। সে দুর্দান্ত ছন্দে আছে। সাত নম্বরে তাঁর মতো একজন থাকা বড় সুবিধা—যেমন শিভাম দুবে ভারতের জন্য।’
গাভাস্কার আরও বলেন,
‘হয়তো তিনি দলের বাঁ-হাতের ব্যাটারদের (অভিষেক, তিলক, ডুভে বা অন্য কেউ) বিপক্ষে বেশি বল করতে পারবেন না। সেক্ষেত্রে ডানহাতি ব্যাটারদের ওপরই বাড়তি চাপ থাকবে তাঁর বিরুদ্ধে রান তোলার।’
জ্যাকসকে ভারতীয় অলরাউন্ডার শিভাম দুবের সঙ্গে তুলনা করে গাভাস্কার বলেন,
‘সে ঠিক শিবম ডুভের মতো। ভারতের ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে আমরা যা দেখেছি, ডুভে এসে এক ওভারে দুইটি বাউন্ডারি হাঁকিয়ে দলের ওপর চাপ কমিয়েছিলেন।’
গাভাস্কার আশা করছেন ভারত-ইংল্যান্ড ম্যাচটি বেশ রোমাঞ্চকর হবে,
‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অঘোষিত কোয়ার্টার ফাইনালের মতোই এটি হবে একটি ‘ক্র্যাকার’ ম্যাচ। দুই দলই সমান শক্তিশালী—ব্যাটিং, বোলিং, মিডল অর্ডার, ফিনিশাররা সব আছে। বৈচিত্র্যও আছে, এবং প্রচুর টি-টোয়েন্টি অভিজ্ঞতা আছে।’
No posts available.
৩ মার্চ ২০২৬, ১০:০০ পিএম
৩ মার্চ ২০২৬, ৮:৪৯ পিএম

বাংলাদেশ সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। হ্যামস্ট্রিং চোটে তাঁকে এই সিরিজে পাওয়া যাবে না বলে দলীয় সূত্রে নিশ্চিত করেছে।
পাকিস্তান অবজারভারের প্রতিবেদন, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোট পান ফখর। তারপর মেডিকেল পরীক্ষায়ন এই বাঁহাতি ব্যাটারের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। ফলে বাংলাদেশ সফরের আগে পূর্ণ ফিটনেস ফিরে পেতে তাঁকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ জন্য লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন ফখর।
আরও পড়ুন
| ভারতের বিপক্ষে জ্বলে উঠবেন বাটলার, নিশ্চিত ব্রুক |
|
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান দল। ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে সফরকারীরা। ১০ মার্চ অনুশীলন সেশন শেষে ১১ মার্চ মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
গত বছরের জুলাইয়ের পর এটিই হবে পাকিস্তানের দ্বিতীয় বাংলাদেশ সফর। সবশেষ সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এর আগে ২০২৫ সালের মে-জুনে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। সে সময় অধিনায়ক সালমান আলী আগার নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় স্বাগতিকেরা।
দলীয় সূত্রে জানায়, ওয়ানডে সিরিজকে সামনে রেখে স্কোয়াডে ব্যাপক পরিবর্তনের চিন্তা করছে নির্বাচকেরা। তরুণ ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্ত করে সমন্বয় আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে তাদের। টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকভাবে ব্যর্থদের বাদ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

সুপার এইটে সবকটি ম্যাচ জিতে অপ্রতিরোধ্যভাবে সেমি-ফাইনালে উঠেছে ইংল্যান্ড। তবে এর একটি ম্যাচেও রানের দেখা পাননি জস বাটলার। অধিনায়ক হ্যারি ব্রুকের বিশ্বাস, ভারতের বিপক্ষে সেমি-ফাইনালে জ্বলে উঠবেন অভিজ্ঞ ব্যাটার।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৭ ইনিংসে বাটলারের সংগ্রহ সাকুল্যে ৬২ রান। এর মধ্যে নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ম্যাচ মিলিয়েই তিনি করেছিলেন ৪৭ রান। পরের পাঁচ ম্যাচে একবারও দুই অঙ্ক ছুঁতে পারেননি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
আরও পড়ুন
| শান্তদের থামিয়ে ঝড় তুলে চ্যাম্পিয়ন সাইফ-নাঈমরা |
|
নিউ জিল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি ৩৫ বছর বয়সী ব্যাটার। হতাশায় ডুবে ছিলেন পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে আগের দুই ম্যাচেও।
এবার ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে বাটলার ও তার দলের। মুম্বাইয়ে ম্যাচ জিতে ফাইনালের টিকেট পেতে শুরুর ব্যাটারদের থেকে রানের বিকল্প নেই ইংলিশদের। ব্রুকের বিশ্বাস, সেই রান করবেন বাটলার।
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ অধিনায়ক বলেছেন, বাটলারকে নিয়ে বেশি চিন্তার কিছু নেই।
“আমার মনে হয়, বাটলারকে একা ছেড়ে দেওয়া উচিত, তার মতো থাকতে দেওয়া উচিত। এই খেলাটায় সর্বকালের সেরাদের একজন সে। আমি দেখতে পাচ্ছি, সে সেমি-ফাইনালে ভালো করতে যাচ্ছে।”

বাংলাদেশ সফরের আগে বড় চমক দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাবেক অধিনায়ক ও চ্যাম্পিয়নস ট্রফি জয়ী তারকা সরফরাজ আহমেদকে পাকিস্তানের টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী মে মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই নতুন এই দায়িত্ব শুরু করবেন সরফরাজ।
পাকিস্তানের সংবাদ ম্যাধ্যম জিও নিউজ জানিয়েছে, ৩৮ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটারের নিয়োগের বিষয়টি এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।
আরও পড়ুন
| গাভাস্কারের চোখে ভারতকে কাঁপিয়ে দিতে পারে যে ইংলিশ ‘অস্ত্র’ |
|
গত বছরের অক্টোবর থেকে পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচের পদটি খালি ছিল। সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলেন আজহার মাহমুদ।
তবে দীর্ঘ মেয়াদে টেস্ট দলের হাল ধরার জন্য পিসিবি বেছে নিয়েছে সরফরাজকেই।
গত ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী পাকিস্তান দলের মেন্টর হিসেবে দায়িত্বে ছিলেন সরফরাজ। সেখানে সফল হওয়ার পরই তাকে জাতীয় দলের এই গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে।
সরফরাজ পাকিস্তানের অন্যতম সফল অধিনায়ক হিসেবে পরিচিত। তার অধীনে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। দেশটির হয়ে তিন ফরম্যাটে করেছেন ৬ হাজার ১৬৪ রান।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৭ চক্রের অংশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ৮ মে, এরপর দ্বিতীয় টেস্ট ১৬ মে থেকে।
তার আগে চলতি মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৯ তারিখ ঢাকায় আসার কথা রয়েছে প্রতিবেশী দেশটির।

পরপর দুই ম্যাচে নর্থ জোনকে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে সংস্করণের চ্যাম্পিয়ন হয়ে গেল সেন্ট্রাল জোন। মিরপুরে মঙ্গলবারের ম্যাচে নাজমুল হোসেন শান্তর নর্থ জোনকে ৫ উইকেটে হারায় সাইফ হাসান, নাঈম শেখদের সেন্ট্রাল জোন।
অথচ টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে রীতিমতো উড়ছিল শান্তর নর্থ জোন। প্রথম পর্বের শেষ ম্যাচে তাদের হারিয়ে ফাইনালের টিকেট পায় সেন্ট্রাল জোন। এবার শিরোপা নির্ধারণী ম্যাচেও লড়াই করতে পারল না নর্থ জোন।
তাওহিদ হৃদয়ের লড়াকু ৯৬ রানের সৌজন্যে ২৩৮ রানের পুঁজি পায় নর্থ জোন। জবাবে সাইফ, নাঈমের ঝড়ো জুটিতে অনায়াসে ম্যাচ জিতে নেয় সেন্ট্রাল।
বিসিএলের ওয়ানডে সংস্করণে আগের দুই আসরের চ্যাম্পিয়ন হয় নর্থ জোন। এবার তাদের হ্যাটট্রিকের সম্ভাবনা উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুলল সেন্ট্রাল জোন।
রান তাড়ায় এদিন আর ঝড় তুলতে পারেননি জিসান আলম। ষষ্ঠ ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন ১৭ বলে ১৪ রান করা তরুণ ওপেনার। তবে দলের ওপর আর চাপ আসতে দেননি মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসান।
দুই অভিজ্ঞ ব্যাটার মিলে ১৪১ বলে গড়ে তোলেন ১৬৪ রানের জুটি। একপর্যায়ে মনে হচ্ছিল, দুজনের জুটিতেই জিতে যাবে সেন্ট্রাল জোন। কিন্তু আশা জাগিয়েও সেঞ্চুরি করতে পারেননি দুজনের কেউই।
রিশাদ হোসেনের লেগ স্পিনে বোল্ড হয়ে ফেরেন ৫ চার ও ৩ ছক্কায় ৮৭ বলে ৭৮ রান করা নাঈম। পরে ৭ চার ও ৩ ছক্কায় ৭৮ বলে ৮৭ রান করা সাইফকে ফেরান শরিফুল ইসলাম। সেঞ্চুরি না পেলেও দুজনই মূলত জয়ের ভিত গড়ে দেন।
মাহিদুল ইসলাম অঙ্কন (৮ বলে ৬) ও ইরফান শুক্কুরও পরে (১৩ বলে ১৪) আউট হয়ে যান৷ তবে মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে মাহফিজুল ইসলাম রবিন (২৪ বলে ১৮) দলের শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়েন।
২টি করে উইকেট নেন রিশাদ হোসেন ও নাহিদ রানা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি নর্থ জোন। জ্বরের কারণে খেলতে পারেননি লিটন কুমার দাস। তার জায়গায় একাদশে ফেরার সুযোগ পেয়ে আবার হতাশ করেন হাবিবুর রহমান সোহান (১৭ বলে ৫)।
আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ভালো শুরু করলেও ইনিংস টানতে পারেননি। ৪ চারে ২২ বলে ২৩ রান করে আউট হন তিনি। শুরুর ধাক্কা সামলে ৫২ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।
সাইফ হাসানের বলে বড় শট খেলতে গিয়ে বিদায় নেন ৫১ বলে ৩৫ রান করা শান্ত। পাঁচ নম্বরে নেমে এসএম মেহেরব হাসানও (৩৮ বলে ২৮) বেশিক্ষণ টিকতে পারেননি। একই ওভারে আকবর আলিকে (৩ বলে ০) ফেরান রকিবুল হাসান।
পরে একাই দলকে টেনে নেন হৃদয়। ষষ্ঠ উইকেট জুটিতে সাব্বির রহমানের সঙ্গে তিনি যোগ করেন ৬৩ রান। আগের ম্যাচে ঝড় তোলা সাব্বির এদিন ৪৩ বলে করেন ২৪ রান। রয়েসয়ে শুরু করা হৃদয় ফিফটি করেন ৬৯ বলে।
সাব্বিরের বিদায়ের পর রানের গতি বাড়ানোর চেষ্টা করেন হৃদয়। একইসঙ্গে জাগে তার সেঞ্চুরির আশা। কিন্তু অন্য প্রান্ত থেকে একদমই সমর্থন পাননি মিডল-অর্ডার এই ব্যাটার। রিশাদ হোসেন ১৮ বলে ১৬ রান করে আউট হন।
ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরি থেকে ৪ রান দূরে ছিলেন হৃদয়। উইকেট ছিল একটিই। রিপন মন্ডলের প্রথম দুই বলে রান নিতে পারেননি হৃদয়। তৃতীয় বলে তিনি এলবিডব্লিউ হওয়ায় আর সেঞ্চুরি হয়নি। ৮ চার ও ১ ছক্কায় ৯৮ বলে করেন ৯৬ রান।
৪১ রানে ৪ উইকেট নেন রিপন। এছাড়া তাসকিন আহমেদ ও রকিবুল হাসানের শিকার ২টি করে উইকেট।

আরও একটি আইসিসির ইভেন্টে ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের ক্রিকেটাররা আছেন বেশ চাপে। বাবর আজম-সালমান আলী আগাদের হতাশার পারফরম্যান্সে ক্ষুদ্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড শাস্তির সিদ্ধান্তও নেয়। পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছেন, প্রত্যেক ক্রিকেটারকে গুনতে হবে ৫০ হাজার পাকিস্তানি রুপি। তবে ক্রিকেটারদের এমন শাস্তিও যথেষ্ট নয় বলে মনে করছেন শহিদ আফ্রিদি। বাজে পারফরম্যান্সের জন্য আরও কঠিন শাস্তি চান সাবেক এই ক্রিকেটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারের পরই নাকি পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেয় দলটির ক্রিকেট বোর্ড। এরপর সুপার এইট থেকে সেমি ফাইনালের টিকিট কাটতে না পেরে ঘরে ফেরার পর তো আর্থিক শাস্তির মুখোমুখি হতে হয় আগাদের। এ নিয়ে টানা চারবার আইসিসির কোনো টুর্নামেন্টে সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয় পাকিস্তান।
পাকিস্তানের পারফরম্যান্সের এমন ভরাডুবির জন্য আফ্রিদির মতে যে জরিমানা নির্ধারণ করা হয়েছে তা আরও বেশি হওয়া উচিত। এমনকি শুধু জরিমানা নয়, পাশাপাশি আফ্রিদি চান কিছু ক্রিকেটারদের শাস্তিস্বরুপ অন্তত দুই বছর দলের বাইরে রাখা উচিত।
পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিকে আফ্রিদি বলেন,
‘এটি সিদ্ধান্ত বোঝা কঠিন। এটি সংকীর্ণ চিন্তাভাবনা। এটা তো সামান্য অর্থ। ৫০ লাখ দিয়ে তুমি কী করবে? এটা তো শাস্তি বলে মনে হয় না।’
আফ্রিদি আরও যোগ করেন,
‘যারা জাতীয় দলের জন্য বাজে পারফরম্যান্স করেছে তাদের প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠানো উচিত এবং এমন কিছু খেলোয়াড় আছে যাদের কমপক্ষে ২ বছর দলের জন্য খেলা উচিত নয়। যারা খেলতে ব্যর্থ, তাদের প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠাও। আমার মনে হয় এমন কিছু খেলোয়াড় আছে যারা অন্তত দুই বছর দলের হয়ে না খেলুক। এটুকুই যথেষ্ট।’
এদিকে, পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে কড়া মন্তব্য করেছেন মোহাম্মদ আমিরও। আগার নেতৃত্বাধীন দল টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সাবেক এই পেসার বলেন,
‘আমি আমার খোলাখুলি মত দিচ্ছি। বাকিটা ছেড়ে দাও। আমরা আসলে ট্যালেন্টই নেই। যারা এখন খেলছে, তারা ট্যালেন্ট নয়।’
আমির আরও বলেন,
‘যখন কোনো দল আমাদের দেশে হোম সিরিজ খেলতে আসে, তারা তাদের মূল দল পাঠায় না। এটা দেখলে বোঝা যায় তারা আমাদের কতটা গুরুত্ব দেয়। যদি তারা মনে করে, হ্যাঁ, এটা একটি দল, তবে তারা তাদের এ-টিম পাঠায়। তারা সব নতুনদের নিয়েই তাদের দল পাঠায়। যদি নিউজিল্যান্ড ভারত যায়, পুরো দল নিয়েই যাবে। ইংল্যান্ড যাচ্ছে, পুরো দল যাবে। অস্ট্রেলিয়া যাচ্ছে, পুরো দল যাবে। ঠিক তেমনি, তারা যদি আমাদের দেশে আসে, তারা তাদের এ-টিম পাঠায়। তাই বোঝা যায় তারা আমাদের কতটা গুরুত্ব দেয়।’
জরিমানা নিয়ে এখন পর্যন্ত পিসিবি কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। ক্রিকেটার ছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ডও তীব্র সমালোচনার মুখে আছে। দল নির্বাচন, পরিকল্পনা এবং সামগ্রিক পারফরম্যান্স নিয়ে দলটির সাবেক অনেক ক্রিকেটারই ক্ষোভ ঝেড়েছেন।