ঘরের মাঠ স্টুটগার্টে হওয়া প্রীতি ম্যাচে শুরু থেকে দাপট দেখালেও জয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জার্মানিকে। খেলার প্রায় শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় ডেনিজ উন্দাভের গোলে ঘানাকে ২-১ ব্যবধানে হারিয়েছে জুলিয়ান নাগেলসম্যানের দল।
২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আন্তর্জাতিক বিরতিতে দলগুলো প্রীতি ম্যাচ খেলছে। সেই সিরিজের অংশ হিসেবে গত শুক্রবার সুইজারল্যান্ডকে হারানোর পর সোমবার রাতে ঘানাকে হারাল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়া ঘানার জন্য এই পরাজয়টি বড় ধাক্কা। গত বৃহস্পতিবার রাতে অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে হারের পর এটি তাদের টানা দ্বিতীয় হার।
ম্যাচের ষষ্ঠ মিনিটে ফ্লোরিয়ান ভার্টজের ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় জার্মানিকে। তবে প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে ডি-বক্সে ঘানার ডিফেন্ডার জোনাস আদজেতের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান ইংলিশ রেফারি স্টুয়ার্ট অ্যাটওয়েল। স্পট-কিক থেকে গোলকিপার বেঞ্জামিন আসারেকে উল্টো দিকে পাঠিয়ে জার্মানিকে ১-০ তে এগিয়ে নেন কাই হাভার্টজ।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে তিনটি পরিবর্তন আনেন জার্মান কোচ নাগেলসম্যান। যার মধ্যে অন্যতম ছিলেন ব্রাইটন থেকে স্টুটগার্টে আসা ফরোয়ার্ড ডেনিজ উন্দাভ।
৭০ মিনিটে লেস্টার সিটির উইঙ্গার আব্দুল ফাতাউ দারুণ এক গোলে ঘানাকে ১-১ সমতায় ফেরান। এর আগে জার্মান তরুণ তুর্কি নিক ভোল্টেমেডের একটি হেড ক্রসবারে লেগে প্রতিহত হলে ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা।
যখন মনে হচ্ছিল ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছে, তখনই দৃশ্যপটে আসেন উন্দাভ। ৮৮ মিনিটে লিরয় সানের থেকে পাওয়া বল অত্যন্ত ঠান্ডা মাথায় ঘানার গোলকিপারের পাশ দিয়ে জালে জড়িয়ে দেন তিনি।
চলতি মৌসুমে বুন্দেসলিগা দুর্দান্ত ফর্মে আছেন উন্দাভ, করেছেন ১৮টি গোল। লিগে এখন পর্যন্ত হ্যারি কেনের পরেই তাঁর অবস্থান। ২০২৫ সালের জুনের পর জার্মানি জাতীয় দলের জার্সিতে এটিই ছিল উন্দাভের প্রথম ম্যাচ, আর প্রত্যাবর্তনেই দলকে জয় উপহার দিলেন তিনি।
No posts available.
৩১ মার্চ ২০২৬, ১:৪৪ পিএম
৩১ মার্চ ২০২৬, ১:২৩ পিএম

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আজ শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে হামজা-জামালদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। দেশটির ন্যাশনাল স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা আর বাংলাদেশ সময় ৬টায় মুখোমুখি হবে দুই দল। সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল টি-স্পোর্টস।
এর আগে গত বছরের ১০জুন সিঙ্গাপুরকে হোম ম্যাচে মোকাবিলা করে বাংলাদেশ। পল্টনের জাতীয় স্টেডিয়ামের সেই ম্যাচে ১-২ গোলে হারে হাভিয়ের কাবরেরার দল। বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি রাকিব হোসেনের ক্রসে করেছিলেন শেখ মোরছালিন। আজকের ম্যাচে খেলতে পারবেন না রাকিব। কার্ড জটিলতায় নেই বসুন্ধরা কিংস উইঙ্গার। শেখ মোরছালিনও পুরোপুরি ফিট নন, বদলি হিসেবে তাঁকে খেলাতে পারেন কোচ কাবরেরা।
এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে স্রেফ ভারতের বিপক্ষে ঘরের মাঠে জয় পেয়েছে বাংলাদেশ। এছাড়া দুই ম্যাচে ড্র এবং বাকি দুই ম্যাচে হেরে পয়েন্ট টেবিলের তিনে লাল সবুজের দল। ৫ পয়েন্ট পাওয়া বাংলাদেশ আজ জিতলে এবং ভারতের কাছে হংকং হারলে তালিকার দুইয়ে থেকে বাছাই শেষ করতে পারবেন জামাল ভূঁইয়ারা।

প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে বড় পরিবর্তনের পথে টটেনহাম হটস্পার। গত রোববার কোচ ইগর তুদোরকে বরখাস্ত করার পর রবার্তো দে জার্বিকে নিয়োগ দিতে উঠেপড়ে লেগেছে ক্লাব কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, ইতালিয়ান এই কোচের সঙ্গে উত্তর লন্ডনের ক্লাবটির আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে।
চলতি মৌসুমে এটি হতে যাচ্ছে স্পার্সদের তৃতীয় কোচ পরিবর্তন। রেলিগেশন অঞ্চলের ঠিক এক ধাপ উপরে থাকা ক্লাবটি চাইছে আগামী ১২ এপ্রিল সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগেই নতুন কোচ নিশ্চিত করতে।
৪৬ বছর বয়সী দে জার্বিকে দীর্ঘমেয়াদী চুক্তির প্রস্তাব দিচ্ছে টটেনহাম। গত ফেব্রুয়ারিতে ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেই ছাড়ার পর তিনি বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই। এর আগে মৌসুম শেষে দায়িত্ব নিতে চাইলেও, টটেনহামের বর্তমান নাজুক পরিস্থিতি বিবেচনা করে দে জার্বি এখনই কাজ শুরু করতে রাজি হয়েছেন।
গত মাসে থমাস ফ্রাঙ্কের স্থলাভিষিক্ত হওয়া ইগর তুদোর টটেনহামের ভাগ্য বদলাতে ব্যর্থ হয়েছেন। তাঁর অধীনে খেলা ৭ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে স্পার্সরা।
বর্তমানে পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে থাকা টটেনহাম রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট দূরে। গত ২৮ ডিসেম্বরের পর লিগে কোনো জয়ের মুখ না দেখা ক্লাবটি এখন প্রিমিয়ার লিগে টিকে থাকার কঠিন লড়াইয়ে।

ফুটবল বিশ্বের হাতেগোনা অল্প কয়েকজন খেলোয়াড়ের মধ্যে জেরার্ড পিকে একজন, যে কিনা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো উভয়ের সতীর্থ হিসেবে ড্রেসিংরুম শেয়ার করেছেন। বার্সেলোনা ও স্পেনের সাবেক এই কিংবদন্তি ডিফেন্ডার সম্প্রতি আবারও ফুটবল বিশ্বের চিরন্তন বিতর্কে (সেরা কে?) নিজের মত দিয়েছেন। যদিও মেসিকেই সর্বকালের সেরা মনে করেন পিকে। তবে এই দুজনই ফুটবলের ইতিহাসের শ্রেষ্ঠতম নক্ষত্র বলেও মত দিয়েছেন তিনি।
বিশ্বের ৩০ জনেরও কম ফুটবলার দুই মহাতারকার সতীর্থ হওয়ার সুযোগ পেয়েছেন। পিকে তাদেরই একজন। ক্যারিয়ারের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন রোনালদোর সঙ্গে খেলেছেন। এরপর বার্সেলোনায় ফিরে দীর্ঘ এক দশকেরও বেশি সময় মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। আর সেই সময় রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে তাদের প্রধান প্রতিপক্ষ ছিলেন।
‘দ্য লাস্ট রান’ পডকাস্টে পিকে তাঁর অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, ‘আমি দুজনের সঙ্গেই খেলার সুযোগ পেয়েছি। তারা দুজনই ফুটবল ইতিহাসের সেরা। তবে আমার মনে হয় মেসি ক্রিশ্চিয়ানোর চেয়ে কিছুটা হলেও এগিয়ে।’
আরও পড়ুন
| শেষ মুহূর্তের গোলে ঘানাকে হারাল জার্মানি |
|
পিকে আরও যোগ করেন, ‘তারা দুজনই আমাকে ট্রফি জিততে সাহায্য করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মস্কোতে আমরা যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতি, তখন ক্রিশ্চিয়ানো গোল করেছিলেন। বার্সার হয়ে মেসির ক্ষেত্রেও বিষয়টি একই।‘
পিকের চোখে রোনালদো ও মেসির মধ্যকার মূল দুই পার্থক্য
পিকে স্বীকার করেছেন যে, বিতর্কটি সবসময় ব্যক্তিগত পছন্দের ওপর নির্ভর করে। তাঁর মতে, একজন মানুষ মূলত দুটি বিষয়ের কোনটিকে বেশি প্রাধান্য দিচ্ছেন— জন্মগত প্রতিভা না কি নিরলস পরিশ্রম; তার ওপরই নির্ভর করে সেরা নির্বাচন।
পার্থক্য বোঝাতে গিয়ে পিকে বলেন, ‘তারা দুজনই ফরোয়ার্ড হিসেবে খেলেন এবং অবিশ্বাস্য সংখ্যক গোল করেছেন। তবে তাদের খেলার ধরন একেবারেই ভিন্ন। আপনি কোন গুণটিকে বেশি মূল্য দেন, সেটিই আসল।’
এর ব্যাখা করতে গিয়ে পিকে বলেন, ‘আপনি যদি কঠোর পরিশ্রম, ত্যাগ এবং হেডে বা ফ্রি-কিক ও পেনাল্টিতে গোল করার দক্ষতাকে প্রাধান্য দেন, তবে ক্রিশ্চিয়ানো এই সব কিছুতেই দুর্দান্ত। কিন্তু আপনি যদি ফুটবল খেলার সহজাত প্রতিভা বা বল পায়ে জাদুকরী কারুকার্য দেখতে চান, তবে আমার কাছে সেটা শুধুই মেসি।’
মেসির প্রতিভা সম্পর্কে পিকে বলেন, ‘তাঁর যে পর্যায়ের প্রতিভা রয়েছে, তা আমি অন্য কোনো ফুটবলারের মধ্যে দেখিনি। এটা সত্যি যে ক্রিশ্চিয়ানো ছিলেন গোলমেশিন, যিনি জিমে পাগলের মতো খাটতেন। প্রস্তুতির ক্ষেত্রে তাঁর মতো পরিশ্রমী কেউ নেই। কিন্তু মেসির প্রতিভার স্তর ছিল একদমই অবিশ্বাস্য।’
বর্তমানে এই দুই মহাতারকাই তাদের ক্যারিয়ারের সায়াহ্নে অবস্থান করছেন। তবে গত এক দশকেরও বেশি সময় ধরে তারা ফুটবলের যে উচ্চতায় পৌঁছেছেন এবং তাদের মধ্যে যে দ্বৈরথ ছিল, তা ফুটবলের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। মেসি ও রোনালদো বুট জোড়া তুলে রাখার অনেক বছর পরেও এই বিতর্ক যে চলবে, তা বলাই বাহুল্য।
২০২৬ বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৭২ দিন। তার আগে বড়সড় এক পরিবর্তনের ঘোষণা দিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। স্টুটগার্টে প্রীতি ম্যাচে জার্মানির কাছে ২-১ ব্যবধানে হারের কয়েক ঘণ্টা পরই প্রধান কোচ অটো আডোকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপ সফরে গিয়েছিল ব্ল্যাক স্টাররা। গত বৃহস্পতিবার রাতে অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর গতকাল সোমবার রাতে জার্মানির কাছে ঘানার হারে কোচের বিদায় ঘণ্টা বাজে।
আজ এক বিবৃতিতে ঘানা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি জানায়,
‘জিএফএ অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে পুরুষ জাতীয় দলের প্রধান কোচ অটো আডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে।‘
২০২৪ সালের মার্চ মাসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অ্যাডোর অধীনে ঘানা ২২ ম্যাচে জিতেছে ৮টিতে, হেরেছে ৯টি ম্যাচে। তাঁর অধীনে ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল দেশটি।
২০২২ কাতার বিশ্বকাপেও ঘানার ডাগআউটে ছিলেন আডো। সেখানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় পেলেও পর্তুগাল ও উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।
এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া ঘানা রয়েছে গ্রুপ ‘এল’-এ, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাত্র আড়াই মাস আগে নতুন কোচ নিয়োগ দেওয়া এবং দলকে গুছিয়ে তোলা ঘানার জন্য এখন হিমালয়সম চ্যালেঞ্জ।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল নেপালকে মোকাবিলা করবে বাংলাদেশ। এই ম্যাচে জোড়া গোল করার ইচ্ছার কথা জানিয়েছেন রোনান সুলিভান।
মালদ্বীপে চলমান এই আসরে এখন পর্যন্ত বাংলাদেশ গোল দিয়েছে মোট তিনটি। আর তিন গোলেই অবদান রোনানের। প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারানোর ম্যাচে দুটি গোলই ছিল তাঁর। পরের ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। সমতায় ফেরা ওই গোলে অ্যাসিস্ট ছিল যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির এই ফুটবলারের।
রোনানকে নিয়ে ব্যাপক আগ্রহ, উন্মাদনা বাংলাদেশের ফুটবল সমর্থকদের মধ্যে। এই আসরে বাংলাদেশের স্কোয়াডে আছেন তারই জমজ ডেকলান সুলিভান। যদিও এখন পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামানো হয়নি তাঁকে। ভারতের বিপক্ষে খেলায় রক্ষণভাগের দুর্বলতা ছিল স্পষ্ট। তারপরও ডিফেন্ডার ডেকলানকে নামানো হয়নি। এ নিয়ে ক্ষোভ আছে সমর্থকদের মধ্যেও।
গতকাল মালদ্বীপ থেকে খেলোয়াড়, কর্মকর্তাদের ভিডিও বার্তা পাঠায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে রোনান সুলিভানের মাত্র ১৫ সেকেন্ডের একটি ভিডিও দেওয়া হয়। সেখানে তিনি সামান্যই বলতে পেরেছেন,
‘এটা একটা কঠিন ম্যাচ হবে। আমরা দল হিসেবে খেলে জয়ী হতে চাই।’ নেপালের জন্য বিশেষ কোনো ভাবনা রয়েছে কি না প্রশ্নের জবাবে রোনান বলেন, ‘দুই গোল মনে করি সঠিক হবে।’
১৩ সেকেন্ডের পাঠানো আরেকটি ভিডিওতে কথা বলেন ফুটবলার চন্দন রায়। তবে টিম ম্যানেজার সামিদ কাশেমের ভিডিও বার্তা পাঠানো হয়েছে আড়াই মিনিটেরও বেশি। যদিও তার প্রয়োজন কমই।
১ এপ্রিল নেপালের বিপক্ষে বাংলাদেশ খেলবে প্রথম সেমিফাইনালে। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান।