২৮ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৭ পিএম

এনসিএল টি-টোয়েন্টিতে রোববারের দ্বিতীয় ম্যাচে ঢাকা বিভাগের কাছে পাত্তাই পায়নি সিলেট বিভাগ। মোসাদ্দেক হোসেনের ঘূর্ণি জাদু ও আশিকুর রহমান শিবলির ব্যাটিং তাণ্ডবে ৯ উইকেটে ব্যবধানে জয় পায় ঢাকা।
আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৩৪ রান করতে পারে সিলেট। জবাবে ১৭ ওভারে ম্যাচ জিতে নেয় মোসাদ্দেক-শিবলিদের ঢাকা।
আরও পড়ুন
| দলে ফিরলেন সৌম্য, জাকেরই অধিনায়ক |
|
তিন ম্যাচে ঢাকার এটি দ্বিতীয় জয়। মোট ৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে চার নম্বরে আছে সিলেট।
টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৫ রানে ৩ উইকেট হারায় সিলেট। তৃতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন অমিত হাসান ও আসাদুল্লাহ আল গালিব। কিন্তু রানের গতি বাড়াতে পারেননি তারা।
৪ চার ও ১ ছক্কায় ৪৬ বলে ৫২ রান করেন অমিত। গালিবের ব্যাট থেকে আসে ৬ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৫২ রান। দুজনকেই আউট করেন মোসাদ্দেক।
আরও পড়ুন
| চ্যাম্পিয়ন হলে পিসিবি চেয়ারম্যানের হাত থেকে ট্রফি নেবে ভারত? |
|
সব মিলিয়ে ৪ ওভারে মাত্র ১৯ রানে ৩ উইকেট নেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এছাড়া শুভাগত হোম ও মাহফুজুর রহমান রাব্বির শিকার ২টি করে উইকেট।
পরে রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই ৯৩ রান করে ফেলে ঢাকা। ৬ চার ও ৩ ছক্কায় মাত্র ৩৯ বলে ৬০ রান করে আউট হন শিবলি।
এরপর আর উইকেট পড়তে দেননি রায়ান রাফসান রহমান ও আরিফুল ইসলাম। রাফসানের ব্যাট থেকে আসে ৬ চারে ৪৫ বলে ৪৬ রান। আরিফুল করেন ১ চার ও ২ ছক্কায় ১৮ বলে ২৬ রান।
No posts available.
৩ মার্চ ২০২৬, ৮:৪৯ পিএম

আরও একটি আইসিসির ইভেন্টে ব্যর্থ হওয়ার পর পাকিস্তানের ক্রিকেটাররা আছেন বেশ চাপে। বাবর আজম-সালমান আলী আগাদের হতাশার পারফরম্যান্সে ক্ষুদ্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড শাস্তির সিদ্ধান্তও নেয়। পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছেন, প্রত্যেক ক্রিকেটারকে গুনতে হবে ৫০ হাজার পাকিস্তানি রুপি। তবে ক্রিকেটারদের এমন শাস্তিও যথেষ্ট নয় বলে মনে করছেন শহিদ আফ্রিদি। বাজে পারফরম্যান্সের জন্য আরও কঠিন শাস্তি চান সাবেক এই ক্রিকেটার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হারের পরই নাকি পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেয় দলটির ক্রিকেট বোর্ড। এরপর সুপার এইট থেকে সেমি ফাইনালের টিকিট কাটতে না পেরে ঘরে ফেরার পর তো আর্থিক শাস্তির মুখোমুখি হতে হয় আগাদের। এ নিয়ে টানা চারবার আইসিসির কোনো টুর্নামেন্টে সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয় পাকিস্তান।
পাকিস্তানের পারফরম্যান্সের এমন ভরাডুবির জন্য আফ্রিদির মতে যে জরিমানা নির্ধারণ করা হয়েছে তা আরও বেশি হওয়া উচিত। এমনকি শুধু জরিমানা নয়, পাশাপাশি আফ্রিদি চান কিছু ক্রিকেটারদের শাস্তিস্বরুপ অন্তত দুই বছর দলের বাইরে রাখা উচিত।
পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিকে আফ্রিদি বলেন,
‘এটি সিদ্ধান্ত বোঝা কঠিন। এটি সংকীর্ণ চিন্তাভাবনা। এটা তো সামান্য অর্থ। ৫০ লাখ দিয়ে তুমি কী করবে? এটা তো শাস্তি বলে মনে হয় না।’
আফ্রিদি আরও যোগ করেন,
‘যারা জাতীয় দলের জন্য বাজে পারফরম্যান্স করেছে তাদের প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠানো উচিত এবং এমন কিছু খেলোয়াড় আছে যাদের কমপক্ষে ২ বছর দলের জন্য খেলা উচিত নয়। যারা খেলতে ব্যর্থ, তাদের প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠাও। আমার মনে হয় এমন কিছু খেলোয়াড় আছে যারা অন্তত দুই বছর দলের হয়ে না খেলুক। এটুকুই যথেষ্ট।’
এদিকে, পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে কড়া মন্তব্য করেছেন মোহাম্মদ আমিরও। আগার নেতৃত্বাধীন দল টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় সাবেক এই পেসার বলেন,
‘আমি আমার খোলাখুলি মত দিচ্ছি। বাকিটা ছেড়ে দাও। আমরা আসলে ট্যালেন্টই নেই। যারা এখন খেলছে, তারা ট্যালেন্ট নয়।’
আমির আরও বলেন,
‘যখন কোনো দল আমাদের দেশে হোম সিরিজ খেলতে আসে, তারা তাদের মূল দল পাঠায় না। এটা দেখলে বোঝা যায় তারা আমাদের কতটা গুরুত্ব দেয়। যদি তারা মনে করে, হ্যাঁ, এটা একটি দল, তবে তারা তাদের এ-টিম পাঠায়। তারা সব নতুনদের নিয়েই তাদের দল পাঠায়। যদি নিউজিল্যান্ড ভারত যায়, পুরো দল নিয়েই যাবে। ইংল্যান্ড যাচ্ছে, পুরো দল যাবে। অস্ট্রেলিয়া যাচ্ছে, পুরো দল যাবে। ঠিক তেমনি, তারা যদি আমাদের দেশে আসে, তারা তাদের এ-টিম পাঠায়। তাই বোঝা যায় তারা আমাদের কতটা গুরুত্ব দেয়।’
জরিমানা নিয়ে এখন পর্যন্ত পিসিবি কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। ক্রিকেটার ছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ডও তীব্র সমালোচনার মুখে আছে। দল নির্বাচন, পরিকল্পনা এবং সামগ্রিক পারফরম্যান্স নিয়ে দলটির সাবেক অনেক ক্রিকেটারই ক্ষোভ ঝেড়েছেন।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিরছে মুলতান সুলতান্স। নতুন মৌসুমে অভিষেক হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি শিয়ালকোট স্ট্যালিয়নজ নিজেদের নাম বদলে নিচ্ছে মুলতানের নামে।
এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির এই ঘোষণা দেন। এসময় তার পাশে ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির নতুন সিইও ও সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার গোহার শাহ।
এই বিষয়ে গত সপ্তাহেই ইঙ্গিত দিয়েছিলেন নাসির। মুলতান সমর্থকদের উদ্দেশে বলেছিলেন, ‘৪৮ ঘণ্টা অপেক্ষা করুন, সুখবর আসছে।’ অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।
নাসির জানান, দায়িত্ব নেওয়ার পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) নাম পরিবর্তনের জন্য আবেদন করেন গোহর শাহ। এককালীন ফ্র্যাঞ্চাইজি ফি দিতে সম্মত হওয়ায় আবেদন মঞ্জুর হয়েছে। ফলে দলটির নতুন নাম হচ্ছে মুলতান সুলতান্স।
নাম বদলের ফির বাইরেও নতুন মালিক সিডি ভেঞ্চারস বার্ষিক ফ্র্যাঞ্চাইজি ফি ২০০ কোটি পাকিস্তানি রুপিতে উন্নীত করতে রাজি হয়েছে। নাসিরের ভাষ্য, পিএসএলের পরিসরে প্রতিষ্ঠিত ও পরিচিত ব্র্যান্ড হিসেবে মুলতান সুলতান্স নামটির আলাদা মূল্য রয়েছে।
গত মাসে আগের মালিক আলি তারিন লিজ নবায়ন না করায় ফ্র্যাঞ্চাইজিটি নিলামে ওঠে। সর্বোচ্চ ২৪৫ কোটি রুপি বার্ষিক ফিতে সেটি কিনে নেয় ওয়ালি টেকনোলজিস। পরে তারা দলটিকে রাওয়ালপিন্ডিতে সরিয়ে নিয়ে ‘পিন্ডিজ’ নাম দেয়।
এতে আট মৌসুমের পথচলার পর কার্যত পিএসএল থেকে মুলতান সুলতান্সের বিদায় নিশ্চিত হয়েছিল। তবে মালিকানা নিয়ে জটিলতা এবং নিয়ন্ত্রণে পরিবর্তনের পর স্ট্যালিয়নজ ফ্র্যাঞ্চাইজির ৯৮ শতাংশ শেয়ার কিনে নেয় সিডি ভেঞ্চারস।
নতুন মালিকানার প্রতিনিধি হিসেবে গোহর শাহ সিইওর দায়িত্ব নেন। পিএসএলের নতুন মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স ও নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ কিংসমেন।

মুম্বাইয়ের গর্জন থামাতে চান স্যাম কারান। টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এমন প্রত্যয়ই ব্যক্ত করেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।
আজ মুম্বাইয়ে অনুশীলনের আগে কারান বলেন, ছোটবেলায় যে স্বপ্ন দেখতেন, তার একটি ছিল ভারতে ভারতের বিপক্ষে খেলা,
‘শ্রীলঙ্কা থেকে মুম্বাইয়ে উড়ে আসার সময় ভাবছিলাম, ছোটবেলায় কী স্বপ্ন দেখতাম। ভারতের বিপক্ষে ভারতে খেলাটা নিশ্চয়ই তার একটি। এটা দারুণ অভিজ্ঞতা।’
সেমিফাইনালটি হবে ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। স্বাগতিক সমর্থকদের উপস্থিতিতে গ্যালারি থাকবে সরব—এমনটাই প্রত্যাশা ইংল্যান্ড শিবিরের। তবে সেটিকেই ইতিবাচকভাবে দেখছেন কারান। বললেন,
‘স্টেডিয়াম খুব জোরে গর্জে উঠবে। এটাকে রোমাঞ্চকর সুযোগ হিসেবে দেখতে হবে। যদি গ্যালারি নীরব হয়ে যায়, বুঝতে হবে ইংল্যান্ড ভালো করছে—আমরা সেটাই ইতিবাচক দিক হিসেবে দেখছি।’
চলমান আসরে ইংল্যান্ড দলের বেশির ভাগ ক্রিকেটারই নিয়মিত খেলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। ফলে ভারতীয় দর্শকদের আবেগঘন সমর্থনের সঙ্গে তারা পরিচিত। কারানের মতে, সেই অভিজ্ঞতাই কাজে দেবে। কারন বলেন,
‘আমাদের জন্য ইতিবাচক দিক হলো, আমরা ভারতে অনেক ক্রিকেট খেলেছি। এখানে খেলতে খেলতে আপনি শব্দকে উপেক্ষা করতে শিখে যান। অবশ্যই পরিবেশটা উপভোগ্য। অনেক তরুণ ক্রিকেটারের স্বপ্ন থাকে ভারতের বিপক্ষে সেমিফাইনালে খেলার।’
কারান আশা করছেন, ম্যাচের পরিস্থিতি এমন হবে যাতে গ্যালারি ধীরে ধীরে শান্ত হয়ে যায়,
‘আশা করি স্টেডিয়ামটা নীরব হবে। তবে নিশ্চিতভাবেই খুব জোরে সমর্থন থাকবে। দুইটি দুর্দান্ত দল মুখোমুখি হচ্ছে। গত চার–পাঁচ সপ্তাহের পরিশ্রম আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে। আশা করি, আমরা আরেক ধাপ এগিয়ে ফাইনালের পথে যেতে পারব।’
সব মিলিয়ে মুম্বাইয়ের উত্তপ্ত পরিবেশেই বড় চ্যালেঞ্জের অপেক্ষায় ইংল্যান্ড। তবে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসে ভর করে স্বাগতিকদের গ্যালারি স্তব্ধ করেই ফাইনালে উঠতে চায় তারা।

আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাড়ে গড়াবে হাইভোল্টেজ এই ম্যাচ। আর বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।
কুড়ি কুড়ি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ কারা পরিচালনা করবেন, জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। মঙ্গলবার দু’টি সেমিফাইনালের ম্যাচ রেফারি এবং আম্পায়ারদের নাম জানিয়েছে তারা।
বুধবার ইডেনে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ডের ম্যাচে মাঠের দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং অ্যালেক্স হোয়ার্থ। কলকাতায় তৃতীয় আম্পায়ার নিতিন মেনন। চতুর্থ আম্পায়ার রড ট্যাকার। ম্যাচ রেফারি জ্যাভগল শ্রীনাথ।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ম্যাচে আম্পায়ারিং করবেন ক্রিস গাফানি এবং আলাউদ্দিন পালেকর। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার যথাক্রমে অ্যাড্রিয়ান হোল্ডস্টক ও পল রাইফেল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে হ্যান্ডশেক বিতর্কে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন তিনি।
২০২৪ বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। সেই ম্যাচেও গাফানি দায়িত্ব পালন করেছিলেন। আর আলাউদ্দিন এ বারের বিশ্বকাপে ইংল্যান্ডের দু’টি ম্যাচে আম্পায়ার হিসাবে ছিলেন। ভারত-নেদারল্যান্ডস ম্যাচেও তিনি দায়িত্বে ছিলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামী পরশু দেখা হচ্ছে ভারত ও ইংল্যান্ডের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন মাইকেল ভন।
ভারতের চেয়ে ইংল্যান্ডের স্পিন আক্রমণ ভালো¬—এমনই দাবি করেছেন ভন। সাবেক ইংলিশ অধিনায়কের ‘মজার এক অনুভূতি’ হচ্ছে, মুম্বাইয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জয় পেতে পারে ইংল্যান্ড।
বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল পডকাস্টে ভন বলেন, ‘ইংল্যান্ডের স্পিন আক্রমণ ভারতের চেয়ে ভালো। ডসন, রশিদ ও উইল জ্যাকস—স্পিনে এই তিনজনই টুর্নামেন্টের সেরা ত্রয়ী।’
ভারত টুর্নামেন্টে অন্যতম ফেবারিট হিসেবে শুরু করলেও সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে এবং গ্রুপ পর্বেও কিছুটা হোঁচট খেয়েছে। অন্যদিকে ইংল্যান্ড এখনো পূর্ণাঙ্গ পারফরম্যান্স দিতে না পারলেও টানা পাঁচ জয়ে সেমিফাইনালে উঠেছে।
ভনের ভাষায়, ‘ওরা জয়ের পথ খুঁজে নিচ্ছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার ছিল, কিন্তু যেভাবে শেষ পর্যন্ত জিতেছে, সেটা দারুণ প্রচেষ্টা।’
ইংল্যান্ডের স্পিন বিভাগে আছেন আদিল রশিদ, লিয়াম ডসন ও উইল জ্যাকস। ভনের মতে, ভারতের বরুণ চক্রবর্তীকে গুরুত্বপূর্ণ ম্যাচে চাপে ফেলা গেছে। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি যথাক্রমে ৪০ ও ৪৭ রান দিয়েছেন।
ভারতের হাতে বিকল্প হিসেবে আছেন বাঁহাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব, যাঁর ইংল্যান্ডের বিপক্ষে ভালো রেকর্ড রয়েছে। তবে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র তিন ওভার বল করেছেন তিনি।
ভন বলেন, ‘ইংল্যান্ডের ফিল্ডিং অসাধারণ। ওদের সতর্কতা চোখে পড়ার মতো। উইকেটের মধ্যে দৌড়ও দারুণ। ছোট ছোট যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করা যায়, সেগুলো ইংল্যান্ড খুব ভালোভাবে করছে।’তিনি যোগ করেন, ‘আমার ভেতরে একটা মজার অনুভূতি কাজ করছে—মুম্বাইয়ে ইংল্যান্ড কাজটা করে ফেলতে পারে।’
ওপেনার জস বাটলার টানা পাঁচ ইনিংসে এক অঙ্কে আউট হয়েছেন। ভনের মতে, বাটলার হয়তো টেকনিক নিয়ে বেশি ভাবছেন। ভন বলেন, ‘যখন আপনি ভালো অনুভব করেন না, তখন টেকনিক নিয়ে ভাবেন। কিন্তু জস হ্যান্ড-আই খেলোয়াড়। বলের দিকে তাকাও, প্রতিক্রিয়া দেখাও। বাটলারের র্যাম্প শট দেখা যাচ্ছে না। এই উইকেট ওই শটের জন্য ভালো হতে পারে। ভালো খেললে শুরুতেই সে শট বের করে আনে।’
টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা তৃতীয়বার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। ২০২২ সালে অ্যাডিলেডে ইংল্যান্ড ১০ উইকেটে জিতেছিল, ২০২৪ বিশ্বকাপে গায়ানায় জয় পায় ভারত। দুই দলই পরে শিরোপা জিতেছিল।
ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারান বলেন, ২০২২ সালের জয়ই হতে পারে আদর্শ উদাহরণ। নিখুঁত ম্যাচ খুঁজতে গেলে ২০২২ সালের ম্যাচটাই মডেল হতে পারে, বলেন তিনি।
সব মিলিয়ে ভনের মতে, স্পিন, ফিল্ডিং ও ছোট ছোট দিকগুলোতে এগিয়ে থাকাই ইংল্যান্ডকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। তবে স্বাগতিক ভারতের বিপক্ষে মুম্বাইয়ের গর্জনমুখর পরিবেশে সেই বিশ্বাস কতটা বাস্তবে রূপ নেয়, সেটাই এখন দেখার।