৩০ এপ্রিল ২০২৫, ৩:১০ পিএম

কোপা দেল রের ফাইনালে যেভাবে রেফারিকে আক্রমণ করেছেন, তাতে বড় একটা শাস্তি প্রাপ্যই ছিল আন্টোনিও রুডিগারের। শেষ পর্যন্ত ছয় ম্যাচের বিশাল নিষেধাজ্ঞাও পেয়েছেন রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। তবে তাতে খুব ক্ষতি হচ্ছে না তার। শাস্তির এই সময়টা কাজে লাগাতে হাঁটুর অস্ত্রোপচার করেছেন রুডিগার, যা তাকে প্রায় দুই মাসের জন্য ছিটকে দিতে পারে বলেই খবর।
চলতি মৌসুমে রিয়ালের ম্যাচ বাকি আছে আর পাঁচটি, সবগুলোই লা লিগায়৷ বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে রেফারিকে আক্রমণ ও লাল কার্ড দেখার কারণে তিনি যে নিষেধাজ্ঞা পেয়েছেন, সেটা কার্যকর হবে লা লিগার এই ম্যাচগুলোতেই। ফলে চোটে মাঠের বাইরে থাকার সময়েই পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেলবেন অভিজ্ঞ এই ডিফেন্ডার। বাকি ম্যাচটি কার্যকর হবে আবার আগামী মৌসুমে রিয়ালের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে।
আরও পড়ুন
| দেম্বেলের গোল আর দোনারুম্মার প্রায়শ্চিত্তে ফাইনালের আরও কাছে পিএসজি |
|
৩-২ গোলে হেরে যাওয়া সেই ফাইনালে লাল কার্ড দেখেছিলেন জুড বেলিংহামও। তবে রেফারির রিপোর্টের প্রেক্ষিতে ইংলিশ মিডফিল্ডারের শাস্তি মওকুফ করা হয়েছে। তবে নিষিদ্ধ হয়েছেন লাল কার্ড দেখা রিয়াল অধিনায়ক লুকাস ভাসকেজ। তার শাস্তি দুই ম্যাচের।
তবে রিয়ালের জন্য গেল ২৪ ঘন্টা আরও নানা কারণেই চিন্তার। রুডিগারের পাশাপাশি ভিন্ন ভিন্ন চোটে ছিটকে গেছেন দুই ডিফেন্ডার ডেভিড আলাবা ও ফেরলন্ড মন্ডিও। এই মৌসুমে তাদের আর খেলার সম্ভাবনা নেই।
No posts available.
৫ মার্চ ২০২৬, ১:৩১ পিএম
৫ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম
৫ মার্চ ২০২৬, ১২:০৮ পিএম

এএফসি এশিয়ান কাপে নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচ খেলতে নেমে চমকে দিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দুইবারের চ্যাম্পিয়নরা এশিয়ান মঞ্চে জানান দিয়েছে চীনের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াই করে। এবার সামনে উত্তর কোরিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে যারা আরও এগিয়ে চীনের চেয়ে।
এশিয়ান কাপের তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ারর বিপক্ষে আগামীকাল শুক্রবার মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশ কোচ নিজেদের কৌশল নিয়ে কিছু বলেননি, কেবল জানিয়েছেন উত্তর কোরিয়ার বিপক্ষে তাঁর একটি পরিকল্পনা আছে। আর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক কোরিয়ান কোচ রি সং হো।
চীনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি দেখেছেন উত্তর কোরিয়ার কোচ। ওই ম্যাচ দেখার পর বাংলাদেশ দল নিয়ে তাঁর ভুল ভেঙেছে বলে জানান, ‘আমি এখানে এসে চীন-বাংলাদেশ ম্যাচটি দেখেছি এবং মনে হয়েছে বাংলাদেশ দল আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাদের আক্রমণভাগ অনেক দ্রুত এবং রক্ষণ থেকে আক্রমণে যাওয়ার গতি ও দক্ষতা বেশ তীক্ষ্ণ। সাধারণভাবে বলতে গেলে, তারা বেশ দ্রুতগতির দল। তাই আগামী ম্যাচে আমাদের রক্ষণভাগকে অনেক বেশি মনোযোগী হতে হবে যাতে তারা গোল করার কোনো সুযোগ না পায়।’
চীনের বিপক্ষে ০-২ গোলে হারা ম্যাচে শুরুতেই লিড নিতে পারতো বাংলাদেশ। খেলার ১৪ মিনিটে ঋতুপর্ণা চাকমার দূরপাল্লার দারুণ শট ঠেকিয়ে দেন চীনের গোলকিপার। এছাড়া পুরো ম্যাচেই নজর কেড়েছেন এই উুইঙ্গার। তাঁকে নিয়ে আলাদা সতর্ক থাকবেন বলে জানান উত্তর কোরিয়ার কোচ রি সং হো, ‘তাদের আক্রমণভাগের তিন জন খেলোয়াড়কে বিপজ্জনক মনে করি। বিশেষ করে ১৭ নম্বর জার্সিধারী খেলোয়াড়কে (ঋতুপর্ণা) নিয়ে সতর্ক, যে বাঁ প্রান্ত দিয়ে খুব দ্রুত আক্রমণ করতে পারে। আক্রমণ এবং রক্ষণ- উভয় ক্ষেত্রেই তাদের গতি আমাদের ভাবিয়ে তুলছে। তাই আগামীকালের ম্যাচে এই খেলোয়াড়দের রুখতে আমাদের রক্ষণভাগকে আরও বেশি মনোযোগী হতে হবে।’
‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ প্রথম ম্যাচ হারলেও জয় তুলে নিয়েছে উত্তর কোরিয়া। তারা প্রথম ম্যাচে ৩-০ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে।

বিশ্বকাপ ফুটবলের স্বপ্নে বিভোর ইরাক এখন এক কঠিন বাস্তবতার মুখোমুখি। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৬ বিশ্বকাপে দেশটির অংশগ্রহণের পথে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ভিসা জটিলতা এবং আকাশপথ বন্ধ থাকায় মেক্সিকোর প্লে-অফ টুর্নামেন্টে যাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে ইরাক।
আগামী ৩১ মার্চ মেক্সিকোর মন্তেরিতে বলিভিয়া অথবা সুরিনামের বিপক্ষে প্লে-অফ খেলার কথা রয়েছে ইরাকের। কিন্তু যুদ্ধাবস্থার কারণে অনেক দেশে মেক্সিকান দূতাবাস বন্ধ থাকায় ইরাকের পেশাদার খেলোয়াড়, কারিগরি ও মেডিকেল স্টাফরা এখনো মেক্সিকোর ভিসা পাননি।
বুধবার ইরাক ফুটবল ফেডারেশন এক ইন্সটাগ্রাম বার্তায় জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে তারা দলের প্রধান কোচ এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের এক জায়গায় জড়ো করতে পারছে না।
আকাশপথ বন্ধ থাকায় ইরাকের প্রধান কোচ গ্রাহাম আর্নল্ড বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছেন। অস্ট্রেলিয়াকে ২০২২ বিশ্বকাপে নিয়ে যাওয়া এই কোচ গত মাসেও জানিয়েছিলেন, বিশ্বকাপের টিকিট পেতে হলে প্রস্তুতির কোনো বিকল্প নেই। কিন্তু এখন নিজেই দলের সঙ্গে যোগ দিতে পারছেন না।
ফেডারেশন জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে তারা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ১৯৮৬ সালের পর এই প্রথম আবারও বিশ্বমঞ্চে ফেরার সুযোগ তৈরি হয়েছে ইরাকের সামনে।
যদি ইরাক প্লে-অফে ব্যর্থ হয়, তবুও তাদের সামনে একটি বিকল্প পথ খুলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান যদি বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়, তবে এশীয় অঞ্চলের র্যাঙ্কিং অনুযায়ী ইরাক বা সংযুক্ত আরব আমিরাতের স্থলাভিষিক্ত হওয়ার সুযোগ রয়েছে। তবে ফিফার আইন অনুযায়ী এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হাতে।
বর্তমানে ইরাকের সামনে সবচেয়ে বড় লক্ষ্য হলো সব বাধা পেরিয়ে ৩১ মার্চের প্লে-অফ ম্যাচে অংশ নেওয়া। যুদ্ধ আর ভূ-রাজনৈতিক মারপ্যাঁচে আটকে পড়া ফুটবলাররা এখন মাঠে ফেরার প্রতীক্ষায় দিন গুনছেন।

এএফসি উইমেন’স এশিয়ান কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে চীনের বিপক্ষে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ। ৯বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে এত কম গোলের পরাজয়ে প্রশংসা পাচ্ছেন আফঈদা, ঋতুপর্ণারা। ফিফা র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ ওপরের দলটির বিপক্ষে বাংলাদেশের মেয়েদের লড়াই যখন ফুটবল অঙ্গলে প্রশংসিত, তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের প্রধানের এক মন্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক।
চীনের বিপক্ষে বাংলাদেশ ম্যাচের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে গতকাল সংবাদমাধ্যমকে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘মেয়েরা ভালো খেলেছে এতে কোনো সন্দেহ নেই। তবে কম ব্যবধানে হারের কারণ হলো- শুধুমাত্র চীনের দল যেহেতু অনেক বেশি বয়স্ক, দেখবেন তারা মাঝে মধ্যেই দাঁড়িয়ে গেছে। তাদের খেলোয়াড়েরা অনেক বয়স্ক, সেটি দেখলেই বোঝা যাচ্ছে এবং তারা ফর্মে নেই।’
এশিয়ান কাপের ৯বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের ০-২ গোলে হারা ম্যাচ নিয়ে কিরণের মন্তব্যকে সম্পূর্ণ এবং চরম ‘ননসেন্স’ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিরণের মন্তব্যে কোচ কি ভাবছেন জানতে চাইলে বাটলার বলেন, ‘এর একমাত্র উত্তর যা আমি দিতে পারি তা হলো— এটি সম্পূর্ণ এবং চরম ননসেন্স। বাফুফের একজন সদস্যের পক্ষে এভাবে প্রকাশ্যে এসে সমালোচনা করা এবং চীন দলের প্রতি অসম্মান প্রদর্শন করা অত্যন্ত ভুল ছিল। কিছুটা সম্মান প্রদর্শন করা উচিত, শুধু আমাদের খেলোয়াড়দের প্রতি নয়, আমাদের দলের প্রতিও।’
চীনের খেলোয়াড়দের বয়স্ক বলায় খেপেছেন বাটলার। তাদের খেলোয়াড়েরা কোথায় বেড়ে ওঠে এবং বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে তফাত কেমন সেটি বোঝাতে বাটলার বলেন, ‘ওটা (চীন) একটা শক্তিশালী দল। তাদের খেলোয়াড়রা নাসরিনের (স্পোর্টস একাডেমি) হয়ে খেলে না, তাদের খেলোয়াড়রা পিএসজির হয়ে খেলে। তাদের খেলোয়াড়রা ফরাশগঞ্জের (স্পোর্টিং ক্লাব) মতো দলের হয়ে খেলে না; তারা ফ্রান্সে এবং চাইনিজ সুপার লিগে খেলে। তাই আমি মনে করি তাঁর (কিরণ) পক্ষ থেকে এটি অসম্মানজনক এবং কিছুটা দায়িত্বজ্ঞানহীন ছিল। যদিও আমি এটিই তাঁর কাছ থেকে প্রত্যাশা করি।’

লিয়াম রোসেনিয়রের অধীনে নিজেদের সেরা ফর্ম খুঁজে পেল চেলসি। বুধবার রাতে পিছিয়ে পড়েও জোয়াও পেদ্রোর হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলাকে বিধ্বস্ত করেছে ব্লুজরা।
ভিলা পার্কে প্রিমিয়ার লিগ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে চেলসির জয় ৪-১ ব্যবধানের। এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা ভিলার সঙ্গে ব্যবধান মাত্র ৩ পয়েন্টে কমিয়ে আনল পশ্চিম লন্ডনের ক্লাবটি।
ম্যাচের শুরুটা ভিলার জন্য দারুণ ছিল। মাত্র ১৫০ সেকেন্ডের মাথায় লিঁও বেইলির কাটব্যাক থেকে ডগলাস লুইজ গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন।
৩৫ মিনিটে খেলার মোড় ঘুরিয়ে দেন জোয়াও পেদ্রো। এনজো ফার্নান্দেসের পাস থেকে মালো গুস্তো বল বাড়িয়ে দিলে কাছ থেকে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আবারও এনজোর সহায়তায় দুর্দান্ত এক ফিনিশিংয়ে চেলসিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন পেদ্রো।
বিরতির পর চেলসির আক্রমণভাগের সামনে ভিলার রক্ষণভাগ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৫৫ মিনিটে অধিনায়ক রিস জেমসের ক্রস ভিলা গোলকিপার মার্তিনেস ক্লিয়ার করতে গিয়ে কোল পালমারের পায়ে তুলে দেন। সুযোগ হাতছাড়া না করে জোরালো শটে স্কোরলাইন ৩-১ করেন ইংলিশ তারকা।
৬৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন পেদ্রো। আলেজান্দ্রো গার্নাচোর বাড়ানো বল জালে জড়িয়ে মৌসুমে নিজের প্রথম প্রিমিয়ার লিগ হ্যাটট্রিক উদযাপন করেন তিনি। শেষ দিকে গার্নাচো ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও তা এমিলিয়ানো মার্তিনেস রুখে দেন।
গত ম্যাচে আর্সেনালের কাছে হারের পর আবারও জয়ের ধারায় ফিরল চেলসি। শেষ ৬ ম্যাচের মাত্র একটিতে জয় পাওয়া ভিলা এখন প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থান হারানোর শঙ্কায় রয়েছে।
এই জয়ের পর ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে চেলসি। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা।
প্রিমিয়ার লিগে রাতের অপর খেলায় ফুলহামকে তাদেরই ঘরের মাঠে ১-০ গোলে হারিয়েছে ওয়েস্টহাম ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জনের দল নিয়ে খেলল নিউক্যাসল ইউনাইটেড। জয়ের জন্য একের পর এক আক্রমণ শানালো ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতি আক্রমণে উল্টো গোল হজম করে হারের মুখ দেখল রেড ডেভিলরা।
বুধবার রাতে সেন্ট জেমস পার্কে উত্তেজনা আর রোমাঞ্চ ছড়ানো ম্যাচে নিউক্যাসলের কাছে ১-২ গোলে হেরেছে ম্যান ইউনাইটেড। এই হারে কোচ হিসেবে মাইকেল ক্যারিকের টানা ৮ ম্যাচের অপরাজেয় যাত্রা থামল।
ম্যাচের প্রথমার্ধ ছিল নাটকীয়তায় ভরপুর। বিরতির ঠিক আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নিউক্যাসলের জ্যাকব র্যামসে। তবে ১০ জনের দলে পরিণত হয়েও দমে যায়নি স্বাগতিকরা।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে অ্যান্থনি গর্ডন পেনাল্টি থেকে গোল করে নিউক্যাসলকে এগিয়ে দেন। সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি; তিন মিনিট পরই ব্রুনো ফের্নান্দেসের ফ্রি-কিক থেকে হেডে সমতা ফেরান কাসেমিরো।
দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেললেও নিউক্যাসলের রক্ষণভাগ ছিল অটুট। গোলকিপার অ্যারন র্যামসডেল কিছু দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন। লেনি ইয়োরো ও জশুয়া জির্কজির নিশ্চিত গোলের সুযোগ নস্যাৎ করে দেন তিনি।
৯০ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। কিরান ট্রিপিয়ারের পাস থেকে বল পেয়ে উইং দিয়ে ভেতরে ঢোকেন ২২ বছর বয়সী ডেনিশ স্ট্রাইকার উইল ওসুলা। টাইলার মালাসিয়াকে কাটিয়ে চমৎকার কোনাকুনি শটে গোলকিপার ল্যামেন্সকে পরাস্ত করেন তিনি। ৫২,১৮৪ জন দর্শকের সামনে বুনো উল্লাসে ফেটে পড়ে স্বাগতিকরা।
ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এটি নিউক্যাসলের টানা চতুর্থ জয়। ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিনে রইল ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নিউক্যাসল।