
বিরতির আগে ও পরে দুই গোল হজম করে কাজটা ভীষণ কঠিন হয়ে গেল। তবে রাকিব হোসেনের গোলে জাগল আশা। পুরো দলই যেন এরপর ফিরে পেল লড়াইয়ের বাড়তি তাগিদ। শেষ ৩০ মিনিটে নিজেদের সম্ভাব্য সেরা ফুটবল খেলল লাল-সবুজ শিবির। সুযোগও আসল, তবে গোলের দেখা আর মিলল না। তাতে উজ্জীবত পারফরম্যান্স দেখিয়েও সিঙ্গাপুরের সাথে পেরে উঠল না বাংলাদেশ।
জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ হেরে গেছে ২-১ গোলে। ‘সি’ গ্রুপে থাকা হামজা-শামিতদের দুই ম্যাচে পয়েন্ট ১। ‘সি’ গ্রুপে দিনের অন্য ম্যাচে হংকংয়ের (৪ পয়েন্ট) কাছে ১-০ গোলে হেরেছে ভারত (১ পয়েন্ট)।
এর মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে সিঙ্গাপুরের কাছে প্রথমবার হারল বাংলাদেশ। এর আগের হারটি ছিল ২০১৫ সালে ঢাকাতেই, তবে সেটা ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। সেবারও ব্যবধান ছিল ২-১। দশ বছর পর ফের একই স্কোরলাইনে হারতে হল বাংলাদেশকে।
আরও পড়ুন
| সিঙ্গাপুরের বিপক্ষে ‘টার্নিং পয়েন্টের’ সন্ধানে বাংলাদেশ |
|
চলতি মাসে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনে সিঙ্গাপুরের বিপক্ষে দল সাজান কাবরেরা। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে বেঞ্চে রেখে একাদশে সুযোগ দেন কানাডিয়ান লিগে খেলা মিডফিল্ডার শোমিত সোমকে, যিনি এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষিক্ত হন। এছাড়া সোহেল রানার বদলে মাঠে নামেন মোহাম্মদ হৃদয়, আর লেফট-ব্যাক পজিশনে তাজ উদ্দিনের পরিবর্তে জায়গা পান শাকিল আহাদ তপু।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে সফরকারী সিঙ্গাপুর। নবম মিনিটে হ্যারিস স্টুয়ার্টের লং থ্রো থেকে ডিফেন্ডারদের ভুলে সুযোগ তৈরি করে দলটি। জটলার মধ্যে বল চলে যায় সন উই-ইয়াংয়ের কাছে, তবে তার শট পোস্টে বাইরে দিয়ে চলে যায়।
১৫তম মিনিটে বাংলাদেশের প্রথম উল্লেখযোগ্য আক্রমণ আসে তপুর বাম দিকের ক্রস থেকে। তবে রাকিব হোসেনের দুর্বল শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে সহজেই গোলকিপারের হাতে চলে যায়। এরপর ইখসান ফান্দির হেড যায় পোস্টের অল্পের জন্য চলে যায় পোস্টের বাইরে দিয়ে। ঠায় দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না গোলরক্ষক মিতুল মারমার।
২৮তম মিনিটে বড় ধাক্কা খায় বাংলাদেশ। চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নির্ভরযোগ্য ডিফেন্ডার কাজী তারিক রায়হান। যদিও চিকিৎসা শেষে খানিক বাদেই তিনি আবার মাঠে ফিরলে কিছুটা স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে। ৩০তম মিনিটে ফান্দির শট দুর্দান্ত দক্ষতায় রক্ষা করে ত্রাতা হন মিতুল। ঝাপিয়ে আটকান ফান্দির প্রচেষ্টা।
এরপর বাংলাদেশের আক্রমণে কিছুটা ছন্দ আসে। শোমিতের ডিফেন্স চেরা পাসে দারুণ গতিতে দৌড় দেন রাকিব, তবে বলের নাগাল আর পাননি। ৩৫তম মিনিটে হামজার নেওয়া ফ্রি-কিক অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। পাঁচ মিনিটে বাদে সেরা সুযোগটা পায় বাংলাদেশ। বাম দিক দিয়ে উঠে আসা ফাহামিদুল খান কিছুটা দেরি করে ফেলায় শেষ পর্যন্ত দুটি ডিফেন্ডারের চাপে জোড়াল শট নিতে ব্যর্থ হন।
আরও পড়ুন
| ম্যাচের কয়েক ঘন্টা আগে থেকেই উৎসবের আমেজে বাংলাদেশ-সিঙ্গাপুর লড়াই |
|
ম্যাচের ৪৫তম মিনিটে জাতীয় স্টেডিয়ামকে স্তব্ধ করে লিড নেয় সিঙ্গাপুর। হ্যারিসের শট বাংলাদেশের ডিফেন্ডারের গায়ে লেগে উঁচুতে গেলে গোলরক্ষক মিতুল এগিয়ে গিয়ে ফিস্ট করলেও পারেননি বিপদমুক্ত করতে। বল চলে যায় হ্যারিস স্টুয়ার্টের কাছে। তার ক্রস থেকে সাইড ভলিতে গোল করেন উই-ইয়াং। হামজার আপ্রাণ চেষ্টা সত্ত্বেও বল গোললাইন পার করে ফেলে।
পিছিয়ে থাকা বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আগে ফের খায় ধাক্কা। ৫৮তম মিনিটে সিঙ্গাপুর ব্যবধান দ্বিগুণ করে ফেলে। হামি শাহিনের জোড়াল শট মিতুল ফিস্ট করলেও বল চলে যায় ফান্দির কাছে। তার শট মোহাম্মদ হৃদয়ের পায়ের ফাঁক দিয়ে চলে যায় জালে।
এরপরই ফাহমিদুলকে তুলে নামানো হয় ফয়সাল আহমেদ ফাহিমকে। ম্যাচে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড় হামজা ৬৭তম মিনিটে আবারো দেখান ঝলক। তার থ্রু পাস ধরে রাকিব শট নেন, সেটা সিঙ্গাপুরের গোলরক্ষকের গায়ে লেগে গতি হারালেও শেষ পর্যন্ত গোললাইন পেরিয়ে যায়।
গোল করে উজ্জীবিত হয়ে ওঠে বাংলাদেশ, প্রাণ ফিরে আসে গ্যালারিতেও। ৭৭তম মিনিটে হামজার ফ্রি কিক কর্নার সিঙ্গাপুরের প্রতিরোধে আটকে যায়।
৭৯তম মিনিটে ইমনের শট সহজেই সিঙ্গাপুরের গোলরক্ষকের কাছে গিয়ে যায়। এরপর ৮২তম মিনিটের পর থেকে বাংলাদেশ মরিয়া হয়ে চাপ বাড়ায়। তবে চারটি কর্নার পেলেও গোলের জন্য তা যথেষ্ট আর হয়নি।
ইনজুরি টাইমে রাকিবের ক্রস থেকে সিঙ্গাপুরের এক ডিফেন্ডারের হেড চলে যায় ফাহিমের কাছে। তবে তার ভলি ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। এরপর হামজার শটও বাইরে দিয়ে যায়। আর শেষ সময়ে মোরসালিনের ক্রস থেকে তারিকের হেড গোলরক্ষকের হাতে লেগে পোস্টে লেগে ফিরে আসে। লড়াই করেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
No posts available.
১১ মে ২০২৬, ৮:৪০ পিএম

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে কুরাসাও ফুটবল শিবিরে। খেলোয়াড় ও স্পন্সরদের অব্যাহত দাবির মুখে জাতীয় দলের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন ফ্রেড রুটেন। সোমবার কুরাসাও ফুটবল ফেডারেশন (এফএফকে) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
এফএফকে গত শুক্রবারও খেলোয়াড়দের দাবি নাকচ করে দিয়েছেল। তবে সোমবার ফেডারেশন সভাপতি গিলবার্ট মার্টিনার সঙ্গে ফ্রেড রুটেনের জরুরি বৈঠকের পর দৃশ্যপট বদলে যায়। রুটেন জানান, দলের ভেতরে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক সেটি তিনি চান না।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রুটেন বলেন,
‘খেলোয়াড় এবং স্টাফদের মধ্যে পেশাদার সম্পর্ক নষ্ট করে এমন কোনো পরিবেশ তৈরি হতে দেওয়া ঠিক নয়। এই মুহূর্তে পদত্যাগ করাই বিচক্ষণতার পরিচয় হবে। সময় খুব কম, তাই কুরাসাওয়ের স্বার্থে আমার সরে দাঁড়ানোই বুদ্ধিমানের কাজ।‘
রুটেনের অধীনে গত মার্চে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া এবং চীনের কাছে হেরে যায় কুরাসাও। রুটেনের পদত্যাগে দলটির সাবেক কোচ ডিক অ্যাডভোকাটের পুনরায় ফেরার পথ প্রশস্ত হলো।
গত নভেম্বরে ৭৮ বছর বয়সী ডিক অ্যাডভোকাটের হাত ধরেই ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পায় কুরাসাও। কিন্তু মেয়ের অসুস্থতার কারণে ফেব্রুয়ারিতে তিনি দায়িত্ব ছাড়লে রুটেনকে নিয়োগ দেওয়া হয়।
আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘ই’ তে রয়েছে কুরাসাও। ১৪ জুন হিউস্টনে শক্তিশালী জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কুরাসাওয়ের বিশ্বকাপ যাত্রা। এরপর ২১ ও ২৬ জুন ইকুয়েডর ও আইভরি কোস্টের বিপক্ষে খেলবে তারা।

প্রিমিয়ার লিগে জমে উঠেছে অবনমন এড়ানোর লড়াই। নিজেদের অস্তিত্ব রক্ষার গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে লিডস ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল টটেনহাম হটস্পার। প্রথমে লিড নিলেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্পার্সরা। ফলে লিগের তলানিতে থাকা দলগুলোর ওপর চাপ বাড়ানোর সম্ভাবনা ভেস্তে গেছে উত্তর লন্ডনের ক্লাবটি।
সোমবার রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে টটেনহাম। বর্তমানে ১৮ নম্বর অবস্থানে থাকা ওয়েস্ট হ্যামের চেয়ে মাত্র ২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে রবার্তো ডি জার্বির শিষ্যরা।
টটেনহাম হটস্পার স্টেডিয়ামে প্রথমার্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচের ৫০ মিনিটে ২০ গজ দূর থেকে এক দুর্দান্ত শটে স্পার্সকে এগিয়ে দিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড ম্যাথিস তেল। এই গোলের পর মনে হচ্ছিল টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়বে স্বাগতিকরা।
কিন্তু ম্যাচের ৭৪ মিনিটে নিজের ডি-বক্সের ভেতর বল ক্লিয়ার করতে গিয়ে বাইসাইকেল কিক নেওয়ার চেষ্টা করেন তেল। তাঁর বুটের আঘাত সরাসরি গিয়ে লাগে ইথান আম্পাদুর মুখে। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েন লিডস ইউনাইটেডের এই ডিফেন্ডার। ভিএআর রিভিউ শেষে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে সমতা ফেরাতে ভুল করেননি ডমিনিক কালভার্ট-লেউইন।
ম্যাচের শেষ দিকে নাটকীয়তা চরমে পৌঁছায়। ইনজুরি টাইমে ১৩ মিনিট যোগ করা হলেও স্পার্স কোনো গোল করতে পারেনি। উল্টো অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে লিডসের শন লংস্টাফের নিশ্চিত গোল দুর্দান্ত দক্ষতায় রুখে দেন স্পার্স গোলকিপার আন্তোনিন কিনস্কি।
৩৬ ম্যাচ শেষে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ১৭ নম্বরে টটেনহাম। লিগ টেবিলে তাদের অবস্থান এখনো নড়বড়ে। অবনমন অঞ্চলে থাকা ওয়েস্ট হ্যামের চেয়ে ২ পয়েন্ট এগিয়ে থাকলেও হাতে আছে মাত্র দুটি ম্যাচ। পরবর্তী ম্যাচে মঙ্গলবার স্পার্সদের লড়তে হবে চেলসির বিপক্ষে।

২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বসনিয়া ও হার্জেগোভিনা। দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের দেশটি বিশ্বকাপ সারথী দলের প্রধান কাণ্ডারি অভিজ্ঞ এডিন জেকো। ৪০ বছর বয়সী এই স্ট্রাইকার গত মৌসুমে শালকেকে বুন্দেসলিগায় ফিরতে বড় ভূমিকা রেখেছেন।
সোমবার রাজধানী সারায়েভোতে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৬ সদস্যের দল ঘোষণা করেন বসনিয়া কোচ সের্জেই বারবাবেজ।
দল ঘোষণার সময় বারবারেজ বলেন,
'আমরা এমন খেলোয়াড়দের বেছে নিয়েছি, যারা বসনিয়ার পরিচয় এবং আমাদের জাতির লড়াকু মানসিকতাকে সঠিকভাবে প্রতিনিধিত্ব করবে।'
বেশ নাটকীয়ভাবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছিল বসনিয়া। চলতি বছরের মার্চে উয়েফা প্লে-অফে ইতালিকে টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে দলটি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছিল।
বিশ্বকাপে 'বি' গ্রুপে কানাডা ও বসনিয়া-হার্জেগোভিনার বাকি দুই সঙ্গী সুইজারল্যান্ড এবং কাতার। ১১ জুন বিশ্বকাপ শুরুর পরের দিনেই মিশন শুরু বসনিয়ার। নিজেদের প্রথম ম্যাচে কানাডার মুখোমুখি হবে তারা।
২০২৬ বিশ্বকাপের জন্য বসনিয়া ও হার্জেগোভিনা স্কোয়াড:
গোলরক্ষক: নিকোলা ভাসিলি (সেন্ট পাওলি), মার্টিন জ্লোমিসলিচ (রিজেকা), ওসমান হাজিকিচ (স্লাভেন বেলুপো)।
ডিফেন্ডার: সেয়াদ কোলাসিনাচ (আটালান্টা), ডেনিস হাদজিকাদুনিচ (সাম্পদোরিয়া), আমার দেদিচ (বেনফিকা), নিকোলা কাটিচ (শালকে), তারিক মুহারেমেভিচ (সাসুওলো), নিহাদ মুজাকিচ (গাজিয়ানটেপ), স্তেপান রাদেলিচ (রিজেকা), নিদাল চেলিক (লঁস)।
মিডফিল্ডার: আমির হাজিয়াহমেতোভিচ (হাল সিটি), বেঞ্জামিন তাহিরোভিচ (ব্রন্ডবি), জেনিস বুর্নিচ (কার্লসরুহার), আরমিন গিগোভিচ (ইয়াং বয়েজ), ইভান বাসিচ (আস্তানা), এস্মির বাজরাকতারেভিচ (পিএসভি), আমার মেমিচ (ভিক্টোরিয়া প্লাজেন), ইভান সুনিচ (পাফোস), কেরিম আলাইবেগোভিক (আরবি সালজবার্গ), এরমিন মাহমিচ (স্লোভান লিবেরেক)।
ফরোয়ার্ড: এডিন জেকো (শালকে), এরমেদিন ডেমিরোভিচ (স্টুটগার্ট), সামেদ বাজদার (জাগিলোনিয়া বিয়ালিস্তক), হারিস তাবাকোভিচ (বরুশিয়া মনশেনগ্লাডবাখ), জোভো লুকিচ (ক্লুজ)।

বিশ্বকাপের জন্য ব্রাজিল দলকে প্রস্তুত করার প্রথম ধাপ সম্পন্ন করেছেন কার্লো আনচেলত্তি। প্রাথমিক বিবেচনার ভিত্তিতে খেলোয়াড়দের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছেন তিনি।
ব্রাজিলের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রীড়া সংবাদ মাধ্যম ইউওএল এর প্রতিবেদন অনুযায়ী, আনচেলত্তি ইতোমধ্যেই ৫৫ সদস্যের একটি প্রাথমিক দল গঠন করেছেন। যেখান থেকে তিনি টুর্নামেন্টের জন্য তাঁর চূড়ান্ত দল বেছে নেবেন।
এই তালিকার উল্লেখযোগ্য নাম দুই অভিজ্ঞ তারকা—নেইমার জুনিয়র ও থিয়াগো সিলভার অন্তর্ভুক্তি। দুজনই দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে ছিলেন।
১৮ মে রিও ডি জেনেরিওতে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে ইউওএল জানিয়েছে, নেইমার ও সিলভার অন্তর্ভুক্তির বিষয়টি। শতভাগ ফিট না থাকলেও ঠিকই ক্লাব ফুটবলে নিয়মিত গোল পাচ্ছেন নেইমার। তার মধ্যে ব্রাজিলের সর্বোচ্চ স্কোরারকে বিশ্বকাপে স্কোয়াডে দেখতে ব্রাজিলীয় ফেডারেল ডেপুটি হেলিও লোপেস সরাসরি চিঠি পাঠিয়েছেন দেশটির ফুটবল কনফেডারেশনে (সিবিএফ)।
আগামী ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। তার আগে সোমবার (১১ মে) থেকে দলগুলোর খেলোয়াড় তালিকা প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, ৪৮টি অংশগ্রহণকারী দেশের হাতে জুন মাসের শুরু পর্যন্ত সময় রয়েছে চূড়ান্ত তালিকা জমা দেওয়ার জন্য। তবে অনেক পরাশক্তি ইতোমধ্যেই তাদের দল ঘোষণার দিনক্ষণ জানিয়ে দিয়েছে।
১১ মে দলগুলোর জন্য প্রাথমিক বা সাময়িকভাবে খেলোয়াড় তালিকা জমা দেওয়ার শেষ দিন। এই তালিকায় ৩৫ থেকে ৫৫ জন খেলোয়াড় রাখতে পারে ফেডারেশনগুলো। আজ থেকে শুরু হচ্ছে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সময়। ২ জুন ফিফার কাছে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন। এই দিনেই ফিফা আনুষ্ঠানিকভাবে ৪৮টি দেশের সব খেলোয়াড়ের নাম প্রকাশ করবে।
গত কাতার বিশ্বকাপের মতো এবারও প্রত্যেক দল সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় নিয়ে স্কোয়াড গঠন করতে পারবে। দলে অন্তত তিনজন গোলরক্ষক থাকা বাধ্যতামূলক। চূড়ান্ত তালিকা জমা দেওয়ার পর শুধুমাত্র গুরুতর চোট বা অসুস্থতার ক্ষেত্রেই ফিফার অনুমতি সাপেক্ষে খেলোয়াড় পরিবর্তন করা যাবে।

আসন্ন সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে আজ থাইল্যান্ডের ব্যাংককে কাসেমবুন্দিত এফসির বিপক্ষে নিজেদের প্রথম ক্লোজ-ডোর প্রীতি ফুটবল ম্যাচ খেলে বাংলাদেশ। যেখানে দুর্দান্ত জয় পেয়েছে পিটার বাটলারের দল।
ম্যাচজুড়ে গোছানো এবং আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ ২-০ ব্যবধানের দাপুটে জয় তুলে নেয়। খেলার ১৫ মিনিটে আনিকা রানিয়া সিদ্দিকী প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৭৭ মিনিটে উমেহ্লা মারমা দ্বিতীয় গোলটি করলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।
দলের সামগ্রিক পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন কোচ বাটলার। সাফ টুর্নামেন্টের আগে এই ম্যাচটি খেলোয়াড়দের প্রস্তুতি, আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন তিনি। সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৭ মে বাংলাদেশ দল আরও একটি ক্লোজ-ডোর প্রীতি ম্যাচ খেলবে।
আজকের ম্যাচের ধকল কাটিয়ে ওঠার জন্য আগামীকাল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। তাই মঙ্গলবার আফঈদাদের মাঠে কোনো অনুশীলন সেশন থাকছে না। এর পরিবর্তে সকালে টিম হোটেলে স্কোয়াডের সকল সদস্য স্ট্রেচিং এবং পুল রিকভারি সেশনে অংশ নেবেন।
থাইল্যান্ডের কন্ডিশনিং ক্যাম্প শেষে ২১ মে দল সরাসরি যাবে ভারতের গোয়ায়। যেখানে ৬ দল নিয়ে গড়াবে এবারের নারী সাফ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত ও মালদ্বীপের সঙ্গে। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৩১ মে স্বাগতিক ভারতকে মোকাবিলা করবে বাটলারের দল। ৩ জুন হবে সেমি-ফাইনাল, আর ৬ জুন ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের সাফের।