
ওয়ানডে রান তাড়ায় বিরাট কোহলি জ্বলে উঠবেন না, এটা যেন কোনোভাবেই হওয়ার নয়। দুবাইয়ের স্লো উইকেটে ভারতের এই ব্যাটিং তারকা আরও একবার জানান দিলেন, কেন তাকে ‘চেজ মাস্টার’ বলা হয়। স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেরির ফিফটিতে অবশ্য লড়াকু পুঁজিই পেয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। শুরুতে দুই ওপেনার হারিয়ে কিছুটা চাপে পড়া ভারতের ইনিংস একাই টানলেন সেই কোহলিই। সেঞ্চুরি মিস করলেও তার ইনিংস ভর করে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জায়গা করে নিল ভারত।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। অজিরা গুটিয়ে গিয়েছিল ২৬৪ রানে, শেষের দিকে কিছুটা লড়াই ছাপিয়ে রোহিত শর্মার দল সেই টার্গেট পাড়ি দিয়েছে ১১ বল হাতে রেখে।
আইসিসি ইভেন্টের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি এখন সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগেরটিও ছিল ভারতেরই।
আরও পড়ুন
| সেমিফাইনালে মার্করামের খেলা নিয়ে সংশয়ে দক্ষিণ আফ্রিকা |
|
রান তাড়ায় বেন ডুয়ারসুইসের করা ইনিংসে দ্বিতীয় বলেই চার হাঁকান রোহিত। এরপর ন্যাথান এলিসকে মারেন ছক্কা। তবে ওই ওভারেই ব্যাকওয়ার্ড পয়েন্টে তার দেওয়া সহজ ক্যাচ ফেলে দেন কুপার কনোলি। এরপর ডুয়ারসুইসের বলে আরও একবার উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন ভারত অধিনায়ক, তবে এবার ক্যাচ ফেলে দেন মার্নাস লাবুশেন।
অন্যপ্রান্তে অস্বস্তিতে থাকা শুবমান গিল ইনসাইড-এজ হয়ে বোল্ড হয়ে যান ডুয়ারসুইসের বলে। দারুণ ছন্দে ব্যাট করা রোহিতকে এরপর আক্রমণে এসেই ফিরিয়ে দেন কনোলি। তার বাঁহাতি স্পিনে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে আউট হন ২৮ রানে।
এই উইকেটে অস্ট্রেলিয়া শিবিরে জাগে জয়ের আশা। তবে শ্রেয়াস আইয়ারকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ক্রমেই ম্যাচে ফিরে আসে ভারত। দুজন মিলে অস্ট্রেলিয়ার স্পিনারদের সামাল দেন দারুণ দক্ষতায়। এরই মধ্যে ফিফটি হয়ে যায় কোহলি। এরপর একটা সুযোগ দিয়েছিলেন তিনি একটা, তবে কনোলির বলে মিড-অফে ডাইভ দিয়েও ক্যাচ নিতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল।
ক্রমেই বিপজ্জনক হয়ে ওঠা এই জুটির ইতি টানেন শেষ পর্যন্ত অ্যাডাম জাম্পা। অভিজ্ঞ এই লেগ স্পিনার আইয়ারকে ৪৫ রানে বোল্ড করে ভাঙেন ৯১ রানের জুটি। পাঁচে নামা আকসার প্যাটেল খেলেন কার্যকর এক ক্যামিও ইনিংস। তবে সেট হওয়ার পর তাকে বোল্ড করে ম্যাচে রোমাঞ্চ ফিরিয়ে আনেন এলিস।
শেষ ১২ ওভারে ভারতের দরকার ছিল ৭২ রান। কোহলি ও লোকেশ রাহুল ভালোভাবেই সেট হওয়ায় ম্যাচ ক্রমেই হেলে যাচ্ছিল ভারতের দিকে। আরও একবার আক্রমণে এসে দারুণ এক গুগলিতে কোহলিকে বিভ্রান্ত করে ক্যাচ বানান জাম্পা। তবে এর আগে মাত্র ৫ চারে ৯৮ বলে ৮৪ রানের ম্যাচে পার্থক্য গড়ে দেওয়া ইনিংস উপহার দেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।
আরও পড়ুন
| অধিনায়কত্ব হারিয়ে টি-টোয়েন্টি দল থেকেই বাদ রিজওয়ান, নেই বাবরও |
|
ওই উইকেটের পর ম্যাচে ফের রোমাঞ্চের সম্ভাবনা জাগলেও, রাহুল ও হার্দিক পান্ডিয়া মিলে ভারতকে নিয়ে যান জয়ের বন্দরে। জাম্পার করা শেষ ওভারে টানা দুই ছক্কায় হার্দিক দ্রুত ম্যাচ শেষের কাজ সেরে ফেলেন। শেষ মুহূর্তে ২৮ রানে তিনি আউট হলেও ভারতের জয়ে এর প্রভাব আর পড়েনি। রাহুল অপরাজিত থাকেন ৪২ রানে।
এর আগে দিনের শুরুতে আগে ব্যাট করা অস্ট্রেলিয়ার ইনিংসের বড় হাইলাইট ছিলেন ট্রাভিস হেড। ভারতের বিপক্ষে বারবার সেরা সব ইনিংস খেলা এই মারকুটে ওপেনার এদিনও উড়ন্ত ছন্দেই ব্যাট করছিলেন। চার-ছক্কার মারে আভাস দিচ্ছিলেন বড় কিছুর। তবে এবার তিনি আর পারেননি। আক্রমণে এসেই তাকে ৩৯ রানে ফিরিয়ে দেন ভারুন চক্রবর্তী।
অন্য ওপেনার কনোলি রানের খাতা খোলার আগেই আউট হন। এরপর ভারতের চার স্পিনার দিয়ে সাজানো আক্রমণ সামলে ইনিংস এগিয়ে নেন স্পিনের বিপক্ষে অস্ট্রেলিয়ার সেরা দুই ব্যাটার স্মিথ ও লাবুশেন। জমে ওঠা এই জুটির ভাঙন ধরান রবীন্দ্র জাদেজা। তার শিকার হন লাবুশেন (২৯)।
স্মিথ একপ্রান্ত আগলে খেলেন দুর্দান্ত এক ইনিংস, যেখানে সম্ভাবনা ছিল তার সেঞ্চুরির। তবে ফিরতি স্পেলে এসে মোহাম্মদ শামি তাকে বোল্ড করে দেন ৭৩ রানে। অভিজ্ঞ এই ব্যাটার ইনিংস সাজান মাত্র ৪টি চার ও এক ছক্কায়।
২০৫ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া অস্ট্রেলিয়ার ইনিংসকে একটা ফাইটিং স্কোরের দিকে একাই টেনে নেন কেরি। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৬১ রানের লড়িয়ে এক ইনিংস। ৪৮ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার ছিলেন পেসার শামি।
No posts available.
১৯ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম

টেস্ট অভিষেকের ১৬ বছর ৪ মাস ৫ দিন পর ১০০ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। বাংলাদেশের এই মাইলস্টোন টেস্টকে বিশেষ মর্যাদায় উদযাপনে স্বাগতিক শ্রীলঙ্কা ক্রিকেটের সাধ্যমত চেষ্টা করেছে। বাংলাদেশের শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে মাঠে খেলা গড়ানোর আগে বেশ কিছু আনুষ্ঠানিকতা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
খেলা শুরুর আধঘণ্টা আগে টসের পর দুই দলের অধিনায়ক মুশফিকুর রহিম-রঙ্গনা হেরাথ নিজেদের মধ্যে পতাকা বদল করেছেন। এরপর ঠিক প্যাভিলিয়নের সামনে শততম টেস্ট উদযাপনে বিশেষ আয়োজন পর্বটি অনুষ্ঠিত হয়েছে। বেজে ওঠেছে দুই দেশের জাতীয় সঙ্গীত। এর সঙ্গে উত্তোলন করা হয় দুই দেশের পতাকা ও আইসিসিরি পতাকা। শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও বিসিবি সভাপতি বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ১০০তম টেস্ট উপলক্ষে ঢাকা থেকে ক্রিকেটারদের জন্য আনা নীল রঙের ব্লেজার এবং বিশেষ টেস্ট ক্যাপ পরিয়ে দেয়া হয় ঐতিহাসিক টেস্টে প্রতিনিধিত্বকারীদের। দু’প্রান্তে বাংলাদেশের পতাকা নেড়ে একদল শিশু-কিশোর নীল গালিচায় ক্রিকেটারদের গার্ড অব অনার দিয়েছে।
বাংলাদেশের শততম টেস্টকে স্মরণীয় করে রাখতে বিশেষ পদক তৈরি করে রেখেছিল শ্রীলঙ্কা ক্রিকেট। সেই পদকগুলো ক্রিকেটারদের গলায় পরিয়ে দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি সুমাথিপালা। বিশেষভাবে তৈরি করা মেডেলগুলোতে লেখা ছিল- ‘কংগ্রাচুলেশন অন দ্য সেঞ্চুরি টেস্ট ম্যাচ প্লেড বাই বাংলাদেশ।’
এছাড়া লঙ্কান ক্রিকেট বোর্ড বিসিবির তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপনকেও দিয়েছে বিশেষ উপহার। হাতির একটি মূর্তিকে রূপালি রঙের প্রলেপ দিয়ে সুন্দর করে সাজিয়ে কাচের বক্সের ফ্রেম আকারে তুলে দেয়া হয় বিসিবি সভাপতির হাতে। এক ফ্রেমে দুই দল বন্দি হয়েছে ফটোসেশনে, পরে উড়েছে লাল-সুবজ রঙের বেলুন।
নিউ জিল্যান্ডের ডানেডিনে বাংলাদেশের ৫০তম টেস্ট উদযাপনে শুধু স্বাক্ষীই নয়, ওই টেস্ট স্মরণীয়ভাবে উদযাপনে ঢাকা থেকে আমার আইডিয়া এবং বাংলাদেশের প্রথম ক্রিকেট ফ্যান ক্লাব বেঙ্গল টাইগার্সের অর্থায়নে ৫০টি চাবির রিং, এবং দুটি ক্রেষ্ট বানিয়ে নিয়ে গিয়েছিলাম। সেই টেস্টের প্রথম দিনে লাঞ্চ ব্রেকের সময় বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়কে দিয়ে বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং নিউ জিল্যান্ড অধিনায়ক ভেট্টরির হাতে আমি এবং দুর্জয় তুলে দিয়েছিলাম ওই দুটি বিশেষ ক্রেস্ট। বাংলাদেশের ৫০তম টেস্ট কভার করতে যাওয়া বাংলাদেশ-নিউ জিল্যান্ড সাংবাদিকদের সবাইকে এবং দুদলের ক্রিকেটারদের হাতে তুলে দিয়েছিলাম বিশেষ স্মারক চাবির রিং।
শততম টেস্টকে সামনে রেখে গণমাধ্যমের অজান্তে এমন কিছুর পরিকল্পনা ছিল এবং তা বাস্তবায়ন করেছি। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তৎকালীন সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন ভাইকে রাজি করিয়ে ১০০টি চাবির রিং বানিয়ে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনায় শততম টেস্ট উপলক্ষ্যে একটা বিশেষ কেকও অর্ডার দিয়ে বানিয়েছিলেন তিনি। শততম টেস্টের আগের রাতে একটা সৌজন্য ডিনারে বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশ থেকে শততম টেস্ট কভার করতে আসা সাংবাদিকদের সম্মানে আপ্যায়িত করেছিলেন তিনি। বিসিবি থেকে যে উদ্যোগ নেয়ার কথা, সেই উদ্যোগটা মামুন ভাই নিয়ে বিপদে পড়েছেন। বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজার এবং বিসিবির তৎকালীন পরিচালক খালেদ মাহমুদ সুজন ক্ষুব্ধ হয়ে কেকের উপর চালিয়েছেন ক্রোধ! উপস্থিত সাংবাদিক, ক্রিকেটাররা হতভম্ব হয়েছেন তার এই আচরণে। অথচ, পরদিন বেঙ্গল টাইগার্সের সাব্বির আহমেদ রুবেল, গোলাম ফারুক ফটিকের সঙ্গে মুশফিকুর রহিম এবং রঙ্গনা হেরাথকে ম্যাচ ভেন্যুতে দিয়েছি শততম টেস্টের বিশেষ ক্রেস্ট, তখন কিন্তু ওই ক্রেস্ট দিতে এগিয়ে এসেছেন খালেদ মাহমুদ সুজন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা এবং আন্তর্জাতিক মিডিয়া মিলিয়ে বাংলাদেশের শততম টেস্টে কভার করেছেন যেসব সাংবাদিক, তাদের সবার নাম এবং স্বাক্ষর সংগ্রহ করেছি। টেস্ট জয়ের পর বাংলাদেশের শততম টেস্ট স্কোয়াডের সবার অটোগ্রাফ নিয়েছি। এসব দিয়ে বিশেষ ডিজাইনেকাঠের উপর লেজার কাটিং করে স্মরণীয় স্মৃতি সংগ্রহে রেখেছি। টেস্ট সিরিজের ট্রফিটি ঢাকা থেকে নিয়ে গিয়েছিলেন ওই সিরিজের টাইটেল স্পন্সরশিপ করা আবু নেওয়াজ সোহাগ। আমার উচ্ছ্বাস দেখে ট্রফিতে আমার হাতে তুলে দিয়েছিলেন। শততম টেস্ট জয়ের সেই ট্রফিকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ফটো সেশনের আগেই কিন্তু ট্রফিটি উঠেছিল আমার হাতে!
১৯ মার্চ, ২০১৭-কলম্বোর পি সারা স্টেডিয়ামে বাংলাদেশের শততম টেস্ট জয় দিয়ে উদযাপন। এমন একটি দিন, এমন একটি গর্বিত মাইলস্টোন কেনো বিসিবিকে মনে করিয়ে দিতে হবে, কেনো দিনটি বিশেষ মর্যাদায় উদযাপিত হবে না ? এটাই প্রশ্ন।

কাকতালীয় হলেও সত্য, ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি-এই তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটের তিনটিই রাঙিয়েছে বাংলাদেশ জয় দিয়ে। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ঢাকা স্টেডিয়ামে ভারতকে ১৫ রানে হারিয়ে শততম ওয়ানডে ম্যাচ জয়ের উৎসব করেছে হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। ২০১৭ সালের ১৯ মার্চ কলোম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শততম টেস্ট জয়ে ইতিহাস রচনা করেছে মুশফিকুর রহিমের নেতৃত্বে বাংলাদেশ। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটেও শততম ম্যাচ জয় দিয়ে রাঙিয়েছে বাংলাদেশ দল। যে জয়টি সূচিত হয়েছে ২০২১ সালের ২২ জুলাই।
আজ (১৯ মার্চ, ২০২৬) পাঠকের সামনে তুলে ধরছি ৯ বছর আগে শততম টেস্ট জয়ের স্মৃতি। শততম টেস্ট বলে কথা, দেশের মাটিতে শততম টেস্ট খেললে দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকতো ওই বিশেষ টেস্ট। বাংলাদেশের মাটিতে আয়োজন করা যেতো, শততম টেস্ট। ফিউচার ট্যুর প্রোগামে (এফটিপি) সেইভাবে হিসাব মিলিয়ে নিতে পারতো বিসিবি। কিন্তু সেই হিসাবটা মাথায় রাখেনি নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বিসিবি। বাংলাদেশ শ্রীলঙ্কার রাজধানী কলোম্বোর পি সারাভামাত্তু স্টেডিয়ামে ১৫ থেকে ১৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের শততম টেস্ট।
বিরতির ঠিক ৪৮ মিনিট পর ৫৮তম ওভারের পঞ্চম বলে যখন ২টি রান নিলেন মেহেদী হাসান মিরাজ। রঙ্গনা হেরাথ বল করছিলেন প্রেসবক্স প্রান্ত থেকে। তিন বল আগে তাঁর টার্ন ও বাউন্সে পরাস্ত হয়ে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে এসেছেন মোসাদ্দেক হোসেন। মিরাজ পঞ্চম বলটি সুইপ করলেন স্কয়ার লেগে। বল যতটা গিয়েছিল, হতে পারত ৩ রান। কিন্তু জয়ের জন্য দরকার ২ রান, তা-ই নিয়ে উল্লাসে হাওয়ায় দুহাত ছুড়লেন মিরাজ। জিতে গেল বাংলাদেশ।
শ্রীলঙ্কাকে তাদেরই মাটিতে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ তার শততম টেস্টে পেয়েছে স্বপ্নের মতো এক জয়। টেস্ট পরিবারে সবার শেষে এসে চতুর্থ দল হিসেবে এই কীর্তিটা গড়া সামান্য প্রাপ্তি নয়। এর আগে নিজেদের শততম টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান। বাংলাদেশও লিখল শততম টেস্ট জয়ে ইতিহাস।
শততম টেস্টের ল্যান্ডমার্ক স্পর্শ করতে সময়ের হিসেবে বাংলাদেশের লেগেছে ১৬ বছর ৪ মাস ৫ দিন। এখানেও বাংলাদেশ রচনা করেছে ইতিহাস। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে শততম টেস্টের ল্যান্ডমার্কে এই সময়টাই সবচেয়ে কম।
৯৯তম টেস্টটি খেলেছে বাংলাদেশ গল-এ। ৭ থেকে ১০ ডিসেম্বরে গল-এ অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হেরে গেছে ২৫৯ রানে। দুই ইনিংসে মাহমুদউল্লাহ করেছেন ৮ এবং ০! তাতেই কোপ পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। শততম টেস্টে বাংলাদেশ একাদশে জায়গা হয়নি এই মিডল অর্ডারের। তার জায়গায় টেস্ট অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের।
কেনো মাহমুদউল্লাহকে দেওয়া হয়েছে বাদ, শততম টেস্ট কভার করা বাংলাদেশ সাংবাদিকদের সে ব্যাখ্যা দিয়েছিলেন বিসিবির তৎকালীন সভাপতি নাজমুল হাসান পাপন এমপি-
'হাতুরুর কোনো ভূমিকা নেই। প্রত্যেকটা সিদ্ধান্ত আমার। এখানে হাতুরুর কথা কেনো আসছে, আমি তা বুঝি না। এই যে মাহমুদউল্লাহ টেস্ট খেলবে না, এটা তো আমার সিদ্ধান্ত। তাতে ফেরত পাঠিয়ে দেয়ার কথা কিংবা ওডিআই স্কোয়াডে নেই, এমন কোনো কথা কেউ আমাকে বলেনি। আমার কাছে তো আসতে হবে আগে। তাছাড়া আমার কাছে হাতুরু কখনো কিছু পাঠায় না। লিস্ট পাঠায় নির্বাচকরা। হাতুরুকে এর মধ্যে টেনে আনার কোনো কারণ খুঁজে পাই না।'
শততম টেস্টের একাদশ নির্বাচনে বিসিবি সভাপতি বেশ গর্ব করেই বলেছিলেন তার হস্তক্ষেপের কথা। এমন হস্তক্ষেপ তিনি করেছেন অসংখ্যবার। তবে এই একটি হস্তক্ষেপে অন্তত লাভ হয়েছে বাংলাদেশের।
এক অর্থে মাহমুদউল্লাহর রিপ্লেশমেন্টটি ছিল শততম টেস্টে যথার্থ সিদ্ধান্ত। কারণ, শততম টেস্টে অভিষেক ইনিংসে হাফ সেঞ্চুরির (৭৫ ) রেকর্ডে মোসাদ্দেক দ্বিতীয়। এর আগে রেকর্ডটি ছিল শুধু ইংল্যান্ডের শততম টেস্টে অভিষিক্ত জ্যাক শার্পের। ১৯০৯ সালে করেছিলেন তিনি ৬১ রান।
এই টেস্টে সৌম্য ৫টি ক্যাচ নিয়ে করেছেন রেকর্ড। বাংলাদেশ উইকেট কিপারদের মধ্যে টেস্টে প্রথম ডিসমিসালের সেঞ্চুরি পূর্ণ করেছেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ৫৪তম টেস্টে এসে এই মাইলস্টোনে পা রেখেছেন তিনি।
শততম টেস্টের প্রথম দিন থেকেই চালকের আসনে ছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৩৩৮ রানে প্রথম ইনিংস থামিয়ে দিয়ে বাংলাদেশ লিড নিয়েছে ১২৯ রান। দ্বিতীয় ইনিংসে (৩/৭৮) সাকিব (৪/৭৪), মোস্তাফিজের (৩/৭৮) বোলিংয়ে চতুর্থ ইনিংসে ১৯১ রানের টার্গেটটা সহজ করে দিয়েছেন বাঁ হাতি ওপেনার তামিম। তার ৮২ রানের ইনিংসে বাংলাদেশ পেয়েছে জয়ের আবহ। বাকি কাজটা করেছেণ সাব্বির রহমান (৪১), মুশফিক (২২*)।
শততম টেস্ট জয়ের শুভক্ষণের জন্য পি সারা ওভালের প্রেস বক্সের উপরে টিভি প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশ থেকে আসা একদল সাংবাদিক। শততম টেস্টের শুভক্ষণে বাংলাদেশের সংবাদকর্মীদের অনুভূতি, মাঠ থেকে উচ্ছ্বাস ক্যামেরায় ধারণ করেছেন ফটো সাংবাদিক রতন গোমেজ।

২০২৬ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সব খেলা সম্প্রচার করবে টি স্পোর্টস। আগামী ২৬ মার্চ থেকে শুরু হবে পিএসএলের একাদশ সংস্করণ। এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের খেলা বাংলাদেশের দর্শকেরা সরাসরি দেখতে পারবেন জনপ্রিয় এই ক্রীড়া চ্যানেলে।
বিশ্বের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটি পিএসএল। প্রতি সংস্করণেই আন্তর্জাতিক ও পাকিস্তানের শীর্ষ ক্রিকেটারদের অংশগ্রহণে জমে ওঠে প্রতিযোগিতা। এবারের আসরও ব্যতিক্রম নয়।
উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন। সম্প্রচারের ক্ষেত্রেও নতুন উচ্চতায় পৌঁছেছে পিএসএল। টুর্নামেন্টটি ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত চার বছরের জন্য রেকর্ড অঙ্কের চুক্তিতে সম্প্রচার স্বত্ব বিক্রি করেছে। 'ওয়ালি টেকনোলজিস' এই স্বত্ব কিনেছে প্রায় ৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে, যা পিএসএলের ইতিহাসে সবচেয়ে বড় সম্প্রচার চুক্তি।
২০২৬ পিএসএলে ম্যাচসংখ্যা ও দল বাড়ায় চুক্তির মূল্যও বেড়েছে বেশ। নতুন মৌসুম থেকে দলসংখ্যা বেড়ে হয়েছে আটটি, আর ম্যাচ হবে ৪৪টি। এতে প্রতি ম্যাচের সম্প্রচারমূল্যও আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
আগামী ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের পিএসএল। বাংলাদেশের দর্শকদের জন্য পুরো টুর্নামেন্টই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ হার। হতাশাজনক এমন পারফরম্যান্সে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও সিনিয়র খেলোয়াড়দের একহাত নিয়েছেন আহমেদ শেহজাদ। পাকিস্তানের সাবেক এই ওপেনারের মতে, বর্তমান পিসিবি ইতিহাসের সবচেয়ে দুর্বল এবং কতিপয় ক্রিকেটারের কাছে জিম্মি।
গত রোববার মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে ১১ রানে হেরে ১১ বছর পর বাংলাদেশের বিপক্ষে আরেকটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারে পাকিস্তান। শাহীন আফ্রিদির নেতৃত্বে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর তাই ক্ষোভ উগরে দিয়েছেন শেহজাদ।
নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় শেহজাদ বলেন,
‘আপনাদের খেলোয়াড়দের মান সেই পর্যায়ের নয়, যেভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড ৫-৭ বছর আগে পিএসএলের জন্য তাদের ব্র্যান্ড হিসেবে তৈরি করেছিল। এই ৬-৮ জন খেলোয়াড়ই পিএসএলের মুখ, তারাই আমাদের পাকিস্তান দলের মুখ। তারা কি পাকিস্তানের ভাগ্য বদলাবে?’
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। ১৯৯২ সালে ওয়ানডে এবং ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন হওয়া দলটি ২০১৬ সাল থেকে টানা চারটি আইসিসি ইভেন্টে নকআউট পর্বে উঠতে ব্যর্থ।
এমন হতাশাজনক পারফরম্যান্স নিয়ে সমালোচনা করে শেহজাদ বলেন
‘আপনারা তাদের সব স্পনসরশিপ দিয়েছেন, সমর্থন করেছেন এবং তাদের ওপর বিনিয়োগ করেছেন। তাদের পিএসএলে অধিনায়কত্ব দিয়েছেন। পুরো পাকিস্তান দল এই ৬ জন খেলোয়াড় এবং তাদের এজেন্টদের হাতে তুলে দিয়েছেন। আর তারা কী করেছে? তারা মজা করেছে, পার্টি করেছে, নিজেদের পকেট ভরেছে, আনন্দ করেছে… কিন্তু এর মাধ্যমে পাকিস্তানকে কোনো জয় এনে দিতে পারেনি।‘
ব্যর্থতার পরও কোনো খেলোয়াড় দায় স্বীকার না করা নিয়েও ক্ষুব্ধ শেহজাদ,
‘খেলোয়াড়দের ঔদ্ধত্য এখন এমন পর্যায়ে যে, তারা কেউ নিজেদের দোষ স্বীকার করতে রাজি নয়। তারা এখনও ব্লেম গেম খেলে যাচ্ছে। আমার জীবনে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এত দুর্বল দেখিনি, যতটা এখন। তাদের ক্ষমতা আছে, ঠিকই, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় তারা খেলোয়াড়দের সামনে নতজানু হয়ে যায়। এই পিসিবি কিছুই করতে পারে না।‘

ভারতের পেশাদার টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নাম ব্যবহারকে অবৈধ দাবি করে করা এক জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন কেরালা হাইকোর্ট। আদালত বলেছেন, এ অভিযোগের কোনো ভিত্তি নেই।
মামলায় অভিযোগ করা হয়েছিল, ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড তাদের আয়োজিত লিগের জন্য ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ নামটি বেআইনিভাবে ব্যবহার করছে। আবেদনকারী আশিক কারোথ, যিনি নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দেন, এ দাবি তোলেন।
প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি শ্যাম কুমার ভি এমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ যুক্তি নাকচ করে দেন। আদালত পর্যবেক্ষণে বলেন, আবেদনকারী সম্প্রতি জানতে পেরেছেন যে এই লিগটি দেশের আনুষ্ঠানিক ক্রিকেট টুর্নামেন্ট নয়—যদিও এটি বহু বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে।
রায়ে আদালত বলেন, উত্থাপিত যুক্তির মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই। তাই এটিকে জনস্বার্থ মামলা হিসেবে চালিয়ে নেওয়ারও প্রয়োজন নেই।
আইপিএল আয়োজন ঘিরে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও এসেছে। কর্ণাটক সরকার ২০২৬ মৌসুমে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এ অনুমোদন দেওয়া হয়।
এর আগে দলটির প্রথম শিরোপা জয়ের পর স্টেডিয়ামে পদদলিত হওয়ার ঘটনার কারণে কয়েক মাস অনিশ্চয়তা তৈরি হয়েছিল। বিশেষজ্ঞ কমিটির সুপারিশ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা শেষে সরকার এই অনুমতি দেয়।
সূচি অনুযায়ী, এবারের আসর শুরু হবে ২৮ মার্চ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বেঙ্গালুরু মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদের।