২০ ডিসেম্বর ২০২৩, ১:০০ পিএম

স্বাধীনতা কাপের মধ্য দিয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগেই। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে শুরু হয়ে যাবে নতুন মৌসুমের জমজামট লড়াই। এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ভেন্যু ও সূচী চুড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটি।
আগামী ২২ ডিসেম্বর আবাহনী ও রহমতগঞ্জের ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিপিএলের নতুন মৌসুমের। দশ দল খেলবে পাঁচ ভেন্যুতে। বসুন্ধরা তাদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করবে বসুন্ধরা কিংস অ্যারেনা। অন্যদিকে এই মাঠ হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে শেখ রাসেল ক্রীড়া চক্রও।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম থাকছে আবাহনী ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জন্য। অন্যদিকে রাজশাহী (ফর্টিস এফসি ও ব্রাদার্স ইউনিয়ন), মুন্সিগঞ্জ (চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ) এবং ময়মনসিংহ (মোহামেডান ও বাংলাদেশ পুলিশ)।
আরো পড়ুনঃ বিসিএলের চ্যাম্পিয়ন ইস্ট জোন
উদ্বোধনী দিনে রয়েছে চারটি ম্যাচ। দুপুর ২টা ৩০ মিনিটে আলাদা তিন ভেন্যুতে গড়াবে তিনটি ম্যাচ। অন্যদিকে বিকেল ৪ঃ৩০ মিনিটে ব্রাদাস ইউনিউনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের প্রিমিয়ার লিগ মিশন শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
লিগের মধ্য দিয়েই চলবে ফেডারেশন কাপের ম্যাচ। গতবারের মত এবারো শুক্র ও শনিবার মাঠে গড়াবে লিগের ম্যাচগুলো। অন্যদিকে মঙ্গলবার দেখা যাবে ফেডারশন কাপের ম্যাচগুলো।
সব মিলিয়ে দশ দল দুই লেগ মিলিয়ে খেলবে ১৮ রাউন্ড। ৯ রাউন্ড শেষে এক মাসের বিরতি থাকবে। সেসময়টাতে চলবে মধ্যবর্তী দলবদল। এর ভিতরেই বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল।
২৯ মার্চ আবারো মাঠে গড়াবে প্রিমিয়ার লিগ। আগামী বছরের জুনের মধ্যে লিগ শেষ করার আশা করছে লিগ কমিটি।
No posts available.

২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের কোচ টমাস টুখেল যে স্কোয়াড প্রকাশ করেছেন, তাতে ইংলিশ ফুটবল মহলে বইছে আলোচনার ঝড়।
চেলসির কোল পালমার ও ম্যানচেস্টার সিটির ফিল ফোডেনের বাদ পড়াটা টুখেলের স্কোয়াডের সবচেয়ে বড় চমক। চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকার পরও এই দুই আক্রমণাত্মক মিডফিল্ডারকে দলে রাখা হয়নি। প্রিমিয়ার লিগের এই মৌসুমে পালমার ২৫ ম্যাচে ৯ গোল করেছেন। ৩২ ম্যাচে ৭ গোল ও ৭টি অ্যাসিস্ট করে অবদান রেখেছেন ফোডেনও।
এছাড়া বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ম্যানচেস্টার ইউনাইটেডের অভিজ্ঞ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার এবং নটিংহ্যাম ফরেস্টের তারকা মরগান গিবস-হোয়াইট।
দলে জায়গা পেয়েছেন নিউক্যাসল ইউনাইটেডের ৩৪ বছর বয়সী ডিফেন্ডার ড্যান বার্ন। ক্যারিয়ারের এই সায়াহ্নে এসে জীবনের প্রথম বিশ্বকাপ খেলার ডাক পেয়েছেন তিনি।
তাঁর এই অর্জনে নিউক্যাসলের কোচ এডি হাউ বলেন, ‘ড্যান বার্নের পুরো ক্যারিয়ারের গল্প যেকোনো তরুণ খেলোয়াড়ের জন্য এক দারুণ উদাহরণ। জীবনের নানা কঠিন মোড় ও ধাক্কা সামলে আজ ও নিজের পুরস্কার পেয়েছে।‘
২০২৬ বিশ্বকাপ দিয়ে চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন জর্ডান হেন্ডারসন। অভিজ্ঞ এই মিডফিল্ডার মাঠে নামলেই ইংল্যান্ডের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চারটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে খেলার রেকর্ড গড়বেন।
আক্রমণভাগে টুখেলের বড় চমক আল আহলির স্ট্রাইকার ইভান টোনি। টুখেল দায়িত্ব নেওয়ার পর থেকে জাতীয় দলের জার্সিতে মাত্র দুই মিনিট খেলার সুযোগ পেলেও শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।
এছাড়া ম্যানচেস্টার সিটির নিকো ও'রাইলি এবং বায়ার লেভারকুসেনের জ্যারেল কুয়ানসাদের মতো তরুণরা ডাক পেয়েছেন। বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। আক্রমণভাগে তাঁর সঙ্গে রয়েছেন অ্যাস্টন ভিলার ওলি ওয়াটকিন্স, বার্সেলোনার মার্কাস রাশফোর্ড।
১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘এল’ গ্রুপে ইংল্যান্ড। ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৯৬৬ চ্যাম্পিয়নদের। এরপর ২৩ জুন ঘানা ও ২৭ জুন পানামার বিপক্ষে মাঠে নামবে থ্রি লায়ন্সরা।
ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ দল:
গোলকিপার: জর্ডান পিকফোর্ড (এভারটন), ডিন হেন্ডারসন (ক্রিস্টাল প্যালেস), জেমস ট্রাফোর্ড (ম্যানচেস্টার সিটি)।
রক্ষণভাগ: জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), ড্যান বার্ন (নিউক্যাসল), মার্ক গুয়েহি (ম্যানচেস্টার সিটি), রিস জেমস (চেলসি), এজরি কোনসা (এস্টন ভিলা), তিনো লিভরামেন্টো (নিউক্যাসল), নিকো ও'রাইলি (ম্যানচেস্টার সিটি), জ্যারেল কুয়ানসা (বায়ার লেভারকুসেন), জেদ স্পেন্স (টটেনহ্যাম)।
মধ্যমাঠ: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ), ডেক্লান রাইস (আর্সেনাল), ইবেরেচি ইজে (আর্সেনাল), জর্ডান হেন্ডারসন (ব্রেন্টফোর্ড), কোবি মাইনো (ম্যানচেস্টার ইউনাইটেড), এলিয়ট অ্যান্ডারসন (নটিংহ্যাম ফরেস্ট), মরগান রজার্স (অ্যাস্টন ভিলা)।
আক্রমণভাগ: হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ), বুকায়ো সাকা (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (বার্সেলোনা), অ্যান্থনি গর্ডন (নিউক্যাসল), ননি মাদুয়েকে (আর্সেনাল), ইভান টোনি (আল আহলি), ওলি ওয়াটকিন্স (অ্যাস্টন ভিলা)
জাতীয় ফুটবল দলের জন্য নতুন কোচ খুঁজে পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দু্ই বছরের জন্য বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক টমাস ডুলি। এখন ঢাকায় আছেন তিনি।
যুক্তরাষ্ট্রের হয়ে ৮১ ম্যাচ খেলা ডুলির এশিয়ায় কোচিং করানোর অভিজ্ঞতা আছে এক দশকের। তাঁর অধীনে ফিলিপাইন প্রথমবারের মতো নাম লেখায় এশিয়ান কাপে। এবার বাংলাদেশকেও একই মঞ্চে নিয়ে যেতে চান তিনি। খুদে বার্তায় ডুলি বলেন,
‘ফিলিপাইনের মতো বাংলাদেশকে (এশিয়ান কাপে নিতে) সফল করতে আমি আশাবাদী। এতে কোনো সন্দেহ নেই।’
কাবরেরার অধীনে দুবার এশিয়ান কাপের বাছাইপর্ব খেলেছে বাংলাদেশ। কিন্তু মূলপর্বে খেলার স্বাদ পায়নি। এশিয়ান কাপে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ১৯৮০ সালে। এরপর নারী দল এশিয়ান কাপেও খেললেও ছেলেদের দল আর পারেনি। সেই সম্ভাবনার দুয়ার খুলতেই বাংলাদেশে এসেছেন বলে জানান ডুলি।
খেলোয়াড় হিসেবে ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি বুন্দেসলিগা ও ইউয়েফা কাপ জিতেছেন ডুলি। কোচিং ক্যারিয়ারে ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্রের সহকারী কোচ ছিলেন।
পরবর্তীতে ফিলিপাইনকে ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে তোলেন ডুলি। সর্বশেষ গায়ানা জাতীয় দলের দায়িত্বে ছিলেন। সেই দায়িত্ব ছেড়ে এখন তিনি দাঁড়াবেন জামাল - হামজাদের ডাগ আউটে।
৫ জুন সান মারিনোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ডুলির বাংলাদেশ অধ্যায়। ইউরোপ সফরের আগে ২৪ মে থেকে ঢাকায় ক্যাম্প করবে জাতীয় দল। এরই মধ্যে দেশের বাইরে থাকা ফুটবলাররা আসতে শুরু করেছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে নরওয়ে। কোনো সংবাদ সম্মেলন বা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নয়, খোদ নরওয়ের রাজা হারাল্ড ভিডিও বার্তার মাধ্যমে দলটির খেলোয়াড়দের নাম ঘোষণা করেছেন।
রাজার মুখ থেকে এমন অভিনব উপায়ে দল ঘোষণার এই নাটকীয়তা খেলোয়াড়দের মধ্যেও ব্যাপক রোমাঞ্চ ও বিস্ময় তৈরি করেছে। দলে ডাক পাওয়া ডার্বি কাউন্টির ডিফেন্ডার সন্ড্রে ল্যাঙ্গাস দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এনআরকে কে দেওয়া সাক্ষাৎকারে রসিকতা করে বলেন,
‘ভিডিওটি পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। সত্যি বলতে, আমি রাজাকেও এক সেকেন্ডের জন্য বিশ্বাস করিনি যে আমার নাম থাকবে!’
নরওয়ের মূল চালিকাশক্তি বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন নিজের প্রথম বিশ্বকাপকে রাঙাতে সম্পূর্ণ প্রস্তুত। আক্রমণভাগে তাকে সহায়তার জন্য থাকছেন আতলেতিকো মাদ্রিদের আলেকজান্ডার সরলথ, সেল্টা ভিগোর জোর্গেন স্ট্র্যান্ড লারসেন এবং ম্যানচেস্টার সিটির তরুণ উইঙ্গার অস্কার বব।
মাঝমাঠের সেনাপতি এবং দলের অধিনায়ক হিসেবে থাকছেন আর্সেনালকে ২২ বছর পর প্রিমিয়ার লিগ জেতানো মার্টিন ওডেগার্ড। রক্ষণভাগে আর্সেনালের ক্রিস্টোফার আয়ের এবং বরুশিয়া ডর্টমুন্ডের জুলিয়ান রিয়েরসন দলের রক্ষণের মূল দেয়াল।
নরওয়ের এই দল ঘোষণায় সবচেয়ে বড় চমক ও নাটকীয়তা ছিল গোলকিপার পজিশন নিয়ে। এসকে ব্রানের গোলকিপার মাথিয়াস ডিনজিল্যান্ড চোটের কারণে বিবেচনায় ছিলেন না। এছাড়া সাবেক রাশিয়া অনূর্ধ্ব-২১ দলের কিপার নিকিতা হাইকিনকে নরওয়েজিয়ান নাগরিকত্ব দেওয়ার আবেদন ফিফা নাকচ করায় তীব্র গোলকিপার সংকটে পড়েছিল সোলবাকেনের দল।
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে হ্যামবার্গ এসভির গোলকিপার স্যান্ডার ট্যাংভিককে দলে অন্তর্ভুক্ত করা হয়। জাতীয় দলের হয়ে এখনো অভিষেক করেননি ২৩ বছর বয়সী এই তরুণ।
বাছাইপর্বে পরাশক্তি ইতালিকে হারিয়ে চমকে দেওয়া নরওয়েকে এবারের বিশ্বকাপের অন্যতম ডার্ক হর্স হিসেবে ধরা হচ্ছে। যেকোনো শক্তিশালী প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার সব রকম অস্ত্র রয়েছে তাদের।
১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হতে যাওয়া বিশ্বকাপে গ্রুপ ‘আই’-তে নরওয়ে। ১৬ জুন ইরাকের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে নরওয়ে। ২২ জুন সেনেগাল ও ২৬ জুন তাদের লড়তে হবে ফ্রান্সের বিপক্ষে।
ফিফা বিশ্বকাপে নরওয়ের ২৬ সদস্যের দল
গোলকিপার: ওরিয়ান ন্যাল্যান্ড, এগিল সেলভিক, স্যান্ডার ট্যাংভিক।
রক্ষণভাগ: ক্রিস্টোফার আয়ের, ফ্রেডরিক আন্দ্রে বিয়োরকান, সোন্দ্রে ল্যাঙ্গাস, হেনরিক ফালচেনার, তোর্বিওর্ন হেগেম, মার্কাস হোমগ্রেন পেডারসেন, জুলিয়ান রিয়েরসন, লিও স্কিরি ওস্টিগার্ড, ডেভিড মোলার উলফ।
মাঝমাঠ: থেলো আসগার্ড, স্যান্ডার বার্গ, প্যাট্রিক বার্গ, ফ্রেডরিক আওয়ার্সনেস, মর্টেন থরসবাই, ক্রিস্টিয়ান থর্স্টভেড, মার্টিন ওডেগার্ড।
আক্রমণভাগ: আন্তোনিও নুসা, জেনস পেটার হাউগে, আন্দ্রেয়াস শিয়েল্ডারআপ, আর্লিং হালান্ড, আলেকজান্ডার সরলথ, জোর্গেন স্ট্র্যান্ড লারসেন, অস্কার বব।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টমাস ডুলি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ এই তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্র ও জার্মানির দ্বৈত নাগরিকত্ব থাকা এই কোচ।
খেলোয়াড় ও কোচ হিসেবে ৪৩ বছর ধরে ফুটবলের সাঙ্গে যুক্ত আছেন ডুলি। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নেন এবং ১৯৯৮ সালের বিশ্বকাপে দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে কাজ করেন ডুলি।
আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ারে ডুলি এর আগে ফিলিপাইন জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন। তাঁর ফিলিপাইন দল অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে তিনি গায়ানা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন, যেখানে তার অধীনে দল চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছে।
বাফুফে জানায়, বাংলাদেশের তরুণ ফুটবলারদের নিয়ে দীর্ঘমেয়াদে একটি দল গঠন এবং আন্তর্জাতিক স্তরে দলের ফলাফল উন্নয়নের লক্ষ্য নিয়ে টমাস ডুলি তার কাজ শুরু করতে যাচ্ছেন।
বাংলাদেশ অধ্যায়ে ডুলির প্রথম কাজ হবে সান মারিনো ম্যাচ দিয়ে। আগামী ৫জুন ইউরোপের দেশটির বিপক্ষে তাদেরই মাটিতে একটি ফিফা প্রীতি ফুটবল ম্যাচ খেলবেন হামজা চৌধুরীরা। এর আগে ঢাকায় হবে ফুটবলারদের নিয়ে ক্যাম্প। এই ক্যাম্প পরিচালনা করবেন ডুলি।
আক্ষেপ ঘুচল ক্রিস্তিয়ানো রোনালদোর। ২০২৩ সালের জানুয়ারিতে যোগ দেওয়ার পর অবশেষে প্রথমবারের মতো সৌদি প্রো লিগের শিরোপা উঁচিয়ে ধরলেন এই পর্তুগিজ মহাতারকা।
বৃহস্পতিবার রাতে লিগের শেষ দিনে দামাক এফসিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ট্রফি নিশ্চিত করেছে আল নাসর। জোড়া গোল করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন রোনালদো।
এটি আল নাসরের ক্লাব ইতিহাসের ১১তম লিগ শিরোপা, তবে ২০১৯ সালের পর ঘরোয়া লিগে এটিই তাদের প্রথম ঘরোয়া লিগ জয়।
লিগ শিরোপা জিততে এই ম্যাচে জয়ের কোন বিকল্প ছিল না আল নাসরের। ড্র করলে বা হারলেই চ্যাম্পিয়ন হয়ে যেত আল হিলাল। তবে সময় মতই জ্বলে উঠল আল নাসর। দামাকের বিপক্ষে জয়ে ৩৪ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে মৌসুম শেষ করল তারা। দুইয়ে থাকা আল হিলালের পয়েন্ট ৮৪।
গত সপ্তাহে ব্রাজিলিয়ান গোলকিপার বেন্তোর শেষ মুহূর্তের ভুলে আল হিলালের সঙ্গে ১-১ ড্র করে শিরোপা নিশ্চিতের সুযোগ হাতছাড়া করেছিল আল নাসর। এরপর শনিবার জাপানি ক্লাব গাম্বা ওসাকার কাছে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর ফাইনালে হেরে ধাক্কা খায় তারা। তবে ঘরের মাঠ আল আউয়াল পার্কে সব হতাশা ঝেড়ে শেষ পর্যন্ত হাসিমুখেই মাঠ ছাড়ে রিয়াদের ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই দামাককে চেপে ধরে আল নাসর। ৩৩ মিনিটে জোয়াও ফেলিক্সের নেওয়া কর্নার থেকে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে দেন সাদিও মানে। এই এক গোলের লিডে বিরতিতে যায় স্বাগতিকরা।
বিরতির পর ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বায়ার্ন মিউনিখ ও চেলসির সাবেক ফরোয়ার্ড কিংসলে কোমান। বক্সের বাইরে থেকে তাঁর বা পায়ের নিচু শটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নাসর।
৫৭ মিনিটে পেনাল্টি থেকে দামাকের মরলে সিলা একটি গোল শোধ করলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরে। তবে এর পরেই শুরু হয় সিআর সেভেন শো। ৬২ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে স্কোরলাইন ৩-১ করেন রোনালদো। এরপর ৮০ মিনিটে দামাকের রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে বক্সে চমৎকার ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন।
চলতি লিগ মৌসুমে নাসরের হয়ে ২৮ গোল করেছেন রোনালদো। লিগে সর্বোচ্চ গোলের তালিকায় তিন নম্বরে পর্তুগিজ তারকা। দামাকের বিপক্ষে জোড়া গোলে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৭৩।
ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে রোনালদোকে তুলে নেন নাসর কোচ হোর্হে জেসুস। এ সময় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে হাততালির মাধ্যমে অভিবাদন জানায় তাকে। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ে শিরোপা উল্লাস করে আল নাসর।
সৌদি আরবে নিজের তৃতীয় মৌসুমে এসে শিরোপা জিতলেন রোনালদো। এর আগে আল নাসরের হয়ে ২০২৩ সালে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছিলেন। তবে সেটি ফিফা স্বীকৃত কোনো টুর্নামেন্ট ছিল না। তাই এটিই সৌদি আরবের মাটিতে রোনালদোর প্রথম আনুষ্ঠানিক বড় ট্রফি।